ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ২০২৪

এইচএসসি · ইসলাম শিক্ষা ১ম পত্র

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ২০২৪

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

খালেদ একাদশ শ্রেণির শিক্ষার্থী। সে ভর্তির সময় এমন বিষয় পছন্দ করলো, যা অধ্যয়নে আল্লাহর নির্দেশ মোতাবেক জীবনযাপন করা যায়। ফলে সে নিজেকে আল্লাহর নিকট সম্পূর্ণরূপে সোপর্দ করলো। তার দিকনির্দেশনায় বোন আয়েশাও একটি জায়গায় প্রতিদিন গিয়ে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করে। আয়েশা এখন কাজের শুরুতে, খাদ্য গ্রহণে, পারস্পরিক সাক্ষাতে বিশেষ পরিভাষা ব্যবহার করে।
১. তাহাফুতুল ফালাসিফাহ কী?
নফল ইবাদতের চেয়ে জ্ঞান অর্জন করা কেন উত্তম?
আয়েশার জ্ঞানার্জনের জায়গাটি কোন ধরনের প্রতিষ্ঠান? ব্যাখ্যা করো।
খালেদ কোন বিষয়ে শিক্ষা গ্রহণ করেছে? মানবজীবনে উহার গুরুত্ব বিশ্লেষণ করো।
সমাধান ও উত্তর
(ক)
'তাহাফুতুল ফালাসিফাহ' হলো ইমাম গাযালি রহ. এর রচিত একটি দর্শনের বই।
(খ)

জ্ঞানচর্চা করা নফল ইবাদতের চেয়ে উত্তম।

একজন সাধারণ ইবাদতকারীর চেয়ে একজন জ্ঞানার্জনকারী উত্তম। কারণ একজন আবেদ বা ইবাদতকারীর আমল শুধু তার নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু একজন আলেম বা জ্ঞানার্জনকারী তার জ্ঞানের মাধ্যমে নিজে আলোকিত হয় এবং অন্যদেরকেও তার জ্ঞানের আলোয় আলোকিত করতে সক্ষম হয় । এজন্য রাসুলুল্লাহ (স) বলেন, “রাতে অল্প সময় জ্ঞানচর্চা করা সারা রাতের নফল ইবাদতের চেয়ে উত্তম (দারিমি)।

(গ)

আয়েশার জ্ঞানার্জনের প্রতিষ্ঠানটি বা জায়গাটি হলো মক্তব।

আরবি ‘মক্তব' শব্দের অর্থ হলো— লেখার স্থান, বিদ্যালয় বা শিক্ষা কেন্দ্র। এটি ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে প্রাথমিক জ্ঞানার্জনের একটি আদর্শ স্থান। সাধারণত মসজিদের বারান্দায় বা মাদরাসার সাথে এটি গড়ে তোলা হয়।

উদ্দীপকে বর্ণিত আয়েশা যে জায়গায় গিয়ে প্রতিদিন প্রয়োজনীয় জ্ঞান অর্জন করে তা মক্তবকেই নির্দেশ করে। এখানে শিশুরা নৈতিক গুণাবলী অর্জন করে ইসলামের মৌলিক জ্ঞান ও পাপ কাজ থেকে দূরে থাকার শিক্ষা পায়। যেমনিভাবে আয়েশা মক্তব থেকে শিক্ষা পেয়ে এখন সে কাজের শুরুতে, খাদ্য গ্রহণে, পারস্পরিক সাক্ষাতে বিশেষ পরিভাষা তথা বিভিন্ন মাসনুন দুআ ব্যবহার করে। সুতরাং বলা যায়, আয়েশার জ্ঞানার্জনের জায়গাটি হলো ইসলামের মৌলিক জ্ঞানদানভিত্তিক একটি প্রতিষ্ঠান যা ‘মক্তব' হিসেবে সমাদৃত।

(ঘ)

খালেদ শিক্ষা গ্রহণ করেছে 'ইসলাম শিক্ষা' বিষয়ে।

যে শিক্ষাব্যবস্থার মাধ্যমে মানুষ আল্লাহ তায়ালার শক্তি ও ক্ষমতা সম্পর্কে জানতে পারে এবং ইসলামি নীতিমালার আলোকে জীবন পরিচালনা করতে সক্ষম হয় তাকে ইসলাম শিক্ষা বলে। এই শিক্ষার মাধ্যমে আল্লাহর ইবাদতের সঠিক নিয়ম-কানুন সম্পর্কে ধারণা পাওয়া যায়।

উদ্দীপকে বর্ণিত খালেদ একাদশ শ্রেণিতে ভর্তির সময় এমন বিষয় পছন্দ করলো যা অধ্যয়নে আল্লাহর নির্দেশ অনুযায়ী চলা যায়। যা ইসলাম শিক্ষাকে নির্দেশ করে। এ শিক্ষা গ্রহণের ফলে সে নিজেকে আল্লাহর নিকট সম্পূর্ণরূপে সোপর্দ করলো। মানবজীবনে ইসলাম শিক্ষার গুরুত্ব অপরিসীম। এ শিক্ষার মাধ্যমে আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবনযাপন করা যায়। ইসলাম শিক্ষা মানুষের শ্রেষ্ঠত্ব ও মর্যাদার মাপকাঠি। সূরা আয-যুমার ৩৯:৯-এ জ্ঞানী ও অজ্ঞানীর সমান না হওয়ার কথা এসেছে। এ শিক্ষার আলোকে বলা যায়, প্রকৃতপক্ষে যারা ইসলাম শিক্ষা থেকে বঞ্চিত তারা এ শিক্ষা অর্জনকারীদের সমান হতে পারে না। এ শিক্ষা ব্যক্তিকে সম্পূর্ণরূপে মহান আল্লাহর কাছে সোপর্দ করার শিক্ষা দেয়।

পরিশেষে বলা যায়, ইসলাম শিক্ষা এমন একটি বিষয় যা অধ্যয়নের মাধ্যমে মহান আল্লাহকে চেনা যায় এবং ইসলামের বিধি-বিধান সম্পর্কে জ্ঞান লাভ করে আল্লাহর সন্তুষ্টি লাভের উপায় জানা যায়।

জনাব আবুল কাশেম একটি মসজিদের ইমাম। তিনি এক খুতবায় বলেন সন্তানদেরকে ইমান-আকিদা, হালাল-হারাম, ন্যায়-অন্যায়, শিষ্টাচার, নম্রতা ভদ্রতা সম্পর্কে শিক্ষা দান করা প্রত্যেক বাবা-মার দায়িত্ব। উক্ত শিক্ষার অভাবে উচ্চশিক্ষার অধিকারী হয়েও অনেকে নানাবিধ পাপকর্মে লিপ্ত হচ্ছে। মহানবি হযরত মুহাম্মদ (স) বলেছেন – “তোমরা জ্ঞান-বিজ্ঞান শিক্ষা করো এবং তা মানুষকে শিক্ষা দাও।"
২. জ্ঞান কী?
আলিমগণকে নবিদের ওয়ারিশ বলা হয় কেন?
জনাব আবুল কাশেমের বক্তব্য কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
বর্ণিত জনাব আবুল কাশেম সাহেব যে শিক্ষার কথা বলেছেন— উহার সামাজিক প্রভাব মূল্যায়ন করো।
সমাধান ও উত্তর
(ক)
ইলম শব্দটি আরবি। এর অর্থ হলো জ্ঞান। কোনো কিছু সম্পর্কে জানা বা ধারণা লাভ করাকে ইলম বা জ্ঞান বলা হয়।
(খ)

রাসুল (স) বলেন, নিশ্চয় আলিমগণ নবিগণের ওয়ারিশ বা উত্তরাধিকারী।

আলিমগণ ওহির জ্ঞানের ধারক ও বাহক। তাঁরা নবিদের রেখে যাওয়া দ্বীন বা শরিয়তের জ্ঞানের ওয়ারিশ। তাদের দায়িত্ব নবিদের সেই ইলমে শরিয়তকে মানুষের নিকট পৌঁছে দেওয়া। এজন্য আলিমগণকে নবিদের ওয়ারিশ বলা হয়।

(গ)

জনাব আবুল কাশেমের বক্তব্য ইসলাম শিক্ষা বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ।

যে শিক্ষাব্যবস্থায় ইসলামকে একটি পরিপূর্ণ জীবনাদর্শ হিসেবে শিক্ষা দেওয়ার ব্যবস্থা থাকে তাই ইসলাম শিক্ষা। এ শিক্ষা কুরআন, সুন্নাহ্, তাওহিদ ও রিসালাতভিত্তিক। আল্লাহর পরিচয়, ইমান-আকিদা, হালাল- হারাম, ন্যায়-অন্যায়, মানুষ সৃষ্টির উদ্দেশ্য, মানুষের দায়িত্বানুভূতি জাগ্রত করা ইত্যাদি এই শিক্ষার উদ্দেশ্য।

উদ্দীপকে বর্ণিত ইমাম জনাব আবুল কাশেম খুতবায় সন্তানদেরকে ইমান- আকিদা, হালাল-হারাম, ন্যায়-অন্যায়, শিষ্টাচার, নম্রতা-ভদ্রতা সম্পর্কে শিক্ষা দান করা প্রত্যেক বাবা-মার দায়িত্ব বলে উল্লেখ করেন। তার এ বক্তব্যটি ইসলাম শিক্ষা বিষয়ের সাথে সম্পৃক্ত। তিনি তার খুতবায় উল্লেখ করেন, “উক্ত শিক্ষা তথা ইসলাম শিক্ষার অভাবে উচ্চ শিক্ষার অধিকারী হয়েও অনেকে নানাবিধ পাপকর্মে লিপ্ত হচ্ছে। রাসুল (স) বলেছেন, ‘তোমরা জ্ঞান-বিজ্ঞান শিক্ষা করো এবং তা মানুষকে শিক্ষা দাও।” সুতরাং বলা যায়, জনাব আবুল কাশেমের বক্তব্য ইসলাম শিক্ষা বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ।

(ঘ)

বর্ণিত জনাব আবুল কাশেম সাহেব ইসলাম শিক্ষার কথা বলেছেন, যার সামাজিক প্রভাব সুদূরপ্রসারী।

ইসলাম শিক্ষার সামাজিক প্রভাব অত্যন্ত সুদূরপ্রসারী। ইসলামি শিক্ষা আল্লাহভীরু, মানুষ তৈরি করে। এ শিক্ষা মানুষের মাঝে আল্লাহভীতি জাগ্রত করে। ফলে সে সমস্ত রকম অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখে। এ শিক্ষা দক্ষ মানবসম্পদ তৈরি করতে উৎসাহিত করে। তাকে কর্মমুখী করে গড়ে তোলে । এ শিক্ষা সমাজের প্রতি দায়বদ্ধ একদল মানুষ তৈরির তাকিদ দেয়। আল্লাহ তায়ালা বলেন- 'আর তাদের ধন-সম্পদে রয়েছে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের হক।"

উদ্দীপকে দেখা যায়, জনাব আবুল কাশেম খুতবায় সন্তানদেরকে ইসলামি শিক্ষা দান করা বাবা-মার কর্তব্য বলে অভিহিত করেন। তিনি বলেন, এ শিক্ষার অভাবে উচ্চ শিক্ষিত হয়েও অনেকে বিভিন্ন পাপ কর্মে লিপ্ত হচ্ছে। কেননা, ইসলামি শিক্ষা মানুষকে অপরাধ ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। তাকে সমাজের প্রতি দায়বদ্ধ করে গড়ে তোলে। আল্লাহ তায়ালা বলেন,

إنَّ الصَّلَاةَ تَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ .

‘নিশ্চয় সালাত মন্দ ও অশ্লীল কর্ম হতে বিরত রাখে।'

পরিশেষে বলা যায়, প্রকৃত নৈতিকতাসম্পন্ন মানুষ হতে ইসলামি শিক্ষার কোনো বিকল্প নেই। ইসলামি শিক্ষাই পারে সমাজ ও দেশকে উন্নত ও অগ্রসর করতে। কেননা, নৈতিকতার উন্নয়ন ছাড়া কখনো সামাজিক ও জাতীয় উন্নয়ন সম্ভব নয়।

নাসের ও হেলাল একটি বেসরকারি অফিসে চাকরি করেন। নাসের ফাইল আটকিয়ে অতিরিক্ত অর্থ আয় করেন। পক্ষান্তরে, হেলাল অফিসে যথাসময়ে হাজির হন এবং একদিন দেরিতে আসায় অফিস প্রধানের কাছে যথাযথ কারণ ব্যাখ্যা করেন। তিনি বলেন আমরা যাই করি না কেন একজন সবকিছু দেখছেন।
৩. তাকওয়া শব্দের অর্থ কী?
“সত্য মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করে" - ব্যাখ্যা করো।
উদ্দীপকে নাসের এর আয়ের পথটি কোন ধরনের উপার্জন? বর্ণনা করো।
'একজন সবকিছু দেখছেন'— পাঠ্যপুস্তকের আলোকে মূল্যায়ন করো।
সমাধান ও উত্তর
(ক)
তাকওয়া শব্দের অর্থ আল্লাহ ভীতি, পরহেজগারি।
(খ)
সত্য এমন একটি বিষয় যা মানুষ নিজের মধ্যে ধারণ করলে মিথ্যার অন্ধকার হতে মুক্তি পায়। সত্য কথা বলার, সত্য পথে চলার বিশেষ উপকারিতা রয়েছে। সত্যবাদীকে প্রত্যেকে বিশ্বাস করে, সম্মান করে ও ভালোবাসে । মানুষ তার শক্তি, প্রভাব, প্রতিপত্তি দ্বারা যা অর্জন করতে পারে না সত্যবাদী সহজেই তার ওই গুণ দ্বারা তা আয়ত্ত করে। কোনো স্বার্থপর মানুষ ব্যক্তি স্বার্থের সংঘাতের কারণে তার শত্রু হয়ে গেলেও যখন সে আবেগ মুক্ত হয়ে চিন্তাভাবনা করে, তখন সত্যবাদীকে সম্মান ও শ্রদ্ধা করে। সত্যের পথে চলা তিক্ত হলেও এর ফল মিষ্ট। সত্যবাদিতায় সত্যিকার মুক্তি ও সাফল্য আসে, আর মিথ্যার পরিণাম ধ্বংস। এ ভাবটি সত্যবাদিতার কল্যাণ এবং মিথ্যার ক্ষতি বোঝায়। সহিহ মুসলিম ২৬০৭গ-তে সত্য নেকির দিকে এবং মিথ্যা পাপ ও জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার কথা এসেছে। তাই মিথ্যা ত্যাগ ও সত্যের অনুশীলন নৈতিক জীবনের অপরিহার্য অংশ।
(গ)
নাসেরের আয়ের পথটি হারাম বা অবৈধ। অফিসে ফাইল আটকে দায়িত্ব পালনের বিনিময়ে অতিরিক্ত অর্থ নেওয়া ঘুষ ও মানুষের অধিকার হরণ।
ইসলাম বৈধ ও পবিত্র জীবিকা গ্রহণের নির্দেশ দেয় (সূরা আল-বাকারা ২:১৬৮)। হারাম উপার্জনের বিষয়ে কঠোর সতর্কতা রয়েছে। সহিহ মুসলিম ১০১৫-এ হারাম খাদ্য, পানীয় ও পোশাকে লালিত ব্যক্তির দোয়া কবুলের অন্তরায়ের কথা এসেছে। তবে কারও সব ইবাদত নিশ্চিতভাবে অগ্রহণযোগ্য বা তার চূড়ান্ত পরিণতি নির্ধারিত—এমন দাবি করা যায় না।
নাসেরের উচিত ঘুষ বন্ধ করা, অন্যের প্রাপ্য ফিরিয়ে দেওয়া, আন্তরিক তওবা এবং সৎভাবে দায়িত্ব পালন করা।
(ঘ)

‘একজন সবকিছু দেখছেন' হেলালের এ মনোভাবে তাকওয়ার গুণ সুস্পষ্টভাবে ফুটে উঠেছে।

তাকওয়া বলতে বোঝায় আল্লাহর ভয়ে যাবতীয় অন্যায়, অনাচার, পাপাচার বর্জন করে কুরআন ও সুন্নাহর নির্দেশমতো পূতপবিত্র জীবনযাপন করা। যিনি তাকওয়া অবলম্বন করেন তাকে মুত্তাকি বলা হয়। তাকওয়া মানুষকে ইহকালীন, পরকালীন উভয় জীবনকেই সম্মান, মর্যাদা ও সফলতা দান করে। এ এমন এক শক্তি যার সাহায্যে মানুষ সত্য ও ন্যায়ের পথে অটল ও অবিচল থাকে। শত বাধা-বিপত্তি ও প্রলোভন তাকে বিচলিত ও বিচ্যুত করতে পারে না। যার মধ্যে সত্য ও ন্যায়ের পথে চলার দৃঢ়তা ও অবিচলতা বিদ্যমান তিনিই প্রকৃতপক্ষে চরিত্রবান। ইসলামের জীবনদর্শনে তাকওয়াই সকল সদ্‌গুণের মূল। যার অন্তরে তাকওয়া আছে, সে সর্বত্রই আল্লাহ তায়ালার উপস্থিতি অনুভব করে। আর যে আল্লাহ তায়ালাকে হাজির নাজির জানে সে পাপ কাজ করতে পারে না।

উদ্দীপকের হেলাল জীবনের প্রত্যেকটি অর্থনৈতিক কর্মকাণ্ড হারাম- হালাল মেনে সম্পাদন করেন। তিনি মনে করেন, দুনিয়াতে আমরা যা করি সবই আল্লাহ দেখেন। এ কারণে তিনি দুনিয়ার শক্তি বা আদর্শকে আল্লাহর শক্তি কিংবা আদর্শের ওপর স্থান দেন না। প্রত্যেকটি কাজ করার পূর্বে আল্লাহর দেওয়া নির্দেশনা মেনে চলার চেষ্টা করেন। এটা শুধু মুত্তাকির পক্ষেই সম্ভব। হেলালের কর্মকাণ্ড উক্ত রূপ হওয়ার পিছনে প্রভাবক হলো . তাকওয়া। তাকওয়া ব্যতীত অনুরূপভাবে জীবন পরিচালনা করা সম্ভব নয়। তাই বলা যায়, হেলালের জীবনাচরণে তাকওয়ার প্রভাব রয়েছে।

আবির সাহেব একজন সচেতন মানুষ। তিনি মানুষের সেবায় এগিয়ে আসেন। একদা বাসযোগে ঢাকায় যাত্রাপথে একজন বিকলাঙ্গ ব্যক্তি বাসে চড়ে দাঁড়িয়ে যান। তাকে দেখামাত্র আবির সাহেব তার আসন ছেড়ে বিকলাঙ্গ ব্যক্তিকে বসতে দেন। পক্ষান্তরে আবির সাহেবের ছোট ভাই জনাব আবরার দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে চাকরি করেন। সম্প্রতি তিনি সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধের দায়িত্ব পান। তিনি চোরাচালানীদের কাছে অর্থের বিনিময়ের মাধ্যমে দেখেও না দেখার ভান করেন।
৪. সত্যবাদিতা কাকে বলে?
'আমি বনি আদমকে মর্যাদা দিয়েছি'— ব্যাখ্যা করো।
জনাব আবিরের কার্যক্রম কীসের ইঙ্গিত বহন করে? ব্যাখ্যা করো।
আবরারের মধ্যে কোন গুণের অভাব রয়েছে? এর গুরুত্ব বিশ্লেষণ করো।
সমাধান ও উত্তর
(ক)
সাধারণভাবে সত্যকথা বলার প্রবণতা কিংবা অভ্যস্তরূপে সত্যকথা বলাকে সত্যবাদিতা বলে।
(খ)
সূরা বনি ইসরাইল ১৭:৭০-এ আল্লাহ আদমসন্তানকে মর্যাদা দেওয়ার কথা বলেছেন। মানুষকে জ্ঞান, বিবেক, দায়িত্ববোধ ও নানা উপকরণ দান করা হয়েছে, যার যথাযথ ব্যবহারের দায়িত্ব তার।
এ মর্যাদা সকল মানুষের; কারও দুই পায়ে হাঁটা, হাতে খাওয়া বা নির্দিষ্ট অঙ্গের সক্ষমতা থাকার ওপর মানবিক মর্যাদা নির্ভর করে না। প্রতিবন্ধী ব্যক্তিও সমান মর্যাদা, অধিকার ও সম্মানের অধিকারী। তাই আয়াতটি মানুষকে সম্মান করা ও বৈষম্য পরিহারের শিক্ষা দেয়।
(গ)

জনাব আবিরের কার্যক্রমে প্রতিবন্ধীর অধিকার আদায়ের বিষয়টি ফুটে উঠেছে।

প্রতিবন্ধী ব্যক্তি দীর্ঘমেয়াদি শারীরিক, সংবেদনগত, বুদ্ধিবৃত্তিক বা মানসিক অবস্থা এবং পরিবেশগত বাধার কারণে সমান অংশগ্রহণে সীমাবদ্ধতার সম্মুখীন হতে পারেন। প্রতিবন্ধীরা মৌলিক মানবিক চাহিদা পূরণ, সম্মান ও মর্যাদা লাভ ইত্যাদি সব অধিকারেরই যোগ্য। তাই বিকলাঙ্গ বাস যাত্রীর ব্যাপারে আবির সাহেবের আচরণ ও কার্যকলাপ যথার্থ।

উদ্দীপকের আবির সাহেব একজন সচেতন মানুষ। তিনি মানুষের সেবায় এগিয়ে আসেন। একদা তিনি বাসযোগে ঢাকা যাচ্ছিলেন। যাত্রাপথে একজন বিকলাঙ্গ ব্যক্তি বাসে চড়ে দাঁড়িয়ে যান। এ অবস্থায় দেখে আবির সাহেব তার আসন ছেড়ে বিকলাঙ্গ ব্যক্তিকে বসতে দেন। এতে প্রতিবন্ধীর অধিকার আদায় হয়েছে। সব প্রতিবন্ধী ব্যক্তি কর্মক্ষমতাহীন নন। যাঁর চলাচলে সহায়তা প্রয়োজন তাঁকে আসন দেওয়া সমান অংশগ্রহণ ও মর্যাদা নিশ্চিত করার উপায়—আবির তাই করেছেন।

(ঘ)

আবরারের মধ্যে অতীব গুরুত্বপূর্ণ গুণ কর্তব্যপরায়ণতার অভাব রয়েছে।

দায়িত্ব পালনে নিষ্ঠা ও আন্তরিকতা অবলম্বন করা হলো কর্তব্যপরায়ণতা । কর্তব্যপরায়ণতার মাধ্যমে সমাজ বা দেশ থেকে অপরাধ নির্মূল করে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। অপরাধ দমন, শৃঙ্খলা প্রতিষ্ঠা ও জাতীয় উন্নয়নে কর্তব্যপরায়ণতার কোনো বিকল্প নেই। আবরার সাহেবের মধ্যে কর্তব্যপরায়ণতা গুণটির ব্যত্যয় ঘটেছে।

উদ্দীপকের আবরার সাহেব দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে চাকরি করেন। সম্প্রতি তিনি সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধের দায়িত্ব পান। তিনি অর্থের বিনিময়ে চোরাচালানীদের দেখেও না দেখার ভান করেন। তার এ ভূমিকার ফলে সে অঞ্চলে মাদকের ভয়াবহতা বেড়ে যায় । আবরার সাহেবের মতো সবাই নিজ নিজ জায়গায় কর্তব্যে অবহেলা করলে ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয় ইত্যাদি সব ক্ষেত্রেই অপরাধের কালো ছায়ায় ঢেকে যাবে। কর্তব্যপরায়ণ হলে শ্রমিক তার দায়িত্বে অবহেলা করবে না, শিক্ষক নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পাঠদান করবেন, ছাত্র অধ্যয়নে ফাঁকি দেবে না, ডাক্তার সঠিকভাবে রোগীর সেবা করবেন, সরকারি কর্মকর্তা এবং নেতারা তাদের দায়িত্ব পালনে আন্তরিক হবেন। এমনকি নাগরিকদের প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে তাদের কর্তব্য পালন করলে কোনো জাতি বা দেশ কখনই বিপথে যাবে না। অন্যথায় সবাইকে দুর্ভোগ পোহাতে হবে।

উপরের আলোচনা থেকে বলা যায়, আবরার সাহেব কর্তব্যহীনতার দৃষ্টান্ত স্থাপন করেছেন । আমাদের প্রত্যেকের উচিত, আবরার সাহেবের মতো না হয়ে দায়িত্বের ক্ষেত্রে কর্তব্যপরায়ণ হওয়া। এতে দেশের স্বার্থ সংরক্ষণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।