ঢাকা কলেজ ২০২৪

এইচএসসি · ইসলাম শিক্ষা ১ম পত্র

ঢাকা কলেজ ২০২৪

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

জামাল সাহেব একজন চাকরিজীবী। তিনি সরকারিভাবে বিভিন্ন দেশ পরিভ্রমণ করেন। তিনি শহরে একখণ্ড জমি ক্রয় করেন এবং উক্ত জমিতে বাড়ি বানাতে মনস্থ করলেন। বাড়ির ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় সিমেন্ট, বালি ও সুরকির প্রথম মিশ্রণের সাথে সোনা-রূপা ও তাবিজ ভর্তি একটি পুটলি রেখে বললেন, এটা প্রাকৃতিক দুর্যোগ থেকে বাড়িটিকে রক্ষা করবে। জামাল সাহেবের স্ত্রী এ কাজে সন্তুষ্ট হতে পারেননি। তিনি এরূপ কর্মকাণ্ড পরিহার করার আহ্বান জানান।
১. ইসলামি সংস্কৃতির উৎস কী কী?
আখলাক কত প্রকার ও কী কী?
জামাল সাহেবের কাজটি ইসলামের দৃষ্টিতে কীরূপ? ব্যাখ্যা করো।
'জামাল সাহেবের কর্মকাণ্ড ইসলামি সংস্কৃতির বিপরীত' তুমি কি একমত? পাঠ্যপুস্তকের আলোকে মূল্যায়ন করো।
সমাধান ও উত্তর
(ক)
ইসলামি সংস্কৃতির উৎস হলো— কুরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াস।
(খ)

আখলাক ২ প্রকার। যথাঃ ক. আখলাকে হামিদাহ, খ. আখলাকে যামিমাহ।

আখলাকে হামিদা বলতে মানুষের দৈনন্দিন কাজ কর্মের মাধ্যমে যেসব উত্তম আচার-আচরণ, চাল-চলন ও স্বভাবের প্রকাশ পায় সেসবের সমষ্টিকে বোঝায়। যেমন— সৃষ্টির সেবা, ক্ষমা ইত্যাদি। মানবজীবনের নিকৃষ্ট চরিত্রকে আখলাকে যামিমা বা নিন্দনীয় চরিত্র বলে। যেমন— মিথ্যাচার, সুদ ইত্যাদি।

(গ)
জামাল সাহেবের কাজটি কুসংস্কারনির্ভর ও তাওহিদের শিক্ষার পরিপন্থি। বাড়ির ভিত্তিতে সোনা-রূপা ও তাবিজের পুঁটলি রাখলেই তা প্রাকৃতিক দুর্যোগ ঠেকাবে—এ দাবির নির্ভরযোগ্য ভিত্তি নেই। নিরাপত্তার জন্য যথাযথ নির্মাণপ্রযুক্তি ও সতর্কতা অবলম্বনের সঙ্গে আল্লাহর ওপর ভরসা রাখতে হয়। কোনো বস্তু নিজস্ব স্বাধীন ক্ষমতায় উপকার-অপকার করতে পারে বলে বিশ্বাস করা তাওহিদের বিরোধী। তবে নির্দিষ্ট ব্যক্তির বিশ্বাস ও উদ্দেশ্য না জেনে তাকে চূড়ান্তভাবে মুশরিক ঘোষণা করা উচিত নয়। তাবিজের বিভিন্ন ধরন নিয়ে ফিকহি মতভেদ থাকলেও উদ্দীপকের অপ্রমাণিত দুর্যোগরক্ষার দাবি গ্রহণযোগ্য নয়। তাই তাঁর স্ত্রীর কুসংস্কার পরিহারের আহ্বান যথার্থ।
(ঘ)

জামাল সাহেবের কর্মকাণ্ড ইসলামি সংস্কৃতির বিপরীত— আমি উক্তিটির সাথে একমত।

ইসলাম একটি পূর্ণাঙ্গ এবং প্রগতিশীল ও শাশ্বত জীবনব্যবস্থা। ইসলামি শরিয়ত নির্দেশিত মুসলিম জাতির জীবন পদ্ধতিই হচ্ছে ইসলামি সংস্কৃতি। এ সংস্কৃতিতে ইসলামি মূল্যবোধসমূহ সর্বাত্মকভাবে প্রতিফলিত হয়। আরও স্পষ্ট করে বলতে গেলে জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইসলামের মূল বিশ্বাসের আলোকে যত নিয়ম-নীতি, বিধি-নিষেধ পালন করতে হয় তা সবই ইসলামি সংস্কৃতি।

ইসলামি জীবনচেতনা, মূল্যবোধ ও বিশ্বাসের পরিপন্থি কোনো সংস্কৃতি মুসলিম জাতির সংস্কৃতি হতে পারে না। এ সংস্কৃতির সব বিষয়ে ইমানের ছোঁয়া থাকে। অর্থাৎ শরিয়ত পরিপন্থি কোনো কাজ, বিশ্বাস এ সংস্কৃতিতে স্থান পায় না। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর ওপর পরিপূর্ণ বিশ্বাস রেখে ইসলামি বিধান মেনে চলাই এ সংস্কৃতির মূলকথা।

উদ্দীপকের জামাল সাহেব প্রাকৃতিক দুর্যোগ থেকে কাউকে রক্ষা করার জন্য সরাসরি আল্লাহর প্রতি বিশ্বাস না করে তাবিজের ওপর ভরসা করেছেন। তার বিশ্বাসে ত্রুটি থাকার কারণে উক্ত কর্মকাণ্ড ইসলামি সংস্কৃতির বিপরীত।

জনাব করিম এর চলাফেরা, আচার-আচরণ, কথাবার্তা সবকিছুই আপত্তিকর। তার কথাবার্তা যেমন অহংকারপূর্ণ, তেমনি তার পোশাক-পরিচ্ছদও অশালীন। বড়দের যেমন সে শ্রদ্ধা করে না, সালাম দেয় না, ছোটদেরও তেমন স্নেহ করে না। পক্ষান্তরে, জনাব খালেদ এর আচার-আচরণ জনাব করিম এর সম্পূর্ণ বিপরীত।
২. মক্তব কী?
কীসের মাধ্যমে ইসলামি শিক্ষার সূচনা হয়েছে? ব্যাখ্যা দাও।
জনাব করিমের এরূপ আচরণ কোন সংস্কৃতির পরিপন্থি? ব্যাখ্যা করো।
জনাব খালেদের আচার-আচরণ ইসলামের আলোকে বিশ্লেষণ করো।
সমাধান ও উত্তর
(ক)
যেখানে ছোট ছোট মুসলিম ছেলেমেয়েদেরকে ইসলামের প্রাথমিক জ্ঞান দান করা হয় তাই মক্তব।
(খ)

ইসলামি শিক্ষার সূচনা হয়েছে ওহির মাধ্যমে।

আদম (আ) কে সৃষ্টির পর আল্লাহ তায়ালা প্রত্যক্ষ ওহির মাধ্যমে তাকে জ্ঞান দান করেন। পরবর্তীকালে ওহির মাধ্যমেই তিনি এ শিক্ষার প্রসার ও বিস্তার ঘটিয়েছেন। নবি-রাসুলগণ ইলমকেই মিরাস হিসেবে রেখে গেছেন। সুতরাং ইসলামের সমস্ত শিক্ষা ওহির আলোকে রচিত।

(গ)

জনাব করিম এর আচরণ ইসলামি সংস্কৃতির পরিপন্থি।

ইসলাম অনুমোদিত ও কুরআন-হাদিসে নির্দেশিত মুসলমানদের জীবন পদ্ধতিই হলো ইসলামি সংস্কৃতি। এর মাধ্যমে মুসলিম জাতির স্বতন্ত্র অস্তিত্ব প্রকাশ পায়। ইসলামি সংস্কৃতি একটি আদর্শিক সংস্কৃতি। ইসলামের মূলনীতি ও আদর্শের আলোকে এ সংস্কৃতি' গড়ে উঠেছে। পারস্পরিক সাক্ষাতে সালাম বিনিময় করা, ভালো কাজের শুরুতে আল্লাহর নাম নেওয়া, কথাবার্তা, আচার-আচরণ ও চলাফেরায় শালীন ও মার্জিত হওয়া, পরিষ্কার-পরিচ্ছন্ন, মার্জিত ও শালীন পোশাক পরিধান করা, বড়দের শ্রদ্ধা ও ছোটদের স্নেহ করা ইত্যাদি ইসলামি সংস্কৃতির গুরুত্বপূর্ণ দিক।

উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, জনাব করিম এর আচার-আচরণ, কথাবার্তা সবকিছুই আপত্তিকর। তার চলাফেরা অহংকারপূর্ণ এবং পোশাক-পরিচ্ছদও অশালীন। সে বড়দের শ্রদ্ধা এবং ছোটদের স্নেহ করে না। জনাব করিম এর এসব কর্মকাণ্ড ইসলামি সংস্কৃতির সম্পূর্ণ বিপরীত। তার কর্মকাণ্ডে ইসলামি সংস্কৃতির অভাব লক্ষণীয়।

(ঘ)

উদ্দীপকের জনাব খালেদ এর আচার-আচরণ জনাব করিম এর সম্পূর্ণ বিপরীত হওয়ায় বলা যায়, জনাব খালেদ ইসলামি সংস্কৃতি অনুসরণ করেন।

ইসলামি সংস্কৃতি একটি আদর্শিক সংস্কৃতি। এ সংস্কৃতি কুরআন ও সুন্নাহর আলোকে গড়ে উঠেছে। ইসলামি সংস্কৃতির মাধ্যমে ইমান পূর্ণতা পায়। কেননা, ইসলামি সংস্কৃতি যথাযথভাবে চর্চা করার মাধ্যমেই একজন ব্যক্তির জীবনে ইসলাম বাস্তবরূপ লাভ করে, যা উদ্দীপকের জনাব খালেদ এর ক্ষেত্রে লক্ষণীয়।

উদ্দীপকের জনাব খালেদ এর আচার-আচরণ 'জনাব করিম' এর সম্পূর্ণ বিপরীত। তাই তার জীবনপদ্ধতি একটি আদর্শ জীবনপদ্ধতি। সুতরাং জনাব খালেদ এর আচার-আচরণ ও জীবনযাপন ইসলামি সংস্কৃতির সাথে সঙ্গতিপূর্ণ। মুসলিম জাতির জীবনে ইসলামি সংস্কৃতির গুরুত্ব অপরিসীম। এ সংস্কৃতি মুসলিম জাতির স্বতন্ত্র অস্তিত্ব বহন করে। এ সংস্কৃতির অনুসরণের মাধ্যমে আল্লাহ ও তাঁর রাসুল (স) এর ভালোবাসা লাভ করা যায়। আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলে দুনিয়া ও আখিরাতের সাফল্য লাভ করা যায়'। পবিত্র কুরআনে উল্লেখ আছে “মুহাম্মদ (স) আপনি বলুন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও তাহলে আমাকে অনুসরণ করো” (সুরা আলে ইমরান : ৩১)।

উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, জনাব খালেদ এর আচার- আচরণ ও জীবনপদ্ধতি তথা ইসলামি সংস্কৃতির অনুসরণ মুসলমানদের দুনিয়ার জীবনে কল্যাণ ও পরকালীন সাফল্যের পথে সহায়ক হবে। তাই মুসলিমদের জন্য ইসলামি সংস্কৃতি চর্চার গুরুত্ব অপরিসীম ।

শরীফ চৌধুরী একজন সম্ভ্রান্ত বংশের লোক। দানশীল হিসেবেও তার বেশ সুনাম। দুস্থদের অকাতরে সহায়তা করেন। এছাড়াও মাদরাসা, মসজিদ, স্কুল ও কলেজেও দান করেন। কিন্তু সম্পদ হিসাব করে নিয়ম মোতাবেক জাকাত আদায় করেন না।
৩. উশর কী?
জাকাতের খাতগুলো লেখো।
শরীফ চৌধুরী কি দানশীলতার মাধ্যমে জাকাতের দায় হতে মুক্ত?
“আর তাদের (ধনীদের) সম্পদে দরিদ্র ও বঞ্চিতদের অধিকার রয়েছে”– বিশ্লেষণ করো।
সমাধান ও উত্তর
(ক)
উশর হলো জমিতে উৎপন্ন ফসলের জাকাত।
(খ)
জাকাতের অর্থ বণ্টনের খাতগুলো আল্লাহ তায়ালা নির্ধারণ করে দিয়েছেন। মহান আল্লাহ বলেন, জাকাত হলো ফকির, মিসকিন, জাকাত আদায়কারী এবং যাদের চিত্তাকর্ষণ প্রয়োজন তাদের হক এবং তা দাস মুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে এবং মুসাফিরের জন্য। এটা হলো আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময় (সূরা আত-তাওবা: ৬০)।
(গ)

শরীফ চৌধুরী দানশীলতার মাধ্যমে জাকাতের দায় হতে মুক্ত নন।

নিসাব পরিমাণ সম্পদ অর্থাৎ ৭.৫ তোলা সোনা বা ৫২.৫ তোলা রূপা কিংবা এর যেকোনো একটির সমপরিমাণ অর্থ যদি কোনো মুসলিম ব্যক্তির মালিকানায় পূর্ণ এক বছর থাকে এবং তা যদি তার প্রয়োজনের অতিরিক্ত হয় তাহলে শরিয়তের নির্ধারণ অনুযায়ী সে সম্পদ থেকে ২.৫% হারে নির্দিষ্ট আটটি বিশেষ খাতে কিংবা কোনো একটি খাতে অর্থ দান করতে হয়। বস্তুত শরিয়তের নির্দেশনানুযায়ী সম্পদ দানের এ পদ্ধতিই জাকাত।

উদ্দীপকে শরীফ চৌধুরীর কর্মকাণ্ডে জাকাতের বিধানের অনুপস্থিতি লক্ষ করা যায়। উদ্দীপকে শরীফ চৌধুরী একজন সম্ভ্রান্ত বংশের লোক, দানশীল হিসেবেও তার বেশ সুনাম। দুস্থদের অকাতরে সহায়তা করেন। এছাড়াও মাদরাসা, মসজিদ, স্কুল ও কলেজে দান করেন । কিন্তু সম্পদ হিসেব করে নিয়ম মোতাবেক জাকাত আদায় করেন না। তার এরূপ কাজে ইসলামের অন্যতম বিধান জাকাত লঙ্ঘিত হয়েছে। জাকাত একটি ফরজ ইবাদত। জাকাত দেওয়া মুমিনের বৈশিষ্ট্য। জাকাত আদায় করতে হবে জাকাতের বিধান অনুযায়ী। যাকাতের নিয়ত ও প্রাপকের শর্ত ছাড়া সাধারণ দান স্বয়ংক্রিয়ভাবে যাকাত হিসেবে গণ্য হয় না; আগে দেওয়া অর্থের হিসাব ও নিয়ত থাকলে তার বিধান পৃথকভাবে বিবেচ্য। তাই শরীফ চৌধুরী সম্পদের হিসাব ছাড়া দানশীলতার মাধ্যমে জাকাতের দায় থেকে মুক্ত হবেন না। তাই আমাদের উচিত যথাযথভাবে জাকাত আদায় করা।

(ঘ)

“আর তাদের ধনীদের সম্পদে দরিদ্র ও বঞ্চিতদের অধিকার রয়েছে”– এ বাণীটিতে ইসলামি অর্থব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য ভারসাম্যপূর্ণ বন্টননীতি প্রকাশ পেয়েছে।

ইসলামি অর্থব্যবস্থায় সম্পদের সুষম ও ভারসাম্যপূর্ণ বন্টননীতি অনুসৃত হয়েছে। সম্পদের অন্যায় কেন্দ্রীকরণ রোধ এবং দরিদ্রের অধিকার রক্ষা এ ব্যবস্থার লক্ষ্য। আল্লাহ তায়ালা ইসলামি অর্থব্যবস্থায় ধনীদের সম্পদে গরিবের অধিকার নির্ধারণ করে দিয়েছেন । যার মাধ্যমে গরিব মানুষেরা মূলধন গঠন করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। এ প্রসঙ্গে আল্লাহ তায়ালা বলেন, 'আর তাদের সম্পদে দরিদ্র ও বঞ্চিতদের অধিকার রয়েছে। (সুরা আয-যারিয়াত: ১৯)।

ইসলামি অর্থব্যবস্থায় আয়, ব্যয় ও বন্টননীতি ভারসাম্যপূর্ণ এবং সর্বজনীন । এ অর্থব্যবস্থায় দুর্নীতি, প্রতারণা, সুদ, ঘুষ ইত্যাদি শোষণমূলক পন্থায় অর্থ উপার্জনের সুযোগ নেই। আবার ব্যয়ের ক্ষেত্রেও সীমালঙ্ঘন করা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। এটি ধনী-গরিব, নারী-পুরুষ নির্বিশেষে সব শ্রেণির মানুষের জন্য কল্যাণকর। ইসলামি অর্থব্যবস্থা একটি আদর্শিক অর্থব্যবস্থা। মূলত পৃথিবীর যাবতীয় অর্থনৈতিক সমস্যার সমাধান করার পাশাপাশি মানুষের পরকালীন মুক্তি নিশ্চিত করাই ইসলামি অর্থব্যবস্থার মূল লক্ষ্য।

সুতরাং বলা যায়, ইসলামি অর্থব্যবস্থা একটি আদর্শিক অর্থব্যবস্থা। উক্ত বাণীটিতে ইসলামি অর্থব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য ভারসাম্যপূর্ণ বণ্টননীতি প্রকাশ পেয়েছে।

জনাব মামুন একজন সৎ মানুষ। মানুষের সাথে তিনি সর্বদা ভালো ব্যবহার করেন। কেউ তার সাথে চরম দুর্ব্যবহার করলেও তিনি তা হাসিমুখে গ্রহণ করেন। দুঃখ-কষ্ট, বিপদ-আপদে মুষড়ে না পড়ে দৃঢ়তার সাথে তা সহ্য করেন। তার এরূপ আচরণে পরম শত্রুরাও তার বন্ধু হয়ে যায়।
৪. 'ইহসান' শব্দের অর্থ কী?
জিকিরের মাধ্যমে কিভাবে মানসিক প্রশান্তি লাভ হয়?
জনাব মামুনের মধ্যে ইসলামের কোন গুণের বহিঃপ্রকাশ ঘটেছে? ব্যাখ্যা করো।
জনাব মামুনের এরূপ আচরণের সামাজিক গুরুত্ব বিশ্লেষণ করো।
সমাধান ও উত্তর
(ক)
ইহসান শব্দের অর্থ অনুগ্রহ করা।
(খ)

জিকিরের মাধ্যমে মানুষের মন হালকা হওয়ার দ্বারা মানসিক প্রশান্তি লাভ হয়।

জিকির অর্থ স্মরণ করা। জিকির করার মাধ্যমে আল্লাহ ও বান্দার মধ্যে এক অদৃশ্য যোগসূত্র তৈরি হয়। ফলে বান্দার অস্থির ও চঞ্চল চিত্ত স্থির হয় এবং আল্লাহর অনুগ্রহে পরিতৃপ্ত হয়ে প্রশান্তি লাভ করে। জিকিরের মাধ্যমে ব্যক্তি সবসময় নিজের কাছে আল্লাহর উপস্থিতি অনুভব করে। এতে করে আল্লাহর ক্ষমতা ও রহমতের ব্যাপারে তার মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়। এজন্যই জিকির মানসিক প্রশান্তি দান করে।

(গ)

জনাব মামুনের মধ্যে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় সবরের বহিঃপ্রকাশ ঘটেছে।

সবর শব্দের অর্থ ধৈর্যধারণ করা। দুঃখ-কষ্ট, রোগ-শোক, বিপদাপদ ও বালা-মুসিবতে কোনোরূপ বিচলিত না হয়ে অটল ও অবিচল থাকার নাম সবর। সবর আখলাকে হামিদাহ-এর একটি অন্যতম গুণ। এটা মানুষের নৈতিক চরিত্রের প্রকাশ ঘটায়। জনাব মামুনের মধ্যে এ গুণটি প্রকাশ পেয়েছে।

জনাব মামুন একজন সৎ মানুষ। মানুষ তার সাথে খারাপ ব্যবহার করলেও তিনি ভালো ব্যবহার করেন। দুঃখ-কষ্ট, বিপদাপদে বিচলিত না হয়ে দৃঢ়তার সাথে তা সহ্য করেন। তার এরূপ আচরণে পরম শত্রুরাও তার বন্ধু হয়ে যায়। যা তার সবরের পরিচয় বহন করে। সুতরাং জনাব মামুন নিজের মধ্যে এই সবরের গুণ ধারণ করেছেন। যার বহিঃপ্রকাশ তার কর্মে ঘটেছে।

(ঘ)

জনাব মামুনের এরূপ আচরণ তথা সবরের সামাজিক গুরুত্ব অপরিসীম। সবর অর্থ ধৈর্যধারণ করা। বিপদাপদে সবক্ষেত্রে ভেঙ্গে না পড়ে আল্লাহর ওপর ভরসা করাকে সবর বলে। জনাব মামুনের মধ্যে এরূপ আচরণ লক্ষণীয়।

জনাব মামুন মানুষের সাথে সর্বদা ভালো ব্যবহার করেন। কেউ তার সাথে চরম দুর্ব্যবহার করলেও তিনি তা হাসিমুখে গ্রহণ করেন। এছাড়া দুঃখ-কষ্ট, বিপদাপদে বিচলিত না হয়ে দৃঢ়তার সাথে তা সহ্য করেন। তার এ আচরণ সবরের নামান্তর। সামাজিক জীবনে এরূপ আচরণ অত্যন্ত প্রয়োজন । কেননা, পারস্পরিক লেনদেন ও আচরণে সবর বা ধৈর্য অবলম্বন করা না হলে সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হয় না। সবরের অভাবে ব্যক্তি নিজের ক্রোধ ও রাগ প্রশমন করতে পারে না। ফলে পারস্পরিক সম্পর্ক অক্ষুণ্ণ রাখা যায় না। এছাড়াও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য প্রয়োজন ধৈর্যের। ধৈর্যধারণ না করার কারণে বিভিন্ন জাতি, গোষ্ঠীর মধ্যে বিপর্যয় নেমে এসেছে। সেজন্য সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা ও সংরক্ষণের জন্যও ধৈর্যের অনুশীলন অনিবার্য।

পরিশেষে বলা যায়, জনাব মামুনের সবর বা ধৈর্যধারণের সামাজিক গুরুত্ব অত্যধিক। আমাদের সবাইকে ধৈর্যের সাথে কাজ করতে হবে।

ঢাকা কলেজ ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।