চট্টগ্রাম কমার্স কলেজ ২০২৫

এইচএসসি · ব্যবস্থাপনা ১ম পত্র

চট্টগ্রাম কমার্স কলেজ ২০২৫

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

জনাব ইউসুফ একজন ফল ব্যবসায়ী। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন মৌসুমি ফল সংগ্রহ করে বিভিন্ন সাইজে বিভক্ত করে মোড়কিকরণের পর আড়তে নিয়ে আসেন। বর্তমানে তার ব্যবসাটি ভালো চলছে। তার পণ্যের সুনাম থাকায় তিনি ব্যবসা সম্প্রসারণ করতে চান। কিন্তু পুঁজির কারণে সমস্যা হচ্ছে।
১. ব্যবসায় কী?
বাণিজ্য বলতে কী বোঝ?
উদ্দীপকে জনাব ইউসুফ ফলগুলো মোড়কিকরণের পূর্বে ব্যবসায়ের যে কাজ করেন তা ব্যাখ্যা কর।
উদ্দীপকে জনাব ইউসুফের সমস্যা সমাধানে করণীয় সম্পর্কে পরামর্শ দাও।
সমাধান ও উত্তর
(ক)
মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বণ্টনসহ সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে।
(খ)
শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত ভোগকারী বা ব্যবহারকারীদের নিকট প্রেরণের ক্ষেত্রে সম্পাদিত কার্যসমষ্টিকেই বাণিজ্য বলে।
বাণিজ্য হলো ব্যবসায়ের বণ্টনকারী শাখা। ব্যবসায় বা শিল্পে ব্যবহৃত কাঁচামাল উৎপাদকের নিকট পৌছানো কিংবা শিল্পে উৎপাদিত পণ্যসামগ্রী বা সেবা ভোক্তাদের নিকট। পৌছানোর পথে অর্থগত, ঝুঁকিগত, স্থানগত, কালগত ও তথ্যগত বেশকিছু বাধা বা সমস্যা দেখা দেয়। এসব বাধা দূরীকরণে বাণিজ্যের বিভিন্ন অঙ্গ; যেমন-পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বিমা, বিপণন ও বিজ্ঞাপন ইত্যাদির সহযোগিতার প্রয়োজন হয়। আর এসব বাধা দূরীকরণের জন্য সম্পাদিত সকল কাজের সমষ্টিকে বাণিজ্য বলা হয়।
(গ)

উদ্দীপকে জনাব ইউসুফ ফলগুলো মোড়কিকরণের পূর্বে ব্যবসায়ের পর্যায়িতকরণ কাজটি করেন।

পণ্যের আকার, রং, গুণাগুণ ইত্যাদি অনুযায়ী পণ্য ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। ব্যবসায়ের ক্ষেত্রে পর্যায়িতকরণ কাজ খুবই গুরুত্বপূর্ণ। কেননা পর্যায়িতকরণের মাধ্যমেই মান নির্ধারণের প্রক্রিয়া বাস্তবে রূপ লাভকরে। এর মাধ্যমে পণ্যের মান উন্নয়ন ও তা বজায় রাখা সহজ হয়।

উদ্দীপকের জনাব ইউসুফ একজন ফল ব্যবসায়ী। তিনি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন মৌসুমি ফল সংগ্রহ করেন। অতঃপর সেগুলোকে বিভিন্ন সাইজে বিভক্ত করে মোড়কিকরণের পর আড়ৎ এ নিয়ে আসেন। জনাব ইউসুফের এমন বিভাজিত কাজটি ব্যবসায়ের পর্যায়িতকরণ কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব ইউসুফ ফলগুলো মোড়কিকরণের পূর্বে ব্যবসায়ের পর্যায়িতকরণ কাজটি করেন।

(ঘ)

উদ্দীপকের জনাব ইউসুফ ব্যাংক ঋণের মাধ্যমে অর্থ সংগ্রহ করে সমস্যা সমাধান করতে পারেন।

যেকোনো ব‍্যবসায় স্থাপন বা সম্প্রসারণের জন্য অর্থের প্রয়োজন। এই অর্থ সংগ্রহের অন্যতম একটি মাধ্যম হচ্ছে ব্যাংক ঋণ। গ্রাহকগণ নির্দিষ্ট জামানতের বিনিময়ে ব্যাংক হতে যে অর্থ সংগ্রহ করে তাকে ব্যাংক ঋণ বলে। ব্যাংক ঋণ গ্রহণের মাধ্যমে একদিকে যেমন নতুন ব্যবসায় স্থাপন করা যায় অন্যদিকে ব্যবসায় সম্প্রসারণের ক্ষেত্রেও ব্যাংক ঋণকে কাজে লাগানো যায়।

উদ্দীপকের জনাব ইউসুফ একজন ফল ব্যবসায়ী। তিনি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন মৌসুমি ফল সংগ্রহ করেন। অতঃপর সেগুলোকে বিভিন্ন সাইজে বিভক্ত করে মোড়কিকরণের পর আড়ৎ এ নিয়ে আসেন। বর্তমানে তার ব্যবসায়টি ভালো চলছে। তার পণ্যের সুনাম থাকায় তিনি ব্যবসায়টি সম্প্রসারণ করতে চাচ্ছেন। কিন্তু পুঁজির কারণে তার সমস্যা হচ্ছে।

অর্থ ছাড়া কোনো ব্যবসায়ই পরিচালনা করা যায় না। গ্রাহকদের চাহিদা অনুযায়ী পণ্যদ্রব্যের ব্যবসায় করতে হলে অর্থের প্রয়োজন। ব্যবসায় পরিচালনা করার জন্যও অর্থের প্রয়োজন। আবার ব্যবসায় সম্প্রসারণ করার জন্যও অর্থের প্রয়োজন। প্রয়োজনীয় এই অর্থ ব্যক্তিগতভাবে বা ঋণ করে সংগ্রহ করতে হয়। তাই আমি মনে করি, উদ্দীপকের ব্যবসায়টি সম্প্রসারণজনিত সমস্যা ব্যাংক ঋণের মাধ্যমে সমাধান করা যাবে।

জনাব লিমন নিজেদের পুকুরে মাছ চাষ শুরু করেন। তার সংগৃহীত উন্নত জাতের তেলাপিয়া মাছের পোনা অল্প কিছু দিনের মধ্যে বিক্রয়যোগ্য হয়ে উঠে। সম্প্রতি তিনি মাছগুলো হিমায়িত করে মধ্যপ্রাচ্যে বাজারজাতকরণের সিদ্ধান্ত গ্রহণ করেন।
২. প্রত্যক্ষ সেবা কী?
সামাজিক ব্যবসায় বলতে কী বোঝায়?
জনাব লিমন কোন ধরনের শিল্পের সাথে জড়িত? ব্যাখ্যা কর।
বিনিময় সহায়ক কার্যাবলির আলোকে উদ্দীপকে জনাব লিমনের গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
গ্রাহকদের প্রয়োজন পূরণে সমর্থ এমন কোনো কাজ, সুবিধা বা তৃপ্তিকে প্রত্যক্ষ সেবা বলে।
(খ)
যে ব্যবসায় গড়তে ব্যক্তি বা ব্যক্তিবর্গ মূলধন বিনিয়োগ করে কিন্তু তার পেছনে মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকে না; বরং সমাজের কল্যাণ সাধনের উদ্দেশ্য থাকে তাকে সামাজিক ব্যবস্থায় বলে।
সামাজিক ব্যবসায়ের কাজ হলো বাণিজ্যিক কিন্তু এর মূল উদ্দেশ্য হলো ব্যবসায়কে দক্ষতার সাথে পরিচালনা ও সম্প্রসারণের মাধ্যমে সামাজিক কল্যাণ নিশ্চিত করা। এটি এমন এক 'ধরনের ব্যবসায় যা সমাজের দরিদ্র ও অবহেলিত শ্রেণির মানুষকে কিছু দেয়ার জন্য গঠিত হবে। স্বাস্থ্যসেবা, গৃহায়ন, দরিদ্রদেরকে ঋণদান, দরিদ্র শিশুদেরকে খাদ্য প্রদান ও শিক্ষা দান, পুষ্টিশিক্ষা, টিকাদান কর্মসূচি, নিরাপদ খাবার পানি সরবরাহ ইত্যাদি সামাজিক ব্যবসায়ের উদাহরণ।
(গ)

জনাব লিমন প্রজনন শিল্পের সাথে জড়িত।

যে শিল্প প্রচেষ্টায় উদ্ভিদ ও প্রাণীর বংশ বিস্তার করা হয় তাকে প্রজনন শিল্প বলে। যেমন: নার্সারিতে সৃষ্ট চারা পরবর্তীতে গাছ বা ফলমূল উৎপাদন করে, পোল্ট্রি ফার্মে ডিম বা বাচ্চা উৎপাদিত হয়, হ্যাচারিতে মাছের পোনা উৎপাদিত হয়, যার সবকিছুই পরবর্তী উৎপাদনের মাধ্যমে মানুষের প্রয়োজন পূরণ বা ভোগ উপযোগী পণ্যের সৃষ্টি করে থাকে।

উদ্দীপকের জনাব লিমন নিজেদের পুকুরে মাছ চাষ শুরু করেন। তার সংগৃহীত উন্নত জাতের তেলাপিয়া মাছের পোনা অল্প কিছু দিনের মধ্যে বিক্রয়যোগ্য হয়ে উঠে। তাছাড়া তেলাপিয়া মাছ থেকে পুনঃ তেলাপিয়া মাছ প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করে। জনাব লিমনের এমন চাষ পদ্ধতির কার্যক্রম প্রজনন শিল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব লিমন প্রজনন শিল্পের সাথে জড়িত।

(ঘ)

উদ্দীপকে জনাব লিমন কর্তৃক গৃহীত বিনিময় সহায়ক কাজের আওতাভুক্ত গুদামজাতকরণ ব্যবস্থা গ্রহণ খুবই যৌক্তিকতাপূর্ণ।

উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময়ে বিনষ্ট হওয়ার হাত থেকে রক্ষার জন্য ব্যবসায়িগণ পণ্য সংরক্ষণের যে ব্যবস্থা গড়ে তোলে তাকে গুদামজাতকরণ বলে। এর মাধ্যমে ব্যবসায়ের সময়গত উপযোগ সৃষ্টি হয়। অর্থাৎ এই পদ্ধতির মাধ্যমে এক মৌসুমের ফসল অন্য মৌসুমেও ভোগ করা যায়।

উদ্দীপকের জনাব লিমন নিজেদের পুকুরে মাছ চাষ শুরু করেন। তার সংগৃহীত উন্নত জাতের তেলাপিয়া মাছের পোনা অল্প কিছু দিনের মধ্যে বিক্রয়যোগ্য হয়ে উঠে। সম্প্রতি তিনি মাছগুলো হিমায়িত করে মধ্যপ্রাচ্যে বাজারজাতকরণের সিদ্ধান্ত গ্রহণ করেন।

গুদামজাতকরণের মাধ্যমে দীর্ঘদিন মাছ সংরক্ষণ করে রাখা যায়। এতে মাছের গুণগত মান অক্ষুণ্ণ থাকে। ফলে গ্রাহকদে নিকট এর চাহিদা বেড়ে যায়। উদ্দীপকের জনাব লিমন এমন এক ধরনের ব্যবসায়ী যিনি তার চাষকৃত মাছ সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করেন। এতে চাহিদা অনুযায়ী বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবেন বলে আমি মনে করি।

সিলেটের রহিমা বেগম স্থানীয় বাঁশ ও বেতের উপর ভিত্তি করে 'কারুসাজ' নামের একটি কুটিরশিল্প গড়ে তুলেছেন। তার শিল্পে উৎপাদিত মাদুর, চেয়ার ও খেলনাসামগ্রী ক্রেতাদের আকৃষ্ট করে। বর্তমানে তিনি অনলাইনে বিদেশি ক্রেতাদের নিকট থেকে অর্ডার গ্রহণ করেন এবং বিদেশে পণ্য রপ্তানি করেন। রহিমা বেগমের মুনাফার পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
৩. ব্যবসায় পরিবেশ কী?
ব্যবসায়ের সাংস্কৃতিক পরিবেশ বলতে কী বোঝায়?
উদ্দীপকে রহিমা বেগম ব্যবসায় পরিবেশের কোন উপাদানের উপর ভিত্তি করে 'কারুসাজ' প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন? ব্যাখ্যা কর
তুমি কি মনে কর, জনাব রহিমা বেগমের মুনাফা বৃদ্ধির জন্য ব্যবসা পরিবেশের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল? মতামত দাও
সমাধান ও উত্তর
(ক)
যে পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে কোনো দেশের ব্যবসায় প্রতিষ্ঠান গঠিত ও পরিচালিত হয় তাকে ব্যবসায় পরিবেশ বলে।
(খ)
একটি সমাজের বা জাতির ভেতরে বসবাসরত মানুষের মনোভাব, আচার-আচরণ, ঐতিহ্য, রীতি ও প্রথা ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে সাংস্কৃতিক পরিবেশ বলে।
সংস্কৃতি সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ পরিবেশ সমাজে অসাম্প্রদায়িক মনোভাব দূর করে। এর প্রভাব মানুষের জীবনের সব স্তরেই লক্ষণীয়। অনুকূল সংস্কৃতি ব্যবসায়ের উন্নতিকে গতিশীল করে। আমাদের সমাজে অসাম্প্রদায়িক মনোভাব, পারিবারিক বন্ধনে দৃঢ় প্রতিশ্রুতি, গতানুগতিক মানসিকতা প্রভৃতি যে ধরনের সামাজিক পরিবেশ সৃষ্টি করেছে মূলত সেগুলো সবই সাংস্কৃতিক পরিবেশের অন্তর্গত।
(গ)

উদ্দীপকের রহিমা বেগম ব্যবসায় পরিবেশের প্রাকৃতিক উপাদানের ওপর ভিত্তি করে 'কারুসাজ' প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন।

কোনো দেশের জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা, নদনদী, আয়তন, অবস্থান ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে উঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। পৃথিবীর বিভিন্ন দেশের প্রাকৃতিক পরিবেশ বিচিত্র ধরনের। এ সকল উপাদানের পার্থক্যহেতু দেশের ব্যবসায় কার্যকলাপও ভিন্নতর হয়ে থাকে। এ ধরনের উপাদান মানুষ যেমন তৈরিও করতে পারে না তেমনি এর ব্যাপক পরিবর্তনও মানুষ ঘটাতে পারে না।

উদ্দীপকে সিলেটের রহিমা বেগম স্থানীয় বাঁশ ও বেতের ওপর ভিত্তি করে 'কারুসাজ' নামের একটি কুটিরশিল্প গড়ে তুলেছেন। তার শিল্পে উৎপাদিত মাদুর, চেয়ার ও খেলনাসামগ্রী ক্রেতাদের আকৃষ্ট করে। বাঁশ ও বেত প্রাকৃতিক পরিবেশের উপাদান। তাই বলা যায়, উদ্দীপকে রহিমা বেগম ব্যবসায় পরিবেশের প্রাকৃতিক উপাদানের ওপর ভিত্তি করে 'কারুসাজ' প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন।

(ঘ)

উদ্দীপকের রহিমা বেগমের মুনাফা বৃদ্ধির জন্য ব্যবসায় পরিবেশের প্রযুক্তিগত উপাদান গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলে আমি মনে করি।

কোনো দেশের বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার, উন্নত প্রযুক্তি ব্যবহারকারী প্রতিষ্ঠানসমূহ, প্রযুক্তির আমদানির সুযোগ ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে উঠেছে তাকে প্রযুক্তিগত পরিবেশ বলে। বর্তমানকালে ব্যবসায়ের ওপর প্রযুক্তিগত পরিবেশের ব্যাপক প্রভাব লক্ষণীয়। শিল্প-বাণিজ্য সব কর্মকাণ্ডই প্রযুক্তির হাত ধরে এগিয়ে চলছে। উদ্দীপকের সিলেটের রহিমা বেগম স্থানীয় বাঁশ ও বেতের ওপর ভিত্তি করে 'কারুসাজ' নামের একটি কুটিরশিল্প গড়ে তুলেছেন। তার শিল্পে উৎপাদিত মাদুর, চেয়ার ও খেলনাসামগ্রী ক্রেতাদের আকৃষ্ট করে। বর্তমানে তিনি অনলাইনে বিদেশি ক্রেতাদের নিকট থেকে অর্ডার গ্রহণ করেন এবং বিদেশে পণ্য রপ্তানি করেন। এতে রহিমা বেগমের মুনাফার পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

ব্যবসায়ের ক্ষেত্রে উন্নত প্রযুক্তির ব্যবহার প্রযুক্তিগত পরিবেশের উপাদান। বর্তমানে অনলাইনের মাধ্যমে দেশ বিদেশের যেকোনো গ্রাহকের কাছে পণ্য বিক্রয় করা যায়। এতে ব্যবসায়ীর অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়। উদ্দীপকের রহিমা বেগমও তাই তার ব্যবসায়ে অনলাইন প্রযুক্তি ব্যবহার 'করে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছেন।

জনাব রায়হান শুধু ট্রেড লাইসেন্স নিয়ে 'ফ্রেশ ফুড' নামে একটি রেস্টুরেন্ট খোলেন, সম্প্রতি রেস্টুরেন্টটি প্রায় তিন লক্ষ টাকা ক্ষতির সম্মুখীন হয়।জনাব রায়হান তার ব্যক্তিগত গাড়ি বিক্রয় করে দুই লক্ষ টাকা পরিশোধ করেন। পাওনাদার বাকি এক লক্ষ টাকার জন্য 'ফেশ ফুড' রেস্টুরেন্টের নামে মামলা না করে জনাব রায়হানের নামে মামলা করে।
৪. একমালিকানা ব্যবসায় কী?
পচনশীল পণ্যের ক্ষেত্রে একমালিকানা ব্যবসায় উপযুক্ত কেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকে জনাব রায়হানের ব্যবসায় সংগঠনটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপকে জনাব রায়হানের নামে মামলা করার যৌক্তিকতা বিশ্লেষণ কর। ৪
সমাধান ও উত্তর
(ক)
একক মালিকানায়' গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে।
(খ)
একক মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে একমালিকানা ব্যবসায় বলে।
যে সকল পণ্য দ্রুত পচে যায় এমন পণ্যগুলোকে পচনশীল পণ্য বলে। এমন পচনশীল পণ্য বিক্রয়ের ক্ষেত্রে দেরি করা যায় না। আবার ফ্রিজে রাখা হলেও এর খাদ্যগুণ ও স্বাদ নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে দাম কমিয়ে সহজ শর্তে দ্রুত বিক্রয়ের প্রয়োজন দেখা দেয়। একক মালিকানায় দ্রুত সিদ্ধান্ত নিয়ে তা করতে পারে বিধায় পচনশীল পণ্যের জন্য একমালিকানা ব্যবসায় উপযোগী।
(গ)

উদ্দীপকের জনাব রায়হানের ব্যবসায়টি একমালিকানা ব্যবসায়।

যে ব্যবসায়ে একজনমাত্র মালিক থাকে যিনি নিজেই ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন, ঝুঁকি গ্রহণ করেন, মুনাফা ভোগ করেন, দায় একাই পরিশোধ করেন, ব্যবসায় একাই পরিচালনা করেন তাকে একমালিকানা ব্যবসায় বলে। এই ব্যবসায়ে মালিক একজন থাকে বলে ব্যবসায়টির আয়তন ছোট হয় এবং এর মালিককে একাই সমস্ত দায় বহন করতে হয়।

উদ্দীপকের জনাব রায়হান শুধু ট্রেড লাইসেন্স নিয়ে 'ফ্রেশ ফুড' নামে একটি রেস্টুরেন্ট খোলেন। সম্প্রতি তার রেস্টুরেন্টটি প্রায় তিন লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হয়। উক্ত টাকার মধ্য হতে দুই লক্ষ টাকা তিনি তার ব্যক্তিগত গাড়ি বিক্রয় করে পরিশোধ করেন। উক্ত ব্যবসায়ের মালিক ও পরিচালক একজন, তিনিই ব্যবসায়ের যাবতীয় দায়ভার বহন করেন যেসব বৈশিষ্ট্যগুলো একমালিকানা ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের জনাব রায়হানের ব্যবসায়টি একমালিকানা ব্যবসায়।

(ঘ)

একমালিকানা ব্যবসায়ের মালিক ও ব্যবসায়ের সত্তা অভিন্ন, তাই জনাব রায়হানের নামে মামলা করার যৌক্তিকতা রয়েছে।

সত্ত্বা বলতে কোনো কিছুর পৃথক অস্তিত্ব বা বিদ্যমানতাকে বোঝায়। একমালিকানা ব্যবসায়ে ব্যবসায় প্রতিষ্ঠানের আইনানুগ পৃথক কোনো সত্ত্বা বা অস্তিত্ব থাকে না। এখানে মালিকের সত্ত্বাই মুখ্য। তাই যেকোনো অবস্থায় ব্যবসায় নয় এর মালিককে দায়বদ্ধ হতে হয়।

উদ্দীপকের জনাব রায়হান শুধু ট্রেড লাইসেন্স নিয়ে 'ফ্রেশ ফুড' নামে একটি রেস্টুরেন্ট খোলেন। সম্প্রতি তার রেস্টুরেন্টটি প্রায় তিন লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হয়। উক্ত টাকার মধ্য হতে দুই লক্ষ টাকা তিনি তার ব্যক্তিগত গাড়ি বিক্রয় করে পরিশোধ করেন। পাওনাদার বাকি এক লক্ষ টাকার জন্য 'ফ্রেশ ফুড' রেস্টুরেন্টের নামে মামলা না করে জনাব রায়হানের নামে মামলা করে।

আইনের চোখে একমালিকানা ব্যবসায়ের পৃথক কোনো সত্ত্বা নেই। ফলে এ ব্যবসায়ের নামে কেউ মামলা করতে পারে না। এরূপ ব্যবসায়ের পক্ষে বা বিপক্ষে কোনো মামলা-মোকদ্দমায় মালিকের নামই ব্যবহার করা হয় এবং সেক্ষেত্রে মালিকই প্রকৃত বিবাদি হিসেবে ভূমিকা পালনে বাধ্য থাকে। তাই আমি মনে করি, একমালিকানা ব্যবসায়ের মালিক ও ব্যবসায়ের সত্ত্বার অভিন্নতার কারণে জনাব রায়হানের নামে মামলা করার যৌক্তিকতা রয়েছে।

চট্টগ্রাম কমার্স কলেজ ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।