বিক্রেতার নিকট থেকে পণ্যের মালিকানা গ্রহণের প্রক্রিয়াকে ক্রয় বলে। সঠিক মূল্যে মানসম্মত পণ্য ক্রয় করা গেলে সহজেই তা বিক্রয় করা যায়। এভাবে সঠিকভাবে ক্রয় কার্য সম্পাদন করা গেলে বাজার সম্প্রসারণ, উৎপাদন খরচ হ্রাস, ক্রেতা আকর্ষণ সৃষ্টি ইত্যাদি কাজ অত্যন্ত সহজ হয়। ফলে বিক্রয় কাজ অতিদ্রুত সম্পাদন করা যায়। উত্তম পণ্য ক্রয়ের মাধ্যমে সরাসরি অথবা পুনঃপ্রক্রিয়াকরণ করে অন্য পণ্য উৎপাদন ও বিক্রয় করা সম্ভব হয়। এতে পণ্য বিক্রয় কার্য অনেক সহজ হয়। তাই উত্তম ক্রয়কে বিক্রয়ের অর্ধেক হিসেবে বিবেচনা করা হয়।
মোড়ক ডিজাইন, মোড়ক উন্নয়ন ও পণ্যের গায়ে লাগানোর কাজকে মোড়কিকরণ বলে। ক্রেতা আকর্ষণ, গুণগত মান রক্ষা, পরিবহন ও পণ্য ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করার ক্ষেত্রে মোড়কিকরণের গুরুত্ব অপরিসীম।
উদ্দীপকে 'শাইন কসমেটিক্স লিমিটেড' একটি কসমেটিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। তারা ক্রিম উৎপাদন করে আকর্ষণীয় টিউবে বিক্রয় শুরু করে। ফলে অল্পদিনের মধ্যে উক্ত প্রতিষ্ঠানে ক্রেতা মনোযোগ আকর্ষণে সক্ষম হয় এবং ব্যাপক সফলতা অর্জন করে। এখানে দেখা যাচ্ছে, তাদের সফলতার মূল কারণ হচ্ছে পণ্যকে আকর্ষণীয় আবরণে আবৃত করা। উক্ত আবরণটি বিপণনের মোড়কিকরণ কাজকে নির্দেশ করে।
মোড়কিকরণের মাধ্যমে পণ্যকে একটি আবরণের মাধ্যমে সংরক্ষিত রাখা হয় যা পণ্যের গুণাগুণ ঠিক রাখে। আবার ক্রেতা আকর্ষণের জন্যও পণ্যের মোড়কিকরণ করা হয়। যার ফলে ক্রেতারা পণ্যের মানের প্রতি নিশ্চয়তা পায় এবং আকর্ষণীয় প্যাকেজিং এর কারণে ক্রয়ে আগ্রহী হয়। একইভাবে উদ্দীপকের পণ্যসমূহ মানসম্মত আকর্ষণীয় টিউবে পেয়ে একদিকে ক্রেতারা সন্তুষ্ট হয়, অন্যদিকে শাইন কসমেটিক্স এর সফলতা অর্জন সম্ভব হয়।