ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ২০২৩

এইচএসসি · ইসলাম শিক্ষা ২য় পত্র

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ২০২৩

১০টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

ধনাঢ্য ব্যবসায়ী আরিফ সাহেব গ্রামে আসলে নামাজ-কালাম পড়েন এবং দান-সাদকাহ করেন। অন্যদিকে তিনি তার ব্যবসায়ী বন্ধুদের সাথে ঢাকা শহরে থাকলে নামাজ-কালাম তো দূরের কথা আরও নানা প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তিনি তার বাল্যবন্ধু মালেককে বলেন, “সফলতা অর্জন করতে হলে আমার সাথে যোগ দাও।” মালেক বলল, “কেবল প্রাচুর্য ও বিলাসিতায় তো সফলতা নির্ভর করে না; বরং সফলতা প্রাপ্তি কতিপয় গুণাবলি অর্জনের ওপর নির্ভরশীল, যা পবিত্র কুরআনের সূরা বাকারার শুরুতে বর্ণিত আছে।” তাদের ব্যাপারে আল্লাহ তায়ালা বলেন-أولَئِكَ عَلَى هُدًى مِنْ رَبِّهِمْ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُوْنَ
১. ‘কুরআন' শব্দের অর্থ কী?
আদর্শ জীবন গঠনে আল-কুরআন কীরূপ ভূমিকা পালন করে?
আরিফের চরিত্র পবিত্র কুরআনের আলোকে বিশ্লেষণ কর ।
আব্দুল মালেকের বক্তব্যের সাথে কি তুমি একমত? তোমার মতামতের পক্ষে যুক্তি উপস্থাপন কর।
সমাধান ও উত্তর
(ক)
কুরআন শব্দের অর্থ পঠিত, একত্র করা, আবৃত্তি করা, অধ্যয়ন করা ।
(খ)
আদর্শ জীবন গঠনে আল-কুরআনের ভূমিকা বিস্ময়কর। প্রাক ইসলামি যুগের বর্বর মানুষগুলো আল-কুরআনের স্পর্শে সোনার মানুষে পরিণত হয়েছিল। বর্তমানেও যারা অন্যায় পথে চলে তারা আল-কুরআনের দেখানো পথে চললে তাদের জীবনেও একই রকম পরিবর্তন সাধিত হবে। অর্থাৎ আল-কুরআনের কার্যকারিতা তখনও যেমন সক্রিয় ছিল, বর্তমানে তেমনি আছে এবং ভবিষ্যতেও থাকবে । তাই প্রশ্নে প্রদত্ত বক্তব্যটি যথার্থ ।
(গ)

আরিফের গ্রামে এক ধরনের এবং শহরে অন্য ধরনের আচরণ দ্বিমুখিতা, অসংযম ও নৈতিক দুর্বলতার পরিচয় দেয়। লোকদেখানো ইবাদতের আশঙ্কাও এতে প্রকাশ পায়। সূরা আল-বাকারার শুরুতে কপটতার নিন্দা করা হয়েছে এবং সূরা আল-আনকাবুত ২৯:৪৫-এ সালাতের অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখার শিক্ষার কথা আছে।

তবে নামাজ পড়া ব্যক্তি কোনো অপরাধ করলেই তাঁর অন্তরে ইমান নেই বা তিনি বিশ্বাসগত মুনাফিক—এ সিদ্ধান্ত দেওয়া যায় না। উদ্দীপকে আরিফের অন্তরের বিশ্বাসের নিশ্চিত তথ্য নেই। তাই তাঁর অন্যায় আচরণের সমালোচনা, তাওবা ও সংশোধনের প্রয়োজন বোঝানোই যথাযথ; তাঁর নির্দিষ্ট পরকালীন পরিণতি ঘোষণা করা নয়।

(ঘ)

মালেক সাহেবের উক্ত বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত পোষণ করি

মালেক সাহেবের বক্তব্য মূলত আল্লাহরই বক্তব্য। কেননা আল্লাহ তায়ালা সূরা বাকারার ২ থেকে ৫ নম্বর আয়াতে মুত্তাকিদের গুণাগুণ তুলে ধরে তাদেরকে সফল হিসেবে আখ্যায়িত করেছেন। যেমন- আল্লাহ তায়ালা বলেন, “এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য এটা পথ প্রদর্শক। (মুত্তাকি তারাই) যারা অদৃশ্যে বিশ্বাস করে, সালাত প্রতিষ্ঠা করে এবং যে সম্পদ বা জীবিকা দান করা হয় তা থেকে তারা ব্যয় করে। যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের ওপর যা কিছু আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে এবং আপনার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে। আর তারা পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। তারাই তাদের পালনকর্তার নির্দেশিত পথে রয়েছে, আর তারাই যথার্থ সফলকাম। (সূরা আল-বাকারা : ২-৫) আল্লাহ তায়ালা আরও বলেছেন, নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা। (সূরা আন-নাবা : ৩১) এছাড়া সূরা বাকারার ১৭৭ নং আয়াতে মুত্তাকিদের আরও কিছু গুণের কথা বলা হয়েছে। তাই মুত্তাকির গুণ অর্জন করার ওপরই সফলতা নির্ভর করে। তাছাড়া অনেকে মনে করেন, বাড়ি, গাড়ি, অর্থবিত্ত ও প্রাচুর্যের ওপর সফলতা নির্ভরশীল । মালেক সাহেবের মতে, কেবল প্রাচুর্য ও বিলাসিতার ওপর সফলতা নির্ভর করে না বরং সফলতা নির্ভর করে কতকগুলো গুণ অর্জনের ওপর। যে গুণগুলো সম্পর্কে সূরা বাকারার শুরুতে বলা হয়েছে । সুতরাং উক্ত আলোচনা এটাই প্রমাণ করে মালেক সাহেবের মতামতই সঠিক। আরিফের ধারণা সম্পূর্ণ অসাড় ও বাস্তবতা বিবর্জিত ।

জনাব রাশেদ ও সুমন দুজন ব্যবসায়ী। রাশেদ সদালাপী মানুষ । তিনি অদৃশ্যে বিশ্বাস করেন, নামাজ প্রতিষ্ঠা করেন ও যাকাত দেন। তিনি গভীরভাবে বিশ্বাস করেন, জীবন-মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ তায়ালা। অপরপক্ষে সুমন ব্যবসায় ক্ষেত্রে ওজনে কম দেন। দ্রব্যে ভেজাল মিশিয়ে বিক্রি করেন। এলাকার মানুষের মাঝে বিশৃঙ্খলা ও প্রতিকূল পরিবেশ সৃষ্টির জন্য লোকজনকে প্রভাবিত করেন ।
২. কিতাব শব্দের অর্থ কী?
সূরা আল-বাকারার নামকরণের সার্থকতা লেখ ।
উদ্দীপকে উল্লিখিত জনাব রাশেদের মধ্যে কাদের বৈশিষ্ট্য বিদ্যমান? ব্যাখ্যা কর
উদ্দীপকে উল্লিখিত জনাব সুমনের কর্মকাণ্ডের সামাজিক প্রভাব বিশ্লেষণ কর ।
সমাধান ও উত্তর
(ক)
কিতাব শব্দের অর্থ বই, গ্রন্থ, পুস্তক ইত্যাদি।
(খ)
‘আল-বাকারা’ শব্দের অর্থ গাভি। এ সূরার ২:৬৭–৭৩ আয়াতে মুসা (আ.)-এর সম্প্রদায়কে গাভি জবেহ করার নির্দেশ এবং একটি হত্যার ঘটনার রহস্য উদ্ঘাটনের বিবরণ আছে। এ বিশেষ ঘটনার সূত্রেই সূরার নাম ‘আল-বাকারা’। সূরায় বাছুরপূজার কথাও রয়েছে, কিন্তু কুরআনের ওই আয়াতগুলোতে হত্যাকারীর পরিচয়, বিয়ের উদ্দেশ্য বা উত্তরাধিকার লাভের বিস্তারিত কাহিনি বলা হয়নি। তাই নামকরণ ব্যাখ্যায় নিশ্চিত কুরআনি ঘটনাটিই প্রধান।
(গ)

উদ্দীপকে উল্লিখিত জনাব রাশেদের মধ্যে মুমিন মুত্তাকির বৈশিষ্ট্য বিদ্যমান।

মুমিন ব্যক্তি সদালাপী হয় এবং বিশ্বাস করে জীবন-মৃত্যুর মালিক আল্লাহ। সূরা বাকারার তৃতীয় আয়াতে আল্লাহ মুত্তাকিদের চরিত্রের যে কয়টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন তাহলো- ১. তারা গায়েব বা অদৃশ্যে বিশ্বাস করে; ২. সালাত কায়েম করে; ৩. রিজিক হতে ব্যয় করে। এছাড়া যাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ। একজন মুমিন-মুত্তাকি হলে এবং সাহিবে নিসাব হলে সালাতের পাশাপাশি তাকে যাকাত আদায় করতে হয়।

জনাব রাশেদ সদালাপী তিনি অদৃশ্যে বিশ্বাস করেন। নামাজ প্রতিষ্ঠা করেন ও যাকাত দেন। তিনি গভীরভাবে বিশ্বাস করেন, জীবন-মৃত্যুর একমাত্র মালিক আল্লাহ। জনাব রাশেদের চরিত্রের এসব গুণাবলি মুমিন ও মুত্তাকির পরিচায়ক।

(ঘ)

সুমনের ওজনে কম দেওয়া, ভেজাল মেশানো ও বিশৃঙ্খলায় প্ররোচনা সামাজিকভাবে ক্ষতিকর। ওজনে কম দিলে ক্রেতার অধিকার নষ্ট হয়; ভেজাল মানুষের স্বাস্থ্য, অর্থ ও নিরাপত্তার ক্ষতি করতে পারে। প্রতারণা ধরা পড়লে বিবাদ, আস্থাহীনতা এবং আইনগত জবাবদিহি দেখা দেয়। বিশৃঙ্খলায় প্ররোচনা সমাজের সম্প্রীতি ও শান্তি বিনষ্ট করে।

কুরআনে মাপে ও ওজনে কম দেওয়ার নিন্দা আছে (সূরা আল-মুতাফফিফিন ৮৩:১–৩)। সূরা আল-বাকারা ২:১১–১২-এ সংশোধনের দাবি করে অশান্তি সৃষ্টিকারীদের সমালোচনাও রয়েছে। এসব নিন্দিত আচরণের সঙ্গে সুমনের কাজের মিল আছে। তবে কেবল ব্যবসায়িক অনিয়ম থেকে তাঁর অন্তরে বিশ্বাসগত নিফাক আছে বলে নিশ্চিত সিদ্ধান্ত নেওয়া যায় না। তাঁকে প্রতারণা বন্ধ করে প্রাপকের অধিকার ফিরিয়ে দিতে ও সংশোধিত হতে হবে।

“আমি আমার বান্দার প্রতি যা অবতীর্ণ করেছি তাতে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তাহলে এর মতো একটি সূরা রচনা করে নিয়ে এসো।” তিনি বললেন, “নিশ্চয়ই আমি যা জানি, তোমরা তা জানো না।”
৩. আখিরাত অর্থ কী?
“এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই।”- ব্যাখ্যা কর।
দ্বিতীয় বাক্যের অন্তর্নিহিত তাৎপর্য বর্ণনা কর ।
উদ্দীপকে কোন বিষয়ের চ্যালেঞ্জ করা হয়েছে? কারও পক্ষে এই চ্যালেঞ্জ গ্রহণ করা সম্ভব কিনা? ব্যাখ্যা কর ।
সমাধান ও উত্তর
(ক)
আখিরাত অর্থ পরকাল ।
(খ)
ذَٰلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ অর্থ এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ সংশয় নেই । আয়াতটি সূরা বাকারার ২নং আয়াত । এ আয়াতে পবিত্র কুরআন আল্লাহর কালাম হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। কুরআন নাযিল করা হলে মক্কায় কাফিররা একে রাসুল (সা.)-এর মনগড়া বাণী বা পূর্বেকার কিচ্ছাকাহিনি বলে তুচ্ছতাচ্ছিল্য করত। তাদের সেসব ভ্রান্ত ধারণা ও বক্তব্যকে প্রত্যাখ্যান করে এ আয়াত দ্বারা এটাই বলা হয়েছে, এটি প্রকৃতপক্ষেই আল্লাহর কিতাব। এটি লাওহে মাহফুজে সুরক্ষিত রয়েছে। সেখান থেকে বায়তুল ইজ্জাতে লাইলাতুল কাদরে অবতীর্ণ করা হয় । সেখান থেকে ধীরে ধীরে জিব্রাইল (আ.)- এর মাধ্যমে মহানবি (সা.)-এর নিকট নাযিল করা হয়। এ ব্যাপারে কোনো প্রকার সন্দেহ সংশয়ের অবকাশ নেই ।
(গ)

দ্বিতীয় বাক্যটি সূরা আল-বাকারা ২:৩০-এর অংশ। আল্লাহ পৃথিবীতে খলিফা স্থাপনের কথা জানালে ফেরেশতারা রক্তপাত ও বিপর্যয়ের বিষয়ে জানতে চান এবং নিজেদের তাসবিহ ও পবিত্রতা ঘোষণার কথা বলেন। উত্তরে আল্লাহ বলেন, “নিশ্চয়ই আমি যা জানি, তোমরা তা জানো না।”

এতে আল্লাহর জ্ঞান ও প্রজ্ঞার পূর্ণতা এবং সৃষ্টির জ্ঞানের সীমাবদ্ধতা প্রকাশ পেয়েছে। পরের আয়াতগুলোতে আদম (আ.)-কে নামসমূহ শিক্ষা দেওয়ার ঘটনা তাঁর বিশেষ জ্ঞানগত মর্যাদা প্রকাশ করে। ফেরেশতাদের প্রশ্নকে বিদ্রোহ বলা যায় না; তাঁরা সৃষ্টির প্রজ্ঞা জানতে চেয়েছিলেন। পূর্ববর্তী জিনদের নির্দিষ্ট কর্মকাণ্ডের বিশদ বিবরণ এই আয়াতের বক্তব্য হিসেবে ধরে নেওয়া উচিত নয়।

(ঘ)

উদ্দীপকের প্রথম বাক্যে কুরআনের ঐশী সত্যতা নিয়ে সংশয়কারীদের তার অনুরূপ একটি সূরা রচনা করে আনার চ্যালেঞ্জ দেওয়া হয়েছে (সূরা আল-বাকারা ২:২৩–২৪)। বলা হয়েছে, আল্লাহ ছাড়া তাদের সাহায্যকারীদেরও ডেকে আনতে; এরপর জানানো হয়েছে যে তারা তা করতে পারবে না।

ইসলামের বিশ্বাস অনুযায়ী কুরআন মহানবি (সা.)-এর প্রতি আল্লাহর অবতীর্ণ বাণী এবং এর অনন্যতা তাঁর মুজিজা। মানুষ চ্যালেঞ্জের জবাব দেওয়ার চেষ্টা করতে পারে, কিন্তু কুরআনের ঘোষণা হলো তারা এর সমকক্ষ সূরা আনতে সক্ষম হবে না। এখানে চ্যালেঞ্জের নির্দিষ্ট একক ‘একটি সূরা’; ‘একটি আয়াত’ নয়।

সরকার একটি বিশেষ উদ্দেশ্যে সারাদেশে এক কোটি গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, তেমনি বৃক্ষরোপণকারীরা সওয়াবেরও অংশীদার হবে। কেননা মানুষ বা পশুপাখি সেখান থেকে ফল খায় বা উপকৃত হয়। হাদিসের ভাষ্যমতে, এক শ্রেণির লোক কিয়ামতের দিন শহিদদের সাথে থাকবেন ।
৪. মাযলুম অর্থ কী?
“সে যেন দেখে কার সাথে বন্ধুত্ব করছে।”— বুঝিয়ে লেখ।
উদ্দীপকে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিটি কোন ধরনের সওয়াবের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর ।
উদ্দীপকে বর্ণিত হাদিসটির আলোকে কারা কিয়ামতের দিন শহিদদের সাথে থাকবেন? তাদের গুণাবলি বিশ্লেষণ কর ।
সমাধান ও উত্তর
(ক)
মাজলুম অর্থ অত্যাচারিত ।
(খ)

বন্ধু নির্বাচনের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে রাসুল (সা.) বলেছেন সে যেন দেখে কার সাথে বন্ধুত্ব করছে।

মানবজীবনে বন্ধুত্বের প্রভাব অপরিসীম। মানুষ সাধারণত বন্ধুর মতো স্বভাব বা বন্ধুর ধর্মের দ্বারা প্রভাবিত। কথায় আছে সঙ্গ দোষে লোহা ভাসে। সৎ বন্ধু মানুষকে সৎ কল্যাণের পথে পরিচালিত হতে উদ্বুদ্ধ করে। পক্ষান্তরে, অসৎ বন্ধু অনিষ্ট ও অকল্যাণের দিকে নিয়ে যায়। এজন্য সৎ, ধর্মপ্রাণ, খোদাভীরু, নীতিবান মানুষকেই বন্ধু হিসেবে নির্বাচন করতে হবে। আর যারা আল্লাহ ও রাসুলের অবাধ্যাচরণ করে, ঝগড়াটে, হিংসুক, অশ্লীল কাজে অভ্যস্ত তাদের সাথে বন্ধত্ব করা উচিত নয়।

(গ)

সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিতে মানুষ ও পশুপাখি দীর্ঘকাল উপকৃত হলে তা চলমান সাদাকা বা সাদাকায়ে জারিয়ার সুযোগ তৈরি করে। আনাস (রা.)-এর বর্ণিত হাদিসে এসেছে, কোনো মুসলিম গাছ লাগালে বা ফসল ফলালে তা থেকে মানুষ, পাখি বা জন্তু যা খায়, তা তার জন্য সাদাকা হিসেবে গণ্য হয় (বুখারি ও মুসলিম)।

গাছ ফল, ছায়া, কাঠ ও আশ্রয় দেয়; পরিবেশের ভারসাম্য রক্ষায়ও সহায়তা করে। তাই বৃক্ষরোপণে সামাজিক ও পরিবেশগত উপকারের পাশাপাশি সৎ নিয়তে পরকালীন সাওয়াবের আশা করা যায়।

(ঘ)

“বিশ্বস্ত, সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদগণের সঙ্গে থাকবেন।”

ব্যবসা-বাণিজ্য একটি পবিত্র পেশা। আমাদের প্রিয়নবি (স)ও ব্যবসা করেছেন। সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী দুনিয়া ও আখেরাতের অত্যন্ত সম্মান ও মর্যাদার অধিকারী। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কিয়ামতের দিন বিশ্বস্ত ও সত্যবাদী মুসলিম ব্যবসায়ীগণ শহিদগণের সঙ্গে অবস্থান করবেন। এ বর্ণনা সততা ও আমানতদারির বিশেষ মর্যাদা বোঝায়। শহিদগণ হলেন ইসলামের জন্য জীবন উৎসর্গকারী ব্যক্তি। আল-কুরআনে আল্লাহ তায়ালা তাঁদের জন্য জান্নাতের ঘোষণা প্রদান করেছেন। সৎ ব্যবসায়ীগণ কিয়ামতের দিন শহিদগণের সঙ্গী হবেন। এ সুসংবাদ সৎ ব্যবসার প্রতি উৎসাহ দেয়; নির্দিষ্ট ব্যক্তির পরিণতি আল্লাহর বিচারাধীন।

তবে এজন্য ব্যবসায়ীদের দুটি শর্ত পূরণ করতে হবে। প্রথমত, সততা ও সত্যবাদিতার সাথে ব্যবসা পরিচালনা করতে হবে । দ্বিতীয়ত, তাদেরকে বিশ্বস্ত ও আমানতদার হতে হবে। অর্থাৎ সততা ও বিশ্বস্ততার সাথে ব্যবসায়-বাণিজ্য পরিচালনা করলে কিয়ামতের দিন মহাপুরস্কার লাভ করা যাবে। অন্যদিকে, ব্যবসায় প্রতারণা করলে মিথ্যা বললে এ কল্যাণ লাভ করা যাবে না। সুতরাং ব্যবসা ক্ষেত্রে সকল প্রকার অন্যায় ও খারাপ কাজ ত্যাগ করতে হবে । লোভ-লালসা পরিত্যাগ করতে হবে। ওজনে কম দেওয়া, খারাপ দ্রব্য ভালো বলে বিক্রি করা, ভেজাল মেশানো, পণ্যের দোষত্রুটি গোপন করা, মওজুতদারি, কালোবাজারি প্রভৃতি অনৈতিক কাজ করা যাবে না। বরং সর্বাবস্থায় সততা ও বিশ্বস্ততার সাথে ব্যবসা পরিচালনা করতে হবে। তাহলেই কিয়ামতে শহিদগণের সঙ্গী হওয়ার মহান মর্যাদা লাভ করা যাবে।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ২০২৩ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।