উদ্দীপকে বর্ণিত মুনিরার বক্তব্যে যে শিক্ষার প্রতি ইঙ্গিত করা হয়েছে তা হলো— ইসলামি শিক্ষা।
ইসলামি শিক্ষা এমন একটি শিক্ষাব্যবস্থা যার পঠন-পাঠন, অধ্যয়ন, অনুশীলন দ্বারা আল্লাহর দেওয়া পরিপূর্ণ জীবনবিধান ইসলামের স্বরূপ সম্পর্কে জ্ঞানলাভ করা যায় এবং তদনুযায়ী জীবন গঠন, পরিচালনা করে আল্লাহ প্রদত্ত খেলাফতের দায়িত্ব, কর্তব্য যথাযথভাবে পালন করা যায়। এককথায়, ইসলাম সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান লাভ করার শিক্ষাই হলো ইসলামি শিক্ষা।
ইসলাম শিক্ষা মানুষের শারীরিক, মানসিক, নৈতিক ও আত্মিক বিকাশ সাধন করে মানুষকে সত্যিকারের মানুষে রূপান্তরিত করে। এর কল্যাণে ব্যক্তি আদর্শবান ও চরিত্রবান হয়। সুনাগরিক হিসেবে গড়ে ওঠে এবং সমাজ তথা রাষ্ট্রের তথা বিশ্বের সম্পদে পরিণত হয়। এ শিক্ষা ব্যক্তিজীবনের উৎকর্ষ সাধন, পারস্পরিক শ্রদ্ধা ও কর্তব্যবোধ জাগ্রতকরণের মাধ্যমে ব্যক্তি পরিবার ও সমাজজীবনকে সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিময় করে তুলতে সাহায্য করে। একটি ন্যায়ভিত্তিক আদর্শ পরিবার, সমাজ, রাষ্ট্র ও বিশ্ব গঠনে এ শিক্ষা সহায়তা করে । এ শিক্ষার মাধ্যমেই মানুষ ন্যায়পরায়ণ হয় এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করে ।
তাই ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য ও উদ্দেশ্যের সাথে মুনিরার বক্তব্যের সাদৃশ্য থাকায় বলা যায় যে, মুনিরা উদ্দীপকে ইসলাম শিক্ষার প্রতি ইঙ্গিত করেছে।
উদ্দীপকে বর্ণিত সারাহ এর শেষ উক্তিটি হলো মহানবি (সা.) বলেছেন, 'প্রত্যেক মুসলমান নর-নারীর প্রতি বিদ্যা শিক্ষা করা ফরয।' সারাহ এর শেষ উক্তিটিতে যে শিক্ষার প্রতি দৃষ্টি দেওয়া হয়েছে সেটি হলো ইসলাম শিক্ষা। নিম্নে এর গুরুত্ব তুলে ধরা হলো-
ইসলামের আকিদা, বিশ্বাস এবং ইবাদত করতে এবং ইসলাম অনুযায়ী জীবনযাপন করতে ন্যূনতম যতটুকু জ্ঞান প্রয়োজন, ততটুকু ইসলামি শিক্ষা অর্জন করা ফরযে আইন। ইসলামের মৌলিক ও প্রাথমিক বিষয়গুলো জানা ব্যক্তিগতভাবে সবার জন্য ফরয। কেননা রাসুল (সা.) বলেছেন, “প্রত্যেক মুসলমান নর-নারীর ওপর জ্ঞানার্জন করা ফরয।' (ভাবার্থ; ইবনে মাজাহ: ২২৪—এখানে ‘প্রত্যেক মুসলমান’ বলা হয়েছে; নারী-পুরুষ উভয়ই এর অন্তর্ভুক্ত)
ইসলামি শিক্ষায় রয়েছে মানবজীবনের প্রতিটি দিক ও বিভাগের সামগ্রিক নির্দেশনা। একজন মুসলিমের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক — সবকিছুই ইসলামি জীবন বিধান দ্বারা নিয়ন্ত্রিত। তাই ইসলামি জীবন বিধান অনুযায়ী জীবন পরিচালনা করতে হলে প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য ইসলামি শিক্ষা গ্রহণ করা এবং তা জীবনে বাস্তবায়ন করা অপরিহার্য কর্তব্য। ইসলাম শিক্ষার জ্ঞানার্জন দ্বারা আল্লাহর পরিচয় জানা যায়; ফলে আল্লাহর আনুগত্য করা সহজ হয়। দ্বীনের প্রচার, প্রতিষ্ঠা সমুন্নত ও অক্ষুণ্ণ রাখার জন্য ইসলাম শিক্ষা অপরিহার্য। সত্য-মিথ্যা, ন্যায়-অন্যায়ের মধ্যে পার্থক্য করার জন্য ইসলামের জ্ঞান একান্ত আবশ্যক । ইসলাম শিক্ষার মাধ্যমে মানুষের চারিত্রিক উৎকর্ষ সাধিত হয়। মানুষের মেধা, মননশীলতা ও মানবিকতার বিকাশ হয়। মানুষের আচার-আচরণ পরিশীলিত ও পরিমার্জিত হয়। ইসলামের জ্ঞানার্জনকারীর মর্যাদা অনেক বেশি। সহিহ মুসলিমের ২৬৯৯ক নম্বর হাদিসে জ্ঞান অন্বেষণের পথে চলার মাধ্যমে জান্নাতের পথ সহজ হওয়ার সুসংবাদ রয়েছে। তাই আমাদের উচিত ইসলামি শিক্ষা অর্জন করা।