কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা ২০২৫

এইচএসসি · যুক্তিবিদ্যা ১ম পত্র

কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা ২০২৫

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

X বললো, যুক্তিবিদ্যায় মানবীয় চিন্তার স্বরূপ ও আকার যেমন: Law of Identity, Law of Contradiction ইত্যাদি আলোচিত হয়।
Y বললো, যুক্তিবিদ্যা মূল্যবিদ্যার একটি শাখা যেখানে পর্যবেক্ষণ, তুলনা, বিশ্লেষণ, সংজ্ঞা, পরীক্ষা, যুক্তির বিকৃতি ইত্যাদি সকল ক্ষেত্রে সকল সময়ে পরিলক্ষিত হয় এবং এই প্রক্রিয়া ধারাবাহিক ও চলমান প্রক্রিয়া।
১. যুক্তিবিদ্যার আদিগুরু কে?
যুক্তিবিদ্যা কী বিজ্ঞান না কলা? ব্যাখ্যা করো।
X এর বক্তব্যে যুক্তিবিদ্যার কোন দিক নির্দেশিত? ব্যাখ্যা করো।
Y এর বক্তব্যে যুক্তিবিদ্যার যে দিকের প্রতিফলন দেখা যায় তা বিশ্লেষণ করো।
সমাধান ও উত্তর
(ক)
যুক্তিবিদ্যার আদিগুরু এরিস্টটল।
(খ)
যুক্তিবিদ্যাকে কলা ও বিজ্ঞান উভয়ই বলা হয়।
যুক্তিবিদ মিল (Mill) ও হোয়েটলি (Whately) 'যুক্তিবিদ্যাকে বিজ্ঞান ও কলা উভয়ই বলে ব্যাখ্যা করেছেন। কেননা বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যার নিজস্ব বিষয়বস্তু রয়েছে এবং আকারগতভাবে তার বিষয়বস্তুকে যথার্থই আলোচনা করে। এছাড়া যুক্তিবিদ্যার আলোচনা পদ্ধতিও সুশৃঙ্খল ও নিয়মনির্ভর। আবার যুক্তিবিদ্যা আকারগত বিজ্ঞান হিসেবে বৈধ যুক্তির কিছু নিয়মকানুন ও কলা-কৌশল শিক্ষা দেয় যা বাস্তবে প্রয়োগযোগ্য। তাই বলা যায়, যুক্তিবিদ্যা কলা ও বিজ্ঞান উভয়ই।
(গ)

X এর বক্তব্যে যুক্তিবিদ্যার যৌক্তিক চিন্তার মৌলিক সূত্রের দিকটি নির্দেশিত হয়েছে।

এরিস্টটল হলেন যুক্তিবিদ্যার ভিত্তি। এরিস্টটলীয় যুক্তিবিদ্যায় যৌক্তিক চিন্তার মৌলিক মূলসূত্র দেখতে পাই। এই মূলসূত্র হলো চারটি। যথা: অভেদ নিয়ম (Law of Identity), বিরোধ নিয়ম (Law of contradiction), নির্মধ্যম নিয়ম (Law of Excluded Middle) ও পর্যাপ্ত হেতু নিয়ম (Law of Sufficient Reason)। এগুলো প্রচলিত পাঠ্য আলোচনার সূত্র; সব আধুনিক যুক্তিব্যবস্থার একমাত্র ভিত্তি নয়।
উদ্দীপকের X এর বক্তব্য অনুসারে যুক্তিবিদ্যায় মানবীয় চিন্তার স্বরূপ ও আকার আলোচিত হয়। যুক্তিবিদ্যাকে আমরা সাধারণত চিন্তার বিজ্ঞান বলে থাকি। কিন্তু মনের সব চিন্তাই যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় নয়। যেমন 'আবেগ' অনুভূতি, ইচ্ছা, এগুলো হচ্ছে মনোবিজ্ঞানের বিষয়বস্তু। কিন্তু যুক্তিবিদ্যার বিষয়বস্তু হলো- চিন্তা। আর এ 'চিন্তা' হলো ভাষায় প্রকাশিত চিন্তা বা যুক্তি। তাই বলা যায়, যুক্তিবিদ্যা মানবীয় চিন্তার স্বরূপ বা আকার নিয়ে আলোচনা করে।

পর্যাপ্ত হেতুর সূত্রকে এরিস্টটলের অপর তিন সূত্রের সঙ্গে অভিন্ন ঐতিহাসিক উৎস বলে ধরে নেওয়া ঠিক নয়। একে যুক্তিবিদ্যার সব শাখায় একই মর্যাদার স্বতঃসিদ্ধও ধরা হয় না।

(ঘ)

Y এর বক্তব্যে যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশের দিকটির প্রতিফলন দেখা যায়।

যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশের দিকে লক্ষ করলে দেখা যায় গ্রিক দার্শনিক এরিস্টটল (খ্রিষ্টপূর্ব ৩৮৪-খ্রিষ্টপূর্ব ৩২২) থেকে যুক্তিবিদ্যার যাত্রা শুরু হয়। তাঁর দার্শনিক চিন্তার মধ্য দিয়েই যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশ। যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ Logic শব্দটি গ্রিক 'Logike' শব্দ থেকে এসেছে। Logike শব্দটি আবার 'Logos' শব্দের বিশেষণ। এই 'Logos' শব্দের অর্থ চিন্তা, শব্দ বা ভাষা। তাই উৎপত্তিগত অর্থে যুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত চিন্তারবিজ্ঞান।

দর্শনের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, দর্শনের তিনটি শাখা জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা ও মূল্যবিদ্যার মধ্যে মূল্যবিদ্যার কাজ হলো সত্য, সুন্দর ও মঙ্গলের আদর্শের প্রেক্ষিতে বিষয়বস্তুকে মূল্যায়ন করা। যুক্তিবিদ্যা এই মূল্যবিদ্যার একটি বিশেষ শাখা। এরিস্টটল প্রথম উপলব্ধি করেন বিচার মূলক চিন্তা পদ্ধতি নিয়ে একটি বিশিষ্ট বিজ্ঞানের বিষয়বস্তু গড়ে উঠতে পারে। মূলত তাঁর সময়কাল থেকেই যুক্তিবিদ্যা নানা রকম পরিবর্তন ও পরিবর্ধনের মধ্য দিয়ে বিরামহীনভাবে এগিয়ে চলেছে। দৃষ্টিভঙ্গির ভিন্নতার কারণে যুক্তিবিদ্যার স্বরূপ, বৈশিষ্ট্য, আলোচ্য বিষয় ও পরিসর সম্পর্কে যুক্তিবিদদের মধ্যে পারস্পরিক ভিন্নমত সৃষ্টি হয়েছে। এ সমস্ত ভিন্নমত নিয়েই যুক্তিবিদ্যা তার ক্রমবিকাশের ধারা অটুট রেখেছে। পর্যবেক্ষণ, তুলনা, বিশ্লেষণ, সংশ্লেষণ, সংজ্ঞা, পরীক্ষা, ত্রুটি, যুক্তির বিকৃতি, যুক্তির অপপ্রয়োগ এ সকল বিষয় বিভিন্ন সময়ে যুক্তিবিদ্যার মধ্যে অন্তর্ভুক্ত হয়।

আলোচনা শেষে তাই বলা যায়, যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশের সাথে উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলো ওতপ্রোতভাবে জড়িত।

এটি প্রচলিত পাঠ্যভিত্তিক ব্যাখ্যা। যুক্তির আনুষ্ঠানিক পদ্ধতিতে এরিস্টটলের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও তাঁর আগে যুক্তিবিষয়ক চিন্তা ছিল না বলা যায় না। মূল্যবিদ্যার শাখা হিসেবে স্থান দেওয়াও একটি শ্রেণিবিভাগ, সব দর্শনপদ্ধতির সর্বসম্মত অবস্থান নয়।

গুচ্ছ-১: মানুষ, পাখি, সাদা
গুচ্ছ-২: হায়!, উঃ!, বাহ!
২. পদের ইংরেজি শব্দ কী?
'সকল পদই শব্দ কিন্তু প্রত্যেকটি শব্দ পদ নয়'- ব্যাখ্যা করো।
গুচ্ছ-১ এর শব্দগুলো কী পদ? যুক্তিবিদ্যার আলোকে ব্যাখ্যা করো।
গুচ্ছ-২ এর শব্দগুলো কি পদ হিসেবে যুক্তিবাক্যে ব্যবহারযোগ্য? ব্যাখ্যা করো।
সমাধান ও উত্তর
(ক)
পদের ইংরেজি শব্দ হলো Term।
(খ)

সকল শব্দই একটি যুক্তিবাক্যের উদ্দেশ্যে বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারেনা। তাই সকল পদ শব্দ হলেও সকল শব্দই পদ নয়।

শব্দ হলো অর্থপূর্ণ বর্ণ বা বর্ণ সমষ্টি। যেসব শব্দ কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় সেসব শব্দকে পদ বলে। আমরা পারস্পরিক যোগাযোগ রক্ষার জন্য বিভিন্ন শব্দ ব্যবহার করি। কিন্তু সকল শব্দ যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় না। অসংখ্য শব্দের মধ্য থেকে কেবল একটি অংশই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে। আর পদ যেহেতু শব্দ দ্বারা গঠিত হয়, তাই 'সকল পদই শব্দ কিন্তু সকল শব্দই পদ নয়'।

(গ)

গুচ্ছ-১ এর শব্দগুলো নিরপেক্ষ পদ।

যুক্তিবিদ্যায় যুক্তির উপাদান হিসেবে পদ খুবই গুরুত্বপূর্ণ। পদ দ্বারা যুক্তিবাক্য গঠিত হয়। যে শব্দ বা শব্দ সমষ্টি কোন যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা হতে পারে সেসব শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলে পদকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়ে থাকে। এর মধ্যে পদের অর্থের স্বয়ংসম্পূর্ণতার ভিত্তিতে পদকে দুই ভাগে ভাগ করা যায়, যার একটি হল নিরপেক্ষ পদ। যে পদ অন্য কোনো পদের সাহায্য ছাড়াই বোধগম, হতে পারে তাকে নিরপেক্ষ পদ বলে। এই নিরপেক্ষ পদ অর্থ প্রকাশের দিক থেকে স্বাধীন। অর্থাৎ নিরপেক্ষ পদকে অর্থ প্রকাশের জন্য অন্য পদের ওপর নির্ভর করতে হয় না।

গুচ্ছ-১ এর শব্দগুলো হলো মানুষ, পাখি, সাদা। এসব পদ অর্থ প্রকাশের জন্য অন্য পদের ওপর নির্ভরশীল নয়। কেননা মানুষ, পাখি, সাদা প্রত্যেকটি পদের নিজস্ব অর্থ বিদ্যমান। অর্থাৎ এ পদের অর্থ অন্য পদের সাহায্য ছাড়াও বোঝা যায়। তাই বলা যায়, গুচ্ছ-১ এর শব্দগুলো তার অর্থের জন্য অন্য পদের ওপর নির্ভরশীল নয়। এজন্য পদগুলো প্রকৃতিগতভাবে নিরপেক্ষ পদ।

(ঘ)

না, গুচ্ছ-২ এ উল্লেখিত হায়! উঃ! বাহ! শব্দগুলো পদ হিসেবে ব্যবহৃত হতে পারে না। কারণ এগুলো পদ নিরপেক্ষ শব্দ।

পদ হওয়ার যোগ্যতা-অযোগ্যতার ভিত্তিতে যুক্তিবিদরা শব্দকে তিনভাগে ভাগ করেছেন। তার মধ্যে পদ নিরপেক্ষ শব্দ একটি। যে শব্দ স্বাধীনভাবে কোন যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না; এমনকি কোন পদের সাহয্য নিয়েও যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হতে পারে না তাকে পদ অযোগ্য বা পদ নিরপেক্ষ শব্দ বলা হয়। পদ অযোগ্য শব্দ কখনোই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না। যেমন- ছি! ছি! আহা, ওহো, মরি। মরি। ইত্যাদি।

উদ্দীপকের গুচ্ছ-২ এ হায়!, উঃ!, বাহ। শব্দগুলো ব্যবহার করা হয়েছে। এ শব্দগুলো পদ নিরপেক্ষ শব্দ। পদ নিরপেক্ষ শব্দকে পদ অযোগ্য শব্দ বলে। পদ নিরপেক্ষ শব্দ আদৌ কোন পদ নয়। কারণ যুক্তিবাক্যে তাদের স্থান নেই। এরূপ শব্দ সব সময়ই যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হওয়ার অযোগ্য। মূলত ব্যাকরণের শব্দসমূহের মধ্যে বিস্ময়সূচক শব্দসমূহ পদ অযোগ্য শব্দরূপে গণ্য হয়।

পরিশেষে বলা যায়, গুচ্ছ-২ এ উল্লেখিত হায়! উঃ! বাহ! শব্দগুলো পদ নিরপেক্ষ শব্দ। এ শব্দগুলো পদ হওয়ার যোগ্যতা রাখে না। তাই এ শব্দগুলো যুক্তিবাক্যে ব্যবহারের অযোগ্য।

এটি আবেগসূচক ব্যবহারটির কথা। উদ্ধৃত শব্দ নিজেই ভাষাবিষয়ক আলোচনায় উদ্দেশ্য হতে পারে; শব্দের সব ব্যবহারকে একসঙ্গে অযোগ্য বলা যায় না।

দৃষ্টান্ত-১: সকল কুমার হয় অবিবাহিত।
দৃষ্টান্ত-২: সকল মানুষ হয় মরণশীল।
দৃষ্টান্ত-৩: যদি X আসে, তাহলে আমি যাব।
দৃষ্টান্ত-৪: Y হয় নির্বোধ, না হয় ভীরু।
৩. গুণ অনুসারে যুক্তিবাক্য কয় প্রকার?
ব্যাহতার্থক পদ বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।
দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ এর বাক্যগুলিতে যুক্তিবাক্যের কোন প্রকারের প্রতিফলন দেখা যায়? ব্যাখ্যা করো।
দৃষ্টান্ত-৩ ও দৃষ্টান্ত-৪ এর বাক্যগুলিতে যুক্তিবাক্যের যে প্রকারের প্রতিফলন হয়েছে, তা বিশ্লেষণপূর্বক ব্যাখ্যা করো।
সমাধান ও উত্তর
(ক)
গুণ অনুসারে যুক্তিবাক্য ২ প্রকার।
(খ)
ব্যাহতার্থক পদ কোনো প্রাসঙ্গিক স্বাভাবিক বা প্রত্যাশিত ক্ষমতা বা গুণের অভাব বোঝায়, যেমন দৃষ্টিশক্তির অভাব। সেই অভাব সাময়িকই হতে হবে না; স্থায়ীও হতে পারে। সাধারণ নঞর্থক পদ শুধু কোনো গুণের অস্বীকৃতি জানাতে পারে, ব্যাহতার্থকে প্রত্যাশিত ক্ষমতার প্রসঙ্গ গুরুত্বপূর্ণ। ব্যক্তিকে হেয় করা নয়, পদের অর্থগত ধরনই এখানে আলোচ্য।
(গ)

দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ এর বাক্যগুলিতে যুক্তিবাক্যের সার্বিক যুক্তিবাক্যের প্রতিফলন দেখা যায়।

পরিমাণ অনুসারে যুক্তিবাক্যকে দুই ভাগে ভাগ করা যায়; তার মধ্যে একটি হলো সার্বিক যুক্তিবাক্য। যে যুক্তিবাক্যের বিধেয় পদ দ্বারা সমগ্র উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে সার্বিক যুক্তিবাক্য বলে। যেমন- সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন'। এখানে বিধেয় পদ 'বুদ্ধিবৃত্তিসম্পন্ন' কে সমগ্র মানুষ শ্রেণি সম্পর্কে স্বীকার করা হয়েছে। আবার 'কোন মানুষ নয় অমর'। এখানে অমর বিধেয় পদটিকে সমগ্র মানুষ শ্রেণি সম্পর্কে অস্বীকার করা হয়েছে। অর্থাৎ বাক্যের বিধেয় পদকে যদি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থের উপর আরোপ করা হয় তখন তাকে সার্বিক যুক্তিবাক্য বলে।

দৃষ্টান্ত-১ এর বাক্যটি হলো- 'সকল কুমার হয় অবিবাহিত'। এখানে বিধেয় পদ 'অবিবাহিত' কে সমগ্র কুমার শ্রেণি সম্পর্কে স্বীকার করা হয়েছে। আবার দৃষ্টান্ত-২ এর বাক্যটি হলো- 'সকল মানুষ মরণশীল'। এখানেও বিধেয় পদ মরণশীলকে সমগ্র মানুষ শ্রেণি সম্পর্কে স্বীকার করা হয়েছে। অর্থাৎ দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ এর বাক্যগুলি পরিমাণের দিক দিয়ে সাবিক যুক্তিবাক্য।

(ঘ)

দৃষ্টান্ত-৩ এর যুক্তিবাক্যে প্রাকল্পিক যুক্তিবাক্য ও দৃষ্টান্ত-৪ এর যুক্তিবাক্যে বৈকল্পিক যুক্তিবাক্যের প্রতিফলন হয়েছে।

সম্বন্ধের ভিত্তিতে বিভক্ত সাপেক্ষে যুক্তিবাক্যকে দুই ভাগে ভাগ করা যায়। যথা- প্রাকল্পিক যুক্তিবাক্য এবং বৈকল্পিক যুক্তিবাক্য। সে সাপেক্ষ যুক্তিবাক্য 'যদি...... তাহলে' বা অনুরূপ কোনো শর্ত দ্বারা যুক্ত হয়ে যুক্তিবাক্য গঠন করে তাকে প্রাকল্পিক যুক্তিবাক্য বলে। প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে বলা হয় 'পূর্বগ' এবং দ্বিতীয় অংশকে বলা হয় 'অনুগ'। যেমন: 'যদি মেঘ হয় তাহলে বৃষ্টি হবে।' যেহেতু এ বাক্যটি 'যদি..... তাহলে' শর্ত দ্বারা যুক্ত, তাই এর মাধ্যমে প্রাকল্পিক যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে। অন্যদিকে, যে যুক্তিবাক্যে একাধিক বিকল্প সম্ভাবনার উল্লেখ থাকে তাকে বৈকল্পিক যুক্তিবাক্য বলে। বৈকল্পিক যুক্তিবাক্য 'হয়... নয়' 'either... or' রূপে বসে। যেমন-বাঁধন হয় নির্বোধ, নয় ভীরু। বৈকল্পিক যুক্তিবাক্যে সরাসরি কোন একটি বক্তব্য উপস্থিত না করে, দুটি বিকল্পের উল্লেখ করে এমন অর্থ প্রকাশ করে যে, দুটি বিকল্পের একটি সত্য।

উদ্দীপকে দৃষ্টান্ত-৩ হল 'যদি X আসে, তাহলে আমি যাব'। অর্থাৎ আমি যে যাব তা নির্ভর করে X এর আসার উপর। আবার, দৃষ্টান্ত-৪ হল 'Y হয় নির্বোধ, না হয় ভীরু।' এখানে দুটি বিকল্পের উল্লেখ করা হয়েছে। এর মধ্যে একটি বিকল্প সত্য হবে। যেমন: 'Y' যদি নির্বোধ না হয়, তাহলে সে ভীরু' এবং 'Y যদি ভীরু না হয়, তাহলে সে নির্বোধ।' অর্থাৎ, দৃষ্টান্ত-৩ এর যুক্তিবাক্য হলো প্রাকল্পিক যুক্তিবাক্য ও দৃষ্টান্ত-৪ এর যুক্তিবাক্য হলো বৈকল্পিক যুক্তিবাক্য।

আলোচনা শেষে বলা যায়, দৃষ্টান্ত-৩ ও দৃষ্টান্ত-৪ এ নির্দেশিত প্রাকল্পিক ও বৈকল্পিক যুক্তিবাক্য সাপেক্ষতার বিচারে পরস্পর সম্পর্কযুক্ত।

যদি X আসে তাহলে আমি যাব থেকে X না এলে যাব না অনুসৃত হয় না। পূর্বগ যথেষ্ট শর্ত হিসেবে বলা হয়েছে, অপরিহার্য শর্ত হিসেবে নয়। বৈকল্পিকের একান্ত বা অনৈকান্তিক অর্থ প্রসঙ্গভেদে আলাদা রাখতে হয়।

দৃষ্টান্ত-১: সকল S হয় P
দৃষ্টান্ত-২: কিছু S নয় P
দৃষ্টান্ত-৩: X বললো, আমি এমন একটি যুক্তিবাক্য চিনি, যেখানে উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই ব্যাপ্য। Y বললো, আমি এমন একটি বাক্য চিনি যেখানে উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই অব্যাপ্য।
৪. সরল পদ কী?
কোন ধরনের যুক্তিবাক্যে বিধেয়ক অনুপস্থিত থাকে?
দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ এর বাক্যগুলির বস্তুগত রূপ দেখাও এবং যুক্তিবাক্যের কোন প্রকারের অংশ ব্যাখ্যা করো।
দৃষ্টান্ত-৩ এ উল্লিখিত X এর বক্তব্যটিতে কোন যুক্তিবাক্যের কথা বলা হয়েছে এবং Y এর বক্তব্য থেকে কীভাবে পৃথক? বিশ্লেষণ করো।
সমাধান ও উত্তর
(ক)
যে পদ একটিমাত্র শব্দ দ্বারা গঠিত তাকে সরল পদ বলে।
(খ)
প্রচলিত পাঁচ বিধেয়কের বিশ্লেষণে সদর্থক শ্রেণিবাচক বাক্য বিবেচিত হয়; তাই নঞর্থক বাক্যে সেই বিশেষ শ্রেণিবিন্যাস করা হয় না। কিন্তু নঞর্থক বাক্যও উদ্দেশ্য ও বিধেয় সম্পর্কে অস্বীকৃতির যৌক্তিক সম্পর্ক জানায়। কোনো সম্পর্কই নেই বলা ঠিক নয়।
(গ)

দৃষ্টান্ত-১ হলো 'সকল S হয় P'- এটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য এবং দৃষ্টান্ত-২ হলো 'কিছু S নয় P'-এটি বিশেষ নঞর্থক যুক্তিবাক্য।

দৃষ্টান্ত-১ হলো- 'সকল S হয় P'। এখানে S হয় উদ্দেশ্য ও P হয় বিধেয়। যেমন: সকল মানুষ হয় মরণশীল। এখানে মানুষ (S) দ্বারা উদ্দেশ্য এবং মরণশীল (P) দ্বারা বিধেয় বোঝানো হয়েছে। আর দৃষ্টান্ত-
২ হলো- 'কিছু S নয় P'। এখানে S হলো উদ্দেশ্য ও P হলো বিধেয়। যেমন: কিছু মানুষ নয় বুদ্ধিমান। এখানে মানুষ (S) দ্বারা উদ্দেশ্য এবং বুদ্ধিমান (P) দ্বারা বিধেয় বোঝানো হয়েছে।

দৃষ্টান্ত-১ এর 'সকল S হয় P' হলো সার্বিক সদর্থক যুক্তিবাক্য এবং দৃষ্টান্ত-২ 'কিছু S নয় P' হলো বিশেষ নঞর্থক যুক্তিবাক্য। যে যুক্তিবাক্যে বিধে পদ উদ্দেশ্য পদের সম্পূর্ণ ব্যক্ত্যর্থকে স্বীকার করে তাকে সার্বিক সদর্থক যুক্তিবাক্য বলে। যেমন- 'সকল দার্শনিক (S) হয় জ্ঞানী (P) এই যুক্তিবাক্যে জ্ঞানী' উদ্দেশ্য পদ 'দার্শনিক পদের সম্পূর্ণ ব্যক্ত্যর্থ স্বীকার করেছে। সার্বিক সদর্থক যুক্তিবাক্যকে 'A' দ্বারা প্রতীকায়িত করা হয়। আবার, যে যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থকে অস্বীকার করে তাকে বিশেষ নঞর্থক যুক্তিবাক্য বলে। যেমন- 'কিছু মানুষ (S) নয় জ্ঞানী (P)। এই যুক্তিবাক্যের বিধেয় পদ 'জ্ঞানী' উদ্দেশ্য 'মানুষ' পদের আংশিক ব্যক্ত্যর্থকে অস্বীকার করেছে। আর বিশেষ নঞর্থক যুক্তিবাক্যকে 'O' দ্বারা প্রতীকায়িত করা হয়।

তাই বলা যায়, দৃষ্টান্ত-১ 'সকল S হয় P' দ্বারা সার্বিক সদর্থক যুক্তিবাক্য ও দৃষ্টান্ত-২ 'কিছু S নয় P' দ্বারা বিশেষ নঞর্থক যুক্তিবাক্য বোঝানো হয়েছে।

(ঘ)

দৃষ্টান্ত-৩ এ উল্লিখিত X এর বক্তব্যটিতে সার্বিক নঞর্থক যুক্তিবাক্য এবং Y এর বক্তব্যটিতে বিশেষ সদর্থক যুক্তিবাক্যের কথা বলা হয়েছে।

সার্বিক নঞর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই ব্যাপ্য। যে যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ অস্বীকার করে তাকে সার্বিক নঞর্থক যুক্তিবাক্য বলে। যেমন- কোন মানুষ নয় গরু। এ যুক্তিবাক্যের বিধেয় পদ 'গরু' উদ্দেশ্য পদের সম্পূর্ণ ব্যক্ত্যর্থ, অস্বীকার করেছে। সার্বিক নঞর্থক যুক্তিবাক্যকে 'E' দ্বারা প্রতীকায়িত করা যায়। আবার, বিশেষ সদর্থক যুক্তিবাক্যের উভয় পদই অবাপ্য। যে যুক্তিবাক্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থকে স্বীকার করে তাকে বিশেষ সদর্থক যুক্তিবাক্য বলে। যেমন- 'কিছু জীব হয় মানুষ'- এ যুক্তিবাক্যে বিধেয় 'মানুষ' পদটি উদ্দেশ্য 'জীব' পদের আংশিক ব্যক্ত্যর্থ স্বীকার করেছে। বিশেষ সদর্থক যুক্তিবাক্যকে 'I' দ্বারা প্রতীকায়িত করা হয়।

উদ্দীপকের X ও Y এর বক্তব্য পৃথক। কেননা 'X' এর বক্তব্য অনুযায়ী সেখানে উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই ব্যাপ্য। অন্যদিকে, 'Y' এর বক্তব্য অনুযায়ী সেখানে উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই অবাপ্য। 'X' এর বক্তব্যে বিধেয় পদ উদ্দেশ্য পদের সম্পূর্ণ ব্যক্ত্যর্থকে অস্বীকার করে। অন্যদিকে, 'Y' এর বক্তব্যে বিধেয় পদ উদ্দেশ্য পদের আংশিক বক্তব্যকে স্বীকার করে।

পরিশেষে বলা যায়, দৃষ্টান্ত-৩ এ উল্লেখিত X এর বক্তব্যে সার্বিক নঞর্থক এবং Y এর বক্তব্যে বিশেষ সদর্থক যুক্তিবাক্যের কথা বলা হয়েছে। তাই X ও Y এর বক্তব্য একটি অপরটি থেকে পৃথক।

কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।