উদ্দীপকে উল্লিখিত মানবজাতির সফলতার শিখরে পৌঁছার গাইড হলো আল কুরআন। এর পরিচয় ও সফলতা অর্জনে এর ভূমিকা নিম্নরূপ- কুরআন শব্দটির অর্থ একত্র করা সংগ্রহ করা, পাঠ বা আবৃত্তি করা। ইসলামি পরিভাষায় মহান আল্লাহর পক্ষ থেকে হযরত জিব্রাইল (আ.)-এর মাধ্যমে মহানবি (সা.)-এর ওপর অবতীর্ণ সর্বশেষ আসমানি গ্রন্থকে আল-কুরআন বলা হয়।
মহাবিশ্বের মহাবিস্ময় মহান আল্লাহর সর্বশেষ ঐশিগ্রন্থ আল কুরআন। এটি মানবতার মুক্তির দূত রাসুল (সা.)-এর উপর সুদীর্ঘ ২৩ বছরব্যাপী অবতীর্ণ হয়েছে। এতে বিশ্ব মানবের পার্থিব ও পরকালীন জীবনের প্রয়োজনীয় বিষয়বস্তুর মৌলধারা আলোচিত হয়েছে।
পবিত্র কুরআনের মূল আলোচ্য বিষয় মানবজাতি। মানুষের দুনিয়া ও আখিরাতের সার্বিক কল্যাণ ও সফলতার নির্দেশনা মহান আল্লাহ এ কুরআনের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন। মহান আল্লাহ বলেন, কুরআন হচ্ছে মানুষের সৎপথের দিশারি, সুস্পষ্ট পথনির্দেশক ও সত্য-মিথ্যার পার্থক্য বিধানকারী।” (সূরা বাকারা : ১৮৫) “এ তো বিশ্বজগতের জন্য উপদেশ ব্যতীত অন্য কিছু নয়।” (সূরা তাকভির : ২৭) পবিত্র কুরআন মানবজাতির কল্যাণ ও সফলতার পথ দেখায়। মহান আল্লাহ বলেন, এই কুরআনে মানুষের জন্য নানাবিধ দৃষ্টান্ত ব্যাখ্যা করা হয়েছে। (সূরা বনি ইসরাইল : ৮৯, ভাবার্থ) তাই বলা যায়, সফলতা অর্জনে কুরআনের ভূমিকা অপরিসীম।
“তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ কর আর পরস্পর বিচ্ছিন্ন হয়ো না।” এটি আল কুরআনের আয়াতাংশ। এর নিগূঢ় অর্থ নিম্নরূপ :
এ আয়াতে আল্লাহ তায়ালা মানুষকে জীবন পরিচালনায় বিনাশী অনৈক্য ও পরস্পরের মাঝে বিভক্তি থেকে বিরত থেকে আল্লাহর রজ্জু তথা কুরআন অনুসরণ ও আল্লাহর পথে স্থির থাকার কথা বলেছেন। কিন্তু আমরা পবিত্র কুরআনের শিক্ষা এবং বিশ্বনবির আদর্শের ওপর আমল করছি না বলে আমাদের মধ্যে অনৈক্য ও বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে। পবিত্র কুরআনের শিক্ষার ওপর আমল করলেই আমাদের মাঝে 'ঐক্য প্রতিষ্ঠিত থাকবে। জাতীয় ও ধর্মীয় সবধরনের ঐক্য সুপ্রতিষ্ঠিত হবে। আর এ ঐক্যই আমাদের এক উম্মতে পরিণত হবার নিশ্চয়তা প্রদান করতে পারে। মুসলিম উম্মাহকে পুনরায় এক শক্তিশালী জাতিতে পরিণত হতে হলে অবশ্যই আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে এবং রাসুল (সা.) কে অনুসরণ - করতে হবে।
উল্লিখিত আয়াত দ্বারা প্রধানত কুরআনের পরিপূর্ণ অনুসরণ ও উম্মাহর ঐক্যবদ্ধ থাকার কথা বলা হয়েছে।