নটরডেম কলেজ ২০২৩

এইচএসসি · ইসলাম শিক্ষা ১ম পত্র

নটরডেম কলেজ ২০২৩

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

জনাব 'প' একজন ধার্মিক ব্যক্তি। তিনি তাঁর ছেলেমেয়েদেরকে তাওহিদ ও আখিরাতভিত্তিক শিক্ষা প্রদান করেন। বিষয়টি জেনে তাঁর পিতা তাঁর প্রশংসা করে বলেন, মানবিকতার বিকাশ, নৈতিক চরিত্র গঠন এবং পূর্ণাঙ্গ মুসলিম হিসেবে জীবনযাপনের ক্ষেত্রে উক্ত শিক্ষার গুরুত্ব অপরিসীম। অপরদিকে জনাব ‘স' তাঁর সন্তানদেরকে নৈতিক শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা বুঝিয়ে এর আলোকে তাদেরকে জীবন গঠন করার উপদেশ দেন ।
১. শিক্ষা কাকে বলে?
ইসলাম শিক্ষার দুটি সামাজিক শিক্ষা ব্যাখ্যা কর ।
জনাব ‘স’-এর আলোচিত ও উপদেশদানকৃত বিষয়টি ব্যাখ্যা কর।
জনাব ‘প’ কর্তৃক তাঁর সন্তানদের শিক্ষাদানকৃত বিষয়টি চিহ্নিতপূর্বক তাঁর পিতার বক্তব্যের যথার্থতা নিরূপণ কর।
সমাধান ও উত্তর
(ক)
জ্ঞান, কর্মদক্ষতা, চরিত্র ও মানসিক শক্তি বিকাশের প্রয়াসকে শিক্ষা বলে ।
(খ)

ইসলাম শিক্ষার দুটি সামাজিক শিক্ষা হলো-

i.মুসলিমগণ পারস্পরিক সাক্ষাতে প্রথমেই সালাম বিনিময় করবে। . রাসুলুল্লাহ (সা.) বলেন, “ক্ষুধার্তকে খাবার দেবে আর পরিচিত অপরিচিত নির্বিশেষে সবাইকে সালাম দেবে।” (সহিহ বুখারি)

ii.কথা বলার সময় সুস্পষ্ট ও সুন্দর বাক্যালাপ, কথাবার্তায় ঔদ্ধত্য বা অহংকার প্রকাশ পাবে না, রাসূলুল্লাহ (সা.) বলেন, “তোমরা একে অপরের সাথে বিনয়ী ব্যবহার করবে এবং অহংকার করবে না।” (সহিহ মুসলিম)

(গ)

জনাব ‘স' তার সন্তানদের নৈতিক শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা বুঝিয়ে এর আলোকে জীবন গঠন করার উপদেশ দিয়েছেন।

ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা, তাই ইসলামে শিক্ষার মধ্যে নৈতিক শিক্ষা নিহিত রয়েছে। যে শিক্ষায় মানুষের অর্জনীয় সকল গুণাবলি যেমন— তাকওয়া, সততা, ওয়াদা পালন ইত্যাদির প্রতি উদ্বুদ্ধ করা হয় এবং বর্জনীয় সকল অভ্যাস পরিত্যাগ করতে উৎসাহিত করা হয় তাকে নৈতিক শিক্ষা বলে ।

ইসলাম ও নৈতিক শিক্ষা পাঠের গুরুত্ব অপরিসীম। মানুষের অসৎ চরিত্র ও কুপ্রবৃত্তিকে দমন করে সচ্চরিত্র ও সুপ্রবৃত্তির বিকাশে ইসলাম ও নৈতিক শিক্ষা মহৌষধ হিসেবে কাজ করে, আদিকাল হতে পৃথিবীতে যত অন্যায়, জুলুম, নির্যাতন ও অপরাধ সংঘটিত হয়েছে, তার কারণ হলো নৈতিকতা ও ইসলামের বিধান পালন না করা। আধুনিক সভ্য যুগেও এর ভয়াবহ বিস্তার লক্ষ করা যায়, এ থেকে মুক্তি পেতে দরকার সচ্চরিত্র।

সচ্চরিত্র নামের ও মহামূল্যবান সম্পদটি অর্জন করা সম্ভব ইসলাম ও নৈতিক শিক্ষা অর্জনের মাধ্যমে। রাসুল (সা.) দেড় হাজার বছর আগে এসে বর্বর আরবদেরকে কুরআন ও সুন্নাহর আলোকে ইসলাম শিক্ষার মাধ্যমে চারিত্রিকভাবে নীতিবান মানুষ হিসেবে গড়ে তোলেন। তিনি তাদের মাঝে এসে ঘোষণা করলেন- “আমি উত্তম চরিত্রের পূর্ণতা সাধনের জন্যই প্রেরিত হয়েছি।” (আল-আদাবুল মুফরাদ; সহিহ বুখারির মূল সংকলন নয়)

অন্যত্র তিনি ঘোষণা করলেন, “নিশ্চয়ই আমি শিক্ষকরূপে প্রেরিত হয়েছি।” (ইবনে মাজাহ)

উদ্দীপকে জনাব ‘স’ তার সন্তানদের নৈতিক শিক্ষার আলোকে জীবন গঠন করার উপদেশ দিয়েছেন। এজন্য ইসলাম ও নৈতিক শিক্ষা পাঠ করা সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।

(ঘ)

জনাব ‘প' তার সন্তানদের ইসলাম শিক্ষা প্রদান করেন। যে শিক্ষা ব্যবস্থায় ইসলামকে একটি পরিপূর্ণ জীবনাদর্শ হিসেবে শিক্ষা দেওয়ার ব্যবস্থা থাকে তাকে ইসলামি শিক্ষা বলে ।

তার পিতার বক্তব্য— মানবিকতার বিকাশ, নৈতিক চরিত্র গঠন এবং পূর্ণাঙ্গ মুসলিম হিসেবে জীবনযাপনের ক্ষেত্রে ইসলাম শিক্ষার গুরুত্ব অপরিসীম। এ বক্তব্যটি যথার্থ কেননা, ইসলামি আদর্শ ও জীবনদর্শন অনুযায়ী মানুষকে নৈতিক ও আদর্শিক করে গড়ে তোলা এবং সব মানবিক গুণাবলির পরিপূর্ণ বিকাশ সাধনের জন্য ইসলাম শিক্ষার বিশেষ গুরুত্ব রয়েছে। কেননা এ শিক্ষা উন্নত নৈতিক গুণ ও মানবিক গুণসমূহ বিকশিত হওয়ার নির্দেশনা ও প্রেরণা দান করে। ইসলামি শিক্ষা এটি কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা। ইসলাম শিক্ষা মানব রচিত নয়, ইসলাম শিক্ষার প্রধান উৎস কুরআন সুন্নাহ। আল্লাহ তায়ালা বলেন, “অতএব যে আমার প্রদত্ত হিদায়েত অনুসরণ করবে, তার কোনো ভয় ও চিন্তা থাকবে না।” (সূরা বাকারা : ৩৮)

তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত তার পিতার বক্তব্যটি যথার্থ।

জনাব 'ব' জীবনের প্রতিটি কাজে, প্রতিটি ক্ষণে এবং প্রতিটি আচার- ব্যবহারে আল্লাহকে স্মরণ করেন, তাঁর প্রশংসা করেন এবং তাঁর কাছে সাহায্য প্রার্থনা করেন। অপরদিকে জনাব 'ম' একজন ব্যবসায়ী। তিনি অবৈধ পন্থায় এবং নিষিদ্ধ পদ্ধতিতে ব্যবসায়-বাণিজ্য করে অর্থ উপার্জন করেন। তাঁর মা তাঁর কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হয়ে তাঁর কাজের কুফল ও পরিণাম সম্পর্কে সতর্ক করেন।
২. ইসলাম শিক্ষার মূলকথা কী?
যিকিরের স্তরগুলো ব্যাখ্যা কর।
জনাব 'ব'-এর কর্মকাণ্ড কীসের শামিল? ব্যাখ্যা কর।
জনাব 'ম'-এর কর্মকাণ্ড চিহ্নিতপূর্বক তোমার পাঠ্যবইয়ের আলোকে তাঁর মায়ের সতর্ককৃত বিষয়টি বিশ্লেষণ কর ।
সমাধান ও উত্তর
(ক)
ইসলাম শিক্ষার মূলকথা হলো- লা-ইলাহা ইল্লাল্লাহ । তথা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই ।
(খ)

ইসলামের আধ্যাত্মিক নেতা ও দার্শনিক ইমাম গাযালি (র) যিকরের ৪টি স্তর নির্দেশ করেছেন। সেগুলো হলো-

১. মুখে মুখে যকির করা অর্থাৎ- মুখে মুখে আল্লাহ নাম উচ্চারণ করা। এটি যিকরের প্রথম পর্যায়।

২. মুখে ও অন্তরে আল্লাহর যিকির করা। অর্থাৎ— মুখে আল্লাহর নাম উচ্চারণ করা এবং অন্তরেও তার স্মরণ করা। তবে এক্ষেত্রে একাগ্রচিত্ত না হওয়া, এটি যিকরের দ্বিতীয় পর্যায়

৩. মুখে ও অন্তরে একাগ্রচিত্তে আল্লাহর যিকির করা, অর্থাৎ মুখে আল্লাহর নাম উচ্চারণের পাশাপাশি একগ্রচিত্তে প্রেম ও ভালোবাসাসহ অন্তরে আল্লাহকে স্মরণ করা। এটি যিকিরের তৃতীয় পর্যায় ।

৪. আল্লাহর স্মরণে গভীরভাবে নিমগ্ন হওয়া—সুফি পরিভাষায় এটি যিকিরের উচ্চতর পর্যায় হিসেবে আলোচিত। এ পর্যায়ে যিকির তার সকল চিন্তাচেতনা কাজকর্মে একমাত্র আল্লাহকে হাজির-নাজির জ্ঞানে তার প্রেমে মগ্ন হয়ে মুখে ও অন্তরে আল্লাহর নাম উচ্চারণ করে। ফানাফিল্লাহ ও বাকাবিল্লাহ তাসাউফের পৃথক পরিভাষা; এগুলোকে স্রষ্টার সাথে সৃষ্টির সত্তাগত একীভবন বোঝানো যাবে না।

(গ)

জনাব 'ব' এর কর্মকাণ্ড যিকিরের শামিল।

ইসলামি শরিয়তের পরিভাষায়, সার্বক্ষণিক আল্লাহকে স্মরণে রাখা, তাঁর প্রশংসা করা ও তাঁর কাছে সাহায্য প্রার্থনা করাকে যিকির বলে । ইমাম কুরতুবি (র)-এর মতে, জীবনের সব ক্ষেত্রে ও পর্যায়ে আল্লাহর বিধিনিষেধের প্রতি নিঃশর্ত আনুগত্য প্রদর্শনের নাম যিকির । সুফি-সাধকগণের মতে, যিকির হলো সবরকম কাজকর্মে, আচার- আচরণে মুখে আল্লাহর নাম উচ্চারণ ও অন্তরে স্মরণের মাধ্যমে তাঁর নৈকট্য লাভের আধ্যাত্মিক অনুশীলন ।

ইসলামি শরিয়তে যিকিরের প্রধানত দুই ধরনের পদ্ধতি আলোচিত হয়েছে। যথা-

ক.মৌখিক স্মরণ ও

খ.আন্তরিক স্মরণ।

মহান আল্লাহর নৈকট্য লাভের প্রধানতম কার্যকর উপায় হলো যিকর। বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহও তখন বান্দাকে স্মরণ করে থাকেন। এ সম্পর্কে মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেন- “তোমরা আমাকে স্মরণ কর, আমিও তোমাদের স্মরণ করব এবং তোমরা আমার শুকরিয়া আদায় করবে, অকৃতজ্ঞ হবে না।” (সূরা আল-বাকারা : ১৫২)

যিকর একদিকে যেমন হৃদয়ের কলুষতা ও পাপ পঙ্কিলতা দূর করে দিয়ে মানবমন বিশুদ্ধ, নির্মল ও পবিত্র করে, তেমনি এটি মানব মনে আল্লাহ ভীতি ও তাকওয়া সৃষ্টি করে মহান আল্লাহর সাথে মানুষের সম্পর্ক সুদৃঢ় করে দেয়।

উদ্দীপকে জনাব ‘ব’ সবসময়, সবকাজে আল্লাহকে স্মরণ করেন, তাঁর প্রশংসা করেন এবং তাঁর কাছে সাহায্য প্রার্থনা করেন। এরূপ কর্মকাণ্ডকে ইসলামি শরিয়তে যিকর বলা হয় ।

(ঘ)

জনাব ‘ম’ অবৈধ পন্থায় এবং নিষিদ্ধ পদ্ধতিতে ব্যবসায়-বাণিজ্য করে অর্থ উপার্জন করেন, যাকে হারাম উপার্জন বলা হয় । হারাম অর্থ নিষিদ্ধ, মন্দ, অসংগত, অপবিত্র ইত্যাদি। শরিয়ত পরিপন্থি যেকোনো পন্থায় অর্থসম্পদ অর্জন করাকে হারাম উপার্জন . বলে । অথবা ন্যায়নীতিহীন, মানবতাবিবর্জিত, মানুষের জন্য ক্ষতিকর পন্থায় আয়-উপার্জনকে হারাম উপার্জন বলে। প্রতারণা, ছলচাতুরি, দ্রব্যে ভেজাল দেওয়া, ওজনে কমবেশি করা, চুরি-ডাকাতি, ছিনতাই, সুদ-ঘুষের মাধ্যমে উপার্জন সবই হারাম।

আল্লাহ তায়ালা বলেন, “হে মানব সম্প্রদায়, দুনিয়ায় যা কিছু আছে তা থেকে হালাল পবিত্র বস্তু গ্রহণ কর, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু।” (সূরা আল-বাকারা : ১৬৮), হারাম জীবিকা দোয়া কবুলের পথে প্রতিবন্ধক। সহিহ মুসলিম ১০১৫-তে এ বিষয়ে সতর্কতা এসেছে; তা থেকে সব ইবাদত স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে সিদ্ধান্ত নেওয়া যায় না।

হারাম উপার্জনের জন্য পরকালে কঠোর শাস্তির সতর্কতা রয়েছে; ব্যক্তির চূড়ান্ত বিচার আল্লাহর অধীন। মহানবি (সা.) বলেন, “হারাম খাদ্যে পুষ্ট যে দেহ, নরকাগ্নিই তার জন্য উপযুক্ত।” (আহমদ ও বায়হাকি)

ব্যবসায়-বাণিজ্য হালাল, কিন্তু সুদ হারাম, কেননা এটি ন্যায়নীতিবর্জিত, নিপীড়নমূলক উপার্জন, আল্লাহ তায়ালা বলেন, “আল্লাহ পাক ক্রয়- বিক্রয় হালাল করে দিয়েছেন এবং সুদকে হারাম করেছেন।” (সূরা আল-বাকারা : ২৭৫) উদ্দীপকে বর্ণিত জনাব 'ম'-এর কর্মকাণ্ডে হারাম উপার্জনের বিষয়টি প্রতিফলিত হয়েছে।

জনাব 'ন' ও জনাব 'ক' একটি ক্ষুদ্র সামাজিক সংগঠন নিয়ে আলোচনা করছিল, যেখানে সবসময় এবং সর্বক্ষেত্রে ইসলামের নীতি ও আদর্শ ক্রিয়াশীল থাকে। জনাব 'ন' বলেন, এ সংগঠনটিতে নারীর কর্তৃত্ব ও অধিকার স্বীকৃত এবং এটি শান্তি ও তৃপ্তির কেন্দ্র। অপরদিকে, জনাব 'ক' উক্ত সংগঠনটি হালাল উপার্জন ও জবাবদিহিতা এবং এর সদস্যদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে বলে উল্লেখ করেন।
৩. বৈমাত্রেয় কাদের বলা হয়?
সন্তানদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা উচিত কেন?
জনাব 'ক' ও 'ন' আলোচিত বিষয়টি চিহ্নিতপূর্বক 'ন'-এর বক্তব্যটি ব্যাখ্যা কর।
জনাব 'ক'-এর বক্তব্যের সাথে তুমি কি একমত? তোমার পাঠ্যবইয়ের আলোকে বিষয়টি বিশ্লেষণ কর ।
সমাধান ও উত্তর
(ক)
যেসব ভাইবোনদের পিতা এক মাতা ভিন্ন তাদেরকে পরস্পরকে বৈমাত্রেয় ভাইবোন বলা হয়।
(খ)
পিতামাতার উচিত সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা। সন্তানদের শৈশবে ধর্মীয় শিক্ষা প্রদান করলে তাদেরকে তাকওয়ার শিক্ষা দেওয়া হলে তারা নিজেকে অন্যায়, অসৎ পথ থেকে বিরত রাখবে। ভবিষ্যতে একজন সৎ ও আদর্শ নাগরিক হিসেবে বেড়ে উঠবে। শৈশবেই সন্তানকে আদব-কায়দা, শিষ্টাচার শিক্ষা দিতে হবে। মাতা-পিতা শিশুকে ভদ্রতা, বিনয়, সততা, সত্যবাদিতা, স্নেহ-শ্ৰদ্ধা, সদাচার প্রভৃতি সুনীতি ও আচরণ শিক্ষা দেবেন। রাসূল (সা.) বলেন, “পিতা সন্তানকে সুশিক্ষা দেওয়ার চেয়ে উত্তম কোনো দান করতে পারে না।” (তিরমিযি)
(গ)

জনাব 'ক' ও জনাব 'ন' এর আলোচিত বিষয়টি হলো ইসলামি পরিবার। 'ন'-এর বক্তব্যটি 'এ সংগঠনটিতে নারীর কর্তত্ব ও অধিকার স্বীকৃত এবং এটি শান্তি ও তৃপ্তির কেন্দ্র' যথার্থ।

কুরআন ও সুন্নার নির্দেশনা অনুযায়ী যে পরিবার গড়ে ওঠে এবং পরিচালিত হয় তাকে ইসলামি পরিবার বলে। ইসলামি পরিবারে নারীর কর্তৃত্ব ও অধিকার স্বীকৃত। ইসলামি পরিবারে স্ত্রীদেরকে স্বেচ্ছায় মোহরানা আদায় করতে বলা হয়েছে, আল্লাহ তায়ালা বলেন, “আর স্ত্রীদের মোহরানা স্বেচ্ছায় ও খুশি মনে দিয়ে দাও (সূরা নিসা : ৪ ) খাদ্য বস্ত্রের অধিকার সম্পর্কে রাসুল (স.) বলেন, যখন তুমি খাবে স্ত্রীকেও খাওয়াবে এবং যখন তুমি পোশাক পরবে তখন তাকেও পরাবে (সুনানে আবু দাউদ)। সদাচরণ পাওয়া সম্পর্কে মহান আল্লাহ বলেন, “আর তোমরা স্ত্রীদের সাথে সংযত ও সুন্দর আচরণ কর। তাদেরকে যদি তোমরা অপছন্দ কর, তাহলে তো অপছন্দ করার এমন কিছু যার মধ্যে আল্লাহ তায়ালা সীমাহীন কল্যাণ রেখেছেন (সূরা আন- নিসা : ১৯)। এভাবেই ইসলামে পরিবারে নারীর কর্তব্য ও অধিকার স্বীকার। ইসলামি পরিবার শান্তি ও তৃপ্তির কেন্দ্র। আল্লাহ তায়ালা বলেন, আল্লাহ নিদর্শনসমূহের অন্যতম হলো তিনি তোমাদের মধ্য থেকেই তোমাদের জুটি সৃষ্টি করেছেন যাতে তোমরা প্রশান্তি পেতে পার (সূরা আর রোম : ২১)। উদ্দীপকে জনাব 'ন'-এর মন্তব্যটি যথার্থ।

(ঘ)

জনাব 'ক'-এর ইসলামি পরিবার সম্পর্কে উল্লিখিত উক্তিটির সাথে আমি সম্পূর্ণ একমত ।

পৃথিবীতে প্রচলিত অন্যান্য সমাজব্যবস্থার পরিবারের তুলনায় ইসলামি পরিবার উন্নত এবং মর্যাদার অধিকারী। ইসলামি পরিবারে কেউ কারও প্রতিযোগী, প্রতিপক্ষ, শত্রু বা প্রতিদ্বন্দ্বী নয়। এ পরিবারে একে অন্যের সহযোগী। বিশেষত ইসলামি পরিবারের স্বামী-স্ত্রীরা হন পরস্পরের পরিপূরক। একজন অপরজনের প্রতিদ্বন্দ্বী নয়। কেউ কাউকে উপেক্ষা করে না। অবজ্ঞা বা অবহেলাও করে না। আল্লাহ বলেন- অর্থ : “তারা (নারীরা) তোমাদের ভূষণ এবং তোমরাও (পুরুষরা) তাদের ভূষণ।” (সূরা আল- বাকারা : ১৮৭) ইসলামি পরিবারে সক্ষম মানুষদের বাধ্যতামূলকভাবে উপার্জন করতে হয়। কেননা ইসলামে কর্মবিমুখতা এবং উপার্জনে অনীহাকে ঘৃণা করা হয়েছে। পাশাপাশি শ্রমজীবী মানুষের প্রশংসা করা হয়েছে। এজন্য পরিবারে যার ওপর উপার্জনের দায়িত্ব আছে, সে সামর্থ্য অনুযায়ী হালাল পন্থায় তা পালন করে; শিশু, অসুস্থ বা অক্ষম সদস্যের ওপর সমান উপার্জনের দায় চাপানো যায় না। মোটকথা, ইসলামি পরিবারের প্রতিটি সদস্য ইসলামি শরিয়ত অনুযায়ী অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে। ফলে ইসলামি পরিবারে নেমে আসে স্বৰ্গীয় শান্তি ।

উদ্দীপকে বর্ণিত জনাব 'ক'-এর উক্তি হলো, “এ সংগঠনটি হালাল উপার্জন ও জবাবদিহিতা এবং এর সদস্যদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে।” আমি জনাব 'ক'-এর উক্তির সাথে একমত।

সার্বিক বিবেচনায় বলা যায় যে, জনাব 'ক'-এর উক্তি সম্পূর্ণ যুক্তিযুক্ত। তাই, আমি তার মতের সাথে একমত পোষণ করছি।

উপার্জনকারী সদস্য ভরণপোষণের দায় পালন করলে এবং সবাই নিজ নিজ কাজের জন্য জবাবদিহি করলে শিশু, প্রবীণ ও অক্ষম সদস্যরাও আর্থিক ও সামাজিক নিরাপত্তা পায়। এই দায়িত্ববোধই জনাব ক-এর বক্তব্যকে সমর্থন করে।

জনাব 'ত'-এর এক ছেলে ও দুই মেয়ে । তিনি তাঁর ছেলেকে বিদ্যালয়ে পড়ান; কিন্তু মেয়েদেরকে ধর্মীয় প্রয়োজনীয় জ্ঞানটুকুও শেখাচ্ছেন না। তিনি মেয়েদের প্রতি অসন্তুষ্ট। বিষয়টি জেনে মহল্লার ইমাম সাহেব বললেন, ইসলামের দৃষ্টিতে ছেলে ও মেয়েদের মধ্যে ভেদাভেদ করা উচিত নয়। মহানবি (সা) বলেছেন, মেয়েসন্তানকে উপহার দেবে" ।
৪. মোহরানা কার ন্যায়সংগত অধিকার?
ইসলামি পরিবার বলতে কী বোঝায়?
উদ্দীপকে বর্ণিত হাদিসটি ব্যাখ্যা কর।
জনাব ‘ত'-এর কর্মকাণ্ড কার অধিকার লঙ্ঘনের শামিল। তোমার পাঠ্যবইয়ের আলোকে ইমাম সাহেবের উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
মোহরানা স্ত্রীর ন্যায়সংগত ও আল্লাহ প্রদত্ত অধিকার।
(খ)
কুরআন ও সুন্নাহর নীতিমালা অনুসারে গড়ে ওঠা ও পরিচালিত পরিবারকে ইসলামি পরিবার বলে। এতে সদস্যরা পারস্পরিক অধিকার, ভরণপোষণ, সুশিক্ষা, সদাচরণ ও দায়িত্ব পালনে সচেষ্ট থাকেন। পরিবারের কোনো সদস্যের ধর্মীয় পরিচয় ভিন্ন হলে তার আত্মীয়তার সম্পর্ক ও ন্যায্য অধিকার স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয় না; বৈবাহিক বিধান আলাদাভাবে বিবেচ্য।
(গ)

উদ্দীপকের উপহারসংক্রান্ত বাক্যটি কন্যাসন্তানের প্রতি যত্ন ও বৈষম্য পরিহারের প্রসঙ্গে এসেছে। তবে এর নির্দিষ্ট হাদিসের শব্দ, পূর্ণ পাঠ ও প্রামাণ্যতা নিশ্চিত নয়; তাই এটিকে নিশ্চিত উদ্ধৃতি ধরে ছেলের আগে মেয়েকে উপহার দেওয়া সর্বাবস্থায় বাধ্যতামূলক বলা যাবে না।

সহিহ আল-বুখারি ২৫৮৭-তে সন্তানদের প্রতি ন্যায়বিচারের নির্দেশ রয়েছে। এর আলোকে পুত্র ও কন্যা উভয়ের ভরণপোষণ, শিক্ষা, স্নেহ ও সম্মান নিশ্চিত করা উচিত। কন্যাসন্তান বলে ঘৃণা করা বা শিক্ষা থেকে বঞ্চিত করা অনুচিত। উদ্দীপকের ইমামের মূল বক্তব্য—ছেলে-মেয়ের মধ্যে অন্যায় বৈষম্য না করা—এই নীতির সাথে সংগতিপূর্ণ।

(ঘ)

জনাব 'ত'-এর কর্মকাণ্ড কন্যাসন্তানের শিক্ষা ও ন্যায্য মর্যাদার অধিকার লঙ্ঘনের শামিল। তিনি ছেলেকে বিদ্যালয়ে পড়ালেও মেয়েদের প্রয়োজনীয় ধর্মীয় জ্ঞানও শেখাচ্ছেন না এবং তাদের প্রতি অসন্তুষ্ট।

ইসলামে প্রয়োজনীয় জ্ঞানার্জনের বিধান নারী-পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য। ইবনে মাজাহ ২২৪-এ প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞানার্জনের কর্তব্যের বক্তব্য এসেছে; নারীও এ বিধানের অন্তর্ভুক্ত, যদিও উদ্ধৃত আরবি মূলের মধ্যে আলাদা করে 'নারী' শব্দ নেই। সন্তানের ক্ষেত্রে ন্যায়বিচারের নির্দেশও রয়েছে (সহিহ আল-বুখারি ২৫৮৭)।

তাই পিতার উচিত ছেলে ও মেয়ে উভয়ের প্রয়োজনীয় শিক্ষা, নিরাপত্তা, ভরণপোষণ ও স্নেহ নিশ্চিত করা। কন্যাসন্তানকে শিক্ষায় বঞ্চিত করা দূর হলে তার নৈতিক বিকাশ, আত্মসচেতনতা ও পরিবার-সমাজে দায়িত্ব পালনের সুযোগ বাড়ে। এই অর্থে ইমাম সাহেবের বৈষম্য পরিহারের বক্তব্য যথার্থ।

নটরডেম কলেজ ২০২৩ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।