উদ্দীপকে বর্ণিত ঘটনাটি আমার পঠিত আরব তথা মুসলমানদের সিন্ধু অভিযানের ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ। নিচে তা ব্যাখ্যা করা হলো-
উদ্দীপকে বলা হয়েছে, কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল করে। রাশিয়ার পণ্যবাহী জাহাজের মালামাল ও নাবিক অপহৃতের ঘটনায় রাশিয়া ইউক্রেনের কাছে ক্ষতিপূরণ দাবি করে। ইউক্রেন ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানালে রাশিয়া ইউক্রেনে হামলা করে। যা আরবদের সিন্ধু বিজয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। সিংহলে বসবাসকারী কিছু সংখ্যক আরব বণিকের মৃত্যু হলে সিংহলরাজ সেসব পরিবার এবং উমাইয়া খলিফা আল-ওয়ালিদ ও তার পূর্বাঞ্চলীয় শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফের জন্য কিছু মূল্যবান উপঢৌকনসহ আটটি জাহাজ পূর্ণ করে আরবের উদ্দেশ্যে প্রেরণ করেন। কিন্তু পথিমধ্যে জাহাজগুলো সিন্ধুর নিকটবর্তী দেবল বন্দরে জলদস্যুদের দ্বারা লুণ্ঠিত হয়। হাজ্জাজ বিন ইউসুফ এর ক্ষতিপূরণ দাবি করেন। কিন্তু সিন্ধুরাজ দাহির এতে কর্ণপাত না করায় হাজ্জাজ ক্ষুব্ধ হন এবং সিন্ধু আক্রমণে প্রতিজ্ঞাবশ হন। এ লক্ষ্যে তিনি প্রথমে ৭১০ খ্রি. ওবায়দুল্লাহ ও বুদায়েলের নেতৃত্বে অভিযান প্রেরণ করে ব্যর্থ হন। এরপর তিনি তার ভ্রাতুষ্পুত্র ও জামাতা মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে ৭১২ খ্রিষ্টাব্দে পুনরায় অভিযান প্রেরণ করেন। আরব বাহিনীর ক্রমাগত বিজয়ে রাজা দাহির বিচলিতবোধ করেন। তিনি ৫০,০০০ সৈন্যের এক বাহিনী নিয়ে মুসলিম বাহিনীকে প্রতিরোধের উদ্দেশ্যে রাওয়ারে উপস্থিত হন। ২০জুন ৭১২ খ্রিষ্টাব্দে মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে মুসলিম বাহিনী ও দাহিরের বাহিনীর চূড়ান্ত শক্তি পরীক্ষা হয়। যুদ্ধে রাজা দাহির পরাজিত ও নিহত হন।
তাই বলা যায়, উদ্দীপকের রাশিয়ার ইউক্রেন আক্রমণের সাথে আরব তথা মুসলমানদের সিন্ধু অভিযানের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।
উদ্দীপকের সাথে আমার পঠিত সিন্ধু বিজয়ের মিল রয়েছে। নিচে এর ফলাফল বিশ্লেষণ করা হলো-
আরবদের সিন্ধু বিজয় ভারতবর্ষের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। এ বিজয়ের পর মুসলমানরা ১৫০ বছর সিন্ধু শাসন করে। এ দীর্ঘসময় অবস্থানের পরেও সিন্ধু বিজয়ের রাজনৈতিক গুরুত্ব খুব বেশি না হলেও সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় গুরুত্ব অপরিসীম। সিন্ধু বিজয়ের ফলাফল সম্পর্কে ঐতিহাসিক স্টেনলি লেনপুল বলেন, ভারতবর্ষ ও ইসলামের ইতিহাসে আরবদের সিন্ধু বিজয় একটি উপাখ্যান মাত্র এটি ছিল একটি নিষ্ফল বিজয়। প্রকৃতপক্ষে আরবদের সিন্ধু বিজয় নিষ্ফল বিজয় নয়। কেননা মুসলমানরা সিন্ধুতে স্থায়ী শাসন প্রতিষ্ঠা করতে না পারলেও এ বিজয় ছিল পরবর্তী ভারত অভিযানে মুসলমানদের অনুপ্রেরণার মূল উৎস। এ বিজয়ে অনুপ্রাণিত হয়েই মুসলমান ভারতে ইসলামের পতাকা উত্তোলন ও সালতানাত প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। তাছাড়া সিন্ধু বিজয়ের ফলে ধর্মীয় ক্ষেত্রে সুদূরপ্রসারী প্রভাব পড়ে। ইসলামের সংস্পর্শে এসে অনেক হিন্দু ইসলাম গ্রহণ করে এবং অনেক ধর্ম প্রচারক সুফি, দরবেশ, পির, আউলিয়া ভারতে ইসলাম প্রচারে আত্মনিয়োগ করেন। সিন্ধু বিজয়ের ফলে সামাজিক ক্ষেত্রে পরিবর্তন আসে। হিন্দু-মুসলিম, আরব-ভারতীয় সর্বোপরি আর্য-সেমেটিক জাতির সংমিশ্রণ ঘটে এবং উভয়ের মাঝে বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়। তাছাড়া সিন্ধু বিজয়ের ফলে ভারতের সাথে আরবের বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় হয়। তবে আরবদের সিন্ধু বিজয় সাংস্কৃতিক ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে। ঈশ্বরী প্রসাদের ভাষায়, ভারতীয় সংস্কৃতির ওপর এ বিজয়ের ফলাফল ছিল গভীর ও সুদূরপ্রসারী।
উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, রাজনৈতিক ক্ষেত্রে কম গুরুত্বপূর্ণ হলেও সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে মুসলমানদের সিন্ধু বিজয়ের গুরুত্ব অনস্বীকার্য। তাছাড়া এ বিজয়ের প্রেরণাতেই মুসলমানগণ ভারত অভিযান করে পরবর্তীতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করে।