ক্যান্টনমেন্ট কলেজ, যশোর ২০২৫

এইচএসসি · ব্যবস্থাপনা ১ম পত্র

ক্যান্টনমেন্ট কলেজ, যশোর ২০২৫

১০টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

মি. মাসুম সিমেন্ট কারখানার মালিক। তিনি সিমেন্ট তৈরির কাঁচামাল বিদেশ থেকে আমদানি করেন। তার সিমেন্টের গুণগত মান অত্যন্ত ভালো হওয়ায় দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করেন। অল্প দিনে তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।
১. প্রমিতকরণ কী?
প্রাথমিক শিল্প বলতে কি বোঝ? ব্যাখ্যা কর।
মি. মাসুমের সিমেন্ট উৎপাদন কোন শিল্পের মধ্যে পড়ে? ব্যাখ্যা কর।
বাণিজ্যের ধরন অনুযায়ী মি. মাসুমের সিমেন্টে ব্যবসায়টির ধরন কী? যুক্তিসহ ব্যাখ্যা কর।
সমাধান ও উত্তর
(ক)
পণ্যের ওজন, আকার, রং, গুণাগুণ ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে পণ্যের সঠিক মানের সীমা নির্ধারণ কার্যকেই প্রমিতকরণ বলে।
(খ)
যে শিল্পে প্রকৃতিপ্রদত্ত সম্পদের কোনোরূপ পরিবর্তন ছাড়াই ব্যবহার করা যায় তাকে প্রাথমিক শিল্প বলে।
প্রাথমিক শিল্পের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ উত্তোলন, শোধন এবং রূপগত পরিবর্তনের মাধ্যমে পণ্যদ্রব্যের নতুন উপযোগ সৃষ্টি করা হয়ে থাকে। উদাহরণস্বরূপ বলা যায়: খনিজ থেকে বিভিন্ন দ্রব্য উৎপাদন, বনের কাঠ থেকে আসবাবপত্র তৈরি, তুলা থেকে কাপড় তৈরি, সমুদ্র থেকে মৎস্য আহরণ, জমিতে ফসল ফলানো, মধু সংগ্রহ, গাভি, হাঁস-মুরগি ইত্যাদি লালন-পালন সবই প্রাথমিক শিল্পের অন্তর্গত।
(গ)

মি. মাসুমের সিমেন্ট উৎপাদনের কাজটি উৎপাদন শিল্পের অন্তর্গত। যে শিল্পে শ্রম ও যন্ত্রপাতির সাহায্যে কাঁচামালকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা হয়, তাকে উৎপাদন শিল্প বলে। সাধারণত কয়েকটি স্তরে এ শিল্পের কাজ সংঘটিত হয়। যেমন চিনি শিল্প, সিমেন্ট শিল্প, বস্ত্র শিল্প, প্রকৌশল শিল্প, আসবাবপত্র শিল্প ইত্যাদি।

উদ্দীপকের মি. মাসুম সিমেন্ট কারখানার মালিক। তিনি সিমেন্ট তৈরির কাঁচামাল বিদেশ থেকে আমদানি করেন। তিনি আমদানিকৃত উক্ত কাঁচামালকে শ্রম ও যন্ত্রের সাহায্যে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সিমেন্টে রূপান্তর করেন। তার সিমেন্ট তৈরি কাজটি উৎপাদন শিল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মি. মাসুমের সিমেন্ট উৎপাদনের কাজটি উৎপাদন শিল্পের অন্তর্গত।

(ঘ)

বাণিজ্যের ধরন অনুযায়ী মি. মাসুমের সিমেন্টের ব্যবসায়টি বৈদেশিক বাণিজ্যের অন্তর্গত।

এক দেশের সাথে অন্য দেশের বা এক দেশের ব্যবসায়ীর সাথে অন্য দেশের ব্যবসায়ীর যে ক্রয়-বিক্রয়কার্য সম্পাদিত হয় তাকে বৈদেশিক বাণিজ্য বলে। এক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা উভয়ই ভিন্ন ভিন্ন দেশের হয়ে থাকে। বৈদেশিক বাণিজ্য আমদানি, রপ্তানি ও পুনঃরপ্তানি এই তিন ধরনের হয়ে থাকে।

উদ্দীপকের মি. মাসুম সিমেন্ট কারখানার মালিক। তিনি সিমেন্ট তৈরির কাঁচামাল বিদেশ থেকে আমদানি করেন। আর সিমেন্টের গুণগত মান ভালো হওয়ায় দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করেন। অল্প দিনেই তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন।

নিজ দেশে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক বাণিজ্যের সৃষ্টি হয়। এরূপ রপ্তানি বাণিজ্যের পরিমাণ অধিক হলে, সেই দেশ অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন করতে সক্ষম হয় এবং ব্যবসায়ীও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়। উদ্দীপকের মি. মাসুমও এমন বৈদেশিক বাণিজ্যের সাথে জড়িত। তাই আমি মনে করি, মি. মাসুম তার বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে নিজের প্রতিষ্ঠানের সমৃদ্ধি অর্জনের পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

বাংলাদেশে রয়েছে প্রচুর জনশক্তি। এ জনশক্তি ও সম্ভা শ্রমিকের ওপর নির্ভর করে গড়ে উঠেছে পোশাক শিল্প। বাংলাদেশের পোশাক শিল্পের বিদেশে যথেষ্ট সুনাম আছে। তবে পোশাক শিল্পে অনেক সমস্যাও আছে। এসব সমস্যার কারণে এ শিল্পের উন্নয়ন কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে।
২. অর্থনৈতিক পরিবেশ কী?
সামাজিক পরিবেশ বলতে কী বোঝায়?
বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নে কোন পরিবেশ সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে? ব্যাখ্যা কর।
উদ্দীপকের আলোকে পোশাক শিল্পের উন্নয়নে কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত? মতামত দাও।
সমাধান ও উত্তর
(ক)
কোনো দেশের জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে।
(খ)
কোনো দেশের জনসংখ্যা, ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ, আচার-আচরণ, শিক্ষা ও সংস্কৃতি, দেশীয় ঐতিহ্য ইত্যাদিও সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে সামাজিক পরিবেশ বলে।
সমাজ বলতে পরস্পর সম্পর্কযুক্ত মানবগোষ্ঠীকে বোঝায়। সামাজিক পরিবেশের উপাদানগুলো মূলত মানুষের সৃষ্টি এবং মানুষের কার্যক্রম দ্বারা প্রবর্তিত হয়। একটি দেশের ব্যবসায় প্রতিষ্ঠান সেই দেশের অনুকূল সামাজিক পরিবেশের উপাদানগুলো ব্যবসায়-বাণিজ্যকে প্রভাবিত করে। প্রতিকূল সামাজিক পরিবেশে ব্যবসায় স্থাপন করে সফলতা অর্জন করা সম্ভব নয়। সামাজিক পরিবেশ অনুকূল ও সুন্দর হলে ব্যবসায়ের প্রসার ত্বরান্বিত হয়। তাই ব্যবসায় প্রতিষ্ঠায় অনুকূল সামাজিক পরিবেশের প্রয়োজন হয়।
(গ)
বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নে অর্থনৈতিক পরিবেশ সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে।
কোনো দেশের জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও মানবসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে কোনো দেশে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। যে দেশে অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগ ভালো, মূলধনের পরিমাণ আশাব্যঞ্জক, অর্থ ও ঋণব্যবস্থা উন্নত সেই দেশ ব্যবসায়ের ক্ষেত্রে ততই অগ্রগতি লাভ করতে পারে।
উদ্দীপকে বাংলাদেশে প্রচুর জনশক্তির কথা বলা হয়েছে। উক্ত জনশক্তি ও সস্তা শ্রমিকের উপর নির্ভর করে গড়ে উঠেছে পোশাক শিল্প। বাংলাদেশের পোশাক শিল্পের বিদেশে যথেষ্ট সুনাম রয়েছে। উক্ত জনশক্তি ও সম্ভা শ্রম অর্থনৈতিক পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নে অর্থনৈতিক পরিবেশ সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে।
(ঘ)

উদ্দীপকের পোশাক শিল্পের উন্নয়নে ব্যবসায় পরিবেশের সমস্যাগুলো চিহ্নিত করে তা দূর করতে হবে।

যে পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে কোনো দেশের ব্যবসায় প্রতিষ্ঠান গঠিত ও পরিচালিত হয় তাকে ব্যবসায় পরিবেশ বলে। বাংলাদেশের ব্যবসায় পরিবেশের এমন কিছু সমস্যা থাকে যা দূর করা না গেলে বিদ্যমান সুবিধাসমূহকে কাজে লাগানো যায় না। ফলে ব্যবসায়ে উন্নতিসাধন করা সম্ভবপর হয় না।

উদ্দীপকের বাংলাদেশে প্রচুর জনশক্তির কথা বলা হয়েছে। উক্ত জনশক্তি ও সস্তা শ্রমিকের ওপর নির্ভর করে গড়ে উঠেছে পোশাক শিল্প। বাংলাদেশের পোশাক শিল্পের বিদেশে যথেষ্ট সুনাম রয়েছে। তবে পোশাক শিল্পের অনেক সমস্যাও রয়েছে। এসকল সমস্যার কারণে এ শিল্পের উন্নয়নে কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে।

যেকোনো দেশের অর্থনৈতিক, উন্নয়নে ব্যবসায় পরিবেশের উপাদানগুলোর অনুকূল উপস্থিতি দেশকে ব্যবসায়-বাণিজ্যে উন্নত এবং অনুপস্থিতি পেছনে ফেলে দিতে পারে। বাংলাদেশেও ব্যবসায় পরিবেশের প্রতিকূল পরিস্থিতির কারণে পোশাক শিল্পসহ বিভিন্ন শিল্প বাধাগ্রস্ত হচ্ছে। এমতাবস্থায় শিল্প তথা পোশাক শিল্পের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ যেমন: (রাজনৈতিক দৃঢ় অঙ্গীকার প্রতিষ্ঠা, অবকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক বাধা অপসারণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, প্রযুক্তির উন্নয়ন, মানবসম্পদের উন্নয়ন, সরকারি অব্যবস্থা দূরীকরণ) করা উচিত বলে আমি মনে করি।

মি. রহমান একজন ফল ব্যবসায়ী, ঢাকার কাওরান বাজারে তার আড়ৎ রয়েছে। তিনি নিজেই তার ব্যবসায়ের যাবতীয় কাজ তদারকি করেন। তিনি কখনো আম, কাঁঠাল, তরমুজ বিক্রি করেন। আবার কখনো আনারস,আপেল ও খেজুর বিক্রি করেন। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ফল ব্যবসায়ীদের নিকট তিনি একজন জনপ্রিয় ব্যবসায়ী। তিনি সবসময় একটি নীতি মেনে চলেন, তাহলো 'সৎ ব্যবসায়ী সবসময়ই সুখী'।
৩. প্রত্যক্ষ সেবা কী?
পরিবেশ দূষণ বলতে কী বোঝ?
মি. রহমানের ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা কর।
মি. রহমানের ব্যবসায়ের মতো প্রতিষ্ঠানগুলোর টিকে থাকা কী সম্ভব? উদ্দীপকের আলোকে মতামত বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
ভোক্তা বা গ্রাহকদের প্রয়োজন পূরণে সক্ষম এমন কাজ সেবা সুবিধা বা তৃপ্তি সরাসরি প্রদান করাকে প্রত্যক্ষ সেবা বলে।
(খ)
বিভিন্ন খারাপ উপাদান মিশে পরিবেশের স্বাভাবিকতা নষ্ট হওয়াকে পরিবেশ দূষণ বলে।
পরিবেশে বিভিন্ন খারাপ উপাদান মিশে মাটি, পানি, বায়ু ও শব্দ দূষিত হয়। এর ফলে মানুষের মধ্যে বিভিন্ন শারীরিক ও মানসিক রোগের আবির্ভাব দেখা দেয়। কিন্তু মানুষের সুস্থতার জন্য প্রয়োজন দূষণমুক্ত পরিবেশ। তাছাড়া পরিবেশ দূষণের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এবং নানা রকম প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি সৃষ্টি হয় যা মানুষের অর্থনৈতিক কর্মকান্ডকে ব্যাহত করে। তাছাড়াও পরিবেশ দূষণের ফলে মানুষের স্বাভাবিক চলাফেরা বা জীবনযাপনে বাধা তৈরি হয়। এসব কারণেই পরিবেশকে দূষণমুক্ত রাখা গুরুত্বপূর্ণ।
(গ)
মি. রহমানের ব্যবসায়টি একমালিকানা ব্যবসায় সংগঠন।
যে ব্যবসায়ে একজনমাত্র মালিক থাকে যিনি নিজেই ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন, ঝুঁকি গ্রহণ করেন, মুনাফা ভোগ করেন, দায় একাই পরিশোধ করেন, ব্যবসায় একাই পরিচালনা করেন তাকে একমালিকানা ব্যবসায় বলে। এই ব্যবসায়ে মালিক একজন থাকে বলে ব্যবসায়টির আয়তন ছোট হয়।
উদ্দীপকে মি. রহমান একজন ফল ব্যবসায়ী। ঢাকার কাওরান বাজারে তার আড়ৎ রয়েছে। তিনি নিজেই তার ব্যবসায়ের যাবতীয় কাজ তদারকি করেন। তিনি কখনো আম, কাঁঠাল, তরমুজ বিক্রি করেন। আবার কখনো আনারস, আপেল ও খেজুর বিক্রি করেন। ঢাকাসহ' দেশের বিভিন্ন অঞ্চলে ফল ব্যবসায়ীদের নিকট তিনি একজন জনপ্রিয় ব্যবসায়ী। মি. রহমান এককভাবে তার ব্যবসায় পরিচালনা করেন, যা একমালিকানা ব্যবসায়ের সাদৃশ। তাই বলা যায়, মি. রহমানের ব্যবসায়টি একমালিকানা ব্যবসায় সংগঠন।
(ঘ)

মি. রহমান একমালিকানা ব্যবসায়ের মালিক, তার মতো ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর টিকে থাকা সম্ভব।

যে ব্যবসায়ে একজনমাত্র মালিক থাকে যিনি নিজেই ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন, ঝুঁকি গ্রহণ করেন, মুনাফা ভোগ করেন, দায় একাই পরিশোধ করেন, ব্যবসায় একাই পরিচালনা করেন তাকে একমালিকানা ব্যবসায় বলে। এই ব্যবসায়ে মালিক একজন থাকে বলে ব্যবসায়টির আয়তন ছোট হয়।

উদ্দীপকের মি. রহমান একজন ফল ব্যবসায়ী। ঢাকার কাওরান বাজারে তার আড়ৎ রয়েছে। তিনি নিজেই তার ব্যবসায়ের যাবতীয় কাজ তদারকি করেন। তিনি কখনো আম, কাঁঠাল, তরমুজ বিক্রি করেন। আবার কখনো আনারস, আপেল ও খেজুর বিক্রি করেন। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফল ব্যবসায়ীদের নিকট তিনি একজন জনপ্রিয় ব্যবসায়ী। তিনি সবসময় একটি নীতি মেনে চলেন, তাহলো 'সৎ ব্যবসায়ী সবসমই সুখী'।

একমালিকানা ব্যবসায় একটি জনপ্রিয় ব্যবসায়। শুধু মালিকের ইচ্ছা এবং সামান্য পরিমাণ মূলধন থাকলেই এ ধরনের ব্যবসায় খুব সহজেই গঠন করা যায়। মালিক একা এই ব্যবসায় পরিচালনা করে বিধায় গ্রাহকের সাথে তার সরাসরি সম্পর্ক গড়ে ওঠে এবং সততার সাথে ব্যবসায় পরিচালনা করা যায়। আর সততা একজন ব্যবসায়ীকে ব্যবসায়ে টিকে থাকতে সবচেয়ে বেশি সহযোগিতা করে। তাই আমি মনে করি, মি. রহমানের মতো-ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর টিকে থাকা সম্ভব।

রতন, রজব ও বাবর তিন বন্ধু। সমঝোতার ভিত্তিতে প্রত্যেকেই সমান মূলধন বিনিয়োগ করে যশোরে একটা আধুনিক প্রিন্টিং প্রেস চালু করলো। তিনজন মিলেমিশে ও কাজ ভাগ করে মনোযোগ দিয়ে কাজ করায় এখন তাদের আরেকটা মেশিন উঠানোর প্রয়োজন। কিন্তু হাতে নগদ টাকা না থাকায় তারা এমন অংশীদার নেয়ার কথা ভাবছে তার দায় যেমনই হোক না কেন পরিচালনায় অংশ নিতে পারবে না।
৪. নামমাত্র অংশীদার কে?
অংশীদারি ব্যবসায়ের অসীম দায়ের পরোক্ষ সুবিধা বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উদ্দীপকের বন্ধুদের অংশীদারি ব্যবস্থায়টি কোন ধরনের? ব্যাখ্যা কর।
বন্ধুদের নতুন ধরনের অংশীদার নেয়ার সিদ্ধান্তের যথার্থতা উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
সমাধান ও উত্তর
(ক)
যে অংশীদার অর্থের বিনিময়ে ব্যবসায়ে নিজের খ্যাতি বা সুনাম ব্যবহার করার সুযোগ দেয় তাকে নামমাত্র অংশীদার বলে।
(খ)

দায়ের মাত্রা বুঝে ব্যক্তি বা ব্যক্তিবর্গের সতর্ক হয়ে চলার যে সুবিধা তাকে অসীম দায়ের পরোক্ষ সুবিধা বলে।

অংশীদারি ব্যবসায়ে অংশীদারদের দায় অসীম। এ কারণেই সকল অংশীদার অত্যন্ত সতর্কতার সাথে ব্যবসায় পরিচালনার চেষ্টা করে। ফলে অপ্রয়োজনীয় ব্যয়সহ আবেগপ্রবণ সিদ্ধান্ত গ্রহণের ঝুঁকি অনেকাংশে হ্রাস পায়। তদুপরি তৃতীয় পক্ষ এরূপ দায়ের সুবাদে ধার বা ঋণ প্রদানে আগ্রহী থাকে।

(গ)
উদ্দীপকের বন্ধুদের অংশীদারি ব্যবসায়টি সাধারণ অংশীদারি ব্যবসায়। যে অংশীদারি ব্যবসায়ে সকল অংশীদারের দায় অসীম থাকে এবং প্রত্যেকেই ব্যবসায় পরিচালনার অধিকার রাখে তাকে সাধারণ অংশীদারি ব্যবসায় বলে। এরূপ অংশীদারি ব্যবসায়ে সকল অংশীদারের দায় তাদের বিনিয়োজিত মূলধন অপেক্ষা বেশি হয় এবং ব্যক্তিগত সম্পত্তি দায়বদ্ধ হয়। এরূপ দায়ের জন্য কোনো অংশীদার দেউলিয়া ঘোষিত হতে পারে।
উদ্দীপকের রতন, রজব ও বাবর তিন বন্ধু সমঝোতার ভিত্তিতে প্রত্যেকেই সমান মূলধন বিনিয়োগ করে যশোরে একটি আধুনিক প্রিন্টিং প্রেস চালু করে। তিনজনে মিলেমিশে ও কাজ ভাগ করে মনোযোগ দিয়ে কাজ করায় এখন তাদের আরেকটা মেশিন উঠানোর প্রয়োজন। উক্ত ব্যবসায়ের প্রত্যেক অংশীদারের দায় অসীম, এই বৈশিষ্ট্যটি সাধারণ অংশীদারি ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের বন্ধুদের অংশীদারি ব্যবসায়টি সাধারণ অংশীদারি ব্যবসায়।
(ঘ)

বন্ধুদের নেওয়া নতুন অংশীদার হলো সীমিত অংশীদার, প্রতিষ্ঠানের স্বার্থে উক্ত অংশীদার নেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ যৌক্তিক।

যে অংশীদারের দায় ব্যবসায়ে বিনিয়োগকৃত মূলধন পর্যন্ত সীমাবদ্ধ তাকে সীমিত অংশীদার বলে। এরূপ অংশীদার আইন অনুযায়ী ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না। এছাড়াও এরা ব্যবসায় হতে ঋণ গ্রহণ বা অর্থ উত্তোলন করতে পারে না।

উদ্দীপকের রতন, রজব ও বাবর তিন বন্ধু সমঝোতার ভিত্তিতে প্রত্যেকেই সমান মূলধন বিনিয়োগ করে যশোরে একটি আধুনিক প্রিন্টিং প্রেস চালু করে। তিনজনে মিলেমিশে ও কাজ ভাগ করে মনোযোগ দিয়ে কাজ করায় এখন তাদের আরেকটা মেশিন উঠানোর প্রয়োজন। কিন্তু হাতে নগদ টাকা না থাকায় তারা এমন অংশীদার নেওয়ার কথা ভাবছে তার দায় যেমনই হোক না কেন পরিচালনায় অংশ নিতে পারবে না।

উদ্দীপকের অংশীদারগণ তাদের ব্যবসায়টি সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়। কিন্তু তাদের হাতে পর্যাপ্ত টাকা না থাকায় তারা নতুন অংশীদার নেওয়ার কথা ভাবছেন। এক্ষেত্রে তারা এমন অংশীদার নিতে চাচ্ছেন যে কিনা মূলধন দিলেও পরিচালনায় অংশ নিতে পারবে না। তারা যে ধরনের নতুন অংশীদারের কথা ভাবছে তা সীমিত অংশীদারের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই এক্ষেত্রে নতুন অংশীদার হবে সীমিত অংশীদার। প্রতিষ্ঠানের স্বার্থে এমন অংশীদার নেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ যৌক্তিক। কারণ এতে ব্যবসায়টি সম্প্রসারিত হবে এবং সদস্যদের অর্থনৈতিক কল্যাণ সাধিত হবে।

ক্যান্টনমেন্ট কলেজ, যশোর ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।