অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল ২০২৫

এইচএসসি · ব্যবস্থাপনা ২য় পত্র

অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল ২০২৫

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

জনাব আয়ান একটি প্রতিষ্ঠিত কোম্পানিতে কর্মরত। ব্যবস্থাপক কর্তৃক গৃহীত পরিকল্পনা তিনি সুপারভাইজার দিয়ে বাস্তবায়ন করেন। অপর পক্ষে মি. সুজন কোম্পানির গৃহীত পরিকল্পনা নিজেই বাস্তবায়ন করে থাকেন। ফলে কোম্পানির মুনাফা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
১. ব্যবস্থাপনা কী?
ব্যবস্থাপনা কী একটি পেশা? ব্যাখ্যা কর।
উদ্দীপকে জনাব আয়ান ব্যবস্থাপনার কোন স্তরে কর্মরত? ব্যাখ্যা কর।
"কোম্পানির মুনাফা বৃদ্ধিতে মি. সুজনের অবদান বেশি"-উদ্দীপকের আলোকে তোমার মতামত দাও।
সমাধান ও উত্তর
(ক)
প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ কার্যকে ব্যবস্থাপনা বলে।
(খ)
ব্যবস্থাপনাকে সব সময় পেশা বলা যায় না।
কোনো তাত্ত্বিক বিষয়ে জ্ঞান অর্জনের পর তা বাস্তবে প্রয়োগ করাকে পেশা বলে। কোনো কাজকে পেশা বলতে হলে সেখানে তাত্ত্বিক জ্ঞানের অধিকারী হতে হয়, বিশেষজ্ঞ পেশাদারগণের দ্বারা গঠিত কোনো সংঘের সদস্য হতে হয়, প্রশিক্ষণ গ্রহণ ও বৃত্তিমূলক জ্ঞান আহরণ করতে হয়, সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠানের সনদ থাকতে হয়। ব্যবস্থাপনায় উক্ত বৈশিষ্ট্যগুলো এখনও অন্তর্ভুক্ত হয়নি। তাই ব্যবস্থাপনাকে পুরোপুরিভাবে পেশা হিসেবে আখ্যায়িত করা যায় না।
(গ)

উদ্দীপকে জনাব আয়ান ব্যবস্থাপনার মধ্য স্তরে কর্মরত।

প্রতিষ্ঠানের উচ্চ স্তরের গৃহীত লক্ষ্য, পরিকল্পনা ও নীতি নির্দেশনা বাস্তবায়নে নিম্ন স্তরের ব্যবস্থাপকদের কাজে লাগাতে ব্যবস্থাপনার যে পর্যায় কাজ করে তাকে মধ্য স্তরের ব্যবস্থাপনা বলে। মধ্যন্তরীয় বা বিভাগীয় নির্বাহীদের সমন্বয়ে এ পর্যায়ের ব্যবস্থাপনা গঠিত। যেমন-এরিয়া ম্যানেজার, উৎপাদক ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক, অর্থ ব্যবস্থাপক ইত্যাদি।

উদ্দীপকে জনাব আয়ান একটি প্রতিষ্ঠিত কোম্পানিতে কর্মরত। তিনি ব্যবস্থাপনা কর্তৃক গৃহীত পরিকল্পনা সুপারভাইজার পর্যায়ের কর্মকর্তাদের দিয়ে বাস্তবায়িত করেন। এক্ষেত্রে জনাব আয়ান ব্যবস্থাপনা এবং সুপারভাইজারের মধ্যে অবস্থিত, যা মধ্য স্তরের ব্যবস্থাপনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের জনাব আয়ান ব্যবস্থাপনার মধ্য স্তরে কর্মরত।

(ঘ)

উদ্দীপকে মি. সুজন নিম্ন স্তরের ব্যবস্থাপক, তার বিভিন্ন ধরনের দক্ষতাই কোম্পানির মুনাফা বৃদ্ধিতে সহায়ক।

যে স্তরের ব্যবস্থাপনা উচ্চ ও মধ্যম স্তরের ব্যবস্থাপকদের দেওয়া নীতি ও নির্দেশনা মোতাবেক কর্মীদের সাথে প্রত্যক্ষভাবে কাজ করে তাদেরকেই নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা বলে। ব্যবস্থাপনার কার্যাবলি বাস্তবায়নের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ব্যক্তিবর্গের সমন্বয়ে নিম্নস্তর ব্যবস্থাপনা গঠিত হয়ে থাকে। প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক ও ফোরম্যানদেরকে এ স্তরের অন্তর্ভুক্ত করা হয়।

উদ্দীপকে জনাব আয়ান একটি প্রতিষ্ঠিত কোম্পানিতে কর্মরত। তিনি ব্যবস্থাপনা কর্তৃক গৃহীত পরিকল্পনা সুপারভাইজার পর্যায়ের কর্মকর্তাদের দিয়ে বাস্তবায়িত করেন। অন্যদিকে মি. সুজন কোম্পানির গৃহীত পরিকল্পনা নিজেই বাস্তবায়ন করেন। এক্ষেত্রে মি: সুজন নিম্ন স্তরের ব্যবস্থাপক। তার এই পরিশ্রমের ফলেই কোম্পানির মুনাফা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

প্রতিষ্ঠানের কর্মসূচি বাস্তবায়নে নিম্ন স্তরের ব্যবস্থাপকগণকে শ্রমিকদের কার্যাবলি দক্ষতার সাথে তত্ত্বাবধান করতে হয়, ভুল ত্রুটি হলে শুধরে দিতে হয়। এজন্য নিম্ন স্তরের ব্যবস্থাপকদের মধ্যে বিভিন্ন ধরনের দক্ষতা থাকতে হয়। এসকল দক্ষতার সঠিক ব্যবহারের মাধ্যমেই প্রতিষ্ঠান সফলতা অর্জন করতে সক্ষম হন। আর এসকল দক্ষতাগুলো মি. সুজনের মধ্যে বিদ্যমান থাকায় উদ্দীপকের কোম্পানির মুনাফা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে আমি মনে করি।

জনাব আশিক প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে যোগ্য কর্মীদের সঠিক স্থানে পদায়ন করতে সক্ষম হয়েছেন। যথাস্থানে সতর্কতার সাথে ভেবেচিন্তে বিনিয়োগ করে সফলতাও পেয়েছেন। কার্য সম্পাদনের ক্ষেত্রে কর্মীদের পরিপূর্ণ ক্ষমতা প্রদান করেননি। সে কারণে কর্মীদের মধ্যে অসন্তোষ ও হতাশা বৃদ্ধি পাচ্ছে।
২. প্রশাসন কাকে বলে?
ব্যবস্থাপনাকে কেন সর্বজনীন বলা হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপকে জনাব আশিক প্রতিষ্ঠান পরিচালনায় ব্যবস্থাপনার কোন নীতি অনুসরণ করেছেন? ব্যাখ্যা কর।
ব্যবস্থাপনার কোন নীতির বাস্তবায়ন কর্মকর্তাদের মধ্যে হতাশা দূরীকরণে সহায়ক হবে? উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
সমাধান ও উত্তর
(ক)
প্রতিষ্ঠানের উচ্চ স্তরে অধিষ্ঠিত ব্যক্তিবর্গের কাজকে প্রশাসন বলে।
(খ)
সকল ক্ষেত্রে ব্যবস্থাপনা জ্ঞানের আবশ্যকতা বা প্রয়োগযোগ্যতাকে ব্যবস্থাপনার সর্বজনীনতা বলে।
ব্যবস্থাপনার সর্বজনীনতা হলো ব্যবস্থাপনার প্রতি সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা ও পছন্দ। বৃহদায়তন প্রতিষ্ঠান পরিচালনায় ব্যবস্থাপনার আবশ্যকতা যেমনি দৃশ্যমান তেমনি ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রেও ব্যবস্থাপনা অপরিহার্য। যথোপযুক্ত পরিকল্পনা গ্রহণ করে সে অনুযায়ী কাজ করলে উভয় ধরনের প্রতিষ্ঠানই লাভবান হতে পারে।পরিকল্পনা বাস্তবায়নের জন্য ছোট-বড় সব প্রতিষ্ঠানকেই উপায়-উপকরণাদির সংহতকরণ, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়, নিয়ন্ত্রণ ইত্যাদি কাজ সম্পাদন করতে হয়। এ কারণেই ব্যবস্থাপনাকে সর্বজনীন বিষয় বলা হয়।
(গ)
উদ্দীপকে জনাব আশিক প্রতিষ্ঠান পরিচালনায় ব্যবস্থাপনার শৃঙ্খলার নীতি অনুসরণ করেছেন।
এ নীতিতে প্রতিষ্ঠানে উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত স্থানে এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে সুশৃঙ্খলভাবে সাজানো হয়। যেকোনো কাজে শৃঙ্খলা থাকা আবশ্যক। যে প্রতিষ্ঠানে শৃঙ্খলা নেই সে প্রতিষ্ঠান উদ্দেশ্য অর্জনে ব্যর্থ হয়।
উদ্দীপকে জনাব আশিক প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে যোগ্য কর্মীদের সঠিক স্থানে পদায়ন করতে সক্ষম হয়েছেন। এছাড়াও তিনি বিনিয়োগের বিষয়ে সতর্কতার সাথে ভেবে চিন্তে সঠিক ক্ষেত্র চিহ্নিত করে সফল হয়েছেন। যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে স্থাপনের কাজটি ব্যবস্থাপনার শৃঙ্খলার নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব আশিক প্রতিষ্ঠান পরিচালনায় ব্যবস্থাপনার শৃঙ্খলার নীতি অনুসরণ করেছেন।
(ঘ)

ব্যবস্থাপনার বিকেন্দ্রীকরণ নীতির সঠিক বাস্তবায়ন কর্মকর্তাদের মধ্যে হতাশা দূরীকরণে সহায়ক হবে।

প্রতিষ্ঠানের নিম্ন পর্যায়ের ও অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ নিম্ন স্তরের ব্যবস্থাপকদের হাতে থাকাকে বিকেন্দ্রীকরণ বলে। বিকেন্দ্রীকরণে ফলে প্রতিষ্ঠানে কর্মরত অধস্তন কর্মীদের গুরুত্ব বৃদ্ধি পায়। ফলে প্রতিষ্ঠানের প্রতি তারা আন্তরিক হয়।

উদ্দীপকের জনাব আশিক একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। উক্ত প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে তিনি যোগ্য কর্মীদের সঠিক স্থানে পদায়ন করতে সক্ষম হয়েছেন। তবে তিনি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কাজগুলো করার জন্য যে পরিমাণ ক্ষমতা কর্মীদের থাকা উচিত তা তিনি প্রদান করেননি। যে কারণে কর্মীদের মধ্যে অসন্তোষ ও হতাশা বৃদ্ধি পাচ্ছে।ঊর্ধ্বতন অতিমাত্রায় কর্তৃত্বশালী হলে অধস্তনদের গুরুত্ব হ্রাস পায়। এতে অধস্তন কর্মীরা কাজের প্রতি মনোবল হারায়। ফলে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা দিন দিন হ্রাস পায়। তাই প্রতিষ্ঠানের এমন অনেক কাজ আছে যেখানে অধস্তনদের গুরুত্ব দিতে হয়। নচেৎ প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়। আর বিকেন্দ্রীকরণের মাধ্যমেই অধস্তনদের গুরুত্ব দেওয়া যায়।

তাই আমি মনে করি, ব্যবস্থাপনার বিকেন্দ্রীকরণ নীতির সঠিক বাস্তবায়নের মাধ্যমে উদ্দীপকের কর্মকর্তাদের হতাশা দূরীকরণে সহায়ক হবে।

জনাব x একটি গার্মেন্টসের জেনারেল ম্যানেজার। প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য তথ্য ও উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ, কার্যসম্পাদনের বিকল্প নির্ধারণ এবং সর্বোত্তম বিকল্পটি গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানটির উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।
৩. আধুনিক ব্যবস্থাপনার জনক কে?
ব্যবস্থাপনার চক্রটি ব্যাখ্যা কর।
উদ্দীপকে জনাব X ব্যবস্থাপনার কোন স্তরে অবস্থান করছেন? ব্যাখ্যা কর।
প্রতিষ্ঠানটি সফলতায় জনাব X ব্যবস্থাপনার কোন কাজটির প্রতি গুরুত্ব প্রদান করেছেন? উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
সমাধান ও উত্তর
(ক)
হেনরি ফেয়লকে আধুনিক ব্যবস্থাপনার জনক বলা হয়।
(খ)
ব্যবস্থাপকীয় কার্যসমূহ চক্রাকারে আবর্তিত হওয়ারকে ব্যবস্থাপনা চক্র বলে।
ব্যস্থাপনার মৌলিক কাজগুলো চক্রাকারে পর পর চলতে থাকে বলে সেগুলোকে ব্যবস্থাপনা চক্র বলে। অর্থাৎ ব্যবস্থাপনার কাজগুলো পরিকল্পনার মাধ্যমে শুরু হয়ে পর্যায়ক্রমে চলতে চলতে নিয়ন্ত্রণের মাধ্যমে শেষ হয়ে পুনরায় তা পরিকল্পনার মাধ্যমে শুরু হয়ে ধারাবাহিকভাবে চলতে থাকে। এভাবেই একটি প্রতিষ্ঠান যতদিন চলতে থাকে ব্যবস্থাপনার চক্রও ততদিন স্বাভাবিক নিয়মেই আবর্তিত হতে থাকে।
(গ)

উদ্দীপকে জনাব X ব্যবস্থাপনার উচ্চ স্তরের অবস্থান করছেন।

ব্যবস্থাপনার যে অংশে প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণ ইত্যাদি মানসিক ও বুদ্ধিবৃত্তিক কার্যাবলি সম্পাদন করা হয় তাকে উচ্চ স্তরের ব্যবস্থাপনা বলে। শীর্ষস্থানীয় নির্বাহীদের সমন্বয়ে উচ্চ স্তরের ব্যবস্থাপনা গঠিত। প্রতিষ্ঠানের মালিকপক্ষ, পরিচালক পর্ষদ, চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক প্রভৃতি ব্যক্তিবর্গ উচ্চ স্তরের ব্যবস্থাপনার অন্তর্গত।

উদ্দীপকে জনাব X একটি গার্মেন্টস ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার।প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য তিনি তথ্য ও উপাত্ত সংগ্রহ,বিশ্লেষণ, কার্যসম্পাদনের বিকল্প নির্ধারণ এবং সর্বোত্তম বিকল্পটি গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। জেনারেল ম্যানেজার কর্মকাণ্ড ব্যবস্থাপনার উচ্চ স্তরের কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব X ব্যবস্থাপনার উচ্চ স্তরের অবস্থান করছেন।

(ঘ)

উদ্দীপকের প্রতিষ্ঠানটির সফলতায় জনাব X. ব্যবস্থাপনার পরিকল্পনা কাজের প্রতি গুরুত্ব প্রদান করেছেন।

ভবিষ্যৎ কার্যক্রমের অগ্রিম সিদ্ধান্ত গ্রহণকে পরিকল্পনা বলে। আর পূর্বনির্ধারিত আদর্শমানের সাথে প্রকৃত কার্যের ফলাফল তুলনা করে নির্ণীত বিচ্যুতি সংশোধনের নিমিত্তে গৃহীত সকল ব্যবস্থাকেই নিয়ন্ত্রণ বলে। পরিকল্পনা ও নিয়ন্ত্রণ মুদ্রার এপিঠ ও ওপিঠ। কারণ পরিকল্পনা দিয়ে যে কাজ শুরু হয় আর নিয়ন্ত্রণ দিয়ে উক্ত কাজ সম্পন্ন হয়।

উদ্দীপকে জনাব X একটি গার্মেন্টস ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার। প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য তিনি তথ্য ও উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ, কার্যসম্পাদনের বিকল্প নির্ধারণ এবং সর্বোত্তম বিকল্পটি গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।

উদ্দীপকে জনাব X-এর কর্মকান্ডগুলো ব্যবস্থাপনার পরিকল্পনা কাজের অংশ। পরিকল্পনা ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ। এটি ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তিস্বরূপ। কোনো প্রতিষ্ঠান গঠনের পূর্ব হতে শুরু করে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন পর্যন্ত যাবতীয় কার্যাবলি পরিকল্পনার অন্তর্ভুক্ত। তাই যেকোনো কাজ শুরুর আগেই ভালোভাবে চিন্তা-ভাবনা করে পরিকল্পনা ঠিক করতে হয়। কেননা পরিকল্পনা কাজে ভুল হলে প্রতিষ্ঠান তার লক্ষ্যার্জনে ব্যর্থ হয়। তাই বলা যায়, 'X' ব্যবস্থাপনায় পরিকল্পনা কাজটির প্রতি গুরুত্ব প্রদান করেছেন।

জনাব আবির একটি প্রতিষ্ঠানের বিক্রয় ব্যবস্থাপক। বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে ছয় মাস মেয়াদি পরিকল্পনা গ্রহণ করেন কিন্তু উক্ত সময়ে লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব হয়ে পড়ে। পরবর্তীতে তিনি পরিকল্পনাটির মেয়াদ আরও 'চার মাস বৃদ্ধি করলেন। ফলে প্রতিষ্ঠানটির যথাসময়ে পণ্য বিক্রয় সম্ভব হয়।
৪. পরিকল্পনা কী?
'পরিকল্পনার একটি ভবিষ্যৎমুখী কার্যক্রম'- ব্যাখ্যা কর।
উদ্দীপকে জনাব আবির মেয়াদভিত্তিক কোন ধরনের পরিকল্পনা গ্রহণ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তম পরিকল্পনার যে বৈশিষ্ট্যের কারণে জনাব আতিক যথাসময় পণ্য সরবরাহ করতে সম্ভব হয়েছে- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
ভবিষ্যৎ কার্যক্রমের অগ্রিম সিদ্ধান্ত গ্রহণকে পরিকল্পনা বলে।
(খ)
ভবিষ্যৎ কার্যক্রমের অগ্রিম সিদ্ধান্ত গ্রহণকে পরিকল্পনা বলে।
পরিকল্পনা ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ। এটি ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তিস্বরূপ। কোনো প্রতিষ্ঠান গঠনের পূর্ব হতে শুরু করে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন পর্যন্ত যাবতীয় কার্যাবলি পরিকল্পনার অন্তর্ভুক্ত। তাই যেকোনো কাজ শুরুর আগেই ভালোভাবে চিন্তা-ভাবনা করে কাজ ঠিক করতে হয়। পরিকল্পনা ভবিষ্যত পালনীয় কর্মপন্থার একটি মানসিক প্রতিচ্ছবি। অর্থাৎ পরিকল্পনার সমস্ত কার্যক্রমই ভবিষ্যৎমুখী।
(গ)

উদ্দীপকে জনাব আবির মেয়াদভিত্তিক স্বল্পমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছেন।

এ পরিকল্পনা একবছর বা তার চেয়ে কম সময়ের জন্য প্রণয়ন করা হয়। একজন ব্যবস্থাপকের দৈনন্দিন কার্যক্রম সম্পাদন সচরাচর স্বল্পমেয়াদি পরিকল্পনা ভিত্তিতে হয়ে থাকে। এ জাতীয় পরিকল্পনার মেয়াদ সাধারণত একদিন, এক সপ্তাহ, এক মাস, ত্রৈমাসিক অথবা 'খুব বেশি হলে একবছর পর্যন্ত হতে পারে।

উদ্দীপকে জনাব আবির একটি প্রতিষ্ঠানের বিক্রয় ব্যবস্থাপক। উক্ত প্রতিষ্ঠানের বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের জন্য তিনি ছয় মাস মেয়াদি পরিকল্পনা গ্রহণ করেন। উক্ত পরিকল্পনাটি স্বল্পমেয়াদি পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব আবির মেয়াদভিত্তিক স্বল্পমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছেন।

(ঘ)

উত্তম পরিকল্পনার নমনীয়তা বৈশিষ্ট্যের কারণে জনাব আতিক যথাসময়ে পণ্য সরবরাহ করতে সক্ষম হয়েছে।

পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলার জন্য সিদ্ধান্তে প্রয়োজনীয় পরিবর্তন আনাকে নমনীয়তা বলে। কতিপয় অনুমিত পরিস্থিতির ওপর নির্ভর করে পরিকল্পনা প্রণীত হয়। অনুমিত পরিস্থিতি বাস্তবে অনুপস্থিত থাকলে পরিকল্পনার পরিবর্তন সাধন করা হয়। আর পরিস্থিতির সাথে পরিকল্পনার এই পরিবর্তনই হলো নমনীয়তা।

উদ্দীপকে জনাব আবির একটি প্রতিষ্ঠানের বিক্রয় ব্যবস্থাপক। উক্ত
প্রতিষ্ঠানের বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনের জন্য তিনি ছয় মাস মেয়াদি পরিকল্পনা গ্রহণ করেন। কিন্তু উক্ত সময়ে লক্ষ্য মাত্রা অর্জন অসম্ভব হয়ে পড়ে। পরবর্তীতে তিনি পরিকল্পনাটির মেয়াদ আরও চার মাস বৃদ্ধি করলেন। ফলে প্রতিষ্ঠানটির পণ্য যথাসময়ে বিক্রয় সম্ভব হয়।

ভবিষ্যৎ পরিস্থিতি সব সময় একরকম থাকে না। তাই ভবিষ্যতের জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয় তা প্রয়োজনে পরিবর্তন করার প্রয়োজন দেখা দেয় এবং এই পরিবর্তন অবশ্যই প্রতিযোগী প্রতিষ্ঠানের নীতির আলোকে পরিবর্তিত হতে হয়, যা পরিকল্পনার নমনীয়তা বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। উদ্দীপকের জনাব আতিক উত্তম পরিকল্পনার এই নমনীয়তা বৈশিষ্ট্যের কারণেই যথাসময়ে পণ্য সরবরাহ করতে সক্ষম হয়েছে।

অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।