কুমিল্লা সরকারি মহিলা কলেজ ২০২৫

এইচএসসি · ব্যবস্থাপনা ১ম পত্র

কুমিল্লা সরকারি মহিলা কলেজ ২০২৫

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

এইচএসসি পাস করার পর রুমি ব্যবসা শুরু করেন এবং পলি চাকরি নিয়ে দেশের বাইরে চলে যায়। রংপুর হতে ধান সংগ্রহ করে চট্টগ্রামে সংরক্ষণ করেন। পরে চাল তৈরি করে সারা বছর বিক্রি করেন। সাফল্যের ধারাবাহিকতায় উনার ব্যবসায় কর্মচারীর সংখ্যা ১০০ জন। সম্প্রতি তিনি চাল রপ্তানি শুরু করেছেন।
১. ব্যবসায় বলতে কী বোঝায়?
সামাজিক ব্যবসায় বলতে কী বোঝায়?
উদ্দীপকে সম্পাদিত কার্যক্রম হতে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপকের আলোকে দেশে অর্থনৈতিক উন্নয়নে রুমির ও পলির অবদান মূল্যায়ন করে মন্তব্য কর।
সমাধান ও উত্তর
(ক)
মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বণ্টনসহ, সকল বৈধ অর্থনৈতিক কাজকে ব্যবসায় বলে।
(খ)
যে ব্যবসায়ের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়; বরং সমাজের কল্যাণ সাধন তাকে সামাজিক ব্যবসায় বলে।
সামাজিক ব্যবসায়ের কাজ হলো বাণিজ্যিক কিন্তু এর মূল উদ্দেশ্য হলো ব্যবসায়কে দক্ষতার সাথে পরিচালনা ও সম্প্রসারণের মাধ্যমে সামাজিক কল্যাণ নিশ্চিত করা। এটি এমন এক ধরনের ব্যবসায় যা সমাজের দরিদ্র ও অবহেলিত শ্রেণির মানুষকে কিছু দেয়ার জন্য গঠিত হয়। স্বাস্থ্যসেবা, গৃহায়ন, দরিদ্রদেরকে ঋণদান, দরিদ্র শিশুদেরকে খাদ্য প্রদান ও শিক্ষা দান, পুষ্টিশিক্ষা, টিকাদান কর্মসূচি, নিরাপদ খাবার পানি সরবরাহ ইত্যাদি সামাজিক ব্যবসায়ের উদাহরণ।
(গ)

উদ্দীপকে সম্পাদিত কার্যক্রম হতে সময়গত উপযোগ সৃষ্টি হয়।

কোনো দ্রব্য এক সময় হতে অন্য সময় পর্যন্ত সংরক্ষণের ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে সময়গত উপযোগ বলে। বিপণনকারী উৎপাদকের উৎপাদিত পণ্য নিজ উদ্যোগে সংরক্ষণ বা গুদামজাতকরণ করে সময়গত উপযোগ সৃষ্টি করে। ফলে ভোক্তাদের চাহিদা অনুসারে সঠিক সময়ে মানসম্পন্ন পণ্য সরবরাহ করা সম্ভব হয়।

উদ্দীপকের রুমি এইচএসসি পাস করার পর ব্যবসায় শুরু করেন। তিনি রংপুর থেকে ধান সংগ্রহ করে চট্টগ্রামে সংরক্ষণ তথা গুদামজাতকরণ করেন। উক্ত ধান সংরক্ষণের মাধ্যমে তথা গুদামজাতকরণের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তা সময়গত উপযোগের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে সম্পাদিত কার্যক্রম হতে সময়গত উপযোগ সৃষ্টি হয়।

(ঘ)

উদ্দীপকের রুমির ব্যবসায় ও পলির বিদেশ যাওয়ার কার্যক্রম দেশের অর্থনৈতিক উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ।

ব্যবসায় তথা শিল্প-বাণিজ্যের অগ্রগতির ফলে দেশে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ ঘটে। এতে ব্যবসায়ী তার ব্যবসায়ের মাধ্যমে নিজের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিক্ষিত, অশিক্ষিত, দক্ষ-অদক্ষ, বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। বাংলাদেশে যে মারাত্মক বেকার সমস্যা বিদ্যমান তা সমাধানে ব্যবসায় উন্নয়নের কোনো বিকল্প নেই। উল্লেখ্য যে, কর্মসংস্থানের ক্ষেত্রে জনশক্তি রপ্তানিও গুরুত্বপূর্ণ অবদান রাখে।

উদ্দীপকের রুমি এইচএসসি পাস করার পর ব্যবসায় শুরু করেন এবং পলি চাকরি নিয়ে দেশের বাইরে চলে যায়। রুমি রংপুর থেকে ধান সংগ্রহ করে চট্টগ্রামে সংরক্ষণ করেন। পরে চাল তৈরি করে সারা বছর বিক্রয় করেন। সাফল্যের ধারাবাহিকতায় তার ব্যবসায়ে কর্মচারীর সংখ্যা ১০০ জন। সম্প্রতি তিনি চাল রপ্তানি শুরু করেছেন।

সফল ব্যবসায়ী হলো এমন একজন ব্যক্তি যিনি ঝুঁকিপূর্ণ ও অনুমাননির্ভর পথযাত্রায় নতুন ব্যবসায় চিন্তার বাস্তব প্রতিফলন ঘটিয়ে সাফল্য অর্জনে সক্ষম হন। উদ্দীপকের রুমিও একজন সফল ব্যবসায়ী। তিনি চালের ব্যবসায় শুরু করে ১০০ জন লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন। এতে একদিকে যেমন দেশের বেকার সমস্যার সমাধান হয় তেমনি দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটে। অন্যদিকে পলি বিদেশ থেকে দেশে অর্থ পাঠায়, যা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। তাই আমি মনে করি, দেশের অর্থনৈতিক উন্নয়নে উদ্দীপকের রুমির ব্যবসায় ও পলির বিদেশ যাওয়ার কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ।

রনি তার জেলায় উৎপাদিত গম সংগ্রহ করে নির্দিষ্ট সময়ান্তে দেশের বিভিন্ন স্থানে নৌপথে সরবরাহ করেন। শীতকালে অতিরিক্ত কুয়াশার কারণে সরবরাহ বিলম্বিত হয় এবং গমে পোকার আক্রমণ দেখা দেয়।
২. বাণিজ্য কী?
শিল্প কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? ব্যাখ্যা কর।
উদ্দীপকের আলোকে রনির ব্যবসায় 'কার্যক্রম মূল্যায়ন করে লাভজনক করার উপায় বিশ্লেষণ কর।
উদ্দীপকের আলোকে কোন পরিবেশের উপাদান রনির ব্যবসায় কার্যক্রম অধিক প্রভাব বিস্তার করেছে? বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
মুনাফার উদ্দেশ্যে উৎপাদিত পণ্য বা সেবাসামগ্রী ভোক্তাদের নিকট পৌছানার সকল কার্যাবলিকে বাণিজ্য বলে।
(খ)
শিল্প রূপগত উপযোগ সৃষ্টি করে।
যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদের রূপ পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা হয় তাকে শিল্প বলে। শিল্পের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া শুরু হয়। তাই শিল্পকে উৎপাদনের বাহন বলা যায়। কিন্তু এই উৎপাদন কাজ বাস্তবায়নে অনেক সময় লেগে যায়। কেননা উৎপাদন কাজে ব্যবহৃত কাঁচামাল ও অন্যান্য উপকরণ বহু প্রক্রিয়ার মাধ্যমে সংগ্রহ করতে হয়।
(গ)

উদ্দীপকের রনির ব্যবসায় কার্যক্রমটি হচ্ছে বাণিজ্য।

শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত ভোগকারী বা ব্যবহারকারীদের নিকট প্রেরণের ক্ষেত্রে সম্পাদিত কার্যসমষ্টিকে বাণিজ্য বলে। বাণিজ্য ব্যবসায়ের বণ্টনকারী শাখা এবং ব্যক্তিগত বা স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়। এর মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তরিত হয় বিধায় বাণিজ্যকে ব্যবসায়ের বণ্টনকারী শাখা বলা হয়।

উদ্দীপকে রনি তার জেলায় উৎপাদিত গম সংগ্রহ করে নির্দিষ্ট সময়ান্তে দেশের বিভিন্ন স্থানে নৌপথে সরবরাহ করেন। উক্ত সরবরাহের কাজটি ব্যবসায়ের বাণিজ্য শাখার অন্তর্গত। এই বাণিজ্যের কাজটিকে 'সফল করার জন্য প্রয়োজন, রপ্তানি ব্যবস্থা উন্নত করা, ই-কমার্সের ব্যবস্থা করা, অনুকূল সরকারি নীতির প্রণয়ন করা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা, সমুদ্রবন্দরের উন্নয়ন করা।

(ঘ)

উদ্দীপকের রনির ব্যবসায় কার্যক্রমে প্রাকৃতিক পরিবেশের উপাদান অধিক প্রভাববিস্তার করেছে।

কোনো দেশের জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা, নদনদী, আয়তন, অবস্থান ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে উঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। পৃথিবার বিভিন্ন দেশের প্রাকৃতিক পরিবেশ বিচিত্র ধরনের। এ সকল উপাদানের পার্থক্যহেতু দেশের ব্যবসায় কার্যকলাপও ভিন্নতর হয়ে থাকে। উদ্দীপকে রনি তার জেলায় উৎপাদিত গম সংগ্রহ করে নির্দিষ্ট সময়ান্তে দেশের বিভিন্ন স্থানে নৌপথে সরবরাহ করেন। শীতকালে অতিরিক্ত কুয়াশার কারণে গম সরবরাহে বিলম্ব হয় এবং গমে পোকার আক্রমণ দেখা দেয়।

একটি দেশের ব্যবসায়-বাণিজ্যের উপর প্রাকৃতিক পরিবেশ গুরুত্বপূর্ণ অবদান রাখে। কারণ যেকোনো সময় প্রাকৃতিক পরিবেশ পরিবর্তন হতে পারে। উক্ত পরিবর্তন মানুষের ক্ষমতার বাইরে। তাই এ পরিবেশের প্রতিকূল অবস্থা ব্যবসায়ে নেতিবাচক প্রভাব পড়ে। উদ্দীপকে রনির ব্যবসায়ে প্রাকৃতিক পরিবেশের প্রভাব পড়েছে। ফলে তার ব্যবসায়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তাই বলা যায়, প্রাকৃতিক পরিবেশের নেতিবাচক উপাদান রনির ব্যবসায় কার্যক্রম অধিক প্রভাববিস্তার করেছে।

বাংলাদেশে সস্তা শ্রমের ওপর নির্ভর করে পোশাক শিল্প গড়ে উঠেছে। বিদেশে এর যথেষ্ট সুনাম রয়েছে। তবে নানাবিধ সমস্যা থাকায় এ উদীয়মান শিল্প বাধাগ্রস্ত হচ্ছে।
৩. ব্যবসায় পরিবেশ কী?
প্রযুক্তিগত পরিবেশ বলতে কী বোঝায়?
উদ্দীপকের শিল্পের উন্নয়নে পরিবেশের কোন উপাদান বেশি ভূমিকা পালন করেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপকের শিল্পের উন্নয়নে কী পদক্ষেপ গ্রহণ করা উচিত? মতামত দাও।
সমাধান ও উত্তর
(ক)
যে পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে কোনো দেশের ব্যবসায় প্রতিষ্ঠান গঠিত ও পরিচালিত হয় তাকে ব্যবসায় পরিবেশ বলে।
(খ)

কোনো দেশের বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, এতদসংক্রান্ত গবেষণা, উন্নত প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি আমদানির সুযোগ ইত্যাদি মিলিয়ে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে প্রযুক্তিগত পরিবেশ বলে।

বর্তমানকালে ব্যবসায়ের ওপর প্রযুক্তিগত পরিবেশের ব্যাপক প্রভাব লক্ষণীয়। শিল্প-বাণিজ্য সব কর্মকাণ্ডই প্রযুক্তির হাত ধরে এগিয়ে চলছে। বিজ্ঞান আমাদেরকে নতুন নতুন জ্ঞান শিক্ষা দেয়। কিন্তু এ জ্ঞানের ব্যবহার ঘটে প্রযুক্তির মাধ্যমে। তাই প্রযুক্তিগত উন্নয়নের ফলে কম খরচে নতুন নতুন পণ্য ও সেবার উৎপাদন সম্ভব হয়। আর এর ফলে ব্যবসায়-বাণিজ্য আরও ব্যাপকতা লাভ করে। পৃথিবীর শিল্পোন্নত দেশগুলোর উন্নতির পেছনে প্রযুক্তির অবদান সবচেয়ে বেশি।

(গ)

উদ্দীপকের শিল্পের উন্নয়নে পরিবেশের অর্থনৈতিক উপাদান বেশি ভূমিকা পালন করেছে।

কোনো দেশের জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। যে দেশে অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগ ভালো, মূলধনের পরিমাণ আশাব্যঞ্জক, অর্থ ও ঋণব্যবস্থা উন্নত সেই দেশ ব্যবসায়ের ক্ষেত্রে ততই অগ্রগতি লাভ করতে পারে।

উদ্দীপকে বলা হয়েছে, বাংলাদেশের সস্তা শ্রমের ওপর নির্ভর করে পোশাক শিল্প গড়ে উঠেছে। বিদেশে এর যথেষ্ট সুনাম রয়েছে। উক্ত সস্তা শ্রম অর্থনৈতিক পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের শিল্পের উন্নয়নে পরিবেশের অর্থনৈতিক উপাদান বেশি ভূমিকা পালন করেছে।

(ঘ)

উদ্দীপকের শিল্পের উন্নয়নে ব্যবসায় পরিবেশের সমস্যাগুলো চিহ্নিত করে তা দূর করতে হবে।

যে পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে কোনো দেশের ব্যবসায় প্রতিষ্ঠান গঠিত ও পরিচালিত হয় তাকে ব্যবসায় পরিবেশ বলে। বাংলাদেশের ব্যবসায় পরিবেশের এমন কিছু সমস্যা থাকে যা দূর করা না গেলে বিদ্যমান সুবিধাসমূহকে কাজে লাগানো যায় না। ফলে ব্যবসায়ে উন্নতিসাধন করা সম্ভবপর হয় না।

উদ্দীপকে বলা হয়েছে, বাংলাদেশে সস্তা শ্রমের ওপর নির্ভর করে পোশাক শিল্প গড়ে উঠেছে। বিদেশে এর যথেষ্ট সুনাম রয়েছে। তবে নানাবিধ সমস্যা থাকায় এ উদীয়মান শিল্প বাধাগ্রস্ত হচ্ছে।

যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায় পরিবেশের উপাদানগুলোর অনুকূল উপস্থিতি দেশকে ব্যবসায়-বাণিজ্যে উন্নত এবং অনুপস্থিতি পেছনে ফেলে দিতে পারে। উদ্দীপকে বাংলাদেশও তাই ব্যবসায় পরিবেশের প্রতিকূল পরিস্থিতির কারণে শিল্প বাধাগ্রস্ত হচ্ছে। এমতাবস্থায় বিভিন্ন পদক্ষেপ যেমন: (রাজনৈতিক দৃঢ় অঙ্গীকার প্রতিষ্ঠা, অবকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক বাধা অপসারণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, প্রযুক্তির উন্নয়ন, মানবসম্পদের উন্নয়ন, সরকারি অব্যবস্থা দূরীকরণ) করা উচিত।

বাপ্পি চকবাজারে মিষ্টি দোকান দিয়ে কর্মচারীর মাধ্যমে ভালোভাবে পরিচালনা করে। অল্প সময়ের মধ্যে সুনাম আশেপাশে ছড়িয়ে পড়ে। দোকানে প্রচুর ভিড় থাকে। বিভিন্ন অনুষ্ঠানাদিতে প্রচুর অর্ডার আসে।
৪. ট্রেড লাইসেন্স কী?
ব্যবসায় অসীম দায় বলতে কী বোঝায়?
উদ্দীপকের ব্যবসায়টি কোন ধরনের ব্যবসায়? ব্যাখ্যা কর।
উদ্দীপকের ব্যবসায়ের উন্নয়নে স্থান নির্বাচনের ভূমিকা বিশ্লেষণ করো এবং মতামত দাও।
সমাধান ও উত্তর
(ক)
যেকোনো ব্যবসায় শুরু করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নেওয়া অনুমোদন বা নিবন্ধনকে ট্রেড লাইসেন্স বলে।
(খ)
বিনিয়োগকৃত মূলধনের বাইরেও ব্যক্তিগত দায় সৃষ্টি হওয়াকে অসীম দায় বলে।
একমালিকানা ব্যবসায়ে মালিকের দায় অসীম। ব্যবসায়ের দেনার জন্য মালিকের ব্যক্তিগত সম্পত্তি ক্ষেত্রবিশেষে দায়বদ্ধ থাকে। বিনিয়োগকৃত মূলধন দ্বারা দায় পরিশোধ না হলে মালিকের ব্যক্তিগত সম্পত্তি বিক্রয় করে দেনা শোধ করতে হয়। একমালিকানা ব্যবসায়ে মালিক যেমন একা সমস্ত মুনাফা ভোগ করে ঠিক তেমনি সমস্ত দায়ও তাকেই বহন করতে হয়। তাই এরূপ ব্যবসায়ের দায় অসীম হয়।
(গ)
উদ্দীপকের ব্যবসায়টি একমালিকানা ব্যবসায়।
যে ব্যবসায়ে একজনমাত্র মালিক থাকে যিনি নিজেই ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন, ঝুঁকি গ্রহণ করেন, মুনাফা ভোগ করেন, দায় একাই পরিশোধ করেন, ব্যবসায় একাই পরিচালনা করেন তাকে একমালিকানা ব্যবসায় বলে। এই ব্যবসায়ে মালিক একজন থাকে বলে ব্যবসায়টির আয়তন ছোট হয়।
উদ্দীপকের বাপ্পি চকবাজারে মিষ্টির দোকান দিয়ে কর্মচারীর মাধ্যমে ব্যবসায়টি ভালোভাবে পরিচালনা করছে। অল্প সময়ের মধ্যে ব্যবসায়ের সুনাম আশেপাশে ছড়িয়ে পড়ে। তার দোকানে প্রচুর ভিড় থাকে এবং বিভিন্ন অনুষ্ঠানে প্রচুর অর্ডার আসে। বাপ্পির ব্যবসায়ের কার্যক্রমটি একমালিকানা ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের ব্যবসায়টি একমালিকানা ব্যবসায়।
(ঘ)

উদ্দীপকের একমালিকানা ব্যবসায়টি উপযুক্ত স্থান নির্বাচনের কারণে সফল হয়েছে বলে আমি মনে করি।

একমালিকানা ব্যবসায় একক মালিকানায় গঠিত ও পরিচালিত হয়। ফলে এ ব্যবসায় সহজেই যেকোনো স্থানে গঠন করা যায়। যার কারণে পৃথিবীর সর্বত্রই এ ব্যবসায়ের সংখ্যাই বেশি এবং এর মাধ্যমে সম্পদের সুসম বণ্টন করা সম্ভবপর হয়।

উদ্দীপকের বাপ্পি চকবাজারে মিষ্টির দোকান দিয়ে কর্মচারীর মাধ্যমে ব্যবসায়টি ভালোভাবে পরিচালনা করছে। অল্প সময়ের মধ্যে ব্যবসায়ের সুনাম আশেপাশে ছড়িয়ে পড়ে। তার দোকানে প্রচুর ভিড় থাকে এবং বিভিন্ন অনুষ্ঠানে প্রচুর অর্ডার আসে।

যেকোনো স্থানে স্থাপন করলেই যে ব্যবসায়ে সফলতা আসবে এমন নয়; বরং ব্যবসায় স্থাপন করার শুরুতেই ব্যবসায়ের স্থান নির্বাচনের বিষয়টিকে অধিক গুরুত্ব দিতে হবে। কারণ সব ধরনের স্থান সব ধরনের পণ্যের ব্যবসায়ের জন্য উপযোগী নয়। এক্ষেত্রে উদ্দীপকের বাপ্পিকে একজন সচেতন ও বিচক্ষণ ব্যক্তি বলা যায়। কারণ তিনি তার ব্যবসায়টি স্থাপনের পূর্বে স্থান নির্বাচনকে অধিক গুরুত্ব দিয়েছেন, যা তাকে অল্প কিছু দিনের মধ্যেই সফলতা এনে দিয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের বাপ্পির ব্যবসায়ের উন্নয়নে স্থান নির্বাচনের ভূমিকা অপরিসীম।

কুমিল্লা সরকারি মহিলা কলেজ ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।