রাজশাহী বোর্ড ২০২৫

এইচএসসি · সমাজকর্ম ১ম পত্র

রাজশাহী বোর্ড ২০২৫

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

উৎস তীর গন্তব্য
গঠনমূলক সামাজিক পরিবেশ সৃষ্টি করা → সমাজকর্ম
প্রয়োজনীয় সম্পদের সদ্ব্যবহার করা → সমাজকর্ম
সমস্যা মোকাবিলায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা → সমাজকর্ম
পরিকল্পিত পরিবর্তন আনয়ন করা → সমাজকর্ম
১. 'Introduction to Social Welfare'- গ্রন্থের লেখকের নাম কী?
সমাজকর্মের একটি বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উদ্দীপকে সমাজকর্মের কোন দিকটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত দিকগুলো সমাজকর্মের গুরুত্ব বিশ্লেষণে যথার্থ কি না? ব্যাখ্যা কর।
সমাধান ও উত্তর
(ক)
'Introduction to Social Welfare' গ্রন্থের লেখক ডব্লিউ. ফ্রিডল্যান্ডার।
(খ)
সমাজকর্মের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো- এটি সাহায্যকারী পেশা। যার মূল লক্ষ্য ব্যক্তি, গোষ্ঠী ও সমাজের জীবনমান উন্নয়ন। এ পেশায় সমাজকর্মী সমস্যা শনাক্ত করে পরামর্শ, সেবা, সংযোগ, অধিকার রক্ষা এবং আত্মনির্ভরশীলতার মাধ্যমে সহায়তা প্রদান করে। এটি শুধু বস্তুগত নয়, মানসিক সমর্থন ও সামাজিক সংহতিও নিশ্চিত করে মানুষের জীবনে স্থায়ী ইতিবাচক পরিবর্তন আনে।
(গ)
উদ্দীপকে সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য দিকটি প্রকাশ পেয়েছে।
সাহায্যকারী পেশা হিসেবে সমাজকর্মের লক্ষ্য হলো সামাজিক দায়িত্ব পালন ক্ষমতায় পুনরুদ্ধার, উন্নয়ন ও সংরক্ষণে সাহায্য করা। যাতে প্রতিটি মানুষ স্বীয় ক্ষমতা ও সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে জীবনের সকল সমস্যা ও চাহিদাগুলো সফলভাবে মোকাবিলা করতে পারে।
উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলো যেন- গঠনমূলক সামাজিক পরিবেশ সৃষ্টি করা, প্রয়োজনীয় সম্পদের সদ্ব্যবহার করা, সমস্যা মোকাবিলায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা এবং পরিকল্পিত পরিবর্তন আনয়ন করা এগুলো সবই সমাজকর্মের মূল উদ্দেশ্য। সমাজকর্ম ব্যক্তির সমস্যা সমাধানের পাশাপাশি এমন একটি গঠনমূলক পরিবেশ সৃষ্টি করে যেখানে ব্যক্তি সুস্থভাবে বসবাস করতে পারে। সমাজকর্মের লক্ষ্য হলো প্রয়োজনীয় সম্পদের সদ্ব্যবহার করে মানুষের চাহিদা পূরণ করা। সমাজকর্ম চায় সমস্যা সমাধানে জনগণ অংশগ্রহণ করে নিজেরা সমস্যা সমাধানে সক্ষম হয়ে উঠুক। এভাবে সমাজকর্ম পরিকল্পিত ও সুশৃঙ্খল প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে টেকসই ইতিবাচক পরিবর্তন আনে।
সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত বিষয়গুলো সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্যের দিকটি প্রকাশ করেছে।
(ঘ)
উদ্দীপকে উল্লিখিত দিকগুলো সমাজকর্মের গুরুত্ব বিশ্লেষণে যথার্থ। কারণ সমাজকর্মের মূল লক্ষ্যই হলো মানুষের কল্যাণ সাধন করা এবং সমাজের ইতিবাচক পরিবর্তন আনয়ন। উদ্দীপকে যে চারটি বিষয় উল্লেখ করা হয়েছে, তা সবই সমাজকর্মের গুরুত্বকে তুলে ধরে।
সমাজকর্ম একটি সুশৃঙ্খল ও পরিকল্পিত প্রক্রিয়া হিসেবে সমাজে ইতিবাচক পরিবর্তন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করে। সমাজকর্ম গঠনমূলক সামাজিক পরিবেশ সৃষ্টি করে, যেখানে ন্যায়বিচার, সহযোগিতা ও পারস্পরিক সহমর্মিতা প্রতিষ্ঠিত হয়। এটি প্রয়োজনীয় সম্পদের সদ্ব্যবহার এবং সমস্যা মোকাবিলায় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে। পরিকল্পিত পরিবর্তনের মাধ্যমে সমাজকর্ম দীর্ঘস্থায়ী ও টেকসই উন্নয়ন নিশ্চিত করে, যা ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ।
উদ্দীপকে উল্লিখিত দিকগুলো সমাজকর্মের গুরুত্ব বিশ্লেষণে যথার্থ এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ দিকগুলো সমাজকর্মের অপরিহার্যতা প্রমাণ করে। সমাজকর্মের একটি প্রধান লক্ষ্য হলো গঠনমূলক সামাজিক পরিবেশ তৈরি করা, যা মানুষের সার্বিক বিকাশের জন্য জরুরি। পাশাপাশি, এটি সমাজের বিদ্যমান সম্পদগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করে, যাতে কোনো সম্পদের অপচয় না হয় এবং সকলে সুফল পায়। সমাজকর্মের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সমস্যা সমাধানে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা, যা তাদের আত্মবিশ্বাস ও স্বাবলম্বী করে তোলে। এছাড়াও সমাজকর্ম সুপরিকল্পিত উপায়ে সমাজের ইতিবাচক পরিবর্তন আনে, যা দীর্ঘমেয়াদি ও টেকসই।
সুতরাং আলোচনা থেকে প্রমাণিত হয়, উদ্দীপকে উল্লিখিত দিকগুলো সমাজকর্মের গুরুত্বকে সুস্পষ্টভাবে তুলে ধরে এবং এ দিকগুলো সমাজকর্মের গুরুত্ব বিশ্লেষণে যথার্থ।
পূর্ববর্তী ৪২টি আইন ব্যর্থ হওয়ায় ইংল্যান্ডে দরিদ্র ও ভবঘুরে সমস্যা মোকাবিলায় একটি দরিদ্র আইন প্রণয়ন করা হয়। এ আইনের মাধ্যমে দরিদ্রদেরকে তিনটি ভাগ করে সাহায্য প্রদান করা হতো। এ আইনের মাধ্যমে দরিদ্র ও অসহায়দের দায়িত্ব সরকারি অনুশাসনের মাধ্যমে স্বীকার করে নেওয়া হয়।
২. বিভারিজ রিপোর্ট কোন সালে প্রকাশিত হয়েছিল?
পঞ্চদৈত্য বলতে কী বোঝায়?
উদ্দীপকে কোন আইনের প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
সমাজকর্ম পেশা বিকাশের ক্ষেত্রে উদ্দীপকের আইনের যথার্থতা মূল্যায়ন কর।
সমাধান ও উত্তর
(ক)
বিভারিজ রিপোর্ট ১৯৪২ সালে প্রকাশিত হয়েছিল।
(খ)
বিভারিজ রিপোর্টে মানবসমাজের অগ্রগতির পথে অন্তরায় বা প্রতিবন্ধক হিসেবে পাঁচটি সমস্যাকে চিহ্নিত করা হয়। এ পাঁচটি সমস্যাকে স্যার উইলিয়াম বিভারিজ পঞ্চদৈত্য বলে অভিহিত করেছেন। সমস্যাগুলো হলো- অভাব, অজ্ঞতা, রোগ, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ ও অলসতা।
(গ)
উদ্দীপকে ১৬০১ সালের ইংল্যান্ডের এলিজাবেথীয় দরিদ্র আইন (Elizabethan Poor Law)-এর প্রতি ইঙ্গিত করা হয়েছে।
১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইন ইংল্যান্ডের ইতিহাসে দরিদ্রদের কল্যাণে একটি যুগান্তরকারী পদক্ষেপ। পূর্ববর্তী ৪২টি আইন ব্যর্থ হওয়ার পর এই আইনটি প্রণীত হয়। পূর্ববর্তী দরিদ্র আইনগুলোর ব্যর্থতা ও অসারতা দূর করা, দরিদ্রদের যথাযথ ও সুষ্ঠু সাহায্যদান, কর্মসংস্থান সৃষ্টি করে দরিদ্রদের আত্মনির্ভরশীল করা ও সার্বিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দরিদ্রদের ভাগ্যোন্নয়নের লক্ষ্যে এই আইন প্রণয়ন করা হয়। এই দরিদ্র আইনে দরিদ্রের সক্ষম, অক্ষম এবং নির্ভরশীল বালক-বালিকা এই তিন ভাগে ভাগ করে পৃথক কার্যক্রমের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হয়।
এই আইনের মাধ্যমে দরিদ্র ও অসহায়দের দায়িত্ব সরকারি অনুশাসনের মাধ্যমে স্বীকার করা হয়। ১৬০১ সালের আইন পূর্ববর্তী দরিদ্র-সহায়তা ব্যবস্থাকে সংহত করে পারিশভিত্তিক সাহায্য ও কর সংগ্রহের দায়িত্ব সুস্পষ্ট করে। এর মাধ্যমে দরিদ্রদের সমস্যাকে ব্যক্তিগত না দেখে সামাজিক সমস্যা হিসেবে গণ্য করা হয় এবং এর সমাধানে রাষ্ট্রীয় দায়িত্বের বিষয়টি প্রতিষ্ঠিত হয়।
অতএব বলা যায়, উদ্দীপকে ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের প্রতি ইঙ্গিত করা হয়েছে।
(ঘ)
সমাজকর্ম পেশা বিকাশের ক্ষেত্রে ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের গুরুত্ব অপরিসীম। এই আইনকে আধুনিক সমাজকর্মের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়।
১৬০১ সালের দরিদ্র আইন পূর্ববর্তী প্রাতিষ্ঠানিক দরিদ্র-সহায়তা ব্যবস্থাকে সংহত ও সুসংগঠিত করে। এর আগেও চার্চ, পারিশ এবং পূর্ববর্তী আইনের অধীনে দরিদ্রদের সহায়তার ব্যবস্থা ছিল। ১৬০১ সালের আইনের মাধ্যমে একটি নির্দিষ্ট প্রশাসনিক কাঠামোর অধীনে দরিদ্রদের সাহায্য করা শুরু হয়, যা পরবর্তীকালে পেশাদার সমাজকর্মের বিকাশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটিই সমাজকর্মকে একটি সুশৃঙ্খল এবং সংগঠিত পেশা হিসেবে গড়ে তোলার প্রাথমিক পদক্ষেপ ছিল।
'এই আইন দরিদ্রদের শ্রেণিকরণ করে ভিন্ন ভিন্ন উপায়ে সাহায্য করার পদ্ধতি চালু করে, যা আধুনিক সমাজকর্মে একটি গুরুত্বপূর্ণ দিক। এই আইনে দরিদ্রের সক্ষম, অক্ষম এবং নির্ভরশীল বালক-বালিকা এই তিনটি শ্রেণিতে ভাগ করে তাদের জন্য আলাদা আলাদা ব্যবস্থা করা হয়েছিল। এই আইন অনুযায়ী, স্থানীয় প্রশাসন দরিদ্রের দায়িত্ব গ্রহণ করে এবং তাদের সেবা দিতে বাধ্য থাকে। এমনকি যারা কাজ করতে সক্ষম কিন্তু কাজ করছে না তাদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হয়। বেকার, শিশু, অক্ষম ও ভবঘুরে লোকদের জন্য পুনর্বাসন, তত্ত্বাবধান ও প্রশিক্ষণমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এই আইনের অন্যতম বিশেষত্ব ছিল সমাজের বিত্তবানদের ওপর 'দরিদ্র কর' আরোপ, যা দরিদ্রদের কল্যাণে ব্যয় হতো।
পরিশেষে বলা যায়, সমাজকর্ম পেশার বিকাশের ক্ষেত্রে ১৬০১ সালের দরিদ্র আইনটি ছিল একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা পরবর্তীতে সমাজকর্মকে পেশাদার সমাজকর্মে রূপ দিতে সাহায্য করে।
কালু মিয়া লাঙল দিয়ে জমি চাষ করে বলে তাকে বেশি সংখ্যক শ্রমিক নিয়োগ দিতে হয়। ফলে তার উৎপাদন খরচ বেড়ে যায়। কিন্তু ইংল্যান্ডে লাঙলের পরিবর্তে ট্রাক্টর আবিষ্কার হওয়ায় শ্রমিক কম নিয়োগ দিতে হয়। তাই তার উৎপাদন খরচ হ্রাস পায় এবং জীবনযাত্রা সহজ হয়।
৩. ১৬০১ সালের দরিদ্র আইন কততম দরিদ্র আইন?
নগরায়ণ বলতে কী বোঝায়?
উদ্দীপকের পরিবর্তনকে কী নামে অভিহিত করা যায়? ব্যাখ্যা কর।
আর্থসামাজিক জীবনে উক্ত পরিবর্তনের, প্রভাব বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
১৬০১ সালের দরিদ্র আইনটি ৪৩তম দরিদ্র আইন।
(খ)
গ্রামীণ জীবনপদ্ধতি থেকে শহুরে জীবনপদ্ধতিতে রূপান্তরিত হওয়া ও সেই মোতাবেক ব্যবহারিক, রীতিনীতির পরিবর্তন সাধনই হচ্ছে নগরায়ণ। নগরায়ণ বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝায়, যাতে কৃষিভিত্তিক পেশা বা জীবনব্যবস্থা থেকে অকৃষিভিত্তিক পেশায় বা জীবনপদ্ধতিতে মানুষ স্থানান্তরিত হয়।
(গ)
উদ্দীপকের পরিবর্তনকে শিল্প বিপ্লব নামে অভিহিত করা যায়।
শিল্পবিপ্লব হচ্ছে কৃষিভিত্তিক, হস্তশিল্পনির্ভর ক্ষুদ্রায়ন উৎপাদন ও অর্থনীতি থেকে শিল্প ও যন্ত্রচালিত বৃহদায়তন উৎপাদনব্যবস্থায় পরিবর্তনের একটি প্রক্রিয়া। মূলত অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি থেকে উনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ের মধ্যে ইংল্যান্ড এবং অন্যান্য দেশে উৎপাদনব্যবস্থায় যে যুগান্তকারী পরিবর্তন আসে, তার প্রভাবে একটি গোটা যুগের অবসান হয়ে অন্য একটি নতুন যুগের আবির্ভাব ঘটে। এর ফলে যোগাযোগ, বিজ্ঞান প্রযুক্তিসহ সমাজের সব ক্ষেত্রে উন্নয়নের উৎকর্ষতা বৃদ্ধি পায় এবং আর্থসামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিকসহ সব ক্ষেত্রে সুদূরপ্রসারী প্রভাব বিস্তার করে। ঐতিহাসিক টয়েনবি একে শিল্পবিপ্লব নামে আখ্যায়িত করেন।
উদ্দীপকে কালু মিয়া লাঙল দিয়ে জমি চাষ করেন, যার ফলে তাকে অনেক শ্রমিক নিয়োগ করতে হয় এবং উৎপাদন খরচ বেশি হয়। অন্যদিকে, ইংল্যান্ডে লাঙলের পরিবর্তে ট্রাক্টর ব্যবহারের ফলে কম শ্রমিক প্রয়োজন হয় এবং উৎপাদন খরচ কমে যায়। এটি হলো কৃষি প্রযুক্তির একটি বড় পরিবর্তন, যা শিল্প বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই বিপ্লবের ফলে উৎপাদন পদ্ধতির পরিবর্তন ঘটে, হাতে তৈরি পণ্যের বদলে যন্ত্রচালিত কারখানায় পণ্য উৎপাদন শুরু হয়। এতে করে কম সময়ে, কম খরচে বেশি পণ্য উৎপাদন করা সম্ভব হয়।
সুতরাং এসব তথ্য বিবেচনায় নিয়ে উদ্দীপকের পরিবর্তনটিকে শিল্প বিপ্লব নামে অভিহিত করা যায়।
(ঘ)
উদ্দীপকে উল্লিখিত শিল্প বিপ্লব আর্থসামাজিক জীবনে ব্যাপক প্রভাব ফেলেছিল। এ পরিবর্তন সমাজের বিভিন্ন ক্ষেত্রে গভীর প্রভাব সৃষ্টি করে, যা নিচের বিশ্লেষণ করা হলো-
অর্থনৈতিক প্রভাব: উৎপাদন পদ্ধতির পরিবর্তন অর্থনৈতিক কাঠামোতে নতুন দিগন্ত উন্মোচন করে। কৃষিনির্ভর অর্থনীতি ধীরে ধীরে শিল্পভিত্তিক অর্থনীতিতে রূপান্তরিত হয়। নতুন নতুন শিল্পকারখানা গড়ে ওঠে, যার ফলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়। কাঁচামালের চাহিদা এবং উৎপাদিত পণ্যের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় বাণিজ্য প্রসারিত হয়, যা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করে।
সামাজিক প্রভাব: শিল্প বিপ্লবের ফলে সমাজে নতুন নতুন শ্রেণি সৃষ্টি হয়। যেমন- শিল্পপতি, পুঁজিবাদী এবং শ্রমিক শ্রেণি। গ্রাম থেকে মানুষ কাজের সন্ধানে শহরে আসতে শুরু করে, যা নগরায়ণের সূচনা করে। শহরের বস্তিগুলোতে বসবাসের খারাপ পরিবেশ, শ্রমিকের জীবনযাপনের দুর্দশা এবং স্বাস্থ্যঝুঁকি সামাজিক সমস্যা সৃষ্টি করে। পাশাপাশি, নারী ও শিশুদের কারখানায় কাজে নিয়োগ করা হতো, যা তাদের স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলত। তবে এ পরিবর্তনগুলো ধীরে ধীরে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নেও ভূমিকা রাখে। নতুন নতুন শিল্পপ্রতিষ্ঠান, হাসপাতাল এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে, যা মানুষের জীবনকে আরও সহজ করে তোলে।
সুতরাং উক্ত আলোচনা থেকে বলা যায় যে আর্থসামাজিক জীবনে শিল্প বিপ্লবের গুরুত্ব অপরিসীম।
উৎস তীর গন্তব্য
? → সকলের সমান সুযোগ
? → আত্মনিয়ন্ত্রণ অধিকার
? → গণতান্ত্রিক অধিকার
? → ব্যক্তি স্বাধীনতা
৪. পেশা শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
জনকল্যাণমুখিতা বলতে কী বোঝায়?
উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে সমাজকর্মের কোন দিকটি বসবে? ব্যাখ্যা কর।
সমাজকর্ম পেশার মান উন্নয়নে উদ্দীপকে উল্লিখিত দিকগুলোর গুরুত্ব আলোচনা কর।
সমাধান ও উত্তর
(ক)
পেশার ইংরেজি প্রতিশব্দ Profession ল্যাটিন Professio শব্দ থেকে উদ্ভূত।
(খ)
জনকল্যাণমুখিতা হলো জনগণের কল্যাণে পরিচালিত হওয়া। প্রত্যেক পেশার জনকল্যাণমুখী হওয়া আবশ্যক। পেশা অর্থই হলো সমাজের প্রতিটি মানুষের সেবা করা। তাই পেশাকে জনস্বার্থের প্রতি দৃষ্টি রাখতে হয়। কেননা জনকল্যাণবিরোধী কোনো কাজ পেশার মর্যাদা পেতে পারে না।
(গ)
উদ্দীপকে '?' চিহ্নিত স্থানটিতে সমাজকর্মের পেশাগত মূল্যবোধ বসবে। এর কারণ হলো, সমাজকর্ম পেশা কিছু নির্দিষ্ট মূল্যবোধের ওপর ভিত্তি করে পরিচালিত হয়। এ মূল্যবোধগুলো সমাজকর্মীর পেশাগত আচরণ, সিদ্ধান্ত গ্রহণ এবং অনুশীলনকে প্রভাবিত করে।
সমাজকর্ম পেশার মূল্যবোধ হলো পেশা হিসেবে সমাজকর্ম অনুশীলনের মানদণ্ড, যার সাহায্যে সমাজকর্ম পেশা সুশৃঙ্খলভাবে এবং পরিকল্পনামাফিক পরিচালিত হয়ে থাকে। সমাজকর্ম পেশার মূল্যবোধগুলো হলো ব্যক্তি স্বাধীনতা, আত্মনিয়ন্ত্রণ অধিকার, গণতান্ত্রিক অধিকার, সকলের সমান অধিকার, ব্যক্তির মূল্য ইত্যাদি।
উদ্দীপকে. উল্লিখিত সকলের সমান সুযোগ, আত্মনিয়ন্ত্রণ অধিকার ও ব্যক্তি স্বাধীনতা সবগুলো সমাজকর্ম পেশার মূল্যবোধের অন্তর্ভুক্ত। সমাজকর্ম সকলের জন্য সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করে। এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল এবং প্রত্যেক ব্যক্তির মৌলিক অধিকারকে গুরুত্ব দেয়। সমাজকর্ম ব্যক্তি স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন করে, প্রত্যেকের স্বকীয়তাকে মূল্যায়ন করে এবং এমন একটি পরিবেশ তৈরি করতে সচেষ্ট থাকে যেখানে মানুষ নিজের জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা ভোগ করতে পারে। আত্মনিয়ন্ত্রণের এ অধিকারকে সমাজকর্ম দৃঢ়ভাবে সমর্থন করে, যাতে ব্যক্তি নিজস্ব ক্ষমতা ও পছন্দ অনুযায়ী জীবন পরিচালনা করতে পারে।
অতএব বলা যায়, এই মূল্যবোধগুলো সমাজকর্ম পেশার নৈতিক ভিত্তি। এই মূল্যবোধগুলো মেনে চলার মাধ্যমে একজন সমাজকর্মী পেশাদারিত্বের সর্বোচ্চ মান বজায় রাখতে পারে এবং সমাজে উন্নয়ন ও কল্যাণ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
(ঘ)
সমাজকর্ম পেশার উন্নয়নে উদ্দীপকে উল্লিখিত দিকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজকর্ম পেশার এ মূল্যবোধগুলো সমাজকর্মীদের নৈতিক মানদণ্ড নির্ধারণ করে এবং তাদের পেশাদারিত্বকে উন্নত করে।
সকলের সমান সুযোগ: এ নীতি সমাজকর্মীদের বৈষম্যহীন সেবা প্রদানের জন্য উৎসাহিত করে। যখন একজন সমাজকর্মী সকল ব্যক্তিকে সমান সুযোগের ভিত্তিতে সেবা দেন, তখন তার পেশাদারিত্বের প্রতি মানুষের আস্থা বাড়ে। এর ফলে সমাজে কোনো ব্যক্তিই তার জাতি, ধর্ম, লিঙ্গ বা আর্থসামাজিক অবস্থার কারণে সেবা থেকে বঞ্চিত হয় না। এটি পেশার গ্রহণযোগ্যতাকে বৃদ্ধি করে।
গণতান্ত্রিক অধিকার: গণতান্ত্রিক অধিকারের প্রতি শ্রদ্ধাবোধ একজন সমাজকর্মীকে ক্লায়েন্টের মতামতকে গুরুত্ব দিতে শেখায়। ক্লায়েন্ট তার সমস্যা সমাধানের প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করার সুযোগ পায়। এতে ক্লায়েন্ট সমাজকর্মী সম্পর্ক আরও শক্তিশালী হয় এবং পেশার মান উন্নত হয়। এটি সমাজকর্মীকে স্বৈরাচারী মনোভাব পরিহার করতে এবং সহযোগী হিসেবে কাজ করতে সাহায্য করে।
আত্মনিয়ন্ত্রণ অধিকার: সমাজকর্মের একটি মৌলিক নীতি হলো ক্লায়েন্টের আত্মনিয়ন্ত্রণ অধিকারকে সম্মান করা। যখন একজন সমাজকর্মী ক্লায়েন্টকে তার জীবনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয়, তখন ক্লায়েন্ট তার সমস্যা সমাধানে আরও বেশি দায়িত্বশীল হয়। এটি তাদের আত্মবিশ্বাস এবং আত্মসম্মান বাড়াতে সাহায্য করে। এই নীতি সমাজকর্মীকে নির্দেশ দেয় যেন তারা ক্লায়েন্টের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে না দেয়, যা পেশার নৈতিকতাকে উন্নত করে।
ব্যক্তিস্বাধীনতা: ব্যক্তিস্বাধীনতা নীতি সমাজকর্মীকে শিখিয়ে দেয় যে প্রতিটি ব্যক্তির নিজস্ব বিশ্বাস, সংস্কৃতি এবং জীবনধারা রয়েছে। একজন সমাজকর্মীকে অবশ্যই ক্লায়েন্টের এই স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এটি সমাজকর্মীকে বিভিন্ন সংস্কৃতির মানুষের সাথে কাজ করতে এবং তাদের প্রতি সংবেদনশীল হতে সাহায্য করে। এর ফলে সমাজকর্মীরা আরও বেশি অন্তর্ভুক্তিমূলক এবং কার্যকর সেবা প্রদান করতে পারে।
অতএব, বলা যায়, উদ্দীপকে উল্লিখিত এ দিকগুলো সমাজকর্ম পেশার মূল্যবোধের অংশ। এগুলোকে যথাযথভাবে অনুসরণ করার মাধ্যমেই সমাজকর্ম পেশার তার লক্ষ্য অর্জনে সক্ষম হয় এবং পেশাগত মান উন্নত হয়

রাজশাহী বোর্ড ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।