ইসলামের বিধিবিধান এবং মহান আল্লাহর ইবাদতের পদ্ধতি ও গুরুত্ব সম্পর্কে জানার জন্য ইসলামের মৌলিক জ্ঞানার্জন করা প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য অবশ্য কর্তব্য।
দীনি ইলম অর্জনের ক্ষেত্রে ফরজের বিধান দুই ধরনের। যথা- ফরজে আইন বা অবশ্য পালনীয় ফরজ এবং ফরজে কিফায়া বা সামষ্টিক বাধ্যবাধকতা। উল্লিখিত হাদিসের মাধ্যমে দীনের মৌলিক জ্ঞানার্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ করা হয়েছে। এটি না করলে ব্যক্তিগতভাবে প্রত্যেককে গুনাহগার হতে হবে। দীনের গভীর জ্ঞানার্জন করা সবার জন্য বাধ্যতামূলক নয়। প্রত্যেক সমাজের কিছু লোককে দীন সম্পর্কে গভীর জ্ঞান-গবেষণা করতে হবে। অন্যথায় সমাজের সবাই গুনাহগার হবে।
জিহাদের অধীত বিষয়টি আমার পঠিত 'ইসলাম শিক্ষা' বিষয়ের সাথে তুলনীয়।
যে শিক্ষাব্যবস্থায় ইসলামকে একটি পরিপূর্ণ জীবনাদর্শ হিসেবে শিক্ষা দেওয়ার ব্যবস্থা থাকে, তাকে ইসলাম শিক্ষা বলে। ইসলাম সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান লাভ করার শিক্ষাই ইসলাম শিক্ষা। এর মাধ্যমে মানুষ আল্লাহ তা'আলার শক্তি ও ক্ষমতা সম্পর্কে ধারণা লাভ করতে পারে।
উদ্দীপকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া জিহাদকে তার বোন বলে, ভাইয়া তুমি কোন বিষয়ে পড়? জিহাদ বলে, আমি এমন একটি বিষয়ে পড়ি, যাতে আল্লাহর পরিচয়, তাঁর প্রতি ইমান ও আনুগত্য সম্পর্কে জানা যায় এবং ইবাদত বন্দেগির মাধ্যমে তার সন্তুষ্টি অর্জন করা যায়। এ থেকে বোঝা যায় জিহাদ ইসলাম শিক্ষা বিষয়ে অধ্যয়ন করে। ইসলাম শিক্ষার মাধ্যমে মানুষ আল্লাহ তা'য়ালা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে; তাঁর প্রতি ইমান আনতে পারে। আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি আনুগত্য পোষণ করতে পারে। ইসলাম শিক্ষার মাধ্যমে আল্লাহর দীন প্রতিষ্ঠা, পার্থিব কল্যাণ লাভ এবং কর্মমুখী জীবন গঠন করা যায়। ইসলাম শিক্ষা মানুষের জীবনে সুপথ অবলম্বনের কথা বলে এবং সৎকর্ম সম্পাদনের কথা বলে। ফলে আখিরাতের চিরস্থায়ী জীবন সাফল্য উদ্ভাসিত হয়ে উঠে।
জিহাদের পিতা ছেলে মেয়েদের ইসলামি সংস্কৃতির শিক্ষা দেন । মুসলমানদের দৈনন্দিন জীবনে এর গুরুত্ব অপরিসীম।
ইসলাম অনুমোদিত ও কুরআন হাদিসে নির্দেশিত মুসলমানদের জীবন পদ্ধতিই হলো ইসলামি সংস্কৃতি। পরস্পরের সাথে দেখা হলে সালাম দেওয়া, সার্বক্ষণিক আল্লাহকে স্মরণ করা, ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা, মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করা প্রভৃতি ইসলামি সংস্কৃতির উদাহরণ।
উদ্দীপকে জিহাদের পিতা মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ান এবং গ্রামের ছেলে মেয়েদের প্রাত্যহিক জীবনের প্রয়োজনীয় কার্যাবলি শিক্ষা দেন। তিনি তাদেরকে আল্লাহকে স্মরণ করা, ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা, পরস্পরকে সালাম দেওয়া, ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা ইত্যাদি শিক্ষা দেন। এগুলো ইসলামি সংস্কৃতির গুরুত্বপূর্ণ দিক। মুসলমানদের জীবনে ইসলামি সংস্কৃতির গুরুত্ব অপরিসীম। এ সংস্কৃতি মুসলিম জাতির স্বাতন্ত্র্য, পরিচিতি ও অস্তিত্ব বহন করে। এ সংস্কৃতি অনুশীলনের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য ও নৈকট্য এবং রাসুল (সা) এর ভালোবাসা অর্জন করা যায়। ইসলামি সংস্কৃতি মানুষকে একই সাথে দুনিয়া ভিত্তিক এবং আখিরাতমুখী করে।
উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, ইসলামি সংস্কৃতির অনুসরণ মুসলমানদের দুনিয়ার জীবনে কল্যাণ নিশ্চিত করে পাশাপাশি আখিরাতে মুক্তির ব্যবস্থা করবে। তাই মুসলমানদের জন্য ইসলামি সংস্কৃতি চর্চার গুরুত্ব অপরিসীম।