বরিশাল বোর্ড ২০২৩

এইচএসসি · সমাজকর্ম ১ম পত্র

বরিশাল বোর্ড ২০২৩

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

সভ্যতার বিবর্তন, জ্ঞানবিজ্ঞানের ক্রমবিকাশ তথা শিল্প বিপ্লবের প্রভাবে ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি সমাজজীবনে নানাবিধ জটিল সমস্যার সৃষ্টি হয়। সৃষ্ট সমস্যা মোকাবিলার লক্ষ্যে জ্ঞানবিজ্ঞানের বিভিন্ন শাখার উদ্ভব হয়। উদ্ভাবিত শাখার মধ্যে এমন একটি বিশেষ শাখা রয়েছে, যা মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ সাধন ও প্রাপ্ত সম্পদের সদ্ব্যবহারের মাধ্যমে সুখী ও সমৃদ্ধশালী জীবন ধারণে পদ্ধতিনির্ভর সেবাদান করে।
১. 'Introduction to Social Welfare' গ্রন্থের লেখক কে?
'সমাজকর্ম একটি সংগঠিত সাহায্য দান প্রক্রিয়া'- বুঝিয়ে লেখ।
উদ্দীপকে কোন বিশেষ শাখার ইঙ্গিত রয়েছে তার পরিচয় তুলে ধর।
উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয়টি মানুষের জীবনমান উন্নয়নে কীভাবে ভূমিকা রাখে তা বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
Introduction to Social Welfare' গ্রন্থের লেখক ডব্লিউ. এ. ফ্রিডল্যান্ডার।
(খ)
সমাজকর্ম হলো একটি সুসংগঠিত সাহায্যদান প্রক্রিয়া। সুসংগঠিত ও পরিকল্পিত উপায়ে সমাজের সব মানুষের জীবনমান উন্নয়নে সমাজকর্ম বিভিন্ন পদ্ধতি ও কৌশল প্রয়োগ করে। ফলে আধুনিক সমাজকর্ম সুসংগঠিত সাহায্যদান প্রক্রিয়ায় রূপ নেয়।সমাজকর্ম মূলত একটি বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর সাহায্যকারী পেশা, যার মূল লক্ষ্য হলো ব্যক্তি দল ও সমষ্টির বিভিন্ন সমস্যা মোকাবিলায় সহায়তা করা সামাজিক বিভিন্ন সমস্যায় আক্রান্ত সমস্যাগ্রস্ত ব্যক্তি দল সমষ্টিকে সমাজকর্ম এমন ভাবে সাহায্য করে যাতে তারা নিজস্ব ক্ষমতা ও সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে সমস্যার কার্যকর সমাধানে সক্ষম হয়।
(গ)

উদ্দীপকে যে বিশেষ শাখার ইঙ্গিত রয়েছে তা হলো সমাজকর্ম। নিচে এর পরিচয় তুলে ধরা হলো-

শিল্প বিপ্লবোত্তর জটিল সমাজব্যবস্থার নানাবিধ সমস্যার প্রতিরোধে ঐতিহ্যগত সমাজকল্যাণ পদক্ষেপ অপর্যাপ্ত হয়ে পড়লে আধুনিক পেশাদার সমাজকর্মের উদ্ভব হয়। সমাজকর্ম বৈজ্ঞানিক জ্ঞান ও মানবিক সম্পর্কবিষয়ক দক্ষতাসম্পন্ন এমন এক পেশাদার সেবাকর্ম, যা ব্যক্তিকে একক বা দলীয়ভাবে, ব্যক্তিগত ও সামাজিক সন্তুষ্টি এবং স্বাধীনতা লাভে সহায়তা করে। সমাজকর্ম কতকগুলো পদ্ধতির মাধ্যমে মানুষকে সাহায্য করে, যাতে মানুষ নিজেদের সামর্থ্য ও সম্পদের ব্যবহার করে সমস্যার সমাধান করতে পারে। সমাজকর্মের মূল লক্ষ্য হলো ক্ষমতার বিকাশ, উন্নয়ন ও সংরক্ষণে সাহায্য করা। সুতরাং দেখা যাচ্ছে, উদ্দীপকে উপস্থাপিত সকল তথ্যই সমাজকর্মের বৈশিষ্ট্য পরিচয়ের সাথে মিলে যাচ্ছে। তাই বলা যায়, উদ্দীপকে সমাজকর্মের প্রতি ইঙ্গিত করা হয়েছে।

(ঘ)

উদ্দীপকে ইঙ্গিতকৃত সমাজকর্ম বিষয়টি বৈজ্ঞানিক পদ্ধতি ও কৌশল প্রয়োগ করে মানুষের জীবনের সর্বাঙ্গীণ উন্নয়নে ভূমিকা পালন করে। নিচে তা বিশ্লেষণ করা হলো-

সমাজকর্ম সমাজের মানুষের সার্বিক কল্যাণের ওপর গুরুত্ব দিয়ে পদক্ষেপ গ্রহণ করে। সমাজের সব শ্রেণির মানুষের ব্যক্তিগত, দলীয় ও সমষ্টিগত সমস্যাসহ নানা ধরনের সামাজিক সমস্যা মোকাবিলা করার জন্য সম্ভাব্য ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের প্রচেষ্টা চালায়। বিশেষ করে সমস্যা সমাধানে প্রতিকার, প্রতিরোধ ও উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করে থাকে। সকল স্তরের মানুষের ভারসাম্যপূর্ণ উন্নয়নে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে গুরুত্ব দিয়ে মৌল মানবিক চাহিদা পূরণ, সম্পদের সর্বোচ্চ ব্যবহার, সামাজিক নীতি ও পরিকল্পনার পরিবর্তন, সামাজিক সচেতনতা সৃষ্টি, ন্যায়বিচার ও সাম্য প্রতিষ্ঠা, ব্যক্তির সুপ্ত ক্ষমতার বিকাশ প্রভৃতি ক্ষেত্রে সরাসরি দিকনির্দেশক ভূমিকা পালন করে। সামাজিক পরিবেশকে ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে সকলের উপযোগী করে তোলার মাধ্যমে তাদের সামাজিক ভূমিকা পালনের পথকে মসৃণ করে। সমাজকর্ম ব্যক্তিকে দানশীলতার ওপর নির্ভর না করে নিজের সুপ্ত ক্ষমতার ওপর নির্ভর করতে স্বনির্ভরতার লক্ষ্যে কাজ করে থাকে। মোটকথা, এভাবেই সমাজকর্ম মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখে।

জনাব থালিদ হোসেন একজন পৌর মেয়র। তিনি সাহায্যদান কার্যক্রমে কতিপয় নিয়ম অনুসরণ করেন। সাহায্যপ্রার্থীদের সম্পদশালী কোনো নিকট আত্মীয় থাকলে তাদেরকে সাহায্যের আওতায় না এনে ওই আত্মীয়দের দায়িত্ব নিতে উৎসাহিত করেন। সাহায্য পেতে হলে তার নির্বাচনি এলাকায় স্থায়ী বাসিন্দা অথবা একটি নির্দিষ্ট সময় ধরে ওই এলাকায় বসবাস করতে হয়। তিনি ত্রাণসামগ্রী সুষ্ঠু বণ্টনের স্বার্থে সাহায্যার্থীদের কতিপয় শ্রেণিতে বিভক্ত করে পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে সেবাদান করেন।
২. বিভারিজ রিপোর্ট কত সালে পেশ করা হয়?
সামাজিক বিমা বলতে কী বোঝায়?
উদ্দীপকে উল্লিখিত থালিদ সাহেবের কার্যক্রম তোমার পাঠ্যবইয়ের কোন আইনের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
আমাদের দেশের দারিদ্রদ্র্য দূরীকরণে উদ্দীপকে ইঙ্গিতকৃত আইনের গুরুত্ব বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
বিভারিজ রিপোর্ট ১৯৪২ সালে পেশ করা হয়।
(খ)
সামাজিক বিমা হলো নির্ধারিত নিয়ম অনুযায়ী চাঁদা বা অবদানের ভিত্তিতে গড়ে ওঠা এমন সামাজিক নিরাপত্তাব্যবস্থা, যার মাধ্যমে অসুস্থতা, কর্মহীনতা, কর্মদুর্ঘটনা, অক্ষমতা, বার্ধক্য বা উপার্জনকারীর মৃত্যুর মতো ঝুঁকিতে ব্যক্তি ও তার পরিবারের আয়ের সুরক্ষা দেওয়া হয়। এতে কর্মী, নিয়োগকর্তা এবং ক্ষেত্রবিশেষে রাষ্ট্রের অবদান থাকতে পারে।
(গ)

উদ্দীপকে উল্লিখিত থালিদ সাহেবের কার্যক্রম পাঠ্যবইয়ের ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের সাথে সাদৃশ্যপূর্ণ। ব্যাখ্যা করা হলো-

ইংল্যান্ডের আর্থসামাজিক সমস্যা ও দারিদ্র্য দূরীকরণে ১৬০১ সালে এলিজাবেথীয় দরিদ্র আইন প্রণয়ন করা হয়। এ আইনে দরিদ্রদের সাহায্যদানের সুবিধার্থে তিন ভাগে ভাগ করা হয়। যথা- সক্ষম দরিদ্র, অক্ষম দরিদ্র ও নির্ভরশীল শিশু। দরিদ্রদের সাহায্যদানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। সাহায্যপ্রাপ্তির পূর্বশর্ত করা হয় প্যারিশের অধীনস্ত এলাকায় কমপক্ষে তিন বছর ধরে বসবাস করতে হবে। দরিদ্র আত্মীয়স্বজনের প্রতি সামর্থ্যবান ও সম্পদশালী আত্মীয়স্বজনের দায়িত্বের ব্যবস্থা করা হয়। সাথে সাথে সরকারি উদ্যোগকে স্বীকৃতি দেওয়া হয়। উদ্দীপকের থালিদ সাহেব দরিদ্রদের ত্রাণসামগ্রী সুষ্ঠু বণ্টনের স্বার্থে সাহায্যার্থীদের কতিপয় শ্রেণিতে বিভক্ত করে পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে সেবাদান করেন।এছাড়াও সাহায্য পেতে হলে তার নির্বাচনি এলাকায় স্থায়ী বাসিন্দা অথবা একটি নির্দিষ্ট সময় ধরে ওই এলাকায় বসবাস করতে হয়।

থালিদ সাহেবের সাহায্যের শ্রেণিবিভাগ ও আত্মীয়স্বজনের দায়িত্বের বিষয়গুলো এলিজাবেথীয় দরিদ্র আইনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায় যে , থালিদ সাহেবের কার্যক্রম এলিজাবেথীয় দরিদ্র আইন-১৬০১ এর সাথে সাদৃশ্য।

(ঘ)

আমাদের দেশের দারিদ্র্য দূরীকরণে উদ্দীপকে ইঙ্গিতকৃত এলিজাবেথীয় দরিদ্র আইনের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এলিজাবেথীয় দরিদ্র আইন মূলত দরিদ্রদের কল্যাণার্থেই প্রণীত হয়েছিল। এ আইনে দারিদ্র্য নিরসনের দায়িত্ব শুধু সরকার কিংবা ব্যক্তির ওপর ন্যস্ত না রেখে সকলের ওপর দায়িত্ব আরোপ করা হয়েছে। দারিদ্র্য দূরীকরণে সরকারের একার পক্ষে সম্ভব নয়; বরং আত্মীয়স্বজন ও ব্যক্তি স্বয়ং এবং সরকারের সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব হবে। আবার দারিদ্র্য দূরীকরণে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার মতো প্রায়োগিক ও বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণের শিক্ষা এ আইন আমাদের দেয়। দরিদ্রদেরই বৈশিষ্ট্য বিচারে শ্রেণিবিভক্ত করে সেই অনুযায়ী আলাদা আলাদা ব্যবস্থা দারিদ্র দূরীকরণে গতি আরও বৃদ্ধি করবে। এছাড়াও কাজ করতে সক্ষমদের জন্য কর্মক্ষেত্রের ব্যবস্থা করার মতো সুন্দর ব্যবস্থার জ্ঞান আমরা এলিজাবেথীয় দরিদ্র আইন ১৬০১ থেকে পেতে পারি। সর্বোপরি, এ আইন আত্মনির্ভরশীলতা অর্জনের পথকে সুগম করে। সর্বোপরি এ আইন দারিদ্র্য দূরীকরণে কার্যকর ভূমিকা পালন করে থাকে।

তাই এসব কিছু বিবেচনা করলে দেখা যায়, আমাদের দেশের দারিদ্র্য দূরীকরণে এ আইনের গুরুত্ব অপরিসীম।

১৭৬০ থেকে ১৮৫০ সালের মধ্যে সংঘটিত একটি ঘটনা মানুষের আর্থসামাজিক, রাজনৈতিক চিন্তাধারা ও জীবন প্রণালিতে সুদূরপ্রসারী আমূল পরিবর্তন বয়ে আনে। উৎপাদন ও বণ্টনের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়। শিল্পায়ন ও শহরায়নের ফলে নানাবিধ সুযোগ- সুবিধা সৃষ্টি হলেও সমাজজীবনে সৃষ্টি হয় নতুন নতুন জটিল সমস্যা। যার ফলস্বরূপ উদ্ভাবিত হয় বৈজ্ঞানিক সমাধান ব্যবস্থার।
৩. বিভারিজ রিপোর্ট কী?
শিল্প দুর্ঘটনা বলতে কী বোঝায়?
উদ্দীপকে কোন ঐতিহাসিক ঘটনার ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত ঘটনার প্রভাব সমাজকর্মের বিকাশে কীভাবে ভূমিকা রাখে তা বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
বিভারিজ রিপোর্ট হলো সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রণয়নসংক্রান্ত ইংল্যান্ডের একটি প্রতিবেদন।
(খ)
শিল্প দুর্ঘটনা বলতে শিল্পক্ষেত্রে সংঘটিত দুর্ঘটনাকে বোঝায়। শিল্পায়নের ফলে শ্রমিকশ্রেণি যান্ত্রিক উৎপাদন পদ্ধতিতে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত হতে শুরু করে। ফলে তারা পেশাগত বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়ে অকালমৃত্যু, বিকলাঙ্গতা ও কর্মক্ষমতা হারিয়ে আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হয়। শিল্প দুর্ঘটনা বলতে এ অবস্থাকে বোঝানো হয়।অর্থাৎ শিল্প কারখানায় কাজ করার সময় যদি অকাল মৃত্যু কিংবা কোনো অঙ্গ দূর্ঘটনার শিকার হয় তাকে শিল্প দূর্ঘটনা বলে।
(গ)

উদ্দীপকে ঐতিহাসিক ঘটনা শিল্প বিপ্লবের প্রতি ইঙ্গিত রয়েছে। নিচে ব্যাখ্যা করা হলো-

শিল্পকে কেন্দ্র করে যে বিপ্লব ঘটে তাকে শিল্প বিপ্লব বলে। ১৭৬০ সাল হতে ১৮৫০ সালের মধ্যে প্রথমে ইংল্যান্ড ও পরবর্তীতে ইউরোপ ও পৃথিবীর অন্যান্য দেশে সুদূরপ্রসারী যে আমূল পরিবর্তন হয় তাকে শিল্প বিপ্লব নামে আখ্যায়িত করা হয়। শিল্পক্ষেত্রে দ্রুত বৈপ্লবিক পরিবর্তনের মধ্য দিয়ে বিশ্বসভ্যতায় তথা মানবজাতির ইতিহাসে এক' অকল্পনীয় পরিবর্তন ঘটে যায়। বৈজ্ঞানিক প্রযুক্তি, জ্ঞানের দ্রুত বিকাশ এবং উৎপাদন ক্ষেত্রে তা প্রয়োগের ফলে মানবজীবনের সকল দিক নতুন রূপ ধারণ করে। শিল্প থেকে শিল্পায়ন, শিল্পায়ন থেকে শহরায়নের ফলে সমাজজীবনে ইতিবাচক ও নেতিবাচক প্রভাব লক্ষ করা যায়। শিল্প বিপ্লবের ফলে নেতিবাচক যে জটিলতার সৃষ্টি হয় তার সমাধানে উদ্ভব হয় আধুনিক পেশাদার সমাজকর্মের।

তেমনি উদ্দীপকে উল্লিখিত তথ্যাবলি শিল্প বিপ্লবের বৈশিষ্ট্যাবলির সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায় যে, উদ্দীপকে ইঙ্গিতকৃত ঘটনাটি মূলত শিল্প বিপ্লব।

(ঘ)

উদ্দীপকে উল্লিখিত ঘটনার প্রভাব সমাজকর্মের বিকাশে যেভাবে ভূমিকা রাখে তা বিশ্লেষণ করা হলো-

শিল্প বিপ্লব-উত্তর সমাজের জটিল সমস্যার সমাধান ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে ক্রমবিবর্তনের ধারায় আধুনিক সমাজকর্মের উদ্ভব ও বিকাশ ঘটেছে। শিল্প বিপ্লব-উত্তর নতুন নতুন চাহিদার সৃষ্টি হয়। চাহিদার প্রেক্ষিতে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করার প্রয়োজনীয়তা দেখা দেওয়া এবং জীবনের পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলায় সমাজকর্ম শিক্ষা প্রচলিত হয়। আবার, সমাজকাঠামো, যাতায়াতও যোগাযোগসহ বিভিন্ন বস্তুগত দিকের পরিবর্তনে জ্ঞান-বিজ্ঞান, মানুষের চিন্তাচেতনার ব্যাপক আলোড়ন সৃষ্টি করে, ব্যাপক অগ্রগতি সাধন করে, যা সমাজকর্মের বিকাশকে ত্বরান্বিত করে। আধুনিক ও উন্নত রাষ্ট্রসমূহে জনকল্যাণমূলক কাজের লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ জ্ঞান ও দক্ষ সমাজকর্মীর প্রয়োজনীয়তা দেখা দেয়। ফলে সমাজকর্মের। প্রাতিষ্ঠানিক কর্মসূচিভিত্তিক আধুনিক সমাজকর্মের উদ্ভব ঘটে। আবার শিল্পায়ন ও শহরায়নের ফলে সৃষ্ট জটিল পরিস্থিতি মোকাবিলায় সনাতন সমাজকল্যাণমূলক কাজের ব্যর্থতা পরিকল্পিত ও সুসংগঠিত প্রাতিষ্ঠানিক সেবা তথা সমাজকর্মের উদ্ভব ঘটায়। অতএব বলা যায়, সমাজকর্মের বিকাশে শিল্প বিপ্লবের ভূমিকা অপরিসীম।

উৎসচিত্রের শিক্ষামূলক পুনরঙ্কন। বামে চিত্র-ক, ডানে চিত্র-খ। উৎসের কাটা উপরের শিরোনাম উদ্ধার করা যায়নি।
উদ্দীপকের ছবি
৪. মূল্যবোধ কী?
আত্মনিয়ন্ত্রণ অধিকার বলতে কী বোঝায়?
উদ্দীপকে চিত্র 'খ'-এর জীবিকা অর্জনের মাধ্যমকে কী বলে? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত চিত্র 'ক' ও 'খ'-এর মধ্যকার পার্থক্য নির্ণয় কর।
সমাধান ও উত্তর
(ক)
মূল্যবোধ হলো এমন ধারণা, বিশ্বাস ও আদর্শ যার দ্বারা মানুষের সকল আচার-আচরণের ভালোমন্দ ও যথার্থতা নির্ণয় করা হয়।
(খ)
আত্মনিয়ন্ত্রণ অধিকার এমন এক অধিকারকে নির্দেশ করে যার দ্বারা কোনো ব্যক্তি তার পছন্দ, চাহিদা, সামর্থ্য ও ক্ষমতা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ এবং সেই অনুযায়ী নিজেকে গড়ে তোলার মাধ্যমে আত্মনির্ভরতা অর্জনে সক্ষম হয়।সমাজকর্ম পেশার একটি সাধারণ মূল্যবোধ আত্মনিয়ন্ত্রণ অধিকার। পেশাদার সমাজকর্ম নিজেকে নিজে সাহায্য করার নীতির ওপর প্রতিষ্ঠিত। সমস্যা সমাধানের ক্ষেত্রে সমাজকর্মী সাহায্যপ্রার্থীর ওপর কোনো সমাধান প্রক্রিয়া চাপিয়ে দেন না। বরং সাহায্যপ্রার্থী নিজেই তার সমাধান প্রক্রিয়া গ্রহণের সিদ্ধান্ত নিয়ে থাকেন। ফলে ব্যক্তি তার স্বকীয়তা এবং যোগ্যতা প্রমাণের সুযোগ পায়।
(গ)

উদ্দীপকে চিত্র-'খ' তে ক্লাসরুমে শিক্ষকের পাঠদান করতে দেখা যাচ্ছে, যা মূলত শিক্ষকতা তথা একটি পেশাকে ফুটিয়ে তুলছে। জীবীকা অর্জনের এই মাধ্যমকে পেশা বলে।ব্যাখ্যা করা হলো-

পেশা হচ্ছে এক ধরনের বিশেষ জীবিকা নির্বাহের পন্থা, যার জন্য নির্দিষ্ট বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানের যথার্থ, দক্ষ, নিপুণ ও কৌশলগত জ্ঞানের বাস্তব প্রয়োগ করতে হয়। পেশাদার ব্যক্তিকে স্বীয় পেশা সম্পর্কে পর্যাপ্ত, সুনির্দিষ্ট, সুসংহত, সুস্পষ্ট ও সুসংবদ্ধ জ্ঞান থাকতে হয় এবং এ জ্ঞানকে মানবকল্যাণে যথাযথভাবে প্রযোগের জন্য বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করতে হয়। শিক্ষককেও পাঠদান করতে বিভিন্ন প্রশিক্ষণ নিতে হয়।উদ্দীপকে জীবিকা অর্জনের মাধ্যম হিসেবে শিক্ষককে পড়াশোনা করে জ্ঞান লাভ করতে হয়েছে। শিক্ষকের এই জ্ঞানের মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষাদান করে থাকে। তাই এটা পেশা।

তাই বলা যায়,পেশার সব মানদণ্ড বিচারে শিক্ষকতা একটি পেশা।

(ঘ)

উদ্দীপকে উল্লিখিত চিত্র 'ক' তে রিকশা চালাতে দেখা যাচ্ছে, যা একটি বৃত্তি এবং চিত্র 'খ' তে শিক্ষকতা প্রকাশ পাচ্ছে, যা একটি পেশা। নিচে এদের মধ্যকার পার্থক্য নির্ণয় করা হলো-

১. শিক্ষকতা করতে প্রাতিষ্ঠানিক জ্ঞান আবশ্যক। কিন্তু রিকশা চালাতে চালনার দক্ষতা, দৈহিক শ্রম ও অভিজ্ঞতার প্রয়োজন হয়; শিক্ষকতার মতো বিশেষ প্রাতিষ্ঠানিক ডিগ্রি সাধারণত প্রয়োজন হয় না।

২. শিক্ষকতা করার ক্ষেত্রে নির্দিষ্ট পেশাগত মানদণ্ড আছে, যা পাঠদানকালে মেনে চলতে হয়; রিকশাচালকেরও আইন, নিরাপত্তার নিয়ম ও নৈতিক দায়িত্ব মেনে চলতে হয়; তবে শিক্ষকতার মতো একই প্রাতিষ্ঠানিক পেশাগত বিধিমালা ও যোগ্যতার কাঠামো সাধারণত প্রযোজ্য নয়।

৩. পেশাদার কর্ম হিসেবে শিক্ষককে দায়িত্ববোধ নিয়ে কাজ করতে হয়; রিকশাচালকেরও যাত্রী ও পথচারীর নিরাপত্তার প্রতি দায়িত্ববোধ থাকা প্রয়োজন।

৪ পেশা হিসেবে শিক্ষকতার জন্য সামাজিক স্বীকৃতি একান্ত প্রয়োজন। অন্যদিকে রিকশাচালনাতেও প্রযোজ্য আইন ও অনুমতির শর্ত মানতে হয়; তবে শিক্ষকতার মতো বিশেষ পেশাগত যোগ্যতার স্বীকৃতি সাধারণত প্রয়োজন হয় না।

৫ বৃত্তিমূলক কাজ যেমন রিকশা চালানো পরিবর্তনযোগ্য, যেকোনো সময় সে অন্য বৃত্তিতে যেতে পারে। শিক্ষক অন্য বিশেষায়িত পেশায় যেতে চাইলে সেই পেশার প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করতে হয়।

৬ পেশা হিসেবে শিক্ষকদের জবাবদিহি রয়েছে রিকশাচালকও তার কাজ ও সেবার জন্য জবাবদিহি করেন; তবে শিক্ষকতার মতো পেশাগত নিয়ন্ত্রণকাঠামো একই নয়।

তাই বলা যায় ,উদ্দীপকে উল্লিখিত চিত্র 'ক' ও 'খ'-এর মধ্যকার পার্থক্য সুস্পষ্ট।

বরিশাল বোর্ড ২০২৩ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।