সরকারি বরিশাল কলেজ, বরিশাল ২০২৫

এইচএসসি · ব্যবস্থাপনা ২য় পত্র

সরকারি বরিশাল কলেজ, বরিশাল ২০২৫

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

জনাব রবিউল একটি চা উৎপাদনকারী কোম্পানির নীতিনির্ধারণী এবং পরিকল্পনা প্রণয়ন কাজের সাথে জড়িত। কর্তৃপক্ষ ২০২৪ সালে ৫ লক্ষ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। কর্মীরা রাতদিন পরিশ্রম করে ভালো ফলনের পরও ৪ লক্ষ ৫০ হাজার কেজি চা উৎপাদন করতে সক্ষম হয়। জনাব রবিউল ও পরিচালনা পর্ষদ তদন্ত করেও বাস্তবায়নকারী কর্মকর্তা শ্রমিকদের কোনো গাফিলতির প্রমাণ পায়নি।
১. ব্যবস্থাপনা কী?
ব্যবস্থাপনা সর্বজনীন'- ব্যাখ্যা কর।
জনাব রবিউল ব্যবস্থাপনার কোন স্তরের কর্মকর্তা? ব্যাখ্যা কর।
উদ্দীপকের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় মধ্যম ও নিম্নস্তরে নয়; বরং উচ্চস্তরের কাজে ভুল ছিল- যুক্তিসঙ্গত মতামত দাও।
সমাধান ও উত্তর
(ক)
প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ কার্যকে ব্যবস্থাপনা বলে।
(খ)
সকল ক্ষেত্রে ব্যবস্থাপনার আবশ্যকতা বা ব্যবস্থাপনা জ্ঞানের প্রয়োগযোগ্যতাকে ব্যবস্থাপনার সর্বজনীনতা বলে।
ব্যবস্থাপনার সর্বজনীনতা হলো ব্যবস্থাপনার প্রতি সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা ও পছন্দ। বৃহদায়তন প্রতিষ্ঠান পরিচালনায় ব্যবস্থাপনার আবশ্যকতা যেমনি দৃশ্যমান তেমনি ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রেও ব্যবস্থাপনা অপরিহার্য। যথোপযুক্ত পরিকল্পনা গ্রহণ করে সে অনুযায়ী কাজ করলে উভয় ধরনের প্রতিষ্ঠানই লাভবান হতে পারে।পরিকল্পনা বাস্তবায়নের জন্য ছোট-বড় সব প্রতিষ্ঠানকেই উপায়-উপকরণাদির সংহতকরণ, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়, নিয়ন্ত্রণ ইত্যাদি কাজ সম্পাদন করতে হয়। এ কারণেই বলা হয় 'ব্যবস্থাপনা সর্বজনীন'।
(গ)
জনাব রবিউল ব্যবস্থাপনার উচ্চ স্তরের কর্মকর্তা।
ব্যবস্থাপনার যে অংশ প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণ ইত্যাদি মানসিক ও বুদ্ধিবৃত্তিক কাজ সম্পাদন করে তাদেরকে উচ্চ স্তরের ব্যবস্থাপনা বলে। শীর্ষস্থানীয় নির্বাহীদের সমন্বয়ে উচ্চ স্তরের ব্যবস্থাপনা গঠিত। প্রতিষ্ঠানের মালিকপক্ষ, পরিচালক পর্ষদ, চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক প্রভৃতি ব্যক্তিবর্গ উচ্চ স্তরের ব্যবস্থাপনার অন্তর্গত।
উদ্দীপকে জনাব রবিউল একটি চা উৎপাদনকারী কোম্পানির নীতি নির্ধারণী এবং পরিকল্পনা প্রণয়ন কাজের সাথে জড়িত। এরূপ নীতি নির্ধারণ ও গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণের ক্ষমতা ব্যবস্থাপনার উচ্চ স্তরের কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব রবিউল ব্যবস্থাপনার উচ্চ স্তরের কর্মকর্তা।
(ঘ)
উদ্দীপকের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় মধ্যম ও নিম্ন স্তরের নয়, বরং উচ্চ স্তরের কাজে ভুল ছিল- উক্তিটি যৌক্তিক।
প্রতিষ্ঠানের নীতি ও কৌশল প্রণয়ন করা হয় উচ্চ স্তরে। অন্যদিকে মধ্যস্তরের ব্যবস্থাপক উচ্চ ও নিম্ন স্তরের ব্যবস্থাপনায় সাথে সংযোগ স্থাপন করে। আর নিম্ন স্তরের ব্যবস্থাপক প্রতিষ্ঠানের নীতি ও কৌশল বাস্তবায়ন করেন।
উদ্দীপকে জনাব রবিউল একটি চা উৎপাদনকারী কোম্পানির নীতি নির্ধারণী এবং পরিকল্পনা প্রণয়ন কাজের সাথে জড়িত। প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ ২০২৪ সালে ৫ লক্ষ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। কিন্তু কর্মীরা রাত দিন পরিশ্রম করার পরও ৪ লক্ষ ৫০ হাজার কেজি চা এর বেশি উৎপাদন করতে সক্ষম হয়নি। জনাব রবিউল ও পরিচালনা পর্ষদ তদন্ত করেও বাস্তবায়নকারী কর্মকর্তা ও শ্রমিকদের কোনো গাফিলতির প্রমাণ পায়নি।
উচ্চ স্তরের ব্যবস্থাপকদের দেওয়া পরিকল্পনা অনুযায়ী মধ্য স্তরের ব্যবস্থাপকগণ পরিকল্পনা প্রণয়ন করেন। মধ্য স্তরের ব্যবস্থাপকদের পরিকল্পনা অনুযায়ী নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকগণ কাজ করেন। এক্ষেত্রে দেখা উচ্চ স্তরের সিদ্ধান্ত অনুযায়ীই মধ্য ও নিম্ন স্তরের ব্যবস্থাপকগণ কাজ করেন। তাই উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে ত্রুটি হলে কখনই সঠিকভাবে কাজ বাস্তবায়ন করা সম্ভব হয় না। উদ্দীপকের প্রতিষ্ঠানটিতেও দেখা কর্মীরা রাত দিন পরিশ্রম করে প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি এবং তাদের কাজের কোনো গাফিলতিও পাওয়া যায়নি। তাই বলা যায়, মধ্য ও নিম্ন স্তরের ব্যবস্থাপকদের ভুলের জন্য নয় বরং উচ্চ স্তরের ব্যবস্থাপকদের ভুলের জন্যই প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি।

বৃত্তের ওপর থেকে ঘড়ির কাঁটার দিকে:

ক → সংগঠন → খ → নির্দেশনা → প্রেষণা → সমন্বয় → নিয়ন্ত্রণ → ক।

২. ব্যবস্থাপক কে?
'ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া'- ব্যাখ্যা কর।
চিত্রিত উদ্দীপকে 'খ' এর স্থানে ব্যবস্থাপনা কোন কাজটি সম্প করে? ব্যাখ্যা কর।
'ক' এর স্থানে সম্পাদিত কাজের দক্ষতা নিয়ন্ত্রণকে প্রভাবিত করে- এ উক্তিটির সাথে তুমি কী একমত? যুক্তি দাও।
সমাধান ও উত্তর
(ক)
যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ ব্যবস্থাপনা কাজের সাথে জড়িত তাকে বা তাদেরকে ব্যবস্থাপক বলে।
(খ)
ব্যবস্থাপনা সমাজে বসবাসরত মানুষ ও অন্যান্য পক্ষের প্রতি গুরুত্ব দিয়ে কার্যাবলি পরিচালনা করে বলে একে ব্যবস্থাপনার সামাজিক প্রক্রিয়া বলে।
ব্যবস্থাপনাকে একটি সামাজিক প্রক্রিয়া বলে আখ্যায়িত করা হয়। কেননা ব্যবস্থাপনা কতিপয় মানবীয় কার্যাবলির সাথে সংশ্লিষ্ট। এসব মানবীয় কার্যাবলির সুষ্ঠু সম্পাদনের উপর প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন নির্ভরশীল। তাইতো ব্যবস্থাপনা প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের পাশাপাশি সমাজবদ্ধ মানুষের কল্যাণ সাধন ও অগ্রগতির জন্য কাজ করে। সামাজিক বিধি বিধানের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে নিয়োজিত মানবসম্পদকে কাজে লাগিয়ে উদ্দেশ্যের বাস্তবায়ন ঘটায়।
(গ)
চিত্রিত উদ্দীপকের 'খ' এর স্থানে ব্যবস্থাপনার কর্মীসংস্থান কাজটি সম্পন্ন করে।
এখানে প্রতিষ্ঠানে প্রয়োজনীয় কর্মীসংগ্রহ, নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ, পদোন্নতি, পদাবনতী, বদলি প্রভৃতি কার্য সম্পাদন করা হয়।যথোপযুক্ত কর্মী ব্যতীত লক্ষ্য অর্জন সম্ভব নয়। একটি প্রতিষ্ঠানে যন্ত্রপাতি, পুঁজি, কাঁচামাল ও অন্যান্য উপকরণ যতই মানসম্পন্ন হোক না কেন কর্মী যদি যোগ্য ও দক্ষ না হয় তবে তাদের কার্যকর ব্যবহার কখনই সম্ভব হয় না। তাই ভালো কর্মীসংস্থান ব্যবস্থাপনার পক্ষে একটি অত্যাবশ্যকীয় কাজ।
ব্যবস্থাপনা কতকগুলো ধারাবাহিক কাজে সমষ্টি। উক্ত কাজগুলো যেমন- পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়সাধন ও নিয়ন্ত্রণ যথাক্রমে সম্পন্ন হয়। ব্যবস্থাপনার কাজের ধারাবাহিকতা অনুযায়ী 'খ' চিহ্নিত স্থানে কর্মীসংস্থান বসবে। কর্মীসংস্থান ব্যবস্থাপনা প্রক্রিয়ার তৃতীয় গুরুত্বপূর্ণ কাজ। কারণ কর্মীসংস্থান ছাড়া প্রতিষ্ঠানের কাজ সুন্দরভাবে সম্পাদন করা যায় না।
(ঘ)
উদ্দীপকে 'ক' চিহ্নিত স্থানে পরিকল্পনা বসবে যা নিয়ন্ত্রণ কাজকে প্রভাবিত করে- উক্তিটির সাথে আমি একমত।
ভবিষ্যৎ কার্যক্রমের অগ্রিম সিদ্ধান্ত গ্রহণকে পরিকল্পনা বলে। আর.
পূর্বনির্ধারিত আদর্শমানের সাথে প্রকৃত কার্যের ফলাফল তুলনা করে নির্ণীত বিচ্যুতি সংশোধনের নিমিত্তে গৃহীত সকল ব্যবস্থাকেই নিয়ন্ত্রণ বলে। পরিকল্পনা ও নিয়ন্ত্রণ মুদ্রার এপিঠ ও ওপিঠ। কারণ পরিকল্পনা দিয়ে যে কাজ শুরু হয় আর নিয়ন্ত্রণ দিয়ে উক্ত কাজ সম্পন্ন হয়।
উদ্দীপকে ব্যবস্থাপনার কাজগুলো চক্রাকারে আবর্তিত হয়। অর্থাৎ ব্যবস্থাপনার এই কাজগুলো পরিকল্পনা দিয়ে শুরু হয়ে নিয়ন্ত্রণ দিয়ে শেষ হয়। নিয়ন্ত্রণ ও পরিকল্পনা একে অন্যের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত। কারণ যে কাজের পরিকল্পনা প্রণয়ন করা হয়েছিল তা কতটুকু সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে এটি নিয়ন্ত্রণ কাজের মাধ্যমে নির্ণয় করা হয়।
প্রতিষ্ঠানের কার্যফলের মধ্যে কোনো ধরনের বিচ্যুতি রয়েছে কিনা এবং থাকলে তা কীভাবে সংশোধন করা সম্ভব তা নিয়ন্ত্রণ কার্যাবলির মাধ্যমে নির্ধারণ করা হয়ে থাকে। প্রতিষ্ঠানের গৃহীত পরিকল্পনার সফলতা ও ব্যর্থতা তথা যথার্থতা নির্ধারণ করার জন্য নিয়ন্ত্রণ কার্য অপরিহার্য। ব্যবস্থাপনা চক্রের সর্বশেষ এ কাজের মাধ্যমেই প্রতিষ্ঠান পুনরায় পরিকল্পনা নির্ধারণ করতে সক্ষম হয়। তাই বলা যায়, উদ্দীপকের 'ক' চিহ্নিত স্থানে সম্পাদিত পরিকল্পনা কাজের দক্ষতা নিয়ন্ত্রণকে প্রভাবিত করে।
মি. সিয়াম একটি বৃহদায়তন প্রতিষ্ঠানের CEO। তিনি উচ্চ পর্যায়ের সকল ধরনের সিদ্ধান্ত নেওয়ার সর্বময় ক্ষমতার অধিকারী। কিন্তু নিম্নপর্যায়ের যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তিনি বিভাগীয় প্রধানদের হাতে ছেড়ে দেন। বিভাগীয় প্রধানগণ তাদের স্ব-স্ব বিভাগের কর্মচারীদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন। এর ফলশ্রুতিতে প্রতিষ্ঠানে ভারসাম্য রক্ষা করা সম্ভব হচ্ছে।
৩. ব্যবস্থাপনা নীতি কী?
'ব্যবস্থাপনা ও প্রশাসন ভিন্ন কিন্তু একটি অপরটির পরিপূরক'- ব্যাখ্যা কর।
উদ্দীপকের মি. সিয়ামের সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা কোন নীতি সমর্থন করে তার সপক্ষে যুক্তি দাও।
প্রতিষ্ঠানের ভারসাম্য রক্ষায় উদ্দীপকের নীতির গুরুত্ব ব্যাখ্যা কর।
সমাধান ও উত্তর
(ক)
ব্যবস্থাপনা কার্য সুষ্ঠুভাবে সম্পাদনের জন্যে প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন নির্দেশনা বা আদর্শ মেনে চলাকে ব্যবস্থাপনা নীতি বলে।
(খ)
প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য মূল পরিকল্পনা প্রণয়ন ও নীতিমালা নির্ধারণকারীকে প্রশাসন বলে।
প্রশাসন মূলত প্রতিষ্ঠানের মূল কর্তৃত্বের অধিকারী হয়। আর ব্যবস্থাপনা প্রশাসনের দেওয়া পরিকল্পনা ও নীতিমালা বাস্তবায়নের জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে এবং সংগঠন ব্যবস্থাপনার এ কার্যক্রমগুলো বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠানের উপায়-উপকরণগুলোকে একত্রীতকরণ করে তাদের মধ্যে সংযোগ স্থাপন করে। অর্থাৎ প্রশাসন প্রতিষ্ঠানের জন্য যে নীতি ও উদ্দেশ্য নির্ধারণ করে ব্যবস্থাপনা তা বাস্তবায়নে সহায়তা করে। তাই ব্যবস্থাপনা ও প্রশাসন ভিন্ন হলেও একটি অপরটির পরিপূরক।
(গ)
উদ্দীপকে মি. সিয়ামের সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা ব্যবস্থাপনার কেন্দ্রীকরণ নীতি সমর্থন করে।
এ নীতিতে প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উচ্চ স্তরের ব্যবস্থাপকদের হাতে কেন্দ্রীভূত থাকে। এরূপ ব্যবস্থায় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনগণ অতিমাত্রায় কর্তৃত্বশালী হয়ে থাকে। এতে করে অধস্তন কর্মীদের গুরুত্ব হ্রাস পায়। এর ফলে কর্মীরা কাজের প্রতি মনোবল হারায় এবং তাদের কাজের গতিশীলতা কমে যায়।
উদ্দীপকে মি. সিয়াম একটি বৃহদায়তন প্রতিষ্ঠানের CEO। তিনি উচ্চ পর্যায়ের সকল ধরনের সিদ্ধান্ত নেওয়ার সর্বময় ক্ষমতার অধিকারী। এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ব্যবস্থাপনার কেন্দ্রীকরণ নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে মি. সিয়ামের সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা ব্যবস্থাপনার কেন্দ্রীকরণ নীতি সমর্থন করে।
(ঘ)
প্রতিষ্ঠানের ভারসাম্য রক্ষায় ব্যবস্থাপনার কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নীতির প্রতি গুরুত্ব দেওয়া উচিত।
প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উচ্চ স্তরের ব্যবস্থাপকদের হাতে কেন্দ্রীভূত থাকাকে কেন্দ্রীকরণ বলে। অপরদিকে প্রতিষ্ঠানের অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিম্ন স্তরের ব্যবস্থাপকদের হাতে ছেড়ে দেওয়াকে বিকেন্দ্রীকরণ বলে। তবে উভয়ের কর্তৃত্বের মধ্যে ভারসাম্য থাকতে হবে। নচেৎ প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন ব্যাহত হবে।
উদ্দীপকে মি. সিয়াম একটি বৃহদায়তন প্রতিষ্ঠানের CEO। তিনি উচ্চ পর্যায়ের সকল ধরনের সিদ্ধান্ত নেওয়ার সর্বময় ক্ষমতার অধিকারী। তবে নিম্ন পর্যায়ের যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তিনি বিভাগীয় প্রধানদের হাতে ছেড়ে দেন। বিভাগীয় প্রধানগণ তাদের স্ব-স্ব বিভাগের কর্মচারীদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন। এর ফলে প্রতিষ্ঠানে ভারসাম্য রক্ষা করা সম্ভব হচ্ছে।
শুধু কেন্দ্রীকরণ অনুসরণ করলে ঊর্ধ্বতনগণ অতিমাত্রায় কর্তৃত্বশালী হয় এবং অধস্তনদের গুরুত্ব হ্রাস পায়। ফলে অধস্তন কর্মীরা কাজের প্রতি মনোবল হারায়। অন্যদিকে শুধু বিকেন্দ্রীকরণ নীতি অনুসরণ করলে অধস্তন ঊর্ধ্বতনের তুলনায় বেশি কর্তৃত্বশালী হয়। এতে ঊর্ধ্বতন অধস্তনদের ওপর কর্তৃত্ব হারায় এবং অধস্তন কর্মীরা ঊর্ধ্বতনের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফলে প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে পারে না। তাই আমি মনে করি, উদ্দীপকের প্রতিষ্ঠানে ভারসাম্য রক্ষায় ব্যবস্থাপনার কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ উভয় নীতি অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ।
মিনা কোম্পানির প্রধান কর্মকর্তা জনাব সোহেলি কোম্পানির নীতিনির্ধারণ ও লক্ষ্যস্থির করে থাকেন। তিনি অধীনস্থ কর্মচারীদের আর্থিক সুবিধা না দিয়ে কর্মঘণ্টা বৃদ্ধি করেন। এতে কর্মচারীদের মধ্যে 'অসন্তুষ্টির সৃষ্টি হয়। ফলে প্রতিষ্ঠানটি লক্ষ্য অর্জনে সমস্যা দেখা দেয়।
৪. বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কী?
বিকেন্দ্রীকরণ বলতে কী বোঝায়?
উদ্দীপকে কোম্পানির প্রধান কর্মকর্তা ব্যবস্থাপনার কোন নীতির ব্যত্যয় ঘটিয়েছেন? ব্যাখ্যা কর
জনার সোহেলি একজন প্রশাসক, কিন্তু ব্যবস্থাপকীয় দক্ষতায় ঘাটতি আছে' উদ্দীপকের আলোকে উক্তিটি মূল্যায়ন কর।
সমাধান ও উত্তর
(ক)
ব্যবস্থাপনার ক্ষেত্রে গতানুগতিকা পরিহার করে বিজ্ঞান বা পরীক্ষা-নিরীক্ষা ও বিচার-বিশ্লেষণের আলোকে সংঘবদ্ধ জ্ঞানের প্রয়োগকেই বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বলে।
(খ)
প্রতিষ্ঠানের নিম্ন পর্যায়ের ও অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ নিম্ন স্তরের ব্যবস্থাপকদের হাতে থাকাকে বিকেন্দ্রীকরণ বলে।
ঊর্ধ্বতন অতিমাত্রায় কর্তৃত্বশালী হলে অধস্তনদের গুরুত্ব হ্রাস পায়। এতে অধস্তন কর্মীরা কাজের প্রতি মনোবল হারায়। ফলে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা দিন দিন হ্রাস পায়। তাই প্রতিষ্ঠানের এমন অনেক কাজ আছে যেখানে অধস্তনদের গুরুত্ব দিতে হয়। নচেৎ প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়। আর বিকেন্দ্রীকরণের মাধ্যমেই অধস্তনদের গুরুত্ব দেওয়া যায়।
(গ)
উদ্দীপকে কোম্পানির প্রধান কর্মকর্তা ব্যবস্থাপনার পারিশ্রমিকের নীতির ব্যত্যয় ঘটিয়েছেন।
প্রতিষ্ঠানে কর্মরত কর্মীর কাজের প্রকৃতি, পরিমাণ, যোগ্যতা, শ্রম সময়, জীবনযাত্রার ব্যয়, পারিপার্শ্বিক অবস্থা এবং দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে উপযুক্ত বেতন ও সুযোগ-সুবিধা প্রদানের নীতিকেই পারিশ্রমিকের নীতি বলে। অর্থাৎ কাজের বিনিময়ে যা পাওয়া যায় তাই পারিশ্রমিক। উপযুক্ত পারিশ্রমিক কর্মীর মনে সন্তুষ্টি আনে।
উদ্দীপকে মিনা কোম্পানির প্রধান কর্মকর্তা জনাব সোহেলি। তিনি কোম্পানির নীতি নির্ধারণ ও লক্ষ্যস্থির করে থাকেন। হঠাৎ তিনি তার অধীনস্থ কর্মীদের আর্থিক সুবিধা না দিয়ে কর্মঘণ্টা বৃদ্ধি করেন, যা পারিশ্রমিকের নীতির পরিপন্থি। তাই বলা যায়, উদ্দীপকে কোম্পানির প্রধান কর্মকর্তা ব্যবস্থাপনার পারিশ্রমিকের নীতির ব্যত্যয় ঘটিয়েছেন।
(ঘ)
একজন প্রশাসক হিসেবে জনাব সোহেলির মধ্যে ব্যবস্থাপকীয় দক্ষতার ঘাটতি রয়েছে- এই বক্তব্যের সাথে আমি একমত।
ব্যবস্থাপকীয় দক্ষতা হলো ব্যবস্থাপকীয় কাজ যথাযথ ও সুনিপুণভাবে সম্পাদন করার সামর্থ্য। বর্তমান তীব্র প্রতিযোগিতাপূর্ণ বাজারে টিকে থাকার জন্য ব্যবস্থাপকীয় দক্ষতা অধিক গুরুত্বপূর্ণ। কেননা একজন দক্ষ ব্যবস্থাপকের মধ্যে রয়েছে প্রতিযোগিতায় টিকে থাকার মতো সামর্থ্য বা কৌশল।
উদ্দীপকে মিনা কোম্পানির প্রধান কর্মকর্তা জনাব সোহেলি। তিনি কোম্পানির নীতি নির্ধারণ ও লক্ষ্যস্থির করে থাকেন। হঠাৎ তিনি তার অধীনস্থ কর্মীদের আর্থিক সুবিধা না দিয়ে কর্মঘণ্টা বৃদ্ধি করেন। এতে কর্মীদের মধ্যে অসন্তুষ্টি সৃষ্টি হয়। ফলে প্রতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে সমস্যা দেখা দেয়।
প্রতিযোগিতামূলক ব্যবসায় জগতে দ্রুত সমৃদ্ধি অর্জনে দক্ষতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন আদর্শ ব্যবস্থাপক দক্ষতার সাথে ব্যবস্থাপকীয় কার্যাবলি সম্পাদন করতে পারলে প্রতিষ্ঠানের সফলতা অর্জন সম্ভব হয়। অন্যদিকে ব্যবস্থাপক অদক্ষ হলে প্রতিষ্ঠান বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটিই এর প্রমাণ। তাই আমি মনে করি, একজন প্রশাসক হিসেবে জনাব সোহেলির মধ্যে ব্যবস্থাপকীয় দক্ষতার ঘাটতি রয়েছে।

সরকারি বরিশাল কলেজ, বরিশাল ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।