ব্যবসায়ের আয় থেকে ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে মুনাফা বলে। মানুষ মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবসায়িক কার্যক্রমে জড়িত হয়। কিন্তু ব্যবসায়ে ঝুঁকি ও অনিশ্চয়তা বিদ্যমান। একজন ব্যবসায়ী তার ব্যবসায়ে ঝুঁকি গ্রহণের মাধ্যমে মূলধন বিনিয়োগ করে এবং ঝুঁকির প্রতিদানস্বরূপ সে মুনাফা অর্জন করে। যেখানে ঝুঁকির পরিমাণ বেশি সেখানে মুনাফার পরিমাণও বেশি। তাই মুনাফাকে ঝুঁকি বহনের প্রতিদান বলা হয়।
উদ্দীপকে মি. আলমের চট্টগ্রামে আলু বিক্রির কাজটি ব্যবসায়ের বাণিজ্য শাখার অন্তর্গত।
শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত ভোগকারী বা ব্যবহারকারীদের নিকট প্রেরণের ক্ষেত্রে সম্পাদিত কার্যসমষ্টিকে বাণিজ্য বলে। বাণিজ্য ব্যবসায়ের বণ্টনকারী শাখা এবং ব্যক্তিগত বা স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়। এর মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তরিত হয় বিধায় বাণিজ্যকে ব্যবসায়ের বণ্টনকারী শাখা বলা হয়।
উদ্দীপকে মি. আলম একজন ব্যবসায়ী। ভরা মৌসুমে তিনি কৃষকদের কাছ থেকে সরাসরি কম দামে আলু ক্রয় করেন এবং অল্প খরচে কোল্ডস্টোরেজে সংরক্ষণ করেন। সংরক্ষিত আলু মন্দা মৌসুমে নিজস্ব ট্রাকে করে চট্টগ্রামের ব্যবসায়ীদের কাছে বিক্রয় করেন। উক্ত বিক্রয় কাজ ব্যবসায়ের বাণিজ্য শাখার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে মি. আলমের চট্টগ্রামে আলু বিক্রির কাজটি ব্যবসায়ের বাণিজ্য শাখার অন্তর্গত।
উদ্দীপকে আলু সংরক্ষণের কাজটি ব্যবসায়ের সময়গত উপযোগ সৃষ্টি করে।
কোনো দ্রব্য এক সময় হতে অন্য সময় পর্যন্ত সংরক্ষণের ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে সময়গত উপযোগ বলে। বিপণনকারী উৎপাদকের উৎপাদিত পণ্য নিজ উদ্যোগে সংরক্ষণ বা গুদামজাতকরণ করে সময়গত উপযোগ সৃষ্টি করে। ফলে ভোক্তাদের চাহিদা অনুসারে সঠিক সময়ে গুণগত মানসম্পন্ন পণ্য সরবরাহ করা সম্ভব হয়।
উদ্দীপকে মি. আলম একজন ব্যবসায়ী। ভরা মৌসুমে তিনি কৃষকদের কাছ থেকে সরাসরি কম দামে আলু ক্রয় করেন এবং অল্প খরচে কোল্ডস্টোরেজে সংরক্ষণ করেন। সংরক্ষিত আলু মন্দা মৌসুমে নিজস্ব ট্রাকে করে চট্টগ্রামের ব্যবসায়ীদের কাছে বিক্রয় করেন। এতে তার ব্যবসায়ে ভালো লাভ হয় এবং তিনি ব্যবসায়ে সফলতা অর্জন করেন।
মি. আলমের সংরক্ষণমূলক ব্যবস্থাটি গুদামজাতকরণ কাজের অন্তর্ভুক্ত। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে আলু সংরক্ষণ করে রাখা যায়। ফলে জনগণের চাহিদা মোতাবেক আলু সরবরাহ করা যায়। এতে একদিকে যেমন প্রতিষ্ঠান লাভবান হয় অন্যদিকে জনগণেরও চাহিদা পূরণ হয়। তাই আমি মনে করি, মি. আলমের আলু সংরক্ষণের কাজটি খুবই গুরুত্বপূর্ণ। এমন সংরক্ষণমূলক কাজ ব্যবসায়ের সময়গত উপযোগ সৃষ্টি করে।