বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা ২০২৪

এইচএসসি · যুক্তিবিদ্যা ১ম পত্র

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা ২০২৪

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

দৃশ্যকল্প-১: গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কৃষি সম্পর্কিত যুক্তিসঙ্গত সুশৃঙ্খল জ্ঞান সংগ্রহ করেছেন। যে সব নিয়ম অনুসরণ করলে ভালো ফসল উৎপাদন সম্ভব তা জেনেছেন। কৃষি সম্পর্কিত বিভিন্ন যুক্তিসঙ্গত সুশৃঙ্খল পদ্ধতি, নিয়ম-কানুন, তত্ত্ব-উপাত্ত সংগ্রহ করেছেন।
দৃশ্যকল্প-২: শাইখ সিরাজ তার সংগৃহীত তত্ত্ব-উপাত্ত, কৌশল বাস্তবে কীভাবে প্রয়োগ করা যায় তা গণমাধ্যমে প্রচার করেন। আমাদের দেশের কৃষকেরা ও সাধারণ মানুষ ব্যাবহারিক জীবনে এ কৌশল প্রয়োগ করে সফলতা পেয়েছেন। ছাদ-কৃষি এর একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
১. কলা কী?
যুক্তিবিদ্যাকে সকল বিজ্ঞানের বিজ্ঞান বলা হয় কেন?
দৃশ্যকল্প-১ এ বর্ণিত বিষয়টির সাথে যুক্তিবিদ্যার সাদৃশ্য ব্যাখ্যা করো।
দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ কি যুক্তিবিদ্যার পরিপূর্ণ স্বরূপ নির্দেশ করে? তোমার মত দাও।
সমাধান ও উত্তর
(ক)
বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য আমাদের জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার নিয়ম-কানুন বা কলাকৌশলকে কলা (Art) বলে।
(খ)
সকল বিজ্ঞানকে যুক্তিবিদ্যার সাধারণ নিয়মাবলি অনুসরণ করতে হয় বলে যুক্তিবিদ্যাকে সকল বিজ্ঞানের বিজ্ঞান (Science of all Sciences) বলা হয়।
বিজ্ঞান হলো প্রকৃতির কোনো বিশেষ বিভাগ সম্পর্কে সুনিশ্চিত, সুশৃঙ্খল ও সুসংবদ্ধ জ্ঞান। প্রতিটি বিজ্ঞানের কিছু নিজস্ব নিয়ম ও পদ্ধতি রয়েছে। বিজ্ঞান এসব নিয়মনীতির আলোকে কোনো সত্যকে প্রতিষ্ঠিত করতে চায়। আর সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য প্রতিটি বিজ্ঞানকে যুক্তির ওপর নির্ভর হতে হয়। অর্থাৎ, সকল বিজ্ঞানই তার নিয়মের কাঠামোর জন্য যুক্তিবিদ্যার ওপর নির্ভরশীল। এজন্য যুক্তিবিদ্যাকে সকল বিজ্ঞানের বিজ্ঞান বলা হয়।
(গ)
দৃশ্যকল্প-১ এ বর্ণিত বিষয়টির সাথে যুক্তিবিদ্যার তাত্ত্বিক বা বিজ্ঞানের (Science) দিকটির সাদৃশ্য বিদ্যমান।
কোনো সাধারণ নিয়মের ভিত্তিতে প্রকৃতির একটি বিশেষ বিভাগ সম্বন্ধে সুনিশ্চিত, সুশৃঙ্খল ও সুসংবদ্ধ জ্ঞানকে বিজ্ঞান বলে। অর্থাৎ বিজ্ঞান কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান প্রদান করে। যেমন- পদার্থবিজ্ঞান পদার্থের গঠন ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করে। এর মাধ্যমে আমরা পদার্থ সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান অর্জন করি। যুক্তিবিদ্যাও অনুরূপ চিন্তা সম্পর্কিত কতগুলো সাধারণ নিয়ম প্রণয়নের মাধ্যমে যৌক্তিক সত্যতা অর্জনের চেষ্টা করে।
উদ্দীপকে দেখা যায়, গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কৃষি সম্পর্কিত যুক্তিসঙ্গত সুশৃঙ্খল জ্ঞান বা তথ্য সংগ্রহ করেছেন। যেসব নিয়ম অনুসরণ করলে ভালো ফসল উৎপাদন সম্ভব তা জেনেছেন। কৃষি সম্পর্কিত বিভিন্ন যুক্তিসঙ্গত সুশৃঙ্খল পদ্ধতি, নিয়ম-কানুন, তত্ত্ব- উপাত্ত সংগ্রহ করেছেন। যা যুক্তিবিদ্যার তাত্ত্বিক বা বিজ্ঞান বিষয়ক দিককে নির্দেশ করে।
(ঘ)
দৃশ্যকল্প-১ বিজ্ঞান ও দৃশ্যকল্প-২ কলা হিসেবে যুক্তিবিদ্যার পরিপূর্ণ স্বরূপকে নির্দেশ করে।
যুক্তিবিদ্যার প্রধানত দুটি দিক রয়েছে। একটি হলো তাত্ত্বিক বা বিজ্ঞান বিষয়ক দিক এবং অন্যটি হলো ব্যাবহারিক বা কলাবিদ্যা বিষয়ক দিক। প্রকৃতির কোনো বিশেষ বিভাগ সম্পর্কে অর্জিত সুশৃঙ্খল ও সুনির্দিষ্ট জ্ঞানকে বিজ্ঞান বলে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ দেখতে পাই, গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কৃষি সম্পর্কিত যুক্তিসংগত সুশৃঙ্খল জ্ঞান সংগ্রহ করেছেন। যেসব নিয়ম অনুসরণ করলে ভালো ফসল উৎপাদন সম্ভব তা জেনেছেন। কৃষি সম্পর্কিত বিভিন্ন যুক্তিসঙ্গত সুশৃঙ্খল পদ্ধতি, নিয়ম-কানুন, তত্ত্ব-উপাত্ত সংগ্রহ করেছেন। এভাবে বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যা যৌক্তিক সত্যতা অর্জনের লক্ষ্যে কিছু সাধারণ নিয়ম আবিষ্কার করে।
অপরদিকে, বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য আমাদের জ্ঞানকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করার নিয়ম-কানুন বা কলাকৌশলকে কলা বলে। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ শাইখ সিরাজ তার সংগৃহীত তত্ত্ব-উপাত্ত, কৌশল বাস্তবে কীভাবে প্রয়োগ করা যায় তা গণমাধ্যমে প্রচার করেন। আমাদের দেশের কৃষকেরা ও সাধারণ মানুষ ব্যাবহারিক জীবনে এ কৌশল প্রয়োগ করে সফলতা পায়। তাই বলা যায়, কলা হিসেবে যুক্তিবিদ্যা এসব নিয়মকে আমাদের বাস্তব চিন্তাক্ষেত্রে সুষ্ঠুভাবে প্রয়োগের মাধ্যমে সত্যতাকে আবিষ্কার করতে সহায়তা করে।
আলোচনা শেষে বলা যায়, যুক্তিবিদ্যা একাধারে একটি তাত্ত্বিক ও ব্যাবহারিক বিজ্ঞান। এজন্য যুক্তিবিদ্যায় তত্ত্ব ও প্রয়োগ উভয়ই বিদ্যমান। তাই যুক্তিবিদ্যাকে কেউ বিজ্ঞান ও কেউ কলা বললেও এটি উভয়ের একটি সামগ্রিক রূপ। আর উদ্দীপকে এর পরিপূর্ণ প্রকাশ ঘটেছে।
রাতুল তার ছোট ভাই সোহানকে বলল, পাঠ্যবিষয় হিসেবে তুমি এমন বিষয় নির্বাচন করবে যে বিষয়ে রয়েছে নির্ধারিত সুশৃঙ্খল আলোচ্য বিষয় এবং আলোচ্য বিষয় ব্যাখ্যার জন্য রয়েছে পর্যাপ্ত নিয়মকানুন। রাতুলের কথা শুনে মামুন বলল, তুমি এমন বিষয় নির্বাচন করো যে বিষয়ে কর্ম সম্পাদনের কলাকৌশল শিক্ষা দেয় এবং তা বৈজ্ঞানিক জ্ঞানের ওপর নির্ভরশীল ।
২. আরোহ কী ?
যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয় কেন ?
উদ্দীপকে রাতুলের বক্তব্য যুক্তিবিদ্যার কোন বিষয়কে নির্দেশ করে ?
উদ্দীপকে রাতুল ও মামুনের বক্তব্য পঠিত বিষয়ের আলোকে বিশ্লেষণ কর ।
সমাধান ও উত্তর
(ক)
যে অনুমানের সিদ্ধান্তটি সবসময়ই আশ্রয়বাক্যগুলো থেকে বেশি ব্যাপক তাকে আরোহ বলে ।
(খ)

যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয়। কারণ এটা সত্যের আদর্শের ভিত্তিতে বিষয়বস্তুর মূল্যায়ন করে। আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলতে বোঝায়, যা সবসময় একটা আদর্শের ভিত্তিতে বিষয়বস্তুর মান নির্ধারণ করে। যুক্তিবিদ্যার এই আদর্শ হচ্ছে সত্যের আদর্শ। যুক্তিবিদ্যা সত্যের আদর্শের ভিত্তিতে বৈধ যুক্তিপদ্ধতির নিয়মাবলি আবিষ্কার করে এবং এ নিয়মাবলির আলোকে সেগুলোর মূল্য নিরূপণ করে। মানুষ কীভাবে চিন্তা করে বা অনুমান করে তা যুক্তিবিদ্যার কাজ নয় বরং কোন নিয়ম অনুসরণ করলে ভুল বা মিথ্যা বর্জন করে সত্যকে গ্রহণ করা যায় তা নির্ধারণ করাই যুক্তিবিদ্যার কাজ ।

সুতরাং যুক্তিবিদ্যা যেহেতু আদর্শের ভিত্তিতে বিষয়বস্তুর মূল্যায়ন করে সেহেতু এটা একটা আদর্শনিষ্ঠ বিজ্ঞান'।

(গ)

উদ্দীপকে রাতুলের বক্তব্য যুক্তিবিদ্যার বিজ্ঞানবিষয়ক আলোচনা নির্দেশ করে ।

সাধারণত বিজ্ঞান বলতে প্রকৃতির কোনো বিষয়কে সুসংবদ্ধ ও সুশৃঙ্খলভাবে আয়ত্ত করাকে বোঝায়। বিজ্ঞানের বিভিন্ন বিভাগ থাকতে পারে। তবে এর কিছু সাধারণ নিয়ম বা বৈশিষ্ট্য সকল ক্ষেত্রেই বিদ্যমান থাকে। যুক্তিবিদ্যা বিজ্ঞান এ কারণে যে এটা নির্ভুল চিন্তার নিয়মাবলির নির্দেশ প্রদান করে এবং বিশুদ্ধ চিন্তা কীভাবে করতে হয় তা তুলে ধরে। এছাড়া বিজ্ঞানের মতো এখানে সুশৃঙ্খল ও নির্ধারিত আলোচ্য বিষয় রয়েছে।

উদ্দীপকে রাতুল তার ছোট ভাই সোহানকে পরামর্শ দিয়ে বলল, পাঠ্যবিষয় হিসেবে এমন বিষয় নির্বাচন করবে যার রয়েছে সুশৃঙ্খল আলোচ্য বিষয় এবং এগুলো ব্যাখ্যার পর্যাপ্ত নিয়মকানুন। রাতুলের উক্ত বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায়, সে বিজ্ঞান বিষয়কে নির্দেশ করেছে। অর্থাৎ রাতুল তার ভাইকে বিষয় হিসেবে বিজ্ঞান বিভাগ গ্রহণ করার পরামর্শ দিয়েছে। কেননা একমাত্র বিজ্ঞানের মধ্যে রয়েছে সুশৃঙ্খল এবং সুসংবদ্ধ আলোচ্য বিষয় এবং আলোচ্য বিষয় বর্ণনার পর্যাপ্ত নিয়মকানুন । কারণ বিজ্ঞানের কতকগুলো বিভাগ রয়েছে, যেগুলো বর্ণনার জন্য সুনির্দিষ্ট নিয়মনীতি খুব প্রয়োজন ।

সুতরাং বলা যায়, উদ্দীপকে রাতুলের বক্তব্য দ্বারা স্পষ্ট প্রমাণিত হয়, সে বিজ্ঞান বিভাগ নিয়ে কথা বলেছেন ।

এটি বিজ্ঞানধর্মী সুশৃঙ্খল জ্ঞানের বৈশিষ্ট্যের উপমা; কেবল বিজ্ঞান বিভাগেই এমন গঠন আছে বা রাতুল আনুষ্ঠানিকভাবে কলেজের বিজ্ঞান বিভাগ নিতে বলেছেন—এ তথ্য উদ্দীপকে নেই।

(ঘ)

উদ্দীপকে রাতুলের বক্তব্যটি বিজ্ঞান এবং মামুনের বক্তব্যটি কলাবিদ্যার সাথে সম্পর্কিত

রাতুল একটি সুশৃঙ্খল বিষয়ের কথা বলেছেন যার ব্যাখ্যার জন্য পর্যাপ্ত নিয়মনীতি থাকবে। এ বিষয়টি বিজ্ঞানকে নির্দেশ করে। বিজ্ঞান হলো কোনো সাধারণ নিয়মের ভিত্তিতে প্রকৃতির কোনো একটি বিশেষ বিষয়ের সুশৃঙ্খল নির্দিষ্ট রূপ। বিজ্ঞান বস্তুগত বা আকারগতভাবে গবেষণাযোগা । বিজ্ঞানের একটা সুনির্দিষ্ট বিষয়বস্তু থাকে। এই বিষয়বস্তু বস্তুনিষ্ঠ অথবা আকারগতভাবে গবেষণা করা যায়। বিজ্ঞানের আলোচনার পদ্ধতি অত্যন্ত সুশৃঙ্খল। অপরদিকে, মামুনের বক্তব্য কলাবিদ্যাকে নির্দেশ করে। সে সোহানকে বলে, এমন বিষয় গ্রহণ করবে যা কর্মসম্পাদনের কলাকৌশল শিক্ষা দেয় এবং তা বিজ্ঞান থেকে প্রাপ্ত জ্ঞানের ওপর নির্ভরশীল। কলাবিদ্যা এমন একটা বিষয় যা জ্ঞানকে সঠিকভাবে ব্যবহার বা প্রয়োগ করার রীতিনীতি শিক্ষা দেয়। কলাবিদ্যাকে কেউ কেউ দক্ষতা, পারদর্শিতা অর্থে গ্রহণ করেন। এক্ষেত্রে কলাবিদ্যা কোনোকিছু করার দক্ষতাকেই নির্দেশ করে। কলাবিদ্যাকে আবার কেউ কেউ কোনো বিশেষ জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার কলাকৌশল হিসেবে গ্রহণ করে থাকে।

বিজ্ঞান ও কলা তাদের নিজস্ব প্রকৃতি নিয়ে অবস্থান করে। তারপরও তাদের মধ্যে 'একটা সমন্বয় আছে। বিজ্ঞান যে জ্ঞানের নির্দেশ দেয় তার থেকে ধারণা নিয়ে তাকে বাস্তবে প্রয়োগ করা হলে সেটা কলাবিদ্যা হয় । পরিশেষে বলা যায়, উদ্দীপকে রাতুলের বক্তব্য বিজ্ঞানকে এবং মামুনের বক্তব্য কলাকে নির্দেশ করে। মামুন তার বক্তব্যের মাধ্যমে দেখানোর চেষ্টা করে, আমরা বিজ্ঞান থেকে প্রাপ্ত জ্ঞানকে কলাবিদ্যা হিসেবে বাস্তবে প্রয়োগ করতে পারি।

কলকাতায় অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচ ছিল ব্যতিক্রমী। এই ম্যাচটি দিন-রাত্রিতে অনুষ্ঠিত হয়। এই ম্যাচে গোলাপি রঙের বলে খেলা হয়। ম্যাচটি ব্যতিক্রমী হওয়ায় অনেকে বলে সর্বনাশ, আবার অনেকে বলে সাবাস, ক্রিকেট বোর্ড।
৩. পদ কী ?
শব্দ কত প্রকার ও কী কী ?
উদ্দীপকে “দিন-রাত্রি' কোন পদকে নির্দেশ করছে ব্যাখ্যা কর।
উদ্দীপকের শেষ বাক্যের সর্বনাশ, সাবাস শব্দগুলোর অবস্থা পাঠ্যবইয়ের আলোকে তোমার মতামত বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হওয়ার যোগ্যতাসম্পন্ন শব্দ বা শব্দসমষ্টিকে পদ বলে।
(খ)
শব্দ তিন প্রকার। যথা- ১. পদযোগ্য শব্দ, ২. সহপদযোগ্য শব্দ ও ৩. পদ-নিরপেক্ষ শব্দ ।
(গ)

উদ্দীপকে দিন-রাত্রি যুক্তিবিদ্যায় সাপেক্ষ পদকে নির্দেশ করেছে।

উদ্দীপকে উল্লিখিত দিন-রাত্রি সাপেক্ষ পদকে নির্দেশ করেছে। কেননা এদের কোনো স্বয়ংসম্পূর্ণ অর্থ নেই। অর্থাৎ যে পদের কোনো স্বয়ংসম্পূর্ণ অর্থ নেই অর্থাৎ যে পদকে বুঝতে হলে অপর পদের সাহায্য নিতে হয় তাকে সাপেক্ষ পদ বলে। সাপেক্ষ পদ একে অপরের ওপর নির্ভরশীল । একটি ব্যতীত অন্যটি স্বয়ংসম্পূর্ণ নয়। যেমন উদ্দীপকের দিন-রাত্রি শব্দগুলো অর্থ প্রকাশের জন্য পরস্পর নির্ভরশীল। কেননা 'দিন' পদটিকে ‘রাত্রি' পদটির সাথে যুক্ত না করলে কোনো সুস্পষ্ট অর্থ হয় না। বাস্তবে দিন ছাড়া রাত্রির কোনো অস্তিত্ব নেই। তাই উদ্দীপকের দিন-রাত্রি সাপেক্ষ পদ নির্দেশ করেছে।

এটি পরস্পরবিরোধী আলোকাবস্থার তুলনামূলক ব্যাখ্যা; দিন শব্দটি একা অর্থহীন নয়। দিন–রাত্রিকে সাপেক্ষ পদ ধরা পাঠ্যচর্চার বিষয়, কিন্তু নির্দিষ্ট সময়ের পরিচয় দিতে দুই শব্দ একসঙ্গে উচ্চারণ করতে হয় না।

(ঘ)

শেষ বাক্যে সর্বনাশ ও সাবাস আবেগ বা প্রতিক্রিয়ার উচ্চারণ। এ ব্যবহারে এগুলো কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে দাবি করছে না, তাই পদঅযোগ্য বা পদনিরপেক্ষ শব্দের উদাহরণ। এটি নিরপেক্ষ পদ নামের ভিন্ন শ্রেণি নয়।

তবে সর্বনাশ শব্দ অন্য ঘোষক বাক্যে উদ্দেশ্য হতে পারে, আর কোনো শব্দ উদ্ধৃত করে ভাষাবিষয়ক আলোচনার বিষয় করাও যায়। তাই আবেগসূচক ব্যবহার ও অন্য সম্ভাব্য ব্যবহার আলাদা রাখতে হবে। উৎসে দেওয়া দীর্ঘ বাক্য–যুক্তিবাক্য পার্থক্যের তালিকা এই নির্দিষ্ট প্রশ্নের সরাসরি উত্তর নয়।

ফাহিম তার বন্ধু রাতুলকে বললো "কোনো ফুল নয় অসুন্দর।” তা শুনে রাতুল বললো, “প্রত্যেক গোলাপ হয় সুগন্ধী ফুল।" তাদের কথা শুনে মৃদুল বললো, “কিছু গোলাপ হয় লাল।"
৪. পদের ব্যাপ্তি কী?
বিশেষ নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় পদটি ব্যাপ্য হয় কেন?
উদ্দীপকে রাতুলের বক্তব্যে নির্দেশিত যুক্তিবাক্যের পদের ব্যাপ্যতা দেখাও।
উদ্দীপকে ফাহিম ও মৃদুলের বক্তব্যে নির্দেশিত যুক্তিবাক্যে ব্যাপ্যতার তুলনা করো।
সমাধান ও উত্তর
(ক)
একটি যুক্তিবাক্যে যখন কোনো পদ তার সম্পূর্ণ ব্যক্ত্যর্থের ভিত্তিতে প্রকাশিত হয়, তখন ঐ পদকে ব্যাপ্য পদ বা ব্যাপ্তি বলে।
(খ)
যে যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থকে অস্বীকার করে তাকে বিশেষ নঞর্থক যুক্তিবাক্য বলে। যেমন- কিছু মানুষ নয় বুদ্ধিমান। এ যুক্তিবাক্যকে 'O' যুক্তিবাক্য বলা হয়। O-যুক্তিবাক্যটি বিশেষ হওয়ার কারণে উদ্দেশ্য পদ ব্যাপ্য নয় কিন্তু উদ্দেশ্য পদকে অস্বীকার করার কারণে বিধেয় পদ ব্যাপ্য হয়। অর্থাৎ O যুক্তিবাক্যটি বিশেষ হওয়ায় উদ্দেশ্য পদটি তার পূর্ণ ব্যক্ত্যর্থ নিয়ে ব্যবহৃত হতে পারে না তাই উদ্দেশ্য পদ অব্যাপ্য কিন্তু নঞর্থক হওয়ার কারণে বিধেয় পদটি পূর্ণ ব্যক্ত্যর্থ নিয়ে ব্যবহৃত হয়েছে তাই বিধেয় পদটি ব্যাপ্য।
(গ)

উদ্দীপকে রাতুলের বক্তব্যে নির্দেশিত যুক্তিবাক্যটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য।নিচে তা দেখানো হলো-

যে যুক্তিবাক্যের বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদের সম্পূর্ণ ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনো কিছু স্বীকার করা হয় তাকে সার্বিক সদর্থক যুক্তিবাক্য বলে। যেমন- সকল মানুষ হয় মরণশীল। এ যুক্তিবাক্যে বিধেয় মরণশীল পদটি উদ্দেশ্য মানুষ পদের সম্পূর্ণ ব্যক্ত্যর্থের উপর হ্যাঁ সূচকভাবে আরোপিত হয়েছে। ব্যাপ্যতার দিক থেকে উদ্দেশ্য পদ মানুষ ব্যাপ্য। কারণ সকল মানুষকে নির্দেশ করেছে। কিন্তু বিধেয় পদ মরণশীল সামগ্রিক অর্থ গ্রহণ করেনি। তাই এটি অব্যাপ্য।

উদ্দীপকে বলা হয়েছে রাতুল বলেছেন, প্রত্যেক গোলাপ হয় সুগন্ধি ফুল। এটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য। কারণ, উদ্দেশ্য পদ গোলাপকে বিধেয় পদ সুগন্ধি দ্বারা স্বীকার করেছে। ব্যাপ্যতার দিক থেকে উদ্দেশ্য পদ গোলাপ সকল গোলাপকে নির্দেশ করেছে তাই এ পদটি ব্যাপ্য। কিন্তু বিধেয়পদ সুগন্ধি দ্বারা সামগ্রিক অর্থ গ্রহণ করেনি তাই অব্যাপ্য। তাই বলা যায়, উদ্দীপকে রাতুলের বক্তব্যে নির্দেশিত যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য এবং বিধেয় পদ অব্যাপ্য।

(ঘ)

উদ্দীপকে ফাহিমের বক্তব্যে নির্দেশিত যুক্তিবাক্যটি সার্বিক নঞর্থক ও মৃদুলের বক্তব্যে নির্দেশিত যুক্তিবাক্যটি বিশেষ সদর্থক যুক্তিবাক্য।নিচে নঞর্থক ও সদর্থক যুক্তিবাক্যের ব্যাপ্যতার তুলনা করা হলো-

যে যুক্তিবাক্যের বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদের সম্পূর্ণ ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনো কিছু অস্বীকার করা হয় তাকে সার্বিক নঞর্থক যুক্তিবাক্য বলে। যেমন— কোনো মানুষ নয় অমর। এ যুক্তিবাক্যের বিধেয় অমর পদটি উদ্দেশ্য মানুষ পদের সমগ্র ব্যক্ত্যর্থ অস্বীকার করেছে। তাই ব্যাপ্যতার দিক থেকে সার্বিক যুক্তিবাক্য হওয়ার কারণে উদ্দেশ্য পদ ব্যাপ্য এবং অস্বীকার করার কারণে বিধেয় পদটি ব্যাপ্য। আবার যে যুক্তিবাক্যে বিধেয় পদ দ্বারা উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনো কিছু স্বীকার করা হয় তাকে বিশেষ সদর্থক যুক্তিবাক্য বলে। যেমন- কিছু মানুষ হয় সৎ।

উদ্দীপকে ফাহিম এর নির্দেশিত যুক্তিবাক্য “কোনো ফুল নয় অসুন্দর।” এখানে বিধেয় পদ অসুন্দর দ্বারা উদ্দেশ্য পদ ফুলকে অস্বীকার করেছে। তাই এটি সার্বিক নঞর্থক যুক্তিবাক্য। সার্বিক নঞর্থক যুক্তিবাক্যে উদ্দেশ্য পদ ব্যাপ্য এবং নঞর্থক হওয়ায় বিধেয় পদ ব্যাপ্য। আবার মৃদুল এর নির্দেশিত যুক্তিবাক্য "কিছু গোলাপ হয় লাল"। এখানে বিধেয় পদ 'লাল' দ্বারা উদ্দেশ্য পদ গোলাপকে স্বীকার করেছে। তাই এটি বিশেষ সদর্থক যুক্তিবাক্য। ব্যাপ্যতার দিক থেকে এর উদ্দেশ্য পদ আংশিক হওয়ায় অব্যাপ্য, আবার উদ্দেশ্যকে স্বীকার করার কারণে বিধেয় পদ অব্যাপ্য। অর্থাৎ উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই অব্যাপ্য।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।