চট্টগ্রাম কলেজ ২০২৩

এইচএসসি · ইসলাম শিক্ষা ১ম পত্র

চট্টগ্রাম কলেজ ২০২৩

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

ডা. জাফরুল্লাহ চৌধুরী ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস কোর্স সম্পন্ন করে উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিলেতে পাড়ি জমান। সেখানে তিনি রাজকীয় জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েন। এমতাবস্থায় তিনি শুনতে পান মাতৃভূমির মহান স্বাধীনতা সংগ্রামের কথা। ফিরে আসেন নিজ দেশে এবং যুদ্ধাহত যোদ্ধাদের জন্য মুক্ত চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলেন। স্বাধীনোত্তর দেশে চিকিৎসাসেবা সকল মানুষের নিকট সহজলব্ধ করার লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন গণস্বাস্থ্য কেন্দ্র। ডা. জাফরুল্লাহ চৌধুরী অত্যন্ত সহজ-সরল ও অনাড়ম্বর জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। একটি ভিডিও চিত্রে দেখা যায়, তিনি একটি তালিযুক্ত প্যান্ট ও ৩০ বছরের পুরোনো একটি শার্ট পরে আছেন। তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, বিলাসী জীবনযাপনের জন্য অর্থ ব্যয় করা নেহায়েত বোকামি ও ছেলেমানুষি ।
১. স্বদেশপ্রেম বলতে কী বোঝ?
অপচয়কারী শয়তানের ভাই বুঝিয়ে লেখ।
ডা. জাফরুল্লাহ চৌধুরীর চরিত্রে স্বদেশপ্রেমের যে চিত্র ফুটে উঠেছে তার বর্ণনা দাও।
উদ্দীপকে হাক্কুল ইবাদের যে চিত্র ফুটে উঠেছে তা তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর ।
সমাধান ও উত্তর
(ক)
মাতৃভূমির জন্য মানুষের সহজাত ও স্বভাবজাত ভালোবাসাকে বোঝানো হয়। অর্থাৎ জন্মভূমির প্রতি, মাতৃভূমির প্রতি, শৈশবের লীলাভূমির প্রতি মানুষের আকর্ষণ বা ভালোবাসাই হলো স্বদেশপ্রেম।
(খ)
অপচয় হলো প্রয়োজন ও ন্যায়সংগত সীমা অতিক্রম করে সম্পদ নষ্ট করা। আল্লাহ খাওয়া ও পান করার অনুমতি দিয়ে অপব্যয় করতে নিষেধ করেছেন (সূরা আল-আরাফ: ৩১)। সূরা বনি ইসরাইলের ২৭ নম্বর আয়াতে অপচয়কারীদের শয়তানের ভাই বলা হয়েছে। কারণ অপচয় আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞতা ও অন্যের অধিকারের প্রতি উদাসীনতার প্রকাশ। তাই সম্পদের সঠিক ব্যবহার ও নিয়ামতের শোকর আদায় করা উচিত।
(গ)

ডা. জাফরুল্লাহ চৌধুরীর চরিত্রে স্বদেশপ্রেমের চিত্র ফুটে উঠেছে।

আখলাকে হামিদাহ তথা মানবজীবনের উত্তম গুণাবলির মধ্যে অন্যতম হলো দেশপ্রেম। জন্মভূমির প্রতি মানুষের অন্তরে একটি স্বাভাবিক আকর্ষণ সৃষ্টি হয় এবং ভালোবাসা জন্মায়। ক্রমান্বয়ে এ ভালোবাসা বিস্তৃতি লাভ করে সমগ্র দেশ ও দেশের মাটি এবং দেশের জনগণের প্রতি। মাতৃভূমি তথা দেশের প্রতি এ প্রীতি ও দরদের আকর্ষণকেই দেশপ্রেম বলে।

দেশপ্রেম মানুষকে দেশ রক্ষায় উদ্বুদ্ধ করে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমিক নিজের জানমাল উৎসর্গ করতেও কুণ্ঠাবোধ করে না। আমাদের মহান স্বাধীনতা অর্জনে লক্ষ প্রাণের আত্মত্যাগ তাই প্রমাণ করে। পাকিস্তানিদের শোষণ নিপীড়ন থেকে দেশকে রক্ষা করতে এদেশের সর্বস্তরের দেশপ্রেমিক জনতা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জন করি আমরা স্বাধীনতা

ড. জাফরুল্লাহ চৌধুরী একজন দেশপ্রেমিক। তিনি উচ্চশিক্ষার জন্য বিলেতে গমন করে সেখানে বিলাসী জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েন। এমতাবস্থায় তিনি মাতৃভূমির মহান স্বাধীনতার কথা শুনে দেশে ফিরে আসেন। ফিরে আসেন দেশের টানে। রাজকীয় জীবনযাপন ছেড়ে দেশের স্বাধীনতার জন্য ফিরে আসেন। যুদ্ধাহত যোদ্ধাদের জন্য মুক্ত চিকিৎসার ব্যবস্থা গড়ে তোলেন।

অতএব বলা যায়, ড. জাফরুল্লাহ চৌধুরীর চরিত্রে একজন দেশপ্রেমিকের চিত্র ফুটে উঠেছে।

(ঘ)

ড. জাফরুল্লাহ চৌধুরীর গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠার মাঝে হাক্কুল ইবাদ-এর চিত্র ফুটে উঠেছে।

মানুষের প্রতি মানুষের অধিকার ও কর্তব্যকে আরবিতে হাক্কুল ইবাদ বলা হয়। একে আবার মানবাধিকারও বলা হয়। ব্যাপকভাবে বললে, মানুষ হিসেবে মানুষের জন্য এবং সৃষ্টির জন্য যা কিছু কল্যাণকর সেটাই বান্দার হক। আল্লাহর ইবাদাত পালনের মাধ্যমে সৃষ্টির প্রতি কর্তব্য পালন করা যায়। তাছাড়া মানুষ ও সৃষ্টিকূলের কল্যাণ ও সেবার মাধ্যমেও তা করা যায়। এটিও ইবাদাতের অংশ।

অসহায়, দুঃস্থ মানবতার প্রতি আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য আছে। তাদের সব রকম সাহায্য সহযোগিতা করা আমাদের অবশ্য কর্তব্য। মহানবি (সা.) বলেছেন, “তোমরা পৃথিবীবাসীদের প্রতি সদয় ব্যবহার কর, তাহলে যিনি আসমানে আছেন (আল্লাহ) তিনি তোমাদের দয়া করবেন।” (তিরমিযি)

মানুষ সমাজে চলতে গেলে তার সহযোগিতার জন্য অনেক বন্ধুবান্ধবের সংস্পর্শে আসতে হয়। সেসব বন্ধুবান্ধবদের প্রয়োজনে এগিয়ে আসা এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া কর্তব্য।

উদ্দীপকে যুদ্ধাহত যোদ্ধাদের চিকিৎসা এবং গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে অসহায় মানুষের সেবার যে দৃষ্টান্ত বর্ণিত হয়েছে, তা মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রক্ষা ও হাক্কুল ইবাদ পালনের উদাহরণ।

অর্থনীতিবিদ এম এ মান্নান স্যার ইসলামি অর্থব্যবস্থা ও প্রচলিত অর্থব্যবস্থার ওপর গবেষণা করে উপলব্ধি করেন যে, ইসলামি অর্থব্যবস্থা কল্যাণমুখী। সম্পদের সুষম বণ্টন নীতি, যাকাত, উশর, করযে হাসানা ও সাদাকা বিদ্যমান থাকায় তিনি এ অর্থব্যবস্থার প্রতি আকৃষ্ট হন ।
২. ইসলামি অর্থনীতিতে সুদের বিধান কী?
করযে হাসানা বলতে কী বোঝ?
উদ্দীপকের আলোকে ইসলামি অর্থব্যবস্থার সাথে প্রচলিত অর্থব্যবস্থার তুলনামূলক আলোচনা কর ।
ইসলামি অর্থব্যবস্থার ব্যাপারে এম এ মান্নান স্যারের দৃষ্টিভঙ্গি মূল্যায়ন কর ।
সমাধান ও উত্তর
(ক)
ইসলামি অর্থনীতিতে সুদ সম্পূর্ণ হারাম এবং জঘন্য কাজ ।
(খ)

করযে হাসানা— করয অর্থ ঋণ আর হাসানা অর্থ উত্তম। সুতরাং করযে হাসানা অর্থ উত্তম ঋণ ।

ইসলামি পরিভাষায়, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়, সওয়াবের নিয়তে বিনা শর্তে কাউকে কোনো কিছু ঋণ দিলে তাকে করযে হাসানা বা উত্তম ঋণ বলে। করযে হাসানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সওয়াবের কাজ। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে অনেক জায়গায় করযে হাসানার ব্যাপারে বর্ণনা করেছেন । যেমন- আল্লাহ বলেন, 'কে আছে, যে আল্লাহকে দেবে উত্তম ঋণ, তাহলে তিনি বহুগুণে ইহাকে বৃদ্ধি করবেন এবং তার জন্য আছে সম্মানজনক পুরস্কার। (সূরা আল-হাদিদ : ১১)

(গ)

উদ্দীপকে বর্ণিত ইসলামি অর্থব্যবস্থা ও প্রচলিত অর্থব্যবস্থার মধ্যে বেশকিছু পার্থক্য রয়েছে।

ইসলামি অর্থব্যবস্থা ও প্রচলিত অর্থব্যবস্থার পার্থক্য হলো— ১. ইসলামি অর্থব্যস্থার নীতিমালা তত্ত্ব ও সূত্র কুরআন ও সুন্নাহ হতে উৎসারিত । প্রচলিত অর্থ ব্যবস্থায় নীতি, তত্ত্ব ও সূত্র মানব রচিত। ২. ইসলামি অর্থব্যবস্থা বস্তুগত কল্যাণের পাশাপাশি রুহানি বা আধ্যাত্মিক কল্যাণের ওপর জোর দেওয়া হয়। প্রচলিত অর্থ ব্যবস্থায় রুহানি লাভ ক্ষতি বলতে কিছু নেই। এটা তাদের কাছে কল্পনা বিলাসমাত্র। ৩. ইসলামি অর্থব্যবস্থায় তাকওয়ার মূল্য অনেক বেশি। এটা আল্লাহর

অনুমোদিত পথ। প্রচলিত অর্থব্যবস্থায় ব্যক্তি স্বার্থ বা রাষ্ট্র স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়। ৪. ইসলামি অর্থব্যবস্থায় আখেরাতের চিন্তা প্রাধান্য পায়। প্রচলিত অর্থ ব্যবস্থায় দুনিয়ার চিন্তা প্রাধান্য পায়। • ৫. ইসলামি অর্থ ব্যবস্থায় হারাম হালাল বেছে চলা হয়। প্রচলিত অর্থব্যবস্থায় বৈধ অবৈধ বিষয়ে কোনো বালাই নেই। ৬. ইসলামি অর্থব্যবস্থায় মানুষকে ভোগের চেয়ে ত্যাগের নির্দেশ দেয়। প্রচলিত অর্থব্যবস্থায় ভোগের প্রবণতা বাড়ানোর প্রতি বেশি উৎসাহ দেয় ।

পরিশেষে বলা যায়, ইসলামি অর্থব্যবস্থা ও প্রচলিত অর্থব্যবস্থার ভিতর উল্লিখিত পার্থক্য রয়েছে। ইসলামি অর্থব্যবস্থা মহান আল্লাহ দেওয়া পথ আর প্রচলিত অর্থব্যবস্থা মানব রচিত ।

(ঘ)

অর্থনীতিবিদ এম. এ মান্নান স্যারের বক্তব্য সম্পূর্ণ সঠিক ও যথার্থ । আমি তার বক্তব্যের সাথে পুরোপুরি একমত।

সম্পদের সুষম বণ্টনের লক্ষ্যে ইসলামি অর্থব্যবস্থার অন্যতম খাত হলো যাকাত। যাকাত ব্যবস্থায় ধনীদের যাকাতের একটি নির্দিষ্ট অর্থ গরিব, নিঃস্ব, নওমুসলিম ইত্যাদি শ্রেণির মানুষের মধ্যে বণ্টন করতে হয়। এভাবে সম্পদের সুষম বণ্টনের ব্যবস্থা করা হয়। মহান আল্লাহ তায়ালা যে সম্পদ আমাদেরকে প্রদান করেছেন তার ভিতর জমি অন্যতম। জমি থেকে যে ফসল উৎপাদন করি সেখান থেকে ফসলের যাকাত প্রদান করতে হয়। এটাকে শরিয়তে উশর বলা হয়। এটার মাধ্যমে ফসলের হক আদায় হয় এবং গরিবের হক আদায় করা হয়। এছাড়া বর্তমানে বাণিজ্যিক ভিত্তিতে ফলের আবাদ করা হয়। কাজেই এসব ফলের ওপরও যাকাত ধার্য হয়। বিনিময় এবং লাভ ব্যতিত কাউকে ঋণ প্রদানকে করযে হাসানা বলে । যার মাধ্যমে অনেক মানুষ সহযোগিতা লাভ করে আর সাদকা হলো দান করা দানের মাধ্যমে অপর অসহায় মানুষ উপকৃত হয়ে থাকে ।

অর্থনীতিবিদ এম এ মান্নান স্যার যে বক্তব্য পেশ করেছেন তা মুসলিম উম্মাহর জন্য একান্ত জরুরি বিষয়। তিনি ইসলামি অর্থনীতির ওপর গুরুত্ব প্রদান করেছেন। তার মতে, সম্পদের সুষমবণ্টন নীতি ও উশর পদ্ধতি কারণে ইসলামি অর্থনীতির ভিত অত্যন্ত মজবুত।

পরিশেষে বলা যায়, এম. এ মান্নান স্যার যে বক্তব্য প্রদান করেছেন তা অত্যন্ত সঠিক । তাই আমি তার বক্তব্যের সাথে একমত ।

স্বদেশপ্রেমের গুরুত্ব দেশসেবার পদ্ধতি
১। মহানবির সুন্নাহ ১। বৃক্ষরোপণ
২। অধিক সাওয়াব ২। দেশের মানুষকে ভালোবাসা
৩। শহিদের মর্যাদা (রিনাদ) ৩। দুর্নীতি না করা
৪। শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাট নির্মাণ (নাইব)
৩. 'হুব্বুল ওয়াতানি মিনাল ইমান - প্রবাদটির অর্থ লেখ।
'দেশরক্ষা করতে না পারলে ধর্ম রক্ষা করা যায় না'- ব্যাখ্যা কর।
রিনাদের উপস্থাপিত পোস্টারটির ব্যাখ্যা কর।
নাইবের পোস্টারটিতে স্বদেশপ্রেমের কোন দিকটি প্রাধান্য পেয়েছে? দুটি পোস্টারের তুলনামূলক আলোচনা কর।
সমাধান ও উত্তর
(ক)
প্রবাদটির অর্থ 'দেশপ্রেম ইমানের অঙ্গ।
(খ)
দেশের স্বাধীনতা, নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করলে মানুষ নির্বিঘ্নে ধর্ম পালন করতে পারে। তাই দেশরক্ষা নাগরিক দায়িত্ব এবং ধর্মীয় স্বাধীনতা রক্ষারও সহায়ক। তবে স্বাধীন মুসলিম রাষ্ট্র ছাড়া কোথাও ধর্ম পালন করা যায় না—এমন চূড়ান্ত দাবি ঠিক নয়; বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ধর্মের মানুষ ধর্মীয় অধিকার ভোগ করেন।
(গ)
রিনাদের পোস্টারের শিরোনাম “স্বদেশপ্রেমের গুরুত্ব”। এতে তিনটি দিক আছে—১. মহানবির সুন্নাহ, ২. অধিক সাওয়াব, ৩. শহিদের মর্যাদা। স্বদেশের প্রতি ভালোবাসা মানুষকে দেশের কল্যাণে দায়িত্বশীল হতে উদ্বুদ্ধ করে। সৎ নিয়তে জনকল্যাণ ও বৈধভাবে দেশরক্ষার কাজ সওয়াবের কারণ হতে পারে। তবে যে কোনো দেশসম্পর্কিত কাজ বা মৃত্যুকে শর্তহীনভাবে শহিদের মর্যাদার নিশ্চয়তা বলা যায় না।
(ঘ)
নাইবের পোস্টারে “দেশসেবার পদ্ধতি” প্রাধান্য পেয়েছে। পদ্ধতিগুলো হলো—১. বৃক্ষরোপণ, ২. দেশের মানুষকে ভালোবাসা, ৩. দুর্নীতি না করা, ৪. শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাট নির্মাণ। এগুলোর মাধ্যমে পরিবেশ রক্ষা, জনকল্যাণ ও সুশাসনে অবদান রাখা যায়। অন্যদিকে রিনাদের পোস্টারে মহানবির সুন্নাহ, অধিক সাওয়াব ও শহিদের মর্যাদার মাধ্যমে স্বদেশপ্রেমের গুরুত্ব তুলে ধরা হয়েছে। প্রথম পোস্টার স্বদেশপ্রেমের প্রেরণা দেয়, দ্বিতীয়টি সেই প্রেরণাকে জনকল্যাণমূলক কাজে বাস্তবায়নের উপায় দেখায়।
**মিসেস 'ক' একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। সে ধনাঢ্য পরিবারের সন্তান হওয়ায় তার সহপাঠীদের সাথে হৃদ্যতাপূর্ণ আচরণ করে না এবং প্রতিষ্ঠানের নিয়মকানুনও পরিপূর্ণ মেনে চলে না । প্রতিবেশী ও আত্মীয়স্বজনদেরও তেমন খোঁজখবর রাখে না। সে মনে করে, উচ্চবিত্ত পরিবারের সন্তান হওয়ায় তাকে অন্যদের সাথে মেলামেশা ঠিক হবে না। এজন্য অনেকটাই আত্মকেন্দ্রিক ও অহংকারী । যার ফলে সহপাঠীরাও তাকে খুব একটা পছন্দ করেন না। **
৪. প্রতিবেশী কাকে বলে?
প্রতিবেশী কত প্রকার? বুঝিয়ে লেখ ।
মিসেস 'ক'-এর আচরণ ইসলামের দৃষ্টিতে কি সমর্থনযোগ্য? বুঝিয়ে লেখ ।
সদাচরণ কর নিকট আত্মীয়, প্রতিবেশী, পার্শ্বে অবস্থানকারী প্রতিবেশী ও পার্শ্ববর্তীর সাথে'- উক্তিটির ব্যাখ্যা করে তোমার অভিমত দাও ।
সমাধান ও উত্তর
(ক)
নিজ বাড়ির আশপাশে বসবাসকারী ব্যক্তিদের প্রতিবেশী বলা হয়। নিকট ও দূর প্রতিবেশী উভয়ের সাথেই সদাচরণ করতে হয়।
(খ)

হক বা অধিকার বিবেচনায় প্রতিবেশীকে পাঠ্য আলোচনায় তিন শ্রেণিতে উপস্থাপন করা হয়। যথা-

১. আত্মীয় মুসলিম প্রতিবেশী : এরা নিকটতম প্রতিবেশী। এ শ্রেণির প্রতিবেশীর মধ্যে শুধু সেসব মুসলমান অন্তর্ভুক্ত যারা আত্মীয়। এদের অধিকার তিনটি। মুসলিম হিসেবে একটি, আত্মীয় হিসেবে একটি এবং প্রতিবেশী হিসেবে একটি।

২.অনাত্মীয় মুসলিম প্রতিবেশী এ শ্রেণির প্রতিবেশীর মধ্যে সকল মুসলিম অন্তর্ভুক্ত। এদের হক তথা অধিকার দুটি। যথা— মুসলিম হিসেবে একটি ও প্রতিবেশী হিসেবে একটি।

৩. অমুসলিম প্রতিবেশী : হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ বা অন্য ধর্মের লোক, অর্থাৎ যারা অমুসলিম। প্রতিবেশী হিসেবে তারা এক ধরনের

অধিকার প্রাপ্য।

  • এছাড়া আরও এক শ্রেণির প্রতিবেশীর অস্তিত্বও ইসলামে স্বীকৃত। এ পর্যায়ে রয়েছে সেসব লোক, যারা সফরসঙ্গী কিংবা রাস্তাঘাটে চলার পথের সাথী । মসজিদে পাশাপাশি দাঁড়ালে বা কোনো মজলিসে পাশাপাশি বসলে সেও প্রতিবেশী হিসেবে গণ্য হবে এবং তারও একটি হক রয়েছে, যা আদায় করতে হবে। নিচের আয়াতে এর প্রমাণ মেলে।

وَالْجَارِ ذِي الْقُرْبَىٰ وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنْبِ

অর্থ : "সদাচরণ কর নিকটাত্মীয় প্রতিবেশী, পার্শ্বে অবস্থানকারী প্রতিবেশী ও পার্শ্ববর্তী সহচরের সাথে।” (সূরা আন-নিসা : ৩৬)

(গ)

ইসলামের দৃষ্টিতে মিসেস 'ক'-এর আচরণ সমর্থনযোগ্য নয়। প্রতিবেশীর সাথে সদাচরণ ও ভালো ব্যবহার করা একজন মুসলিমের অন্যতম কর্তব্য। কখনো প্রতিবেশীর মনে আঘাত বা কোনো প্রকার কষ্ট দেওয়া যাবে না। ইসলামে পিতামাতা ও আত্মীয়স্বজনের পরেই প্রতিবেশীর এ হক স্বীকৃত। এ প্রসঙ্গে মহান আল্লাহর ঘোষণা—

وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَىٰ وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنْبِ

অর্থ : “তোমরা আল্লাহর ইবাদাত কর এবং তাঁর সাথে কোনো শিরক কর না। পিতামাতা, আত্মীয়স্বজন, অনাথ-দরিদ্র, প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী ও পার্শ্ববর্তী সহচরদের সাথে সদাচরণ কর।” (সূরা আন-নিসা : ৩৬) এ আয়াতে উপরিউক্ত লোকদের হক ঘোষণা করা হয়েছে। আয়াতের শুরুতে একমাত্র আল্লাহর দাসত্ব স্বীকার ও তাঁর সাথে বিন্দুমাত্র শিরক না করতে বলার পর এ হকের কথা বলা হয়েছে। এর অর্থ- কেবলমাত্র আল্লাহর দাসত্ব স্বীকার ও তাঁর সাথে শিরক না করার নীতি গ্রহণ করলেই বান্দার ওপর এ হকসমূহ আদায় করা অবশ্য কর্তব্য হয়ে পড়ে । একমাত্র আল্লাহর বন্দেগি কবুল করা ও তাঁর সাথে কোনো প্রকার শিরক না করা আল্লাহর হক। আল্লাহ তাঁর নিজের দেওয়া বিধানের সর্বত্রই তাঁর নিজের হকের কথা বলার সাথে সাথে তাঁর বান্দাদের পারস্পরিক যে হক রয়েছে তা-ও বলেছেন।

সুতরাং উদ্দীপকের মিসেস 'ক'ের আচরণ সমর্থনযোগ্য নয়। কারণ, তিনি আত্মীয়-স্বজন ও প্রতিবেশীর খোঁজখবর রাখেন না।

(ঘ)

ইসলামে আত্মীয়ের প্রতি সদাচরণ করার নির্দেশ প্রদান করা হয়েছে। যেমন –

إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَىٰ

অর্থ : “আল্লাহপাক ন্যায়বিচার কায়েম করতে, পরস্পরের প্রতি ইহসান করতে ও আত্মীয়স্বজনের অধিকার আদায় করতে নির্দেশ দিচ্ছেন।” (সূরা আন-নাহল : ৯০) এখানে নিকটাত্মীয় হলেন— যারা সরাসরি রক্তের সম্পর্কের আত্মীয় তারা। এছাড়াও সফরে কিংবা রাস্তাঘাটে বা মসজিদে যে বা যারা পাশে দাঁড়ায় তারাও পার্শ্ব সাথী। তাদের ব্যাপারেও হক রয়েছে

এ প্রসঙ্গে বলা হয়েছে—

وَالْجَارِ ذِي الْقُرْبَىٰ وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنْبِ

অর্থ : “সদাচরণ কর নিকটাত্মীয় প্রতিবেশী, পার্শ্বে অবস্থানকারী প্রতিবেশী ও পার্শ্ববর্তী সহচরের সাথে।” (সূরা আন-নিসা : ৩৬) উদ্দীপকে বর্ণিত হয়েছে, মিসেস 'ক' আত্মকেন্দ্রিক ও অহংকারী হওয়ায় সমাজের কেউ তাকে ভালোবাসে না। তিনি প্রতিবেশীর খোঁজখবরও রাখেন না। অথচ, মহান আল্লাহ আত্মীয় ও প্রতিবেশীর প্রতি সদাচারের নির্দেশ দিয়েছেন।

প্রকৃতপক্ষে প্রতিবেশী হলো আমাদের সবচেয়ে নিকটের আপনজন । যারা আমাদের বিপদাপদ, হাসি-কান্না, আনন্দ-উল্লাসের প্রথম অংশীদার হয়। আর এটি নাগরিক জীবনের চাইতে গ্রামীণ জীবনে বেশি প্রতিফলিত হয়। নাগরিক জীবনে বা শহুরে জীবনে প্রতিবেশী হওয়া সত্ত্বেও কেউ কারও খোঁজ রাখে না। কেউ কারও দিকে ফিরেও তাকায় না। এটি যেন আধুনিক সভ্যতার এক অমানবিক আচরণ। তাই প্রতিবেশীর সাথে সদাচরণ করা অবশ্যই কর্তব্য, যা উল্লিখিত আয়াতে নির্দেশ দেওয়া হয়েছে ।

চট্টগ্রাম কলেজ ২০২৩ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।