দিনাজপুর বোর্ড ২০২৫

এইচএসসি · সমাজবিজ্ঞান ১ম পত্র

দিনাজপুর বোর্ড ২০২৫

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

তানিয়া বিশ্ববিদ্যালয়ে যে বিষয়টিতে ভর্তি হয়েছে অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পর সমাজজীবনে বৈপ্লবিক পরিবর্তন ঘটে যাওয়ার প্রেক্ষাপটেই সেটির উদ্ভব হয়েছে। আর এ বিষয়টি সমাজের সামগ্রিক দিক নিয়ে আলোচনা করে এবং সমাজের বাস্তবতা অনুধাবনে সাহায্য করে।
১. "সমাজবিজ্ঞান সমাজের স্থিতিশীলতা ও গতিশীলতার বিজ্ঞান।” -উক্তিটি কার?
পরিবার একটি সার্বজনীন প্রতিষ্ঠান- বুঝিয়ে লেখ।
উদ্দীপকে তানিয়ার পঠিত বিষয়টি কী? ব্যাখ্যা কর।
সমাজজীবনে প্রতিটি ক্ষেত্রে উক্ত বিষয়টির জ্ঞান অপরিহার্য-ব্যাখ্যা কর।
সমাধান ও উত্তর
(ক)
"সমাজবিজ্ঞান সমাজের স্থিতিশীলতা ও গতিশীলতার বিজ্ঞান।”- উক্তিটি অগাস্ট কোঁৎ-এর।
(খ)
পরিবার সর্বাপেক্ষা আদিম প্রতিষ্ঠান, একটি স্থায়ী সামাজিক সংগঠন। এ সংগঠন থেকেই মানবজাতির বিকাশ লাভ হয়েছে এবং সাথে সাথে সমাজের অগ্রগতি ও পরিবারের রূপ-কাঠামো পরিবর্তন হয়েছে। পরিবারের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি একটি সার্বজনীন প্রতিষ্ঠান। পৃথিবীর এমন কোনো সমাজ নেই যেখানে পরিবারের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এজন্য পরিবার হলো একটি সার্বজনীন প্রতিষ্ঠান।
(গ)
এই উদ্দীপকের তানিয়ার পঠিত বিষয়টি হলো সমাজবিজ্ঞান।
সমাজবিজ্ঞান এমন একটি শাস্ত্র, যা সমাজের সামগ্রিক দিক নিয়ে বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ, অনুসন্ধান ও আলোচনা করে। একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের উদ্ভব ঘটেছে মূলত উনবিংশ শতকের মাঝামাঝি পাশ্চাত্যের শিল্প বিপ্লব ও রাজনৈতিক সামাজিক বিপ্লবের যুগে। ফরাসি দার্শনিক অগাস্ট কোঁৎ ১৮৩৯ সালে সমাজ অধ্যয়নে একটি আলাদা বিজ্ঞানের প্রয়োজনীয়তা অনুভব করে এর নাম দেন Social Physics. পরবর্তীতে এর নাম পরিবর্তন করে রাখেন Sociology. এরপর থেকেই সমাজবিজ্ঞান বিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা হিসেবে আত্মপ্রকাশ করে। সমাজবিজ্ঞান সম্পর্কে সর্বজন স্বীকৃত কোনো সংজ্ঞা নেই। বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে নানাভাবে সমাজবিজ্ঞানকে সংজ্ঞায়িত করার প্রয়াস পেয়েছেন। যেমন-সমাজবিজ্ঞানী এমিল ডুর্খেইমের মতে, "সমাজবিজ্ঞান হচ্ছে অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞান।" আর. টি. শেফার তার 'Sociology' নামক গ্রন্থে বলেন, "সমাজবিজ্ঞান হলো মানবগোষ্ঠী এবং সামাজিক আচরণের সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক পাঠ।”
উদ্দীপকের তানিয়ার পঠিত বিষয়টির উৎপত্তির প্রেক্ষাপট ও বিষয়বস্তুর সাথে সমাজবিজ্ঞানের সাদৃশ্য রয়েছে। কেননা উভয়ের জন্ম শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে এবং বিষয় দুটি সমাজের সামগ্রিক দিক নিয়ে আলোচনা করে। সুতরাং বলা যায়, তানিয়ার পঠিত বিষয়টি সমাজবিজ্ঞান।
(ঘ)
মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে উক্ত বিষয় অর্থাৎ সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ ও যৌক্তিক।
বাস্তবিক অর্থে সমাজবিজ্ঞানের উদ্দেশ্য হলো গোটা সমাজের নিখুঁত বিশ্লেষণ। সমাজবিজ্ঞান সমাজকাঠামো এবং বিভিন্ন অনুষ্ঠান-প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক, ভূমিকা ও কার্যাবলি সম্পর্কে পঠন-পাঠন ও গবেষণা করে। উদ্দীপকের তানিয়া সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে সমাজের সামগ্রিক দিক সম্পর্কে জানতে পারবে। কেননা সমাজবিজ্ঞান হলো মানবসমাজ, সম্পর্কিত বিজ্ঞান। মানবসমাজ তথা সামাজিক মানুষের সামাজিক আচরণ নিয়ে সমাজবিজ্ঞান পর্যালোচনা - করে থাকে। বাস্তবিক অর্থে সমাজবিজ্ঞানের উদ্দেশ্য হলো, গোটা সমাজের নিখুঁত বিশ্লেষণ। আমরা গোটা সমাজকে মানবসমাজের সামগ্রিক পাঠ বলে আলোচনা করতে পারি। মানুষের যেকোনো সামাজিক আচরণই সমাজবিজ্ঞানের আওতাভুক্ত। কেননা সমাজবিজ্ঞান ও এর বিভিন্ন শাখা-প্রশাখা সর্বদা সমাজস্থ মানুষের সাথে সম্পর্কিত বিষয়াদি নিয়ে গবেষণা, পর্যালোচনা ও সমাধানের পথনির্দেশ করে থাকে। মানুষের পারিপার্শ্বিক অবস্থার অর্থাৎ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রতিটি উপাদান সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয়। আর সমাজবিজ্ঞানের এ প্রতিটি উপাদানের মূল উদ্দেশ্য হলো মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে সমাজের কাঙ্ক্ষিত পরিবর্তন সাধন করা।
সুতরাং, এ কথা নির্দ্বিধায় বলা যায়, মানবজীবনে সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য ভূমিকা পালন করে থাকে।
কাজল ও পারুল দুই বান্ধবী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। কাজল যে বিষয়টা নিয়ে পড়ছে, সেটিকে সমাজের পূর্ণাঙ্গ পাঠ বলা হয়। এটির উদ্দেশ্য হলো সমাজে বসবাসকারী মানুষের পারস্পরিক সম্পর্ককে বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ করা। অন্যদিকে, পারুলের পঠিত বিষয় মানুষ, তার উদ্ভব ও বিকাশ, মানুষের দৈহিক গঠন ও সংস্কৃতির ভিন্নতা।
২. 'The New Science' গ্রন্থের রচয়িতা কে?
পরিবার প্রাথমিক দলের একটি উদাহরণ- বুঝিয়ে লেখ।
উদ্দীপকে পারুলের অধ্যয়নের বিষয় কোনটি? ব্যাখ্যা কর।
উদ্দীপকে পারুল ও কাজলের পঠিত বিষয় দুটির সম্পর্ক বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
'The New Science' গ্রন্থের লেখক ভিকো (Vico).
(খ)
পরিবারকে প্রাথমিক দলের একটি উদাহরণ বলা হয় কারণ এর সদস্যদের মধ্যে সরাসরি, ঘনিষ্ঠ এবং ব্যক্তিগত সম্পর্ক বিদ্যমান।
প্রাথমিক দলের প্রধান বৈশিষ্ট্য হলো মুখোমুখি মিথস্ক্রিয়া এবং গভীর মানসিক বন্ধন। পরিবারের সদস্যদের মধ্যে গভীর ভালোবাসা, পারস্পরিক নির্ভরতা এবং সহানুভূতির মতো শক্তিশালী মানসিক বন্ধন থাকে। এই সম্পর্কগুলো ব্যক্তিগত এবং স্থায়ী প্রকৃতির। পরিবারের সদস্যরা একে অপরের আচরণ, মূল্যবোধ ও ব্যক্তিত্বকে গভীরভাবে প্রভাবিত করে, যা একটি ঘনিষ্ঠ ও ঘনিষ্ঠ সামাজিক বন্ধন তৈরি করে।
(গ)
উদ্দীপকের পারুলের অধ্যয়নের বিষয়টি হলো নৃবিজ্ঞান।
সামাজিক বিজ্ঞানের যে শাখায় মানুষের বিজ্ঞানভিত্তিক অধ্যয়ন করা হয় তাকেই নৃবিজ্ঞান বলে। নৃবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানুষ। মানুষের উৎপত্তি, দৈহিক, সামাজিক তথা মানবাচরণের ক্রমবিকাশ সম্পর্কিত গবেষণাও নৃবিজ্ঞানের আলোচ্য বিষয়। মানুষের দুটি সত্তা আছে। জীব সত্তা ও সামাজিক সত্তা। নৃবিজ্ঞান দুটি সত্তা নিয়েই আলোচনা করে। জীব হিসেবে এবং সামাজিক ও সাংস্কৃতিক জীব হিসেবে মানব সমাজ ও সংস্কৃতি নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে তাই নৃবিজ্ঞান। অর্থাৎ নৃবিজ্ঞান হলো জীব হিসেবে মানুষ ও তার সামাজিক কর্মকাণ্ডের বিজ্ঞানভিত্তিক আলোচনা।
উদ্দীপকে উল্লিখিত পারুল যে বিষয়টিতে অধ্যয়ন করে তার আলোচ্য বিষয় হলো মানুষ, তার উদ্ভব ও বিকাশ, মানুষের দৈহিক গঠন ও সংস্কৃতির ভিন্নতা। এ বিষয়সমূহ উপরে আলোচিত নৃবিজ্ঞানের বিষয়বস্তুর সাথে, সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, পারুলের অধ্যয়নকৃত বিষয়টি হলো নৃবিজ্ঞান।
(ঘ)
উদ্দীপকে পারুলের পঠিত বিষয়টি হলো নৃবিজ্ঞান। যা মানুষ তার উদ্ভব ও বিকাশ, দৈহিক গঠন ও সাংস্কৃতিক ভিন্নতা নিয়ে আলোচনা করে। আর কাজলের পঠিত বিষয়টিকে সমাজের পূর্ণাঙ্গ পাঠ বলা হয়। যা সমাজবিজ্ঞানকে নির্দেশ করে। সমাজবিজ্ঞান সমাজে বসবাসকারী মানুষের পারস্পরিক সম্পর্কের বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণও করে থাকে। নৃবিজ্ঞান ও সমাজবিজ্ঞান উভয়ের বিষয়বস্তু ব্যাপক এবং বৈচিত্র্যপূর্ণ। তাই এদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান।
নৃবিজ্ঞান সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা যেখানে সমাজস্থ মানুষের উদ্ভব, বিকাশ, বিবর্তন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা-পর্যালোচনা ও গবেষণা করা হয়। তাই সমাজবিজ্ঞানের সাথে নৃবিজ্ঞানের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। উভয় বিজ্ঞানের গবেষণার বিষয় বা ক্ষেত্রের মধ্যে মিল রয়েছে। সামাজিক ঘটনাসমূহ সম্পর্কে জানতে হলে নৃবিজ্ঞানকে সমাজবিজ্ঞানের দ্বারস্থ হতে হয়। আবার আধুনিক সমাজ পাঠে সমাজের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে জানতে হলে সমাজবিজ্ঞানীকে নৃবিজ্ঞানের দ্বারস্থ হতে হয়। বিষয়বস্তুগত দিক থেকে সমাজবিজ্ঞান সমাজস্থ মানুষের সামাজিক সম্পর্ক এবং সামাজিক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে। আর নৃবিজ্ঞান আলোচনা করে মানুষ নিয়ে। তাই এদের মধ্যে বিষয়বস্তুগত সম্পর্ক বিদ্যমান। গবেষণাগত দিক থেকেও উভয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। কেননা গবেষণার ফলাফল নির্ধারণে একে অপরের দ্বারস্থ হতে হয়। নৃবিজ্ঞানী যখন আধুনিক সমাজ গবেষণার কাজে মনোনিবেশ করেন তখন তাকে অবশ্যই সমাজবিজ্ঞানীর অভিজ্ঞতা ও গবেষণাকর্ম কাজে লাগাতে হয়। সমাজবিজ্ঞানীও নৃবিজ্ঞানীর গবেষণাকর্ম থেকে ক্ষুদ্র ক্ষুদ্র সমাজের জীবনপ্রণালি সম্পর্কে জ্ঞানার্জন করেন এবং এতে তিনি বৃহৎ সমাজ পাঠে উপকৃতই হন। এভাবে সমাজবিজ্ঞানী ও. নৃবিজ্ঞানী একে অপরের গবেষণা কাজে সাহায্য-সহযোগিতা করতে পারেন।
ছক বাম থেকে ডানে উল্লিখিত বিষয়
ছক-১ পাঠাগার; ফুটবল; ক্রিকেট ক্লাব
ছক-২ স্বজাত্য দ্রব্য; নির্দিষ্ট এলাকা; সমজাতীয় জীবনযাত্রা
৩. প্রথা কী?
কাব্য ও কাব্যগ্রন্থ কোন ধরনের সংস্কৃতি? বুঝিয়ে লেখ।
ছক-১-এ সমাজবিজ্ঞানের কোন মৌল প্রত্যয়ের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
ছক-১ ও ছক-২-এর মধ্যে বিদ্যমান পার্থক্যসমূহ বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
প্রথা হলো সামাজিকভাবে স্বীকৃত পন্থা ও রীতি যা বিভিন্ন সামাজিক কার্যকলাপ পালনে অনুসৃত হয়।
(খ)

কাব্য ও কাব্যগ্রন্থের ভৌত রূপ যথাক্রমে অবস্তুগত ও বস্তুগত সংস্কৃতির উদাহরণ।

কবিতার ভাব, ভাষা ও সাহিত্যিক অর্থ অবস্তুগত সংস্কৃতি। অন্যদিকে কাগজ, মলাট ও ছাপার অক্ষরসহ বইটির দৃশ্যমান বস্তুগত অবয়ব বস্তুগত সংস্কৃতি; একই গ্রন্থে সাহিত্যিক অর্থ এবং ভৌত বাহক দুটিই থাকে।

(গ)
ছক-১-এ সমাজবিজ্ঞানের 'সংঘ' নামক মৌল প্রত্যয়ের কথা বলা হয়েছে।
সংঘ বা সমিতি সামাজিক সম্পর্কের বহিঃপ্রকাশের একটি সুশৃঙ্খল রূপ। সংঘ গড়ে ওঠে মূলত কতিপয় মানুষের ইচ্ছার মাধ্যমে। সমাজ সভ্যতার বিবর্তনের সাথে সাথে মানুষের আচার-আচরণ ও রূপগত চাহিদাতেও পরিবর্তন এসেছে। মানুষ যখন এক বা একাধিক নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য সাধনের জন্য সংগঠিত হয় এবং সমবেত প্রচেষ্টাকে সফল করার জন্য কিছু বিধিবিধান মেনে চলে তখন সংঘ গড়ে ওঠে।
উদাহরণ হিসেবে বলা যায়, ট্রেড ইউনিয়ন, শিল্প ও বণিক সমিতি, পাঠাগার, ক্রিকেট ক্লাব, ফুটবল ক্লাব, শ্রমিক সংঘ ইত্যাদি। সংঘ কতকগুলো বৈশিষ্ট্যের মাধ্যমে পরিচালিত হয়। যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- সংঘের এক বা একাধিক উদ্দেশ্য থাকতে পারে, নির্দিষ্ট সাংগঠনিক কার্যক্রম বিদ্যমান, স্থায়িত্ব আপেক্ষিক, নিজস্ব নাম ও প্রতীক, নিজস্ব নিয়মকানুন দ্বারা পরিচালিত।
উদ্দীপকের ছক-১-এ উল্লিখিত পাঠঠাগার, ফুটবল ক্লাব, ক্রিকেট ক্লাব সংঘকেই নির্দেশ করে। উক্ত সংঘসমূহও উপরোক্ত বৈশিষ্ট্যের আলোকে গঠিত ও পরিচালিত হয়ে থাকে। সুতরাং বলা যায়, ছক-১ 'সমাজজীবনের সংঘ নামক মৌল প্রত্যয়ের কথা বলা হয়েছে।
(ঘ)

ছক-১-এর পাঠাগার ও ক্রীড়া কার্যক্রমভিত্তিক সংগঠন সংঘের ধারণা এবং ছক-২-এর নির্দিষ্ট এলাকা ও সাধারণ জীবনযাত্রা সম্প্রদায়ের ধারণা বোঝায়।

সংঘে মানুষ নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য সংগঠিত হয়। সদস্যপদ সাধারণত ঐচ্ছিক এবং নাম, নিয়ম বা কাজের ক্ষেত্র থাকতে পারে।

সম্প্রদায়ের ভিত্তি সাধারণ বসবাসের এলাকা, জীবনযাত্রা ও আমরা-বোধ। এর মধ্যে মানুষের জীবনের বিভিন্ন দিকের সম্পর্ক থাকে; সংঘের কাজ তুলনামূলকভাবে নির্দিষ্ট উদ্দেশ্যকেন্দ্রিক।

একটি সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন সংঘ থাকতে পারে। কোনোটির আইনগত দিক একেবারেই নেই অথবা সংঘের উদ্দেশ্য সাধারণত অনুমান করা যায় না—এ ধরনের দাবি ঠিক নয়; নির্দিষ্ট সংগঠন ও পরিস্থিতি বিবেচনা করতে হয়।

মানুষ সামাজিক জীব। জীবনের মৌলিক' প্রয়োজন মিটিয়ে জীবনকে সুখী ও সমৃদ্ধি করতে নানা প্রচেষ্টা চালায়। এজন্য জ্ঞান, পরিকল্পনা, দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে সে ফসল ফলায়। বাড়ি, ঘর, যানবাহন, পোশাক-পরিচ্ছদসহ নানা প্রযুক্তি আবিষ্কারে নিজকে ব্যস্ত রাখে। এভাবে মানুষ নিত্যনতুন আবিষ্কারের মাধ্যমে শীর্ষে পৌছাতে সক্ষম হয়েছে।
৪. সমাজ কী?
পিতৃসূত্রীয় পরিবার প্রত্যয়টি বুঝিয়ে লেখ।
উদ্দীপকে সমাজবিজ্ঞানের কোন মৌলিক প্রত্যয়ের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উক্ত প্রত্যয়টির সাথে সভ্যতার সম্পর্ক বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
সমাজ হলো মানুষের পারস্পরিক সামাজিক সম্পর্ক, ক্রিয়া-প্রতিক্রিয়া এবং প্রথা-প্রতিষ্ঠানের সমন্বিত ব্যবস্থা।
(খ)
যে পরিবারে সন্তান-সন্ততি পিতার সূত্রে সম্পত্তি এবং বংশ নাম বা মর্যাদা লাভ করে তাকে পিতৃসূত্রীয় পরিবার বলে। পিতৃসূত্রীয় পরিবারে সন্তান-সন্ততি পিতার ধারায় সম্পত্তি এবং বংশ নাম বা মর্যাদা উত্তরাধিকারসূত্রে অর্জন করে। অর্থাৎ এ ধরনের পরিবারে নেতৃত্ব, সম্পত্তি, বংশমর্যাদা ইত্যাদি উত্তরাধিকারসূত্রে পিতা হতে পুত্রে বর্তায়। এখানে দাদা-পিতা-পুত্র-নাতিকে, নানা-মাতা-মেয়ে-নাতনি অপেক্ষা অধিক গুরুত্ব দেয়া হয়। আমাদের প্রচলিত সমাজব্যবস্থাসহ বিশ্বের অনেক দেশের সমাজব্যবস্থায় এ ধরনের পরিবারব্যবস্থা প্রচলিত।
(গ)
উদ্দীপকে সমাজবিজ্ঞানের সংস্কৃতি নামক মৌলিক প্রত্যয়ের কথা বলা হয়েছে।
সমাজবিজ্ঞানের একটি অন্যতম প্রত্যয় হলো সংস্কৃতি। সৃষ্টির শুরু থেকে মানুষকে প্রকৃতির প্রতিকূলতার সাথে সংগ্রাম করে বিকশিত হতে হয়েছে। মানুষই একমাত্র প্রাণী যারা যেকোনো অবস্থার সাথে খাপ খাইয়ে নতুন কিছু সৃষ্টি করতে পারে। প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে মানুষ যেসব চিন্তাভাবনা করেছে এবং যা কিছু। উদ্ভাবন করেছে তার সবটাকেই একত্রে বলা হয় সংস্কৃতি। অর্থাৎ জীবনধারণের জন্য মানুষ যা কিছু করে থাকে তাই হলো তার সংস্কৃতি। সমাজব্যবস্থায় বিদ্যমান সংস্কৃতিসমূহ দুটি ভাগে বিভক্ত। যার একটি হলো বস্তুগত সংস্কৃতি এবং অপরটি হলো অবস্তুগত সংস্কৃতি। বাড়িঘর, পোশাক-পরিচ্ছদ, তৈজসপত্র, বই ইত্যাদি বস্তুগত সংস্কৃতির অন্তর্ভুক্ত। পক্ষান্তরে, জ্ঞান, বিশ্বাস, কলা, নৈতিকতা, রীতিনীতি, মানুষের মার্জিত অভ্যাস অবস্তুগত সংস্কৃতির অন্তর্ভুক্ত। উদ্দীপকে বলা হয়েছে, মানুষ তার মৌলিক প্রয়োজন মেটাতে এবং জীবনকে সুখী ও সমৃদ্ধি করতে নানা প্রচেষ্টা চালায়। এর জন্য সে জ্ঞান, পরিকল্পনা, দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ফসল ফলায়, বাড়িঘর, যানবাহন, পোশাক-পরিচ্ছদ এবং বিভিন্ন প্রযুক্তি আবিষ্কার করে। এসবকিছুই বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতির অংশ। এ উদ্ভাবনগুলো মানুষের জীবনযাত্রাকে সহজ ও উন্নত করেছে, যা সভ্যতার অগ্রগতির মূল ভিত্তি। সুতরাং উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে সংস্কৃতি নামক মৌলিক প্রত্যয়ের কথা বলা হয়েছে।
(ঘ)
উক্ত প্রত্যয় অর্থাৎ সংস্কৃতির সাথে সভ্যতার সম্পর্ক অত্যন্ত গভীর।
সংস্কৃতি ও সভ্যতা মূলত পরস্পরের ওপর নির্ভরশীল এবং একে অপরের সহায়ক। প্রকৃতপক্ষে সংস্কৃতির অনুকূল পরিবেশ সৃষ্টি করে সভ্যতা। সমাজবিজ্ঞানের মতে, উর্বর মাটি ও উপযুক্ত জলবায়ু ব্যতিরেকে চারা গাছের পুষ্টি ও বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। অনুরূপভাবে সংস্কৃতির সুষ্ঠু বিকাশ' ও উন্নতির প্রয়োজনে উপযুক্ত পরিবেশের প্রয়োজনীয়তা অপরিসীম। সভ্যতার ভিত্তিতেই সংস্কৃতির ওই শহুরে পরিবেশ সৃষ্টি হয়। সভ্যতা সংস্কৃতির বিস্তার ও বিকাশের ক্ষেত্রে সহায়তা করে। সভ্যতার অবদানকে অগ্রাহ্য করে সংস্কৃতির উন্নতি ও প্রসার কল্পনা করা যায় না। উন্নত সভ্যতার সাথে সংস্কৃতির অগ্রগতির ইতিবাচক সম্পর্ক রয়েছে। অর্থাৎ সভ্যতা যত বেশি সমৃদ্ধ হবে সংস্কৃতির অগ্রগতি তত বেশি বৃদ্ধি পাবে। উন্নত সভ্যতার ভিত্তিতে উন্নত সংস্কৃতি গড়ে ওঠে। আবার সভ্যতা হলো মানবসমাজের চালিকাশক্তি এবং সংস্কৃতি হলো এ শক্তির নিয়ামক। মূল্যবোধের পরিবর্তনের ফলে সংস্কৃতির পরিবর্তন ঘটে। আসলে মূল্যবোধের দ্বারাই সংস্কৃতি প্রভাবিত হয়। অন্যদিকে, সংস্কৃতি সভ্যতাকে নিয়ন্ত্রণ করে। সভ্যতার উপাদানসমূহের প্রয়োগ পদ্ধতি সংস্কৃতির দ্বারা নিয়ন্ত্রিত হয়।
উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে একথা বলা যায় যে, সভ্যতা ও সংস্কৃতি পরস্পর ঘনিষ্ঠ সম্পর্কে সম্পর্কযুক্ত।

দিনাজপুর বোর্ড ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।