উৎপাদনের ক্ষেত্রে উৎপাদনশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ উৎপাদনশীলতা হ্রাস, পেলে প্রতিষ্ঠানকে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এগুলো হলো: পণ্যের উৎপাদন ব্যয় বৃদ্ধি, উপকরণ মূল্য বৃদ্ধি, শ্রমিকের বেতন ও মজুরি হ্রাস, মুনাফা হ্রাস, ব্যবসায় সংকোচন ইত্যাদি। এ চ্যালেঞ্জসমূহ সফলভাবে মোকাবিলার ক্ষমতা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার না থাকলে প্রতিষ্ঠানের অস্তিত্ব সংকটে পড়ে।
পণ্য উৎপাদনের জন্য কী, কখন, কোথায়, কীভাবে করতে হবে তা নির্ধারণ করাকে উৎপাদন পরিকল্পনা বলে। উৎপাদন ব্যবস্থাপক পণ্যের চাহিদা পূরণ করার জন্য প্রয়োজনীয় উৎপাদন পরিকল্পনা গ্রহণ করেন। এরূপ প্রণীত পরিকল্পনা অনুযায়ী উৎপাদন কার্যক্রম পরিচালিত হলে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্যার্জন সম্ভব হয়।
উদ্দীপকে জনাব বাদল 'বাদল ফুডস' এর স্বত্বাধিকারী। তিনি বিভিন্ন ধরনের বেকারি পণ্য উৎপাদনের লক্ষ্যে কী উৎপাদন করবেন, কীভাবে এবং কাদের নিয়ে উৎপাদন করবেন ইত্যাদি বিষয়ে পূর্ব থেকেই সিদ্ধান্ত নেন। জনাব বাদলের এমন সিদ্ধান্ত উৎপাদন পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব বাদল প্রথমে উৎপাদন ব্যবস্থাপনার উৎপাদন পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়েছেন।
উৎপাদনের কার্যক্রম সঠিকভাবে সম্পাদনের উদ্দেশ্যে প্রয়োজনীয় কাঁচামাল, যন্ত্রপাতি ও অন্যান্য দ্রব্য মজুদ রাখাকে মজুদ নিয়ন্ত্রণ বলে। মজুদ মাল নিয়ন্ত্রণের জন্য উৎপাদন ব্যবস্থাপনা Analysis Better Control (ABC), Economic Order Quantity (EOQ) এবং High, Medium, Low Cost (HML) সহ বিভিন্ন কৌশল অবলম্বন করে।
উদ্দীপকে জনাব বাদল 'বাদল ফুডস' এর স্বত্বাধিকারী। বাজারে পণ্যের সম্ভাব্য চাহিদা বিবেচনা করে তিনি বিস্কুট, কেক, চানাচুর ইত্যাদি পণ্য উৎপাদন শুরু করেন। প্রথম থেকেই তিনি কাঁচামালের অবচয় রোধ করে মিতব্যয়ী উৎপাদনের পরিমাণ নির্ধারণ করেন। ফলে দিনের উৎপাদিত পণ্য দিনের শেষে বিক্রয় হয়ে যায় এবং সার্বিকভাবে উৎপাদিত পণ্যের মজুদ এড়ানো সম্ভব হয়।
মজুদ নিয়ন্ত্রণ করা বর্তমানে যেকোনো প্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ। কারণ কাঙ্ক্ষিত মাত্রার চেয়ে অধিক পণ্য মজুদ থাকলে অপচয় বৃদ্ধি পায়, অন্যদিকে কাঙ্ক্ষিত মাত্রার চেয়ে কম পণ্য মজুদ থাকলে বাজারে পণ্যের ঘাটতি দেখা দেয়। তাই মজুদের পরিমাণ কাঙ্ক্ষিত পর্যায়ে রাখতে তা নিয়ন্ত্রণ করা একান্ত প্রয়োজন। উদ্দীপকের প্রতিষ্ঠানটি এই নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেই দিনের পণ্য দিনে বিক্রয় করতে সক্ষম হয়, যা প্রতিষ্ঠানটির সফলতা অর্জনে সহায়ক।