ময়মনসিংহ বোর্ড ২০২৫

এইচএসসি · ইসলামের ইতিহাস ২য় পত্র

ময়মনসিংহ বোর্ড ২০২৫

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

সুলতান নিজামুল হক একটি দেশের রাজা। প্রায় প্রতিবছরই তিনি অন্য দেশে অভিযান পরিচালনা করেন। প্রতিবছরই তিনি জয়লাভ করে প্রচুর ধনসম্পদসহ নিজ রাজ্যে ফিরে আসেন। এসব ধনসম্পদ দ্বারা তিনি তার রাজধানীকে প্রাচ্যের অন্যতম শ্রেষ্ঠ নগরীতে পরিণত করেন।
১. 'শাহনামা' মহাকাব্যের রচয়িতা কে?
আল-বেরুনির পরিচয় দাও।
উদ্দীপকের সুলতানের অভিযানের সাথে তোমার পাঠ্যবিষয়ের কোন সুলতানের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উক্ত ঘটনার সুদূরপ্রসারী ফলাফল বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
শাহনামা মহাকাব্যের রচয়িতা মহাকবি আবুল কাশেম ফেরদৌসি
(খ)
আল বেরুনি ছিলেন একজন কালোত্তীর্ণ, স্বনামধন্য, মৌলিক প্রতিভার অধিকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, দর্শন, চিকিৎসা সর্বোপরি কুরআন হাদিসের ওপর তার জ্ঞান ছিল অগাধ পাণ্ডিত্যপূর্ণ। তাকে বলা হতো সুলতান মাহমুদের রাজসভার নক্ষত্র। ভারতের দর্শন, জ্যোতির্বিদ্যা, গণিতশাস্ত্র প্রভৃতি বিষয়ের ওপর গ্রন্থ রচনা ও অনুবাদ করে তিনি গজনিতে নিয়ে যান। ভারতের মুসলিম শাসনের ইতিহাসের সাংস্কৃতিক অঙ্গনে তার অবদান গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত।
(গ)

উদ্দীপকের, সুলতানের অভিযানের সাথে আমার পাঠ্যবিষয়ের সুলতান মাহমুদের সাদৃশ্য রয়েছে।

উদ্দীপকের সুলতান নিজামুল হক প্রায় প্রতিবছরই অন্য দেশে অভিযান পরিচালনা করেন। প্রতিবছরই তিনি জয়লাভ করে প্রচুর ধনসম্পদসহ নিজ রাজ্যে ফিরে আসেন। এসব ধনসম্পদ দ্বারা তিনি তার রাজধানীকে প্রাচ্যের অন্যতম শ্রেষ্ঠ নগরীতে পরিণত করেন। যা সুলতান মাহমুদের কর্মকাণ্ডকে নির্দেশ করে। কেননা সুলতান মাহমুদের ক্ষেত্রেও অনুরূপ ঘটনা লক্ষণীয়। সুলতান মাহমুদ ৯৯৭ খ্রিষ্টাব্দে ক্ষমতা গ্রহণ করে ৯৯৮ খ্রিষ্টাব্দে সুলতান উপাধি গ্রহণ করেন এবং আব্বাসীয় খলিফা কাদির বিল্লাহর কাছ থেকে 'ইয়ামিন-উদ-দৌলা' ও আমিন-উল-মিল্লাত' উপাধি লাভ করেন। তিনি রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কারণে ১০০০ খ্রিষ্টাব্দ থেকে ১০২৭ খ্রিষ্টাব্দের মধ্যে ১৭ বার ভারত অভিযান করেন এবং প্রতিবার বিজয় লাভ করেন। সুলতান মাহমুদ ১০০০ খ্রিষ্টাব্দে সামান্ত দুর্গ বিজয়ের মাধ্যমে অভিযান শুরু করেন। তবে তার অভিযানের মধ্যে সোমনাথ মন্দির অভিযান, অতীব গুরুত্বপূর্ণ। তিনি ১০২৫-২৬ খ্রিষ্টাব্দে সোমনাথ মন্দির অভিযান করে দুই কোটি দিনার লাভ করেন। তার শেষ অভিযান ছিল জাঠদের বিরুদ্ধে ১০২৭ খ্রিস্টাব্দে। এসব অভিযানে প্রাপ্ত ধনসম্পদ দিয়ে তিনি নিজ রাজ্য গজনিকে সুসজ্জিত করে তোলেন।

অতএব উদ্দীপকের সুলতানের অভিযানের সাথে আমার পাঠ্যবিষয়ের সুলতান মাহমুদের সাদৃশ্য রয়েছে।

(ঘ)

সুলতান মাহমুদের অভিযানের সুদূরপ্রসারী ফলাফল ছিল। এর মাধ্যমে রাজ্যের নিরাপত্তা নিশ্চিত হয় এবং গজনি রাজ্য সমৃদ্ধ হয়।

সুলতান মাহমুদের অভিযানের ফলে তার রাজ্যের পূর্ব সীমানা সুরক্ষিত হয়। এছাড়া আঘাত পাওয়ার আগেই আঘাত করার নীতি গ্রহণের ফলে ভারত থেকে আক্রমণের ক্ষীণ সম্ভাবনাও চিরতরে বিনষ্ট হয়। ভারতে যেন কোনো জোট তৈরি না হয় এ লক্ষ্যে তিনি পৃথকভাবে কালিঞ্জর ও গোয়ালিয়র আক্রমণ করেন। বার বার সামরিক অভিযানের ফলে ভারতে সুলতান মাহমুদের কেউ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হওয়ার সাহস পায়নি। গজনি বংশের পাঞ্জাব অধিকার ছিল ভারতের অভ্যন্তরে প্রবেশের চাবিকাঠিস্বরূপ। সুলতানের অভিযানের যুগ যুগ ধরে ভারতীয়রা যেসব ধনসম্পদ সঞ্চয় করেছিল, সেগুলো সুলতান মাহমুদ গজনিতে নিয়ে যান। তিনি ভারতের লুণ্ঠিত ধনসম্পদ দিয়ে গজনির শহরের শ্রীবৃদ্ধি সাধন করেন। গজনিকে তিলোত্তমা নগরীতে পরিণত করার পিছনে ভারতের ধনসম্পদ ব্যবহৃত হয়। এছাড়া জনকল্যাণেও ভারতীয় সম্পদ ব্যবহৃত হয়।

তাছাড়া সুলতান মাহমুদের সময়ে বহু পির-দরবেশ, ওলি ইসলাম প্রচারকে নিজের ব্রত হিসেবে গ্রহণ করতেন। এজন্য তারা অমুসলিম দেশে গমন করতেন এবং ইসলাম প্রচার করতেন। ভারতে সুলতান মাহমুদের আগমনের সময় সেনাবাহিনীর সাথে এবং বিচ্ছিন্নভাবে অনেক পির-দরবেশ ইসলাম প্রচারের উদ্দেশ্যে ভারতে আসেন। ফলে ভারতে ইসলামের পরিচিতি এবং মুসলিমের সংখ্যা বৃদ্ধি পায়। উইলসন হেক বলেন, "He was the first to carry the banner of Islam into the heart of India." অর্থাৎ মাহমুদই ভারতবর্ষের অভ্যন্তরে সর্বপ্রথম ইসলামের পতাকা বহন করে নিয়ে যান। তার সামরিক অভিযানের ফলে মুসলমানগণ ভারতীয় তথা হিন্দুদের সংস্পর্শে আসে। ১০০০-১০২৭ খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ সময়ে তুর্কি, পারস্য, আফগান সৈন্যদের সাথে ভারতীয়দের সভ্যতা ও সংস্কৃতির মিলন ঘটে। এর ফলে দুটি ধর্মের মধ্যে ভাবের আদান-প্রদান হয় এবং উভয়ের সভ্যতা ও সংস্কৃতির অনেক কিছু আত্তীকৃত হয়। মুসলিম ও হিন্দুদের মধ্যে পারস্পরিক সহযোগিতার ফলে ইন্দো-মুসলিম কৃষ্টি জন্মলাভ করে।

উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, সুলতান মাহমুদের অভিযানের ফলাফল ছিল সুদূরপ্রসারী।

সুলতান শাহরিয়ার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর স্বীয় কর্তৃত্ব সুপ্রতিষ্ঠিত করে পার্শ্ববর্তী রাজাদের বিরুদ্ধে সমর প্রস্তুতি গ্রহণ করেন। পার্শ্ববর্তী রাজাদের মধ্যে একজন এ আক্রমণ সম্প্রসারণকে তার রাজ্যের প্রতি হুমকিস্বরূপ মনে করেন। সুলতান পার্শ্ববর্তী রাজার বিশাল বাহিনীর নিকট প্রথম যুদ্ধে পরাজিত হলেন। পরের বছর পরাজয়ের গ্লানি মুছে ফেলার উদ্দেশ্যে এবং রাজ্য বিস্তারের আশায় এক বিশাল বাহিনী নিয়ে রণক্ষেত্রে পুনরায় শিবির স্থাপন করেন। প্রতিপক্ষের সৈন্য সংখ্যা অধিক হওয়া সত্ত্বেও অসীম বীরত্ব, উন্নত মানের যুদ্ধ কৌশল এবং সাংগঠনিক ক্ষমতার দ্বারা বিজয়ীর গৌরব অর্জন করেন।
২. মুহম্মদ ঘুরীর প্রকৃত নাম কী?
আলাউদ্দিন হুসাইনকে কেন 'জাহানসুজ' উপাধি দেওয়া হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপকের শাসকের সাথে তোমার পঠিত কোন শাসকের সাথে মিল লক্ষ করা যায়? ব্যাখ্যা কর।
উক্ত শাসকের সামরিক সফলতার কারণগুলো উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
মুহাম্মদ ঘুরীর প্রকৃত নাম মুইজউদ্দীন মুহাম্মদ বিন সাম।
(খ)
ভ্রাতৃদ্বয়ের হত্যার প্রতিশোধ নিতে আলাউদ্দিন গজনি দখল করে ৭ দিন ৭ রাত ধ্বংসযজ্ঞ চালান এজন্য তাকে জাহানসুজ বলা হয়। জাহানসুজ অর্থ পৃথিবী ধ্বংসকারী। ঘুর নেতা আলাউদ্দিন হোসেন ১১৫১ খ্রিস্টাব্দে গজনি আক্রমণ করেন। কেননা গজনির শাসক তার দুই ভাইকে হত্যা করেছিল। তিনি গজনি দখল করে ভ্রাতৃহত্যার প্রতিশোধ গ্রহণের জন্য ৭ দিন ৭ রাত গজনি শহর অগ্নিদগ্ধ করার মাধ্যমে ধ্বংস করেন। যার কারণে তাকে জাহানসুজ বলা হয়।
(গ)

উদ্দীপকের শাসকের সাথে আমার পঠিত শাসক মুহাম্মদ ঘুরির মিল লক্ষ করা যায়।

উদ্দীপকে দেখা যায়, সুলতান শাহরিয়ার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর স্বীয় কর্তৃত্ব সুপ্রতিষ্ঠিত করে পার্শ্ববর্তী রাজাদের বিরুদ্ধে সমর প্রস্তুতি - গ্রহণ করেন। তিনি পার্শ্ববর্তী রাজ্যকে হুমকিস্বরূপ মনে করে আক্রমণ করেন। তিনি প্রথমবার পরাজিত হলেও পরের বছর পরাজয়ের গ্লানি মুছে ফেলার উদ্দেশ্যে এবং রাজ্য বিস্তারের আশায় পুনরায় আক্রমণ করে বিজয়ী হন। উদ্দীপকের এ ঘটনার সাথে মুহাম্মদ ঘুরীর ভারত অভিযান ও তরাইনের প্রথম যুদ্ধে পরাজয় এবং পরবর্তীতে আবার ভারত অভিযান করে তরাইনের দ্বিতীয় যুদ্ধে বিজয় অর্জনের ঘটনা সাদৃশ্যপূর্ণ। মুহাম্মদ ঘুরী মুলতান, সিন্ধু ও পাঞ্জাবে আধিপত্য স্থাপনের পর ১১৯১ খ্রিস্টাব্দে দিল্লি দখলের জন্য অগ্রসর হন। এ সংবাদে চৌহান বংশের রাজা পৃথ্বিরাজ উত্তর ভারতের হিন্দু রাজাদের সমন্বয়ে একটি কনফেডারেসি বা ঐক্যজোট গঠন করেন। অতঃপর পৃথ্বিরাজ থানেশ্বরের কাছাকাছি তরাইনের রণক্ষেত্রে সম্মিলিত বাহিনী নিয়ে মুহাম্মদ ঘুরীর মোকাবিলা করেন। এ যুদ্ধ তরাইনের ১ম যুদ্ধ নামে পরিচিত। এ যুদ্ধে মুহাম্মদ ঘুরী পরাজিত ও আহত হয়ে পালিয়ে যান। অতঃপর তিনি প্রথম যুদ্ধে পরাজয়ের গ্লানি মোচনের জন্য ১১৯২ খ্রিষ্টাব্দে ১ লক্ষ ২০ হাজার সৈন্যের বিশাল বাহিনী নিয়ে পুনরায় যুদ্ধ যাত্রা করেন। তাকে মোকাবিলা করার জন্য রাজা পৃথ্বিরাজ ১৫০ জন রাজপুত রাজার সমন্বয়ে ৩ লক্ষ সৈন্যের এক বিশাল বাহিনী গঠন করেন। যার মধ্যে ৩০০ হাতি ও সুসজ্জিত অশ্বারোহী বাহিনী ছিল। বিপুল সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও মুহাম্মদ ঘুরীর উন্নত রণকৌশলের কাছে পৃথ্বিরাজের সম্মিলিত বাহিনীর পরাজয় ঘটে। পৃথ্বিরাজ পালাতে গিয়ে ধরা পড়েন এবং পরে নিহত হন।

সুতরাং উদ্দীপকের শাসকের সাথে আমার পঠিত শাসক মুহাম্মদ ঘুরির। মিল লক্ষ করা যায়।

(ঘ)

উক্ত শাসক তথা মুহাম্মদ ঘুরীর সামরিক সফলতার কারণগুলো ছিল উন্নত সামরিক কৌশল, শত্রুপক্ষের বিশৃঙ্খলা ও অদম্য সাহস।

মুহাম্মদ ঘুরীর আক্রমণের সময়ে ভারতের রাজনৈতিক অবস্থা বিশৃঙ্খল ছিল এবং ভারত সামরিকভাবে দুর্বল ছিল। অপরদিকে, মুহাম্মদ ঘুরীর সেনাবাহিনী সুশৃঙ্খল ছিল, রণকৌশলে দক্ষ ছিল এবং তার সেনাপতিরা সুদক্ষ ছিল। মুহাম্মদ ঘুরীর সামরিক সফলতার কারণ হলো-

প্রথমত, এসময় ভারতে ক্ষুদ্র ক্ষুদ্র রাজন্যবর্গের মধ্যে চরম দ্বন্দ্ব-কলহ বিরাজমান ছিল। মূলত রাজন্যবর্গের রাজনৈতিক অনৈক্য মুসলিম বাহিনীর সফলতার অন্যতম কারণ। ভি. ডি. মহাজন বলেন, "There was no one paramount power in the country at that time which could fight against the Muslims."

দ্বিতীয়ত, মুসলিমদের উন্নত যুদ্ধকৌশল, সামরিক দক্ষতা, নিয়মানুবর্তিতা এবং অপূর্ব শৃঙ্খলা বিজয়ের পথ প্রশস্ত করে। অপরদিকে, হিন্দুদের ত্রুটিপূর্ণ সনাতন যুদ্ধনীতি; সেকেলে যুদ্ধাস্ত্র ও অনুন্নত রণকৌশল তাদেরকে পরাজয়ের দিকে ঠেলে দেয়। তদুপরি তাদের মন্থরগতিসম্পন্নহস্তিবাহিনী মুসলিমদের ক্ষিপ্রগতির অশ্বারোহী বাহিনীর ক্ষিপ্র আক্রমণ প্রতিহত করতে ব্যর্থ হয়।

তৃতীয়ত, জাতি ও বর্ণভেদ প্রথা হিন্দুদের মধ্যে চরম বৈষম্য তৈরি করেছিল। অপরদিকে সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব মুসলমানদের মধ্যে সংঘবদ্ধ আক্রমণে অনুপ্রাণিত করে। ফলে মুসলিমরা সহজেই বিজয় অর্জন করতে সক্ষম হন।

**চতুর্থত, **মুসলমানদের মধ্যে কুতুবউদ্দিন আইবেক, বখতিয়ার খলজির মতো বহুসংখ্যক সুদক্ষ সেনাপতির আবির্ভাব ঘটেছিল। যারা যুদ্ধের ময়দানে বিচক্ষণতার পরিচয় দিয়ে মুসলিম বিজয় ত্বরান্বিত করেছিল।

**পঞ্চমত, **ভারতের অফুরন্ত ধনসম্পদ লাভের আকাঙ্ক্ষা মুসলমানদের ভারত আক্রমণে প্রলুব্ধ করে এবং বিজয় অর্জনে সক্ষম হয়।

পরিশেষে বলা যায়, ভারতীয় রাজন্যবর্গের অনৈক্য, সামরিক অস্ত্র, দক্ষতার অভাব, রণকৌশলে দুর্বলতা মুহাম্মদ ঘুরীর সামরিক সফলতার পথকে প্রশস্ত করেছিল।

আজম খান পৈতৃক সূত্রে একটি ক্ষুদ্র অঞ্চলের অধিপতি ছিলেন। কিন্তু নিকট আত্মীয়দের ষড়যন্ত্রের কারণে ঐ রাজ্য তার হাতছাড়া হয়ে যায়। পরবর্তীকালে তিনি রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, ভৌগোলিক নৈকট্য ও অরাজকতাপূর্ণ অবস্থার সুযোগ নিয়ে পার্শ্ববর্তী রাজ্য আক্রমণ করেন। উন্নত রণকৌশল ও কামান ব্যবহার করে তিনি প্রতিবেশীর বিশাল সেনাবাহিনীকে যুদ্ধে পরাজিত করতে সক্ষম হন। আজম খানের সাফল্যের মূলে ছিল সামরিক দক্ষতা এবং অশ্বারোহী ও গোলন্দাজ বাহিনীর বিজ্ঞানসম্মত সমন্বয়। তিনি একটি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার গৌরব অর্জন করেন।
৩. মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
'বাবরনামা' কী? ব্যাখ্যা কর।
উদ্দীপকের ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ের কোন মুঘল শাসকের মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উদ্দীপকের আলোকে উক্ত শাসকের কৃতিত্ব মূল্যায়ন কর।
সমাধান ও উত্তর
(ক)
মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরউদ্দিন মুহাম্মদ বাবর।
(খ)
বাবরনামা' হচ্ছে সম্রাট বাবরের আত্মজীবনীমূলক ঐতিহাসিক একটি শ্রেষ্ঠ গ্রন্থ। তিনি গদ্য সাহিত্যে তুর্কি ভাষায় এটি রচনা করেন। এ গ্রন্থে বাবর তার পূর্ব পুরুষদের কথা, তার জন্ম, শৈশব, কৈশোরের কথা উল্লেখ করেছেন। এ গ্রন্থে বাবর তার বোকামি ও ব্যর্থতাগুলো অকপটে তুলে ধরেছেন। এ আত্মজীবনীতে ভারতের আবহাওয়া, পরিবেশ, ফলমূল ও মানুষের বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন।
(গ)

উদ্দীপকের ঘটনার সাথে আমার পাঠ্যবইয়ের মুঘল সম্রাট বাবরের মিল খুঁজে পাওয়া যায়।

উদ্দীপকের আজম খান পৈতৃক সূত্রে একটি ক্ষুদ্র অঞ্চলের অধিপতি হলেও নিকট আত্মীয়দের ষড়যন্ত্রের কারণে ঐ রাজ্য তার হাতছাড়া হয়ে যায়। পরবর্তীকালে তিনি পার্শ্ববর্তী রাজ্য আক্রমণ করে উন্নত রণকৌশল ও কামান ব্যবহারের মাধ্যমে তিনি প্রতিবেশীর বিশাল সেনাবাহিনীকে যুদ্ধে পরাজিত করতে সক্ষম হন। তিনি একটি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার গৌরব অর্জন করেন। উদ্দীপকের আজম খানের জীবন ও সংগ্রামের সাথে সম্রাট বাবরের জীবন ও সংগ্রাম মিলে যায়। উদ্দীপকের আজম খানের মতো ১৪৯৪ খ্রিষ্টাব্দে পিতার আকস্মিক মৃত্যুর পর মাত্র ১১ বছর বয়সে বাবর ফারগানার সিংহাসনে উপবিষ্ট হন। সিংহাসন লাভের পর পরই তিনি তার দুই পিতৃব্য ও আত্মীয়স্বজন এবং উজবেক নেতা সাইবানি খানের বিরোধিতার মুখে পড়েন। ১৪৯৭ খ্রিষ্টাব্দে বাবর সমরখন্দ দখল করেন। কিন্তু ভাগ্যবিপর্যয়ে পতিত হয়ে সমরখন্দ হারান। ১৪৯৮ খ্রিস্টাব্দে ফারগানাও হস্তচ্যুত হয়। ভবঘুরের মতো বাবর এক স্থান থেকে অন্য স্থান ঘুরে বেড়াতে লাগলেন'। অতঃপর ১৫০০ খ্রিষ্টাব্দে তিনি ফারগানা পুনরুদ্ধার করেন। তিনি ১৫০২-খ্রিস্টাব্দে সমরখন্দ অধিকার করেন এবং কাবুলের অভ্যন্তরীণ অরাজকতার সুযোগে ১৫০৪ খ্রিষ্টাব্দে কাবুল অধিকার করে 'বাদশাহ উপাধি নিয়ে রাজত্ব করতে থাকেন। ১৫১১ খ্রিস্টাব্দে পারস্যের শাহ ইসমাইল সাফাভীর সহযোগিতায় সমরখন্দ দখল করলেও ১৫১২ খ্রিস্টাব্দে তা আবারও হাতছাড়া হয়ে যায়। এরপর ১৫২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত তিনি কাবুলেই রাজত্ব করেন। কিন্তু অসাধারণ সাহসী বাবর এতেই সন্তুষ্ট থাকেননি। ১৫২৬ খ্রি. তিনি পানিপথের প্রথম যুদ্ধে সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লির সুলতানি সাম্রাজ্যের ধ্বংসস্তূপের ওপর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।

তাই বলা যায়, উদ্দীপকের ঘটনার সাথে আমার পাঠ্যবইয়ের মুঘল সম্রাট বাবরের মিল খুঁজে পাওয়া যায়।

(ঘ)

উদ্দীপকে সম্রাট বাবরের প্রতি ইঙ্গিত করা হয়েছে। তিনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ও শাসক হিসেবে অপরিসীম কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হন।

সম্রাট বাবর কেবল নির্ভীক সৈনিক, দক্ষ সেনাধ্যক্ষ, সুদক্ষ অস্ত্র পরিচালক, প্রশংসনীয় ঘোড়সওয়ারই ছিলেন না, বরং আলেকজান্ডারের মতো দেশ জয়ের নেশায় বিভোর থাকতেন। পানিপথের প্রথম যুদ্ধ, খানুয়ার যুদ্ধ এবং গোগরার যুদ্ধে তার সাফল্য তাকে ভারতীয় সমর ইতিহাসে উচ্চাসনে অধিষ্ঠিত করেছে। বাবর মাত্র ১১ বছর বয়স থেকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে অগ্রসর হন। বাধাবিপত্তি অতিক্রম করে তিনি প্রথমে কাবুলে এবং পরে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হন। শুধু প্রতিষ্ঠা করেই ক্ষান্ত হয়নি। তার ভিত্তি সুদৃঢ় করে একে একটি শক্তিশালী সাম্রাজ্যে পরিণত করেন। বাবরের চার বছরের শাসনামলে যুদ্ধবিগ্রহ কেটে যায়। এ অবস্থায় নবপ্রতিষ্ঠিত মুঘল সাম্রাজ্যের শাসনব্যবস্থায় কোনো প্রকার পরিবর্তন ও সংস্কার সাধন করা তার পক্ষে সম্ভব হয়নি। তথাপি তিনি নিজের নিরঙ্কুশ ক্ষমতা হ্রাস করেন। প্রাদেশিক শাসনকার্য পরিচালনার জন্য প্রত্যেক প্রদেশে একজন ওয়ালি, একজন দিওয়ান, শিকদার এবং কোতওয়াল ছিল। তিনি প্রশাসনিক কাজে তুর্কি, আফগান ও হিন্দুদের সমান সুযোগ দিতেন। সমগ্র সাম্রাজ্যে ১৫ মাইল অন্তর তিনি ডাক চৌকির ব্যবস্থা করেন। প্রজারঞ্জক বাবর দিল্লি ও আগ্রায় ২০টি উদ্যান, বহু পাকা নর্দমা, সেতু, অট্টালিকা নির্মাণ করেন।

পরিশেষে বলতে পারি, সম্রাট বাবর শুধুমাত্র একজন বিজেতা হিসেবেই প্রশংসার দাবিদার নন, বরং একজন দক্ষ প্রশাসনিক হিসেবেও তিনি কৃতিত্বের দাবিদার। তাই সার্বিকভাবে বাবরের শাসনকাল কৃতিত্বপূর্ণ একথা নিঃসন্দেহেই বলা যায়।

কাশেম খান মসনদের অধিষ্ঠিত হয়ে জনকল্যাণমূলক কাজে নিয়োজিত হন। তিনি মাত্র পাঁচ বছর শাসন করেন। বহু রাস্তাঘাট, সরাইখানা, সেতু ও শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করেন। জমি জরিপ, সামরিক সংস্কার, পুলিশ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, ডাক বিভাগ ইত্যাদি সংস্কারমূলক কাজের জন্য ইতিহাস বিখ্যাত হয়ে আছেন।
৪. পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিষ্টাব্দে সংঘটিত হয়?
আওরঙ্গজেবকে জিন্দাপির বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকের শাসকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন শাসকের কার্যকলাপের মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উক্ত শাসকের কৃতিত্ব মূল্যায়ন কর।
সমাধান ও উত্তর
(ক)
পানিপথের প্রথম যুদ্ধ ১৫২৬ খ্রিষ্টাব্দে সংঘটিত হয়।
(খ)
ধর্মভীরুতার কারণে মুঘল সম্রাট আওরঙ্গজেবকে 'জিন্দাপির' বলা হয়। সম্রাট আওরঙ্গজেব একজন নিষ্ঠাবান সুন্নি মুসলিম শাসক ছিলেন। তিনি অত্যন্ত সাদামাটা জীবনযাপন করতেন। তিনি তৎকালীন সমাজের সকল অপরাধ থেকে মুক্ত ছিলেন। মদ সেবন থেকে দূরে থাকতেন। তিনি কুরআন শরিফ, নকল করে আত্মীয়স্বজন ও পরিচিতদের নিকট বিক্রি করতেন। তিনি নামাজ আদায়ে যত্নবান ছিলেন। এমনকি যুদ্ধের ময়দানেও নামাজ আদায় করতেন। তার এ ধর্মভীরুতার জন্যই তাকে 'জিন্দাপির' বলা হতো।
(গ)

উদ্দীপকের শাসকের সাথে আমার পাঠ্যবইয়ের শেরশাহের কার্যকলাপের মিল পাওয়া যায়।

উদ্দীপকের কাশেম খান মসনদের অধিষ্ঠিত হয়ে জনকল্যাণমূলক কাজে নিয়োজিত হন। তিনি মাত্র পাঁচ বছর শাসন করেন। বহু রাস্তাঘাট, সরাইখানা, সেতু ও শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করেন। জমি জরিপ, সামরিক সংস্কার, পুলিশ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, ডাক বিভাগ ইত্যাদি সংস্কারমূলক কাজের জন্য ইতিহাস বিখ্যাত হয়ে আছেন। যা শেরশাহের কর্মকান্ডের সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা শেরশাহ ক্ষমতা গ্রহণ করে বহু রাস্তাঘাট, সরাইখানা, সেতু ও শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করেন। জমি জরিপ, সামরিক সংস্কার, পুলিশ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, ডাক বিভাগ ইত্যাদি সংস্কারমূলক কাজ করেন। তিনি ভূমি জরিপের মাধ্যমে ভূমি রাজস্ব নির্ধারণ করেন। কবুলিয়ত ও পাট্টা একটি গভীর যোগসূত্র তৈরি হয়। ফলে সরকার কৃষি রাজস্ব থেকে কখনো বঞ্চিত হয়নি। শুল্ক ও মুদ্রানীতিও সম্রাটের গুরুত্বপূর্ণ সংস্কার ছিল। তিনি ভারতবর্ষে তঙ্কা (টাকা) ও রুপাইয়ার প্রচলন করেন। সামরিক সংস্কারের মধ্যে তার অশ্ব চিহ্নিতকরণ নীতি ছিল অন্যতম। তিনি প্রায় দেড় লাখ অশ্বারোহী ও অর্ধলক্ষ পদাতিক ও গোলন্দাজ বাহিনী নিয়ে একটি শক্তিশালী সামরিক বাহিনী গঠন করেন। শেরশাহ পুলিশ ও গুপ্তচর ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে সাম্রাজ্যের আইনশৃঙ্খলা ও জনগণের বিদ্রোহী মনোভাব বুঝতে সমর্থ হতেন। বিচার ব্যবস্থার সংস্কার করে তিনি সব নাগরিককে আইনের দৃষ্টিতে সমানাধিকার প্রদান করেন। জনগণের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন। রাস্তার পাশে অসংখ্য সরাইখানা নির্মাণ করেন। তিনি ডাকব্যবস্থার উন্নতি ও সম্প্রসারণ করেন।

অতএব, উদ্দীপকের শাসকের সাথে আমার পাঠ্যবইয়ের শেরশাহের কার্যকলাপের মিল পাওয়া যায়।

(ঘ)

শাসক ও মানুষ হিসেবে শেরশাহ ব্যাপক কৃতিত্বের পরিচয় দেন। তার নানা সংস্কারের ফলে ভারতবর্ষের উন্নতি সাধিত হয় এবং জনগণ সুশাসন ভোগ করে। জনগণের জীবন সুখ শান্তিতে অতিবাহিত হয়।

একজন শাসক ও রাজনীতিবিদ হিসেবেও শেরশাহ অনন্য কৃতিত্বের অধিকারী। শেরশাহ সামান্য অবস্থা শুধু একটি রাজবংশই প্রতিষ্ঠা করেননি, মাত্র পাঁচ বছরের শাসনকালে নিজ যোগ্যতা বলে তিনি এক বিশাল সাম্রাজ্যের অধিপতি হতে সক্ষম হয়েছিলেন। একজন দূরদর্শী রাজনীতিবিদ হিসেবে শেরশাহ জাতি-ধর্ম নির্বিশেষে জনগণের সদিচ্ছা ও সহযোগিতার ওপর ভিত্তি করে একটি শাসনব্যবস্থা গড়ে তুলতে উদ্যোগী হয়েছিলেন। শেরশাহ ভারতের প্রাচীন ও মধ্যযুগীয় শাসনপ্রণালির শ্রেষ্ঠ নীতিগুলো গ্রহণ করে একটি যুগোপযোগী ও যুক্তিসংগত শাসনব্যবস্থা গড়ে তোলেন। এক্ষেত্রে তিনি যে প্রতিভার ও দক্ষতার পরিচয় দেন তা নিঃসন্দেহে উচ্চ প্রশংসার দাবিদার। শেরশাহের প্রবর্তিত শাসনব্যবস্থার বৈশিষ্ট্য স্বৈরতান্ত্রিক হলেও তা স্বেচ্ছাচারী ছিল না। তিনি একটি প্রজাকল্যাণকামী শাসনব্যবস্থা গড়ে - তোলেন। সাম্রাজ্যের সংহতি বিধানের উদ্দেশ্যে শেরশাহ একটি সুনিয়ন্ত্রিত ও শক্তিশালী কেন্দ্রীয় শাসন নিশ্চিত করেন। সুষ্ঠুভাবে রাজকার্য পরিচালনার জন্য তিনি প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে প্রাদেশিক ও স্থানীয় শাসনব্যবস্থা বিন্যস্ত করেন। অর্থ ও রাজস্ব প্রশাসন পুনর্গঠনে শেরশাহ যথেষ্ট মৌলিকত্বের পরিচয় দেন। তার ভূমি রাজস্বব্যবস্থা ছিল বিজ্ঞানসম্মত ও জনকল্যাণকামী। প্রজাসাধারণের অর্থনৈতিক জীবনমানের উন্নয়নের লক্ষ্যে শিল্প ও ব্যবসায় বাণিজ্যের বিকাশসাধন শুল্ক ও মুদ্রাব্যব্যস্থার সংস্কার, জননিরাপত্তা আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নয়ন, বিচারব্যবস্থার সংস্কার যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, অসহায় দুস্থদের সাহায্যদান ও লঙ্গরখানা স্থাপন, ধর্মবেত্তা ও সাধু-সন্ন্যাসীদের ভাতা প্রদানের ব্যবস্থা ইত্যাদি শেরশাহের শাসন দক্ষতার পরিচয় বহন করে। ব্যক্তিগত জীবনে ধর্মানুরাগী হলেও প্রশাসনিক নীতি ব্যবস্থাপনায় শেরশাহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সমদর্শী ছিলেন।

উপরিউক্ত বর্ণনার ভিত্তিতে বলা যায়, শেরশাহ মাত্র পাঁচ বছরের শাসনামলে ব্যাপক সংস্কার কার্য সাধন করেন। মূলত তার কৃতিত্বপূর্ণ কাজের জন্য তিনি আজও ইতিহাসে অমর হয়ে আছেন।

ময়মনসিংহ বোর্ড ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।