শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ২০২৪

এইচএসসি · ইসলাম শিক্ষা ২য় পত্র

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ২০২৪

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

আল্লাহর বান্দাহ

ক অংশ খ অংশ
i. অদৃশ্যে বিশ্বাস স্থাপন করা i. মুমিনদের ধোঁকা দেয়া
ii. সালাত কায়েম করা ii. অন্তকরণ ব্যাধিগ্রস্ত
iii. দান-সাদকা করা iii. মিথ্যাচারে নির্লিপ্ততা
iv. কিতাবে বিশ্বাস স্থাপন iv. সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি
v. পরকালে নিশ্চিত বিশ্বাসী v. নির্বোধ জনগোষ্ঠী
১. আল-বাকারাহ কী?
মাদানি সুরা কীভাবে চেনা যায়? ব্যাখ্যা করো।
‘ক’ অংশে বর্ণিত বৈশিষ্ট্যের বান্দাহদের পরিচয় তুলে ধরো।
'খ' অংশে বর্ণিত লোকদের পরিচয় ও তাদের করুণ পরিণতি বর্ণনা করো।
সমাধান ও উত্তর
(ক)
আল-বাকারাহ হলো পবিত্র আল-কুরআনের দ্বিতীয় সুরা, এর অর্থ গাভী।
(খ)

মাদানি সুরা নির্ধারণের মূল মানদণ্ড হলো নাজিলের সময়: হিজরতের পরে নাজিল হওয়া সুরা বা আয়াত মাদানি, তা যে স্থানেই নাজিল হোক।

মাদানি সুরায় সাধারণত সামাজিক বিধান, পরিবার, লেনদেন, রাষ্ট্রীয় বিষয় এবং মুনাফিকদের আচরণ নিয়ে আলোচনা বেশি দেখা যায়। বহু মাদানি সুরার আয়াত দীর্ঘ। তবে আকার বা আলোচ্য বিষয় সহায়ক লক্ষণমাত্র; সব মাদানি সুরা বড় নয় এবং এগুলো দিয়ে একা চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া যায় না।

(গ)

উদ্দীপকের 'ক' অংশে বর্ণিত বৈশিষ্ট্যের বান্দাগণ মুত্তাকি নামে পরিচিত।

মুত্তাকি বলতে আল্লাহভীরু মানুষকে বোঝায়। যে ব্যক্তি তার পার্থিব জীবন পরিচালনায় সর্বদা আল্লাহর আইন-কানুন অনুসরণ করে এবং নিজ অন্তঃকরণে সর্বদা আল্লাহর ভয় পোষণ করে তিনিই মুত্তাকি। উদ্দীপকের 'ক' অংশে বর্ণিত বৈশিষ্ট্যগুলো মুত্তাকিদের বৈশিষ্ট্যের সাথেই সাদৃশ্যপূর্ণ।

উদ্দীপকের 'ক' অংশের মানুষেরও বৈশিষ্ট্য হলো অদৃশ্যে বিশ্বাস করা, সালাত কায়েম করা, দান-সাদকা করা, আসমানি কিতাবে বিশ্বাস করা এবং পরকালে দৃঢ় বিশ্বাস রাখা। আর এ সমস্ত বৈশিষ্ট্য মুত্তাকিদের বৈশিষ্ট্যের সাথে পুরোপুরি সাদৃশ্যপূর্ণ। পবিত্র কুরআনের সুরা বাকারায় মুত্তাকিগণের ছয়টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো— অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা, সালাত প্রতিষ্ঠা করা, আল্লাহ প্রদত্ত জীবিকা হতে আল্লাহর পথে ব্যয় করা, হযরত মুহাম্মদ (স)-এর প্রতি অবতীর্ণ আল কুরআনকে আল্লাহর প্রদত্ত জীবন বিধান হিসেবে বিশ্বাস করা, পূর্ববর্তী নবিগণের প্রতি যে সমস্ত কিতাব অবতীর্ণ হয়েছে সেগুলোকে সত্য বলে স্বীকার করা এবং আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস পোষণ করা। তাই বলা যায়, উদ্দীপকের 'ক' অংশের বর্ণিত বৈশিষ্ট্যের অধিকারী মানুষগণ মুত্তাকি নামে পরিচিত।

(ঘ)

উদ্দীপকের 'খ' অংশে বর্ণিত লোকেরা হলো মুনাফিক, যারা ইহকালীন এবং পরকালীন জীবনে যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হবে।

মুনাফিকরা প্রকাশ্যে নিজেদেরকে আল্লাহ্, রাসুল ও আখিরাতে বিশ্বাসী বলে ঘোষণা দেয়। কিন্তু অন্তরে ঘোর অবিশ্বাস ও মুসলমানদের প্রতি চরম বিদ্বেষ পোষণের মাধ্যমে তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। তারা মানুষের স্বাভাবিক ও সহজাত অবস্থার বাইরে অবস্থান করে। তাদের মন-মানসিকতা প্রতারণা ও কপটতার ব্যাধিতে আক্রান্ত। তারা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে আবার সেটিকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য ... বলে আমরাই তো শান্তি স্থাপনকারী। আর এ সমস্ত মুনাফিকের ব্যাপারে আল্লাহপাক দুনিয়াতে এবং আখিরাতে পীড়াদায়ক শাস্তির কথা ঘোষণা দিয়েছেন। সুরা আন নিসার ১৪৫তম আয়াতে বলা হয়েছে— 'নিশ্চয়ই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে।'

উদ্দীপকের ‘খ’ অংশের মানুষের বৈশিষ্ট্য হলো তারা মুমিনদের ধোঁকা দেয়। তাদের অন্তর ব্যাধিতে পূর্ণ। তারা মিথ্যাচারে লিপ্ত। তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী এবং নির্বোধ জনগোষ্ঠী। আর এসব বৈশিষ্ট্যের অধিকারীরা মূলত মুনাফিক হিসেবেই পরিচিত। মুনাফিকের ব্যাপারে আল্লাহপাক সুস্পষ্ট শাস্তির ঘোষণা দিয়েছেন। আল্লাহপাক বলেন, 'তাদের অন্তরে ব্যাধি রয়েছে। অতঃপর আল্লাহ তাদের ব্যাধি বৃদ্ধি করেছেন আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কারণ তারা মিথ্যাচারে অভ্যস্ত।'

উপরের আলোচনা সাপেক্ষে বলা যায়, উদ্দীপকের 'খ' অংশে বর্ণিত বৈশিষ্ট্যের অধিকারী লোকেরা অর্থাৎ মুনাফিকরা তাদের কৃতকর্মের জন্য আল্লাহর পক্ষ থেকে যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হবে।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ কর্তৃক আয়োজিত ইসলাম শিক্ষা বিষয়ক সেমিনারে প্রথম বক্তা ড. মামুন সাদী তাঁর নির্ধারিত টপিকে আলোচনা করার সময় প্রথমেই বলেন, ‘পবিত্র কুরআন একটি নির্ভুল গ্রন্থ'। কিন্তু দ্বিতীয় বক্তা ড. নকিব হাসান বলেন, মানুষদের মধ্যে সর্বোত্তম সে ব্যক্তি যিনি কুরআন নিজে শিক্ষা করেন এবং অন্যকে শিক্ষা দেন।
২. ‘আল হিজারাহ' অর্থ কী?
আল-কুরআনের সংক্ষিপ্ত পরিচয় দাও।
ড. মামুন সাদী সাহেবের বক্তব্যে কুরআনের কোন দিকটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
দ্বিতীয় বক্তার আলোচনায় নির্ধারিত টপিকটি কতটুকু প্রকাশ পেয়েছে মূল্যায়ণ করো।
সমাধান ও উত্তর
(ক)
‘আল হিজারাহ' অর্থ পাথর।
(খ)

আল-কুরআন মহান আল্লাহর কালাম। মানবজাতির হিদায়াতের জন্য জিবরাইল (আ.)-এর মাধ্যমে সর্বশেষ নবি মুহাম্মদ (সা.)-এর ওপর প্রায় ২৩ বছরে এটি নাজিল হয়। এতে ১১৪টি সুরা রয়েছে। প্রচলিত হাফস মুসহাফে আয়াতের গণনা ৬২৩৬; গণনাপদ্ধতিতে পার্থক্য থাকলেও তাতে কুরআনের মূল পাঠের পার্থক্য বোঝায় না।

এ কিতাব ইমান, ইবাদত, নৈতিকতা ও জীবনযাপনের দিকনির্দেশনা দেয়। মুসলমানরা একে আল্লাহর সংরক্ষিত সর্বশেষ আসমানি কিতাব হিসেবে বিশ্বাস করেন।

(গ)

ড. মামুন সাদী সাহেবের বক্তব্যে পবিত্র কুরআনের সংশয়হীনতার দিকটি প্রকাশ পেয়েছে।

আল্লাহ তায়ালা কুরআন মাজিদের সংশয়হীনতা ও কার্যকারিতার ওপর আলোকপাত করে ইরশাদ করেছেন-

ذَٰلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ

অর্থ: 'এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই।' এটি সুরা বাকারার ২ নং আয়াত। এর একটি সরল অর্থ হলো, নিঃসন্দেহে এটি আল্লাহর কিতাব। তবে এর তাৎপর্য অনেক। বক্তব্যের মূল মর্ম হলো, এটি এমন একখানি কিতাব যাতে সন্দেহপূর্ণ একটি কথাও সন্নিবেশিত হয়নি। আল্লাহ তায়ালা প্রথমেই সব সন্দেহ-সংশয়ের সম্ভাবনা নির্মূল করে দেন। কুরআন মাজিদের আরও একটি বিশেষ দিক হলো, এ মহাগ্রন্থ পুরোপুরি নিছক হেদায়েত ও সত্যের পথ নির্দেশ মাত্র।

উদ্দীপকে বর্ণিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ কর্তৃক আয়োজিত ইসলাম শিক্ষা বিষয়ক সেমিনারে প্রথম বক্তা ড. মামুন সাদী তাঁর নির্ধারিত টপিকে আলোচনা করার সময় বক্তব্যের শুরুতে পবিত্র কুরআনকে একটি নির্ভুল গ্রন্থ হিসেবে ঘোষণা করেন। মানবীয় রচনা ভুলের ঊর্ধ্বে নয়। কিন্তু কুরআন নিজেকে আল্লাহর পক্ষ থেকে সত্য ও হিদায়াত হিসেবে উপস্থাপন করেছে। কিন্তু কুরআন মাজিদের বক্তব্যের শুরুতেই আল্লাহ ঘোষণা করেছেন, 'এই কিতাবখানার মধ্যে কোনোই সন্দেহ নেই।'

(ঘ)

দ্বিতীয় বক্তার আলোচনায় নির্ধারিত টপিকটি সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে।

মহানবি (স) বলেন, তোমাদের মধ্যে ঐ ব্যক্তি সর্বোত্তম যে কুরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় (বুখারি)। কুরআন শেখা, মর্মার্থ অনুধাবন করা, ব্যাখ্যা-বিশ্লেষণ করা ও তদনুযায়ী জীবনযাপনের মাধ্যমে আল্লাহর আহল (রূপকার্থে আল্লাহর পরিজন) হওয়া যায়। মহানবি (স) বলেছেন— যারা কুরআনের' আহল, তারাই আল্লহর আহল ও বিশেষ লোক (মুসনাদে আহমাদ)। কুরআন ভালোভাবে শিখতে পারলে অধিক মর্যাদাবান হওয়া যায়। ভালোভাবে শিখতে না পারলেও চেষ্টা, সাধনা ছেড়ে দেওয়া উচিত নয়। কারণ যে ব্যক্তি কষ্ট করে কুরআন শেখার প্রচেষ্টা অব্যাহত রাখে তার জন্য রয়েছে অধিক সওয়াব। মহানবি (স) বলেছেন, 'কুরআনে পারদর্শী ব্যক্তি পুণ্যবান সুমহান সান্নিধ্যপ্রাপ্ত ফেরেশতার সঙ্গী হবেন। যে ব্যক্তি কুরআন পাঠ করে এবং কষ্ট হওয়া সত্ত্বেও চেষ্টা অব্যাহত রাখে তার জন্য রয়েছে "দ্বিগুণ সওয়াব' (বুখারি ও মুসলিম)

উদ্দীপকে দেখা যায়, ইসলাম শিক্ষা বিষয়ক সেমিনারে দ্বিতীয় বক্তা ড. নকিব হাসান রাসুল (স) এর হাদিস উল্লেখ করে বলেন, মানুষের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যিনি নিজে কুরআন শিক্ষা করেন এবং অন্যকে শিক্ষা দেন। আল্লাহ তায়ালা ভালোভাবে কুরআন শেখা ও গবেষণা করার প্রতি গুরুত্বারোপ করে ইরশাদ করেছেন— তারা কি কুরআন নিয়ে চিন্তা- গবেষণা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? (সুরা মুহাম্মদ: ২৪) মহানবি (স) কুরআন না শেখার পরিণতি সম্পর্কে বলেছেন— যার মধ্যে কুরআনের কোনো অংশ নেই, সে শূন্য গৃহের মতো (তিরমিযি)।

আল্লাহ তায়ালা মানবজাতির হেদায়েতের জন্য সর্বশেষ নবি হযরত মুহাম্মদ (স)-এর উপর যে বাণীসমূহ সরাসরি ওহির মাধ্যমে নাজিল করেছেন তার সমষ্টি হচ্ছে আল-কুরআন। কুরআন শিক্ষা করা সকল মুসলমানের ওপর ফরজ। সুতরাং আল্লাহকে জানা, তাঁর আদেশ-নিষেধ অবগত হয়ে তদনুযায়ী জীবনযাপন করার জন্য প্রত্যেক মুসলিমের জন্য কুরআন শিক্ষা করা অপরিহার্য।

আয়েশা ও ইদিতা আফরিন দুই বান্ধবী। তারা প্রায়ই বিভিন্ন হাদিস নিয়ে আলোচনা করেন। ইদিতা আফরিন বলেন, 'অনেক মেয়ে প্রায়ই হিংসা করে। যদিও 'দুইজন ব্যতীত হিংসা জায়েজ নয়'। আয়েশাও আরেকটি হাদিস যুক্ত করে বলেন, 'আমরা প্রত্যেকে দায়িত্বশীল। এই বিষয়ে আমরা সবাই জিজ্ঞাসিত হবো'।
৩. ‘মতন' কী?
ইসলামের পাঁচটি ভিত্তির নাম লিখ।
ইদিতা আফরিনের আলোচনায় কোন দুই শ্রেণির লোকের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকে আয়েশার বর্ণনা করা হাদিসটি বাস্তবজীবনে কতটুকু গুরুত্ব রাখে? মূল্যায়ন করো।
সমাধান ও উত্তর
(ক)
হাদিসের মূল বক্তব্যকে মতন বলে।
(খ)

ইসলামের মূল কাঠামো যে পাঁচটি ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে তাই ইসলামের স্তম্ভ।

স্তম্ভ শব্দের অর্থ খুঁটি। ইসলাম যেন একটি প্রাসাদ। পাঁচটি খুঁটির ওপর তা প্রতিষ্ঠিত। এগুলো হলো— কালেমা, সালাত, জাকাত, সাওম ও হজ। তবে এগুলোই সমগ্র ইসলাম নয়। কেননা শুধু খুঁটিকেই কেউ প্রাসাদ মনে করলে বোকামি হবে। আবার খুঁটি ছাড়া কেউ প্রাসাদ নির্মাণ করতে পারবে না। তাই এই খুঁটিগুলো ঠিক রেখে ইসলামকে পূর্ণাঙ্গ জীবনবিধান হিসেবে গ্রহণ করতে হবে।

(গ)

ইদিতা আফরিনের আলোচনায় দুই শ্রেণির মানুষকে অনুসরণীয় বলা হয়েছে: প্রথমত, আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন এবং যিনি তা ন্যায়ের পথে ব্যয় করেন; দ্বিতীয়ত, যাকে হিকমত বা জ্ঞান দেওয়া হয়েছে এবং যিনি তা অনুযায়ী বিচার করেন ও অন্যকে শিক্ষা দেন।

এখানে “হিংসা” বলতে ক্ষতিকর হাসাদ বোঝানো হয়নি। অন্যের নিয়ামত নষ্ট হয়ে যাক—এ কামনা নিষিদ্ধ। বরং অন্যের ভালো গুণ দেখে তার নিয়ামত অক্ষুণ্ণ রেখে নিজের জন্যও তেমন কল্যাণ কামনা করাকে গিবতা বলা হয়। হাদিসে এ ধরনের কল্যাণকর প্রতিযোগিতায় উৎসাহ দেওয়া হয়েছে।

তাই দানশীলতা ও জ্ঞানচর্চায় তাঁদের মতো হওয়ার চেষ্টা করা প্রশংসনীয়। এ শিক্ষা নারী-পুরুষ সবার জন্য; কোনো একটি লিঙ্গকে হিংসুক হিসেবে চিহ্নিত করার ভিত্তি নয়।

(ঘ)

উদ্দীপকে আয়েশার বর্ণনা করা হাদিসটিতে দায়িত্ব ও জবাবদিহিতার কথা বলা হয়েছে। বাস্তবজীবনে যার গুরুত্ব অপরিসীম।

দায়িত্ব পালন বলতে করণীয় কাজ যথাযথভাবে' পালন করাকে বোঝায় । সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। দায়িত্ব সম্পর্কে সবাই জিজ্ঞাসিত হবে । উদ্দীপকে এরূপ হাদিসের কথাই ফুটে উঠেছে।

উদ্দীপকে আয়েশা বলেন, 'আমরা প্রত্যেকে দায়িত্বশীল, এই বিষয়ে আমরা সবাই জিজ্ঞাসিত হবো'। মানবজীবনে দায়িত্বশীলতার গুরুত্ব অনেক। কেননা সবাই যদি নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হয় তাহলে কেউ পথভ্রষ্ট হবে না । মানুষ আল্লাহর খলিফা। সেজন্য তার জীবন-যাপন লাগামহীন হতে পারে না। সে দায়িত্বহীন হতে পারে না । খিলাফতের খলিফা থেকে শুরু করে গৃহস্থ, ঘরের অতি নগন্য চাকরটি পর্যন্ত দায়িত্বশীল ব্যক্তিত্ব। মর্যাদা ও অবস্থানগত কারণে হয়তো কারো দায়িত্বের বিস্তৃতি কম, আর কারো বিস্তৃতি ব্যাপক। কিন্তু সবাই দায়িত্বশীল এবং কিয়ামতের কঠিন ময়দানে সব ব্যক্তিই তাদের ওপর অর্পিত দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। জবাবদিহি হ্রাস পেলে মানবজীবনে অধঃপতন নেমে আসে। এর প্রকরণ বা উপায় দুইটি: ১. মানুষের কাছে জবাবদিহি এবং ২. আল্লাহর কাছে জবাবদিহি। মানুষের কাছে জবাবদিহির অনুভূতি কমে গেলে বা বিলুপ্ত হলে মানুষ যতটা ক্ষতিগ্রস্ত হয়, তার চেয়ে অধিক ক্ষতিগ্রস্ত হয় আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি হারিয়ে গেলে। তাই চূড়ান্ত সফলতা লাভ করতে হলে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

উপরের আলোচনা থেকে বোঝা যায়, আমরা প্রত্যেকে যে কাজ করি না কেনো প্রত্যেককে সেই কাজের জবাবদিহিই করতে হবে। তাই আমাদের উচিত সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হওয়া।

একাদশ শ্রেণীর শিক্ষার্থী রবিউল হাসান ও মাহিন দুই সহপাঠী। প্রতিদিন তারা ইসলামের বিভিন্ন হুকুম নিয়ে আলোচনা করে। আজকে রবিউল হাসানের আলোচ্য বিষয় এমন একটি ইবাদত; যা প্রতিদিন পাঁচবার সম্পাদন করা আবশ্যক। কিন্তু মাহিনের আলোচ্য বিষয়ের ইবাদতটি বছরের নির্ধারিত একটি মাসে সম্পাদন করা আবশ্যক।
৪. 'নিসাব' অর্থ কী?
মুসলিম কারা?
রবিউল হাসানের আলোচ্য ইবাদতটির সামাজিক শিক্ষা বিশ্লেষণ করো।
'মাহিনের আলোচ্য ইবাদতটির আধ্যাত্মিক গুরুত্ব ব্যাপক' – তোমার মতমত দাও।
সমাধান ও উত্তর
(ক)
নিসাব অর্থ নির্ধারিত পরিমাণ।
(খ)

মুসলিম হলো সেই লোক যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে।

মুসলিম আরবি শব্দ। যার অর্থ স্ব-ইচ্ছায় আত্মসম্পর্ণকারী। যারা ইসলাম ধর্মের অনুসরণ করে তাদেরকে মুসলমান বা মুসলিম বলা হয়। মুসলিমের কর্তব্য ইসলামের বিধান মানার চেষ্টা করা; কোনো বিধানে অবহেলা করলেই তাকে নির্বিচারে অমুসলিম বলা যায় না। সূরা আলে ইমরানের ১০২ নম্বর আয়াতে মুসলিম অবস্থায় মৃত্যুবরণের নির্দেশ রয়েছে।

(গ)

রবিউল হাসানের আলোচ্য ইবাদতটি হলো সালাত, যার সামাজিক শিক্ষা অপরিসীম।

সালাত আরবি শব্দ। এর অর্থ দোয়া, ক্ষমা প্রার্থনা করা ইত্যাদি। ইসলাম যে পাঁচটি রুকনের (ভিত্তি) ওপর প্রতিষ্ঠিত, তার দ্বিতীয়টি হলো সালাত । প্রত্যেক মুসলমানের ওপর দিবা-রাতে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। উদ্দীপকে এমন ইবাদতের কথাই ফুটে উঠেছে।

উদ্দীপকে রবিউল হাসানের আলোচ্য বিষয় এমন একটি ইবাদত, যা প্রতিদিন পাঁচবার সম্পাদন করা আবশ্যক। যা সালাতকে নির্দেশ করে। কেননা প্রত্যেক মুসলমানের ওপর দৈনিক পাঁচবার সালাত আদায় করতে হয়। সালাত মানুষের জন্য দৈনন্দিন পালনীয় একটি ফরজ ইবাদত হলেও সমাজজীবনে রয়েছে এর সুদূর প্রসারী প্রভাব ও উপকারিতা । সালাত ব্যক্তির মধ্যে পবিত্র ও পরিশুদ্ধ চেতনার জন্ম দেয়। সে নৈতিক দিক থেকে পবিত্র হয়ে ওঠে। মন্দ, নিষিদ্ধ ও অশ্লীল আচরণ থেকে নিজেকে বিরত রাখে। ফলে সমাজ অশালীন আচরণ থেকে মুক্তি পায়। তাছাড়া সালাত আদায়ে শৃঙ্খলার পরম প্রশিক্ষণ লাভ করা যায়। সালাত আদায়ে সমাজের মানুষের মধ্যে মর্যাদা ও অধিকারের সমতা প্রতিষ্ঠিত হয়। সুতরাং রবিউল হাসানের আলোচ্য বিষয় সালাত। সালাতের সামাজিক গুরুত্ব অপরিসীম ও অনস্বীকার্য।

(ঘ)

মাহিনের আলোচ্য ইবাদতটি হলো সাওম। সাওমের আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম।

সাওম অর্থ বিরত থাকা বা আত্মসংযম করা। রমজান মাসে সাওমের নিয়তে সুবহি সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও যৌনক্রিয়া থেকে বিরত থাকাই সাওম। সাওম ইসলামের অন্যতম একটি ফরজ ইবাদত। এটি নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট শর্তসাপেক্ষে পালন করতে হয়। যা মাহিনের আলোচ্য বিষয়টিতে পরিলক্ষিত হয়।

উদ্দীপকের মাহিনের আলোচ্য ইবাদতটি বছরের নির্ধারিত একটি মাসে পালন করতে হয়। যা সাওমকেই নির্দেশ করে। কেননা সাওম নির্ধারিত বছরের একটি মাসে পালন করতে হয়। সাওমের আধ্যাত্মিক গুরুত্ব ব্যাপক । সাওমের মাধ্যমে তাকওয়া অর্জন করা যায়। মূলত তাকওয়া অর্জনের উদ্দেশ্যেই সাওম ফরজ করা হয়েছে। আল্লাহ তায়ালা বলেন, “তোমাদের ওপর সিয়াম সাধনা ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের ওপর। যেন তোমরা তাকওয়া অর্জন করতে পার” । (সুরা আল-বাকারা : ১৮৩)। সাওম কেবল আল্লাহর জন্যই হয়ে থাকে। তাই সাওমের মাধ্যমে, আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। সাওম আল্লাহর নৈকট্য, আন্তরিকতা ও পরকালীন প্রতিদানের আশা জাগ্রত করে। সাওমের মাধ্যমে মিথ্যাচার, গিবত, অশালীন কথা-বার্তা থেকে বিরত থাকা যায়। এতে করে সাওম বিভিন্ন অন্যায় থেকে সুরক্ষা দেয়।

উপরের আলোচনা থেকে বোঝা যায়, মাহিনের আলোচ্য বিষয়টি হচ্ছে- সাওম। যার গুরুত্ব ব্যাপক। তাই আমাদের উচিত রমজান মাসে আল্লাহর বিধি-বিধান মেনে সাওম পালন করা।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।