বরিশাল সরকারি মহিলা কলেজ ২০২৫

এইচএসসি · বিপণন ২য় পত্র

বরিশাল সরকারি মহিলা কলেজ ২০২৫

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

বিশ্বকাপ ফুটবল চলছে। তাই মি. জামসেদ বাসার পুরাতন সাদা-কালো টেলিভিশনের পরিবর্তে প্রতিষ্ঠিত ব্র্যান্ডের রঙিন টেলিভিশন ক্রয় করলেন। এর ফলে তার পরিবার নির্বিঘ্নে বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে পেরেছে এবং তার সকলেই খুশি। অন্যদিকে আবার বিশ্বকাপের পর পরই ঈদ। তাই টেলিভিশন বিক্রেতা প্রতিষ্ঠান মূল্য হ্রাস অফার দিয়েছেন। তাদের ধারণা মান ঠিক রেখে মূল্য হ্রাস করা হলে ক্রেতা ভ্যালু বৃদ্ধি পাবে।
১. অভাব কী?
বিপণন প্রতিটি মানুষের জীবনে ওতপ্রোতভাবে জড়িত- ব্যাখ্যা কর।
উদ্দীপকের মি. জামসেদ এর নতুন টেলিভিশন ক্রয়ের ফলে কী অর্জিত হয়েছিল-ব্যাখ্যা কর।
ক্রেতা ভ্যালু সম্পর্কে প্রতিষ্ঠানটি ধারণা উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
সমাধান ও উত্তর
(ক)
প্রয়োজন যখন ভোক্তার সংস্কৃতি ও ব্যক্তিত্ব দ্বারা প্রভাবিত হয়ে বাস্তবে প্রকাশ পায়, তখন তাকে অভাব বলে।
(খ)

বিপণন প্রতিটি মানুষের জীবনে ওতপ্রোতভাবে জড়িত।

মানুষের অভাব পূরণের লক্ষ্যে পণ্য বা সেৱা বিনিময়ের মাধ্যমে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলে মুনাফা অর্জন করাকে বিপণন বলে। মানুষের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান পণ্য বা সেবা তৈরি করে এবং তার মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় কাজটি করে থাকে। সুতরাং বিপণন মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত।

(গ)

মি. জামসেদের নতুন টেলিভিশন কেনার ফলে ক্রেতা সন্তুষ্টি অর্জিত হয়েছে।

প্রত্যাশার সাথে পাওয়া সুবিধা তুলনা করে ভোক্তার মধ্যে যে আনন্দের অনুভূতি সৃষ্টি হয় তাই হলো ক্রেতা সন্তুষ্টি। পণ্য বা সেবা কেনার মাধ্যমে ক্রেতা কিছু সুবিধা প্রত্যাশা করে, যার মাধ্যমে ক্রেতা সন্তুষ্টি গড়ে ওঠে।

মি. জামসেদ উপলব্ধি করতে পেরেছেন যে বিশ্বকাপ ফুটবল খেলা তারা তাদের বাসার পুরাতন সাদা-কালো টেলিভিশনের মাধ্যমে ভালোভাবে উপভোগ করতে পারবেন না। তিনি প্রত্যাশা করলেন নতুন একটি রঙিন টেলিভিশন কিনলে পরিবারের সকলে মিলে একসাথে খেলাটি উপভোগ করতে পারবেন। তাই তিনি নতুন রঙিন টেলিভিশন কিনলেন এবং পরিবারসহ খেলা উপভোগ করলেন। তিনি যা আশা করেছেন তা-ই পেয়েছেন, যা ক্রেতাসন্তুষ্টির সাথে সঙ্গতিপূর্ণ। সুতরাং মি. জামসেদের সন্তুষ্টি অর্জিত হয়েছে।

(ঘ)

মান ও সেবা অপরিবর্তিত রেখে মূল্য কমানো হলে ক্রেতার মোট ত্যাগ কমে এবং উপলব্ধ ক্রেতাভ্যালু বাড়তে পারে—প্রতিষ্ঠানটির এ ধারণা যৌক্তিক।

ক্রেতাভ্যালু বিচার করা হয় পণ্য ও সেবা থেকে পাওয়া মোট সুবিধার সঙ্গে অর্থ, সময় ও অন্যান্য ত্যাগ তুলনা করে। শুধু দাম কমানো নয়, সুবিধা ও ত্যাগের সমন্বয় গুরুত্বপূর্ণ।

উদ্দীপকে জামসেদ বিশ্বকাপ দেখার জন্য আগে রঙিন টেলিভিশন কিনে সন্তুষ্ট হয়েছেন। ঈদ উপলক্ষে পরবর্তী মূল্যছাড়ের পরিকল্পনা আছে; কিন্তু তিনি নিজে সেই ছাড়ে টিভি কিনেছেন—এ কথা বলা নেই। তাই তার অর্জিত সন্তুষ্টি ও পরবর্তী মূল্যছাড়ের সম্ভাব্য ভ্যালু-প্রভাব আলাদা করে দেখতে হবে।

মান ঠিক রেখে ছাড় দিলে অন্য ক্রেতার কাছে প্রস্তাবটি আকর্ষণীয় হতে পারে। তবে সব ক্রেতাই প্রথমে এটিই বেছে নেবেন বা বিক্রয় নিশ্চিত বাড়বে বলা যায় না; প্রয়োজন, পছন্দ ও বিকল্পও বিবেচ্য।

রসুলপুরের জামাল উদ্দিন একজন ফুল চাষি। তিনি ক্রেতার রুচির প্রতি লক্ষ রেখে বিভিন্ন প্রকার ফুলের চাষ করেন। সেখানকার জমি ফুল চাষের জন্য উপযুক্ত। দেশে ও বিদেশে ফুলের চাহিদা থাকায় বিক্রিও বেড়ে যায়। ফলে অল্প দিনেই জামাল উদ্দিন ফুলচাষে লাভবান হন। তার দেখাদেখি গ্রামের অনেকে ফুল চাষ শুরু করেছে। এভাবে রসুলপুর গ্রামের চাষিরা সাবলম্বী হতে শুরু করে।
২. বিপণন কী?
"সকল ক্রেতা ভোক্তা নয়"- ব্যাখ্যা কর।
জামাল উদ্দিন কোন ধারণার প্রেক্ষিতে ফুলচাষ শুরু করেন? ব্যাখ্যা কর।
দেশের অর্থনৈতিক উন্নয়নে জামাল উদ্দিনের ফুলচাষের ভূমিকা কতটুকু? এর যথার্থতা মূল্যায়ন কর।
সমাধান ও উত্তর
(ক)
সর্বোচ্চ ভ্যালু সৃষ্টি ও প্রদানের মাধ্যমে লাভজনক উপায়ে ক্রেতাদের সন্তুষ্টিবিধান, শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি ও বজায় রাখার প্রক্রিয়াকে বিপণন বলে।
(খ)
"সকল ক্রেতাই ভোক্তা নয়"- উক্তিটি সঠিক।
যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজের, পরিবারের অথবা অন্য কোনো পক্ষের জন্য ক্রয় করে তাদেরকে ক্রেতা বলে। এক্ষেত্রে ক্রেতা যদি নিজের ভোগ বা ব্যবহারের জন্য ক্রয় না করে পরিবার বা অন্য কোনো পক্ষের জন্য ক্রয় করেন তাহলে তিনি ক্রয়কৃত পণ্যের প্রকৃত ভোক্তা হিসেবে গণ্য হবেন না। তাই বিপণনের ভাষায় বলা হয়, সকল ক্রেতাই ভোক্তা নয়।
(গ)
জামাল উদ্দিন বিপণন অর্পণ ধারণার প্রেক্ষিতে ফুল চাষ করেন।
ভোক্তার সন্তুষ্টি বিধানের জন্য যা প্রদান করা হয় তাকে বিপণন অর্পণ বলে। সহজভাবে বলতে গেলে, প্রকৃত ক্রেতা বা ভোক্তার প্রয়োজন এবং চাহিদা অনুধাবনের পর একজন বিপণনকারী কর্তৃক আকর্ষণীয় পণ্য, সেবা এবং অভিজ্ঞতা উপস্থাপনের সার্বিক ব্যবস্থাই হলো বিপণন অর্পণ।
উদ্দীপকের জামাল উদ্দিন একজন ফুলচাষি। তিনি ক্রেতার রুচির প্রতি লক্ষ্য রেখে বিভিন্ন প্রকার ফুলের চাষ করেন। এরূপ চাষের মাধ্যমে তিনি অল্পদিনেই সফলতা অর্জন করেন। তার এ সফলতার মূলে কাজ করেছে ক্রেতার সন্তুষ্টি বিধান। এক্ষেত্রে তিনি বিপণনের মৌলিক ধারণা বিপণন, অর্পণের অন্তর্গত পণ্য, সেবা এবং অভিজ্ঞতাকে বিবেচনায় নিয়ে ফুল চাষ শুরু করেন। তার ফুল চাষের উদ্যোগটি সঠিক হওয়ায় অল্পদিনের মধ্যে সফলতা অর্জন করেন।
(ঘ)
দেশের অর্থনৈতিক উন্নয়নে জামাল উদ্দিনের ফুল চাষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।
বাংলাদেশ কৃষিনির্ভর একটি দেশ। এদেশের আর্থসামাজিক অবস্থা অনেকটাই কৃষির ওপর নির্ভর করে দাঁড়িয়ে আছে। তাই কৃষিক্ষেত্রে উন্নয়ন ব্যতীত বাংলাদেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। আম, লিচু, আলু, ফুল ইত্যাদি চাষের মাধ্যমে আমাদের দেশের কৃষকেরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
উদ্দীপকে জামাল উদ্দিন একজন ফুল চাষি। দেশে ও বিদেশে ফুলের চাহিদা থাকায় তিনি ফুল চাষের মাধ্যমে লাভবান হন। তিনি দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও ফুল রপ্তানি করেন। জামাল উদ্দিনের এরূপ সাফল্য দেখে তার গ্রামের অনেক চাষি ফুল চাষে উদ্বুদ্ধ হয়ে ফুল চাষ শুরু করেন এবং স্বাবলম্বী হয়ে উঠেন। এভাবে চাষিদের স্বাবলম্বী হয়ে উঠার মাধ্যমে একদিকে তারা নিজেরা যেমন অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছেন, তেমনি দেশের জাতীয় আয়ও বৃদ্ধি পাচ্ছে।
পরিশেষে বলা যায়, জামাল উদ্দিনের অনুসরণে যেসব চাষিরা ফুল চাষে উদ্বুদ্ধ হলেন এবং স্বাবলম্বিতা অর্জন করলেন তাতে দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে বলে আশা করা যায়।
নয়নদের ক্লাসে শিক্ষক ক্রেতা ও ভোক্তার মধ্যে পার্থক্য সম্পর্কে ব্যাপক আলোচনা করলেন। তখন থেকেই নয়ন এ দুটি বিষয়ের মধ্যে পার্থক্য নিরূপণ করতে সক্ষম হচ্ছে। তার বাবা প্রিন্টিং প্রেসের মালিক। সেখানে কাগজে বই ছাপানো হয়। আবার নয়ন নিজেও লেখাপড়া করার জন্য কাগজ ক্রয় করে। বিষয়টি চিন্তা করে নয়ন তার বাবা এবং নিজের পার্থক্য বুঝতে পেরে নীরবে হেসে ফেলল।
৩. বিক্রয় কী?
বাজার এবং বাজারজাতকরণ কী একই জিনিস? ব্যাখ্যা কর।
নয়নের বাবা এখানে ক্রেতা না ভোক্তা? ব্যাখ্যা কর।
“নয়ন উপযোগ নিঃশেষ করলেও তার বাবা নতুন উপযোগ সৃষ্টি করে।” উদ্দীপকের আলোকে উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
সমাধান ও উত্তর
(ক)
অর্থ বা সম্মত প্রতিদানের বিনিময়ে পণ্যের মালিকানা বিক্রেতা থেকে ক্রেতার কাছে হস্তান্তরের কার্যক্রমকে বিক্রয় বলে।
(খ)
বাজার ও বাজারজাতকরণ দুটি ভিন্ন বিষয়। বাজার হচ্ছে কোনো পণ্যের বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি। অন্যদিকে, বাজারজাতকরণ হলো ভোক্তাদের চাহিদা অনুধাবন, পণ্য ধারণা 'সৃষ্টি ও ভোক্তা চাহিদা পূরণের মাধ্যমে ভোক্তাসন্তুষ্টি অর্জন করে স্থায়ী ক্রেতায় পরিণত করার একটি প্রক্রিয়া। বাজারের মুখ্য উদ্দেশ্য হলো ক্রেতা ও বিক্রেতার মধ্যে যোগাযোগ স্থাপন করা। অন্যদিকে, বাজারজাতকরণ উদ্দেশ্য হচ্ছে ক্রেতা ও বিক্রেতা যে উদ্দেশ্যে একত্রিত হয়েছে তা সফল করা। অতএব বলা যায়, বাজার এবং বাজারজাতকরণ কোনো অবস্থাতেই এক বিষয় নয়।
(গ)

নয়নের বাবা প্রিন্টিং প্রেসের জন্য কাগজ কিনেছেন, তাই তিনি এই লেনদেনে একজন ব্যবসায়িক বা শিল্পক্রেতা। কাগজকে মুদ্রিত বইয়ে রূপান্তর করা তার উৎপাদনকাজের অংশ।

ক্রেতা বলতে পণ্য বা সেবা ক্রয়কারীকে বোঝায়; ক্রেতা হতে পুনরায় বিক্রয় বা নতুন উপযোগ সৃষ্টি করা অপরিহার্য নয়। নিজের চূড়ান্ত ব্যবহারের জন্য যে কেনে সেও ক্রেতা। এখানে বাবার কেনা কাগজটি উৎপাদন-ইনপুট হওয়ায় তিনি ওই লেনদেনে চূড়ান্ত ভোক্তা হিসেবে নয়, ব্যবসায়িক ক্রেতা হিসেবে কাজ করছেন।

(ঘ)

নয়নের বাবা প্রেসে ব্যবহারের জন্য কাগজ কিনে তাতে লেখা ছাপিয়ে বই তৈরি করেন। এতে কাগজে নতুন রূপগত উপযোগ যুক্ত হয়। নয়ন নিজের পড়া বা লেখার কাজে কাগজ ব্যবহার করলে চূড়ান্ত ব্যবহারের সুবিধা ভোগ করে। এই নির্দিষ্ট ভূমিকার পার্থক্যেই উক্তিটি ব্যাখ্যা করা যায়।

তবে নতুন উপযোগ সৃষ্টি করলেই কেবল ক্রেতা হওয়া যায় বা সব ক্রেতা নতুন উপযোগ সৃষ্টি করে—এমন নয়। ভোক্তাও নিজে পণ্য কিনে ক্রেতা হতে পারে। কাগজ একবার ব্যবহার হলে আর কোনোভাবেই পুনর্ব্যবহার করা যায় না—এ দাবিও যথার্থ নয়; এখানে উপযোগ নিঃশেষ বলতে নির্দিষ্ট চূড়ান্ত ভোগের ভূমিকা বোঝানো হয়েছে।

অলক একজন পাইকারি ব্যবসায়ী। তিনি ভোলা থেকে প্রচুর পরিমাণে শুঁটকি মাছ কিনে ঢাকায় নিজস্ব গুদামে সংরক্ষণ করেন। পরবর্তীতে বাজারে শুঁটকি মাছের চাহিদা বৃদ্ধি পেলে বিক্রি করেন। এতে প্রচুর লাভ হয়। মৎস্য পরিবহন এবং সংরক্ষণের যাবতীয় কাজ তার প্রতিষ্ঠান নিজেই সম্পাদন করে। এ সকল কাজে তিনি উচ্চ শিক্ষিত এবং স্বল্প শিক্ষিত ব্যক্তিবর্গকে নিয়োগ করেছেন। এর ফলে একদিকে যেমন তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে অন্যদিকে তেমনি ঢাকার বাসিন্দাদের শুঁটকি মাছের চাহিদাও কিছুটা মেটাতে পারছেন।
৪. পরিবহন কী?
বিপণন কার্যাবলি বলতে কী বোঝায়?
মি. অলকের কোন কাজটি সময়গত উপযোগ সৃষ্টি করেছে-ব্যাখ্যা কর।
কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে মি. অলকের ভূমিকা উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
সমাধান ও উত্তর
(ক)
পরিবহন হচ্ছে এমন একটি বিপণন কাজ যার মাধ্যমে সর্বোত্তম উপায়ে যাত্রী সাধারণ ও পণ্য একস্থান হতে অন্যস্থানে স্থানান্তর করা হয়।
(খ)
উৎপাদকের কাছ থেকে ভোক্তার কাছে পণ্য পৌছানোর সাথে জড়িত সকল কার্যকে বিপণন কার্যাবলি বলে।
বিপণন কার্যাবলি হলো একটি ধারাবাহিক বা প্রক্রিয়াভিত্তিক কাজ। এরূপ কার্যাবলির সর্বাধিক গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে : ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, মোড়কিকরণ ইত্যাদি। এর মাধ্যমে উৎপাদকের সাথে চূড়ান্ত ভোক্তা বা ব্যবহারকারীর সম্পর্ক বা যোগসূত্র স্থাপিত হয়। তাছাড়া বিপণন কার্যাবলির মাধ্যমে একদিকে ক্রেতাদের সাথে শক্তিশালী বা জোরালো সম্পর্ক সৃষ্টি হয়, অন্যদিকে উৎপাদক বা বিপণনকারী প্রতিষ্ঠানও তাদের উদ্দেশ্য অর্জনে সক্ষম হয়। এসব কারণেই বিপণন কার্যাবলি এত গুরুত্বপূর্ণ।
(গ)
মি. অলকের গুদামে পণ্য সংরক্ষণ বা গুদামজাতকরণ কাজটি সময়গত উপযোগ সৃষ্টি করেছে।
উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময় পর্যন্ত সঠিক অবস্থায় পণ্য সংরক্ষণের প্রক্রিয়াকে গুদামজাতকরণ বলে। গুদামজাতকরণ পণ্যের সময়গত উপযোগ সৃষ্টির মাধ্যমে এক সময়ের পণ্য অন্য সময় ভোগের ব্যবস্থা করে।
উদ্দীপকে অলক একজন পাইকারি ব্যবসায়ী। তিনি ভোলা থেকে প্রচুর পরিমাণে শুঁটকি মাছ কিনে ঢাকায় নিজস্ব গুদামে সংরক্ষণ করেন। পরবর্তীতে বাজারে শুঁটকি মাছের চাহিদা বৃদ্ধি পেলে বিক্রি করেন। গুদামে পণ্য সংরক্ষণের মাধ্যমে এক সময়ে উৎপাদিত পণ্যকে অন্য সময়ে ব্যবহার করা যায়। বিপণনে এ সংরক্ষণমূলক কাজকে গুদামজাতকরণ বলে যা পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করে। তাই বলা যায়, অলকের গুদামজাতকরণ কাজটি পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করে।
(ঘ)

কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে মি. অলকের ভূমিকা অত্যন্ত ব্যাপক। বিপণনের বিভিন্ন কাজ সম্পাদনের মাধ্যমে তিনি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন।
ক্রেতা সন্তুষ্টি অর্জনের জন্য একজন বিপণনকারী যে সকল কাজ সম্পাদন করে তাকে বিপণন কার্যাবলি বলে। ক্রেতা সন্তুষ্টির জন্য বিপণনকারী ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ ও পর্যায়িতকরণসহ বিভিন্ন কাজ সম্পাদন করে। এ সকল কাজের মাধ্যমে বিপণনকারী বিভিন্ন ধরনের কর্মসংস্থান সৃষ্টি করে।
উদ্দীপকে অলক একজন পাইকারি ব্যাবসায়ী। তিনি ভোলা থেকে প্রচুর পরিমাণে শুঁটকি মাছ কিনে তা গুদামজাত করে সংরক্ষণ করেন। পরবর্তীতে মাছের চাহিদা বৃদ্ধি পেলে বিক্রয় করেন। এখানে তিনি ক্রয়, বিক্রয় ও গুদামজাতকরণের কাজ সম্পাদন করেন। এছাড়া মৎস্য পরিবহনের যাবতীয় কাজ তার প্রতিষ্ঠান নিজেই সম্পাদন করে। এ সকল কাজে তিনি উচ্চ শিক্ষিত এবং স্বল্প শিক্ষিত ব্যক্তিবর্গকে নিয়োগ করেছেন। যার মাধ্যমে তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান সৃষ্টি করেন।

বিপণনের কাজ অত্যন্ত বিস্তৃত। পণ্য উৎপাদনের পূর্ব থেকেই বিপণনের কাজ শুরু হয় এবং বিক্রয়ের পরেও তাদের কাজ অব্যাহত থাকে। বাজার তথ্য সংগ্রহ, ক্রয়, বিক্রয়, বিজ্ঞাপন, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ বিপণনের উল্লেখযোগ্য কাজ। এ সকল কাজের মাধ্যমে বিপণন যেমন ভোক্তাদের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে, একইভাবে এ কাজগুলো সম্পাদনের জন্য বিভিন্ন জনবলের প্রয়োজন পড়ে যার মাধ্যমে বিপণন কর্মসংস্থানের সৃষ্টি করে। উদ্দীপকের অলকও তার কাজের মাধ্যমে ঢাকার বাসিন্দাদের শুঁটকি মাছের চাহিদা কিছুটা মেটাতে পারছেন। পাশাপাশি এ সকল কাজে উচ্চ শিক্ষিত এবং স্বল্প শিক্ষিত ব্যক্তিবর্গকে নিয়োগ করে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন।

বরিশাল সরকারি মহিলা কলেজ ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।