কুমিল্লা বোর্ড ২০২৫

এইচএসসি · সমাজকর্ম ১ম পত্র

কুমিল্লা বোর্ড ২০২৫

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

নিচের প্রতিটি বক্তব্য থেকে তির সমাজকর্মের দিকে নির্দেশ করছে:

  • বৈজ্ঞানিক জ্ঞাননির্ভর পেশা → সমাজকর্ম
  • সুসংগঠিত পদ্ধতিনির্ভর সমাধান প্রক্রিয়া → সমাজকর্ম
  • ত্রিবিধ পদক্ষেপ সমস্যার সমাধান → সমাজকর্ম
  • সুনির্দিষ্ট মূল্যবোধ অনুসরণ করে → সমাজকর্ম
১. "Introduction to Social Welfare"- গ্রন্থের লেখকের নাম কী?
'সক্ষমকারী পেশা' বলতে কী বোঝায়?
উদ্দীপকে সমাজকর্মের কোন দিকটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
'উদ্দীপকে সমাজকর্মের সকল বৈশিষ্ট্য প্রকাশ পায়নি'- মন্তব্যটি বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
'Introduction to Social Welfare' গ্রন্থের লেখক ডব্লিউ. এ. ফ্রিডল্যান্ডার।
(খ)
সক্ষমকারী পেশা বলতে বোঝায় এমন একটি পেশা, যা মানুষের অন্তর্নিহিত ক্ষমতা, যোগ্যতা ও সম্পদকে বিকশিত করতে সাহায্য করে, যাতে তারা নিজের সমস্যার সমাধান ও উন্নয়নে নিজেরাই উদ্যোগ নিতে পারে। এই পেশার লক্ষ্য হলো ব্যক্তিকে সচেতন করা, তার আত্মবিশ্বাস বৃদ্ধি করা এবং দক্ষতা উন্নয়ন করে তাকে আত্মনির্ভরশীল করে তোলা। সমাজকর্মে এই ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সমাজকর্মী সরাসরি সমাধান না দিয়ে মানুষকে নিজের সমস্যা সমাধানে সক্ষম করে তোলে।
(গ)
উদ্দীপকের ছকে সমাজকর্মের বৈশিষ্ট্যের বিভিন্ন দিক প্রকাশ পেয়েছে।
সমাজকর্ম হলো একটি বৈজ্ঞানিক ও পেশাগত কার্য প্রক্রিয়া। যেখানে সমস্যা সমাধানে সুসংগঠিত পদ্ধতিনির্ভর সমাধান প্রক্রিয়া অনুসরণ করা হয়। এটি প্রতিকার, প্রতিরোধ ও উন্নয়ন- এই ত্রিবিধ পদক্ষেপের মাধ্যমে সমস্যার সমাধান করে। সমস্যা সমাধানে সমাজকর্ম সুনির্দিষ্ট মূল্যবোধ অনুসরণ করে।
উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলো যেমন- বৈজ্ঞানিক জ্ঞাননির্ভর পেশা, সুসংগঠিত পদ্ধতিনির্ভর সমাধান প্রক্রিয়া ত্রিবিধ পদক্ষেপ সমস্যার সমাধান এবং সুনির্দিষ্ট মূল্যবোধ অনুসরণ করে। এগুলো সমাজকর্মের মূল বৈশিষ্ট্য প্রকাশ করে। উদ্দীপকে সমাজকর্মকে একটি বৈজ্ঞানিক জ্ঞাননির্ভর পেশা হিসেবে তুলে ধরা হয়েছে, যা সমস্যা সমাধানে বৈজ্ঞানিক জ্ঞান ও সুসংগঠিত পদ্ধতি ব্যবহার করে। সমাজকর্ম ব্যক্তির সমস্যা সমাধানে ত্রিবিধ পদক্ষেপ অনুসরণ করে। এছাড়াও সমাজকর্ম সমস্যা সমাধানে সুনির্দিষ্ট মূল্যবোধ অনুসরণ করে। সমাজকর্মের গুরুত্বপূর্ণ কিছু নীতি হলো- ব্যক্তিগত মর্যাদা ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাবোধ, আত্মনিয়ন্ত্রণাধিকার, গ্রহণযোগ্যতা, গোপনীয়তা রক্ষা ইত্যাদি।
সুতরাং উদ্দীপক বিশ্লেষণ করে বলা যায় যে, উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলো সমাজকর্মের বৈশিষ্ট্যের দিকটি প্রকাশ করেছে।
(ঘ)
উদ্দীপকে সমাজকর্মের মাত্র চারটি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। তাই উদ্দীপকের সমাজকর্মের সকল বৈশিষ্ট্য প্রকাশ পায় নি- মন্তব্যটি যথার্থ।
সমাজকর্ম একটি সুসংগঠিত সাহায্যকারী পেশা। এটি সমাজে বসবাসরত ব্যক্তি, দল ও সমষ্টির বিভিন্ন সমস্যার সুষ্ঠু সমাধান ও উন্নয়নে সহায়তা করে। পেশা হিসেবে সমাজকর্ম কতকগুলো বৈশিষ্ট্যকে ধারণ করে থাকে। এ সমস্ত বৈশিষ্ট্য সমাজকর্ম পেশাকে স্বাতন্ত্র্য বা বিশিষ্টতা দান করে।
উদ্দীপকে উল্লিখিত বৈজ্ঞানিক জ্ঞাননির্ভর পেশা, সুসংগঠিত পদ্ধতিনির্ভর সমাধান প্রক্রিয়া, ত্রিবিধ পদক্ষেপ সমস্যার সমাধান এবং সুনির্দিষ্ট মূল্যবোধ অনুসরণ করে এ বিষয়গুলো সমাজকর্মের কতিপয় বৈশিষ্ট্যকে নির্দেশ করেছে। এ বৈশিষ্ট্যগুলো ছাড়াও সমাজকর্মের আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে। সমাজকর্মের অন্যতম বৈশিষ্ট্য হলো সমাজের সামগ্রিক ইতিবাচক পরিবর্তন। সমাজকর্ম শুধু সাহায্য নয় বরং ব্যক্তি ও সমষ্টিকে নিজের সমস্যা নিজের চেষ্টায় সমাধান করতে সক্ষম করে তোলে। সমাজকর্ম হলো একটি সাহায্যকারী পেশা যা মানুষকে তার সমস্যা বুঝতে, সমাধানের পথ খুঁজতে ও নিজের চেষ্টায় সমস্যা মোকাবিলা করতে সাহায্য করে। সমাজকর্ম একটি সক্ষমকারী প্রক্রিয়া। এতে সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল ও সমষ্টিকে এমনভাবে সাহায্য করা হয়, যাতে তারা ক্ষমতা ও সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে নিজেদের সমস্যা নিজেরা সমাধান করতে পারে। সর্বোপরি, সমাজকর্ম ব্যক্তি ও পরিবেশের প্রতি গুরুত্বারোপ, নির্দিষ্ট মূল্যবোধ পালন, সম্পদের সদ্ব্যবহার এবং প্রাতিষ্ঠানিক সেবা প্রদান করে থাকে।
অতএব, উপরোক্ত বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতে বলা যায়, উদ্দীপকে সমাজকর্মের সকল বৈশিষ্ট্য প্রকাশ পায়নি।
X, Y এবং Z ইংল্যান্ডের একই এলাকার বাসিন্দা। 'X' একজন সুস্থ সবল যুবক। সে ভিক্ষা করতে পছন্দ করে। 'Y' বার্ধক্যজনিত কারণে অক্ষম। 'Z' পিতৃ-মাতৃহীন এক অসহায় বালক। ইংল্যান্ডের একটি আইন মোতাবেক 'X' কে শ্রমাগারে, 'Y' কে দরিদ্রাগারে এবং 'Z' কে দত্তক হিসেবে প্রেরণ করা হয়।
২. সমাজকর্ম পেশার বিকাশ ঘটে কোন দেশে?
সামাজিক বিচ্ছিন্নতা বলতে কী বোঝায়?
উদ্দীপকে ইংল্যান্ডের কোন দরিদ্র আইনের ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
সমাজকর্ম পেশার বিকাশে উক্ত দরিদ্র আইনের ভূমিকা বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
সমাজকর্ম পেশার বিকাশ ঘটে আমেরিকায়।
(খ)
সামাজিক বিচ্ছিন্নতা বলতে ব্যক্তি বা গোষ্ঠীর সামাজিক সম্পর্ক, যোগাযোগ ও অংশগ্রহণের ঘাটতি বা অনুপস্থিতিকে বোঝায়। নিঃসঙ্গতা হলো প্রত্যাশিত সম্পর্কের অভাবজনিত ব্যক্তিগত অনুভূতি; সামাজিক বিচ্ছিন্নতার সঙ্গে সম্পর্কিত হলেও দুটি ধারণা এক নয়।
(গ)
উদ্দীপকে দরিদ্রদের শ্রেণিকরণ করে তাদের সহায়তার ব্যবস্থা করার দিক থেকে ১৬০১ সালের দরিদ্র আইনের প্রতি ইঙ্গিত করা হয়েছে।
১৬০১ সালের দরিদ্র আইন ছিল দরিদ্রদের কল্যাণে গৃহীত একটি যুগান্তকারী পদক্ষেপ। এ আইনে দরিদ্রদের তিনটি শ্রেণিতে ভাগ করা হয়। কাজ করে জীবিকা নির্বাহ করতে সক্ষম তাদেরকে সক্ষম দরিদ্র বলা হয়। অক্ষম, রুগ্ধ, বৃদ্ধ, অন্ধ, বধির, বিকলাঙ্গ, উন্মাদ প্রভৃতিকে অক্ষম দরিদ্র বলা হয় এবং এতিম, পরিত্যক্ত ও অক্ষম পিতামাতার সন্তানদের নির্ভরশীল বালক-বালিকা হিসেবে গণ্য করা হতো।
উদ্দীপকে দেখা যাচ্ছে, X একজন সুস্থ যুবক কিন্তু সে ভিক্ষা করতে পছন্দ করে। আইন অনুসারে তাকে শ্রমাগারে পাঠানো হয়। Y বার্ধক্যজনিত কারণে অক্ষম, আইন অনুযায়ী তাকে দরিদ্রাগারে প্রেরণ করে এবং Z পিতৃমাতৃহীন এক অসহায় বালক তাকে দত্তক হিসেবে প্রেরণ করা হয়। উদ্দীপকের এ আইনটি দরিদ্রদের শ্রেণিকরণ এবং তাদের সহায়তা ব্যবস্থার দিক থেকে ১৬০১ সালে দরিদ্র আইনের সাথে সাদৃশ্যপূর্ণ। ১৬০১ সালের আইনে দরিদ্রদের তিন ভাগে ভাগ করা হয়। যথা- সক্ষম, অক্ষম এবং নির্ভরশীল বালক।
অতএব বলা যায় যে, উদ্দীপকে উল্লিখিত আইনটি ১৬০১ সালে ইংল্যান্ডের দরিদ্র আইনের প্রতি ইঙ্গিত করেছে।
(ঘ)
সমাজকর্ম পেশা বিকাশের ক্ষেত্রে ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের গুরুত্ব অপরিসীম। এই আইনকে আধুনিক সমাজকর্মের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়।
১৬০১ সালের দরিদ্র আইন পূর্ববর্তী দরিদ্র-সহায়তা বিধানগুলোকে সুসংহত করে দরিদ্রদের জন্য একটি প্রাতিষ্ঠানিক ও সংগঠিত সহায়তা ব্যবস্থা শক্তিশালী করে। ১৬০১ সালের আইনের মাধ্যমে একটি নির্দিষ্ট প্রশাসনিক কাঠামোর অধীনে দরিদ্রদের সাহায্য করা শুরু হয়, যা পরবর্তীকালে পেশাদার সমাজকর্মের বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটিই সমাজকর্মকে একটি সুশৃঙ্খল এবং সংগঠিত পেশা হিসেবে গড়ে তোলার প্রাথমিক পদক্ষেপ ছিল।
এই আইন দরিদ্রদের শ্রেণিকরণ করে ভিন্ন ভিন্ন উপায়ে সাহায্য করার পদ্ধতি চালু করে, যা আধুনিক সমাজকর্মে একটি গুরুত্বপূর্ণ দিক। এই আইনে দরিদ্রের সক্ষম, অক্ষম এবং নির্ভরশীল বালক-বালিকা এই তিনটি শ্রেণিতে ভাগ করে তাদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা করা হয়েছিল। এই আইন অনুযায়ী, স্থানীয় প্রশাসন দরিদ্রের দায়িত্ব গ্রহণ করে এবং তাদের সেবা দিতে বাধ্য থাকে। এমনকি যারা কাজ করতে সক্ষম কিন্তু কাজ করছে না তাদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হয়। বেকার, শিশু, অক্ষম ও ভবঘুরে লোকদের, জন্য পুনর্বাসন, তত্ত্বাবধান ও প্রশিক্ষণমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এই আইনের অন্যতম বিশেষত্ব ছিল সমাজের বিত্তবানদের ওপর 'দরিদ্র কর' আরোপ, যা দরিদ্রদের কল্যাণে ব্যয় হতো।
পরিশেষে বলা যায়, সমাজকর্ম পেশার বিকাশের ক্ষেত্রে ১৬০১ সালের দরিদ্র আইনটি ছিল এক গুরুত্বপূর্ণ মাইলফলক, যা পরবর্তীতে সমাজকর্মকে পেশাদার সমাজকর্মে রূপ দিতে সাহায্য করে।
জামাল মিয়া লাঙল দিয়ে জমি চাষ করে বলে তাকে বেশি সংখ্যক শ্রমিক নিয়োগ দিতে হয়। ফলে তার উৎপাদন খরচ বেড়ে যায়। কিন্তু ইংল্যান্ডে উৎপাদন পদ্ধতির আমূল পরিবর্তনের ফলে লাঙলের পরিবর্তে ট্রাক্টর দিয়ে জমি চাষ করে বলে শ্রমিক কম নিয়োগ দিতে হয়। তাই তার উৎপাদন খরচ হ্রাস পায় এবং জীবনযাত্রা সহজ হয়।
৩. COS-এর পূর্ণরূপ কী?
পঞ্চদৈত্য বলতে কী বোঝায়?
উদ্দীপকের আমূল পরিবর্তনকে কী নামে অভিহিত করা যায়? ব্যাখ্যা কর।
আর্থসামাজিক জীবনে উক্ত ঘটনার প্রভাব আলোচনা কর।
সমাধান ও উত্তর
(ক)
COS-এর পূর্ণরূপ হচ্ছে- Charity Organization Society.
(খ)
বিভারিজ রিপোর্টে মানবসমাজের অগ্রগতির পথে অন্তরায় বা প্রতিবন্ধক হিসেবে পাঁচটি সমস্যাকে চিহ্নিত করা হয়। এ পাঁচটি সমস্যাকে স্যার উইলিয়াম বিভারিজ পঞ্চদৈত্য বলে অভিহিত করেছেন। সমস্যাগুলো হলো- অভাব, অজ্ঞতা, রোগ, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ ও অলসতা।
(গ)
উদ্দীপকের পরিবর্তনকে শিল্প বিপ্লব নামে অভিহিত করা যায়।
শিল্পবিপ্লব হচ্ছে কৃষিভিত্তিক, হস্তশিল্পনির্ভর ক্ষুদ্রায়ন উৎপাদন ও অর্থনীতি থেকে শিল্প ও যন্ত্রচালিত বৃহদায়তন উৎপাদনব্যবস্থায় পরিবর্তনের একটি প্রক্রিয়া। মূলত অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি থেকে উনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ের মধ্যে ইংল্যান্ড এবং অন্যান্য দেশে উৎপাদনব্যবস্থায় যে যুগান্তকারী পরিবর্তন আসে, তার প্রভাবে একটি গোটা যুগের অবসান হয়ে অন্য একটি নতুন যুগের আবির্ভাব ঘটে। এর ফলে যোগাযোগ, বিজ্ঞান প্রযুক্তিসহ সমাজের সব ক্ষেত্রে উন্নয়নের উৎকর্ষতা বৃদ্ধি পায় এবং আর্থসামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিকসহ সব ক্ষেত্রে সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করে। ঐতিহাসিক টয়েনবি একে শিল্পবিপ্লব নামে আখ্যায়িত করেন।
উদ্দীপকে জামাল মিয়া লাঙল দিয়ে জমি চাষ করেন, যার ফলে তাকে অনেক শ্রমিক নিয়োগ করতে হয় এবং উৎপাদন খরচ বেশি হয়। অন্যদিকে, ইংল্যান্ডে লাঙলের পরবর্তে ট্রাক্টর ব্যবহারের ফলে কম শ্রমিক প্রয়োজন হয় এবং উৎপাদন খরচ কমে যায়। এটি হলো কৃষি প্রযুক্তির একটি বড় পরিবর্তন, যা শিল্প বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই বিপ্লবের ফলে উৎপাদন পদ্ধতির পরিবর্তন ঘটে, হাতে তৈরি পণ্যের বদলে যন্ত্রচালিত কারখানায় পণ্য উৎপাদন শুরু হয়। এতে করে কম সময়ে, কম খরচে বেশি পণ্য উৎপাদন করা সম্ভব হয়।
সুতরাং এসব তথ্য বিবেচনায় নিয়ে উদ্দীপকের পরিবর্তনটিকে শিল্প বিপ্লব নামে অভিহিত করা যায়।
(ঘ)
উদ্দীপকে উল্লিখিত শিল্প বিপ্লব আর্থসামাজিক জীবনে ব্যাপক প্রভাব ফেলেছিল। এ পরিবর্তন সমাজের বিভিন্ন ক্ষেত্রে গভীর প্রভাব সৃষ্টি করে, যা নিচের বিশ্লেষণ করা হলো-
অর্থনৈতিক প্রভাব: উৎপাদন পদ্ধতির পরিবর্তন অর্থনৈতিক কাঠামোতে নতুন দিগন্ত উন্মোচন করে। কৃষিনির্ভর অর্থনীতি ধীরে ধীরে শিল্পভিত্তিক অর্থনীতিতে রূপান্তরিত হয়। নতুন নতুন শিল্পকারখানা গড়ে ওঠে, যার ফলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়। কাঁচামালের চাহিদা এবং উৎপাদিত পণ্যের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় বাণিজ্য প্রসারিত হয়, যা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করে।
সামাজিক প্রভাব: শিল্প বিপ্লবের ফলে সমাজে নতুন নতুন শ্রেণি সৃষ্টি হয়। যেমন- শিল্পপতি, পুঁজিবাদী এবং শ্রমিক শ্রেণি। গ্রাম থেকে মানুষ কাজের সন্ধানে শহরে আসতে শুরু করে, যা নগরায়ণের সূচনা করে। শহরের বস্তিগুলোতে বসবাসের খারাপ পরিবেশ, শ্রমিকের জীবনযাপনের দুর্দশা এবং স্বাস্থ্যঝুঁকি সামাজিক সমস্যা সৃষ্টি করে। পাশাপাশি, নারী ও শিশুদের কারখানায় কাজে নিয়োগ করা হতো, যা তাদের স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলত। তবে এ পরিবর্তনগুলো ধীরে ধীরে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নেও ভূমিকা রাখে। নতুন নতুন শিল্পপ্রতিষ্ঠান, হাসপাতাল এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে, যা মানুষের জীবনকে আরও সহজ করে তোলে।
সুতরাং উক্ত আলোচনা থেকে বলা যায় যে আর্থসামাজিক জীবনে শিল্প বিপ্লবের গুরুত্ব অপরিসীম।

কেন্দ্রে: ?

কেন্দ্র থেকে চারদিকে তির:

  • উপরে: ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি
  • বামে: আত্মনিয়ন্ত্রণ অধিকার
  • ডানে: গোপনীয়তা
  • নিচে: ব্যক্তিস্বাধীনতা
৪. মূল্যবোধ কী?
পেশা ও বৃত্তির মধ্যে দুটি পার্থক্য লেখ।
উদ্দীপক কাঠামোতে '?' চিহ্নিত স্থান সমাজকর্মের কোন দিককে নির্দেশ করেছে? ব্যাখ্যা কর।
সমাজকর্ম পেশার ক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত দিকগুলোর গুরুত্ব ব্যাখ্যা কর।
সমাধান ও উত্তর
(ক)
মূল্যবোধ হলো এমন ধারণা, বিশ্বাস ও আদর্শ যার দ্বারা মানুষের সকল আচার-আচরণের ভালোমন্দ ও যথার্থতা নির্ণয় করা হয়।
(খ)
পেশা ও বৃত্তির মধ্যে দুটি পার্থক্য হলো-
১. বিশেষ জ্ঞান, দক্ষতা ও নৈপুণ্যভিত্তিক বৃত্তিকে পেশা বলে। অন্যদিকে, জীবনধারণের জন্য যেকোনো কাজকে বৃত্তি বলে।
২. প্রতিটি পেশার ক্ষেত্রে নিজস্ব, সুসংগঠিত ও প্রাতিষ্ঠানিক জ্ঞানের প্রয়োজন আছে। অন্যদিকে, বৃত্তির জন্য কোনো বিশেষ জ্ঞানার্জনের আবশ্যকতা নেই।
(গ)
উদ্দীপক কাঠামোতে '?' চিহ্নিত স্থানটি সমাজকর্মের পেশাগত মূল্যবোধকে নির্দেশ করেছে।
সমাজকর্মের মূল্যবোধ হলো এমন কিছু নীতি ও নির্দেশনা, যা সমাজকর্মীর কাজকে সঠিক পথে পরিচালিত করে এবং মানুষের মর্যাদা, অধিকার ও কল্যাণ রক্ষায় সহায়তা করে। এসব মূল্যবোধের মাধ্যমে ব্যক্তির মূল্য ও মর্যাদা, আত্মনিয়ন্ত্রণ অধিকার, গোপনীয়তা, সততা ও ব্যক্তিস্বাধীনতা বজায় রাখা হয় এবং সেবাগ্রহণকারীর চাহিদা পূরণের পাশাপাশি পেশাগত দক্ষতা উন্নত করা হয়, যা সমাজকর্মের। নৈতিক ভিত্তি গঠন করে।
উদ্দীপকে ছকে উল্লিখিত বিষয়গুলো যেমন- ব্যক্তির মূল্য ও মর্যাদার। স্বীকৃতি, আত্মনিয়ন্ত্রণ অধিকার, গোপনীয়তা এবং ব্যক্তিস্বাধীনতা। সবগুলোই সমাজকর্মের মূল্যবোধের অন্তর্ভুক্ত বিষয়। সমাজকর্মের মূল্যবোধ হলো প্রতিটি মানুষকে তার নিজস্ব সত্তা এবং মর্যাদা নিয়ে সম্মান করা এবং সেবাগ্রহীতার ব্যক্তিগত তথ্য গোপন রাখা। এছাড়া সমাজকর্মের, মূল্যবোধ অনুযায়ী সেবাগ্রহীতাকে তার নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার বা ব্যক্তি স্বাধীনতা দেওয়া হয়। সেবাগ্রহীতাকে তার নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বা আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রদান করা হয়। আত্মনিয়ন্ত্রণের এই অধিকারকে সমাজকর্ম দৃঢ়ভাবে সমর্থন করে, যাতে ব্যক্তি নিজস্ব ক্ষমতা ও পছন্দ অনুযায়ী জীবন পরিচালনা করতে পারে।
অতএব বলা যায়, উদ্দীপকে কাঠামোতে '?' চিহ্নিত স্থানটিতে সমাজকর্মের মূল্যবোধকে নির্দেশ করেছে।
(ঘ)
সমাজকর্ম পেশার মান উন্নয়নে উল্লিখিত দিকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজকর্ম পেশার এ মূল্যবোধগুলো সমাজকর্মীদের নৈতিক মানদণ্ড নির্ধারণ করে এবং তাদের পেশাদারিত্বকে উন্নত করে।
সমাজকর্ম পেশায় ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি, আত্মনিয়ন্ত্রণ অধিকার, গোপনীয়তা এবং ব্যক্তি স্বাধীনতার গুরুত্ব নিচে তুলে ধরা হলো-
ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি: এ নীতিটি সমাজকর্মের মূলভিত্তি। এ নীতির মাধ্যমে সমাজকর্মী প্রতিটি মানুষকে তার নিজস্ব সত্তা এবং মর্যাদা নিয়ে সম্মান করে। এটি একজন সেবাগ্রহীতার মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এবং তাদের সমস্যা সমাধানে ইতিবাচক ভূমিকা পালন করে।
আত্মনিয়ন্ত্রণ অধিকার: এ নীতি অনুযায়ী সেবাগ্রহীতার নিজের জীবনের ওপর নিয়ন্ত্রণ রাখার অধিকার আছে। সমাজকর্মীর ভূমিকা হলো সেবাগ্রহীতাকে এমনভাবে সহায়তা করা যাতে সে তার জীবনের বিভিন্ন বিষয়ে স্বাধীনভাবে এবং সচেতনভাবে সিদ্ধান্ত নিতে পারে। এটি সেবাগ্রহীতার সমস্যা সমাধান এবং তাকে দীর্ঘমেয়াদি স্বাবলম্বী হতে সাহায্য করে।
গোপনীয়তা: এ নীতিটি সমাজকর্মী এবং সেবাগ্রহীতার মধ্যে বিশ্বাস স্থাপন করে। যখন একজন ব্যক্তি জানে যে তার ব্যক্তিগত তথ্য গোপন রাখা হবে, তখন সে নির্দ্বিধায় তার সমস্যাগুলো সমাজকর্মীর কাছে খুলে বলতে পারে। এটি কার্যকর সেবা প্রদানের জন্য অপরিহার্য, কারণ এটি ছাড়া সেবাগ্রহীতার প্রকৃত সমস্যা জানা কঠিন হয়ে পড়ে।
ব্যক্তিস্বাধীনতা: এ নীতি অনুসারে, 'একজন সমাজকর্মী সেবাগ্রহীতাকে তার পছন্দ ও সিদ্ধান্ত অনুযায়ী কাজ করার সুযোগ দেয়। জোর করে কোনো সমাধান চাপিয়ে না দিয়ে, সমাজকর্মী তাকে বিভিন্ন বিকল্প সমাধান সম্পর্কে অবহিত করে, যাতে সে নিজেই সঠিক সিদ্ধান্ত নিতে পারে।
সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত দিকগুলো সমাজকর্ম পেশার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

কুমিল্লা বোর্ড ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।