অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল ২০২৫

এইচএসসি · বিপণন ২য় পত্র

অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল ২০২৫

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

জনাব রাজু 'বৈশাখী' ফ্যাশন হাউজের কর্ণধার। তিনি পোশাক বিপণন করতে গিয়ে খেয়াল করেন যুগের সাথে তাল মিলিয়ে ক্রেতাদের রুচি, পছন্দ, ক্রয়ক্ষমতা প্রতিনিয়ত পরিবর্তিত হয়। তিনি সেই পরিবর্তিত চাহিদার সাথে তাল মিলিয়ে পোশাক বিপণন করেন। জনাব রাজু কর্মীদের বাস্তব জ্ঞানকে কাজে লাগিয়ে ব্যবসায় পরিচালনার প্রতি গুরুত্ব আরোপ করেন এবং প্রয়োজনে তাদের পরামর্শও দেন।
১. বিপণন কী?
'বিক্রয় যুগে আক্রমণাত্মক বিক্রয় কৌশল নেওয়া হয়'- ব্যাখ্যা কর।
জনাব রাজু পোশাক বিপণনে বিপণনের কোন বৈশিষ্ট্যের প্রতি গুরুত্ব দিয়েছেন? ব্যাখ্যা কর।
ব্যবসায় পরিচালনায় জনাব রাজু বিপণনের যে মৌলিক ধারণার প্রয়োগ গুরুত্বপূর্ণ মনে করেছেন তার যথার্থতা সম্পর্কে তোমার মতামত দাও।
সমাধান ও উত্তর
(ক)
সর্বোচ্চ ভ্যালু সৃষ্টি ও প্রদানের মাধ্যমে লাভজনক উপায়ে শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি করাকে বিপণন বলে।
(খ)
যখন উৎপাদকে সংখ্যা বৃদ্ধির কারণে অবিক্রীত পণ্যের স্তূপ জমা হতে থাকে সেক্ষেত্রে পণ্য ক্রয়ে ক্রেতাকে প্ররোচিত করার প্রচেষ্টাকেন্দ্রিক সময়কালকে বিক্রয় যুগ বলে।
বিক্রয় যুগে উৎপাদনকারীরা অনুভব করে শুধু ক্রেতাদের উপর নির্ভর করলে তার পণ্য ক্রয় করবে না; বরং বিক্রয়ের জন্য প্রচেষ্টা চালাতে 'হবে। এ লক্ষ্যে ব্যাপক হারে বিজ্ঞাপনের ব্যবহার শুরু হয়। এছাড়া. বিক্রয় বাহিনী গঠন, গণসংযোগ, বিক্রয় প্রসার ইত্যাদি কার্যক্রমের উপর গুরুত্ব দেয়া হয়। বিক্রয় যুগে এসব আক্রমণাত্মক কৌশল ব্যবহার করে বিক্রয় প্রচেষ্টা চালানো হয়।
(গ)
জনাব রাজু পোশাক বিপণনে বিপণনের গতিশীল প্রক্রিয়া বৈশিষ্ট্যের প্রতি গুরুত্ব দিয়েছেন।
বিপণন একটি প্রক্রিয়া যেখানে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে বিনিময়ে তা অর্জনের জন্য দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলে। বিপণন তার কাজ সম্পাদনের জন্য ভোক্তার পরিবর্তিত রুচি, চাহিদা, পছন্দকে গুরুত্ব প্রদান করে যা গতিশীল প্রক্রিয়া বৈশিষ্ট্যকে প্রকাশ করে।
উদ্দীপকে জনাব রাজু 'বৈশাখী' ফ্যাশন হাউজের কর্ণধার। তিনি পোশাক বিপণন করতে গিয়ে খেয়াল করেন যুগের সাথে তাল মিলিয়ে ক্রেতাদের রুচি, পছন্দ, ক্রয় ক্ষমতা, প্রতিনিয়ত পরিবর্তিত হয়। তিনি সেই পরিবর্তিত চাহিদার সাথে তাল মিলিয়ে পোশাক বিপণন করেন। উক্ত পরিবর্তিত চাহিদার সাথে তাল মিলিয়ে বিপণন কাজ সম্পাদন করা বিপণনের গতিশীল প্রক্রিয়া বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ।
(ঘ)

জনাব রাজু কর্মীদের অর্জিত বাস্তব জ্ঞান ব্যবহার ও পরামর্শ দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন। এতে কার্যসম্পাদন উন্নত হতে পারে, ভুল কমতে পারে এবং পরিবর্তিত ক্রেতাচাহিদা অনুযায়ী পণ্য নির্বাচন সহজ হতে পারে; তাই ব্যবস্থাপনাগতভাবে এ সিদ্ধান্ত যুক্তিসংগত।

তবে কর্মীর কাজের অভিজ্ঞতা এবং ক্রেতাকে বিপণন অর্পণ হিসেবে দেওয়া অভিজ্ঞতা একই বিষয় নয়। বিপণন অর্পণের অভিজ্ঞতা বলতে ক্রেতার জন্য পরিকল্পিত উপভোগ বা অংশগ্রহণের অভিজ্ঞতাও বোঝায়। উদ্দীপকে ক্রেতার কাছে এমন অভিজ্ঞতা বিক্রয়ের কথা নেই। তাই কর্মীদের বাস্তব জ্ঞান ব্যবহারের ঘটনাকে নিশ্চিতভাবে বিপণন অর্পণের অভিজ্ঞতা বলা সমর্থিত নয়; মূল প্রশ্নে ধারণাগত অসামঞ্জস্য রয়েছে।

এস. আলম দিনাজপুরের একজন ধনাঢ্য ব্যক্তি। বিভিন্ন ব্যাংকের সাথে তার লেনদেনের সুনাম আছে। সম্প্রতি তিনি মনে করছেন তার একাট গাড়ি থাকা দরকার। গাড়ি থাকলে ব্যবসা ও অন্যান্য কাজকর্ম খুব কম সময়ে সহজেই করা সম্ভব হয়। তাই গাড়ি কেনার জন্য তিনি সোনালী ব্যাংকে ২০ লক্ষ টাকার একটি চেক পাঠান।
২. অভাব কী?
ক্রেতাভ্যালু বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উদ্দীপকে এস. আলমের গাড়ি কেনার বিষয়টি প্রয়োজন নাকি চাহিদা? ব্যাখ্যা কর।
"উদ্দীপকে এস. আলম গাড়ির ক্রেতা ও ভোক্তা উভয়ই"-বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
প্রয়োজন ব্যক্তির জ্ঞান, সংস্কৃতি ও ব্যক্তিত্ব দ্বারা নির্দিষ্ট বস্তুগত ধারণায় রূপান্তরিত হলে তাকে অভাব বলে।
(খ)
ভোক্তা কোনো পণ্য বা সেবা ভোগ কিংবা ব্যবহারের মাধ্যমে যে সুবিধা পায় এবং তার বিনিময়ে যে পরিমাণ অর্থ ব্যয় করে এদের মধ্যকার পার্থক্যকে বলা হয় ক্রেতাভ্যালু।
একটি পণ্য ব্যবহার বা ভোগ করে ক্রেতা কিছু সুবিধা পায়। অন্যদিকে, ঐ পণ্য অর্জনের জন্য তাকে কিছু অর্থ ব্যয় করতে হয়। পণ্য থেকে প্রাপ্ত সুবিধা এবং পণ্যের জন্য ব্যয়িত অর্থের পার্থক্যই হচ্ছে ক্রেতার ভ্যালু। যেমন- 'ভলবো এসি' বাসে ভ্রমণ করে ক্রেতা আরাম, নিরাপত্তা, সামাজিক মর্যাদা ইত্যাদি ভোগ করে। এরূপ ভ্রমণের জন্য তাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হয়। এ দু'য়ের পার্থক্য হচ্ছে ক্রেতাভ্যালু।
(গ)
উদ্দীপকে এস. আলমের গাড়ি ক্রয়ের বিষয়টি হলো চাহিদা।
কোনোকিছু পাওয়া থেকে নিজেকে বঞ্চিত মনে করার অনুভূতিই প্রয়োজন। অন্যদিকে কোনোকিছুর অভাব, অভাব পূরণের সামর্থ্য এবং অর্থ ব্যয়ের ইচ্ছা থাকলে তাকে চাহিদা বলে। যেমন- নিঃস্ব ব্যক্তির মোটরগাড়ির মালিক হওয়ার ইচ্ছাকে চাহিদা বলা যাবে না। তবে মোটরগাড়ি ক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের পর ক্রয়ের ইচ্ছা প্রকাশ করলে তাকে চাহিদা বলা যাবে।
উদ্দীপকে দিনাজপুরের ধনাঢ্য ব্যক্তি এস. আলমের বিভিন্ন ব্যাংকে লেনদেনের সুনাম আছে। তিনি মনে করেন তার একটি গাড়ি থাকলে ব্যবসায় ও অন্যান্য কাজকর্ম অতি অল্প সময়ে সহজেই সম্পাদন করতে 'পারবেন। তাই গাড়ি ক্রয়ের জন্য তিনি সোনালী ব্যাংকে ২০ লক্ষ টাকার একটি চেক পাঠান। এখানে লক্ষণীয়, তিনি গাড়ি ক্রয়ের সুযোগ থেকে বঞ্চিত মনে করলে তাকে প্রয়োজন বলা যেত। কিন্তু তার গাড়ি ক্রয়ের আর্থিক সামর্থ্য রয়েছে। এছাড়া গাড়ি ক্রয়ের ইচ্ছাও রয়েছে; যা চাহিদার সাথে জড়িত। সুতরাং এস. আলমের গাড়ি ক্রয়ের বিষয়টি প্রয়োজন নয়, চাহিদা হিসেবে গণ্য হবে।
(ঘ)

'উদ্দীপকে এস. আলম গাড়ির ক্রেতা ও ভোক্তা উভয়ই'- উক্তিটি সঠিক ও যথার্থ।
ক্রেতা বলতে এমন ব্যক্তিকে বোঝায় যে পরবর্তী বিক্রয়, ব্যবহার বা ভোগের জন্য পণ্য ক্রয় করে। অন্যদিকে ভোক্তা হলো এমন ব্যক্তি যে পণ্য বা সেবা ভোগ বা ব্যবহার করে। ক্রেতা ভোগের উদ্দেশ্যে, বিক্রয়ের মাধ্যমে লাভবান হওয়ার উদ্দেশ্যে অথবা উৎপাদন কাজে ব্যবহারের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে। আর ভোক্তার ক্রয়ের একমাত্র উদ্দেশ্য হলো পণ্য বা সেবা ভোগ করা। তাই সকল ভোক্তা ক্রেতা হতে পারে কিন্তু সকল ক্রেতা ভোক্তা হতে পারে না।

উদ্দীপকের এস. আলম দিনাজপুরের একজন ধনাঢ্য ব্যক্তি। বর্তমানে তাঁর বিভিন্ন ব্যাংকে সুনাম রয়েছে। সম্প্রতি তিনি মনে করছেন তার একটি গাড়ি থাকা দরকার। গাড়ি থাকলে তিনি অতি অল্প সময়ে ও সহজেই ব্যবসার ও অন্যান্য কাজকর্ম করতে পারবেন। তাই গাড়ি ক্রয়ের জন্য তিনি সোনালী ব্যাংকে ২০ লক্ষ টাকার একটি চেক পাঠান।

এখানে উল্লেখ্য, গাড়িটি তিনি ব্যবহার তথা ভোগ কার্যের জন্য ক্রয় করতে চান। এক্ষেত্রে গাড়িটি ক্রয় করবেন বলেই তিনি ক্রেতা আবার গাড়িটি ভোগ তথা ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করবেন বলে তিনি ভোক্তাও বটে। পরিশেষে বলা যায়, এস আলম ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে গাড়ি ক্রয় করবেন বলে তিনি একদিকে ক্রেতা ও অন্যদিকে ভোক্তা হিসেবে গণ্য হবেন।

রঞ্জন দে মুন্সীগঞ্জের একজন আলু ব্যবসায়ী। উৎপাদন মৌসুমে তিনি স্থানীয় কৃষকদের কাছ থেকে প্রচুর পরিমাণে আলু সংগ্রহ করে নিজস্ব হিমাগারে সংরক্ষণ করেন। পরবর্তীতে পরিবহনের মাধ্যমে সারাদেশে বিপণন করেন। বর্তমানে তার হিমাগারে ৩০০ টন আলু মজুদ আছে। কিন্তু বাজারে আলুর দাম কমে যাওয়ায় তিনি আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন।
৩. প্রমিতকরণ কী?
"বিক্রয়ের মাধ্যমে স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়”- ব্যাখ্যা কর।
রঞ্জন দে বিপণনের কোন কোন কাজ সম্পাদন করেছেন? বুঝিয়ে লেখ।
রঞ্জন দে কর্তৃক সৃষ্ট উপযোগ উল্লেখপূর্বক তার সম্ভাব্য ক্ষতি নিরসনে তোমার পরামর্শ ব্যক্ত কর।
সমাধান ও উত্তর
(ক)
ক্রেতা পণ্যের যে বিশেষ গুণাগুণ পছন্দ বা অপছন্দ করে তার ভিত্তিতে পণ্যের মান তালিকা তৈরি করাকে প্রমিতকরণ বলে।
(খ)
'বিক্রয়ের মাধ্যমে স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়।'- উক্তিটি সঠিক।
বিপণন কার্যক্রমে বিক্রয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হয়। বিক্রয় পণ্যের মালিকানাগত বা স্বত্বগত উপযোগ সৃষ্টি করে। প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের ব্যয়িত অর্থের প্রধান যোগান আসে বিক্রয় বাবদ প্রাপ্ত মুনাফা থেকে। যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিক্রয় দক্ষতা ভালো তারা দ্রুত উন্নতি করতে পারে।
(গ)

রঞ্জন দে বিপণনের ক্রয়, পরিবহন, গুদামজাতকরণ এবং বিক্রয় কাজ সম্পাদন করেছেন।

ক্রয় কাজের মাধ্যমে পণ্যের স্বত্বগত অধিকার অর্জন করা হয়, পরিবহনের মাধ্যমে পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি করা হয়, গুদামজাতকরণের মাধ্যমে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করা হয় এবং বিক্রয়ের মাধ্যমে পণ্যের স্বত্বগত অধিকার হস্তান্তর করা হয়। একজন ব্যবসায়ী এসব কার্যক্রমের মাধ্যমে মুনাফা অর্জনের চেষ্টা করেন।
উদ্দীপকের রঞ্জন দে একজন আলু ব্যবসায়ী। তিনি স্থানীয় কৃষকদের নিকট থেকে আলু সংগ্রহ করে নিজস্ব হিমাগারে সংরক্ষণ করেন। পরবর্তীতে পরিবহনের মাধ্যমে সারাদেশে বিক্রয়ের ব্যবস্থা করেন। তিনি বিপণনের এসব কার্যক্রম সম্পাদনের মাধ্যমে মুনাফা অর্জনের চেষ্টা করেন।

(ঘ)

রঞ্জন দে আলু কেনার মাধ্যমে স্বত্বগত, বিভিন্ন স্থানে পরিবহনের মাধ্যমে স্থানগত এবং হিমাগারে সংরক্ষণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি করেন।

দাম কমে গেলে ক্ষতির ঝুঁকি কমাতে বর্তমান মূল্য, পরবর্তী চাহিদা, হিমাগারের অতিরিক্ত খরচ, পচনঝুঁকি, ঋণের সুদ ও সম্ভাব্য বিকল্প ক্রেতা তুলনা করতে হবে। পর্যায়ক্রমে বিক্রয়, অন্য অঞ্চলের ক্রেতার কাছে সরবরাহ এবং নির্ভরযোগ্য চাহিদার তথ্য নিয়ে বিক্রয়পরিকল্পনা করা যেতে পারে।

উদ্দীপকে ভবিষ্যৎ মূল্য কমবে এমন প্রমাণ নেই। অতএব সব ৩০০ টন আলু এখনই বিক্রি করাই সব অবস্থায় উত্তম—এ সিদ্ধান্ত দেওয়া যায় না। ভবিষ্যতে দাম বাড়ার সম্ভাব্য সুবিধার তুলনায় ধারণব্যয় ও ক্ষতির ঝুঁকি বেশি হলে দ্রুত বা ধাপে ধাপে বিক্রি যুক্তিসংগত; বিপরীত অবস্থায় সীমিত মজুদ রাখা যেতে পারে।

মানিক মিয়া একজন টমেটো চাষি। তাই প্রথম পর্যায়ে তিনি উৎপাদিত টমেটো থেকে বর্তমান চাহিদার অতিরিক্ত টমেটো সংরক্ষণের ব্যবস্থা নেন। এতে মৌসুমের বাইরেও ক্রেতারা চাহিদামতো টমেটো, ভোগ করতে পারে। দ্বিতীয় পর্যায়ে তিনি টমেটো বিক্রির ব্যাপারেও চিন্তা-ভাবনা করতে থাকেন এবং বিক্রির সুবিধার্থে তিনি চিন্তা করলেন, টমেটোকে তিনি ছোট, মাঝারি, বড়, কাঁচা, পাকা প্রভৃতিতে আলাদা করবেন।
৪. মূল্য কী?
"পণ্যের আকর্ষণ বাড়াতে মোড়কিকরণ ভূমিকা রাখে”- ব্যাখ্যা কর।
উদ্দীপকের দ্বিতীয় পর্যায়ে মানিক মিয়া বিপণনের কোন কাজ সম্পাদন করেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকের প্রথম পর্যায়ে মানিক মিয়ার সম্পাদিত বিপণন কার্যাবলির ফলে চাহিদা ও যোগানের সমতা রক্ষা করা কি সম্ভব? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
সমাধান ও উত্তর
(ক)
কোনো পণ্য বা সেবা হতে প্রাপ্ত সুবিধার জন্য ভোক্তা যে পরিমাণ অর্থ প্রদান করে তাকে মূল্য বলে।
(খ)
পণ্যকে ক্ষতির হাত থেকে রক্ষা করা ও আকর্ষণীয়ভাবে গ্রাহকের নিকট উপস্থাপনের জন্য পণ্যকে মোড়ক দিয়ে সাজানোকে মোড়কিকরণ বলে।
পণ্যের আবরণ বা ধারককে মোড়ক বলে। মোড়ক ডিজাইন, মোড়ক উন্নয়ন এবং পণ্যের গায়ে তা লাগানোর কাজকে মোড়কিকরণ বলে। গুণগতমান সংরক্ষণ, পরিবহন ও ক্ষয়ক্ষতির হাত থেকে পণ্যকে রক্ষা করার ক্ষেত্রে মোড়কিকরণ গুরুত্বপূর্ণ। এছাড়া ক্রেতাকে তথ্য প্রদান ও ক্রেতার কাছে পণ্যকে আকর্ষণীয় করে তোলার জন্য মোড়কিকরণ করা হয়। তাই বলা যায়, পণ্যের আকর্ষণীয়তা বৃদ্ধিতে মোড়কিকরণ গুরুত্বপূর্ণ।
(গ)

উদ্দীপকের দ্বিতীয় পর্যায়ে মানিক মিয়া বিপণনের পর্যায়িতকরণ' কাজ সম্পাদন করেন।

পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। এটি বিপণনের একটি গুরুত্বপূর্ণ কাজ। কেননা পর্যায়িতকরণের মাধ্যমেই মান নির্ধারণের প্রক্রিয়া বাস্তবে রূপলাভকরে। প্রমিতকরণ ছাড়া পর্যায়িতকরণ সম্ভব নয়। এটি একধরনের শারীরিক কাজ।
উদ্দীপকের মানিক মিয়া একজন টমেটো চাষি। টমেটো বিক্রয়ের ব্যাপারে তিনি চিন্তাভাবনা করতে থাকেন এবং বিক্রয় সুবিধার্থে টমেটোকে ছোট, মাঝারি, বড়, কাঁচা ও পাকা ইত্যাদি ভাগে ভাগ করেন। উক্ত বিভাজনকৃত কাজটি বিপণনের পর্যায়িতকরণ কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে দ্বিতীয় পর্যায়ে মানিক মিয়া বিপণনের পর্যায়িতকরণ কাজ সম্পাদন করেন।

(ঘ)
উদ্দীপকের প্রথম পর্যায়ে মানিক মিয়া কর্তৃক সম্পাদিত বিপণনের গুদামজাতকরণ কাজের দ্বারা চাহিদা ও যোগানের মধ্যে সমতা রক্ষা করা সম্ভব।
পণ্যদ্রব্য উৎপাদন করা হয় ভোগের জন্য। কিন্তু উৎপাদন করলেই যে ভোগ হয়ে যাবে এমন নয়। এমতাবস্থায় পণ্যদ্রব্য উৎপাদনের পর থেকে ভোগের সময় পর্যন্ত ধরে রাখার ব্যবস্থাকে গুদামজাতকরণ বলে। গুদামজাতকরণ বিপণনের এমন একটি কার্যক্রম যার মাধ্যমে দীর্ঘদিন যাবৎ পণ্যদ্রব্য সংরক্ষণ করা যায়। এটি ব্যবসায়ের কালগত বা সময়গত বাধা দূর করে।
উদ্দীপকের মানিক মিয়া একজন টমেটো চাষি। প্রথম পর্যায়ে তিনি উৎপাদিত টমেটো থেকে বর্তমান চাহিদার অতিরিক্ত টমেটো সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করেন। এর কারণ হচ্ছে তিনি যাতে মৌসুমের বাইরেও ক্রেতাদের চাহিদামাফিক টমেটো সরবরাহ করতে পারেন সেটা আগে থেকেই ব্যবস্থা করে রাখা। তার এই সংরক্ষণ ব্যবস্থাটি গুদামজাতকরণের অন্তর্ভুক্ত।
গুদামজাতকরণের ফলে ব্যবসায়িগণ সময় ও সুযোগ বুঝে গুদামের সংরক্ষিত পণ্যদ্রব্য অধিক লাভে বিক্রয়ের সুযোগ পায় এবং ক্রেতাদের চাহিদা পূরণ করতে সক্ষম হন। যা একজন ব্যবসায়ীকে আর্থিকভাবে লাভবান করে তোলে। উদ্দীপকের মানিক মিয়াও তাই মৌসুমে টমেটো সংরক্ষণ করেন। তাই আমি মনে করি, উদ্দীপকের প্রথম পর্যায়ে মানিক মিয়া কর্তৃক সম্পাদিত বিপণনের গুদামজাতকরণ কাজের দ্বারা চাহিদা ও যোগানের মধ্যে সমতা রক্ষা করা সম্ভব।

অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।