ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর ২০২৫

এইচএসসি · ব্যবস্থাপনা ১ম পত্র

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর ২০২৫

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

মি. মজনু মিয়া একজন আলু ব্যবসায়ী। তিনি ভরা মৌসুমে রংপুরের গ্রামের কৃষকদের কাছ থেকে সরাসরি কম দামে শিল বিলাতি আলু ক্রয় করেন এবং অল্প খরচে কোল্ডস্টোরেজে সংরক্ষণ করেন। মন্দা মৌসুমে নিজস্ব ট্রাকে করে সেগুলো রংপুর থেকে ঢাকার ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। এতে তার ভালো লাভ হয়। এভাবে তিনি তার ব্যবসায়ে সফলতা লাভ করে চলেছেন।
১. ব্যবসায় কী?
শিল্প কীভাবে নতুন উপযোগ সৃষ্টি করে- ব্যাখ্যা কর।
উদ্দীপকে মি. মজনু মিয়ার ঢাকায় আলু বিক্রির কাজটি ব্যবসায়ের কোন শাখার অন্তর্গত- ব্যাখ্যা কর।
উদ্দীপকে আলু সংরক্ষণের কাজটি ব্যবসায়ের কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? যুক্তিসহ মতামত দাও।
সমাধান ও উত্তর
(ক)
মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বণ্টনসহ সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে।
(খ)
শিল্প প্রকৃতিপ্রদত্ত সম্পদের রূপ পরিবর্তন করে রূপগত উপযোগ সৃষ্টি করে।
যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদের রূপ পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা হয় তাকে শিল্প বলে। শিল্পের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া শুরু হয়। তাই শিল্পকে উৎপাদনের বাহন বলা যায়। কিন্তু এই উৎপাদন কাজ বাস্তবায়নে অনেক সময় লেগে যায়। কেননা উৎপাদন কাজে ব্যবহৃত কাঁচামাল ও অন্যান্য উপকরণ বহু প্রক্রিয়ার মাধ্যমে সংগ্রহ করতে হয়। তাই বলা যায়, শিল্প প্রাকৃতিক সম্পদের রূপ পরিবর্তনের মাধ্যমে নতুন উপযোগ সৃষ্টি করে।
(গ)
উদ্দীপকের মি. মজনু মিয়ার ঢাকায় আলু বিক্রির কাজটি ব্যবসায়ের বাণিজ্য শাখার অন্তর্গত।
শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত ভোগকারী বা ব্যবহারকারীদের নিকট প্রেরণের ক্ষেত্রে সম্পাদিত কার্যসমষ্টিকে বাণিজ্য বলে। বাণিজ্য ব্যবসায়ের বণ্টনকারী শাখা এবং ব্যক্তিগত বা স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়। এর মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তরিত হয় বিধায় বাণিজ্যকে ব্যবসায়ের বণ্টনকারী শাখা বলা হয়।
উদ্দীপকের মি. মজনু মিয়া একজন আলু ব্যবসায়ী। ভরা মৌসুমে তিনি কৃষকদের কাছ থেকে সরাসরি কম দামে শিল বিলাতি আলু ক্রয় করেন এবং অল্প খরচে কোল্ডস্টোরেজে সংরক্ষণ করেন। সংরক্ষিত আলু মন্দা মৌসুমে নিজস্ব ট্রাকে করে ঢাকার ব্যবসায়ীদের কাছে বিক্রয় করেন। উক্ত বিক্রয় কাজ ব্যবসায়ের বাণিজ্য শাখার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের মি. মজনু মিয়ার ঢাকায় আলু বিক্রির কাজটি ব্যবসায়ের বাণিজ্য শাখার অন্তর্গত।
(ঘ)
উদ্দীপকে মি. মজনুর আলু সংরক্ষণের কাজটি ব্যবসায়ের সময়গত উপযোগ সৃষ্টি করে।
কোনো দ্রব্য এক সময় হতে অন্য সময় পর্যন্ত সংরক্ষণের ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে সময়গত উপযোগ বলে। বিপণনকারী উৎপাদকের উৎপাদিত পণ্য নিজ উদ্যোগে সংরক্ষণ বা গুদামজাতকরণ করে সময়গত উপযোগ সৃষ্টি করে। ফলে ভোক্তাদের চাহিদা অনুসারে সঠিক সময়ে গুণগত মানসম্পন্ন পণ্য সরবরাহ করা সম্ভব হয়।।।
উদ্দীপকের মি. মজনু মিয়া একজন আলু ব্যবসায়ী। ভরা মৌসুমে তিনি কৃষকদের কাছ থেকে সরাসরি কম দামে শিল বিলাতি আলু ক্রয় করেন এবং অল্প খরচে কোল্ডস্টোরেজে সংরক্ষণ করেন। সংরক্ষিত আলু মন্দা মৌসুমে নিজস্ব ট্রাকে করে ঢাকার ব্যবসায়ীদের কাছে বিক্রয় করেন। এতে তার ব্যবসায়ে ভালো লাভ হয় এবং তিনি ব্যবসায়ে সফলতা অর্জন করেন।
মি. মজনু মিয়ার সংরক্ষণমূলক ব্যবস্থাটি গুদামজাতকরণ কাজের অন্তর্ভুক্ত। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে আলু সংরক্ষণ করে রাখা যায়। ফলে জনগণের চাহিদা মোতাবেক আলু সরবরাহ করা যায়। এতে একদিকে যেমন প্রতিষ্ঠান লাভবান হয় অন্যদিকে জনগণেরও চাহিদা পূরণ হয়। তাই আমি মনে করি, মি. মজনু মিয়ার আলু সংরক্ষণের কাজটি খুবই গুরত্বপূর্ণ। এমন সংরক্ষণমূলক কাজ ব্যবসায়ের সময়গত উপযোগ সৃষ্টি করে।
জনাব আব্দুর রহমান রংপুরের গঙ্গাচড়ায় একটি বেনারসি শাড়ির কারখানা স্থাপন করেন। ব্যাংক ঋণ ও মেধা খাটিয়ে তিনি ব্যবসায়টিকে এগিয়ে নিচ্ছেন। সরকারের সহযোগিতা পেলে তিনি ভবিষ্যতে রংপুরের বেনারসি শাড়ি বিদেশে রপ্তানি করতে পারবেন।
২. পুনঃরপ্তানি কী?
ব্যবসায় মূল্যবোধ বলতে কী বোঝায়?
উদ্দীপকে জনাব আব্দুর রহমানের ব্যবসায় সফলতায়, পরিবেশের কোন উপাদানের ভূমিকা সর্বাধিক? ব্যাখ্যা কর।
উদ্দীপকে জনাব আব্দুর রহমান যে পরিবেশের উপর ভিত্তি করে ব্যবসায় সম্প্রসারণের কথা চিন্তা করছেন তার যথার্থতা বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
এক দেশ হতে পণ্য ক্রয় করে তা অন্য দেশে বিক্রয় করাকে পুনঃরপ্তানি বলে।
(খ)
ব্যবসায়ের ক্ষেত্রে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা উচিত, কোনটা অনুচিত এ সংক্রান্ত মানুষের বোধ বা উপলব্ধিকেই ব্যবসায় মূল্যবোধ বলে।
মূল্যবোধ মনোভাব থেকে সৃষ্টি। যে মনোভাবের ওপর ভিত্তি করে ব্যবসায়িক রীতিনীতি ও কার্যক্রম পরিচালিত হয়। যা করা উচিত তা করা এবং যা করা উচিত নয় তা থেকে বিরত থাকাকে নৈতিকতা বলে। এক্ষেত্রে নৈতিকতার বিষয়টি মূল্যবোধ থেকে সৃষ্ট। কারণ মূল্যবোধের কারণেই মানুষ ন্যায় অন্যায়ের বিষয়টি বুঝতে পারে। তাই মূল্যবোধকে নৈতিকতার ভিত্তি বলা হয়।
(গ)
উদ্দীপকের জনাব আব্দুর রহমানের ব্যবসায় সফলতায় পরিবেশের অর্থনৈতিক উপাদানের ভূমিকা সর্বাধিক।
কোনো দেশের জনগণের আয় ও সঞ্চয়, অর্থ ও ঋণব্যবস্থা, বিনিয়োগ, মূলধন ও জনসম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে যে পরিবেশের সৃষ্টি হয় তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। যে দেশে অভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগ ভালো, মূলধনের পরিমাণ আশাব্যঞ্জক, অর্থ ও ঋণব্যবস্থা উন্নত সেই দেশ ব্যবসায়ের ক্ষেত্রে ততই অগ্রগতি লাভ করতে পারে।
উদ্দীপকের জনাব আব্দুর রহমান রংপুরের গঙ্গাচড়ায় একটি বেনারসি শাড়ির কারখানা স্থাপন করেন। এই কারখানা স্থাপনে তিনি ব্যাংক ঋণ গ্রহণ করেন। উক্ত সংগৃহীত ঋণ ও তার নিজের মেধা খাটিয়ে তিনি তার ব্যবসায়টিকে এগিয়ে নিচ্ছে। এক্ষেত্রে তিনি যে ঋণ নিচ্ছেন তা অর্থনৈতিক পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব আব্দুর রহমানের ব্যবসায় সফলতায় পরিবেশের অর্থনৈতিক উপাদানের ভূমিকা সর্বাধিক।
(ঘ)
উদ্দীপকের আব্দুর রহমান রাজনৈতিক পরিবেশের ওপর ভিত্তি করে ব্যবসায় সম্প্রসারণের 'কথা চিন্তা করছেন- উক্তিটি যথার্থ।
দেশের সার্বভৌমত্ব, সরকারের স্থিতিশীলতা, দৃষ্টিভঙ্গি ও নীতিমালা, রাজনৈতিক দল, নেতৃত্ব ও তাদের চিন্তা-ভাবনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি মিলিয়ে যে পারিপার্শ্বিকতার জন্ম নেয় তাকে রাজনৈতিক পরিবেশ বলে। রাজনৈতিক পরিবেশ মূলত কোনো দেশের রাজনীতির চর্চার ধরন ও চিন্তাধারার সাথে জড়িত। একটা দেশের ব্যবসায়ে সফলতা ও ব্যর্থতার পেছনে রাজনৈতিক পরিবেশ ব্যাপক ভূমিকা রাখে।
উদ্দীপকের জনাব আব্দুর রহমান রংপুরের গঙ্গাচড়ায় একটি বেনারসি শাড়ির কারখানা স্থাপন করেন। এই কারখানা স্থাপনে তিনি ব্যাংক ঋণ গ্রহণ করেন। উক্ত সংগৃহীত ঋণ ও তার নিজের মেধা খাটিয়ে তিনি তার ব্যবসায়টিকে এগিয়ে নিচ্ছে। তার বিশ্বাস তিনি যদি সরকারে সহযোগিতা পান তবে তিনি ভবিষ্যতে দেশের শাড়ি বিদেশে রপ্তানি করতে পারবেন। এক্ষেত্রে তিনি রাজনৈতিক পরিবেশকে বিবেচনা করছেন।
যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে পরিবেশের রাজনৈতিক উপাদানের অনুকূল উপস্থিতি দেশকে ব্যবসায়-বাণিজ্যে উন্নত এবং অনুপস্থিতি পেছনে ফেলে দিতে পারে। উদ্দীপকের জনাব আব্দুর রহমানও তাই দেশের বাইরে শাড়ি রপ্তানির জন্য সরকারি সহযোগিতা চাচ্ছেন, যা রাজনৈতিক পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ। এক্ষেত্রে জনাব আব্দুর রহমান সরকারের সহযোগিতা পেয়ে বিদেশে শাড়ি রপ্তানি করতে পারলে দেশের অর্থনৈতিক অবস্থা উন্নত হবে এবং দেশের সুনাম বিদেশেও ছড়িয়ে পড়বে। তাই জনাব আব্দুর রহমানের রাজনৈতিক পরিবেশের ওপর ভিত্তি করে ব্যবসায় সম্প্রসারণের চিন্তা- উক্তিটি যথার্থ।
মি. মহসিন ঢাকা মেডিকেল হাসপাতালের ঠিক উল্টো পাশে একটি রেস্টুরেন্ট চালু করেন। তিনি মাত্র ৮০ টাকায় দুপুরের খাবার এবং ৪০ টাকায় সকাল ও বিকেলের নাস্তা পরিবেশন করেন। সুলভ মূল্যে মানসম্মত খাবার পাওয়ায় তার রেস্টুরেন্ট রোগী ও তাদের স্বজনদের নিকট বেশ জনপ্রিয়। সম্প্রতি তিনি বকশীবাজার এলাকায় রেস্টুরেন্টটির ২য় শাখা খোলার চিন্তা-ভাবনা করছেন।
৩. ট্রেড লাইসেন্স কী?
একমালিকানা ব্যবসায় কেন জনপ্রিয়? ব্যাখ্যা কর।
উদ্দীপকে মি. মহসিনের ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপকে 'ব্যবসায়ের স্থান সঠিকভাবে নির্বাচন করেছিলেন বলেই তিনি সফলতা পেয়েছেন'- উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
সমাধান ও উত্তর
(ক)
যেকোনো ব্যবসায় শুরু করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিতে হয় বা নিবন্ধন করতে হয়। আর এই অনুমোদন বা নিবন্ধন করাই হলো ট্রেড লাইসেন্স।
(খ)
একক মালিকানায় গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে একমালিকানার ব্যবসায় বলে।
একমালিকানার ব্যবসায়ের মালিক একক দায়িত্বে মূলধন জোগাড় করে, এককভাবে দায় বহন করে এবং এককভাবেই মুনাফা ভোগ করে। তিনি নিজেই ব্যবসায় পরিচালনা করেন। ব্যবসায়ের যেকোনো সিদ্ধান্ত গ্রহণে তিনি কারো সাথে কোনোরূপ শেয়ার করতে বাধ্য থাকেন না। তিনি ইচ্ছা করলেই যেকোনো সময় ব্যবসায় বিলোপও করতে পারেন। এসব কারণেই একমালিকানা ব্যবসায় অন্যান্য ব্যবসায়ের তুলনায় জনপ্রিয় হয়ে থাকে।
(গ)
উদ্দীপকের মি. মহসিনের ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে একমালিকানা ব্যবসায়।
যে ব্যবসায়ে একজনমাত্র মালিক থাকে যিনি নিজেই ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন, ঝুঁকি গ্রহণ করেন, মুনাফা ভোগ করেন, দায় একাই পরিশোধ করেন, ব্যবসায় একাই পরিচালনা করেন তাকে একমালিকানা ব্যবসায় বলে। এ ধরনের ব্যবসায়ের মালিক একজন থাকে বলে ব্যবসায়টির আয়তন ছোট হয়।
উদ্দীপকের মি. মহসিন ঢাকা মেডিকেল হাসপাতালের ঠিক উল্টো পাশে একটি রেস্টুরেন্ট চালু করেন। তিনি মাত্র ৮০ টাকায় দুপুরের খাবার এবং ৪০ টাকায় সকাল ও বিকালের নাস্তা পরিবেশন করেন। তিনি নিজেই রেস্টুরেন্টটির মালিক, পরিচালক, পুঁজি যোগানদাতা ও ঝুঁকি বহনকারী। জনাব মি. মহসিনের ব্যবসায় কার্যক্রমটি একমালিকানা ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে মি. মহসিনের ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে একমালিকানা ব্যবসায়।
(ঘ)
মি. মহসিনের একমালিকানা ব্যবসায়টি উপযুক্ত স্থান নির্বাচনের কারণে সফল হয়েছে বলে আমি মনে করি।
ব্যবসায়ের স্থান নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। স্থান নির্বাচন যথাযথ না হলে সফলতা অর্জন অনিশ্চিত হয়ে যায়। তাই স্থান নির্বাচনের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা আবশ্যক।
উদ্দীপকের মি. মহসিন ঢাকা মেডিকেল হাসপাতালের ঠিক উল্টো পাশে একটি রেস্টুরেন্ট চালু করেন। তিনি মাত্র ৮০ টাকায় দুপুরের খাবার এবং ৪০ টাকায় সকাল ও বিকালের নাস্তা পরিবেশন করেন। সুলভ মূল্যে মানসম্মত খাবার পাওয়ায় তার রেস্টুরেন্টটি রোগী ও তাদের স্বজনদের নিকট বেশ জনপ্রিয়। সম্প্রতি তিনি বকশী বাজার এলাকায় রেস্টুরেন্টটির ২য় শাখা খোলার চিন্তা-ভাবনা করছেন-।
যেকোনো স্থানে স্থাপন করলেই যে ব্যবসায়ে সফলতা আসবে এমন নয়; বরং ব্যবসায় স্থাপন করার শুরুতেই ব্যবসায়ের স্থান নির্বাচনের বিষয়টিকে অধিক গুরুত্ব দিতে হবে। কারণ সব ধরনের স্থান সব ধরনের পণ্যের ব্যবসায়ের জন্য উপযোগী নয়। এক্ষেত্রে উদ্দীপকের মি. মহসিনকে একজন সচেতন ও বিচক্ষণ ব্যক্তি বলা যায়। কারণ তিনি তার ব্যবসায়টি স্থাপনের পূর্বে স্থান নির্বাচনকে অধিক গুরুত্ব দিয়েছেন, যা তাকে অল্প কিছু দিনের মধ্যেই সফলতা এনে দিয়েছে। তাই বলা যায়, ব্যবসায়ে স্থান সঠিকভাবে নির্বাচন করেছিলেন বলেই । তিনি (মি. মহসিন) সফলতা পেয়েছেন'- উক্তিটি যথার্থ।
কনা, কেয়া ও শ্রেয়া তিন বান্ধবী মিলে রংপুরের ধাপ এলাকায় একটি বিউটি পার্লার গড়ে তোলেন। ব্যবসা ভালো হওয়ায় কয়েক বছরেই মূলধন দ্বি-গুণ বৃদ্ধি পায়। কিন্তু মালার নিকট পাওনা দুই লক্ষ টাকা বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও আদায় করতে পারছে না। এমনকি আদালতের আশ্রয় নিতেও তারা ব্যর্থ হয়।
৪. ঘুমন্ত অংশীদার কে?
নাবালক কী অংশীদার হতে পারে? ব্যাখ্যা কর।
উদ্দীপকে ব্যবসায়টি কোন ধরনের ব্যবসায়? ব্যাখ্যা কর।
উদ্দীপকে কী কারণে তিন বান্ধবী পাওনা আদায়ে আদালতের আশ্রয় নিতে ব্যার্থ হলো? অংশীদারি আইনের আলোকে যথার্থতা বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
যে অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন কিন্তু অধিকার থাকা সত্ত্বেও ব্যবসায় পরিচালনা করেন না তাকে ঘুমন্ত অংশীদার বলে।
(খ)
চুক্তি সম্পাদনের অযোগ্য বলে নাবালক অংশীদার হতে পারে না। অংশীদারি আইনের ৩০(১) ধারা অনুযায়ী যার বয়স ১৮ বছর পূর্ণ হয়নি তাকে নাবালক অংশীদার বলে। এধরনের অংশীদার ব্যবসায়ের অংশীদার হতে পারে না। তবে সকল অংশীদার সম্মত থাকলে কিছু সময়ের জন্য নাবালক অংশীদারকে ব্যবসায়ের সুবিধা দেয়া যেতে পারে। এরূপ অংশীদারকে সীমাবদ্ধ অংশীদার হিসেবে গণ্য করা হয়। তাই এরা ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না। তবে ব্যবসায়ের হিসাব চাইতে পারে।
(গ)
উদ্দীপকের ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে অংশীদারি ব্যবসায়।
দুই তা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির ভিত্তিতে যে ব্যবসায় গড়ে তোলে তাকে অংশীদারি ব্যবসায় বলে। দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সম্পাদিত চুক্তির মাধ্যমেই অংশীদারি ব্যবসায় গঠিত হয়। চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসায় গঠিত হতে পারে না। উদ্দীপকের কনা, কেয়া ও শ্রেয়া তিন বান্ধবী মিলে রংপুরের ধাপ এলাকায় একটি বিউটি পার্লার গড়ে তোলেন। কয়েক বছরেই তাদের ব্যবসায়ের মূলধন দ্বিগুণ বৃদ্ধি পায়। তাদের ব্যবসায়টি চুক্তির ভিত্তিতে গঠিত হয়, যা অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ।
তাই বলা যায়, উদ্দীপকের ব্যবসায়টি মালিকানার ভিত্তিতে অংশীদারি ব্যবসায়।
(ঘ)
অংশীদারি আইন মোতাবেক অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন না থাকার কারণে তিন বান্ধবী পাওনা আদায়ে আদালতের আশ্রয় নিতে ব্যর্থ হলো বলে আমি মনে করি।
অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলতে সরকার কর্তৃক নিয়োজিত অংশীদারি নিবন্ধকের অফিসে অংশীদারি ব্যবসায়ের নাম তালিকাভুক্তকরণকে বোঝায়। তবে প্রকৃতপক্ষে অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বলতে এর চুক্তিপত্রের নিবন্ধনকে বোঝায়। যদিও অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক নয় তবে ভবিষ্যৎ সুযোগ-সুবিধা ভোগ করার জন্য নিবন্ধন করাটাই উত্তম।
উদ্দীপকের কনা, কেয়া ও শ্রেয়া তিন বান্ধবী মিলে রংপুরের ধাপ এলাকায় একটি বিউটি পার্লার গড়ে তোলেন। কয়েক বছরেই তাদের ব্যবসায়ের মূলধন দ্বিগুণ বৃদ্ধি পায়। কিন্তু মালার নিকট পাওনা দুই লক্ষ টাকা আদায়ে বার বার তাগাদা দিয়েও আদায় করতে পারছে না। এমতাবস্থায় তারা আদালতের আশ্রয় নিয়েও ব্যর্থ হয়।
অংশীদারি আইন অনুযায়ী অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক নয়। তবে ভবিষ্যৎ দাবি-দাওয়া আদায়ে সুবিধা পেতে হলে নিবন্ধন করাটাই উত্তম। কারণ নিবন্ধন করা থাকলে পাওনা টাকা আদায়ের জন্য আদালতে মামলা করা যায় এবং সুবিধাও পাওয়া যায়। কিন্তু নিবন্ধন না থাকলে এমন সুবিধা পাওয়া যায় না। উদ্দীপকের প্রতিষ্ঠানটি নিবন্ধিত ছিল না। তাই তিন বান্ধবী পাওনা আদায়ে আদালতের আশ্রয় নিয়েও ব্যর্থ হয়। যেটি অংশীদারি আইন মোতাবেক যথার্থ।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।