আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা ২০২৪

এইচএসসি · ইসলাম শিক্ষা ২য় পত্র

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা ২০২৪

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

গ্রুপ: ক গ্রুপ: খ
আকারে ছোটো আকারে বড়
শব্দগুলো দুর্বোধ্য শব্দগুলো সহজ
তাওহিদ ও রিসালাতের গুরুত্ব ইবাদতের গুরুত্ব
হে লোক সকল বলে সম্মোধন হে মুমিন/মুনাফিক বলে সম্মোধন
১. মাদানি সুরা কাকে বলে?
কুরআন মুত্তাকিদের পথ দেখায় – বুঝিয়ে লেখো।
গ্রুপ-ক এ উল্লিখিত সুরাগুলোতে ইসলামের কোন বিষয়গুলো প্রাধান্য পেয়েছে? বর্ণনা করো।
গ্রুপ-খ এ উল্লিখিত সুরাগুলোতে আর কী কী বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে? বিস্তারিত আলোচনা করো।
সমাধান ও উত্তর
(ক)
মহানবি (সা.)-এর হিজরতের পরে নাজিল হওয়া সুরাকে মাদানি সুরা বলে।
(খ)

আল-কুরআন মুত্তাকিদের জন্য পথপ্রদর্শক, কথাটি যথার্থ এবং সঠিক।

মুত্তাকি বলতে বোঝায় আল্লাহ তায়ালার প্রিয় বান্দাদেরকে। যারা আল্লাহভীরু এবং পরহেজগার। মুত্তাকিরা আল-কুরআনের আলোকে পৃথিবীর জীবন পরিচালনা করেন এবং আল্লাহর বর্ণিত আইন-কানুন অনুসরণ করেন। কুরআনের আলোকে তারা তাদের কার্যপ্রণালি পরিচালনা করেন। বিশ্বের সকল মুত্তাকি বান্দা কুরআনের নির্দেশ অনুসরণ করে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারেন বলে কুরআনকে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক বলা হয়।

(গ)

গ্রুপ-ক এ উল্লিখিত সুরাগুলোতে মক্কি সুরার বৈশিষ্ট্যসমূহ প্রাধান্য পেয়েছে।

রাসুল (স)-এর হিজরতের পূর্বে নাজিলকৃত সুরাসমূহকে মক্কি সুরা বলা হয়। এ সুরাসমূহে মহান আল্লাহ তাওহিদ, রিসালাত, আখিরাত সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান করেছেন। মানুষের উত্তম চরিত্র গঠনের মাধ্যমে কীভাবে অন্তরকে পরিশুদ্ধ করা যায় তার স্পষ্ট নির্দেশনা রয়েছে এসব সুরায় । তাছাড়া মানুষের সৃষ্টি সম্পর্কে তাত্ত্বিক আলোচনাও রয়েছে মক্কি সুরাতে।

উদ্দীপকের গ্রুপ-ক তে মক্কি সুরার বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে, এর সুরাগুলো আকারে ছোট, শব্দগুলোর ভাষাভঙ্গি সংক্ষিপ্ত ও প্রভাবশালী বলে ছকে দেখানো হয়েছে, তাওহিদ ও রিসালাতের গুরুত্ব এবং হে লোকসকল বলে সম্মোধন। এগুলো ছাড়াও মক্কি সুরায় আল্লাহর একত্ববাদ ও তা অস্বীকার করার পরিণাম বর্ণনা করা হয়েছে। তাছাড়া রিসালাত কী, রিসালাতের দায়িত্ব কারা পালন করেছেন, দায়িত্ব পালনের রীতিনীতি সম্পর্কিত নানা বিষয়ের বর্ণনা দেওয়া হয়েছে মক্কি সুরাসমূহে। আবার 'আখিরাত ও শেষ পরিণতির বর্ণনা রয়েছে এ সুরাসমূহে। পাশাপাশি মানুষের নৈতিক চরিত্র গঠন তথা দৈহিক ও আত্মিক পবিত্রতা অর্জনের যাবতীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। যেমন— আত-তিন ও আদ-দুহা মক্কি সুরার পরিচিত উদাহরণ।

(ঘ)

গ্রুপ-খ এ মাদানি সুরার বৈশিষ্ট্য ফুটে উঠেছে।

হিজরতের পরে নাজিলকৃত সুরাসমূহকে মাদানি সুরা বলে; নাজিলের স্থানই এ শ্রেণিবিভাগের একমাত্র মানদণ্ড নয়। মহানবি (স) এর মদিনায় হিজরতের পরে অর্থাৎ ৬২২ খ্রিষ্টাব্দের পরবর্তী সময়ে যেসব সুরা অবতীর্ণ হয়েছিল সেগুলো মাদানি সুরা নামে পরিচিত। এ সুরার প্রধান প্রধান বৈশিষ্ট্য হলো- অতীত জাতির জীবনাচার, অবাধ্যতা ও পরিণতির বিস্তারিত বিবরণ; পারস্পরিক লেনদেন, ব্যবসা-বাণিজ্য, বিচার-ব্যবস্থা ও দণ্ডবিধি; আহকামে শরিয়াহ্, হালাল-হারামের বিবরণ; জাতীয় ও আন্তর্জাতিক জীবন এবং বিধি-বিধান, কাফির-মুনফিকদের ষড়যন্ত্রের বিবরণ এবং পরিণতির বর্ণনা পাওয়া যায়। যার আংশিক ইঙ্গিত উদ্দীপকের ‘খ' গ্রুপে পাওয়া যায়।

উদ্দীপকে গ্রুপ ‘খ’-এর সুরার বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে তা আকারে বড়, শব্দগুলো সহজ। ইবাদতের গুরুত্ব প্রদান এবং মুমিনদের সম্বোধনের উল্লেখ আছে। তবে মুনাফিকদের বিষয়ে আলোচনা থাকা আর তাঁদেরকে প্রতিটি সুরায় “হে মুনাফিক” বলে সম্বোধন করা এক কথা নয়। যা দ্বারা মূলত মাদানি সুরাসমূহের বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। সুরাগুলোতে আল্লাহ তায়ালা কাফিরদের নানা চক্রান্ত ও মুনাফিকদের সাথে আঁতাতের বিষয় সুস্পষ্টভাবে উল্লেখ করে মুসলমানদের তাদের ব্যাপারে সাবধান হতে বলেন। তারা নবি (স)-কে হত্যার উদ্দেশ্যে মক্কার কুরাইশদের সাথে হাত মিলিয়ে বিভিন্ন শান্তিচুক্তি ভঙ্গ করে । আল্লাহ তায়ালা তাদের এসব ঘৃণ্য পরিকল্পনা নবি (স)-কে ওহির মাধ্যমে জানিয়ে দেন । মাদানি সুরাসমূহে আল্লাহ তায়ালা সেগুলো তুলে ধরেন।

পরিশেষে বলা যায়, ইমান-আকিদাগত বিষয়ের পাশাপাশি আহকামে শরিয়া, হালাল-হারাম ও ইসলামি রীতিনীতির বিশদ বিবরণ মাদানি সুরাসমূহে পাওয়া যায়।

খলীল : 'পৃথিবীর কিছু মানুষ আল্লাহ তায়ালার নাজিলকৃত কিতাবের প্রতি সন্দেহ পোষণ করে।

আবিদ : সন্দেহ পোষণকারীদের প্রতি আল্লাহ তায়ালা চ্যালেঞ্জের ঘোষণা দিয়েছেন।

খলীল : সঠিক বলেছেন; এ চ্যালেঞ্জ গ্রহণকারীরা ব্যর্থ হয়েছে।

আবিদ : জি হ্যাঁ, ঐ ব্যর্থ সন্দেহবাদীদের জন্য ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে।

২.

الحجارة

(আল-হিজারাহ) অর্থ কী?

“আল্লাহ কাফিরদের পরিবেষ্টন করে রেখেছেন।” ব্যাখ্যা করো।
খলীল ও আবিদের সংলাপের বিষয়বস্তু পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো।
উদ্দীপকে আবিদের বক্তব্যগুলো কুরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ করো।
সমাধান ও উত্তর
(ক)

الحجارة

(আল-হিজারাহ) অর্থ পাথর।

(খ)

“আল্লাহ কাফিরদের পরিবেষ্টন করে রেখেছেন” – বাক্যটিতে কাফির- মুনাফিকদের দুরবস্থার একটি ভাষাচিত্র অঙ্কিত হয়েছে।

মুনাফিকরা ইসলামের দাবিদার হয়ে মুসলিমদের নিকট থেকে যাবতীয় স্বার্থ চরিতার্থে ঊন্মত্ত থাকে। এরপর যখন বিপদের আশঙ্কা দেখে, তখন তারা আত্মরক্ষার চেষ্টায় ব্যস্ত হয়ে পড়ে। তাদের ভয় ও আত্মরক্ষার চেষ্টাকে বজ্রপাতের আশঙ্কায় কানে আঙুল দেওয়া মানুষের সঙ্গে তুলনা করা হয়েছে। বজ্রপাত ও মৃত্যুর আক্রমণ থেকে কানে আঙুল দিয়ে যেমন রক্ষা পাওয়া যায় না, তেমনি মুনাফিকরাও আল্লাহর আজাব থেকে রক্ষা পায় না । কেননা আল্লাহ তায়ালা সর্বসময় ক্ষমতার অধিকারী। তিনি তার বিশেষ কুদরতে মুনাফিকদের পরিবেষ্টন করে রেখেছেন। এ প্রসঙ্গে আল্লাহ তায়ালা বলেন, “আর আল্লাহ কাফিরদের পরিবেষ্টনকারী” (সুরা আল- বাকারা : ১৯)।

(গ)

খলীল ও আবিদের সংলাপের বিষয়বস্তু হলো আল-কুরআনের শ্রেষ্ঠত্ব বর্ণনা।

পবিত্র আল কুরআন সর্বশেষ আসমানি গ্রন্থ। এ গ্রন্থের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে আল্লাহ তায়ালা বলেন, “আর আমি আমার বান্দার ওপর যা নাজিল করেছি তার ওপর যদি তোমাদের সন্দেহ হয়, তাহলে অনুরূপ একটি সুরা নিয়ে আসো এবং আল্লাহ ব্যতীত তোমাদের সব সহযোগীকে ডাকো, যদি তোমরা সত্যবাদী হও” (সুরা আল-বাকারা: ২৩)। এ আয়াতে আল্লাহ তায়ালা কুরআন মাজিদের সত্যতার প্রশ্নে সব দেশের এবং সব কালের কাফিরদের কাছে চিরস্থায়ী চ্যালেঞ্জ ঘোষণা করেছেন। আর এ বিষয়টি প্রকাশ পেয়েছে খলীল ও আবিদের সংলাপে।

উদ্দীপকে দেখা যায়, খলীল ও আবিদ আল্লাহর নাজিলকৃত একটি কিতাব সম্পর্কে আলোচনা করেন। যেখানে আল্লাহ তায়ালা এই কিতাবে সন্দেহ পোষণকারীদের প্রতি চ্যালেঞ্জ দিয়েছেন এবং তাদের অসারতা ও ব্যর্থতা প্রমাণ করেছেন। তাদের এ সংলাপে আল কুরআনের সত্যতা ও শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়েছে। কেননা আল্লাহ তায়ালা কুরআনের সত্যতা প্রমাণে কাফিরদের প্রতি যে চ্যালেঞ্জ দিয়েছেন, সেই চ্যালেঞ্জ গ্রহণে কাফিররা ব্যর্থ হয়েছে। ফলস্বরূপ আল কুরআন সত্য ও শ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে প্রমাণিত হয়েছে।

(ঘ)

উদ্দীপকে আবিদের বক্তব্যগুলোতে কুরআনের চ্যালেঞ্জ ও অবিশ্বাসের পরিণতি সম্পর্কে শিক্ষা ও তাদের পরিণতি প্রকাশ পেয়েছে।

কাফিররা ছিল আল কুরআনে সন্দেহ পোষণকারী। তারা মনে করতো, আল কুরআন কোনো ঐশী গ্রন্থ নয়, মুহাম্মদ (স) নিজেই এটি রচনা করেছেন। কাফিরদের এরূপ ধারণার অসারতা প্রমাণ করতে আল্লাহ তায়ালা তাদেরকে কুরআনের একটি সুরার ন্যায় অন্য একটি সুরা রচনা করার চ্যালেঞ্জ দেন। কাফিররা এই চ্যালেঞ্জ গ্রহণে ব্যর্থ হয় । আর তারা তাদের এই সন্দেহ ও অবিশ্বাসের কারণে পরকালে কঠিন শাস্তি ভোগ করবে। যা আবিদের বক্তব্যেও প্রকাশ পায়।

উদ্দীপকের আবিদের বক্তব্য হলো সন্দেহ পোষণকারীদের প্রতি আল্লাহ তায়ালা চ্যালেঞ্জের ঘোষণা দিয়েছেন এবং ঐ ব্যর্থ সন্দেহবাদীদের জন্য ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। আবিদের এ বক্তব্যে কাফিরদের পরিচয় ও পরিণতি প্রকাশ পেয়েছে। কেননা কাফিররাই আল্লাহর কিতাবে সন্দেহ পোষণকারী। কুরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী কাফিরদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। এ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, “আর যারা কুফরি করবে এবং আমার নিদর্শনগুলোকে অস্বীকার করবে তারাই জাহান্নামের অধিবাসী। সেখানে তারা চিরদিন থাকবে” (সুরা আল-বাকারা: ৩৯)। কাফিররা অকৃতজ্ঞ জাতি । রাসুল (সা.) মুসলিমকে গালি দেওয়াকে পাপাচার এবং তার সঙ্গে লড়াই করাকে কুফরি বলেছেন (সহিহ বুখারি, হাদিস ৪৮; সহিহ মুসলিম, হাদিস ৬৪)। এ ধরনের কঠোর সতর্কবাণী থেকে নির্দিষ্ট কোনো ব্যক্তির অন্তর্বিশ্বাস বা চূড়ান্ত পরকালীন পরিণতি ঘোষণা করা যায় না।

পরিশেষে বলা যায়, আলোচ্য আয়াতগুলো কুরআনের সত্যতা উপলব্ধি ও অবিশ্বাস থেকে বিরত থাকার শিক্ষা দেয়; কোনো নির্দিষ্ট ব্যক্তির চূড়ান্ত বিচার আল্লাহর এখতিয়ার। তাই সবার উচিত যেকোনো ধরনের কুফরি থেকে নিজেকে বিরত রাখা।

জনাব জ, ল এবং ফ তিন ভাই। জ সদা সত্য কথা বলে এবং ইসলামি বিধান অনুসারে জীবনযাপন করে। অপরদিকে ফ অসত্য কথা বলে এবং ইসলাম পরিপন্থি কাজে লিপ্ত। ল জ এর সাথে থাকলে নামাজ-রোজা পালন করে । আর ফ এর সাথে থাকলে বলে নামাজ-রোজার প্রয়োজন নেই।
৩. ইমান কী?

ব্যাখ্যা করো:

فِي قُلُوبِهِمْ مَرَضٌ فَزَادَهُمُ اللَّهُ مَرَضًا

ফ এর কর্মকাণ্ডে সুরা বাকারায় বর্ণিত কোন চরিত্র ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
জ এর চরিত্র বিশ্লেষণপূর্বক আখিরাতে তার অবস্থান নিরূপণ করো।
সমাধান ও উত্তর
(ক)
ইসলামের মৌলিক বিষয়সমূহের ওপর বিশ্বাস স্থাপন করে মৌখিক স্বীকৃতি প্রদান এবং কাজে বাস্তবায়ন করাই ইমান।
(খ)

আয়াতাংশটির অর্থ—“তাদের অন্তরে ব্যাধি রয়েছে; ফলে আল্লাহ তাদের ব্যাধি আরও বাড়িয়ে দিয়েছেন” (সুরা আল-বাকারা, ২:১০)।

এখানে মুনাফিকদের অন্তরের সন্দেহ, কপটতা ও অসত্যাচারকে ব্যাধি বলা হয়েছে। তারা মুখে বিশ্বাসের দাবি করলেও অন্তরে তা গ্রহণ করে না; এ অসৎ অবস্থায় অবিচল থাকায় তাদের বিভ্রান্তি বৃদ্ধি পায়। এটি শারীরিক রোগের বর্ণনা নয়।

(গ)

ফ-এর অসত্য কথা বলা ও ইসলামবিরোধী কাজ সুরা আল-বাকারায় নিন্দিত অবাধ্য আচরণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ; তবে প্রদত্ত তথ্য থেকে তাকে নিশ্চিতভাবে মুনাফিক বলা যায় না।

মুনাফিকের পরিচয়ে মুখে ইমানের দাবি অথচ অন্তরে অবিশ্বাসের বিষয়টি গুরুত্বপূর্ণ। সুরা আল-বাকারার ৮–২০ নম্বর আয়াতে এ দ্বিমুখী চরিত্রের আলোচনা আছে। শুধু মিথ্যা বলা বা কোনো পাপে লিপ্ত হওয়া থেকে কারও অন্তর্বিশ্বাস নির্ধারিত হয় না।

উদ্দীপকে ল-এর আচরণে দুই পক্ষের সঙ্গে অবস্থান বদলের বিষয়টি স্পষ্ট; ফ-এর ক্ষেত্রে মুখে ইমানের দাবি ও গোপন অবিশ্বাসের তথ্য দেওয়া নেই। তাই ফ-এর অন্যায় আচরণ নিন্দনীয়—এই সিদ্ধান্ত নেওয়া যায়; উৎসের নিশ্চিত মুনাফিক-শ্রেণিকরণটি পুনর্বিবেচনা প্রয়োজন।

(ঘ)

জ-এর সত্যবাদিতা ও ইসলামি বিধান অনুসরণের মধ্যে তাকওয়াসম্পন্ন ব্যক্তির আচরণের প্রতিফলন দেখা যায়।

সুরা আল-বাকারার ২–৫ নম্বর আয়াতে মুত্তাকিদের বৈশিষ্ট্য এবং তাঁদের জন্য হিদায়াত ও সফলতার কথা বলা হয়েছে। অদৃশ্যে বিশ্বাস, সালাত, দান ও আখিরাতে দৃঢ় বিশ্বাস তাঁদের গুরুত্বপূর্ণ গুণ।

উদ্দীপকে জ সম্পর্কে স্পষ্ট তথ্য হলো—তিনি সত্য কথা বলেন ও ইসলামি বিধান অনুসারে জীবনযাপন করেন। এতে তাঁর সৎ চরিত্র প্রকাশ পায়। তবে উদ্দীপকে না থাকা প্রত্যেকটি নির্দিষ্ট আমল বা বিশ্বাসকে তাঁর ব্যক্তিগত কর্মকাণ্ড হিসেবে যোগ করা সমীচীন নয়।

কুরআনের সাধারণ প্রতিশ্রুতি অনুযায়ী ইমান ও সৎকর্ম পরকালীন কল্যাণের পথ। জ-এর চূড়ান্ত পরকালীন অবস্থান আল্লাহই জানেন; তাই তাঁকে নিশ্চিত জান্নাতি ঘোষণা না করে তাঁর সৎ আচরণকে প্রশংসা করা যথাযথ।

হাদিস-০১: “তোমরা ঋণ হতে সাবধানতা অবলম্বন করবে, কেননা তা রাতের দুশ্চিন্তা ও দিবসের লাঞ্ছনার কারণ।”

হাদিস-০২: “ব্যক্তি তার বন্ধু দ্বারা প্রভাবিত হয়। সুতরাং কারো সম্পর্কে জানতে চাইলে তার বন্ধুর দিকে তাকাও।”

৪. ঘুষ কাকে বলে?

الرَّجُلُ عَلَى دِينِ خَلِيلِهِ فَلْيَنْظُرْ أَحَدُكُمْ مَنْ يُخَالِلُ

(আল রাজ্লু

আলা দিনি খলিলিহি, ফাল ইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল) হাদিসটির অর্থ লেখো।

হাদিস ০১ এ ঋণ কীভাবে রাতের দুশ্চিন্তা ও দিবসের লাঞ্ছনা? বুঝিয়ে লেখো।
বন্ধু নির্বাচনের ক্ষেত্রে হাদিসে কোন বিষয়গুলোকে প্রাধান্য দিয়েছেন? বিশ্লেষণ করো।
সমাধান ও উত্তর
(ক)
যে বস্তু বা বিষয় লাভের অধিকার ব্যক্তির নেই সে যদি দায়িত্বশীল কর্তৃপক্ষকে কোনো কিছু দেওয়ার মাধ্যমে সে অধিকার লাভ করে তাকে ঘুষ বলে।
(খ)

হাদিসটির অর্থ হলো, 'মানুষ তার বন্ধুর দীন বা জীবনাদর্শ দ্বারা প্রভাবিত হয়। কাজেই তোমাদের প্রত্যেকেই যেন যাচাই করে নেয় কার সাথে সে বন্ধুত্ব করছে।

এ হাদিসে মহানবি (স) সৎ বন্ধু নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেছেন। মানুষের সাধারণ স্বভাব হচ্ছে বন্ধুর কর্মপদ্ধতি ও আদর্শের প্রতি আগ্রহী হওয়া। তাই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই সতর্ক ও সাবধান হতে হবে। এক্ষেত্রে ধর্মপ্রাণ, সৎ, আল্লাহভীরু ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করতে রাসুল (স) উৎসাহিত করেছেন।

(গ)

ঋণ পরিশোধ না করা পর্যন্ত মানুষের জীবনে তাড়না কাজ করে বিধায় এটাকে রাতের দুশ্চিন্তা ও দিবসের লাঞ্ছনা বলা হয়েছে।

ঋণ হলো দায়বদ্ধতা। পরিশোধে অক্ষম হলে ঋণগ্রহীতার ওপর আর্থিক ও মানসিক চাপ সৃষ্টি হতে পারে। নিজের স্বাধীন মত প্রকাশ অনেক সময়ই বিঘ্নিত হয়। অপরিকল্পিত বা অনাদায়ী ঋণ আর্থিক উন্নতি ব্যাহত করতে পারে। ক্ষেত্রবিশেষে ব্যক্তির স্থাবর-অস্থাবর সম্পদও নিঃশেষ হয়ে যায়।

উদ্দীপকে হাদিসের ঋণের প্রভাবের কথা বলা হয়েছে। ঋণের কারণে ঋণ গ্রহীতা হতাশ ও দুশ্চিন্তাগ্রস্ত হবেন। কেননা ঋণ ব্যক্তিকে স্বস্তি দেয় না এবং শান্তিতে ঘুমাতেও দেয় না। তার মধ্যে সবসময় ঋণদাতার উপস্থিতির ভীতি কাজ করে। কোনো সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ তার জন্য আনন্দদায়ক হয় না। বরং কখনো কখনো ঋণদাতা ও সংশ্লিষ্ট লোকদের কাছে অপমানিত হতে হয়। উৎসে ঋণের ঝুঁকি বোঝাতে বায়হাকির নামে উদ্ধৃত হয়েছে, 'তোমরা ঋণ থেকে বেঁচে থাকো । কেননা নিশ্চয়ই ঋণ হলো রাতের দুশ্চিন্তা ও দিনের লাঞ্ছনা' (বায়হাকি)। সর্বোপরি বলা যায়, ঋণ ব্যক্তির জীবনে রাতের দুশ্চিন্তা ও দিনের লাঞ্ছনা- অপমানের কারণ হয়।

(ঘ)

ইসলামে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অনেকগুলো বিষয় লক্ষ করতে বলেছে।

বন্ধু নির্বাচন করা ইসলামি দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কেননা বন্ধুর প্রভাবে প্রভাবিত হওয়া, বন্ধুর সংস্পর্শে তার কর্মপদ্ধতি ও আদর্শের প্রতি আগ্রহী হওয়া মানুষের সাধারণ স্বভাব। এজন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত সাবধান ও সতর্ক হতে হয়। রাসুল (স) উপমা দিতে গিয়ে বলেছেন, “কোনো ব্যক্তি আতরওয়ালার কাছে গেলে সুঘ্রাণ পাবে আর কেউ কামারের কাছে গেলে দুর্গন্ধ পাবে” । এমনিভাবে, বন্ধু- যদি পাপাচারী ও খারাপ স্বভাবের হয়, তার বন্ধুও পাপাচারিতায় লিপ্ত হয়ে পড়ে। সেজন্য বন্ধু নির্বাচনের আগে অবশ্যই সম্ভাব্য ব্যক্তি সম্পর্কে প্রয়োজনীয় অনুসন্ধান করা কর্তব্য।

আলোচ্য উদ্দীপকে বন্ধু নির্বাচন সম্পর্কে সতর্কতা অবলম্বন করা হয়েছে। রাসুল (স) বলেছেন, “মানুষ তার বন্ধুর দীন বা জীবনাদর্শ দ্বারা প্রভাবিত হয়। কাজেই তোমাদের প্রত্যেকেই যেন যাচাই করে নেয় কার সাথে সে বন্ধুত্ব করছে”। এজন্য ধর্মপ্রাণ, সৎ ও আল্লাহভীরু ব্যক্তিরা বন্ধু নির্বাচিত হওয়ার যোগ্য। সততা, বিশ্বস্ততা ও কল্যাণকর প্রভাব বিচার করা জরুরি; যে সঙ্গ অন্যায় কাজে প্ররোচিত করে তা পরিহার করতে হবে। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সব মানুষের প্রতি অবিচার বা বৈরিতা এ হাদিসের শিক্ষা নয়। সুতরাং, হাদিস-০২ এ বর্ণিত বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা আমাদের বন্ধু নির্বাচনে সচেতনতার বিষয়টি মনে করিয়ে দেয়।

পরিশেষে বলা যায়, যেহেতু বন্ধুর প্রভাবে মানুষ প্রভাবিত হয়, তাই আমাদের বন্ধু নির্বাচনে সচেতন হতে হবে।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।