রংপুর সরকারি কলেজ ২০২৫

এইচএসসি · ব্যবস্থাপনা ২য় পত্র

রংপুর সরকারি কলেজ ২০২৫

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

জনতা লি. এর ব্যবস্থাপক মি. জামান। তিনি তাঁর প্রতিষ্ঠানের কাজগুলোকে ধরন অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করেন। কর্মীদের দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে তাদেরকে বিভিন্ন বিভাগে নিয়োজিত করেন। তিনি প্রতিষ্ঠানের নীতিনির্ধারণ করেন। ভোক্তাদের বুচি ও চাহিদার কথা বিবেচনা করে তিনি উৎপাদনে নিত্যনতুন কলাকৌশল ও প্রযুক্তির ব্যবহার করেন। ফলে তাঁর প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
১. শিল্পবিপ্লব সর্বপ্রথম কোথায় সংঘটিত হয়?
'ব্যবস্থাপনা সর্বজনীন'- ব্যাখ্যা কর।
মি. জামান কোন স্তরের ব্যবস্থাপক? ব্যাখ্যা কর।
"দক্ষ ব্যবস্থাপনাই প্রতিষ্ঠানটির সফলতার মূল কারণ"- তুমি কি একমত? যুক্তিসহ তোমার মতামত দাও।
সমাধান ও উত্তর
(ক)
সর্বপ্রথম ব্রিটেনে শিল্পবিপ্লব সংঘটিত হয়।
(খ)
সকল ক্ষেত্রে ব্যবস্থাপনার আবশ্যকতা বা ব্যবস্থাপনা জ্ঞানের প্রয়োগযোগ্যতাকে ব্যবস্থাপনার সর্বজনীনতা বলে।
ব্যবস্থাপনার সর্বজনীনতা হলো ব্যবস্থাপনার প্রতি সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা ও পছন্দ। সর্বজনীন কথাটির অর্থ হচ্ছে যা সকলের নিকট বা সর্বত্রই সমাদৃত, কল্যাণকর এবং স্থান কাল প্রতিষ্ঠানভেদে সমানভাবে গ্রহণযোগ্য। ব্যবস্থাপনা প্রক্রিয়ার পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ কাজগুলো একজন ব্যক্তির জীবনে যেমন প্রয়োজন ঠিক তেমনি পারিবারিক, সামাজিক, প্রাতিষ্ঠানিক এবং রাষ্ট্রীয় পর্যায়েও সমভাবে প্রযোজ্য বলে ব্যবস্থাপনাকে সর্বজনীন বিষয় বলা হয়।
(গ)
মি. জামান উচ্চ স্তরের ব্যবস্থাপক।
এ স্তরে প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণ করা হয়। শীর্ষস্থানীয় নির্বাহীদের সমন্বয়ে উচ্চ স্তরের ব্যবস্থাপনা গঠিত। প্রতিষ্ঠানের মালিকপক্ষ, পরিচালক পর্ষদ, চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক প্রভৃতি ব্যক্তিবর্গ উচ্চ স্তরের ব্যবস্থাপনার অন্তর্গত।
উদ্দীপকে মি. জামান জনতা লি. এর ব্যবস্থাপক। তিনি তাঁর প্রতিষ্ঠানের কাজগুলোকে ধরন অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করেন। অতঃপর কর্মীদের দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে তাদেরকে বিভিন্ন বিভাগে নিয়োজিত করেন। তিনি প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ করেন। নীতি নির্ধারণের কাজটি ব্যবস্থাপনার উচ্চ স্তরের কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মি. জামান উচ্চ স্তরের ব্যবস্থাপক।
(ঘ)
দক্ষ ব্যবস্থাপনাই প্রতিষ্ঠানটির সফলতার মূল কারণ বলে আমি মনে করি।
ব্যবস্থাপকীয় দক্ষতা বলতে সঠিক ও দক্ষভাবে ব্যবস্থাপকীয় কার্যসম্পাদন ও ব্যবস্থাপনার দল সংশ্লিষ্ট সম্পাদগাহের কাম্য ব্যবহার নিশ্চিতকরণকে বুঝায়। যেকোনো প্রতিষ্ঠান সফলতার সাথে পরিচালনার ক্ষেত্রে ব্যবস্থাপকীয় দক্ষতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিষ্ঠানে ব্যবহৃত মানবসম্পদ ও বস্তুগত সম্পদের কাম্য ব্যবহার ব্যবস্থাপকীয় দক্ষতার উপর নির্ভরশীল।
উদ্দীপকে মি. জামান জনতা লি. এর ব্যবস্থাপক। তিনি তাঁর প্রতিষ্ঠানের কাজগুলোকে ধরন অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করেন। অতঃপর কর্মীদের দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে তাদেরকে বিভিন্ন বিভাগে নিয়োজিত করেন। তিনি প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ করেন। ভোক্তাদের চাহিদা ও রুচির কথা বিবেচনা করে তিনি উৎপাদনে নিত্য নতুন কলাকৌশল ও প্রযুক্তির ব্যবহার করেন। ফলে তাঁর প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
একজন ব্যবস্থাপককে এমনসব ক্ষমতার অধিকারী হতে হবে, যেন তিনি সমস্যা বিশ্লেষণ করে তার সমাধান দিতে পারেন এবং এমনভাবে সমাধান করেন যাতে প্রতিষ্ঠানের উপকারে আসে। কেননা একজন ব্যবস্থাপকের ব্যবস্থাপকীয় দক্ষতার ওপরই প্রতিষ্ঠানের সাফল্য বহুলাংশে নির্ভরশীল। উদ্দীপকের মি. জামানও একজন দক্ষ ব্যবস্থাপক। দক্ষতার সাথে তিনি তার উৎপাদন কাজ পরিচালনা করায় তার উৎপাদিত পণ্যের চাহিদা বৃদ্ধি পায়। সুতরাং দক্ষ ব্যবস্থাপনাই উদ্দীপকের প্রতিষ্ঠানটির সফলতার মূল কারণ।
রংপুর সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা গ্রুপের একাদশ শ্রেণির শিক্ষার্থীরা শিক্ষা সফরে যাওয়ার জন্য অধ্যক্ষ বরাবর আবেদন করে। অধ্যক্ষ মহোদয় কবে, কোথায়, কখন ও কীভাবে যাওয়া হবে তা ঠিক করে চাঁদার পরিমাণ নির্ধারণ করে দেন। পরবর্তীতে করণীয় কাজগুলোকে কতকগুলো ভাগে ভাগ করে তার দায়িত্ব বিভিন্ন শিক্ষককে অর্পণ করেন। অতঃপর একজন সিনিয়র শিক্ষককে সার্বিক দায়িত্ব ও ক্ষমতা অর্পণ করা হয়। সবাই যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করায় বনভোজন সফল হয়েছে।
২. ব্যবস্থাপনা চক্র কী?
ব্যবস্থাপনা কি একটি পেশা? ব্যাখ্যা কর।
অধ্যক্ষ মহোদয় প্রথমে যে কাজ করেছেন তা ব্যবস্থাপনার কোন কাজের সাথে সংগতিপূর্ণ? ব্যাখ্যা কর।
সুষ্ঠু ব্যবস্থাপনাই উদ্দীপকের সফরকে সফল করেছে বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
ব্যবস্থাপনা প্রক্রিয়ার কাজগুলো চক্রাকারে আবর্তিত হওয়াকে ব্যবস্থাপনা চক্র বলে।
(খ)
ব্যবস্থাপনাকে সম্পূর্ণরূপে পেশা বলা যায় না।
পেশা হলো কোনো বিশেষ বিষয়ে জ্ঞান অর্জনের পর তা থেকে প্রাপ্ত পারদর্শিতা ও দক্ষতা প্রয়োগের মাধ্যমে কোনো সুনির্দিষ্ট বৃত্তি গ্রহণ করাকে বোঝায়। কোনো কাজকে পেশা বলতে হলে সেখানে তাত্ত্বিক জ্ঞানের অধিকারী হতে হয়, বিশেষজ্ঞ পেশাদারগণের দ্বারা গঠিত কোনো সংঘের সদস্য হতে হয়, প্রশিক্ষণ গ্রহণ ও বৃত্তিমূলক জ্ঞান আহরণ করতে হয়, সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠানের সনদ থাকতে হয়। ব্যবস্থাপনায় উক্ত বৈশিষ্ট্যগুলো এখনও অন্তর্ভুক্ত হয়নি। তাই ব্যবস্থাপনাকে পুরোপুরিভাবে পেশা হিসেবে আখ্যায়িত করা যায় না।
(গ)
অধ্যক্ষ মহোদয় প্রথমে যে কাজ করেছেন তা ব্যবস্থাপনার পরিকল্পনা কাজের সাথে সঙ্গতিপূর্ণ।
ভবিষ্যৎ কার্যক্রমের অগ্রিম সিদ্ধান্ত গ্রহণকে পরিকল্পনা বলে। এটি ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তিস্বরূপ। পরিকল্পনা ভবিষ্যত পালনীয় কর্মপন্থার একটি মানসিক প্রতিচ্ছবি। কী করতে হবে, কীরূপে করতে হবে, কখন করতে হবে এবং কাকে করতে হবে তা পূর্ব হতে নির্ধারণ করাকে পরিকল্পনা বলে। অতীত অভিজ্ঞতা, বর্তমান পারিপার্শ্বিক অবস্থা ও দৃশ্যমান সম্ভাব্য গতিধারার ওপর ভিত্তি করেই পরিকল্পনা প্রণয়ন করা হয়।
উদ্দীপকে বলা হয়েছে, রংপুর সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা গ্রুপের একাদশ শ্রেণির শিক্ষার্থীরা শিক্ষা সফরে যাওয়ার জন্য অধ্যক্ষ বরাবর আবেদন করে। অধ্যক্ষ মহোদয় কবে, কোথায়, কখন ও কীভাবে যাওয়া হবে তা ঠিক করে চাঁদার পরিমাণ নির্ধারণ করে দেন। অধ্যক্ষ মহোদয়ের এমন কাজ ব্যবস্থাপনার পরিকল্পনা কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, অধ্যক্ষ মহোদয় প্রথমে যে কাজ করেছেন তা ব্যবস্থাপনার পরিকল্পনা কাজের সাথে সঙ্গতিপূর্ণ।
(ঘ)
সুষ্ঠু ব্যবস্থাপনাই উদ্দীপকের সফরকে সফল করেছে।
ব্যবস্থাপনা হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য বিভিন্ন কার্যাবলি পরিচালনা করে থাকে। অর্থাৎ প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য ব্যবস্থাপনা পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ কার্য ব্যবস্থা গ্রহণ করে থাকে। সুষ্ঠু ব্যবস্থাপনার ওপরই প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে।
উদ্দীপকে বলা হয়েছে, রংপুর সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা গ্রুপের একাদশ শ্রেণির শিক্ষার্থীরা শিক্ষা সফরে যাওয়ার জন্য অধ্যক্ষ বরাবর আবেদন করে। অধ্যক্ষ মহোদয় কবে, কোথায়, কখন ও কীভাবে যাওয়া হবে তা ঠিক করে চাঁদার পরিমাণ নির্ধারণ করে দেন। পরবর্তীতে করণীয় কাজগুলোকে কতকগুলো ভাগে ভাগ করে তার দায়িত্ব বিভিন্ন শিক্ষককে অর্পণ করেন। অতঃপর একজন সিনিয়র -শিক্ষককে সার্বিক দায়িত্ব ও ক্ষমতা অর্পণ করেন। সবাই যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করায় বনভোজন সফল হয়েছে।
উদ্দীপকে অধ্যক্ষ মহোদয়ের ব্যবস্থাপনার কাজগুলোর সঠিক প্রয়োগের কারণে ব্যবসায়ে সফল হয়েছেন। ব্যবস্থাপনার এই কাজগুলো যদি প্রতিষ্ঠানে সঠিকভাবে ব্যবহার করা না যায় তবে প্রতিষ্ঠানের সফলতা অর্জন করা সম্ভব নয়। তাই যেকোনো প্রতিষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে ব্যবস্থাপনার কাজগুলোর (যেমন পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়সাধন ও নিয়ন্ত্রণ) সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে।
সাজাহান খান মীরবাগ সাবান কারখানায় লক্ষ্য স্থির ও নীতিনির্ধারণী কাজ করে থাকেন। সম্প্রতি সাবানের চাহিদা বেড়ে যাওয়ায় তিনি তার কারখানার শ্রমিকদের প্রত্যহ ১.৫ ঘণ্টা অতিরিক্ত কাজ করার নির্দেশনা দেন। কিন্তু অতিরিক্ত মজুরি ঘোষণা দেন নাই। ফলে কর্মীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়েছে।
৩. ব্যবস্থাপনায় শৃঙ্খলার নীতি কী?
আন্তঃব্যক্তিক দক্ষতা একজন বিক্রয় কর্মকর্তার জন্য গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা কর।
জনাব সাজাহান খান তাঁর প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার কোন নীতি লঙ্ঘন করেছেন? ব্যাখ্যা কর।
"একজন প্রশাসক হিসেবে জনাব সাজাহান খানের ব্যবস্থাপকীয় কিছু দক্ষতার ঘাটতি আছে"- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে এবং সঠিক বস্তুকে সঠিক স্থানে সুশৃঙ্খলভাবে সাজানোকে শৃঙ্খলার নীতি বলে।
(খ)
প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের সাথে মিশতে পারা এবং তাদেরকে কাজে উদ্বুদ্ধ ও উৎসাহিত করে কাজ আদায় করার দক্ষতাকেই আন্তঃব্যক্তিক দক্ষতা বলে।
যেকোনো কার্য সম্পাদনে প্রতিষ্ঠানের সর্বস্তরের কর্মকর্তা-কর্মীদের সাথে আদর্শ ব্যবস্থাপকের যোগাযোগ ও আন্তঃসম্পর্ক থাকা প্রয়োজন। আদর্শ ব্যবস্থাপকের আন্তঃব্যক্তিক সম্পর্ক এবং যোগাযোগ দক্ষতার ওপর প্রাতিষ্ঠানিক সাফল্য নির্ভরশীল। এক্ষেত্রে ব্যক্তি বা দলকে বুঝে সেভাবে তাদের সঙ্গে যোগাযোগ প্রতিষ্ঠা, নিজস্ব চিন্তার প্রতি তাদের সমর্থন আদায় এবং প্ররোচিত ও উৎসাহিত করার সামর্থ্য গুরুত্বপূর্ণ। একজন বিক্রয়কর্মীর নিকট এমন, দক্ষতা সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ তাকে বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ রক্ষা করাসহ বিভিন্নভাবে প্ররোচিত ও উৎসাহিত করে পণ্য বিক্রয় করতে হয়।
(গ)

জনাব সাজাহান খান তাঁর প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার পারিশ্রমিকের নীতি লঙ্ঘন করেছেন।
এ নীতিতে প্রতিষ্ঠানে কর্মরত কর্মীর কাজের প্রকৃতি, পরিমাণ, যোগ্যতা, শ্রম সময়, জীবনযাত্রার ব্যয়, পারিপার্শ্বিক অবস্থা এবং দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে উপযুক্ত বেতন ও সুযোগ-সুবিধা প্রদান করে। অর্থাৎ কাজের বিনিময়ে যা পাওয়া যায় তাই পারিশ্রমিক। উপযুক্ত পারিশ্রমিক কর্মীর মনে সন্তুষ্টি আনে।

উদ্দীপকে সাজাহান খান মীরবাগ সাবান কারখানায় লক্ষ্য স্থির ও নীতি নির্ধারণী কাজ করে থাকেন। সম্প্রতি সাবানের চাহিদা বেড়ে যাওয়ায় তিনি তার কারখানার শ্রমিকদের প্রত্যহ ১.৫ ঘণ্টা অতিরিক্ত কাজ করার নির্দেশ দেন। অতিরিক্ত এই কাজের জন্য তিনি অতিরিক্ত মজুরি ঘোষণা দেন নাই, যা পারিশ্রমিকের নীতির পরিপন্থি। তাই বলা যায়, জনাব সাজাহান খান তাঁর প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার পারিশ্রমিকের নীতি লঙ্ঘন করেছেন।

(ঘ)
একজন প্রশাসক হিসেবে জনাব সাজাহান খানের মধ্যে ব্যবস্থাপকীয় কিছু দক্ষতার ঘাটতি রয়েছে। এই বক্তব্যের সাথে আমি একমত।
ব্যবস্থাপকীয় দক্ষতা হলো ব্যবস্থাপকীয় কাজ যথাযথ ও সুনিপুণভাবে সম্পাদন করার সামর্থ্য। বর্তমান তীব্র প্রতিযোগিতাপূর্ণ বাজারে টিকে থাকার জন্য ব্যবস্থাপকীয় দক্ষতা অধিক গুরুত্বপূর্ণ। কেননা একজন দক্ষ ব্যবস্থাপকের মধ্যে রয়েছে প্রতিযোগিতায় টিকে থাকার মতো সামর্থ্য বা কৌশল।
উদ্দীপকে সাজাহান খান মীরবাগ সাবান কারখানায় লক্ষ্য স্থির' ও নীতি নির্ধারণী কাজ করে থাকেন। সম্প্রতি সাবানের চাহিদা বেড়ে যাওয়ায় তিনি তার কারখানার শ্রমিকদের প্রত্যহ ১.৫ ঘণ্টা অতিরিক্ত কাজ করার নির্দেশ দেন। অতিরিক্ত এই কাজের জন্য তিনি অতিরিক্ত মজুরি ঘোষণা দেন নাই। ফলে কর্মীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। প্রতিযোগিতামূলক ব্যবসায় জগতে দ্রুত সমৃদ্ধি অর্জনে দক্ষতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন আদর্শ ব্যবস্থাপক দক্ষতার সাথে ব্যবস্থাপকীয় কার্যাবলি সম্পাদন করতে পারলে প্রতিষ্ঠানের সফলতা অর্জন সম্ভব হয়। অন্যদিকে ব্যবস্থাপক অদক্ষ হলে প্রতিষ্ঠান বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই আমি মনে করি, উদ্দীপকের জনাব সাজাহান খানের ব্যবস্থাপকীয় দক্ষতার অভাবের কারণেই তার প্রতিষ্ঠানে শ্রমিক অসন্তোষ দেখা দেয়।
জনাব ফারুক একটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। গত শীত মৌসুমে ৮ লক্ষ জ্যাকেট বিক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে তিনি সে অনুপাতে উৎপাদন পরিচালনা করেন। কিন্তু গত বছর শীতের প্রকোপ কম হওয়ায় তিনি ৫ লক্ষ জ্যাকেট বিক্রয় করতে সক্ষম হন। ফলে তিনি বিশাল লোকসানের সম্মুখীন হন। সেই পরিবেশ বুঝে তিনি এ শীতে পরিকল্পনা প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণ করেন।
৪. পরিকল্পনার আঙ্গিনা কী?
কেন বৃহদায়তন প্রতিষ্ঠানের জন্য স্থায়ী পরিকল্পনা উপযোগী? ব্যাখ্যা কর।
লক্ষ্যমাত্রা, নির্ধারণের মাধ্যমে জনাব ফারুক এর গৃহীত পরিকল্পনাটি কোন পরিকল্পনার অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
অতীত পরিবেশ বুঝে বর্তমান পরিকল্পনা প্রণয়নসংক্রান্ত জনাব ফারুকের সিদ্ধান্তের যৌক্তিকতা ব্যাখ্যা কর।
সমাধান ও উত্তর
(ক)
যে সকল অবস্থার মধ্য দিয়ে পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে তার সম্পর্কে পূর্বানুমান করাকে পরিকল্পনার আঙ্গিনা বলে।
(খ)
যে পরিকল্পনা প্রতিষ্ঠানে একবার গৃহীত হওয়ার পর নতুন কোনো পরিস্থিতি সৃষ্টি না হওয়া পর্যন্ত তা বারবার ব্যবহৃত হয় তাকে স্থায়ী পরিকল্পনা বলে।
স্থায়ী পরিকল্পনা একবার ব্যবহারের পর বাদ দেওয়া হয় না। অর্থাৎ সংশ্লিষ্ট কাজে এটি বারবার ব্যবহৃত হয়। বৃহদায়তন প্রতিষ্ঠানের সর্বস্তরে সর্বপ্রকার কাজের জন্য নতুন করে পরিকল্পনা তৈরি করা ব্যবস্থাপকদের পক্ষে সম্ভবপর হয় না। তাছাড়া বৃহদায়তন প্রতিষ্ঠানে সবসময় নতুন নতুন কর্মসূচিও গৃহীত হয় না। তাই বারবার পরিকল্পনা তৈরি করায় সময়, অর্থ ও শক্তির অপচয় রোধ করার জন্য বৃহদায়তন প্রতিষ্ঠানে স্থায়ী পরিকল্পনা উপযোগী।
(গ)
লক্ষ্যমাত্রা নির্ধারণের মাধ্যমে জনাব ফারুকের গৃহীত পরিকল্পনাটি লক্ষ্য পরিকল্পনার অন্তর্ভুক্ত।
নির্ধারিত ফললাভের উদ্দেশ্যে যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে লক্ষ্য বলে। প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠানই একটি নির্ধারিত ফললাভের জন্য সমুদয় কর্মকাণ্ড পরিচালনা করে। লক্ষ্য ব্যবস্থাপনা প্রক্রিয়ার মূল কেন্দ্রবিন্দু। সকল পরিকল্পনা প্রক্রিয়া লক্ষ্যকে কেন্দ্র করে পরিচালিত হয়।
উদ্দীপকে জনাব ফারুক একটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। গত শীত মৌসুমে তিনি ৮ লক্ষ জ্যাকেট বিক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন এবং ঐ অনুপাতে উৎপাদন কার্য পরিচালনা করেন। জনাব ফারুকের এমন পরিকল্পনাটি লক্ষ্য পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, লক্ষ্যমাত্রা নির্ধারণের মাধ্যমে জনাব ফারুকের গৃহীত পরিকল্পনাটি লক্ষ্য পরিকল্পনার অন্তর্ভুক্ত।
(ঘ)
পরিকল্পনার ভবিষ্যৎ মূল্যায়ন ধাপটির ভিত্তিতে জনাব ফারুক অতীত পরিবেশ বুঝে বর্তমান পরিকল্পনা প্রণয়ন করেন।
প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শক্তি ও দুর্বলতা এবং বাহ্যিক সুযোগ ও বাধা চিন্তায় নিয়ে ভবিষ্যৎ অবস্থা কেমন হতে পারে তার আগাম মূল্যায়নকে পরিকল্পনা প্রণয়নে ভবিষ্যৎ মূল্যায়ন বলে। এর মাধ্যমে প্রতিষ্ঠানে কর্মরত কর্মীর যোগ্যতা, দক্ষতা বিবেচনার পাশাপাশি প্রতিষ্ঠানের ভিতরের বিভিন্ন উৎপাদন ক্ষমতাকেও বিবেচনা করা হয়।
উদ্দীপকে জনাব. ফারুক একটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। গত শীত মৌসুমে তিনি ৮ লক্ষ জ্যাকেট বিক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন এবং ঐ অনুপাতে উৎপাদন কার্য পরিচালনা করেন। কিন্তু গত বছর শীতের প্রকোপ কম হওয়ায় তিনি ৫ লক্ষ জ্যাকেট বিক্রয় করতে সক্ষম হন। ফলে তিনি বিশাল লোকসানের সম্মুখীন হন। এমতাবস্থায় তিনি সেই পরিবেশ বুঝে এ শীতে পরিকল্পনা প্রণয়নের সিদ্ধান্ত গ্রহণ করেন।
লক্ষ্য বাস্তবায়নের জন্য একটা প্রতিষ্ঠানের বাইরের পক্ষ যেমন: গ্রাহক, প্রতিযোগী, সরবরাহকারী ইত্যাদি পক্ষের প্রতিক্রিয়া গুরুত্বের সাথে বিচেবনা করার প্রয়োজন পড়ে। আবার অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় যেমন: আর্থিক সুযোগ-সুবিধা, যন্ত্রপাতির মান, ব্যবস্থাপক ও কর্মীদের দক্ষতা ইত্যাদিও এক্ষেত্রে বিবেচনা করতে হয়। এসকল বিষয়গুলো বিবেচনায় নিয়ে জনাব ফারুক পরিকল্পনা প্রণয়ন করেন। এতে আশা করা যায়, চলতি বছরে তিনি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবেন।

রংপুর সরকারি কলেজ ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।