রাজশাহী বোর্ড ২০২২

এইচএসসি · সমাজকর্ম ১ম পত্র

রাজশাহী বোর্ড ২০২২

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

আবিদ একজন মেধাবী ছাত্র। উচ্চ মাধ্যমিক সমাপ্তির পর সে এমন একটি বিষয় নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চায়, যা তাকে মানবীয় সম্পর্ক উন্নয়নে বৈজ্ঞানিক পদ্ধতি ভিত্তিক সেবা দানের সহায়তা করবে। কোনো সেবামূলক প্রতিষ্ঠানের অধীনে তার অর্জিত জ্ঞান বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করে আধুনিক শিল্প সমাজের বহুমুখী জটিল সামাজিক সমস্যা সমাধানে আত্মনিয়োগ করাই তার লক্ষ্য।
১. Introduction to Social Work গ্রন্থের লেখক কে?
সমাজকর্মকে সক্ষমকারী প্রক্রিয়া বলা হয় কেন?
আবিদ যে বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চায় তার বৈশিষ্ট্য বর্ণনা কর।
বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষিতে বিষয়টির আবশ্যকতা বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
Introduction to Social Work গ্রন্থের লেখক হলেন— Rex A Skidmore, M G Thackeray and O William Farley.
(খ)
সমাজকর্ম বর্তমানে বিশ্বে একটি মানবসেবামূলক সাহায্যকারী পেশা হিসেবে সর্বজনস্বীকৃত। এটি সমাজের অসুবিধাগ্রস্ত ও সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল ও সমষ্টিকে সাহায্য করে। সমাজকর্ম ব্যক্তি ও দলকে তার কর্ম প্রচেষ্টার উন্নয়নে সক্ষম করে। এটির মাধ্যমে ব্যক্তি নিজেদের সম্পদ ও সামর্থ্য সম্পর্কে সচেতন হয়ে সামাজিক ভূমিকা পালন মাধ্যমে নিজেরাই নিজেদেরকে সাহায্য করতে পারে। ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানের সহায়তার মাধ্যমে তাদের সমস্যা মোকাবিলায় সক্ষম করে তোলে বলে সমাজকর্মকে সক্ষমকারী পেশা বলা হয়।
(গ)

উদ্দীপকের আবিদ যে বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চায় তার বৈশিষ্ট্য বর্ণনা করা হলো :

সমাজকর্ম একটি সক্ষমকারী পেশা। সমাজকর্ম পেশা কলা, বিজ্ঞান ও পেশার সমন্বিত রূপ। এটি সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল ও সমষ্টি সম্পদ সমূহ কাজে লাগিয়ে তাদের সমস্যা সমাধান করে। সমাজকর্মের ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম এবং সমষ্টি সমাজকর্ম এই তিনটি মৌলিক পদ্ধতি রয়েছে। এর মাধ্যমে ব্যক্তি ও দলকে নিজেদের কর্মপ্রচেষ্টা দিয়ে আত্মউন্নয়নের সক্ষম করে তোলে।

উদ্দীপকে আবিদ একজন মেধাবী ছাত্র। উচ্চ মাধ্যমিক সমাপ্তির পর সে এমন একটি বিষয় নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চায় যা তাকে মানবীয় সম্পর্ক উন্নয়নের বৈজ্ঞানিক পদ্ধতিভিত্তিক সেবাদানে সহায়তা করবে। এইখানে সমাজকর্মের বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতা নির্ভর একটি সক্ষমকারী পেশার কথা বোঝানো হয়েছে। বিজ্ঞান কলা ও পেশার সমন্বয়ে নিজস্ব সম্পদ কাজে লাগিয়ে ব্যক্তি দল ও সামষ্টি সমস্যা সমাধান করে ।

সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণনার মধ্য দিয়ে সমাজকর্ম বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতা, মৌলিক পদ্ধতি এবং সক্ষমকারী পেশার বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে।

(ঘ)

বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষিতে বিষয়টির আবশ্যকতা বিশ্লেষণ করা হল :

সমাজকর্ম একটি সক্ষমকারী পেশা। সমাজকর্মের বৈজ্ঞানিক পদ্ধতিনির্ভর সেবাকর্মের গুরুত্ব অপরিসীম। এটি সুনির্দিষ্ট পদ্ধতি, নীতিমালা মূল্যবোধের মাধ্যমে সমস্যাগ্রস্ত ব্যক্তির দল বা সমষ্টি আর্থসামাজিক সমস্যার মোকাবিলা হিসাবে কাজ করে।

বাংলাদেশের আর্থসামাজিক অস্থিতিশীলতা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। যে কারণে দারিদ্র, নিরক্ষরতা, বেকারত্ব, অপরাধপ্রবণতা, সন্ত্রাস ইত্যাদির মতো সামাজিক সমস্যা প্রতিনিয়ত দেশকে পিছিয়ে দিচ্ছে। এই সমস্যা মোকাবেলা সমাজকর্মের প্রতিরোধ ও উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণের বিকল্প নেই। সমাজকর্মের ব্যক্তির চাহিদা পূরণ, প্রয়োজন ও জীবন উন্নয়নের সক্রিয় ভূমিকা লক্ষ্য করা যায়। সমাজকর্মে নিজস্ব সম্পদ ও সামর্থ্য সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে আর্থসামাজিক স্বনির্ভরতা অর্জনকে উৎসাহিত করা হয়। তাই সমাজে সমাজকর্মের নীতি, পদ্ধতি ও কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সুতরাং বলা যায়, বাংলাদেশের আর্থসামাজিক সমস্যা মোকাবিলা, সম্পদের সদ্ব্যবহার ও স্বনির্ভরতা অর্জনে সমাজকর্ম অপরিহার্য।

করোনা অতিমারির কারণে জনগণের জীবনব্যবস্থায় ক্ষতিকর প্রভাব পড়েছে। জীবিকার তাগিদে কাজের সন্ধানে মানুষ ভবঘুরের মত এক এলাকা থেকে অন্য এলাকায় ছুটে বেড়াচ্ছে। ভিক্ষুকের সংখ্যাও পূর্বের থেকে বেড়ে গেছে। বৃদ্ধ, অসুস্থ, প্রতিবন্ধী ভিক্ষুকের পাশাপাশি শিশুসহ সুস্থ-সবল ভিক্ষুকের সংখ্যাও বেড়েছে। অনুরূপ পরিস্থিতিতে যুক্তরাজ্যে এক যুগান্তকারী দরিদ্র আইন প্রণীত হয়।
২. NASW এর পূর্ণরূপ লেখ।
সামাজিক দায়িত্ব বলতে কী বোঝায়?
উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতির সাথে যুক্তরাজ্যের কোন আইন প্রণয়নের পরিস্থিতি সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপকে ইঙ্গিত আইনটি যুক্তরাজ্যের উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় কি কি ব্যবস্থা গ্রহণ করেছিল? তোমার পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ কর
সমাধান ও উত্তর
(ক)
NASW এর পূর্ণরূপ হল– National Association of Social Workers.
(খ)
সমাজে সর্বাঙ্গীণ কল্যাণ সাধনে ব্যক্তিকে অবশ্যই দায়িত্বশীল হতে হয়। সামাজিক দায়িত্ব বলতে সমাজে বসবাসরত ব্যক্তির একে অপরের প্রতি পারস্পরিক সহযোগিতা পূর্ণ কর্মকান্ড পালনকে বুঝায়। সামাজিক দায়িত্ব সামাজিক সচেতনতার সাথে যুক্ত একটি বিষয়। জীবনধারণের জন্য ব্যক্তি সমাজ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করে আর এ সকল সুযোগ-সুবিধা গ্রহণ করতে গিয়ে ব্যক্তিকে কিছু দায়িত্ব পালন করতে হয়। এগুলাই সামাজিক দায়িত্ব।
(গ)

উদ্দীপকে উল্লিখিত পরিস্থিতির সাথে যুক্তরাজ্যের ১৬০১ সালে এলিজাবেথীয় দরিদ্র আইন প্রণয়নের পরিস্থিতি সাদৃশ্য রয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হল:

ইংল্যান্ডের ১৬০১ সালে এলিজাবেথীয় দরিদ্র আইনটি একটি গুরুত্বপূর্ণ আইন হিসেবে স্বীকৃতি পায় । ইংল্যান্ডে সৃষ্ট অনুরূপ সমস্যার প্রেক্ষিতেই ১৬০১ সালে দরিদ্র আইন প্রবর্তিত হয়েছিল। এই আইন ইংল্যান্ডের দরিদ্র জনগণের তাৎক্ষণিক অর্থনৈতিক ও আবাসন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছিল।

প্রাক্-শিল্প যুগে ইংল্যান্ড দারিদ্র্য ও নানা ধরনের সামাজিক সমস্যায় জর্জরিত ছিল। সেসময় দারিদ্র্য সমস্যা সমাধান, ভিক্ষাবৃত্তি ভবঘুরে সমস্যা, বেকারত্ব রোধ এবং দুস্থদের অসহায়তায় বিভিন্ন আইন প্রণীত হয়।

উদ্দীপকে ভিক্ষাবৃত্তি, ভবঘুরে অবস্থা এবং সক্ষম-অক্ষম দরিদ্র ও শিশুদের অসহায়তার কথা বলা হয়েছে। ইংল্যান্ডে অনুরূপ দারিদ্র্য ও ভিক্ষাবৃত্তির প্রেক্ষাপটে ১৬০১ সালের দরিদ্র আইন প্রবর্তিত হয়।সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লিখিত আইন এবং আলোচ্য ১৬০১ সালের দারিদ্র আইন পরস্পর সাদৃশ্যপূর্ণ।

(ঘ)

উদ্দীপকে উল্লিখিত আইনের মত ইংল্যান্ডের প্রবর্তিত ১৬০১ সালে দরিদ্র আইনে ভিক্ষাবৃত্তি সমস্যা সমাধানে সুনির্দিষ্ট বিধান সন্নিবেশিত হয়েছিল । নিচে তা ব্যাখ্যা করা হল:

১৬০১ সালে দরিদ্র আইনের বিধান মতে ভিক্ষুকদের ভিক্ষা দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ ছিল। ভিক্ষাবৃত্তির সাথে কয়েক ধরনের মানুষ জড়িত থাকে। একশ্রেণীর ভিক্ষুকেরা সবল ও কর্মক্ষম অন্য শ্রেণীর ভিক্ষুকরা প্রকৃতপক্ষেই কাজ করতে অক্ষম। এবং আর এক শ্রেণীর ভিক্ষুকদের মধ্যে রয়েছে এতিম ও পরিত্যাক্ত শিশুরা। সুস্থ ও সবল ভিক্ষুকদের মধ্যে কেউ কাজ করতে অনিচ্ছা প্রকাশ করলে তাকে কারাগারে নিক্ষেপ বা কঠোর শাস্তি প্রদান করা হতো। আর যারা অক্ষম দরিদ্র পর্যায়ভুক্ত কাজ করতে সক্ষম ছিল না তাদেরকে দরিদ্রগারে রাখার বিধান ছিল। এখানে তাদের সক্ষমতা অনুযায়ী কাজ দেওয়া হতো। আর যাদের আশ্রয় ব্যবস্থা থাকত তাদেরকে সেখানে রেখে ওভারসিয়ারের মাধ্যমে সাহায্য করা হত। এতিম ও পরিত্যক্ত শিশুদের উপযুক্ত ব্যক্তির কাছে শিক্ষানবিশ হিসেবে নিয়োগের ব্যবস্থা করা হতো। ছেলেদের ২৪ বছর এবং মেয়েদের ২১ বছর বা বিয়ের পূর্ব পর্যন্ত মনিবের বাড়িতে থাকতে হতো। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে ইঙ্গিত ১৬০১ সালের দরিদ্র আইনটি যুক্তরাজ্যের উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ভিক্ষাবৃত্তি সমস্যা সমাধানে সুনির্দিষ্ট বিধান ব্যবস্থা গ্রহণ করেছিল।

কাঞ্চনপুর একটি নদী বিধৌত এলাকা। প্রাকৃতিক দুর্যোগে এ অঞ্চলের আর্থসামাজিক অবস্থা স্থবির হয়ে পড়েছে। জনসাধারণ নিরাপত্তাহীনতায় ভুগছে। উক্ত সমস্যা মোকাবেলায় গৃহীত সমাজসেবামূলক কর্মসূচির আমূল সংস্কার দরকার। তাই জেলা প্রশাসক সমাজসেবা কর্মকর্তা জনাব আবুল বাশারের নেতৃত্বে একটি কমিটি গঠন করেন। কমিটির সদস্যগণ এলাকার সর্বস্তরের প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে একটি রিপোর্ট প্রদান করেন। রিপোর্টে জনগণের অগ্রগতির পথে পাঁচটি অন্তরায় চিহ্নিত করেন এবং সেগুলো দূরীকরণে পাঁচটি সুপারিশও পেশ করেন।
৩. যাকাত প্রদানের খাত কয়টি?
সামাজিক পরিবর্তন বলতে কি বোঝায়?
উদ্দীপকে কাঞ্চনপুর এলাকার রিপোর্টের সাথে যুক্তরাজ্যের কোন ঐতিহাসিক রিপোর্টের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপকে ইঙ্গিতকৃত রিপোর্টটি যুক্তরাজ্যে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা প্রবর্তনে কি ভূমিকা রাখে? আলোচনা কর।
সমাধান ও উত্তর
(ক)
যাকাত প্রদানের খাত হলো আটটি।
(খ)
মানবসমাজ সদা পরিবর্তনশীল। আর সামাজিক পরিবর্তন হলো কোন সমাজের আইন-কানুন, আদর্শে, মূল্যবোধ ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার পরিবর্তনকে বোঝায়। পরিবর্তনের মধ্যে দিয়ে সমাজ এক স্তর থেকে অন্য স্তরে উপনীত হয়। সামাজিক পরিবর্তন প্রাকৃতিকগত ও পরিকল্পিত উপায় হতে পারে। স্বাভাবিক সামাজিক পরিবর্তন ইতিবাচক বা নেতিবাচক উভয়ই হতে পারে। পরিকল্পিত পরিবর্তন সচেতন উদ্যোগের মাধ্যমে ঘটানো হয়। পরিকল্পিত পরিবর্তনের মধ্য দিয়ে কাঙ্খিত উন্নয়ন সম্ভব হয়।
(গ)

উদ্দীপকে কাঞ্চনপুর এলাকার রিপোর্টের সাথে যুক্তরাজ্যের ঐতিহাসিক বিভারিজ রিপোর্টের মিল রয়েছে। উদ্দীপকের আলোকে তা ব্যাখ্যা করা হলো :

ইংল্যান্ডে আধুনিক সামাজিক নিরাপত্তা ব্যবস্থা জন্য ১৯৪২ সালের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি ভূমিকা পালন করে। বিভারিজের সামাজিক নিরাপত্তা রিপোর্ট অনুযায়ী এ কর্মসূচি গৃহীত হয়।

উদ্দীপকে সমাজসেবা কর্মকর্তা জনাব আবুল বাশারের নেতৃত্বে একটি কমিটি গঠন করেন। তিনি অনুসন্ধান করে রিপোর্ট দেন এবং পাঁচটি সমস্যা চিহ্নিত করেন। বিভারিজ রিপোর্টেও এরকম পাঁচটি প্রতিবন্ধকতার কথা উল্লেখ ছিলো। বিভারিজ রিপোর্ট অনুযায়ী তৎকালীন ইংল্যান্ডের সমাজজীবনকে অভাব, রোগ, অজ্ঞতা, অস্বাস্থ্যকর পরিবেশ ও বেকারত্ব—এই পাঁচটি সমস্যা জড়িয়ে রেখেছিল। বিভারিজের মতে এই পাঁচটি সমস্যাই ছিলো ইংল্যান্ডের সার্বিক অগ্রগতির প্রধান প্রতিবন্ধকতা। এজন্য তিনি এসব সমস্যা সমাধানের জন্য সুপারিশ করেছিলেন।সুতরাং বলা যায়, উদ্দীপকের আলোচিত রিপোর্টের সাথে বিভারিজের সাদৃশ্য রয়েছে।

(ঘ)

উদ্দীপকে ইঙ্গিতকৃত রিপোর্টটি যুক্তরাজ্যে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা প্রবর্তনে কাঠামো সৃষ্টিতে ভূমিকা রেখেছে। নিচে তা ব্যাখ্যা করা হল:

যুক্তরাজ্যের সামাজসেবার ক্ষেত্রে বিভারিজ রিপোর্টের সুপারিশগুলো অমূল পরিবর্তন এবং বাস্তবমূখী নতুন ধারা প্রবর্তন করে।বিভারিজ রিপোর্টে সুপারিশ অনুসারেই যুক্তরাজ্যের সামগ্রিক সামাজিক নিরাপত্তা কর্মসূচির মেরুদণ্ড হিসেবে স্বীকৃত সামাজিক ব্যবস্থা গড়ে উঠেছে। এ রিপোর্টে সুপারিশ অনুযায়ী পারিবারিক ভাতা আইন ১৯৪৫ সালে, জাতীয় বিমা আইন ১৯৪৬ সালে জাতীয় সাহায্য আইন ১৯৪৮ সালে,এবং জাতীয় স্বাস্থ্য আইন ১৯৪৬ সালে সামাজিক নিরাপত্তামূলক আইন চালু হয়। এ আইনগুলো সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষভাবে কার্যকর ছিল। সামাজিক বিমা কর্মসূচি আওতায় জনগণের জন্য বিভিন্ন রকম জাতীয় বিমার সুবিধা প্রদান করা হয়। যুক্তরাজ্যের সামাজিক নিরাপত্তা কাঠামো সৃষ্টিতে ও বিশ্বব্যাপী দারিদ্র দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিভারিজ রিপোর্ট। সুতরাং বলা যায় যে, বিভারিজ রিপোর্ট যুক্তরাজ্যে আধুনিক সমাজকল্যাণমূলক আইনের ভিত্তি রচনা এবং দারিদ্র্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

রায়হান মানব জ্ঞানের একটি নির্দিষ্ট শাখায় উচ্চমানের জ্ঞান অর্জন করেন। তিনি ব্যবহারিক প্রশিক্ষণ ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। তারই বাল্যবন্ধু রতন জীবিকার তাগিদে কখনো নৌকার মাঝি, কখনো দিনমজুর, আবার কখনো রিক্সা চালায়।
৪. মূল্যবোধ কি?
আত্মনিয়ন্ত্রণ অধিকার বলতে কী বোঝায়?
উদ্দীপকের রায়হান ও রতনের জীবিকার পরিচয় ব্যাখ্যা কর।
উদ্দীপকের "রায়হানের জীবিকার অর্জনের পন্থাটি বিশেষ বৈশিষ্ট্যমন্ডিত" - উক্তিটি বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
মূল্যবোধ হলো একটি মানদণ্ড যা মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে।
(খ)
আত্মনিয়ন্ত্রণ অধিকার সমাজকর্মের গুরুত্বপূর্ণ একটি মূল্যবোধ। আত্মনিয়ন্ত্রণ অধিকার ব্যক্তির স্বকীয়তা বজায় রেখে যোগ্যতা প্রমাণের মাধ্যমে আত্মোন্নয়নের সুযোগ কে বোঝায়। এর মাধ্যমে ব্যক্তির পছন্দ, চাহিদা, সামর্থ্য এবং ক্ষমতা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ এবং সে অনুযায়ী নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে এই অধিকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।
(গ)

উদ্দীপকে রায়হানের জীবিকাটি হল পেশা আর রতনের জীবিকাটি হল বৃত্তি। নিচে তা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করা হলো :

জীবন ধারণের উপায় কে নির্দেশ করে পেশা এবং বৃত্তি। পেশা বলতে বিশেষ ক্ষেত্রে নির্দিষ্ট বৈশিষ্ট,দক্ষতা, নৈপণ্য এবং বিশেষ জ্ঞান সম্পন্নকে বোঝায়। আর বৃত্তি বলতে উচ্চতর তাত্ত্বিক শিক্ষা,ব্যবহারিক প্রশিক্ষণ ও পেশাগত মূল্যবোধের প্রয়োজন হয় না।

উদ্দীপকের রায়হান মানব জ্ঞানের একটা নির্দিষ্ট শাখার উচ্চ মানের জ্ঞান অর্জন করেন। তিনি ব্যবহারিক প্রশিক্ষণ ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। তার এই জীবিকা নির্বাহের উপায়কে পেশা হতে হলে কিছু বৈশিষ্ট্য থাকতে হয় । পেশার ক্ষেত্রের প্রয়োজন হয় জ্ঞানের নির্দিষ্ট শাখার উচ্চ মানের জ্ঞান ও ব্যবহারিক প্রশিক্ষণ, সামাজিক দায়বদ্ধতা, পেশাগত মূল্যবোধ ও পেশাগত প্রতিষ্ঠান। তাই বলা যায় রায়হানের কাজে পেশার সবগুলো বৈশিষ্ট্যই রয়েছে। অন্যদিকে তারই বাল্যবন্ধু রতন জীবিকার তাগিদে কখনো নৌকার মাঝি, কখনো দিনমজুর, আবার কখনো রিকশা চালায়। আর বৃত্তির ক্ষেত্রে পেশার মতো স্বতন্ত্র সংগঠিত পেশাগত আচরণবিধি আবশ্যক নাও হতে পারে; তবে সাধারণ নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা প্রযোজ্য। কারণ বৃত্তি সহজে পরিবর্তন করা যায়।

সুতরাং বলা যায়, উদ্দীপকে রায়হানের জীবিকাটি হল পেশা আর রতনের জীবিকাটি হল বৃত্তি।

(ঘ)

উদ্দীপকের রায়হানের জীবিকা অর্জনের পন্থাটি বিশেষ বৈশিষ্ট্যমন্ডিত— উদ্দীপকের আলোকে উক্তিটি বিশ্লেষণ করা হলো :

উদ্দীপকের রায়হান মানব জ্ঞানের একটি নির্দিষ্ট শাখার উচ্চ মানের জ্ঞান অর্জন করে। তিনি ব্যবহারিক প্রশিক্ষণ ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। আর রায়হানের এই জীবিকা নির্বাহের উপায়টি হলো পেশা। পেশা বলতে বিশেষ ক্ষেত্রে নির্দিষ্ট বৈশিষ্ট,দক্ষতা, নৈপণ্য এবং বিশেষ জ্ঞান সম্পন্নকে বোঝায়। জীবন ধারণের উপায় হিসেবে পেশা বিশেষ বৈশিষ্ট্যমন্ডিত। পেশার ক্ষেত্রে প্রয়োজন হয় সুশৃংখল জ্ঞান-ভান্ডারের। পেশাগত জ্ঞান ব্যক্তিকে নির্দিষ্ট বিষয়ে দায়িত্বপালনে সক্ষম করে তোলে। জ্ঞানের পাশাপাশি পেশাদার ব্যক্তির ব্যবহারিক প্রশিক্ষণ ও দক্ষতা থাকতে হয়। পেশাগত প্রতিষ্ঠান ও সমাজের জন্য জবাবদিহিতা থাকা জরুরি। প্রত্যেক পেশা সেবাকর্মের জন্য কতিপয় নীতিমালা ও মূল্যবোধে মেনে চলতে হয়। এতে পেশাদার ব্যক্তি নিজেকে ব্যক্তি স্বার্থের উর্ধ্বে স্থান দেয়। এবং জীবিকানির্বাহের জন্য পন্থা হিসেবে পেশার জন্য প্রয়োজন বিশেষ জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ, সংগঠন, জনকল্যাণমুখীতা ও উপার্জনশীলতা।সুতরাং বলা যায় যে, উদ্দীপকের "রায়হানের জীবিকা অর্জনের পন্থাটি বিশেষ বৈশিষ্ট্যমন্ডিত" - উক্তিটি যথার্থ।

রাজশাহী বোর্ড ২০২২ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।