চট্টগ্রাম বোর্ড ২০২৩

এইচএসসি · সমাজবিজ্ঞান ১ম পত্র

চট্টগ্রাম বোর্ড ২০২৩

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

শাপলা বিশ্ববিদ্যালয়ে যে বিষয়ে ভর্তি হয়েছে অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পর সমাজজীবনে যে বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে, তারই প্রেক্ষাপটে সেটির উদ্ভব হয়েছে। আর এই বিষয়টি সমাজের সামগ্রিক দিক নিয়ে আলোচনা করে।
১. Sociology শব্দটির উৎপত্তি হয়েছে কত খ্রিস্টাব্দে?
সমাজবিজ্ঞানকে সামাজিক সম্পর্কের বিজ্ঞানভিত্তিক পাঠ বলা হয় কেন?
উদ্দীপকের আলোকে শাপলার পঠিত বিষয়ের প্রকৃতি ব্যাখ্যা কর।
মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে উক্ত বিষয়ের জ্ঞান অপরিহার্যতা - বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
প্রচলিত পাঠ্য উত্তরে ১৮৩৯ খ্রিষ্টাব্দ উল্লেখ করা হয়; কোঁতের Positive Philosophy-এর চতুর্থ খণ্ড সে বছর প্রকাশিত হয়। শব্দটি রচনায় ব্যবহারের সময় হিসেবে ১৮৩৮ সালও আলোচিত।
(খ)

সমাজের মানুষের পারস্পরিক সম্পর্কের বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ করার কারণে সমাজবিজ্ঞানকে সামাজিক সম্পর্কের বিজ্ঞানভিত্তিক পাঠ বলা হয়।

সমাজের মানুষের আচার-আচরণ, আদর্শ, মূল্যবোধ, কার্যাবলী, রীতি-নীতি কিভাবে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠে এবং কিভাবে এর চলমানতা বজায় থাকে ইত্যাদি নিয়ে অধ্যায়ন করতে গিয়ে পুরো সমাজের মধ্যেই অনুসন্ধান করতে হয়। তাই সমাজবিজ্ঞানকে সমাজের বিজ্ঞানভিত্তিক পাঠ বলা হয়।

(গ)

শাপলার পঠিত বিষয়টি হলো সমাজবিজ্ঞান। নিম্নে উদ্দীপকের আলোকে সমাজবিজ্ঞানের প্রকৃতি ব্যাখ্যা করা হলো :

উনবিংশ শতাব্দীর মাঝামাঝি পাশ্চাত্যের শিল্প বিপ্লব ও রাজনৈতিক, সামাজিক বিপ্লবের যুগে সমাজবিজ্ঞানের জন্ম। সমাজবিজ্ঞান এমন একটি শাস্ত্র যা সমাজের সামগ্রিক দিক নিয়ে বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ, অনুসন্ধান ও আলোচনা করে। উদ্দীপকের শাপলা যে বিষয়ে ভর্তি হয়েছে সেটি অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পর সমাজ জীবনে যে বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে তার প্রেক্ষাপটে উদ্ভব হয়েছে। এছাড়াও এই বিষয়টি সমাজে সামগ্রিক দিক নিয়ে আলোচনা করে। অর্থাৎ শাপলার পঠিত বিষয়টি হচ্ছে সমাজবিজ্ঞান।

সমাজ বিজ্ঞান মূলত সমাজের বিজ্ঞানভিত্তিক পূর্ণাঙ্গ পাঠ। এটি সমাজের মানুষের আচার-আচরণ, আদর্শ-মূল্যবোধ, ব্যক্তি ও সামাজিক প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্কসহ গোটা সমাজকে বিজ্ঞানভিত্তিক উপায়ে বিশ্লেষণ ও গবেষণা করে। এই ক্ষেত্রে সমাজ বিজ্ঞান তার বৈজ্ঞানিক চরিত্র বজায় রাখতে গিয়ে গবেষণার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিরপেক্ষ থাকে। তাই সামাজবিজ্ঞানকে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান হিসেবে ও গণ্য করা হয়।

প্রকৃতিগত দিক থেকে সমাজবিজ্ঞান কোন ব্যবহারিক বিজ্ঞান নয় বরং একটি তাত্ত্বিক বিজ্ঞান। সমাজবিজ্ঞান একই সাথে স্থিতিশীলতা ও গতিশীলতার বিজ্ঞান। এটি একদিকে যেমন পরিবার, শিক্ষা, ধর্ম, রাজনৈতিক, বিবাহ প্রভৃতি স্থায়ী প্রতিষ্ঠানের আলোচনা করে একই সাথে এই সকল সামাজিক প্রতিষ্ঠান কিভাবে কালের পরিক্রমায় পরিবর্তিত হচ্ছে তা নিয়েও আলোচনা করে।

(ঘ)

মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে উক্ত বিষয় তথা সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য। নিম্নে উক্তিটি বিশ্লেষণ করা হলো :

সমাজের পূর্ণাঙ্গ বিজ্ঞান ভিত্তিক পাঠ হচ্ছে সমাজবিজ্ঞান। সমাজে বসবাসরত মানুষের সাথে কিভাবে চলতে হবে, সম্পর্ক গড়ে তুলতে হবে এবং একতাবদ্ধ ভাবে থাকতে হবে তা সমাজবিজ্ঞান পাঠ করলে সহজে জানা যায়। আমাদের সমাজে বিভিন্ন প্রতিষ্ঠান আছে। যেমন পরিবার, বিবাহ, রাষ্ট্র ইত্যাদি। এই প্রতিষ্ঠানগুলোর কার্যাবলী সম্পর্কেও সমাজবিজ্ঞান গবেষণা ও পর্যালোচনা করে। সমাজ বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে উক্ত প্রতিষ্ঠানগুলোর সাথে মানুষের সম্পর্ক গড়ে তোলা যথেষ্ট সহায়ক।

সমাজ বিজ্ঞান শাস্ত্রে মূল্যবোধ, আবেগ, অনুভূতি ও স্বার্থ সম্পর্কে বিস্তারিত পাঠ করা হয়। আবার পাশাপাশি সমাজের জ্ঞাতিসম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক পরিস্থিতি, ধর্মীয় আচরণ, শিক্ষা প্রভৃতির বিস্তারিত ধারণা প্রদান করা হয়। সাধারণত মানুষের জন্ম গ্রহণের ফলে পরিবার এই তার প্রাথমিক সামাজিকীকরণ সম্পন্ন হয়। পরিবারের সদস্যদের সাথে তার সম্পর্ক এবং আচার-আচরণ নির্ধারণের ক্ষেত্রেও সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য। আবার একই সাথে মূল্যবোধ চর্চার ক্ষেত্রেও এটি ভূমিকা পালন করে।

তাই বলা যায়, "মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য।" উক্তিটি যথার্থ।

উনবিংশ শতকের মধ্যভাগে সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত নবীন একটি শাস্ত্রের উদ্ভব হয়েছে। পৃথক একটি শাস্ত্র হিসেবে নবীন হলেও এর উৎপত্তির প্রেক্ষাপট অনেক পুরনো। মানব সভ্যতার ইতিহাসে সমাজ সৃষ্টির সময় থেকেই এই সম্পর্কিত চিন্তাভাবনা শুরু হয়েছে। গ্রিক দার্শনিক প্লেটো, অ্যারিস্টটল, রুশো, ইবনে খালদুন প্রমূখ সে চিন্তার উত্তরসূরী।
২. The Prince গ্রন্থের রচয়িতা কে?
সমাজবিজ্ঞান প্রাকৃতিক বিজ্ঞান নয় - বুঝিয়ে লেখ।
উদ্দীপকে কোন শাস্ত্র সম্পর্কে ইঙ্গিত দেওয়া হয়েছ? ব্যাখ্যা কর।
উক্ত শাস্ত্রটির উৎপত্তির পটভূমি বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
The Prince গ্রন্থের রচয়িতা ইতালীর দার্শনিক নিকোলো ম্যাকিয়াভেলি।
(খ)

প্রাকৃতিক বিজ্ঞান হচ্ছে প্রকৃতি সম্পর্কিত বিজ্ঞান। আর সমাজবিজ্ঞান হল সমাজ সম্পর্কিত বিজ্ঞান। সমাজ বিজ্ঞানে বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি অবলম্বন করে বিভিন্ন সূত্র দেয়া হয়। প্রাকৃতিক বিজ্ঞানকে যেমন বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও পরীক্ষাগারে নিয়ে কাটা ছেঁড়া করা যায়, সমাজের মানুষের আচরণ আচার-আচরণকে তা করা সম্ভব হয় না।

তাই সমাজবিজ্ঞান প্রাকৃতিক বিজ্ঞান নয়।

(গ)

উদ্দীপকে সমাজবিজ্ঞান শাস্ত্র সম্পর্কে ইঙ্গিত দেওয়া হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো :

উনবিংশ শতাব্দীর মধ্যভাগে সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞান আত্মপ্রকাশ করে। মূলত পাশ্চাত্যের শিল্প বিপ্লব কাল এই সমাজবিজ্ঞানের জন্ম হয়। ফরাসি চিন্তাবিদ অগাস্ট কোঁৎকে বলা হয় সমাজবিজ্ঞানের জনক। অগাস্ট কোঁৎ ১৮৩৯ সালে Sociology শব্দটি চয়ন করেন। তিনি সমাজ বিশ্লেষনের জন্য একটি আলাদা বিজ্ঞানের প্রয়োজনীয়তা অনুভব করেন এবং সেই অনুভব থেকেই পরবর্তীতে একটি বিজ্ঞানের জন্ম দেন। তবে সে সময় তিনি এই বিজ্ঞানের নাম দেন Social Physics। পরবর্তী সময়ে তিনি এটিকে Sociology নামে অভিহিত করেন। সমাজবিজ্ঞান সমাজের মানুষের আচার-আচরণ, আদর্শ-মূল্যবোধ, ব্যক্তি ও সামাজিক প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্কসহ গোটা সমাজকে বিজ্ঞানভিত্তিক উপায়ে বিশ্লেষণ ও গবেষণা করে। তবে এটি নতুন সৃষ্টি হয় একটি বিজ্ঞান হলেও সমাজব্যবস্থাকে জানার ও বোঝার প্রচেষ্টা শুরু হয়েছে বহু আগে থেকে। গ্রীক দার্শনিক প্লেটো ও এরিস্টটল তাদের লেখনীতে সমাজ সম্পর্কিত সুসংবদ্ধ চিন্তা চেতনা ও বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা করেছিলেন। এছাড়াও মুসলিম দার্শনিক ইবনে খালদুন তার আল মুকাদ্দিমা গ্রন্থে সামাজিক ঘটনাবলীর ব্যাখ্যা উল্লেখ করেন।

উদ্দীপকে ও এমন একটি শাস্ত্রের কথা উল্লেখ করা হয়েছে যেটি সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত এবং উনবিংশ শতকের মধ্যভাগে এটির উদ্ভব হয়। তবে এ শাস্ত্রটি নবীন হলেও এর প্রেক্ষাপট অনেক পুরনো। মানব সভ্যতার ইতিহাসে সমাজ সৃষ্টির সময় থেকেই এই নিয়ে চিন্তাভাবনা শুরু হয়। গ্রিক দার্শনিক প্লেটো, অ্যারিস্টটল, রুশো, ইবনে খালদুন প্রমূখ এই শাস্ত্রের উত্তরসূরী।

তাই বলা যায়, উদ্দীপকে সমাজবিজ্ঞান শাস্ত্র সম্পর্কে ইঙ্গিত দেওয়া হয়েছে।

(ঘ)

উক্ত শাস্ত্রটি তথা সমাজবিজ্ঞানের উৎপত্তির পটভূমি নিম্নে বিশ্লেষণ করা হলো :

সমাজের বিভিন্ন বিষয় সম্পর্কে চিন্তাভাবনা সমাজের মতোই প্রাচীন। এটি সমাজবিজ্ঞান উনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে পাশ্চাত্যে শিল্প বিপ্লব ও রাজনৈতিক সামাজিক বিপ্লবের যুগে জন্ম লাভ করে। তবে শুরুর দিকে মুখ্য নয় বরং আনুষঙ্গিক বিষয় হিসেবে সমাজচিন্তার সূত্রপাত ঘটে। এর্মিল ডুর্খেইমের মতে, সমাজবিজ্ঞান রাষ্ট্রীয় দর্শণ, ইতিহাসের দর্শন, জীববিজ্ঞান এর বিবর্তনবাদ ও এবং সামাজিক জরিপ থেকে উৎপত্তি হয়েছে।

পাশ্চাত্য সমাজে সর্বপ্রথম গ্রিক দার্শনিক প্লেটো ও এরিস্টটল সমাজ সম্পর্কিত ধারাবাহিক চিন্তাভাবনা ও বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যার সূত্রপাত ঘটান। প্লেটো তার The Republic গ্রন্থে আদর্শ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়াস দেখান। আবার তার ছাত্র এরিস্টটল The Politics গ্রন্থে সামাজিক সমস্যার ক্ষেত্রে অধিকতর বাস্তবতা নিরিখে যুক্তি তত্ত্বের মাধ্যমে আদর্শ সমাজ ব্যবস্থার রূপায়ণের চেষ্টা করেন। এছাড়াও সমাজ বিষয়ক বিভিন্ন চিন্তাভাবনার কারণে অনেকেই ইবনে খালদুনকে সমাজবিজ্ঞানের আদি জনক হিসেবে অভিহিত করেন। তিনি তার বিখ্যাত আল মুকাদ্দিমা গ্রন্থে সামাজিক ঘটনাবলী Umran প্রত্যয় দ্বারা ব্যাখ্যা করেন। মূলত বিভিন্ন সময়ের দার্শনিক, সমাজ ও রাষ্ট্রচিন্তাবিদদের চিন্তাভাবনা এবং লেখনীর প্রভাবে সমাজবিজ্ঞানের উৎপত্তি হয়েছে।

তন্বীর বিয়ে হঠাৎ করে ঠিক হয়েছে। গত মাসে তার বড় বোন তাহামিনা মারা গিয়েছে। বোনের দুটি সন্তানের অসহায়ত্বের কথা চিন্তা করে তন্বী বাবা-মার কথামতো তার বড় বোনের স্বামীকে বিয়ে করতে রাজি হয়।
৩. জৈবিক জ্ঞাতিসম্পর্ক কি?
পরিবারকে শিশুর প্রাথমিক বিদ্যালয় বলা হয় কেন? বুঝিয়ে লেখ।
উদ্দীপকে কোন ধরনের বিবাহের চিত্র ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত বিবাহের ধরণ ব্যতীত বাংলাদেশ আরও বিভিন্ন ধরনের বিবাহ প্রচলিত আছে - বক্তব্যটি যৌক্তিকতা বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
রক্ত বা জন্মসূত্রে গড়ে ওঠা আত্মীয়তার সম্পর্ককে জৈবিক বা রক্তসম্পর্কীয় জ্ঞাতিসম্পর্ক বলে।
(খ)
প্রতিটি শিশুই প্রাথমিকভাবে তার মৌলিক শিক্ষাগুলো পরিবার থেকে লাভ করে থাকে। আর এই পরিবারের থেকেই গড়ে ওঠে তার শিশুর প্রাথমিক জীবনের ভীত। আচার-আচরণ, নিয়মানুবর্তিতা, নৈতিকতা, ধর্মীয় বিধি-বিধান, চাল চলন, কথাবার্তা ইত্যাদি বিষয়গুলো শিশু পরিবার থেকেই গ্রহণ করে থাকে। আর মাতাই শিশুর জীবনের শ্রেষ্ঠ শিক্ষিকা। তাই পরিবারকে শিশুর প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বলা হয়।
(গ)

উদ্দীপকে সরোরেট বিবাহের চিত্র ফুটে উঠেছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো :

পাত্র-পাত্রীর পরিচয় এর ভিত্তিতে বিবাহের অন্যতম একটি উদাহরণ হল সরোরেট বিবাহ। এই প্রথায় কোন ব্যক্তির স্ত্রী মৃত্যু বরণ করলে তিনি মৃত স্ত্রীর বোনকে বিবাহ করেন। সাধারণত কোন মৃত নারী সন্তান রেখে গেলে তার লালন-পালন ও ভবিষ্যৎ নিরাপত্তা এবং আত্মীয়তার সম্পর্ক অক্ষুন্ন রাখার কথা চিন্তা করে এই ধরনের বিবাহ সংঘটিত হয়। শ্যালিকাকে বিবাহ করা হয় বলে এই ধরনের প্রথাকে শ্যালিকা বিবাহ রীতিও বলা হয়।

উদ্দীপকের চিত্রেও ধরনের বিষয়কে ইঙ্গিত করা হয়েছে। তন্বীর বড় বোন তাহামিনার গত মাসে মারা গিয়েছে। তাহমিনার দুটি সন্তান আছে। আর তাই তাহামিনার সন্তানদের অসহায়ত্বের কথা চিন্তা করে তন্নির বাবা-মা তাহমিনার স্বামীর সাথে তন্নীর বিয়ে দিতে চান এবং তন্বীও তাদের কথাটি মেনে বিয়ে করতে রাজি হয়। অর্থাৎ উদ্দীপকে ও শালিকাকে বিয়ে করার বিষয়টিকে ইঙ্গিত করা হয়েছে।

তাই বলা যায়, উদ্দীপকে সরোরেট বিবাহের চিত্র ফুটে উঠেছে।

(ঘ)

উদ্দীপকের উক্ত বিবাহের ধরণ তথা সরোরেট বিবাহ ছাড়াও আমাদের সমাজে আরো বিভিন্ন ধরনের বিবাহের দেখা যায়। নিম্নে তা বিশ্লেষণ করা হলো :

বাংলাদেশের সবচেয়ে প্রচলিত বিবাহ ব্যবস্থা হচ্ছে একক বিবাহ। একক বিবাহে একজন মহিলা ও একজন পুরুষের মধ্যে বিবাহ হয়। তবে একজন পুরুষের যদি একাধিক মহিলার সাথে বিবাহ হয় তবে তাকে বহু স্ত্রী বিবাহ বলে।

উদ্দীপকে সরোরেট বিবাহের কথা বলা হয়েছে। যে প্রথায় কোন ব্যক্তির স্ত্রী মারা গেলে তার শালিকার সাথে তার বিবাহ হয়। আবার যদি কোন মহিলার স্বামী মারা যায় সেক্ষেত্রে স্বামীর ভাইয়ের সাথে উক্ত মহিলার বিবাহ হয়। যাকে লেভিরেট বিবাহ বা ভ্রাতৃবিধবা বিবাহও বলা হয়। এছাড়াও চাচাতো ভাই বোনের মধ্যে ও খালাতো ভাই বোনের মধ্যে বিবাহ হলে তাকে সমান্তরাল কাজিনবিবাহ এবং মামাতো ভাই বোন ও ফুফাতো ভাই বোনের মধ্যে বিবাহ হলে তাকে বিষম বিবাহ বলে। এই ধরনের বিবাহ আমাদের দেশে মুসলমান সমাজে বহুল প্রচলিত।

আবার পাত্র পাত্রীর বর্ণের হিসাবে বিবাহ দুই প্রকার - অনুলোম বিবাহ এবং প্রতিলোম বিবাহ। সাধারণত হিন্দু সমাজে এরূপ বিবাহ পরিলক্ষিত হয়। যখন উঁচু বর্ণের পাত্রের সাথে নিচু বর্ণের পাত্রীর বিবাহ হয় তখন তাকে অনুলোম বিবাহ বলে। আবার অন্যদিকে যখন নিচু বর্ণের পাত্রের সাথে উঁচু বর্ণের পাত্রীর বিবাহ হয় তখন তাকে প্রতিলোম বিবাহ বলে। তবে বাংলাদেশে বহুল প্রচলিত বিবাহ হচ্ছে স্থিরকৃত বিবাহ। এই ধরনের বিবাহের ক্ষেত্রে পাত্র-পাত্রীর অভিভাবকরাই পাত্র-পাত্রীর মনোনয়ন করে বিবাহের সম্বন্ধ স্থির করে। এছাড়াও আরেক ধরনের বিশেষ বিবাহ প্রচলিত রয়েছে সেটি হল প্রেম গঠিত বিবাহ বা রোমান্টিক বিবাহ। এই ক্ষেত্রে পাত্র-পাত্রীর নিজের ইচ্ছায়ই বিবাহ সম্পাদিত হয়।

নদীর মা-বাবা দুজনেই চাকরিজীবী। কাজের মেয়ের তত্ত্বাবধানে সে বড় হচ্ছে। প্রায়ই তার মা-বাবার মধ্যে ঝগড়া-বিবাদ হয়। অনাদরে-অবহেলায় বড় হওয়ার কারণে সে অন্য মানুষদের সাথে খাপ খাইয়ে চলতে পারে না। শুধু তাই নয়, তার মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতিও প্রবল।
৪. তথ্যপ্রযুক্তি কি?
রাজনৈতিক দল কোন ধরনের সামাজিক গোষ্ঠী? বুঝিয়ে লেখ।
নদীর খাপছাড়া আচরণের জন্য সামাজিকীকরণ এর কোন বাহনটি দায়ী? ব্যাখ্যা কর।
উক্ত বাহনের নেতিবাচক প্রভাবে নদীর ভবিষ্যত জীবন কোন দিকে যেতে পারে? বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
তথ্য আদান-প্রদানের কৃৎকৌশলই হলো তথ্যপ্রযুক্তি।
(খ)

রাজনৈতিক দল হচ্ছে গৌণ ও ঐচ্ছিক সামাজিক গোষ্ঠী।

সাধারণত যে দলের সদস্যদের মধ্যে নিয়মানুগ, প্রাতিষ্ঠানিক ও নৈব্যত্তিক সম্পর্ক থাকে তাকে মাধ্যমিক বা গৌণ দল বলে। আর যে দলে ব্যক্তি তার নিজের ইচ্ছায় সদস্যভুক্ত হয় তাকে ঐচ্ছিক দল বলে। রাজনৈতিক দল যেহেতু নিয়মানুগ ও প্রাতিষ্ঠানিক এবং ব্যক্তি নিজের ইচ্ছায় অন্তর্ভুক্ত হয় তাই রাজনৈতিক দল একই সাথে গৌণ ও ঐচ্ছিক সামাজিক গোষ্ঠীর অন্তর্ভুক্ত।

(গ)

নদীর খাপছাড়া আচরণের জন্য সামাজিকীকরণ এর পরিবার বাহনটি দায়ী। নিম্নে তা ব্যাখ্যা করা হলো :

পরিবার হচ্ছে সেই সামাজিকীকরণের প্রাথমিক বাহন। সাধারণত শিশুর শিক্ষার প্রথম হাতেখড়ি পরিবারেই হয়। আবার শিশুরা যেহেতু অনুকরণপ্রিয় তাই পারিবারিক পরিবেশে শিশুরা যা দেখে, ব্যক্তিত্ব গঠনে তা আজীবন ভূমিকা পালন করে। যার ফলে শিশুরা তার বাবা-মায়ের আদর্শ ও সংস্কৃতিতে বিশ্বাস করে এবং সাধারণত সেই আদর্শ ও সংস্কৃতিতেই বিশ্বাসী হয়। আর তাই শিশু সামাজিকীকরণের বিভিন্ন উপকরণের মধ্যে পরিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং প্রভাব বিস্তার করে।

উদ্দীপকের নদীর বাবা-মা দুজনেই চাকরিজীবী হওয়ায় যে কাজের মেয়ের তত্ত্বাবধানে সে বড় হয়। এছাড়াও তার বাবা মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হয় এবং অনাদরে অবহেলায় বড় হওয়ায় সে পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে পারেনা। এছাড়াও তার মধ্যে আত্মবিশ্বাসেরও ঘাটতি দেখা যায়। প্রথমত ও পরিবারের কোন তত্ত্বাবধান না থাকায় তার সামাজিকীকরণে পরিবারের তেমন কোনো ভূমিকা দেখা যায় না। আবার তার বাবা-মায়ের ঝগড়া বিবাদ এর কারণে তার আচরণের মধ্যেও অস্বাভাবিকতা দেখা দেয়।

তাই বলা যায়, নদীর খাপছাড়া আচরণের জন্য সামাজিকীকরণ এর পরিবার বাহনটি দায়ী।

(ঘ)

উক্ত বাহন তথা পরিবারের নেতিবাচক প্রভাবে নদীর ভবিষ্যত জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। নিম্নে তা বিশ্লেষণ করা হলো :

নদীর বাবা-মা দুজনেই চাকুরীজীবী হওয়ায় তারা ব্যস্ত থাকে। যার ফলে তারা নদীকে সময় দিতে পারে না এবং কাজের মেয়ে তত্ত্বাবধানে সে বড় হয়। পিতা-মাতা যেভাবে আদর যত্ন ও ভালোবাসা দিয়ে সন্তানদের বড় করে কাজের লোক সেভাবে করে না। যার ফলে আদর যত্নের ঘাটতির কারণে নদীর ব্যক্তিত্বের বিকাশ বাধাগ্রস্ত হবে। এছাড়াও তার আচরণেও অস্বাভাবিকতা দেখা দিতে পারে। এছাড়াও এর ফলে তার মধ্যে একদিকে যেমন আত্মবিশ্বাস কমে যাবে, অন্যদিকে সে কাউকে আপন মনে করবে না। কারো প্রতি তার ভালোবাসা জন্মাবে না। যার ফলে সে পরিবেশে খাপ খাইয়ে চলতেও পারবেনা।

অন্যদিকে শিশুরা সাধারণত অনুকরণপ্রিয়। তাই তারা শিশু বয়সে যা দেখে এবং যা শেখে তাদের পরবর্তী জীবনে সেগুলোরই প্রভাব লক্ষ্য করা যায়। নদীর বাবা-মার ঝগড়া-বিবাদের ফলে তার মনে বিরূপ প্রতিক্রিয়া ফেলবে এবং তার মধ্যে অসুখী মনোভাব গড়ে উঠবে। এতে করে তার ব্যক্তিত্বের বিকাশ বাধাগ্রস্ত হবে। এছাড়াও তার বাবা-মা আর মধ্যকার দ্বন্দর কারণে তার মনে অসহায় জন্ম নিবে যা পরবর্তীতে তাকে উগ্র ও অসামাজিক আচরণের দিকে ঠেলে দিবে। এছাড়াও তার বাবা মার দ্বন্দ্বের কারণে তার মধ্যে ঈর্ষা, হঠকারিতা, স্বার্থপরতা, অপরাধ প্রবণতা ইত্যাদির বহিঃপ্রকাশ দেখা দিতে পারে।

তাই বলা যায়, পরিবারের নেতিবাচক প্রভাবে নদীর ভবিষ্যত জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

তবে পারিবারিক সমস্যার কারণে ভবিষ্যৎ অনিবার্যভাবে নেতিবাচক হবে না। স্নেহপূর্ণ যত্ন, নিরাপদ সম্পর্ক, শিক্ষা ও উপযুক্ত সহায়তা পেলে শিশুর আত্মবিশ্বাস ও সামাজিক দক্ষতা বিকশিত হতে পারে।

চট্টগ্রাম বোর্ড ২০২৩ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।