বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা ২০২৪

এইচএসসি · ইসলাম শিক্ষা ১ম পত্র

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা ২০২৪

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

ড. সায়েম সাহেব ইসলামি শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনায় বলেন, “ইসলামি শিক্ষা অর্জন করা ইবাদত।' এ শিক্ষা অর্জনের ফলে জান্নাতের পথ সুগম হয়। ওহির মাধ্যমে ইসলামি শিক্ষার সূচনা। আলোচনার শেষের দিকে তিনি বলেন, অনেকে ইসলাম শিক্ষাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে এবং বলে ইসলাম শিক্ষা প্রগতিশীল ও যুগোপযোগী নয়, যা তাদের ধারণামাত্র।
১. 'হিকমাহ' অর্থ কী ?
‘ইসলামি শিক্ষা তাওহিদ ভিত্তিক'- ব্যাখ্যা কর।
‘ইসলাম শিক্ষা অর্জন করা ইবাদত'—ব্যাখ্যা কর।
উদ্দীপকের শেষ অংশটুকু কি যুক্তিযুক্ত? বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
হিকমাহ শব্দের অর্থ প্রজ্ঞা, দর্শন, যুক্তি, জ্ঞান ইত্যাদি।
(খ)
“ইসলামি শিক্ষা তাওহিদভিত্তিক”। কেননা সমগ্র সৃষ্টির স্রষ্টা, পালনকর্তা, মালিক, রাজাধিরাজ, শাসনকর্তা, নিয়ন্ত্রণকর্তা ও সার্বভৌমত্বের আধিপতি হলেন মহান আল্লাহ। বিশ্বমানব তাঁর বান্দা- দাস। কর্তৃত্ব ও সার্বভৌমত্ব একমাত্র তাঁর জন্যই নির্দিষ্ট। প্রত্যেককে তাঁরই নির্দেশাধীনে থাকতে হয় এবং তাঁরই সামনে মাথানত করতে হয়। এটিই হলো তাওহিদ। এ তাওহিদে বা আল্লাহর একত্ববাদকে কেন্দ্র করে ইসলামি শিক্ষা আবর্তিত হয়। আর এজন্যই বলা হয়, ইসলাম শিক্ষা তাওহিদভিত্তিক।
(গ)

ইসলাম শিক্ষা অর্জন করা ইবাদত। আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর আদেশ পালন করাই ইবাদত। আর আল্লাহ ও রাসুলের আদেশ-নিষেধ এবং ইসলামি জীবনবিধান অনুযায়ী জীবন পরিচালনা করতে হলে প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ইসলামি শিক্ষা গ্রহণ করতে হবে এবং তা বাস্তবায়ন করা অপরিহার্য কর্তব্য। রাসুল (সা.) বলেন- “প্রত্যেক মুসলিমের ওপর জ্ঞানার্জন করা ফরজ”—এ মর্মে বাণী এসেছে (ইবনে মাজাহ: ২২৪)। এতে নারী-পুরুষ উভয়ই অন্তর্ভুক্ত।

তাছাড়া আল্লাহ তায়ালা মহানবি (সা.)-এর প্রতি তাঁর প্রথম ওহিতেই জ্ঞানার্জনের নির্দেশ দিয়েছেন। এ থেকে আমরা জ্ঞানার্জন তথা ইসলাম শিক্ষার গুরুত্ব অনুধাবন করতে পারি। আল্লাহ নির্দেশ দিয়ে বলেন, “পড় তোমার প্রভুর নামে।” (সূরা আলাক : ১)

সুতরাং আল্লাহ ও রাসুলের আদেশের আনুগত্য করা ইবাদত, ইসলাম শিক্ষা অর্জন করা যেহেতু আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর আদেশ, তাই ইসলাম শিক্ষা অর্জন করাও ইবাদত।

(ঘ)

উদ্দীপকের শেষের অংশটুকু অর্থাৎ “অনেকে ইসলাম শিক্ষাকে তুচ্ছতাচ্ছিল্য করে এবং বলে ইসলাম শিক্ষা প্রগতিশীল ও যুগোপযোগী নয়।” এ উক্তিটি যুক্তিযুক্ত নয়।

কেননা ইসলাম শিক্ষা হলো একটি সার্বজনীন শিক্ষা। ইসলাম প্রয়োজনীয় ও কল্যাণকর জ্ঞানচর্চায় উৎসাহ দেয়; ধর্মগ্রন্থে আধুনিক জ্ঞানের প্রতিটি শাখার বিস্তারিত বিবরণ রয়েছে—এমন দাবি করা যথাযথ নয়। এ শিক্ষা কোনো নির্দিষ্ট দেশ, জাতি, অঞ্চল, ব্যক্তি, গোষ্ঠী বা বিশেষ কোনো বর্ণের লোকদের জন্য নয়। ধর্মীয় শিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় জীবনোপযোগী জ্ঞানচর্চাও সমাজের কল্যাণে ভূমিকা রাখে।

জ্ঞানের চর্চায় মুসলিম মনীষীরা জ্ঞানের প্রতিটি শাখায় বিচরণ করে অনবদ্য অবদান রেখেছেন। মুসলমানদের সে জ্ঞান থেকেই বর্তমান ইউরোপ অনেক জ্ঞান আহরণ করেছে ফলে তারা নিজেদেরকে উন্নত জাতি হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে পেরেছে। এজন্যই বলা যায়, ইসলামি শিক্ষা একটি সর্বজনীন শিক্ষা এবং যুগোপযোগী শিক্ষা।

প্রতিটি জাতির ভিন্ন ভিন্ন সংস্কৃতি রয়েছে, যার মধ্যে কিছু ভালো, কিছু অসামঞ্জস্যপূর্ণ, অশালীন এবং অযৌক্তিক। তবে এর মধ্যে এমন একটি সংস্কৃতি রয়েছে, যা অসামঞ্জস্যপূর্ণ, অশালীন বিষয়াদি পরিহার করে এবং ইমানভিত্তিক, মার্জিত, পরিশীলিত, উন্নত, পূতপবিত্র ও পরিচ্ছন্ন সংস্কৃতিকে উৎসাহিত করে। এ সংস্কৃতি যেমন ব্যাপক, তেমনি আদর্শভিত্তিক ও সর্বজনীন।
২. সংস্কৃতি কী?
'সত্য মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করে'- ব্যাখ্যা কর।
উদ্দীপকের শেষে কোন সংস্কৃতির কথা বলা হয়েছে? বর্ণনা কর।
সংস্কৃতি কেন প্রয়োজন? কুরআন ও হাদিসের আলোকে লেখ।
সমাধান ও উত্তর
(ক)
সংস্কৃতি হলো উৎকর্ষ সাধন, উন্নতি বিধান, মার্জিত, সৌন্দর্যমণ্ডিত। সভ্য-ভদ্র, সজ্জিত ও নন্দিত জীবনকে সংস্কৃতি বলা হয়।
(খ)
'সত্য মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করে' কেননা সত্য এমন একটি বিষয়, যা মানুষ নিজের মধ্যে ধারণ করলে মিথ্যার অন্ধকার হতে মুক্তি পায়। সত্য কথা বলার, সত্য পথে চলার বিশেষ উপকারিতা রয়েছে। সত্যবাদীকে প্রত্যেকে বিশ্বাস করে, সম্মান করে ও ভালোবাসে। আর মিথ্যা অন্যায়, অপরাধ ও পাপ সংঘটিত হওয়ার পেছনে অবশ্যম্ভাবী শক্তি হিসেবে কাজ করে। সত্যবাদিতা মানুষের আস্থা ও কল্যাণের পথ খুলে দেয়। তাই বলা যায়, সত্য মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করে।
(গ)

উদ্দীপকের শেষে ইসলামি সংস্কৃতির কথা বলা হয়েছে।

ইসলাম অনুমোদিত ও শরিয়ত নির্দেশিত মুসলিম জাতির জীবন পদ্ধতিই হচ্ছে ইসলামি সংস্কৃতি। উদ্দীপকে বলা হয় যে, এমন একটি সংস্কৃতি রয়েছে, যা অসামঞ্জস্যপূর্ণ, অশালীন বিষয়াদি পরিহার করে এবং ইমানভিত্তিক, মার্জিত, পরিশীলিত, উন্নত, পুতপবিত্র ও পরিচ্ছন্ন সংস্কৃতিতে উৎসাহিত করে, যা ইসলামি সংস্কৃতিরই নামান্তর। ইসলামি সংস্কৃতিতে ইসলামি মূল্যবোধসমূহ সক্রিয় থাকবে তথা সাহিত্য, সংগীত, চলচ্চিত্র, চিত্রকলা, মহাকাব্য ইত্যাদি ইসলামি ভাবধারার পরিচায়ক হবে।

ইসলামি সংস্কৃতি যেমন ব্যাপক, তেমনি তা আদর্শভিত্তিক ও সার্বজনীন। কাজেই ইসলামি সংস্কৃতি বলতে আমরা যা বুঝি তার মধ্যে প্রথম হলো তাওহিদবাদ তথা মানবজীবনে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা, মানুষের সামাজিক জীবনে সার্বজনীন ভ্রাতৃত্ব ও সার্বজনীন- নীতির প্রবর্তন, আইনকানুন, নীতি, প্রথা, আচার-আচরণ যেগুলো কুরআন সুন্নাহ অনুমোদিত তাই ইসলামি সংস্কৃতির অন্তর্ভুক্ত। উদ্দীপকের শেষাংশেও উপরিউল্লিখিত বিষয় পরিলক্ষিত।

(ঘ)

সংস্কৃতির প্রয়োজনীয়তা কুরআন-হাদিসের আলোকে বর্ণনা করা হলো—

সংস্কৃতি বলতে সদাচরণ, উপযোগী, পরিশীলতাকে বোঝায়। সভ্য- ভদ্র, সজ্জিত ও নন্দিত জীবনকে সংস্কৃতি বলা হয়। আর ইসলামি । জীবনদর্শন ও জীবনবিধান অনুশীলনের ফলে মানুষের ব্যবহারিক জীবন ও পরিবেশে যে সংস্কৃতি প্রতিফলিত হয়, তাই ইসলামি সংস্কৃতি । আমাদের ব্যবহারিক জীবনে সংস্কৃতি তথা ইসলামি সংস্কৃতির গুরুত্ব অপরিসীম। কারণ ইসলামি সংস্কৃতি-

ইমান-আকিদার সংরক্ষণ: ইসলামি সংস্কৃতি ইমান আকিদার সংরক্ষক। ইসলামি সংস্কৃতি সংরক্ষণ ও লালন ছাড়া মুসলমানদের ইমান, অস্তিত্ব ও স্বকীয়তা রক্ষা করা দুষ্কর। আল্লাহ ইরশাদ করেছেন— “হে ইমানদারগণ! তোমরা যদি কিতাবিদের (ইহুদি / খ্রিষ্টান) কোনো দলের অনুসরণ কর তাহলে তারা তোমাদের ইমান থেকে বিচ্যুত করে কাফির হিসেবে প্রত্যাবর্তন করাবে।” (সূরা আলে ইমরান : ১০০)

ইমানের পূর্ণতা দানে সংস্কৃতির গুরুত্ব : ইমানের পূর্ণতাদানের জন্য এবং ইসলামে পুরাপুরি প্রবেশের জন্য ইসলামি সংস্কৃতি রক্ষা করা একান্ত প্রয়োজন। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন- “ হে মুমিনগণ! তোমরা পুরাপুরিভাবে ইসলামে প্রবেশ কর এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না।” (সূরা আল-বাকারা : ২০৮)

অস্তিত্বের রক্ষাকবচ : সংস্কৃতি একটি জাতির অস্তিত্বের রক্ষাকবচ। সংস্কৃতি অত্যন্ত শক্তিশালী একটি অস্ত্র। অনেক সময় বিজয়ী জাতির সাংস্কৃতিক প্লাবনে বিজিত জাতির অস্তিত্ব পর্যন্ত বিলুপ্ত হয়ে যায় । উদাহরণস্বরূপ ইংরেজরা আমাদের স্বাধীনতার ওপরই আক্রমণ চালায়নি, তারা আমাদের শিক্ষা ও সংস্কৃতির ওপরও মারাত্মক আঘাত হেনেছিল।

মুসলিমদের সংস্কৃতি অনুসরণের গুরুত্ব বোঝাতে রাসুল (সা.) বলেন- “যে ব্যক্তি অন্য জাতির অনুকরণ করে তাকে সেই জাতির অন্তর্ভুক্ত বলে গ্রহণ করা হবে।” (আবু দাউদ) সুতরাং একটি জাতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সংস্কৃতির অতীব প্রয়োজন।

রফিক সাহেব সমাজসেবা অফিসার, গাড়ির লাইসেন্স করতে গিয়ে দেখলেন যে, বিআরটিএ-তে দালাল না ধরলে ও অফিসের সবাইকে খুশি না করলে কোনো কাজ হয় না। উপরন্তু অনেক ঝামেলা ও সময় লেগে যায়, যা তার নেই। তাই তিনি সবকিছু ম্যানেজ করে খুব অল্পসময়ে লাইসেন্স করে নেন। অথচ তার অফিসে কোনো প্রতিবন্ধী বা অসহায় মানুষ আসলে তিনি নৈতিক দায়িত্ব মনে করে তাদের কাজ দ্রুত করে দেওয়ার ব্যবস্থা করেন।
৩. দেশপ্রেম কী?
হারাম উপার্জনের কুফল আলোচনা কর।
বিআরটিএ-এর কর্মচারীদের খুশির উপার্জন কী ধরনের? ব্যাখ্যা কর।
প্রতিবন্ধীরা কোন ধরনের অধিকার পাবে? কুরআন ও হাদিসের আলোকে লেখ।
সমাধান ও উত্তর
(ক)
মাতৃভূমি তথা দেশের প্রতি প্রীতি ও আকর্ষণকেই দেশপ্রেম বলে।
(খ)
শরিয়তবিরোধী পথে অর্থসম্পদ অর্জন হারাম উপার্জন। এতে অন্যের অধিকার ক্ষুণ্ন হয়, সমাজে অবিশ্বাস ও বৈষম্য বাড়ে এবং উপার্জনকারী পাপের দায়ে পড়েন। সহিহ মুসলিম ১০১৫-এ হারাম খাদ্য, পানীয় ও পোষাকের সঙ্গে দোয়া কবুলের অন্তরায়ের সম্পর্ক দেখানো হয়েছে। তবে সব ইবাদত নিশ্চিতভাবে বাতিল বা কোনো নির্দিষ্ট ব্যক্তির জাহান্নাম নির্ধারিত—এমন সিদ্ধান্ত দেওয়া ঠিক নয়। হারাম উপার্জন ত্যাগ, তওবা ও ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া প্রয়োজন।
(গ)

বিআরটিএ-এর কর্মচারীদের খুশির উপার্জন হলো হারাম উপার্জন। ইসলামি শরিয়ত পরিপন্থি যেকোনো পন্থায় অর্থসম্পদ অর্জন করাকে হারাম উপার্জন বলে।

বিআরটিএ- এর দায়িত্ব হলো মানুষের সেবা করা, কিন্তু তারা তা না করে উপঢৌকন গ্রহণ করে, যা সম্পূর্ণ হারাম উপার্জন। কারণ রীতিসিদ্ধ পথ ছাড়া অন্যায়ভাবে অসৎ পথে যেকোনো উপার্জনই হারাম। হারাম নিষিদ্ধ, মন্দ, অপবিত্র। যেসকল কাজ বা বস্তু কুরআন ও সুন্নাহর স্পষ্ট নির্দেশে অবশ্য পরিত্যাজ্য, বর্জনীয় সেটিই হারাম উপার্জন । হালাল উপার্জনের বিপরীত হারাম উপার্জন। ন্যায়-নীতিহীন, মানবতা বিবর্জিত, মানুষের জন্য ক্ষতিকর পন্থায় আয় উপার্জনকে হারাম উপার্জন বলে। যেমন- প্রতারণা, ছলচাতুরি, দ্রব্যে ভেজাল দেওয়া, ওজনে কমবেশি করা, চুরি-ডাকাতি, ছিনতাই, সুদ, ঘুষের মাধ্যমে উপার্জন সবই হারাম।

উদ্দীপকের বিআরটিএ-এর কর্মচারীদের খুশির উপার্জন ঘুষের অন্তর্ভুক্ত, যা হারাম উপার্জন।

(ঘ)

ইসলামে প্রতিবন্ধী ব্যক্তির মানবিক মর্যাদা ও অধিকার রক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়। অন্যান্য মানুষের অধিকার ইসলামে যেভাবে নিশ্চিত করেছে তেমনি প্রতিবন্ধী অধিকার নিশ্চিত করেছে। আল-কুরআনে ইরশাদ হচ্ছে—

“ইহসান হলো পিতা-মাতার প্রতি আত্মীয়স্বজন, ইয়াতিম-মিসকিন, নিকট ও দূর পড়শী, সাথী, মুসাফির এবং তোমাদের দাস-দাসীদের প্রতি ।” (নিসা: ৩৬)

এখানে আল্লাহ তায়ালা অক্ষম, প্রতিবন্ধী ও অভাবীদের প্রতি ইহসান করাকে ফরজ করেছেন। সৃষ্টির প্রতি সদয় আচরণ ও বিপদে মানুষের পাশে দাঁড়ানো ইসলামি নৈতিকতার গুরুত্বপূর্ণ অংশ।

সুতরাং প্রতিবন্ধী মহান আল্লাহর সৃষ্টি। প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজন ও সক্ষমতা ভিন্ন হতে পারে; তাঁদের শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান, নিরাপত্তা ও প্রবেশগম্যতা নিশ্চিত করা প্রয়োজন। বিভিন্ন সময়ে এরা অন্যের সাহায্যের জন্য তাকিয়ে থাকে। এসময় কোন কোন মুসলিম ভাই যদি এদের দুঃখ- কষ্ট ও সংকট নিরসনে এগিয়ে আসে আল্লাহ তায়ালাও তার বিপদে সাহায্য করেন। সুতরাং প্রতিবন্ধীরা সাধারণ মানুষের মতো সকল অধিকার পাবে।

ভিপি স্যারের নেতৃত্বে শ্রেণিশিক্ষক একটি দল নিয়ে মোবাইল ফোন জব্দ করার লক্ষ্যে শিক্ষার্থীদের ব্যাগ তল্লাশির সময় 'রনি' নামের একজন শিক্ষার্থী তার ব্যাগ তল্লাশিতে বাধা দেয়। সে চিল্লাচিল্লি করতে থাকে। তার চোখ লাল বর্ণের হয়ে যায়। সে মাঝে মাঝে নিজের চুল টানতে থাকে। তার ব্যাগ তল্লাশি করে মোবাইল ফোনসহ সিগারেট জাতীয় দ্রব্য পাওয়া যায়, যা সে প্রথমে অস্বীকার করে ছিল।
৪. মাদকাসক্তি কী?
সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে কী বোঝায়?
‘রনি' নামক শিক্ষার্থীর মাঝে কীসের লক্ষণ পাওয়া যায়? এর ক্ষতিকারক দিকগুলো বর্ণনা কর।
শিক্ষাঙ্গণের পরিবেশ সুরক্ষায় ভিপি স্যারের কার্যাবলি পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর।
সমাধান ও উত্তর
(ক)
মাদকাসক্তি হলো নেশাজাতীয় দ্রব্যের প্রতি এমন নির্ভরতা ও নিয়ন্ত্রণহীন আকর্ষণ, যার ফলে ক্ষতি জানা সত্ত্বেও তা গ্রহণ থেকে বিরত থাকা কঠিন হয়।
(খ)
সাম্প্রদায়িক সম্প্রীতি হলো নানা সম্প্রদায়ের মানুষের মধ্যকার সম্প্রীতি ও ভালোবাসা। আমাদের সমাজে বহু ধর্ম, বর্ণ, ভাষা ও জাতির লোক বাস করে। তারা এক একটি সম্প্রদায়। সমাজে বসবাসরত এসব সম্প্রদায়ের মধ্যে পরস্পর ঐক্য, সংহতি ও সহযোগিতার মনোভাবই হলো সাম্প্রদায়িক সম্প্রীতি।
(গ)

উদ্দীপকে রনির আচরণ ও সিগারেটজাতীয় দ্রব্য পাওয়া নেশাজাতীয় দ্রব্য ব্যবহারের সন্দেহ তৈরি করে; তবে শুধু চোখ লাল হওয়া, চেঁচামেচি বা চুল টানা দেখে নিশ্চিত মাদকাসক্তি নির্ণয় করা যায় না। এর ক্ষতিকারক দিকগুলো বর্ণিত হলো-

মাদকাসক্তির কুফল মানবজীবনে অত্যন্ত বিপজ্জনক'। মাদক সাময়িক অনুভূতি পরিবর্তন করতে পারে, কিন্তু তাকে প্রকৃত শক্তি বৃদ্ধির উপায় মনে করা ভুল। এর ক্ষতি ব্যক্তি ও সমাজজীবনে বিস্তৃত। মাদকাসক্তি মানুষকে নামায-রোযা ও অন্যান্য ইবাদত সর্বোপরি আল্লাহর স্মরণ থেকে দূরে রাখে এবং পাপাচারে লিপ্ত করে। ইরশাদ হচ্ছে— “শয়তান চায়, মাদকাসক্তির মাধ্যমে তোমাদেরকে আল্লাহর স্মরণ ও সালাত থেকে বিরত রাখতে। তবুও কি তোমরা ফিরে থাকবে না” (সূরা আল-মায়িদা : ৯১)

রাসুল (সা.) বলেন— “যে উপকার করে খোটা দেয়, আর যে মাতাপিতার অবাধ্য হয় এবং যে সর্বদা শরাব পান করে, এরা জান্নাতে প্রবেশে করবে না।” (নাসায়ি ও মুসনাদে আহমদ)

মাদকাসক্তি মানবদেহে অত্যন্ত মারাত্মক প্রভাব ফেলে। মাদকাসক্তির ফলে হজম শক্তি লোপ পায়। ক্ষুধামন্দা, পাকস্থলিতে ঘা, স্নায়ু দুর্বলতা, হৃদপেশির দুর্বলতা দেখা দেয়। লিভার ও কিডনি বিনষ্ট হয়। শিরা ও ধমনী শক্তি ক্ষয় হয়ে যায় এবং অকালে বার্ধক্য আসে। গলদেশ ও শ্বাসনালির প্রচুর ক্ষতি হয়। মাদকাসক্তি সমাজের জন্য একটি অভিশাপস্বরূপ।

(ঘ)

শিক্ষাঙ্গনের পরিবেশ সুরক্ষায় ভিপি স্যারের কার্যাবলি হলো সৎকাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ-এর অন্তর্ভুক্ত।

কেননা উদ্দীপকের ভিপি স্যার শিক্ষাঙ্গনের পরিবেশ রক্ষায় মোবাইল ফোন জব্দ করার উদ্যোগ নেন। বিদ্যালয়ের নিয়ম ও শিক্ষার্থীর মর্যাদা বজায় রেখে ক্ষতিকর ব্যবহার প্রতিরোধের চেষ্টা অসৎ কাজে নিষেধের অন্তর্ভুক্ত; মোবাইল ব্যবহারমাত্রই অসৎ কাজ নয়।

ইসলামে যেসব কাজ সমর্থন করে না এবং যেসব কাজ নীতি-নৈতিকতা ও বুদ্ধি-বিবেকবিরোধী সেসব কাজ থেকে কাউকে নিষেধ করা, বিরত রাখা, নিরুৎসাহিত করা, বাধা দেওয়া ইত্যাদি নাহি আনিল মুনকার-এর অন্তর্ভুক্ত। শুধু মৌলিক নিষেধের দ্বারা নয় বরং নানাভাবেই অসৎ কাজ থেকে বিরত রাখা যায়। হাদিসে রাসুল (সা.) বলেছেন— “তোমাদের কেউ যখন কোনো অন্যায় বা খারাপ কাজ হতে দেখে তবে সে যেন তা হাত দ্বারা প্রতিরোধ করে । যদি তা সম্ভব না হয়, তবে মুখের দ্বারা প্রতিরোধ করে । যদি সে এ ক্ষমতাও না রাখে তবে সে যেন অন্তর দ্বারা এর প্রতিরোধ করার চেষ্টা করে । আর এটি হলো ইমানের দুর্বলতম স্তর।” (মুসলিম)

সুতরাং সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য নানা উদ্যোগকে 'আমর বিল মারুফ নাহি আনিল মুনকার' বলে, যা উদ্দীপকের ভিপির কর্মকাণ্ডের সাথে সাদৃশ্যপূর্ণ।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।