চট্টগ্রাম বোর্ড ২০২৫

এইচএসসি · ইসলাম শিক্ষা ১ম পত্র

চট্টগ্রাম বোর্ড ২০২৫

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

জনাব জহিরুল ইসলাম তার ছেলেকে বিশ্ববিদ্যালয়ে এমন একটি বিষয়ে ভর্তি করেছেন, যে বিষয়ে লেখাপড়া করে সে উন্নত চরিত্রের অধিকারী হবে। জীবনের সকল পর্যায়ে ইসলামের দিকনির্দেশনা, তাওহিদ, রিসালাত ও আখিরাতের পরিপূর্ণ জ্ঞান লাভ করতে পারবে। অপরদিকে, জনাব খায়রুল ইসলাম তার চার বছর বয়সি ছেলেকে এমন প্রতিষ্ঠানে ভর্তি করতে চান, যে প্রতিষ্ঠানটি সাধারণত মসজিদের বারান্দায়, বৈঠকখানায়, বাড়ির আঙিনায় গড়ে ওঠে। সেখানে শিশুদের অজু, গোসল ও আদব-কায়দা শিক্ষা দেওয়া হয়।
১. পৃথিবীর প্রথম মক্তবের নাম কী?
"যে ব্যক্তি যে জাতির অনুকরণ করে, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে।"- ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত জনাব জহিরুল ইসলামের ছেলে যে বিষয়ে লেখাপড়া করেছেন, তা তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ? তা চিহ্নিতপূর্বক ব্যাখ্যা কর।
উদ্দীপকে জনাব খায়রুল ইসলাম তার ছেলেকে কোন প্রতিষ্ঠানে ভর্তি করতে চান? তা চিহ্নিতপূর্বক তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
পৃথিবীর প্রথম মক্তবের নাম 'দারুল আরকাম'।
(খ)
যে ব্যক্তি যে জাতির অনুকরণ করে, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। একজন মুমিন সর্বদা আল্লাহ প্রদত্ত জীবন বিধান অনুসরণ করবে। অর্থাৎ ইসলামি সংস্কৃতির অনুসরণ করবে। কুরআন ও সুন্নাহর আলোকে নির্ধারিত ও পরিচালিত জীবনপদ্ধতিকে ইসলামি সংস্কৃতি বলে। এ সতর্কতার ব্যাখ্যায় ধর্মীয় স্বাতন্ত্র্য নষ্টকারী বিশেষ অনুকরণ ও সাধারণ মানবিক রীতি, প্রযুক্তি বা উপকারী শিক্ষা গ্রহণের পার্থক্য বিবেচ্য। শুধু অন্য কোনো জনগোষ্ঠীর প্রচলিত কাজ করলেই ব্যক্তির ধর্মীয় পরিচয় বা পরকালীন পরিণতি নির্ধারিত হয়ে যায় না। একজন মুমিনের উচিত সর্বদা ইসলামি সংস্কৃতি লালন করা। ইসলামি সংস্কৃতির অনুসরণ ও বিজাতীয় সংস্কৃতি বর্জনের নির্দেশ দিয়ে আল্লাহ বলেন, “হে মুমিনগণ! তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না।" (সূরা আল-বাকারা: ২০৮)
(গ)

উদ্দীপকে জনাব জহিরুল ইসলামের ছেলে যে বিষয়ে লেখাপড়া করেছেন, তা পাঠ্যবইয়ের ইসলাম শিক্ষা বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ।

ইসলাম শিক্ষা এমন একটি শিক্ষাব্যবস্থা, যার পঠন-পাঠন, অধ্যয়ন, অনুশীলন দ্বারা আল্লাহর দেওয়া পরিপূর্ণ জীবন বিধান ইসলামের স্বরূপ সম্পর্কে জ্ঞানলাভ করা যায় এবং তদনুযায়ী জীবন গঠন ও পরিচালনা করে আল্লাহ প্রদত্ত খিলাফতের দায়িত্ব-কর্তব্য যথাযথভাবে পালন করা যায়। মোটকথা ইসলাম সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞানলাভ করার শিক্ষাই হলো ইসলাম শিক্ষা। এ শিক্ষা কুরআন, সুন্নাহ, তাওহিদ ও রিসালাতভিত্তিক। পাশাপাশি ইসলাম শিক্ষার অন্যতম মূল উদ্দেশ্য হলো মানবতা ও নৈতিকতার বিকাশ সাধন। দয়া, মায়া, স্নেহ-মমতা ইত্যাদি মানবীয় গুণাবলি উৎকর্ষিত ও বিকশিত করা।

(ঘ)

উদ্দীপকে জনাব খায়রুল ইসলাম তার ছেলেকে মক্তবে ভর্তি করতে চান।

সাধারণভাবে মুসলিম বালক-বালিকাদের প্রাথমিক শিক্ষায়তনকে বলা হয় মক্তব। তবে মক্তব বলতে আমরা কুরআন শিক্ষার স্থানকে বুঝে থাকি। সাধারণত মক্তব বাড়ির নিকটে, বৈঠকখানায়, ঘরের বারান্দা বা মসজিদে গড়ে ওঠে।

মক্তবে ইসলামের প্রাথমিক, মৌলিক ও অতীব প্রয়োজনীয় শিক্ষা দেওয়া হয়। ইসলামের মূল গ্রন্থ কুরআন ও হাদিসের প্রাথমিক পাঠদান করা হয় এবং ইবাদত-বন্দেগি, অজু, গোসল, সালাত, সাওম ইত্যাদি পালনের শিক্ষা দেওয়া হয়। এখানেই ব্যবহারিক জীবনের আদব-কায়দা, শিষ্টাচার, সভ্যতা, ভদ্রতা, নম্রতা, নৈতিকতা, বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করার শিক্ষা দেওয়া হয়। মক্তবে হালাল-হারাম, পাক-পবিত্রতা ইত্যাদি প্রয়োজনীয় বিষয়াদি শিশুদের খুব সহজভাবে শিক্ষা দেওয়া হয়। শিশুরা শৈশবে বাবা-মায়ের কাছ থেকে কিছু শিক্ষা লাভের পর মক্তবে যায়। সেখানে তারা আদর্শ শিক্ষকদের কাছে আদর্শিক ও দ্বীনভিত্তিক শিক্ষা লাভ করে।

পরিশেষে বলা যায়, উদ্দীপকে জনাব খায়রুল ইসলাম তার চার বছর বয়সি ছেলেকে যে প্রতিষ্ঠানে ভর্তি করাতে চান সেটি হলো মক্তব। কেননা মক্তবেই শিশুদের অজু, গোসল ও আদব-কায়দা শিক্ষা দেওয়া হয়।

জনাব তছির উদ্দীন ও জনাব বশির উদ্দীন মুদি দোকানদার। জনাব তছির উদ্দীন সঠিকভাবে পণ্য ওজন দিয়ে বিক্রি করেন। ভালোমানের পণ্যের সাথে নিম্নমানের পণ্যের মিশ্রণ করেন না। অবৈধ কোনো পণ্য বিক্রিও করেন না। তিনি শরিয়তসম্মত পন্থায় ব্যবসায় বাণিজ্য করেন। অপরদিকে, বশির উদ্দীন অধিক মুনাফা লাভের আশায় ভালোমানের দ্রব্যের সাথে নিম্নমানের দ্রব্য মিশ্রিত করে চড়া দামে বিক্রি করেন। পণ্যের গুণগত মান বিকৃত করে ক্রেতার নিকট বিক্রি করেন ও ওজনেও কম দেন। মাঝে মাঝে অবৈধ পণ্যও বিক্রি করেন।
২. 'ইসলাম' শব্দের অর্থ কী?
"তোমরা সন্তুষ্টচিত্তে স্ত্রীদেরকে তাদের দেনমোহর প্রদান কর।"- ব্যাখ্যা কর।
উদ্দীপকে বর্ণিত জনাব তছির উদ্দীনের কর্মে কীসের ইঙ্গিত পাওয়া যায়? তা ব্যাখ্যা কর।
উদ্দীপকে বর্ণিত জনাব বশির উদ্দীনের কর্মে যা ফুটে উঠেছে, তা তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ? তা চিহ্নিতপূর্বক বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
'ইসলাম' শব্দের অর্থ আত্মসমর্পণ করা, আনুগত্য করা, শান্তির পথে চলা ইত্যাদি।
(খ)
"তোমরা সন্তুষ্টচিত্তে স্ত্রীদেরকে তাদের দেনমোহর প্রদান কর।” প্রশ্নে উল্লিখিত বাক্যটি সূরা আন-নিসার ৪নং আয়াতের সাথে সামঞ্জস্যশীল। যেখানে মহান আল্লাহ বলেন, “তোমরা সন্তুষ্টচিত্তে স্ত্রীদের মোহরানা আদায় কর।" মোহরানা বা দেনমোহর হচ্ছে বিবাহের সময় স্বামীর পক্ষ থেকে একটি নির্ধারিত সম্পদ বা অর্থ, যা স্ত্রীকে প্রদান করা হয়। এটি বাধ্যতামূলক অধিকার। এটি কেবল সামাজিক রীতি নয় বরং ইসলামি আইনে এটি একটি ফরজ বিধান। উক্ত আয়াতটিতে পুরুষদের নির্দেশ দেওয়া হয়েছে, যেন তারা নারীদের তাদের দেনমোহর সন্তুষ্টচিত্তে কোনো প্রকার অনিচ্ছা বা বিরক্তি ছাড়াই প্রদান করে। অতএব স্বামীর দায়িত্ব হলো তা খুশিমনে পূর্ণ সম্মানের সহিত দিয়ে দেওয়া। কেননা এটি স্ত্রীর অধিকার। এজন্যই মহান আল্লাহ সন্তুষ্টচিত্তে স্ত্রীদেরকে তাদের দেনমোহর প্রদান করতে আদেশ করেছেন।
(গ)

উদ্দীপকে বর্ণিত জনাব তছির উদ্দীনের কর্মে হালাল উপার্জনের ইঙ্গিত পাওয়া যায়।

উদ্দীপকে জনাব তছির উদ্দীন সঠিকভাবে পণ্য ওজন দিয়ে বিক্রি করেন, পণ্যে ভেজাল মেশান না এবং অবৈধ কোনো পণ্য বিক্রিও করেন না। অর্থাৎ তছির উদ্দীনের এভাবে সততার সাথে ব্যবসায় পরিচালনা করা হালাল উপার্জন হিসেবে গণ্য হবে।

হালাল উপার্জন মানে বৈধ উপার্জন। আল্লাহ ও তাঁর রাসুলের নির্দেশিত ও অনুমোদিত পন্থায় যে আয়-উপার্জন করা হয় তাকে হালাল উপার্জন বলে। হালাল উপার্জন সকলের জন্য কল্যাণকর। হালাল উপার্জন নিজের জন্য যেমন কল্যাণকর, তেমনি সমাজের জন্যও সামাজিকভাবে কল্যাণময়। মুসলিম হিসেবে হালাল উপার্জন করা আমাদের ইমানের দাবি। এটি একটি ফরজ কাজ। মহানবি (সা.) বলেন, "হালাল জীবিকা উপার্জন করা ফরজের পর একটি ফরজ।" (উদ্ধৃত বর্ণনার উৎস ও সনদ যাচাই প্রয়োজন) হালাল উপার্জনকারী আল্লাহর ভালোবাসা লাভ করবে। মহানবি (সা.) এ প্রসঙ্গে বলেন, "হালাল উপার্জনকারী আল্লাহর বন্ধু।” (বায়হাকি)

তাই বলা যায়, উদ্দীপকে তছির উদ্দীনের সততার সাথে ব্যবসায় করার মাধ্যমে হালাল উপার্জনের বিষয়টি ইঙ্গিত পাওয়া যায়। তার উক্ত কাজটি ইসলামের দৃষ্টিতে অত্যন্ত প্রশংসনীয়।

(ঘ)

উদ্দীপকে বর্ণিত জনাব বশির উদ্দীনের কর্মে যা ফুটে উঠেছে, তা পাঠ্যবইয়ের 'হারাম উপার্জন' বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ।

উদ্দীপকে জনাব বশির উদ্দীন পণ্যে ভেজাল মিশিয়ে চড়া দামে বিক্রি করেন। পণ্যের মান বিকৃত করেন। ওজনে কম দেন। ইসলামের দৃষ্টিতে এভাবে প্রতারণার আশ্রয় নিয়ে ব্যবসার মাধ্যমে উপার্জন করা হারাম। যেসব কাজ বা বস্তু কুরআন ও সুন্নাহর স্পষ্ট নির্দেশে অবশ্য পরিত্যাজ্য, বর্জনীয় তাকে হারাম উপার্জন বলা হয়। হালাল উপার্জনের বিপরীত হারাম উপার্জন। ন্যায়নীতিহীন, মানবতাবিবর্জিত, মানুষের জন্য ক্ষতিকর পন্থায় আয়-উপার্জনকে হারাম উপার্জন বলে। প্রতারণা, ছলচাতুরি, দ্রব্যে ভেজাল দেওয়া, ওজনে কমবেশি করা, চুরি-ডাকাতি, ছিনতাই, সুদ-ঘুষের মাধ্যমে উপার্জন সবই হারাম। মহান আল্লাহ বলেন, “হে বিশ্বাসীগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায় ও অবৈধভাবে ভক্ষণ করো না।" (সূরা আন-নিসা; আয়াত: ২৯) মহানবি (সা.) বলেন, "হারাম খাদ্যে পরিপুষ্ট যে দেহ, নরকাগ্নিই তার জন্য উপযুক্ত।” (আহমদ, বায়হাকি)

সুতরাং বলা যায়, জনাব বশির উদ্দীন পণ্যে ভেজাল মিশিয়ে, ওজনে কম দিয়ে পণ্য বিক্রি করার মাধ্যমে হারাম উপার্জন করছেন। তার উক্ত কর্ম গুরুতর পাপ ও পরকালীন শাস্তির কারণ হতে পারে; তার উচিত তওবা করে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া।

হাফিজ ও শহীদ দ্বাদশ শ্রেণির ছাত্র। নিজ এলাকার পরিবেশ, গাছপালা, নদনদী, পাহাড়-পর্বত, মাঠ-ঘাট হাফিজের মনকে আকর্ষণ করে। সে বিদেশি পণ্য পরিহার করে দেশি পণ্য ব্যবহার করে। অপরদিকে, শহীদ মেয়েদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে। তাদেরকে হেয় ও ঘৃণা করে। সে মনে করে, মেয়েদের কারণেই পরিবারে অশান্তির সৃষ্টি হয়। তাদের লেখাপড়া করারও কোনো প্রয়োজন নেই।
৩. 'হালাল' শব্দের অর্থ কী?
"দুই হাত দিয়ে উপার্জিত খাবারের চেয়ে উত্তম খাবার কেউ কোনোদিন খায়নি।"- ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত হাফিজের চিন্তাচেতনা ও কর্মে কীসের ইঙ্গিত পাওয়া যায়? তা চিহ্নিতপূর্বক তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত শহীদের কর্মে ও চিন্তাভাবনায় ইসলামের কোন বিষয়টি ক্ষুণ্ণ হয়েছে? তা তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
'হালাল' শব্দের অর্থ বৈধ, অনুমোদিত।
(খ)
"দুই হাত দিয়ে উপার্জিত খাবারের চেয়ে উত্তম খাবার কেউ কোনোদিন খায়নি।"- বাক্যটি মহানবি (সা.)-এর একটি হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ। মূলত বাক্যটি দ্বারা হালাল উপার্জনের গুরুত্ব বোঝানো হয়েছে। হালাল উপার্জন দ্বারা জীবিকা নির্বাহ করা ইসলামি জীবনব্যবস্থায় খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হারাম বা অবৈধ উপার্জন দ্বারা গড়া শরীর জাহান্নামের ইন্ধন হবে। মুসলিম হিসেবে হালাল উপার্জন করা ইমানি দায়িত্ব। কারণ হালাল উপার্জনে বিপুল কল্যাণ নিহিত, অন্যদিকে, হারাম উপার্জনে রয়েছে অনেক অকল্যাণ। সেজন্য মহানবি (সা.) বলেন, "নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কেউ কোনোদিন খায়নি।" (বুখারি)
(গ)

উদ্দীপকে উল্লিখিত হাফিজের চিন্তাচেতনা ও কর্মে দেশপ্রেমের ইঙ্গিত পাওয়া যায়। দেশপ্রেমকে আরবিতে 'হুব্বুল ওয়াতান' বলে।

জন্মভূমির প্রতি মানুষের অন্তরে একটি স্বাভাবিক আকর্ষণ সৃষ্টি হয় এবং ভালোবাসা জন্মায়। ক্রমান্বয়ে এ আকর্ষণ বা ভালোবাসা বিস্তৃতি লাভকরে সমগ্র দেশ, দেশের মাটি ও দেশের জনগণের প্রতি। মাতৃভূমি তথা দেশের প্রতি এ প্রীতি ও দরদের আকর্ষণকেই দেশপ্রেম বলে। দেশপ্রেম একটি মহৎ গুণ। স্বয়ং মহানবি (সা.) দেশপ্রেমিক ছিলেন। মদিনায় হিজরতের সময় মহানবি (সা.) বলেছিলেন, “হে আমার স্বদেশ। তুমি কত সুন্দর। আমি তোমাকে ভালোবাসি। আমার নিজ গোত্রের লোকেরা ষড়যন্ত্র না করলে আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না।" সাহাবিগণও দেশপ্রেমিক ছিলেন। মদিনায় হিজরতের পর হযরত আবু বকর (রা.) ও হযরত বেলাল (রা.) কঠিন জ্বরে আক্রান্ত হলে মক্কার তৃণলতা, পাহাড় ইত্যাদি স্মরণ করে কবিতা আবৃতি করতে থাকে। তখন রাসুল (সা.) তাদের এ অবস্থা দেখে বলেন, “হে আল্লাহ আমরা মক্কাকে যেরূপ ভালোবাসি তদ্রুপ অথবা তার চেয়েও অধিকভাবে আপনি আমাদের অন্তরে মদিনার প্রতি ভালোবাসা দান করুন।” (বুখারি)

উদ্দীপকে উল্লিখিত হাফিজের নিজ এলাকার পরিবেশ, গাছপালা, নদনদী, পাহাড়-পর্বত, মাঠ-ঘাটের প্রতি মনের আকর্ষণ এবং বিদেশি পণ্য পরিহার করে দেশি পণ্য ব্যবহার করার মাধ্যমে দেশপ্রেমের বিষয়টির ইঙ্গিত পাওয়া যায়।

(ঘ)

উদ্দীপকে উল্লিখিত শহীদের কর্মে ও চিন্তাভাবনায় ইসলামে বর্ণিত নারীর মর্যাদা ও অধিকার ক্ষুণ্ণ হয়েছে।

ইসলামে নারীদের প্রভূত সম্মান দেওয়া হয়েছে। আমাদের প্রিয়নবি (সা.)-এর আবির্ভাবের পূর্বে সারা বিশ্বজগৎ বিশেষ করে আরব সমাজ অজ্ঞতা ও বর্বরতার অন্ধকারে নিমজ্জিত ছিল। সে সময় আরবের বহু সমাজে নারীরা গুরুতর বৈষম্য ও অধিকারহরণের শিকার হতেন; তবে সব অঞ্চল ও সব নারীর অবস্থা এক ছিল না। সে সময় নারীদের দ্রব্যসামগ্রী মনে করা হতো। তাদের ক্রীতদাসী হিসেবে বাজারে কেনাবেচা করা হতো। ইসলাম এসে এই বর্বরতা রুখে দিয়েছে। ইসলাম সম্মান নিয়ে নারীদের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করেছে। নারীর সবরকম অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ইসলাম প্রয়োজনীয় সব বিধান দিয়েছে।

সৃষ্টির বিচারে নর ও নারীর সমান অধিকার ও মর্যাদা প্রদান, নারী বলে কাউকে ছোট মনে না করা, নারী হিসেবে কাউকে ঠাট্টা-বিদ্রুপ না করা নারীর প্রতি সম্মানবোধের উদাহরণ।

তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত শহীদের মেয়েদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, তাদেরকে হেয় ও ঘৃণা করা ইসলামে প্রদত্ত নারীর মর্যাদার পরিপন্থি। তাই বলা যায়, তার এরূপ কর্মে ও চিন্তাভাবনায় ইসলাম প্রদত্ত নারীর অধিকার ও মর্যাদার বিষয়টি ক্ষুণ্ণ হয়েছে।

জনাব রায়হান গার্মেন্টসের মালিক। তিনি আট বছরের ছেলেকে শ্রমিক হিসেবে তার কারখানায় নিয়োগ দিয়েছেন। বড় বড় কাপড়ের বেল তার মাথায় নিয়ে বহন করার দায়িত্ব দিয়েছেন, যা তার পক্ষে বহন করা অসম্ভব। অপরদিকে, শফিকের জন্ম থেকেই একখানা পা নেই। তার এলাকারই বড় ভাই জনাব মারুফ একজন শিল্পপতি। তিনি শফিককে নিয়মিত দেখাশোনা করেন এবং তার সংসারের খরচ চালানোর জন্য প্রত্যেক মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করেন।
৪. 'দেনমোহর' কার অধিকার?
"মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত।"- ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত জনাব রায়হানের কর্মে ইসলামের কোন বিধানটি ক্ষুণ্ণ হয়েছে? তা চিহ্নিতপূর্বক ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত জনাব মারুফের কর্মে যা ফুটে উঠেছে, তা তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ? তা বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
'দেনমোহর' স্ত্রীর অধিকার।
(খ)
মহানবি (সা.) বলেছেন, "মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত।” আসলে কথাটি একটি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ রাসুল (সা.) এখানে বোঝাতে চেয়েছেন মায়ের পায়ের নিচে মাটি খনন করলে বেহেশত পাওয়া যাবে না, বরং কেউ যদি মা-বাবাকে খুশি করতে পারে তাহলে তার ওপর আল্লাহ খুশি হবেন। মায়ের সেবা ও সন্তুষ্টি অর্জন জান্নাত লাভের গুরুত্বপূর্ণ পথ। তবে এটি অবশ্যই মনে রাখতে হবে, মাকে খুশি করতে গিয়ে আল্লাহ ও রাসুল (সা.)-এর কোনো নির্দেশ অমান্য করা যাবে না।
(গ)

উদ্দীপকে উল্লিখিত জনাব রায়হানের কর্মে ইসলামে বর্ণিত শিশুর অধিকার বিধানটি ক্ষুণ্ণ হয়েছে।

শিশু বলতে প্রত্যেক বস্তুর ক্ষুদ্র অংশকে বোঝায়। ইসলামি শরিয়তের পরিভাষায়, বালেগ বা প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্ব পর্যন্ত সকল মানবসন্তানকেই শিশু বলা হয়। সাধারণত ১৩-১৪ বছর বয়সে ছেলেমেয়েরা বালেগ হয়। বালেগ হওয়ার কিছু লক্ষণ আছে। সেগুলো কারও মধ্যে প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত সে শিশু।

ইসলামে শিশুদের অসংখ্য অধিকার নিশ্চিত করেছে। তন্মধ্যে একটি হলো ভরণপোষণ লাভের অধিকার। শিশুরা যাতে তাদের চাহিদা মোতাবেক খাদ্য, বাসস্থান, পোশাক ও সুচিকিৎসাসহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ পেয়ে সুস্থ ও নিরাপদে বেড়ে উঠতে পারে, সে ব্যাপারে পিতামাতাকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে পিতার ওপর এ দায়িত্ব ন্যস্ত রয়েছে। আল্লাহ তায়ালা বলেন, "সন্তান ও জননীর ভরণপোষণের ভার পিতার ওপর ন্যস্ত।” (সূরা আল বাকারা: ২৩৩) শিশুদের আরেকটি অধিকার হলো শিক্ষালাভের অধিকার। প্রকৃত জ্ঞানার্জনের মাধ্যমে একজন শিশু ধীরে ধীরে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠে। তাই প্রত্যেক শিশুর সুশিক্ষা গ্রহণের অধিকার রয়েছে। সন্তানকে ভবিষ্যৎ জীবনের উপযোগী সুশিক্ষা দেওয়া জরুরি। “তারা তোমাদের পরবর্তী যুগের জন্য সৃষ্ট” কথাটির নববাণী ও সহিহ মুসলিম-সংক্রান্ত attribution নিশ্চিত নয়।

অতএব বলা যায়, উদ্দীপকে জনাব রায়হানের আট বছরের শিশুকে শ্রমিক হিসেবে কারখানায় নিয়োগ করা, তাকে দিয়ে ভারী বোঝা বহন করানো ইসলামে প্রদত্ত শিশু অধিকারের বিধানটি ক্ষুণ্ণ হয়েছে।

(ঘ)

উদ্দীপকে উল্লিখিত জনাব মারুফের কর্মে প্রতিবন্ধীর প্রতি সদাচরণের দৃষ্টান্ত ফুটে উঠেছে। প্রতিবন্ধীর আরবি প্রতিশব্দ হলো মা'জুর (সমস্যাগ্রস্ত)। সাধারণত সমাজের অবিভাজ্য জনগোষ্ঠীর মধ্যে যারা শারীরিক বা মানসিক ক্রিয়াগত সীমাবদ্ধতার সম্মুখীন তাদেরকে প্রতিবন্ধী বলা হয়।

মানবকল্যাণের ধর্ম ইসলামে 'প্রতিবন্ধী' বলতে আলাদা কোনো শ্রেণিবিভাগ নেই। সৃষ্টির সেরা জীব মানুষই এদের পরিচয়। অন্যান্য মানুষের অধিকার ইসলাম যেভাবে নিশ্চিত করেছে, তেমনি প্রতিবন্ধীর (যা একটি নামকরণ মাত্র) অধিকার নিশ্চিত করেছে। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা অক্ষম, প্রতিবন্ধী ও অভাবীদের প্রতি ইহসান করাকে ফরজ করেছেন।

মহানবি (সা.) বলেছেন, "সমগ্র সৃষ্টি আল্লাহর পরিজন। আল্লাহর কাছে প্রিয় সৃষ্টি হলো সে, যে তার সৃষ্টির প্রতি সদয় আচরণ করে।” (বায়হাকি) ইসলামে প্রতিবন্ধীদের মর্যাদা লাভ ও সাহায্য-সহযোগিতা লাভের অধিকার রয়েছে। মহান আল্লাহ বলেন, "নিশ্চয়ই আমি মানবজাতিকে মর্যাদা দান করেছি।” (সূরা বনি ইসরাঈল: ৭০) অন্যত্র আরও বলেন, "তাদের (ধনীদের) ধনসম্পদে অভাবগ্রস্ত ও সুবিধাবঞ্চিতদের অধিকার রয়েছে।” (সূরা আয যারিয়াত: ১৯) উদ্দীপকে দেখা যায়, শিল্পপতি মারুফ প্রতিবন্ধী শফিককে নিয়মিত দেখাশোনা করার পাশাপাশি তার সংসারের খরচ চালানোর জন্য প্রত্যেক মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করেন। তাই বলা যায়, জনাব মারুফের উক্ত কর্মে প্রতিবন্ধীদের অধিকার আদায়ের বিষয়টি ফুটে উঠেছে।

চট্টগ্রাম বোর্ড ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।