বরিশাল বোর্ড ২০২৫

এইচএসসি · ইসলাম শিক্ষা ১ম পত্র

বরিশাল বোর্ড ২০২৫

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

শামীম আঠারো বছরের যুবক। সে কাউকে সালাম দেয় না। অশালীন পোশাক পরে এবং গভীর রাত পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা দেয়। এরূপ অবস্থা দেখে জনাব আব্দুল খালেক নিজের সাত বছরের সন্তান আব্দুল্লাহকে নিয়ে চিন্তিত। তিনি পরামর্শ চাইলে ইমাম সাহেব তাকে মসজিদভিত্তিক এমন প্রতিষ্ঠানের কথা বলেন, যেখানে কুরআন-হাদিস পাঠ, আদব-কায়দা ও মাসয়ালাসহ ইসলামের বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়া হয়।
১. 'সংস্কৃতি'-এর আরবি সমার্থক শব্দ কী?
তাওহিদভিত্তিক শিক্ষাব্যবস্থা বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
শামীমের আচরণে ইসলামের কোন দিকটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপকে ইমাম সাহেব যে শিক্ষাপ্রতিষ্ঠানের কথা বলেছেন সেটি উল্লেখপূর্বক এর গুরুত্ব বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
'সংস্কৃতি'-এর আরবি সমার্থক শব্দ সাকাফাহ।
(খ)
তাওহিদভিত্তিক শিক্ষাব্যবস্থা বলতে মূলত ইসলাম শিক্ষাকে বোঝায়। সমগ্র বিশ্বের স্রষ্টা, পালনকর্তা, মালিক-রাজাধিরাজ, শাসনকর্তা, নিয়ন্ত্রণকর্তা ও সার্বভৌমত্বের অধিপতি হলেন মহান আল্লাহ তায়ালা। কর্তৃত্ব ও সার্বভৌমত্ব একমাত্র তাঁর জন্যই নির্দিষ্ট। প্রত্যেককে তাঁরই নির্দেশনাধীনে থাকতে হয় এবং তাঁরই সামনে মাথানত করতে হয়। ইসলামি শিক্ষা সম্পূর্ণভাবে মহান আল্লাহর একত্ববাদের প্রত্যয়ের ভিত্তিতে প্রতিষ্ঠিত বলে এ শিক্ষাকে তাওহিদভিত্তিক শিক্ষাব্যবস্থা বলা হয়। মহান আল্লাহ বলেন- إِنَّمَا الْعِلْمُ عِنْدَ اللَّهِ অর্থ: “এ জ্ঞান কেবল আল্লাহর কাছেই আছে।” এখানে শাস্তি আসার সময়ের জ্ঞানের প্রসঙ্গ রয়েছে; এটি “সমস্ত জ্ঞানের উৎস” বাক্যের সরাসরি অনুবাদ নয়। (সূরা আল-আহকাফ: ২৩) এসব কারণে ইসলামি শিক্ষাকে তাওহিদভিত্তিক শিক্ষা বলা হয়।
(গ)

শামীমের আচরণে ইসলামি সংস্কৃতির দিকটি লঙ্ঘিত হয়েছে। সংস্কৃতির আরবি প্রতিশব্দ হলো সাকাফাহ বা তাহজিব। ইসলামি পরিভাষায়, ইসলাম অনুমোদিত ও শরিয়ত নির্দেশিত মুসলিম জাতির জীবনপদ্ধতিকে ইসলামি সংস্কৃতি বলে। উদ্দীপকে শামীম কাউকে সালাম দেয় না। অশালীন পোশাক পরে এবং গভীর রাত পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা দেয়। এরূপ আচরণ ইসলামি সংস্কৃতির সম্পূর্ণ পরিপন্থি।

ইসলামি সংস্কৃতিতে মুসলিমগণ পারস্পরিক সাক্ষাতের প্রথমেই সালাম বিনিময় করবেন। রাসুলুল্লাহ (সা.) বলেন, "ক্ষুধার্তকে খাবার দেবে আর পরিচিত-অপরিচিত নির্বিশেষে সবাইকে সালাম দেবে।” (সহিহ বুখারি) ইসলামি সংস্কৃতির অন্যতম দিক হলো শালীন ও শোভন পোশাক-পরিচ্ছদ। মুসলমানদের পোশাক হবে মার্জিত ও রুচিসম্পন্ন। তা পুরুষ ও মহিলার ইজ্জত-আব্রু পুরাপুরি আবৃত করে রাখবে।

মহান আল্লাহ বলেন, "হে বনি আদম! আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি। সাজসজ্জার বস্তু এবং পরহেজগারির পোশাক এটিই সর্বোত্তম।” (সূরা আল-আরাফ) পরিশেষে তাই বলা যায়, শামীমের আচরণ ইসলামি সংস্কৃতির পরিপন্থি।

(ঘ)

উদ্দীপকে ইমাম সাহেব যে শিক্ষাপ্রতিষ্ঠানের কথা বলেছেন সেটি হলো মক্তব।

'মক্তব' আরবি শব্দ। এর অর্থ লেখার স্থান, শিক্ষাকেন্দ্র, বিদ্যালয় ইত্যাদি। ব্যবহারিক অর্থে ছোট ছোট মুসলিম বালক-বালিকাদের প্রাথমিক ধর্মীয় শিক্ষায়তনকে বলা হয় মক্তব।

উদ্দীপকে ইমাম সাহেব এমন প্রতিষ্ঠানের কথা বলেন, যেখানে কুরআন-হাদিস পাঠ, আদব-কায়দা ও মাসয়ালাসহ ইসলামের বিভিন্ন বিষয় শিক্ষা দেওয়া হয়। তাই বলা যায়, ইমাম সাহেবের বর্ণিত প্রতিষ্ঠানটি হলো মক্তব।

মক্তব শিক্ষার গুরুত্ব অত্যধিক। কারণ মক্তবে ইমান, আকাইদ ও নৈতিক শিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় ধর্মীয় মাসআলা-মাসায়েল তথা ইসলামের বুনিয়াদি শিক্ষা হাতে-কলমে শেখানো হয়। যেমন- কীভাবে অজু গোসল করতে হয়, অজুতে কী কী কাজ ফরজ, ওয়াজিব ও সুন্নাত এবং কী কী কারণে অজু নষ্ট হয়, কোন নামাজ কীভাবে আদায় করতে হয়- এ বিষয়গুলো শিক্ষকের তত্ত্বাবধানে সুন্দরভাবে শেখানো হয়। এখানে তারা সামাজিক শিষ্টাচার ও প্রচলিত প্রথার সাথে পরিচিত হয়।

মক্তবে মুসলিম শিশুর কোমল মনে আল্লাহ, রাসুল ও ইসলামের বীজ বপন করে, যা তার ভবিষ্যৎ জীবনের পাথেয় হিসেবে কাজ করে। মক্তব শিশুকে আদব-কায়দা, পরিষ্কার পরিচ্ছন্নতা, ইসলামের মৌলিক ও প্রাথমিক জ্ঞান, ইসলামি তাহজিব তামাদ্দুন ইত্যাদি বিষয়ে জ্ঞানদান করে। ফলে মক্তবের শিক্ষা শিশুর পরবর্তী জীবনের ভিতকে ইসলামের ওপর দাঁড় করিয়ে দেয়। তাই মুসলিম সমাজে মক্তব শিক্ষার গুরুত্ব অপরিসীম।

আনিসা ও নাফিসা টিফিন বিরতিতে শিক্ষাবিষয়ক আলোচনা করছিল। আনিসা বলল, ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত থাকা ও চারিত্রিক উৎকর্ষতা সাধনে এক বিশেষ শিক্ষা অতীব জরুরি। নাফিসা বলল, আমি তোমার সাথে একমত। কেননা এ শিক্ষার প্রতি গুরুত্বারোপ করে মহানবি (সা.) বলেছেন, "প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ।”
২. বায়তুল হিকমা কী?
"এটি মানবজাতির পথপ্রদর্শক।"- ব্যাখ্যা কর।
উদ্দীপকে আনিসা তার বক্তব্যে কোন ধরনের শিক্ষার প্রতি ইঙ্গিত করেছে? ব্যাখ্যা কর।
নাফিসা মহানবি (সা.)-এর বাণী উদ্ধৃত করে যে শিক্ষার প্রতি দৃষ্টি দিয়েছে, সেটির গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
বায়তুল হিকমা মূলত একটি শিক্ষা সংস্থা।
(খ)
পবিত্র কুরআন মানবজাতির পথপ্রদর্শক। অর্থাৎ কুরআন শুধু ইবাদতের কোনো বই নয় বরং একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক পথপ্রদর্শন করে। মহান আল্লাহ বলেন, "এটি (কুরআন) মানুষের জন্য হিদায়েত (পথনির্দেশ) এবং সঠিক পথের স্পষ্ট প্রমাণ ও সত্য-মিথ্যার পার্থক্যকারী।” (সূরা আল-বাকারা: ১৮৫) মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এমন কোনো দিক বা বিভাগ নেই যার দিকনির্দেশনা পবিত্র কুরআনে দেওয়া হয়নি। মহান আল্লাহ বলেন, "এ কিতাবে আমি কোনোকিছু লিপিবদ্ধ করা বাকি রাখিনি।” (সূরা আল-আনআম: ৩৮) তাই বলা যায়, পবিত্র কুরআন পুরো মানবজাতির পথপ্রদর্শক।
(গ)

উদ্দীপকের আনিসা তার বক্তব্যে ইসলাম শিক্ষার প্রতি ইঙ্গিত করেছে। যে শিক্ষাব্যবস্থায় ইসলামকে একটি পরিপূর্ণ জীবনাদর্শ হিসেবে শিক্ষা দেওয়ার ব্যবস্থা থাকে তাকে ইসলাম শিক্ষা বলে।

ইসলাম শিক্ষার অন্যতম মূল উদ্দেশ্য হলো মানবতা ও নৈতিকতার বিকাশ -সাধন। মানব প্রকৃতির প্রতিভাকে শিক্ষার মাধ্যমে জাগরিত ও বিকশিত করা। মানুষের মেধা, মননশীলতা, কর্মকুশলতা ও দক্ষতা শিক্ষার মাধ্যমে বিকশিত হয়। ইসলাম শিক্ষার মাধ্যমে আত্মার উন্নতি হয়। দয়া, মায়া, স্নেহ-মমতা ইত্যাদি মানবীয় গুণাবলি উৎকর্ষিত ও বিকশিত হয়।

ইসলাম শিক্ষা পারস্পরিক শ্রদ্ধা ও কর্তব্যবোধ জাগ্রতকরণের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনকে সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিময় করে তুলতে সহায়তা করে। একটি ন্যায়ভিত্তিক আদর্শ পরিবার, সমাজ, রাষ্ট্র ও বিশ্ব গঠনে ইসলাম শিক্ষা সহায়তা করতে পারে।

উদ্দীপকে আনিসার বক্তব্য হলো ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত থাকা ও চারিত্রিক উৎকর্ষতা সাধনে এক বিশেষ শিক্ষা অতীব জরুরি। যেহেতু ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত থাকা ও চারিত্রিক উৎকর্ষ সাধন ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য, তাই আনিসার বক্তব্যে ইসলামি শিক্ষার প্রতি ইঙ্গিত করা হয়েছে।

(ঘ)

নাফিসা মহানবি (সা.)-এর বাণী উদ্ধৃত করে ইসলাম শিক্ষার প্রতি দৃষ্টি দিয়েছে। যে শিক্ষাব্যবস্থায় ইসলামকে একটি পরিপূর্ণ জীবনাদর্শ হিসেবে শিক্ষা দেওয়ার ব্যবস্থা থাকে তাকে ইসলাম শিক্ষা বলে।

ইসলাম ও নৈতিক শিক্ষা পাঠের গুরুত্ব অপরিসীম। মানুষের অসৎ চরিত্র ও কুপ্রবৃত্তিকে দমন করে সচ্চরিত্র ও সুপ্রবৃত্তির বিকাশে ইসলাম ও নৈতিক শিক্ষা মহৌষধ হিসেবে কাজ করে। আদিকাল থেকে পৃথিবীতে যত অন্যায়, জুলুম, নির্যাতন ও অপরাধ সংঘটিত হয়েছে, তার কারণ হলো অনৈতিকতা ও ইসলামের বিধান পালন না করা। সচ্চরিত্র নামের এ মহামূল্যবান সম্পদটি অর্জন করা সম্ভব ইসলাম ও নৈতিক শিক্ষা অর্জনের মাধ্যমে। মহানবি (সা.)-এর ওপর নাযিলকৃত প্রথম আয়াতে মহান আল্লাহ শিক্ষা অর্জনের নির্দেশ দিয়ে বলেন, "পড়ুন! আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন।" (সূরা আল-আলাক: ০১) ইসলামের আকিদা, বিশ্বাস এবং ইবাদত করতে ন্যূনতম যতটুকু জ্ঞান প্রয়োজন, ততটুকু শিক্ষা অর্জন করা ফরজে আইন। মহানবি (সা.) এজন্যই বলেন, "প্রত্যেক মুসলিমের ওপর জ্ঞানার্জন করা ফরজ।" (বায়হাকি, ইবনে মাজাহ)

তাই বলা যায়, উদ্দীপকে নাফিসা ইসলাম শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য বুঝাতে উল্লিখিত হাদিসটি তুলে ধরেছেন।

জনাব শাহেদ আহমদ একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি নিয়মিত সালাত, সাওম আদায় করলেও অর্থ ছাড়া অফিসের ফাইলে সই করেন না। স্থানীয় মসজিদের ইমাম বিষয়টি জানার পর মন্তব্য করলেন, "ইবাদত কবুলের পূর্বশর্ত হলো বৈধ উপার্জন করা।”
৩. দেশপ্রেম কী?
"তারা তোমাদের ভূষণ আর তোমরা তাদের ভূষণ।"- ব্যাখ্যা কর।
উদ্দীপকে জনাব শাহেদ আহমদের উপার্জনের স্বরূপ ব্যাখ্যা কর।
ইমাম সাহেবের মন্তব্যের যথার্থতা মূল্যায়ন কর।
সমাধান ও উত্তর
(ক)
মাতৃভূমি তথা দেশের প্রতি আকর্ষণ বা ভালোবাসা, প্রীতি ও দরদের আকর্ষণকেই দেশপ্রেম বলে।
(খ)
"তারা তোমাদের ভূষণ এবং তোমরা তাদের ভূষণ।”- এটি মহান আল্লাহর বাণী এবং পবিত্র কুরআনের সূরা বাকারার ১৮৭নং আয়াত। এ আয়াতে আল্লাহ তায়ালা স্বামী-স্ত্রীর মর্যাদা ও পারস্পরিক স্বার্থকে অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছেন। এখানে আল্লাহ তায়ালা স্বামী-স্ত্রী পরস্পরকে পোশাকের সাথে তুলনা করেছেন। পোশাক যেমন মানুষের লজ্জাস্থান ঢেকে দেয়, ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটায়, সৌন্দর্যকে ফুটিয়ে তোলে সর্বোপরি শীতে উষ্ণতা দিয়ে রক্ষা করে এবং শারীরিক দোষত্রুটি ঢেকে রাখে; তেমনি স্বামী-স্ত্রী একে অন্যের লজ্জাস্থানের নিরাপত্তা বিধান করে পরিবার গঠনের মাধ্যমে সভ্যতার বিকাশে অবদান রাখে এবং ভালোবাসার চাদরে নিজেদের জড়িয়ে রেখে শান্তির প্রবাহ চালু রাখে। তাই স্বামী-স্ত্রী একে অপরের ভূষণস্বরূপ।
(গ)

উদ্দীপকে জনাব শাহেদ আহমদের উপার্জনটি হারাম উপার্জন হিসেবে গণ্য হবে।

শরিয়ত পরিপন্থি যেকোনো পন্থায় অর্থ সম্পদ অর্জন করাকে হারাম উপার্জন বলে। উদ্দীপকে জনাব শাহেদ অর্থ ছাড়া অফিসের ফাইলে সই করেন না। তার এরূপ কর্ম ইসলামে নিষিদ্ধ ঘুষের অন্তর্ভুক্ত। তাই তার এরূপ উপার্জন হারাম। হারাম উপার্জন নিষেধ করে মহান আল্লাহ বলেন, "তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ কর না।” (সূরা আন-নিসা: ২৯) ঘুষ গ্রহণ ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। মহানবি (সা.) বলেন, "ঘুষদাতা ও ঘুষগ্রহীতা উভয়ই জাহান্নামি।” (তাবারানি) অন্য একটি হাদিসে আছে, “রাসুল (সা.) ঘুষদাতা, গ্রহীতা এবং এর লেনদেনকারীদের প্রতি অভিশাপ দিয়েছেন।" (আহমদ) তাই বলা যায়, ঘুষের মাধ্যমে অর্জন করা উপার্জন হারাম হিসেবে গণ্য হবে। উদ্দীপকে যেমনটি শাহেদ আহমদের কর্মে প্রতিফলিত হয়েছে। এজন্য জনাব শাহেদকে অবশ্যই হারাম উপার্জন থেকে বিরত থাকতে হবে। হারাম উপার্জনের জন্য কঠোর শাস্তির সতর্কতা রয়েছে; নির্দিষ্ট ব্যক্তির চূড়ান্ত পরিণতি ঘোষণা করা উচিত নয়।

(ঘ)
হালাল উপার্জনের গুরুত্ব সম্পর্কে ইমাম সাহেবের মন্তব্য গ্রহণযোগ্য। ঘুষের মাধ্যমে অর্জিত অর্থ হারাম; তা থেকে বিরত থেকে তওবা করা এবং মানুষের প্রাপ্য অধিকার ফিরিয়ে দেওয়া প্রয়োজন। সহিহ মুসলিমের হাদিসে হারাম খাদ্য-পানীয় ও পোশাক দোয়া কবুলের পথে বাধা হওয়ার কথা এসেছে (মুসলিম: ১০১৫)। তবে এ থেকে কোনো ব্যক্তির সালাত, সাওমসহ সব ইবাদত নিশ্চিতভাবে অগ্রহণযোগ্য—এমন চূড়ান্ত রায় দেওয়া যায় না। জনাব শাহেদের কর্তব্য হলো সালাত-সাওম বজায় রাখার পাশাপাশি ঘুষ পরিহার করে বৈধ উপার্জনে ফিরে আসা।
আল-আমিন জন্মগতভাবে রোগাক্রান্ত, শারীরিক ও মানসিকভাবে ভারসাম্যহীন। তাই সমাজের বিভিন্ন লোক বিভিন্ন সময় তাকে সাহায্য-সহযোগিতা করেন। এ প্রসঙ্গে প্রভাষক আব্দুল জলিল বলেন, পরিবার ও সমাজে সুস্থ-স্বাভাবিক মানুষের মতো সকল ক্ষেত্রে তাদেরও সমান অধিকার আছে। বরং অন্যদের চেয়ে বেশি এবং বিশেষ কিছু অধিকার তাদের প্রাপ্য।
৪. كَسْبُ الْحَلَالِ (কাসবুল হালাল) শব্দের অর্থ কী?
"আল্লাহ ব্যবসায়কে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন।"- ব্যাখ্যা কর।
উদ্দীপকে আল-আমিনের প্রতি সমাজের মানুষের সাহায্য-সহযোগিতার কারণ কী? বর্ণনা কর।
উদ্দীপকে উল্লিখিত ব্যক্তিদের অধিকারসমূহ তোমার পাঠ্যপুস্তকের আলোকে আলোচনা কর।
সমাধান ও উত্তর
(ক)
كَسْبُ الْحَلَالِ (কাসবুল হালাল) শব্দের অর্থ হালাল উপার্জন।
(খ)
"আল্লাহ ব্যবসায়কে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন।” এ আয়াতটির মাধ্যমে আল্লাহ তায়ালা মানবজাতিকে ব্যবসার প্রতি উদ্বুদ্ধ করেছেন এবং সুদের লেনদেনের প্রতি কঠোর বার্তা দিয়েছেন। তাছাড়া এ আয়াতের মাধ্যমে ব্যবসার গুরুত্ব ফুটে উঠেছে। হালাল পন্থায় ব্যবসায় বাণিজ্য ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ পেশা বলে ঘোষণা করা হয়েছে। হাদিসের ভাষ্য অনুযায়ী, সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদদের সাথে অবস্থান করবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। এতে ব্যবসায়ীদের মর্যাদাকে বৃদ্ধি করা হয়েছে। আবার একই সাথে অর্থনৈতিক প্রক্রিয়া হিসেবে সুদকে গ্রহণ করা যাবে না; বরং সুদ বর্জন করার জোর তাগিদ দেওয়া হয়েছে। সুদকে হারাম ঘোষণা করে সুদি কারবারিদের কঠোর পরিণামের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। সুতরাং তাই হালাল ব্যবসাকে গ্রহণ এবং হারাম সুদকে বর্জন করতে হবে।
(গ)

উদ্দীপকে আল-আমিন প্রতিবন্ধী হওয়ার কারণে সমাজের মানুষ সাহায্য-সহযোগিতা করেন। আল-আমিন জন্মগতভাবে রোগাক্রান্ত, শারীরিক ও মানসিক ভারসাম্যহীন। এরূপ অবস্থাকে প্রতিবন্ধিতা বলে। প্রতিবন্ধী মহান আল্লাহর সৃষ্টি। যে শারীরিকভাবে অক্ষম সে অনেকটা পরনির্ভরশীল। বিভিন্ন সময়ে এরা অন্যের সাহায্যের জন্য তাকিয়ে থাকে। এ সময় কোনো মুসলিম ভাই যদি এদের দুঃখ-কষ্ট ও সংকট নিরসনে এগিয়ে আসে, তাঁহলে আল্লাহ তায়ালা তার বিপদ সংকটে সাহায্য করেন। মহানবি (সা.) বলেন, "সমগ্র সৃষ্টি আল্লাহর পরিজন। আল্লাহর কাছে প্রিয় সৃষ্টি হলো সে, যে তার সৃষ্টির প্রতি সদয় আচরণ করে।” (বায়হাকি)

তাই বলা যায়, প্রতিবন্ধীর অধিকার রক্ষার্থে উক্ত হাদিসের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে সমাজের মানুষ আল-আমিনের সহযোগিতায় এগিয়ে এসেছেন।

(ঘ)

উদ্দীপকে উল্লিখিত ব্যক্তিরা হলো প্রতিবন্ধী। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারসমূহ নিশ্চিতকরণে ইসলামের বিধান সুস্পষ্ট।

মানবকল্যাণের ধর্ম ইসলাম। প্রতিবন্ধী বলতে আলাদা কোনো শ্রেণিবিভাগ নেই। সৃষ্টির সেরা জীব মানুষই এদের পরিচয়। অন্যান্য মানুষের অধিকার ইসলাম যেভাবে নিশ্চিত করেছে, তেমনি প্রতিবন্ধীর অধিকার নিশ্চিত করেছে। পারস্পরিক অধিকার নিশ্চিতকরণে ইসলাম সর্বাধিক গুরুত্বারোপ করেছে। আল-কুরআনে আল্লাহ ইরশাদ করেন, "ইহসান করো পিতামাতার প্রতি, আত্মীয়স্বজন, ইয়াতিম-মিসকিন, নিকট ও দূর প্রতিবেশী, সাথি, মুসাফির এবং তোমাদের দাস-দাসীদের প্রতি।” (সূরা নিসা: ৩৬) এখানে আল্লাহ তায়ালা অক্ষম, প্রতিবন্ধী ও অভাবীদের প্রতি ইহসান করাকে ফরজ করেছেন।

অন্যত্র মহানবি (সা.) একটি হাদিসে বলেন, "মুসলমান মুসলমানের ভাই, সে তার প্রতি অত্যাচার করবে না। তাকে লাঞ্ছিত করবে না এবং তাকে তুচ্ছতাচ্ছিল্য করবে না। তিনি বুকের দিকে ইশারা করে তিনবার বললেন, তাকওয়া এখানে। নিজ মুসলিম ভাইকে তুচ্ছতাচ্ছিল্য ও ঘৃণা করা অন্যায়। প্রত্যেক মুসলিমের জন্য অন্য মুসলিমের রক্ত, সম্পদ ও সম্মান সবই হারাম।” (মুসলিম)

অতএব ইসলামের নির্দেশনা অনুযায়ী প্রতিবন্ধীদের প্রতি আমাদের কর্তব্য হলো- তাদেরকে অবজ্ঞা, অবহেলা, তুচ্ছতাচ্ছিল্য না করে তাদের সাথে সদাচরণ করা, তাদের প্রতি ইহসান করা।

বরিশাল বোর্ড ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।