ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ২০২৩

এইচএসসি · ইসলাম শিক্ষা ১ম পত্র

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ২০২৩

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

কামরুল ঢাকায় চাকরি করে। হঠাৎ তার মা অসুস্থ হলেন। তার বাবা অর্থাভাবে ঠিকমতো তার চিকিৎসা করাতে পারছেন না। এদিকে কামরুলও তার মায়ের চিকিৎসায় কোনো সহযোগিতা করল না। এমতাবস্থায় কামরুলের চাচা জনাব আশরাফ সাহেব চিকিৎসায় যথাসম্ভব সাহায্য-সহযোগিতা করলেন ।
১. মহানবি (সা.)-এর ভাষায় প্রতিবেশী কারা?
আদল বলতে কী বোঝায়?
জনাব আশরাফের আচরণে কার অধিকার আদায় হয়েছে? ব্যাখ্যা কর ।
কামরুলের আচরণের পরিণাম ইসলামের আলোকে বিশ্লেষণ কর ।
সমাধান ও উত্তর
(ক)
মহানবি (সা.)-এর ভাষায় নিজের ঘর থেকে সামনে, পিছনে ডানে, বামে ৪০ ঘর পর্যন্ত সবাই প্রতিবেশী
(খ)

আদল আরবি শব্দ। এর আভিধানিক অর্থ ভারসাম্য রক্ষা করা, ইনসাফ ও ন্যায়বিচার করা। কোনো বস্তুকে দুজন হকদারের মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া যাতে কারও ভাগে বিন্দুমাত্র কমবেশি না হয়।

ইসলামি পরিভাষায়, সমাজে যার যে প্রাপ্য আছে, তা তাকে প্রদানের সুব্যবস্থা করাকে আদল বলে। যার যতটুকু পুরস্কার প্রাপ্য তা তাকে দেওয়া যেমন আদল, ঠিক তেমনি যার যতটুকু তিরস্কার বা শাস্তি প্রাপ্য। তাকে ততটুকু শাস্তি দেওয়াও আদল।

(গ)

জনাব আশরাফের আচরণে আত্মীয়ের অধিকার আদায় হয়েছে। যাদের সাথে আত্মার সম্পর্ক আছে তাদেরকে আত্মীয় বলে। আত্মীয়ের প্রতি অপর আত্মীয়ের হক হলো বিপদ-আপদে সাহায্য- সহযোগিতা করা। রাসুলুল্লাহ (সা.) এ মর্মে বলেছেন, “একজন মুসলমান যখন তার কোনো রুগ্ণ ভাইয়ের সেবা করতে থাকে তখন সে বেহেশতের বাগানে ফল আহরণ করতে থাকে বাড়ি ফিরে না আসা পর্যন্ত।” (মুসলিম) অন্য হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “তোমরা ক্ষুধার্তকে খাদ্য দাও। রোগীর সেবা কর এবং বন্দিকে মুক্ত কর।” (বুখারি)

কামরুলের মা অসুস্থ হওয়ায় তার চাচা আশরাফ সাহেব যথাসম্ভব সাহায্য-সহযোগিতা করেন। তার এ কাজের মাধ্যমে উক্ত হাদিস দুটির বাস্তব প্রতিফলন ঘটেছে। সুতরাং বলা যায়, আশরাফ সাহেবের কাজ দ্বারা আত্মীয়ের হক আদায় হয়েছে ।

(ঘ)

কামরুলের আচরণের পরিণাম অত্যন্ত ভয়াবহ। কারণ সে তার মায়ের অসুস্থতায় কোনো সাহায্য-সহযোগিতা করেনি। অথচ তার উচিত ছিল মায়ের অসুস্থতায় সর্বাত্মক সাহায্য করা এবং তার সাহায্য করার মতো সামর্থ্যও ছিল।

পিতামাতার সাথে দুর্ব্যবহার করা, তাঁদের সাথে সম্পর্ক ছিন্ন করা, তাঁদের মনে কষ্ট দেওয়া ও তাঁদের নাফরমানি করা নিঃসন্দেহে অত্যন্ত বড় গুনাহ। শুধু তাই নয়, যারা তা করে তাদের ওপর আল্লাহর লা'নত বর্ষিত হতে থাকে। কুরআনে কারিমে ইরশাদ হয়েছে-

فَهَلْ عَسَيْتُمْ إِنْ تَوَلَّيْتُمْ أَنْ تُفْسِدُوا فِي الْأَرْضِ وَتُقَطِّعُوا أَرْحَامَكُمْ ۝ أُولَٰئِكَ الَّذِينَ لَعَنَهُمُ اللَّهُ

অর্থ : তবে ক্ষমতায় অধিষ্ঠিত হলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। আল্লাহ এদেরই লানত করেন। (সূরা মুহাম্মদ ২২-২৩) পিতামাতার অবাধ্যতা সম্পর্কে কঠোর সতর্কবাণী রয়েছে। তবে তওবা, ক্ষমাপ্রার্থনা এবং তাঁদের অধিকার আদায়ের সুযোগ অস্বীকার করা যাবে না।

কামরুল তার মায়ের অসুস্থতায় সেবা করে, প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করে জান্নাত লাভের সুযোগ ছিল। কিন্তু সে নিজ মায়ের জন্য কিছুই করেনি। এ অবহেলার জন্য তার তওবা করা এবং মায়ের সেবা ও চিকিৎসায় এগিয়ে আসা কর্তব্য। এছাড়া এ পৃথিবীতে আল্লাহর হকের পরই মায়ের হক। কামরুল মায়ের হক আদায় করেনি । সুতরাং বলা যায়, কামরুলের আচরণের ফলে সে গুরুতর অন্যায় করেছে এবং দুনিয়া ও আখিরাতের জবাবদিহির বিষয়ে সতর্ক হওয়া প্রয়োজন।

জনাব কায়সার তার স্ত্রী মমতাজ বেগমের সাথে প্রায়ই ঝগড়া করেন। তিনি নিজে দামী ও সুন্দর পোশাক পরলেও স্ত্রীর ব্যাপারে যত্নশীল নন। পক্ষান্তরে, মমতাজ বেগম সাধ্যমত স্বামীর সেবাযত্ন করেন, তার আদেশ মান্য করে চলেন এবং সর্বদা তাকে খুশি রাখার চেষ্টা করেন।
২. ইসলামি পরিবার কী?
ইসলামি পরিবার একটি শিক্ষালয়'— ব্যাখ্যা করো।
উদ্দীপকে জনাব কায়সারের আচরণে কোন কর্তব্যটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকে মমতাজ বেগমের কর্মকাণ্ড পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন করো।
সমাধান ও উত্তর
(ক)
ইসলামি নীতিমালা ও ইসলামি বিধি-বিধানের ভিত্তিতে পরিচালিত পরিবারই হলো ইসলামি পরিবার।
(খ)

ইসলামি পরিবার শিক্ষামূলক বিভিন্ন কাজ সম্পাদনের মাধ্যমে শিক্ষালয় হিসেবে ভূমিকা পালন করে।

পরিবার হলো স্নেহ-মায়া-মমতা ও ভালোবাসার বন্ধনে গঠিত একটি ক্ষুদ্র সামাজিক প্রতিষ্ঠান। পারিবারিক জীবনে ছোট-বড় সবার নৈতিক চরিত্র গঠন ও মানসিক উৎকর্ষ সাধনের বিশেষ প্রয়োজন রয়েছে। ইসলামি পরিবারে মা-বাবা, ভাই-বোন ও অন্যান্য সদস্যদের পারস্পরিক সহায়তায় শিশুরা ইসলামের প্রাথমিক জ্ঞান, বর্ণমালা, সততা, শিষ্টাচার, নিয়মানুবর্তিতা প্রভৃতি শিক্ষা লাভ করে। তাই ইসলামি পরিবারকে একটি শিক্ষালয় হিসেবে অভিহিত করা হয়।

(গ)

উদ্দীপকে জনাব কায়সারের আচরণে স্বামী হিসেবে স্ত্রীর প্রতি যে কর্তব্য রয়েছে তা লঙ্ঘিত হয়েছে।

ইসলামি পরিবারে স্বামী-স্ত্রীর সম্পর্ক অত্যন্ত পবিত্র। স্ত্রীর সাথে ভালো আচরণ করা এবং তাকে যথাযথ মর্যাদা দেওয়া স্বামীর কর্তব্য। ইসলামি পরিবারের অন্যতম বৈশিষ্ট্য হলো— স্বামী নিজের চরিত্রের পবিত্রতা রক্ষা করবেন এবং স্ত্রীর অমর্যাদা করবেন না। কথায় ও কাজে উন্নত চারিত্রিক আদর্শ বজায় রাখবেন যেন স্ত্রী তার প্রতি সন্তুষ্ট থাকে। কায়সার এধরনের আচরণ করতে ব্যর্থ হয়েছে।

উদ্দীপকের জনাব কায়সার তার স্ত্রী মমতাজ বেগমের সাথে প্রায়ই খারাপ ব্যবহার করেন। তিনি নিজে দামী ও সুন্দর পোশাক পরলেও স্ত্রীর ব্যাপারে যত্নশীল নন। তার এই আচরণটি ইসলামসম্মত হয়নি। কেননা ইসলামি পরিবারে স্ত্রীর অধিকার স্বামীর অধিকারের সমান। তারা একে অন্যের পরিপূরক। স্বামী ও স্ত্রী পরস্পরকে যথাযথ সম্মান, মর্যাদা ও অধিকার দেবেন। স্বামী-স্ত্রী যেন পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকে এবং কেউ যেন কখনও অন্যকে হেয় না করে এজন্য আল্লাহ তায়ালা স্বামী-স্ত্রীকে পরস্পরের পোশাক বা ভূষণ হিসেবে আখ্যায়িত করেছেন। আবার ইসলামি পরিবারে স্বামীর চরিত্র ও শ্রেষ্ঠত্বের মাপকাঠি হলো তার স্ত্রীর মূল্যায়ন। রাসুল (স) বলেছেন, “তোমাদের মধ্যে তারাই উত্তম, যারা তাদের স্ত্রীদের কাছে উত্তম” (তিরমিযি)। তাই স্ত্রীর সুপারিশ পেতে হলে স্বামীকে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করতে হবে।

(ঘ)

উদ্দীপকের মমতাজ বেগম স্বামীর অধিকার পালন করে স্ত্রী হিসেবে যথার্থ আচরণ করেছেন।

স্ত্রীর প্রতি স্বামীর যেমন দায়িত্ব-কর্তব্য রয়েছে ঠিক তেমনি স্বামীর প্রতিও স্ত্রীর কতকগুলো দায়িত্ব রয়েছে। স্বামী-স্ত্রী উভয়েই ন্যায়সংগত বিষয়ে পরস্পরের কল্যাণ ও সন্তুষ্টির জন্য চেষ্টা করবেন। অন্যায়, নির্যাতন বা অধিকারহানি মেনে নেওয়া কর্তব্য নয়। মমতাজ বেগমের মধ্যে এ চেষ্টাই দৃশ্যমান।

উদ্দীপকের মমতাজ বেগম সাধ্যমত স্বামীর সেবাযত্ন করেন, তার আদেশ মান্য করে চলেন এবং সর্বদা তাকে খুশি রাখার চেষ্টা করেন। এসব কারণে মমতাজ বেগম একজন আদর্শ স্ত্রী হিসেবে পরিগনিত হবেন। তিনি জানেন যে, স্বামীকে সন্তুষ্ট রাখার মধ্যেই স্ত্রীর কল্যাণ ও জান্নাত লাভের সম্ভাবনা রয়েছে। নফল ইবাদত ও দাম্পত্য অধিকার সমন্বয় করতে হয়; বিশেষ বিধানকে সব নফল ইবাদত ত্যাগের অবাধ দাবি হিসেবে নেওয়া ঠিক নয়। রাসুল (স) বলেন, ‘যে স্ত্রী লোক এমন অবস্থায় মারা যায় যে তার স্বামী তার প্রতি সন্তুষ্ট তাহলে সে জান্নাতে যাবে।” সুখে-দুঃখে সর্বাবস্থায় স্বামীর প্রতি সানন্দে কৃতজ্ঞতা প্রকাশ করা স্ত্রীর কর্তব্য। স্বামীর প্রতি স্ত্রীর আরও অনেক কর্তব্য রয়েছে। এসব যথাযথভাবে পালনের মাধ্যমে সংসারের স্বর্গীয় সুখ ধরা দিবে। তবে মনে রাখতে হবে, স্বামীর শরিয়ত বিরোধী আদেশ মানা যাবে না।

পরিশেষে বলা যায়, পরিবারকে আদর্শবান ও ন্যায়পরায়ণ করে তুলতে স্ত্রী হিসেবে মমতাজ বেগম তার দায়িত্ব যথাযথভাবে পালন করে একজন আদর্শ স্ত্রীর পরিচয় দিয়েছেন।

সেলিম একজন কৃষক। তিনি এ বছর সেচ প্রকল্পের আওতায় তার জমিতে উৎপাদিত ৫০০০ কেজি ধানের মধ্যে ২৫০ কেজি ধান রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন। সংসারের খরচ শেষে প্রায় ১,০০,০০০ টাকা তিনি ইমাম সাহেবের পরামর্শে জেলা সদরে অবস্থিত সুদবিহীন ব্যাংকে রাখেন। কিন্তু তার প্রতিবেশী মন্টু তাকে বলেন, তোমার টাকা নিকটের যেকোনো ব্যাংকে রাখলেই পারতে। কারণ সব ব্যাংকই এক। কেউ লাভ এবং কেউ সুদ বলে গ্রাহককে সুবিধা দেয়।
৩. যৌতুক কাকে বলে?
"যাকাত সম্পদ পবিত্র করে।"- ব্যাখ্যা কর।
উদ্দীপকে জনাব সেলিমের রাষ্ট্রীয় কোষাগারে ধান প্রদানের পদ্ধতিটি ইসলামের কোন বিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর।
সেলিমের প্রতিবেশীর বক্তব্যের সাথে তুমি কি একমত? তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
বিবাহ সংঘটিত হওয়ার জন্য কনেপক্ষ বরপক্ষকে পূর্ব চুক্তিমতো যে অর্থসম্পদ প্রদান করে তাকে যৌতুক বলে।
(খ)

যাকাত অর্থ পবিত্রতা ও বৃদ্ধি। যাকাতযোগ্য সম্পদ থেকে নির্ধারিত প্রাপকদের হক আদায় করলে সম্পদের সঙ্গে যুক্ত দায়িত্ব পালিত হয় এবং দাতার কৃপণতা ও লোভ পরিশুদ্ধ হয়। কুরআনে সদকা গ্রহণের মাধ্যমে পরিশুদ্ধ করার কথা বলা হয়েছে। (সূরা আত-তাওবা: ১০৩)

যাকাত না দেওয়া গুরুতর অপরাধ, কিন্তু এর অর্থ এই নয় যে বৈধ উপায়ে অর্জিত সব সম্পদ নিজে থেকেই হারাম হয়ে যায়। একইভাবে হারাম উপায়ে অর্জিত সম্পদ কেবল যাকাত দিলেই হালাল হয় না; অন্যের হক ফিরিয়ে দিতে হয়।

(গ)
জনাব সেলিমের রাষ্ট্রীয় কোষাগারে ধান বণ্টন পদ্ধতিটি ইসলামের 'উশর' বিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ।
বায়তুলমালের আয়ের অন্যতম উৎস হচ্ছে উশর। উশর হলো কৃষিজ ফসলের যাকাত, যা ফসল তোলার সময় প্রযোজ্য শর্তে আদায় করতে হয়। এ ব্যাপারে কুরআন মাজিদে ইরশাদ হয়েছে, "যখন ফসল পাকে তখন তা খাও এবং ফসল কাটার দিন তা থেকে আল্লাহ তায়ালার হক আদায় কর।" (সূরা আল-আনআম: ১৪১) হাদিসে এ সম্বন্ধে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে; আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, নবি করিম (সা.) বলেন, যে ভূমির পানি সরবরাহ বৃষ্টি, ঝরনা কিংবা নদী থেকে হয়ে থাকে, তার ফসলের দশ ভাগের এক ভাগ উশর হিসেবে গ্রহণ করা হবে। আর যে জমিতে (কূপ খনন করে) পানি সেচ করা হয়, তার ফসলের বিশ ভাগের এক ভাগ গ্রহণ করা হবে।
উদ্দীপকে জনাব সেলিম তার জমিতে উৎপাদিত ৫,০০০ কেজি ধানের মধ্যে ২৫০ কেজি ধান রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়। অর্থাৎ সে উৎপন্ন ফসলের ২০ ভাগের এক ভাগ উশর হিসেবে আদায় করে। তাই তার এ বণ্টন পদ্ধতি ইসলামের উশর বিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ।
(ঘ)
সেলিমের প্রতিবেশী মন্টুর বক্তব্যের সাথে আমি একমত নই। কারণ তার মতটি ভুল।
আমাদের দেশে দুই ধরনের ব্যাংক ব্যবস্থা চালু রয়েছে। তা হলো-১. শরিয়াহ মোতাবেক পরিচালিত ইসলামি ব্যাংক ও ২. সুদভিত্তিক ব্যাংক। ইসলামি ব্যাংক শরিয়ত অনুসারে পরিচালিত হয়। এখানে সুদের কোনো স্থান নেই। এখানে পবিত্র কুরআন ও সুন্নাহর নীতি আদর্শ অনুসরণ করে ব্যাংকিং কার্যাবলি সম্পাদিত হয়। পক্ষান্তরে, সুদি ব্যাংক শরিয়তের অনুসরণ করা হয় না। কুরআন সুন্নাহ বিরোধী সুদি কার্যক্রম পরিচালিত হয়। মানুষকে নানাভাবে হয়রানি করা হয়। এ ব্যবস্থায় মানুষকে দোযখের দিকে ঠেলে দেওয়া হয়। সুদি ব্যাংক ব্যবস্থায় হারাম জিনিসের ব্যবসায়ও অর্থ বিনিয়োগ করা হয়। যেমন মদের ব্যবসায়, শূকরের ব্যবসায়।
জনাব সেলিম ইমাম সাহেবের পরামর্শ অনুযায়ী ১,০০,০০০ (এক লক্ষ) টাকা সুদবিহীন ব্যাংকে জমা রাখেন। কিন্তু মন্টু তাকে সুদভিত্তিক ব্যাংকে জমা রাখার কথা বলে। সে মনে করে সব ব্যাংক একই। কেউ লাভআবার কেউ সুদ বলে গ্রাহককে সুবিধা দেয়। মন্টুর এ ধারণা সঠিক নয়। কারণ ইসলামি ব্যাংক ও সুদভিত্তিক ব্যাংকের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। এছাড়া এ দুই ধরনের ব্যাংক পরস্পর বিপরীতমুখী।
সুতরাং বলা যায়, মন্টুর ধারণা মোটেও সঠিক নয়। তাই তার মতের সাথে একমত হওয়া যায় না।
মালিহা ও সাবিহা দুই বান্ধবী। মালিহা মনে করে বৈধ/অবৈধ যেকোনো পন্থায় প্রচুর সম্পদের মালিক হওয়াতেই সফলতা। তার মতে, সত্য ও সঠিক পন্থায় চলা বোকামি। অপরদিকে, তার বান্ধবী সাবিহা সম্পূর্ণ বিপরীত। সে মনে করে, আল্লাহর নির্দেশিত পদ্ধতিতে উপার্জন করলে তাতে বরকত থাকে । সৎ ও নিষ্ঠার সাথে কাজ করা সে পছন্দ করে ।
৪. ‘আদল' শব্দের অর্থ কী?
“সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে।”- ব্যাখ্যা কর।
উদ্দীপকের আলোকে মালিহার চিন্তাচেতনা ইসলামের দৃষ্টিতে ব্যাখ্যা কর ।
সাবিহার চিন্তাচেতনার সাথে তুমি কি একমত? ইসলামের আলোকে বিশ্লেষণ কর ।
সমাধান ও উত্তর
(ক)
'আদল' শব্দের অর্থ হলো- ন্যায়পরায়ণতা, ইনসাফ করা, ভারসাম্য রক্ষা করা, ন্যায়বিচার।
(খ)
সত্যবাদিতার পরিণতি হলো সফলতা ও মুক্তি। যেমন বলা হয়, সত্যবাদিতা মুক্তি দেয়, আর মিথ্যা ধ্বংস ডেকে আনে। সত্যবাদিতার ফলে মানুষ দুনিয়াতে সম্মানিত হয়, মর্যাদা লাভ করে। আর আখিরাতে সত্যবাদিতার প্রতিদান হলো জান্নাত । আল্লাহ তায়ালা বলেন, এ তো সেই দিন, যে দিন সত্যবাদীদের তাদের সত্যবাদিতা বিশেষ উপকার দান করবে । তাদের জন্য রয়েছে জান্নাত। (সূরা আল-মায়িদা : ১১৯) সত্যের বিপরীত হলো মিথ্যা। মিথ্যা বলা মহাপাপ। মিথ্যা সকল পাপের জননী। মিথ্যাবাদীর ওপর আল্লাহ পাক অসন্তুষ্ট। সত্যবাদিতা সত্যিকার মুক্তি ও সাফল্য আনে, আর মিথ্যার পরিণাম ধ্বংস। এজন্য মহানবি (সা.) বলেছেন, “তোমরা সত্যবাদী হও। কেননা সত্য পুণ্যের পথ দেখায়। আর পুণ্য জান্নাতের পথে পরিচালিত কর। আর তোমরা মিথ্যা থেকে বেঁচে থাক, কেননা মিথ্যা পাপের পথ দেখায়। আর পাপ জাহান্নামের পথে পরিচালিত করে।” (বুখারি ও মুসলিম)
(গ)

মালিহার চিন্তা-চেতনা ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। কারণ তার উপার্জন হারাম। আর হারাম পন্থায় উপার্জন করে সফল হওয়া যায় না । বরং হারাম উপার্জন মানবজীবনকে চরমভাবে ব্যর্থ করে দেয় । ন্যায়নীতি বিবর্জিত মানবতাবিরোধী, মানুষের জন্য ক্ষতিকর পন্থায় আয় উপার্জনকে হারাম উপার্জন বলা হয়। এ ধরনের উপার্জনের পরিণামও অত্যন্ত ভয়াবহ। মহানবি (সা.) বলেন, “যে শরীর হারাম উপার্জনে গঠিত তা জাহান্নামের ইন্ধন হবে।” (মুসনাদে আহমদ) মহানবি (সা.) আরও বলেন, “যে দেহের মাংস হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে তা জান্নাতে প্রবেশ করবে না।” (মুসনাদে আহমদ) হারাম উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করলে তার দুআ কবুলের পথে অন্তরায় সৃষ্টি হয় ।

আমানতের খিয়ানত করে যে উপার্জন করা হয় তা হারাম। আর এটি বড় অন্যায় ও মহাপাপ। মহানবি (সা.) আরও বলেন, “যে প্রতারণা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। " (মুসলিম) অবৈধ উপার্জনকারীর দুআ, প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হয় না।

মালিহা বৈধ/অবৈধ পন্থায় প্রচুর সম্পদের মালিক হতে চায়। আর একেই সফলতা মনে করে। সে আরও মনে করে সত্য ও সঠিক পথে চলা বোকামি। তার এ চিন্তাচেতনা ভুল এবং হারাম পথে পরিচালিত। আর এজন্য তা পরিত্যাজ্য।

(ঘ)

সাবিহার চিন্তা-চেতনার সাথে অবশ্যই আমি একমত পোষণ করি। কারণ সে মনে করে, আল্লাহর নির্দেশিত পদ্ধতিতে অর্থাৎ হালাল উপায়ে উপার্জন করলে তাতে বরকত থাকে।

মুসলিম হিসেবে হালাল উপার্জন প্রত্যেকের ইমানি দাবি। হালাল উপার্জনের মধ্যে মানুষের বিপুল কল্যাণ নিহিত। আল্লাহর ইবাদাত করা যেমনি ফরজ, তেমনি হালাল উপার্জন করাও ফরজ । আল্লাহর নির্দেশ—

فَإِذَا قُضِيَتِ الصَّلوةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوْا مِنْ فَضْلِ اللَّهِ.

(সা.) বলেন-

অর্থ : “সালাত সমাপ্ত হলে পৃথিবীতে ছড়িয়ে পড়, আর আল্লাহর অনুগ্রহ (জীবিকা) অন্বেষণ কর।” (সূরা আল-জুমআ : ১০) হালাল রুজি অন্বেষণ করা গুরুত্বপূর্ণ ধর্মীয় কর্তব্য। মহানবি (সা.) আরও বলেন, “দুহাতের উপার্জিত খাদ্য থেকে উত্তম খাদ্য কেউ কোনোদিন খায়নি।”

উদ্দীপকের সাবিহা মনে করে, আল্লাহর নির্দেশিত পদ্ধতিতে উপার্জন

করলে তাতে বরকত থাকে।

তাই বলা যায়, সাবিহার চিন্তাচেতনা কুরআন ও হাদিসের অনুকূলে হওয়ায় তার মতের সাথে একমত হওয়া যুক্তিযুক্ত।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ২০২৩ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।