ময়মনসিংহ বোর্ড ২০২৫

এইচএসসি · সমাজবিজ্ঞান ১ম পত্র

ময়মনসিংহ বোর্ড ২০২৫

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

মারিয়াম ও ফাতেমা দুই বোন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। মারিয়াম যে বিষয়টি নিয়ে পড়ছে সেটিকে সমাজের পূর্ণাঙ্গ পাঠ বলা হয়। এটির উদ্দেশ্য হলো সমাজে বসবাসকারী মানুষের পারস্পরিক সম্পর্কের বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ করা। অন্যদিকে, ফাতেমার পঠিত বিষয় রাষ্ট্র, সরকারব্যবস্থা, ক্ষমতা, কর্তৃত্ব ইত্যাদি নিয়ে আলোচনা করে।
১. "সমাজবিজ্ঞান সামাজিক ক্রিয়াকর্মের বিজ্ঞান।"- উক্তিটি কার?
মুখ্য দল কী? বুঝিয়ে লেখ।
উদ্দীপকে ফাতেমার অধ্যয়নের ক্ষেত্রে কোন বিষয়টিকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপকে মারিয়ামের অধ্যয়নের বিষয়টির সাথে ফাতেমার পঠিত বিষয়ের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
"সমাজবিজ্ঞান সামাজিক ক্রিয়াকর্মের বিজ্ঞান"- উক্তিটি ম্যাক্স ওয়েবারের।
(খ)

যে দলের সদস্যদের মধ্যে ঘনিষ্ঠ, নিবিড় ও প্রত্যক্ষ সম্পর্ক বিদ্যমান, তাকে মুখ্য বা প্রাথমিক দল বলে।

এ দলের সদস্যদের মধ্যে আন্তরিকতা, সহযোগিতা ও ‘আমরা ভাব’ থাকে। ব্যক্তির সামাজিকীকরণ ও ব্যক্তিত্ব গঠনে এ ধরনের দল গুরুত্বপূর্ণ; পরিবার ও ঘনিষ্ঠ খেলার সাথিদের দল এর উদাহরণ।

(গ)
উদ্দীপকে ফাতেমার অধ্যয়নের ক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞান বিষয়টিকে ইঙ্গিত করা হয়েছে।
রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হলো রাষ্ট্র। এছাড়াও সরকারব্যবস্থা, ক্ষমতা, কর্তৃত্ব, রাজনৈতিক দল, চাপসৃষ্টিকারী দল, গোষ্ঠী প্রতিষ্ঠান ইত্যাদি বিষয়গুলো রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার অন্যতম প্রধান বিষয়। রাষ্ট্রের উৎপত্তি, ক্রমবিবর্তন, কার্যক্রম, সরকারের ধরন, প্রশাসক, নির্বাচন, রাজনৈতিক আন্দোলন, আন্তর্জাতিক সম্পর্ক ইত্যাদি বিষয় নিয়েও রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। রাষ্ট্রবিজ্ঞান হলো সামাজিক বিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা যা সমাজের রাজনৈতিক বিষয়াবলি অধ্যয়ন করে। কার্যত রাষ্ট্রবিজ্ঞান সমাজবদ্ধ মানুষের রাজনৈতিক জীবন এবং রাষ্ট্র ও নাগরিকের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ ও পর্যালোচনা করে।
উদ্দীপকের ফাতেমা এমন একটি বিষয়ে অধ্যয়ন করে যা রাষ্ট্র, সরকারব্যবস্থা, ক্ষমতা, কর্তৃত্ব ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে। সুতরাং পূর্বোক্ত আলোচনার ধারাবাহিকতায় একথা বলা যায় যে, ফাতেমার পঠিত বিষয়টি রাষ্ট্রবিজ্ঞান বিষয়কেই নির্দেশ করেছে।
(ঘ)

মারিয়ামের পঠিত বিষয় সমাজবিজ্ঞান এবং ফাতেমার পঠিত বিষয় রাষ্ট্রবিজ্ঞান। দুটি বিষয় পৃথক হলেও ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।

সমাজবিজ্ঞান সমাজ, সামাজিক সম্পর্ক ও প্রতিষ্ঠানকে সামগ্রিকভাবে অধ্যয়ন করে। রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র, সরকার, ক্ষমতা ও নাগরিকের রাজনৈতিক জীবন নিয়ে বিশেষভাবে আলোচনা করে। রাষ্ট্র নিজেও একটি সামাজিক প্রতিষ্ঠান।

রাজনৈতিক সিদ্ধান্ত বুঝতে সমাজের শ্রেণি, সংস্কৃতি, জনমত ও সামাজিক সম্পর্ক বিশ্লেষণ প্রয়োজন। আবার সামাজিক পরিবর্তন ও প্রতিষ্ঠান বোঝার জন্য রাষ্ট্রের আইন, ক্ষমতা ও নীতির প্রভাব জানা দরকার। তাই মারিয়াম ও ফাতেমার বিষয় দুটি পরস্পরকে জ্ঞান ও বিশ্লেষণপদ্ধতি দিয়ে সহায়তা করে।

এই আন্তঃসম্পর্ক থেকে রাজনৈতিক সমাজবিজ্ঞানের মতো যৌথ অধ্যয়নক্ষেত্র গড়ে উঠেছে। তবে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা মানে বিষয় দুটির স্বতন্ত্র আলোচ্য ও পদ্ধতিগত বৈশিষ্ট্য বিলুপ্ত হওয়া নয়।

ভৈরব নদীর তীরে রূপসা এলাকায় ক্রমশ কলকারখানা গড়ে উঠছে। আশপাশের গ্রামের মানুষ সেখানে এসে কাজ করে। এখানকার "জনগণের বিভিন্ন সুযোগ-সুবিধার্থে অফিস-আদালত, স্কুল-কলেজ ও অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠান গড়ে ওঠে। কিন্তু কলকারখানার বর্জ্য, যানজট, বিভিন্ন যান্ত্রিক শব্দ, ধুলাবালি এখানকার বাতাসকে ভারি করে তোলে। ছোটখাটো চুরি ও ছিনতাই ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
২. লোকরীতি কী?
মেধা কোন ধরনের সংস্কৃতি? বুঝিয়ে লেখ।
উদ্দীপকে সমাজবিজ্ঞানের কোন কোন শাখার প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপকে বর্ণিত সমস্যা থেকে প্রতিকার পেতে সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য। বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
সমাজে দৈনন্দিন আচরণে অভ্যাস ও প্রচলনের মাধ্যমে গড়ে ওঠা সাধারণ রীতিনীতিকে লোকরীতি বলে।
(খ)

মেধা নিজে কোনো দৃশ্যমান বস্তু নয়। প্রশ্নে মানুষের জ্ঞান, চিন্তা ও সৃষ্টিশীল দক্ষতার বিকাশ বোঝানো হলে তা অবস্তুগত সাংস্কৃতিক দিকের সঙ্গে সম্পর্কিত।

অবস্তুগত সংস্কৃতির মধ্যে শেখা জ্ঞান, বিশ্বাস, মূল্যবোধ ও ধারণা অন্তর্ভুক্ত। তবে ব্যক্তির সহজাত সামর্থ্যকে সরাসরি সংস্কৃতির সমার্থক বলা ঠিক নয়; শিক্ষা ও সামাজিক অভিজ্ঞতার মাধ্যমে প্রকাশিত জ্ঞান-দক্ষতা সাংস্কৃতিকভাবে অর্জিত হয়।

(গ)
উদ্দীপকে সমাজবিজ্ঞানের একাধিক শাখার প্রতি ইঙ্গিত করা হয়েছে। নিচে সেগুলো ব্যাখ্যা করা হলো-
নগর সমাজবিজ্ঞান: উদ্দীপকে দেখা যায়, ভৈরব নদীর তীরে শিল্পকারখানা গড়ে উঠেছে, যা আশেপাশের গ্রাম থেকে মানুষকে কাজের জন্য আকর্ষণ করছে। এর ফলে অফিস আদালত, স্কুল, কলেজ ও অন্যান্য প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এটি নগরায়ণ প্রক্রিয়াকে নির্দেশ করে। নগর সমাজবিজ্ঞান নগরের উৎপত্তি, বিকাশ, সামাজিক সংগঠন এরং সমস্যাগুলো নিয়ে আলোচনা করে।
শিল্প সমাজবিজ্ঞান: উদ্দীপকে কলকারখানা, সেখানকার কর্মীদের জীবন এবং কর্ম পরিবেশের কথা বলা হয়েছে। শিল্প সমাজবিজ্ঞান শিল্প প্রতিষ্ঠান, শ্রমিক-মালিক সম্পর্ক, কর্মক্ষেত্রের সামাজিক সম্পর্ক ও সমস্যা নিয়ে গবেষণা করে।
পরিবেশ সমাজবিজ্ঞান: কলকারখানার বর্জ্য, যানজট, শব্দ দূষণ ও ধুলোবালির কারণে পরিবেশের যে ক্ষতি হচ্ছে তার প্রতি ইঙ্গিত করা হয়েছে। পরিবেশ সমাজবিজ্ঞান মানুষের কর্মকান্ড এবং পরিবেশের মধ্যকার সম্পর্ক, পরিবেশগত সমস্যা এবং তার সামাজিক প্রভাব নিয়ে আলোচনা করে।
অপরাধ সমাজবিজ্ঞান: উদ্দীপকের শেষ অংশে ছোটোখাটো চুরি ও ছিনতাইয়ের কথা উল্লেখ করা হয়েছে। অপরাধ সমাজবিজ্ঞান সমাজের মধ্যে সংঘটিত অপরাধ এর কারণ এবং প্রতিকার নিয়ে গবেষণা করে।
(ঘ)
হ্যাঁ, উদ্দীপকে বর্ণিত সমস্যাগুলো থেকে প্রতিকার পেতে সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য বলে আমি মনে করি।
সমস্যার মূল কারণ চিহ্নিতকরণ: সমাজবিজ্ঞান কেবল পৃষ্ঠতলের সমস্যা দেখায় না, বরং এর গভীরে গিয়ে মূল কারণ খুঁজে বের করে। উদ্দীপকে বর্ণিত সমস্যা, যেমন- যানজট, দূষণ ও চুরি-ছিনতাই- এগুলো কেবল পরিবেশগত বা আইনশৃঙ্খলার সমস্যা নয়, বরং এগুলো নগরায়ণ ও শিল্পায়নের ফলে সৃষ্ট সামাজিক পরিবর্তনের ফল। সমাজবিজ্ঞান এ পরিবর্তনগুলো বিশ্লেষণ করে দেখায় কেন গ্রাম থেকে শহরে আসা মানুষগুলো নতুন পরিবেশে খাপ খাওয়াতে পারছে না, কেন তাদের মধ্যে অপরাধপ্রবণতা বাড়ছে এবং কেন নগরের পরিবেশ নষ্ট হচ্ছে।
পরিকল্পিত নগরায়ণ: অপরিকল্পিত নগরায়ণ এ সমস্যাগুলোর অন্যতম প্রধান কারণ। সমাজবিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে পরিকল্পিত নগরায়ণ সম্ভব। এর মাধ্যমে নগর পরিকল্পনাবিদরা নিশ্চিত করতে পারেন যে, নতুন গড়ে ওঠা অঞ্চলে পর্যাপ্ত স্কুল, হাসপাতাল এবং অন্যান্য সামাজিক সুবিধা থাকবে, যাতে অপরাধ বা অন্যান্য সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।
জনসচেতনতা বৃদ্ধি: কলকারখানার বর্জ্য ও দূষণের মতো সমস্যা সমাধানে শুধুমাত্র আইন প্রয়োগ যথেষ্ট নয়। সমাজবিজ্ঞান জনগণকে সচেতন করার উপায় নির্দেশ করে দেয়, যাতে তারা নিজেরা পরিবেশ রক্ষা ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখে।
সামাজিক সম্প্রীতি ও সংহতি স্থাপন: গ্রাম থেকে আসা নতুন কর্মীরা যখন নগরে আসে, তখন তারা একটি নতুন সামাজিক কাঠামোতে প্রবেশ করে। এতে অনেক সময় তাদের মধ্যে বিচ্ছিন্নতাবোধ তৈরি হয়, যা অপরাধের দিকে ঠেলে দিতে পারে। সমাজবিজ্ঞান এ বিচ্ছিন্নতাকে বিশ্লেষণ করে এবং সামাজিক সম্প্রীতি ও সংহতি বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেয়।
সুতরাং, উদ্দীপকে বর্ণিত সমস্যাগুলো একটি সামগ্রিক সামাজিক সংকটের অংশ। এ সংকট থেকে উত্তরণের জন্য সমাজবিজ্ঞানের পদ্ধতিগত জ্ঞান ব্যবহার করে সমস্যার সামাজিক দিকগুলো বিশ্লেষণ করা এবং সে অনুযায়ী কার্যকর সমাধান খুঁজে বের করা অপরিহার্য।
গফুর মিয়ার আর্থিক অবস্থা পূর্বে ভালো ছিল না। তিনি জমি বিক্রি করে তার এক ছেলেকে সৌদি আরবে পাঠালেন এবং অন্য ছেলেকে লেখাপড়া এমবিবিএস ডাক্তার বানালেন। এখন তিনি প্রচুর সম্পদের মালিক। সমাজে তার মর্যাদা বৃদ্ধি পেয়েছে।
৩. সমাজের ক্ষুদ্রতম সামাজিক সংগঠন কোনটি?
প্রথা মূলত সামাজিক- ব্যাখ্যা কর।
উদ্দীপকে গফুর মিয়ার সামাজিক অবস্থান কোন ধরনের প্রেক্ষাপটের ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উক্ত সামাজিক অবস্থানের ক্ষেত্রে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আলোচনা কর।
সমাধান ও উত্তর
(ক)
সমাজের ক্ষুদ্রতম সামাজিক সংগঠন হলো পরিবার।
(খ)
প্রথা বলতে বোঝায় সামাজিকভাবে স্বীকৃত পন্থা ও রীতি যা বিভিন্ন সামাজিক কার্যকলাপ পালনে অনুসৃত হয়। সমাজে বাস করতে গিয়ে মানুষ অচেতন মনেই প্রথার ওপর নির্ভরশীল হয়ে পড়ে। আমাদের সামাজিক সম্পর্ক এবং সামাজিক আন্তঃক্রিয়া লোকাচার ও লোকরীতি দ্বারা পরিচালিত হয়। সাধারণত যেসব আচার-ব্যবহারের সাথে সামাজিক মূল্যবোধ সংযুক্ত থাকে সেগুলোই সমাজের অনুমোদন পেয়ে প্রথায় রূপ নেয়। সুতরাং প্রথার উদ্ভব এবং প্রয়োগ পুরোটাই সমাজের প্রয়োজনে। এ কারণেই বলা হয় প্রথা মূলত সামাজিক।
(গ)

গফুর মিয়ার পরিবারের অবস্থান পরিবর্তন ঊর্ধ্বমুখী উল্লম্ব সামাজিক গতিশীলতা নির্দেশ করে।

অর্থসম্পদ, শিক্ষা, পেশা ও সামাজিক মর্যাদার ভিত্তিতে ব্যক্তি বা পরিবারের এক স্তর থেকে উঁচু স্তরে উত্তরণকে ঊর্ধ্বমুখী গতিশীলতা বলে। এতে অর্জিত মর্যাদার ভূমিকা থাকে।

উদ্দীপকে গফুর মিয়া আগে আর্থিকভাবে দুর্বল ছিলেন। এক ছেলের বিদেশে কর্মসংস্থান ও অন্য ছেলের চিকিৎসক হওয়ায় পরিবারের সম্পদ ও মর্যাদা বেড়েছে। তাই এটি শ্রেণিগত উত্তরণ ও অর্জিত অবস্থানের উদাহরণ।

(ঘ)
উক্ত সামাজিক অবস্থান এবং মর্যাদা বৃদ্ধির ক্ষেত্রে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- এ বিষয়ের সাথে আমি সম্পূর্ণ একমত।
শিক্ষা হলো মানুষের ব্যক্তিত্ব গঠন ও সামাজিক অবস্থান উন্নয়নের প্রধান হাতিয়ার। এটি কেবল জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যম নয় বরং ব্যক্তি ও সমাজের জীবনমান উন্নয়নের অন্যতম শর্ত। উদ্দীপকে দেখা যায়, গফুর মিয়া তার এক ছেলেকে লেখাপড়া শিখিয়ে এমবিবিএস ডাক্তার বানিয়েছেন। এর ফলে পরিবারে নিয়মিত আয়ের উৎস সৃষ্টি হয়েছে এবং আর্থিক সচ্ছলতা বেড়েছে। শিক্ষার মাধ্যমে তার ছেলে সমাজে সম্মানজনক পেশায় নিয়োজিত হয়েছে, যা পরিবারের মর্যাদা বৃদ্ধি করেছে। উচ্চ শিক্ষা কর্মসংস্থানের সুযোগ বাড়ায় এবং পেশাগত উন্নতির দরজা খুলে দেয়। শিক্ষিত ব্যক্তি সামাজিক নেতৃত্বে ও সিদ্ধান্ত গ্রহণে সক্রিয় ভূমিকা পালন করতে সক্ষম হয়। শিক্ষার ফলে পরিবারের আধুনিক দৃষ্টিভঙ্গি, যুক্তিবাদী চিন্তাভাবনা এবং সচেতনতা বৃদ্ধি পায়। শিক্ষিত পরিবারে সামাজিক অবস্থান দ্রুত পরিবর্তিত হয় এবং তারা সমাজে প্রভাবশালী হয়ে ওঠে। শিক্ষা সমাজে বৈষম্য হ্রাস করে এবং সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সাহায্য করে। উদ্দীপকের গফুর মিয়ার পরিবারেও শিক্ষার প্রভাব কেবল অর্থনৈতিক নয় বরং সামাজিক মর্যাদা বৃদ্ধিতেও স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
সুতরাং উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, সামাজিক অবস্থান ও মর্যাদা বৃদ্ধির ক্ষেত্রে শিক্ষার ভূমিকা অপরিসীম।

মাঝখানে “?” চিহ্নিত ঘর থেকে চার দিকে তীর নির্দেশ করা হয়েছে:

অবস্থান বন্ধন
উপরের বাম রক্ত সম্পর্কিত বন্ধন
উপরের ডান প্রথাগত বন্ধন
নিচের বাম বৈবাহিক বন্ধন
নিচের ডান কাল্পনিক বন্ধন
৪. বস্তুগত সংস্কৃতির একটি উদাহরণ দাও।
স্তরবিন্যাস সকল সমাজে বিদ্যমান- ব্যাখ্যা কর।
উদ্দীপকে ছকের '?' চিহ্নিত স্থানে তোমার পাঠ্যবইয়ের কোন প্রত্যয়কে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
সমাজজীবনে উক্ত প্রত্যয়টির ভূমিকা বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
বস্তুগত সংস্কৃতির একটি উদাহরণ হলো- বই।
(খ)

পাঠ্য আলোচনায় সামাজিক স্তরবিন্যাসকে ব্যাপক ও সর্বজনীন বৈশিষ্ট্য হিসেবে বিবেচনা করা হয়, কারণ বিভিন্ন সমাজে সম্পদ, মর্যাদা ও ক্ষমতার বণ্টনে পার্থক্য দেখা যায়।

তবে সব সমাজে একই মাত্রার অসমতা বা একই শ্রেণিব্যবস্থা থাকে না। তুলনামূলক সাম্যভিত্তিক সমাজও রয়েছে; তাই সব ঐতিহাসিক সমাজে অভিন্ন স্তর ছিল বা শ্রেণিহীন সমাজের ধারণা অর্থহীন—এভাবে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া উচিত নয়।

(গ)
উদ্দীপকে ছকের '?' চিহ্নিত স্থানে আমার পাঠ্যবইয়ের যে প্রত্যয়কে নির্দেশ করছে তা হলো 'জ্ঞাতিসম্পর্ক'।
সাধারণভাবে জ্ঞাতিসম্পর্ক বলতে রক্ত, বিবাহ, কল্পনা, বন্ধুত্ব, দত্তক গ্রহণ ইত্যাদি বন্ধনসূত্রে আবদ্ধ ব্যক্তিদের মধ্যকার আত্মীয়তার সম্পর্ককে বোঝায়। ইংরেজি 'Kin' শব্দের অর্থ আত্মীয় যা থেকে Kinship শব্দের উৎপত্তি হয়েছে। সাধারণত পারস্পরিক আত্মীয়তার সম্পর্ককে বোঝাতে Kinship বা জ্ঞাতিসম্পর্ক প্রত্যয়টি ব্যবহৃত হয়। জ্ঞাতিসম্পর্ক সমাজ সংগঠনের মৌল প্রতিপাদ্য বিষয়। জ্ঞাতিসম্পর্কের বন্ধনই সমাজের বিভিন্ন মানুষকে সুসংগঠিত করে, সৃষ্টি করে মানব সম্পর্কের এক জটিল জাল। জ্ঞাতিসম্পর্ক সমাজজীবনে একটি নিয়ন্ত্রিত প্রথা। প্রত্যেক মানবসমাজেই এ সম্পর্কের অস্তিত্ব লক্ষ করা যায়। যেকোনো সমাজে সামাজিক সম্পর্ক বা সংগঠনের মূলে রয়েছে জ্ঞাতিসম্পর্ক। আমাদের পূর্বপুরুষের সাথে জৈবিক বন্ধন, পরিবারের বিবাহবন্ধন, কাল্পনিক বন্ধন এবং দত্তক গ্রহণের মাধ্যমে জ্ঞাতিসম্পর্ক সৃষ্টি হয়। উদ্দীপকের ছকেও জ্ঞাতি সম্পর্কের এ বিষয়সমূহকে তুলে - ধরা হয়েছে।
সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এই বাক্যটি পুরোপুরি সঠিক নয়। কারণ আধুনিক সমাজেও জ্ঞাতিসম্পর্কের প্রধান ভিত্তি হলো রক্ত ও বৈবাহিক সম্পর্ক। কৃত্রিম আনুষ্ঠানিকতা বা কাল্পনিক সম্পর্ক কখনো প্রধান ভিত্তিকে ছাপিয়ে যেতে পারে না। তাই পরীক্ষার খাতায় এ ধরনের ঢালাও মন্তব্য পরিহার করে লিখতে পারেন: "পরিশেষে বলা যায় যে, আধুনিক সমাজেও রক্ত ও বৈবাহিক সম্পর্কের পাশাপাশি কাল্পনিক বা প্রথাগত সম্পর্কগুলো জ্ঞাতিসম্পর্কের পরিধিকে আরও বিস্তৃত করেছে।"
(ঘ)
সমাজজীবনে উক্ত প্রত্যয়টি অর্থাৎ জ্ঞাতিসম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
সুদূর প্রাচীনকাল হতে আজকের আধুনিককাল পর্যন্ত প্রায় সব সমাজেই জ্ঞাতিসম্পর্ক সমাজ কাঠামোর চাবিকাঠি। সমাজজীবনে জ্ঞাতিসম্পর্ক ব্যক্তির সামাজিক পরিচয় ও অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি আত্মীয়স্বজনদের মধ্যে আন্তরিকতা, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করে। আনন্দের মুহূর্ত যেমন- বিয়ে, জন্মদিন, উৎসব কিংবা দুঃসময়ে যেমন- অসুস্থতা বা বিপদে জ্ঞাতিরা একে অপরের পাশে দাঁড়ায়। বংশপরম্পরায় রীতিনীতি, সংস্কৃতি ও মূল্যবোধ এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে পৌঁছে দিতে জ্ঞাতিসম্পর্ক সহায়তা করে। এ সম্পর্কের মাধ্যমে সামাজিক যোগাযোগের পরিধি বিস্তৃত হয় এবং সামাজিক সংহতি দৃঢ় হয়। পারিবারিক সিদ্ধান্ত গ্রহণ, সমস্যা সমাধান ও পরামর্শ প্রদানে জ্ঞাতিদের ভূমিকা গুরুত্বপূর্ণ। জ্ঞাতিসম্পর্ক পারস্পরিক আস্থা, ঐক্য ও সম্প্রীতি বজায় রেখে সমাজজীবনে স্থিতি আনে। তাই বলা যায়, একটি সুদ্ধ ও শক্তিশালী সমাজ গঠনে জ্ঞাতিসম্পর্ক অপরিহার্য।

ময়মনসিংহ বোর্ড ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।