দিনাজপুর বোর্ড ২০২৩

এইচএসসি · সমাজকর্ম ২য় পত্র

দিনাজপুর বোর্ড ২০২৩

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

বেকার স্বামী নিয়ে রোকেয়া অভাব-অনটনে দিন অতিবাহিত করে। জীবিকা নির্বাহ করতে তাকে গৃহকর্মীর কাজ করতে হয়। একদিন তার গৃহকর্তা ছেলেমেয়েরা স্কুলে যায় কিনা জানতে চাইলে সে জানায়, পাঁচ সন্তানকে দু'বেলা দু'মুঠো খাবারের সংস্থান ও অসুস্থ হলে স্বাস্থ্যসেবা প্রদান করা যেখানে সম্ভব হয় না সেখানে স্কুলে পাঠানো এক প্রকার বিলাসিতারই নামান্তর।
১. মানবিক চাহিদা কী?
চিত্তবিনোদন বলতে কী বোঝায়?
উদ্দীপকে রোকেয়ার যেসব মৌল মানবিক চাহিদা পূরণ হচ্ছে না সেগুলো চিহ্নিত করে ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত মৌল মানবিক চাহিদা অপূরণে নেতিবাচক প্রভাবসমূহ বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
সুস্থ ও স্বাভাবিক মানুষ হিসেবে সমাজবদ্ধ জীবনযাপনের জন্য যেসব চাহিদা পূরণ একান্ত অপরিহার্য সেগুলোই হলো মানবিক চাহিদা।
(খ)
নির্মল আনন্দ ও আমোদ-প্রমোদ লাভের পন্থাই হলো বিনোদন। বিনোদনের মাধ্যমে মানুষের চিত্ত জাগ্রত হয়। তাই বিনোদনকে অনেক সময় চিত্তবিনোদন বলা হয়। চিত্তবিনোদন এমন এক কার্যক্রম, যা আনন্দ ও তৃপ্তিদায়ক অভিজ্ঞতা অর্জন এবং সৃজনশীল অনুভূতি প্রকাশের সুযোগ দান করে। চিত্তবিনোদনের মাধ্যমে মানুষের মনে আনন্দের সৃষ্টি হয় যা মানুষকে তৃপ্তি দানে সহায়তা করে।
(গ)

উদ্দীপকে উল্লিখিত রোকেয়ার পরিবারের খাদ্য, চিকিৎসা এবং শিক্ষার মতো মৌলিক চাহিদাগুলো পূরণ হচ্ছে না। ব্যাখ্যা করা হলো-

বেকার স্বামী ও পাঁচ সন্তানের জন্য জীবিকা নির্বাহ করতে রোকেয়াকে গৃহকর্মীর কাজ করতে হয়। তাতেও বেশ অভাব-অনটনের মধ্য দিয়েই পরিবার নিয়ে সে দিনাতিপাত করে। প্রথমত, রোকেয়ার পরিবারের খাদ্য ঘাটতি রয়েছে। খাদ্য হলো সেই জৈব উপাদান, যা গ্রহণের মাধ্যমে জীবদেহের গঠন, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, তাপ ও শক্তি উৎপাদনের মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিক থাকে। খাদ্যহীন মানুষ স্বাস্থ্যহীনতায় ভোগে। দ্বিতীয়ত, রোকেয়ার কথায় তার পরিবারে চিকিৎসার অভাব পরিলক্ষিত হয়। সীমিত আয়ের মাধ্যমে সে তার সন্তানদের সুচিকিৎসা দিতে সক্ষম নয়। দৈহিক, মানসিক, সামাজিক ও আত্মিক মঙ্গলজনক অবস্থা নির্ভর করে স্বাস্থ্যের ওপর। তৃতীয়ত, রোকেয়ার ভাষ্য অনুযায়ী পাঁচ সন্তানকে দু'বেলা দু'মুঠো খাবারের সংস্থান এবং অসুস্থ হলে স্বাস্থ্যসেবা প্রদান করা যেখানে সম্ভব হয় না, সেখানে সন্তানদের স্কুলে পাঠানো এক প্রকার বিলাসিতারই নামান্তর। যদিও শিক্ষা সকলের জন্যই আবশ্যক। ব্যক্তি ও সমাজের উন্নতি নির্ভর করে শিক্ষার ওপর। তাই বলা যায়, রোকেয়ার পরিবারের তার সন্তানদের খাদ্য, চিকিৎসা এবং শিক্ষার মতো মৌল মানবিক চাহিদাগুলো পূরণ হচ্ছে না।

(ঘ)

যে কোনো দেশের সামাজিক সমস্যা উদ্ভবের অন্যতম কারণ হলো মৌলিক মানবিক চাহিদা পূরণের ব্যর্থতা।
মৌলিক মানবিক চাহিদার যথাযথ পরিপূরণ না হলে যেমন সমস্যার সৃষ্টি হয়, তেমনি স্বাভাবিক উপায়ে মৌলিক চাহিদা
পূরণে ব্যর্থ হয়ে অস্বাভাবিক বা অবৈধ উপায় অবলম্বনের মাধ্যমে এগুলো পূরণের প্রচেষ্টা থেকেও বিভিন্ন সমস্যার সৃষ্টি
হয়।
উল্লিখিত মৌল মানবিক চাহিদা অপূরণে নেতিবাচক প্রভাবসমূহ বিশ্লেষণ করা হলোঃ

১. পুষ্টিহীনতা: মৌল মানবিক চাহিদা পূরণের ব্যর্থতা থেকে সৃষ্ট সবচেয়ে উল্লেখযোগ্য সমস্যা হলো
পুষ্টিহীনতা। সাধারণত খাদ্যে পুষ্টি উপাদানের অভাব, পরিমাণগত স্বল্পতা এবং সংশ্লিষ্ট অন্যান্য কারণে সৃষ্ট অবস্থাই হচ্ছে
পুষ্টিহীনতা। খাবারের ছয়টি উপাদানের যে কোনো একটি খাদ্যতালিকায় পর্যাপ্ত পরিমাণে না থাকলে বা অনুপস্থিত থাকলে
পুষ্টি-প্রক্রিয়া ব্যাহত হয়। ফলে দেহে সে উপাদানের ঘাটতিজনিত রোগের লক্ষণ প্রকাশ পায়।
২. নিরক্ষরতা ও অজ্ঞতা: নিরক্ষরতা ও অজ্ঞতা মৌলিক মানবিক চাহিদা অপূরণজনিত একটি মারাত্মক সমস্যা। নিরক্ষরতা বলতে অক্ষরজ্ঞানহীন অবস্থা এবং অজ্ঞতা বলতে জ্ঞানের অভাবকে বোঝায়। নিরক্ষর ব্যক্তি দৈনন্দিন জীবনের ছোট ও সাধারণ বক্তব্য উপলব্ধিসহ লিখতে ও পড়তে অক্ষম হন।
৩. বেকারত্ব: বেকারত্ব হলো এমন কর্মহীন অবস্থা, যে অবস্থায় কর্মহীনতার প্রভাবে কর্মক্ষম ব্যক্তি নিজের প্রয়োজনীয় অর্থনৈতিক চাহিদা স্বাধীনভাবে পূরণে অক্ষম হয়। বেকারত্বের ক্ষেত্রে খাদ্য, বাসস্থান, স্বাস্থ্য,শিক্ষা প্রভৃতি চাহিদা প্রভাবিত করবে।

একটি সামাজিক প্রতিষ্ঠান সমাজ সংস্কারে উদ্বুদ্ধ করে, সামাজিক ঐক্য ও শৃঙ্খলা রক্ষা করে এবং ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। ওই প্রতিষ্ঠানের অনুপ্রেরণাই হলো সমাজকল্যাণের মূল চালিকাশক্তি।
২. মুসলিম পারিবারিক আইন প্রণীত হয় কত সালে?
আইন প্রয়োগকারী সংস্থা বলতে কী বোঝায়?
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি মানবকল্যাণে কি ভূমিকা রাখতে পারে তা ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত সর্বশেষ উক্তিটির সাথে তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
সমাধান ও উত্তর
(ক)
মুসলিম পারিবারিক আইন প্রণীত হয় ১৯৬১ সালে।
(খ)
আইন প্রয়োগকারী সংস্থা বলতে ওইসব সংস্থাকে বোঝায় যারা দেশের বিদ্যমান আইনসমূহ নাগরিকদের কল্যাণে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করে থাকে। মানুষের জানমালের নিরাপত্তা, রক্ষা, অধিকার প্রতিষ্ঠা, অপরাধমূলক কার্যক্রম তদন্ত ও অপরাধী খুঁজে বের করা এবং অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে থাকে। রাষ্ট্র দেশের জনগণের জানমালের নিরাপত্তা ও অধিকার রক্ষার জন্য আইন প্রণয়ন করে; আইন প্রয়োগকারী সংস্থা তা কার্যকর করে।
(গ)

উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি মৌল ও সার্বজনীন প্রতিষ্ঠান ধর্মকে নির্দেশ করে, যা মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিচে তা ব্যাখ্যা করা হলো-

ধর্ম সমাজ সংস্কারে উদ্বুদ্ধ করে, সামাজিক ঐক্য ও শৃঙ্খলা রক্ষা করে, ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে, সামাজিক নিয়ন্ত্রণ করে, আর্তমানবতার সেবা ও জনকল্যাণ সাধন করে। সামাজিক সংস্কারের অন্যতম নিয়ামক হলো ধর্ম। সামাজিক সংহতি ও ঐক্য বজায় রাখার ক্ষেত্রে ধর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধর্মীয় বিশ্বাস মানুষকে সংযত ও সহনশীল হতে এবং অপরের সঙ্গে সম্প্রীতির সূত্রে আবদ্ধ হয়ে সামাজিক ঐক্যের আদর্শ রক্ষায় উৎসাহিত করে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সামাজিক মেলামেশায় গুরুত্বপূর্ণ কেন্দ্র। সমাজের বিভিন্ন শ্রেণির লোক নিজ নিজ ধর্মের প্রার্থনার জন্য তাদের উপাসনালয়ে সমবেত হয়। ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে এরূপ মেলামেশা মানুষের মধ্যে সহানুভূতি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। সামাজিক নিয়ন্ত্রণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকরী মাধ্যমও ধর্ম। এর মাধ্যমে মানুষকে সঠিক পথের দিশা দেওয়া যায়।

তাই বলা যায় যে , সমাজ সংস্কার, সামাজিক ঐক্য ও শৃঙ্খলা রক্ষা সর্বোপরি মানবকল্যাণে ধর্ম সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

(ঘ)

উদ্দীপকের সর্বশেষ উক্তি হলো- ধর্মীয় অনুপ্রেরণাই সমাজকল্যাণের মূল চালিকা শক্তি। উক্তিটির সাথে আমি একমত। নিচে আমার উত্তরের স্বপক্ষে যুক্তি দেওয়া হলো-

মানবকল্যাণের চিরন্তন বাণী নিয়েই প্রতিটি ধর্মের আবির্ভাব। ধর্মীয় অনুশাসনের প্রেরণাতেই মানুষ অতীতকাল থেকে আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে। আধুনিক সমাজকল্যাণ দর্শনের সর্বজনীন ভিত্তি হলো ধর্মীয় অনুশাসন ও প্রেরণা। ধর্মীয় শিক্ষা ও আদর্শে অনুপ্রাণিত হয়েই মানুষ মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করেছে। বিশ্বের বিভিন্ন ধর্মে সমাজসেবামূলক প্রথা-প্রতিষ্ঠান রয়েছে। যাকাত সাদকাহ, দান, দেবোত্তর প্রথা, চ্যারিটি প্রভৃতি ধর্মীয় প্রথা মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। ধর্মীয় অনুশাসনের প্রেরণাতেই এতিমখানা, লঙ্গরখানা, অনাথ আশ্রম, দাতব্য হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান প্রভৃতি প্রাতিষ্ঠানিক সেবাকর্মে মানুষ এগিয়ে এসেছে। আধুনিক সমাজকল্যাণের বিকাশে ধর্মীয় দর্শন এবং সমাজসেবামূলক ধর্মীয় প্রথা-প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাক-শিল্পযুগের ঐতিহ্যবাহী ধর্মীয় সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সংগঠিত রূপই আধুনিক সমাজকল্যাণ। আধুনিক যুগেও অপেশাদার সমাজসেবা কার্যক্রম প্রচলিত রয়েছে।তাই বলা যায়, ধর্মীয় অনুশাসন ও জীবন দর্শন সমাজকল্যাণের দিকনির্দেশক হিসেবে ভূমিকা পালন করছে।

লিপি ও আপন ভালো বন্ধু। পারিবারিক ও সামাজিক স্বীকৃতির মাধ্যমে তারা বিশেষ বন্ধনে আবদ্ধ হয়। তাদের মধ্যকার এ সামাজিক বন্ধনই সাধারণত স্থায়িভাবে সম্পর্ক প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে।
৩. পরিবার কী?
গণমাধ্যমকে সমাজের দর্পণ বলা হয় কেন?
উদ্দীপকে বর্ণিত বিষয়টি কোন সামাজিক প্রতিষ্ঠানকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
"সামাজিক সমস্যা প্রতিরোধে এবং নৈতিক অবক্ষয় রোধে উক্ত প্রতিষ্ঠানটির ভূমিকা অনন্য"- উক্তিটি বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
পরিবার হলো বিবাহের মাধ্যমে স্ত্রী-পুরুষের একত্রে বসবাস করার সমাজস্বীকৃত প্রতিষ্ঠান।
(খ)
গণমাধ্যম হলো জনগণের মতামতের বাহন। গণমাধ্যম ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকারের কাছে জনগণের মতকে পৌঁছে দিয়ে তাদের চিন্তাচেতনা, পছন্দ, অপছন্দ, সামাজিক বিভিন্ন বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গিকে প্রতিফলন ঘটায়। তাই গণমাধ্যমকে সমাজের দর্পণ বলা হয়। গণমাধ্যম এমন এক ধরনের মাধ্যম যাদের সাহায্যে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা সরকারের কাছে দেশের সব খবর কিংবা জনগনের মতকে তুলে ধরা হয়।
(গ)

উদ্দীপকে বর্ণিত বিষয়টি সামাজিক প্রতিষ্ঠান বিবাহকে নির্দেশ করে।

স্থাপিত পারিবারিক ও স্বীকৃত বন্ধনটি হলো বিবাহ। কেননা পুরুষ ও স্ত্রীর মাঝে সামাজিক, আইনগত ও ধর্মীয় স্বীকৃতির মাধ্যমে যে চুক্তি সম্পন্ন হয় তাই হচ্ছে বিবাহ। বিবাহ এমন একটি সামাজিক প্রতিষ্ঠান, যা একজন পুরুষ ও একজন নারীকে একত্রে বসবাস করার চূড়ান্ত ক্ষমতা প্রদান করে। পরিবার গঠনের পূর্বশর্ত বিবাহ। বিবাহের মাধ্যমে দম্পতি পারিবারিক জীবনে প্রবেশ করে এবং সমাজস্বীকৃতভাবে সন্তান জন্মদানের অধিকার লাভ করে। আবার বিবাহ এমন একটি প্রতিষ্ঠান, যা সন্তান জন্মদানের পরও স্থায়ী থাকে। বিবাহ সমাজব্যবস্থাকে টিকিয়ে রাখতে সহায়তা করে।

তেমনি উদ্দীপকের লিপি ও আপন পারিবারিক ও সামাজিক স্বীকৃতির মাধ্যমে বিশেষ বন্ধনে আবদ্ধ হয়। তাদের মধ্যকার এ সামাজিক বন্ধনই সাধারণত স্থায়িভাবে সম্পর্ক প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে।

তাই বলা যায় , লিপি ও আপনের মধ্যে স্থাপিত বন্ধন, যা স্থায়ী সম্পর্ক প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে থাকে, তা হচ্ছে বিবাহ।

(ঘ)

সামাজিক সমস্যা প্রতিরোধে এবং নৈতিক অবক্ষয় রোধে উদ্দীপকের প্রতিষ্ঠান বিবাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

বিবাহ নারী-পুরুষের সম্পর্ককে সামাজিক স্বীকৃতি দেয় এবং পারস্পরিক দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ করে। স্বামী-স্ত্রীর সহযোগিতা, শ্রদ্ধা ও দায়িত্বশীল আচরণ পারিবারিক স্থিতিশীলতা গড়ে তুলতে সহায়ক। বিবাহের মাধ্যমে গড়ে ওঠা পরিবারে সন্তানের লালন-পালন, সামাজিকীকরণ ও নৈতিক শিক্ষার পরিবেশ সৃষ্টি হয়। দাম্পত্য অধিকার, ভরণপোষণ ও সন্তানের প্রতি দায়িত্ব পালন অবহেলা ও পারিবারিক বিরোধ প্রতিরোধে সহায়তা করে।

তবে শুধু বিবাহ সম্পন্ন হলেই সব সামাজিক সমস্যা দূর হয় না; পারস্পরিক সম্মান, অধিকার রক্ষা এবং দায়িত্ব পালনও জরুরি। তাই বিবাহ প্রতিষ্ঠানটির ভূমিকা তার সুষ্ঠু অনুশীলনের ওপর নির্ভর করে।

করিম সাহেব তার বড় ছেলে মারা যাবার পর তার সম্পত্তি জীবিত সন্তানদের মধ্যে বণ্টন করেন। কিন্তু বড় ছেলের সন্তানদের তিনি কোনো সম্পদ প্রদান করেননি। এ ক্ষেত্রে তিনি দেশে প্রচলিত আইন ভঙ্গ করেন।
৪. দেনমোহর কী?
সামাজিক আইন বলতে কী বোঝায়?
উদ্দীপকে কোন আইনের কথা বলা হয়েছে? এর উল্লেখযোগ্য ধারাগুলো বর্ণনা কর।
শিশুর কল্যাণ এবং নিরাপত্তায় উদ্দীপকে ইঙ্গিতকৃত আইনটি মূল্যায়ন কর।
সমাধান ও উত্তর
(ক)
দেনমোহর হলো মুসলিম বিবাহে স্ত্রীকে প্রদেয় অর্থ বা সম্পদ, যা স্ত্রীর প্রাপ্য অধিকার।
(খ)
রাষ্ট্রের সার্বভৌম কর্তৃপক্ষ প্রণীত যেসব বিধিবিধান ও আইনকানুন সমাজজীবন হতে অবাঞ্ছিত অবস্থা দূর করে সুন্দর, সুষ্ঠু ও প্রগতিশীল সমাজ গড়ে তুলতে প্রয়াস পায়, সেগুলোই সামাজিক আইন নামে পরিচিত। অর্থাৎ সামাজিক স্থিতিশীলতা ও সংহতি বজায় রাখা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সামাজিক সমস্যা দূর করার জন্য প্রণীত সরকারি আইনই সামাজিক আইন।
(গ)

উদ্দীপকে মুসলিম পারিবারিক আইন ১৯৬১ সালের কথা বলা হয়েছে। নিচে উল্লেখযোগ্য ধারা গুলো বর্ণনা করা হলো-

১. বিবাহ রেজিস্ট্রেশন: মুসলিম আইন অনুসারে প্রতিটি বিবাহ রেজিস্ট্রেশন করতে হবে। সরকারি লাইসেন্স প্রাপ্ত ব্যক্তির মাধ্যমে রেজিস্ট্রি করলে উক্ত নিকাহ রেজিস্টার্ড বলে গণ্য হবে।

২. বিবাহের বয়স: বর্তমানে ছেলের ২১ ও মেয়ের ১৮ বছরের সীমা বাল্যবিবাহ নিরোধ আইন,২০১৭-এর সংজ্ঞার সঙ্গে সম্পর্কিত; এগুলোকে ১৯৬১ অধ্যাদেশের সরাসরি মূল বিধান বলা ঠিক নয়।

৩. দেনমোহর: এ আইন অনুসারে স্ত্রীর দেনমোহর পরিশোধ করা বাধ্যতামূলক করা হয়।

৪. দ্বিতীয় বিবাহ: এ আইনের মাধ্যমে দ্বিতীয় বিবাহের ওপর শর্তসাপেক্ষে বিধিনিষেধ আরোপ করা হয়।

৫. তালাক: চেয়ারম্যানকে লিখিত নোটিশ এবং স্ত্রীকে তার কপি দিতে হয়; সাধারণভাবে চেয়ারম্যানের নোটিশপ্রাপ্তি থেকে ৯০ দিন পরে কার্যকারিতা আসে। স্ত্রী গর্ভবতী হলে ৯০ দিন বা গর্ভাবসান—যেটি পরে—পর্যন্ত অপেক্ষা প্রযোজ্য।

৬. ভরণপোষণ: এ আইনের মাধ্যমে স্বামী কর্তৃক স্ত্রীকে ভরণপোষণ দেওয়া বাধ্যতামূলক করা হয়।

৭. উত্তরাধিকার: এ আইনের মাধ্যমে উত্তরাধিকারপ্রাপ্তির সুনির্দিষ্ট রূপরেখা চিত্রায়িত করা হয়েছে।

(ঘ)

মুসলিম পারিবারিক আইন ১৯৬১ সালে উত্তরাধিকার আইনের মাধ্যমে শিশুর কল্যাণ এবং নিরাপত্তার বিধান নিশ্চিত করা হয়েছে। নিচে আইনটি মূল্যায়ণ করা হলো-

মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ৪ ধারায় সম্পত্তির মালিকের আগে তার পুত্র বা কন্যা মারা গেলে, মালিকের মৃত্যুর পর উত্তরাধিকার উন্মুক্ত হওয়ার সময় জীবিত নাতি-নাতনিরা শাখাভিত্তিকভাবে তাদের পিতা বা মাতা জীবিত থাকলে যে অংশ পেতেন সেই অংশ পাবে। মালিক জীবিত থাকা অবস্থায় দান বা বণ্টন এবং মৃত্যুর পর উত্তরাধিকার এক বিষয় নয়। উক্ত আইনের মাধ্যমে এতিম শিশুদের উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিকানা স্বীকার করে তাদের কল্যাণ এবং নিরাপত্তা দানের ব্যবস্থা করা হয়েছে। মুসলিম পারিবারিক আইন ১৯৬১ প্রণয়নের পূর্বে দাদা জীবিত থাকা অবস্থায় বাবা মারা গেলে দাদার সম্পত্তির ভাগ থেকে নাতি-নাতনিদের বঞ্চিত করা হতো। ১৯৬১ সালে প্রণীত মুসলিম পারিবারিক আইন এতিম শিশুদের উত্তরাধিকারের স্বীকৃতি দানের মাধ্যমে শিশুদের কল্যাণ ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত হয়েছে। মুসলিম পারিবারিক আইন ১৯৬১ সালের উপযুক্ত কল্যাণকর অনেক দিক থাকলেও জনগণের সচেতনতার অভাবে বাস্তবে তা ততটা কার্যকর হয়ে উঠছে না। জনগণের সচেতনতা, দায়িত্বশীলতা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাহায্য-সহযোগিতার মাধ্যমে উক্ত আইন আরও ফলদায়ক হয়ে উঠবে।

দিনাজপুর বোর্ড ২০২৩ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।