চট্টগ্রাম বোর্ড ২০২৩

এইচএসসি · ইসলাম শিক্ষা ১ম পত্র

চট্টগ্রাম বোর্ড ২০২৩

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

জনাব মনির সাহেব ও তার স্ত্রী এবং দুই ছেলেমেয়ে নিয়ে ছোট সংসার। মেয়ে কলেজে পড়ে কিন্তু পর্দার সাথে চলাফেরা করে না। ছেলে সকালে মসজিদে কুরআন শিখতে যায়। ইতোমধ্যে মনির সাহেব ছেলেকে বললেন, তোমার ইংরেজি ও অঙ্ক বিষয়ে প্রাইভেট পড়তে হবে কুরআন শেখার দরকার নেই।
১. ইসলাম শব্দের অর্থ কী?
"সত্যবাদিতা মানুষকে মুক্তি দেয়।"- ব্যাখ্যা কর।
জনাব মনির সাহেবের মানসিকতার যৌক্তিকতা ব্যাখ্যা কর।
জনাব মনির সাহেবের মেয়ের চলাফেরায় ইসলামি শরিয়াহর কোন দিকটি ফুটে উঠেছে- তা তোমার পাঠ্যবইয়ের আলোকে আলোচনা কর।
সমাধান ও উত্তর
(ক)
'ইসলাম' শব্দের অর্থ আনুগত্য করা, আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা ইত্যাদি।
(খ)

সত্য এমন একটি বিষয় যা মানুষ নিজের মধ্যে ধারণ করলে মিথ্যার অন্ধকার হতে মুক্তি পায়।

সত্য কথা বলার, সত্য পথে চলার বিশেষ উপকারিতা রয়েছে। সত্যবাদীকে প্রত্যেকে বিশ্বাস করে, সম্মান করে ও ভালোবাসে। মানুষ তার শক্তি, প্রভাব-প্রতিপত্তি দ্বারা যা অর্জন করতে পারে না সত্যবাদী সহজেই তার ওই গুণ দ্বারা তা আয়ত্ত করে। কোনো স্বার্থপর মানুষ ব্যক্তিস্বার্থের সংঘাতের কারণে তার শত্রু হয়ে গেলেও যখন সে আবেগমুক্ত হয়ে চিন্তাভাবনা করে, তখন সত্যবাদীকে সম্মান ও শ্রদ্ধা করে। সত্যের পথে চলা তিক্ত হলেও এর ফল মিষ্ট। এ প্রসঙ্গে রাসুল (সা.) বলেছেন, "সত্যবাদিতা মানুষকে মুক্তি দেয়।" (ফাতহুল কাবির) তাই বলা যায়, সত্য মানুষকে অকল্যাণ থেকে মুক্তি দেয় এবং সার্বিক মঙ্গল ও কল্যাণ বয়ে আনে।

(গ)

জনাব মনির সাহেবের মানসিকতা অযৌক্তিক ও অনৈতিক।

একজন মুসলিম হিসেবে জ্ঞান অর্জন করা ফরজ ইবাদত। কারণ মানুষকে আল্লাহ তায়ালাই জ্ঞান দিয়েছেন। এজন্য একজন মুসলিমের প্রথম কাজ আল্লাহ তায়ালা সম্পর্কে জ্ঞান লাভ করা। পবিত্র কুরআন মহান আল্লাহর তায়ালার বাণী। আর এটিই সকল জ্ঞানের উৎস। তাই সবার প্রথম এবং প্রধান জ্ঞান পবিত্র কুরআন থেকেই অর্জন করতে হয়। আল-কুরআন শরিয়তের প্রধান উৎস। মানুষের যাবতীয় সমস্যার সমাধান এ কুরআনে বর্ণিত হয়েছে। মহান আল্লাহ বলেন, "আমি আপনার প্রতি কিতাব (কুরআন) নাযিল করেছি, যা প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যাস্বরূপ।” (সূরা আন-নাহল: ৮৯) কুরআন পাঠের গুরুত্ব ও ফযিলত অপরিসীম। মহানবি (সা.) বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তিই উত্তম যে নিজে কুরআন শিখে এবং অন্যকেও শিক্ষা দেয়। (বুখারি)

মহানবি (সা.) যাদের কুরআনের জ্ঞান নেই তাদের প্রসঙ্গে বলেন, "যার মধ্যে কুরআনের কোনো অংশ নেই, সে শূন্য গৃহের মতো।" (তিরমিযি) উদ্দীপকে জনাব মনির সাহেবের মানসিকতা কুরআন- সুন্নাহ এবং ইসলামবিরোধী। তাই বলা যায়, জনাব মনির সাহেবের কুরআন শিক্ষার প্রতি অনীহার বিষয়টি অযৌক্তিক।

(ঘ)

উদ্দীপকের জনাব মনির সাহেবের মেয়ের চলাফেরায় ইসলামি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ দিক নারীদের পর্দায় থাকার বিষয়টি লঙ্ঘিত হয়েছে।

মেয়েদের পর্দায় থাকার ব্যাপারে মহান আল্লাহ বলেন, "তোমরা নিজেদের গৃহের মধ্যে অবস্থান কর এবং পূর্বের জাহেলি যুগের মতো সাজসজ্জা দেখিয়ে বেড়িও না।" (সূরা আযহাব: ৩৩) তিনি আরও বলেন, আর হে নবি! মুমিন মহিলাদের বলে দাও তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে আর তাদের সাজসজ্জা না দেখায় আর তারা যেন তাদের ওড়নার আচল দিয়ে বুক ঢেকে রাখে।" (সূরা নূর: ৩১)

উদ্দীপকের মনির সাহেবের মেয়ে পর্দার সাথে চলাফেরা না করার কারণে ইসলামি সংস্কৃতির অনুসরণ হয়নি। বরং তার কাজে বিজাতীয় এবং অনৈসলামিক সাংস্কৃতির দিকটি ফুটে উঠেছে।

জনাব রশিদ সাহেবের বেশভূষায় পরিপূর্ণ সুন্নতের অনুসারী হিসেবে গণ্য করা হয়। তিনি প্রত্যহ পাঁচ ওয়াক্ত নামাজ আদায়সহ ধর্মীয় সকল বিধিনিষেধ মেনে চলেন। এমনকি সন্তানদের শালীনভাবে চলার তাগিদ করেন। এছাড়াও সন্তানদের ছোটবেলায় কুরআন শিক্ষাসহ ধর্মীয় মৌলিক জ্ঞান শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেন।
২. সংস্কৃতির আরবি প্রতিশব্দ কী?
"ইসলাম শিক্ষা ওহিভিত্তিক।"- ব্যাখ্যা কর।
জনাব রশিদ সাহেবের পরিবার কোন ধরনের অনুশাসন মেনে চলে- তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপকে জনাব রশিদ সাহেবের কর্মকান্ডে সন্তানদের ওপর কী প্রভাব ফেলতে পারে তোমার মতামত ব্যক্ত কর।
সমাধান ও উত্তর
(ক)
সংস্কৃতির আরবি প্রতিশব্দ হলো 'সাকাফাহ্'।
(খ)

اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ — অর্থ: “পড় তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন।” (সূরা আলাক: ১) ইসলামের সমস্ত শিক্ষা ওহির আলোকে রচিত। ওহির সাথে সাংঘর্ষিক কোনোকিছু ইসলামি শিক্ষায় নেই।

তাই বলা হয়, ইসলামি শিক্ষা ওহিভিত্তিক।

(গ)

জনাব রশিদ সাহেবের পরিবার ইসলামি অনুশাসন মেনে চলে। আর ইসলামি অনুশাসন অনুযায়ী পরিচালিত পরিবারকে ইসলামি পরিবার বলে।

উদ্দীপকের দিকে তাকালে আরও দেখতে পাব, জনাব রশিদ সাহেবের বেশভূষা তাকে সুন্নতের অনুসারী হিসেবে গণ্য করে। তিনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। ধর্মীয় বিধিবিধান মেনে চলেন। সন্তানদের শালীনভাবে চলার তাগিদ করেন এবং সন্তানদের কুরআন শিক্ষাসহ ধর্মীয় মৌলিক জ্ঞান শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেন। এই সমস্ত অনুশাসন মূলত ইসলামি অনুশাসন, যা রশিদ সাহেবের পরিবার মেনে চলে। জনাব রশিদ সাহেব ইসলামি পরিবারে পিতার দায়িত্ব যথাযথভাবে পালন করেন। কারণ সন্তানদের ধর্মীয় শিক্ষাদান ইসলামি পরিবারের পিতার অন্যতম দায়িত্ব। সালাতের আদেশ করাও পিতার দায়িত্ব। রাসুল (সা.) বলেন, "তোমরা তোমাদের সন্তানদের সালাতের আদেশ দাও, যখন তারা সাত বছরের। আর দশ বছর বয়স থেকে তাদের প্রহার কর।" (আবু দাউদ) সর্বোপরি তিনি ধর্মীয় বিধিবিধান মেনে চলেন।

এতে আরও স্পষ্ট হই, জনাব রশিদ সাহেবের পরিবার ইসলামি অনুশাসন মেনে চলে এবং তার পরিবারটি ইসলামি পরিবার।

(ঘ)

উদ্দীপকে জনাব রশিদ সাহেবের কর্মকান্ডে সন্তানদের ওপর ইসলামি অনুশাসন মেনে চলা ও বাস্তব জীবনে তা প্রয়োগ করার মতো সুযোগ তৈরি হতে পারে।

জনাব রশিদ সাহেব সুন্নাহর অনুসারী হিসেবে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন। আর এই সালাত একজন মুসলিমের জন্য ফরজ ইবাদত। জনাব রশিদ সাহেবের সন্তানগণ এ থেকে অনুপ্রাণিত হয়ে ফরজ ইবাদতে তাদের জীবনকে পরিচালিত করতে পারবে। সন্তানদেরকে শালীনভাবে চলতে তাগিদ করার বিষয়টিও গুরুত্বপূর্ণ। ইসলামি সংস্কৃতির অংশ এটি। এর প্রভাবে তারা রুচিশীল, মার্জিত ও শালীন পোশাক-পরিচ্ছদ এবং শালীনভাবে চলার মাধ্যমে এই সুস্থ সংস্কৃতি চর্চা করতে পারবে। এ ছাড়াও তিনি তার সন্তানদের কুরআন শিক্ষাসহ ধর্মীয় মৌলিক জ্ঞান শিক্ষার ব্যবস্থা করেন। এতে করে এ সর্বোত্তম কাজটি করার সুযোগ পাচ্ছে। রাসুল (সা.) বলেছেন, “তোমাদের মধ্যে ওই ব্যক্তিই উত্তম যে নিজে কুরআন শিখে এবং অন্যকেও শিক্ষা দেয়।” (বুখারি)

উপরিউক্ত কর্মকাণ্ড থেকে এটিই বুঝতে পারি, রশিদ সাহেবের সন্তানদের ওপর ইতিবাচক ও ইসলামি অনুশাসন মেনে চলার মতো মানসিক প্রভাব তৈরি হবে। ব্যক্তিজীবনে তার সন্তানরা ইসলামের মৌলিক জ্ঞান অর্জন ও আমল করে জীবন পরিচালিত করতে পারবে।

আজিম ও সজিব দ্বাদশ শ্রেণির ছাত্র। সজিব নিয়মিত নামাজ আদায় করে এবং অসৎ সঙ্গ এড়িয়ে চলে। কিন্তু আজিম কলেজ থেকে বাড়ি আসার পর প্রতিবেশীর কিছু বখাটে ছেলেদের সাথে মিশে নেশায় জড়িয়ে পড়ে। বিষয়টি সজিব জানতে পেরে আজিমকে বলল, "সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ।"
৩. রিবা শব্দের অর্থ কী?
"নিশ্চয় অপব্যয়কারীরা শয়তানের ভাই।"- ব্যাখ্যা কর।
উদ্দীপকে সজিবের উক্তি অনুযায়ী বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ইসলামি শরিয়াহর বিধানাবলিগুলো ব্যাখ্যা কর।
সজিবের আচরণে তার মধ্যে কোন ধরনের ত্রুটি পরিলক্ষিত হয়- তা তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
রিবা শব্দের অর্থ সুদ।
(খ)

মানুষ পার্থিব জীবনে অফুরন্ত দান ও নিয়ামত দ্বারা পরিবেষ্টিত। প্রতিমুহূর্তে মানুষ নানাভাবে আল্লাহর নিয়ামতরাজি ভোগ করেছে। আল্লাহ তায়ালা বলেন "হে আদম সন্তান! প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক-পরিচ্ছদ পরিধান কর, আর খাও এবং পান কর। তবে অপব্যয় করবে না। নিশ্চয়ই আল্লাহ অপব্যয়কারীদের ভালোবাসে না।" (সূরা আরাফ: ৩১) অন্য আয়াতে আল্লাহ তায়ালা বলেন, "আর অপচয় কর না, অপচয়কারীরা শয়তানের ভাই আর শয়তান তো প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ।" (সূরা বনি-ইসরাইল: ২৭) এই আয়াত থেকে বোঝা যায়, অপচয় করাও আল্লাহর নেয়ামতের অকৃতজ্ঞ হওয়ার নামান্তর।

সুতরাং আল্লাহর নিয়ামতের অপচয় না করে বরং শোকর আদায় করতে হবে।

(গ)

উদ্দীপকে সজিবের উক্তি হলো- "সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ।"

পার্থিব জীবনে কোনো মানুষই সঙ্গীর সাহচর্য বা প্রভাব থেকে দূর নয়। মহানবি (সা.) বলেন, "মানুষ তার বন্ধুর ধর্ম দ্বারা প্রভাবিত। সুতরাং কার সঙ্গে বন্ধুত্ব করছ, তা যাচাই করে নিবে।" (আহমদ ও তিরমিযি)

আল্লাহ বলেন, "হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং সৎ লোকদের সঙ্গী হও।" (সূরা তাওবা-১১৯)

আরও বলেন, "হে মুমিনগণ, আমার এবং তোমাদের শত্রুকে বন্ধুরূপে গ্রহণ করো না।" (সূরা মুমতাহিনা: ১) মহানবি (সা) আরও বলেন, "অসৎ সঙ্গীর চেয়ে একাকিত্ব ভালো। আর একাকিত্বের চেয়ে সৎসঙ্গী ভালো।" (বায়হাকি) সঙ্গী নির্বাচনে সতর্ক করে জাফর সাদিক (র.) বলেছেন, "পাঁচ ব্যক্তির সাথে বন্ধুত্ব করবে না। যেমন- ১. মিথ্যাবাদী ২. নির্বোধ ৩. পাপাচারী ৪. ভীরু ও ৫. কৃপণ।" ইমাম গাযালি (র.)-এর মতে, যার মধ্যে পাঁচটি গুণের সমাবেশ থাকবে সেই সঙ্গী বা বন্ধু হওয়ার উপযুক্ত বিবেচিত হবে। গুণগুলো হলো- ১. বুদ্ধিমান, ২. সৎস্বভাবের অধিকারী, ৩. পাপাচারী না হওয়া, ৪. বিদআতি না হওয়া, ৫. দুনিয়াসক্ত না হওয়া।

আল্লাহ আরও বলেন, "মুমিনগণ যেন মুমিন ছাড়া কোনো কাফিরকে বন্ধু হিসেবে গ্রহণ না করে।" (আল ইমরান: ২৮)।

সুতরাং উক্ত বিষয় থেকে আমরা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ইসলামি শরিয়াহর বিধানাবলিগুলো জানতে পারি।

(ঘ)

সজিবের আচরণে তার মধ্যে কোনো ধরনের ত্রুটি পরিলক্ষিত হয় না। কারণ সজিবের আচরণ শরিয়াহ সমর্থিত ছিল।

পার্থিব জীবনে কোনো মানুষই সঙ্গীর সাহচর্য বা প্রভাব থেকে দূর নয়। মহানবি (সা.) বলেছেন, "মানুষ তার বন্ধুর ধর্ম (স্বভাব-চরিত্র) দ্বারা প্রভাবিত, সুতরাং কার সঙ্গে বন্ধুত্ব করছ, তা যাচাই করে নিবে।" (আহমদ ও তিরমিযি)

অর্থাৎ এক বন্ধু বা সঙ্গীর প্রভাব অন্য বন্ধুর ওপর পড়ে। সুতরাং স্বভাব চরিত্র দেখে সঙ্গী বেছে নিতে হবে। অনুকূল পারিপার্শ্বিকতা এবং সৎ ও প্রকৃত সঙ্গীর সাহচর্যে মানুষ তার মর্যাদার উচ্চাসনে আসীন হতে পারে। পক্ষান্তরে, প্রতিকূল পারিপার্শ্বিকতা এবং অসৎ সঙ্গীর সংস্পর্শে সে মহাধ্বংসের অতল গহ্বরে তলিয়ে যেতে পারে। ঠিক এই কারণেই সজিব অসৎ সঙ্গ এড়িয়ে চলে। এই অসৎ সঙ্গ থেকে একাকীত্ব ভালো, আর একাকীত্বের চেয়ে সৎসঙ্গী ভালো। কথাটি বলেছেন প্রিয় নবি মুহাম্মদ (সা.)।

আল্লাহ বলেন, "হে মুমিনগণ, আল্লাহকে ভয় কর এবং সৎ লোকদের সঙ্গী হও।" (সূরা তওবা-১১৯) সুতরাং আমরা বুঝতে পারি, সজিবের আচরণ ত্রুটিপূর্ণ নয়। আবার সজিব নিয়মিত নামাজ আদায় করেছে। যা একটি ফরজ ইবাদত। সুতরাং আমরা বুঝতে পারি সজিবের আচরণে কোনো ত্রুটি পরিলক্ষিত হয়নি।

আকিমুল একজন গরিব রিকশাচালক। স্ত্রী, পুত্রসন্তানসহ তার ছোট সংসার। তিনি সারাদিন রিকশা চালিয়ে যা উপার্জন করেন তা দিন শেষে নেশার আড্ডায় বসে সর্বস্ব শেষ করে খালি হাতে বাড়ি ফিরেন। অপরপক্ষে তার বাল্যবন্ধু রফিক অফিসের দারোয়ান। চাকরির শেষে তার পেনশনের সমস্ত টাকা বাংলাদেশের এমন রাষ্ট্রীয় ব্যাংকে রেখেছেন, যা শরিয়ত মোতাবেক পরিচালিত।
৪. আদল শব্দের অর্থ কী?
"মিথ্যা সকল পাপের মূল।"- ব্যাখ্যা কর।
আকিমুলের কর্মকান্ডে কোন দিকটি পরিলক্ষিত হয় তা চিহ্নিত করে এর কুফলগুলো আলোচনা কর।
রফিক কোন ধরনের ব্যাংকে লেনদেন করেন? তোমার পাঠ্যবইয়ের আলোকে এর সামাজিক প্রভাব নিরূপণ কর।
সমাধান ও উত্তর
(ক)
'আদল' শব্দের অর্থ ন্যায়বিচার।
(খ)

মিথ্যা মানুষের একটি মৌলিক অসৎগুণ। কথিত আছে, মিথ্যা সকল পাপের জননী। যেকোনো অন্যায়, অপরাধ ও পাপ সংঘটিত হওয়ার পিছনে অন্তর্নিহিত শক্তি হিসেবে কাজ করে মিথ্যা। মিথ্যা মানুষকে অন্যায় ও গর্হিত কাজ করতে প্রবলভাবে উৎসাহিত করে। একটি মিথ্যা বললে সেই মিথ্যাগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য আরও মিথ্যা বলতে হয়। মিথ্যা বলার মানসিকতা ব্যক্তিকে নতুন নতুন পাপে নিমজ্জিত করে।

তাই বলা হয়, "মিথ্যা সকল পাপের মূল।"

(গ)

আকিমুলের কর্মকাণ্ডে মাদকাসক্তি ও পারিবারিক দায়িত্বে অবহেলার দিকটি পরিলক্ষিত হয়।

উদ্দীপকে তিনি সারাদিন রিকশা চালিয়ে উপার্জিত অর্থ নেশার আড্ডায় শেষ করে খালি হাতে বাড়ি ফেরেন। এখানে জুয়া খেলা বা বাজি রাখার উল্লেখ নেই; তাই তাঁর কাজকে নিশ্চিতভাবে জুয়া বলা যায় না।

মাদকাসক্তিতে স্বাস্থ্যের ক্ষতি হয়, উপার্জন নষ্ট হয় এবং স্ত্রী-সন্তানের ভরণপোষণ ব্যাহত হয়। পরিবারে অভাব, কলহ ও নিরাপত্তাহীনতা বাড়ে। কর্মক্ষমতা ও সামাজিক দায়িত্ববোধও ক্ষতিগ্রস্ত হয়। তাই নেশা বর্জন, চিকিৎসা ও সহায়তা গ্রহণ এবং পরিবারের ন্যায্য অধিকার আদায় করা প্রয়োজন।

(ঘ)

উদ্দীপকের রফিক ইসলামি ব্যাংকে লেনদেন করেন।

ইসলামি ব্যাংক বলতে এমন আর্থিক প্রতিষ্ঠানকে বোঝায় যার মৌলিক বিধান, নীতিমালা ও কর্মপদ্ধতিতে ইসলামি শরিয়াহর মূলনীতি অনুসরণের সুস্পষ্ট অঙ্গীকার থাকবে এবং যার সকল প্রকার কাজকর্ম ও আদান-প্রদান হবে সুদের লেনদেন থেকে সম্পূর্ণ মুক্ত। ঠিক তেমনি রফিক চাকরির শেষে তার পেনশনের টাকা বাংলাদেশের এমন রাষ্ট্রীয় ব্যাংকে রাখেন, যা শরিয়ত মোতাবেক পরিচালিত। অর্থাৎ ইসলামি ব্যাংকে রেখেছেন।

এই ব্যাংক ব্যবস্থার প্রভাবে সমাজ থেকে শোষণের অবসান ঘটে। সাধারণ মানুষের উন্নয়ন ও কল্যাণ সাধন হয়। সমাজে যে সুদ প্রথা বিচরণ করছে, ইসলামি ব্যাংকিং ব্যবস্থার প্রভাবে সম্পূর্ণ সুদমুক্ত অর্থনীতি প্রতিষ্ঠিত হয়।

এই ব্যবস্থার প্রভাবে সমাজের সাধারণ মানুষ সবচেয়ে বেশি কল্যাণ লাভ করে। কেননা এর সাথে গ্রাহকের সম্পর্ক হলো- অংশীদারিত্বের, চুক্তির ধরন অনুযায়ী লাভ বণ্টন ও লোকসানের দায়িত্ব নির্ধারিত হয়। অন্যদিকে এর বিপরীত হয়। সমাজকে সুসংগঠিত করে গড়ে তুলতে একটি অংশ মনে করে, দেশের জনগোষ্ঠী সকল উপায়ে সাহায্য পেয়ে থাকে।

এই ব্যবস্থা টাকার কারবার করে না, করে পণ্যের কারবার। যাতে পণ্যের ক্রয়-বিক্রয় অর্জিত মুনাফাই ব্যাংকের মুনাফা। এই মাধ্যমে সমাজের সুদ উচ্ছেদ হয়ে সুন্দর সুদবিহীন ইসলামি অর্থনীতি প্রতিষ্ঠিত হয়ে সমাজের কল্যাণে এগিয়ে চলে।

পরিশেষে বলা যায়, ইসলামি অর্থনীতি প্রতিষ্ঠায় ইসলামি ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

চট্টগ্রাম বোর্ড ২০২৩ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।