রাজশাহী বোর্ড ২০২২

এইচএসসি · সমাজবিজ্ঞান ১ম পত্র

রাজশাহী বোর্ড ২০২২

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

রুমানা বিশ্ববিদ্যালয়ে যে বিষয়ে ভর্তি হয়েছে অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পর সমাজ জীবনে যে বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে তারই প্রেক্ষাপটে সেটির উদ্ভব হয়েছে। আর এই বিষয়টি সমাজের সামগ্রিক দিক নিয়ে আলোচনা করে।
১. Logos শব্দটির অর্থ কি?
সমাজ বিজ্ঞান হলো মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান - বুঝিয়ে লেখ।
উদ্দীপকের আলোকে রুমানার পঠিত বিষয়ের প্রকৃতি ব্যাখ্যা কর।
উক্ত বিষয়টি পাঠের গুরুত্ব বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
Logos শব্দটির অর্থ বিজ্ঞান বা অধ্যয়ন।
(খ)

সমাজবিজ্ঞান সামাজিক ঘটনা বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণে গবেষকের ব্যক্তিগত পক্ষপাত থেকে মুক্ত থাকার চেষ্টা করে; এ অর্থে তাকে মূল্যবোধনিরপেক্ষ বিজ্ঞান বলা হয়।

তথ্য সংগ্রহ, যুক্তি পরীক্ষা ও ফল প্রকাশে প্রমাণকে গুরুত্ব দেওয়া হয়। এর অর্থ গবেষণার নৈতিকতা পরিত্যাগ করা নয়; অংশগ্রহণকারীর অধিকার ও মর্যাদা রক্ষা করেও নিরপেক্ষ অনুসন্ধান করা যায়।

(গ)

রুমানার পঠিত বিষয়টি সমাজবিজ্ঞান। শিল্পবিপ্লব ও আধুনিক ইউরোপের রাজনৈতিক-সামাজিক রূপান্তরের প্রেক্ষাপটে উনবিংশ শতাব্দীতে স্বতন্ত্র শাস্ত্র হিসেবে এর বিকাশ ঘটে।

সমাজবিজ্ঞান মানুষের পারস্পরিক সম্পর্ক, সামাজিক প্রতিষ্ঠান, আচরণ ও পরিবর্তনকে বৈজ্ঞানিক উপায়ে বিশ্লেষণ করে। তথ্য, পর্যবেক্ষণ ও যুক্তির সাহায্যে তত্ত্ব গঠন করা হয় এবং ব্যক্তিগত পক্ষপাত থেকে মুক্ত থাকার চেষ্টা করা হয়।

উদ্দীপকে সমাজের সামগ্রিক দিক নিয়ে আলোচনা ও শিল্পবিপ্লবজনিত পরিবর্তনের কথা আছে, যা সমাজবিজ্ঞানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি তত্ত্ব নির্মাণের পাশাপাশি সামাজিক সমস্যা ও নীতির প্রয়োগমূলক বিশ্লেষণেও ব্যবহৃত হয়; তাই এর ব্যবহারিক ভূমিকা একেবারেই নেই বলা ঠিক নয়।

(ঘ)

উক্ত বিষয় তথা সমাজবিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। নিম্নে উক্তিটি বিশ্লেষণ করা হলো :

সমাজের পূর্ণাঙ্গ বিজ্ঞান ভিত্তিক পাঠ হচ্ছে সমাজবিজ্ঞান। সমাজে বসবাসরত মানুষের সাথে কিভাবে চলতে হবে, সম্পর্ক গড়ে তুলতে হবে এবং একতাবদ্ধ ভাবে থাকতে হবে তা সমাজবিজ্ঞান পাঠ করলে সহজে জানা যায়। আমাদের সমাজে বিভিন্ন প্রতিষ্ঠান আছে। যেমন পরিবার, বিবাহ, রাষ্ট্র ইত্যাদি। এই প্রতিষ্ঠানগুলোর কার্যাবলী সম্পর্কেও সমাজবিজ্ঞান গবেষণা ও পর্যালোচনা করে। সমাজ বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে উক্ত প্রতিষ্ঠানগুলোর সাথে মানুষের সম্পর্ক গড়ে তোলা যথেষ্ট সহায়ক।

সমাজ বিজ্ঞান শাস্ত্রে মূল্যবোধ, আবেগ, অনুভূতি ও স্বার্থ সম্পর্কে বিস্তারিত পাঠ করা হয়। আবার পাশাপাশি সমাজের জ্ঞাতিসম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক পরিস্থিতি, ধর্মীয় আচরণ, শিক্ষা প্রভৃতির বিস্তারিত ধারণা প্রদান করা হয়। সাধারণত মানুষের জন্ম গ্রহণের ফলে পরিবার এই তার প্রাথমিক সামাজিকীকরণ সম্পন্ন হয়। পরিবারের সদস্যদের সাথে তার সম্পর্ক এবং আচার-আচরণ নির্ধারণের ক্ষেত্রেও সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য। আবার একই সাথে মূল্যবোধ চর্চার ক্ষেত্রেও এটি ভূমিকা পালন করে।

তাই বলা যায়, "মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য।" উক্তিটি যথার্থ।

আনন্দপুর গ্রামে মৃৎশিল্পীদের বাস। মৃৎশিল্প তাদের ঐতিহ্যবাহী পেশা। এ গ্রামের মৃৎশিল্পীদের তৈরী তৈজসপত্র ও ফুলদানি শহরের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। ইদানিং গ্রামে কতিপয় মহাজনদের আনাগোনা লক্ষ্য করা যায়। মৃৎশিল্পীরা এ ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছে যে, যেভাবে হোক তারা তাদের জীবন-জীবিকায় অন্যকে হস্তক্ষেপ করতে দেবে না।
২. সংঘ কি?
অবস্তুগত সংস্কৃতি বলতে কী বোঝ?
উদ্দীপকের আলোচনা তোমার পাঠ্য বইয়ের কোন প্রত্যয় কে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উক্ত প্রত্যয়ের সাথে সমাজের পার্থক্য বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
সংঘ হচ্ছে এমন একটি জনগোষ্ঠী যারা কোন নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য একত্রিত হয় এবং স্বীকৃত নিয়ম-কানুন অনুসার পরিচালিত হয়ে এক অপরকে সহযোগিতা করে।
(খ)

সংস্কৃতির যে উপাদান পরিমাপযোগ্য নয় কেবল উপলব্ধি বা অনুধাবন করা যায় তাকে অবস্তু সংস্কৃতি বলে।

মানুষের জীবনধারণ ও তার উদ্দেশ্য সাধন করতে গিয়ে যেসব বিমূর্তি উপাদান সৃষ্টি করেছে তার সমষ্টি হল অবস্তুগত সংস্কৃতি। যেমন ভাষা, সাহিত্য, সংগীত, ধর্ম, ধ্যান-ধারণা, রীতি-নীতি, মূল্যবোধ, আবেগ, উচ্ছ্বাস ইত্যাদি

(গ)

উদ্দীপকের আলোচনায় পাঠ্য বইয়ের সম্প্রদায় মৌল প্রত্যয়কে ইঙ্গিত করা হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো :

নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাসকারী যেসকল মানগোষ্ঠী পারস্পরিক নির্ভরশীলতার মধ্য দিয়ে সমজাতীয় জীবন-যাপন করে তাদের সম্প্রদায় বলে। সম্প্রদায়ের মূল ভিত্তি হচ্ছে বসবাসের অঞ্চল ও সম্প্রদায়গত চেতনা। সম্প্রদায়ের সদস্যরা এমনভাবে একটি নির্দিষ্ট অঞ্চলে একত্রে বসবাস করে যে তারা কিছু বিশেষ স্বার্থের অংশীদার না হয়ে একটি সাধারন জীবনযাত্রার অংশীদার হয়। যেমন জেলে সম্প্রদায় সাধারণত নির্দিষ্ট কোন নদী সংলগ্ন এলাকায় বাস করে এবং তাদের মধ্যে গভীর আন্তরিক সম্পর্ক বিরাজ করে ।

উদ্দীপকেও দেখা যায়, আনন্দপুর গ্রামে মানুষ দলবদ্ধভাবে বাস করে। তাদের ঐতিহ্যবাহী পেশা হচ্ছে মৃৎশিল্প। তাদের তৈরি জিনিসপত্র ও ফুলদানি শহরে ব্যাপক জনপ্রিয়তা লাভ করায় বিভিন্ন মহাজনদের আনাগোনা লক্ষ্য করা যায়। এই সময় তারা শোষণের হাত থেকে বাঁচতে এবং একে অপরকে সহযোগিতা করার জন্য নিজেরা ঐক্যবদ্ধ হয়। তাদের বসবাসের জন্য যেমন একটি নির্দিষ্ট অঞ্চল রয়েছে। তেমনি একটি সম্প্রদায়গত এর জন্য চেতনা রয়েছে, যা তাদের সম্প্রদায়ের মূল ভিত্তি।

তাই বলা যায়, উদ্দীপকের আলোচনায় পাঠ্য বইয়ের সম্প্রদায় মৌল প্রত্যয়কে ইঙ্গিত করা হয়েছে।

(ঘ)

উদ্দীপকের ইঙ্গিতকৃত বিষয় তথা সম্প্রদায়ের সাথে সমাজের মৌলিক পার্থক্যসমূহ নিম্নে বিশ্লেষণ করা হলো :

সমাজ বলতে এমন এক জনগোষ্ঠীকে বোঝায়, যেখানে মানুষ দলবদ্ধভাবে বসবাস করে। মানুষের পারস্পরিক সম্পর্কের ভিত্তি হচ্ছে সমাজ। অন্যদিকে সম্প্রদায়ের সদস্যরা একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাস করার পাশাপাশি তাদের জীবনের মৌলিক ও সাধারণ স্বার্থগুলো একই সাথে ভোগ করে এবং একই আচার-আচরণ তথা জীবন প্রণালীতে অভ্যস্ত হয়।

সম্প্রদায়ের পরিধি হয় সমাজের তুলনায় ছোট অপরদিকে সমাজের পরিধি হয় তুলনায় বড়। একটি সমাজে অনেকগুলো সম্প্রদায় থাকতে পারে। অর্থাৎ সম্প্রদায় হচ্ছে সমাজের অংশ।

মানুষের একাধিক উদ্দেশ্য ও সাধনের জন্য সমাজ গড়ে ওঠে। কিন্তু জীবনের মৌল ও সাধারণ স্বার্থগুলো একই সাথে ভোগ করার জন্য সম্প্রদায় গড়ে ওঠে। সমাজের সদস্যদের ভেতর সামাজিক মানসিকতা কাজ করে কিন্তু সম্প্রদায়ের সদস্যদের মধ্যে স্বজাত্যবোধ কাজ করে।

একটি সমাজ রাষ্ট্রপ্রদত্ত বিভিন্ন নিয়ম কানুনের ধারা পরিচালিত হলেও সম্প্রদায়ের কার্যক্রম গুলো তাদের নিজস্ব বিধি-নিষেধ মোতাবেক পরিচালিত হয়। একটি সমাজে বিভিন্ন সম্প্রদায়ের লোক থাকতে পারে। যেমন হিন্দু, মুসলমান, জেলে, বেঁধে ইত্যাদি। অপরদিকে সম্প্রদায় শুধু নির্দিষ্ট একটি জনগোষ্ঠীকে নির্দেশ করে। যেমন জেলে অথবা তাঁতি অথবা বেদে ইত্যাদি।

বাংলাদেশের রাজধানী ঢাকায় শুভর জন্ম এবং সেখানেই বেড়ে ওঠা। শুভর বয়স পাঁচ বছর। বাবা মায়ের সাথে সে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করে এবং বিকেলে রমনা বটমূলের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যায়। এ সময় শুভ তার বাবার কাছে এ সম্পর্কে জানতে চাইলে বাবা তাকে বলে, বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। এগুলো আমাদের ঐতিহ্য, রীতিনীতি ও প্রথা। আর এগুলোর সমন্বয়ে গড়ে উঠে আমাদের জীবনযাত্রার প্রণালী।
৩. দল কি?
পরিবার সর্বজনীন - বুঝিয়ে লেখ।
উদ্দীপকে উল্লেখিত বিষয়টি তোমার পাঠ্য বইয়ের কোন প্রত্যয়কে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উক্ত প্রত্যয়ের সাথে সভ্যতার পার্থক্য বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
পারস্পরিক মিথস্ক্রিয়া, সম্পর্ক ও একে অপরের সম্পর্কে সচেতনতার ভিত্তিতে গঠিত দুই বা ততোধিক ব্যক্তির সমষ্টিকে দল বলে।
(খ)

মানব সমাজ বিকাশের প্রতিটি পর্যায়ে পরিবারের অস্তিত্ব লক্ষ্য করা যায় বলে পরিবারকে সর্বজনীন বলা হয়।

মানুষ পরিবারে জন্মগ্রহণ করে, বেড়ে ওঠে এবং বৃহত্তর সমাজ জীবনে প্রবেশ করে। সামাজিক পরিবর্তনের সাথে সাথে পরিবার কাঠামো ও কার্যাবলীতে পরিবর্তন এলেও তা কখনো বিলুপ্ত হয়নি। তাই পরিবারকে এ সর্বজনীন বলা হয়।

(গ)

উদ্দীপকে উল্লেখিত বিষয়টি পাঠ্য বইয়ের সংস্কৃতি প্রত্যয়কে নির্দেশ করে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো :

মানুষ জীবনযাপন করতে গিয়ে যা কিছু করে তাই সংস্কৃতি। অর্থাৎ সংস্কৃতি হচ্ছে মানুষের সার্বিক জীবন প্রণালী। যেমন মানুষের জ্ঞান, বিশ্বাস, নৈতিকতা, আচরণ, অনুষ্ঠান, রীতিনীতি, প্রভৃতির মার্জিত রুপই হচ্ছে সংস্কৃতি। নৃবিজ্ঞানী ই বি টেইলরের মতে, সমাজের একজন সদস্য হিসেবে একজন মানুষ কর্তৃক জ্ঞান, বিশ্বাস, কলা, নৈতিকতা, আইন, অভ্যাস এবং সামর্থ্যের যে সমন্বয় ঘটে তাই সংস্কৃতি।

উদ্দীপকে পাঁচ বছর বয়সী শুভ তার বাবা-মায়ের সাথে পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা অংশগ্রহণ করে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে। এসময় তার বাবা তাকে বলে, বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। এগুলো আমাদের ঐতিহ্য, রীতিনীতি ও প্রথা। আর এগুলো সমন্বয়ে গড়ে উঠে আমাদের জীবনযাত্রার প্রণালী। অর্থাৎ উদ্দীপকের তথ্যগুলো সংস্কৃতির সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা বৈশাখের প্রথম দিনে ঢাকায় মঙ্গল শোভাযাত্রা এবং রমনার বটমূলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাঙালিরা নতুন বর্ষকে বরণ করে নেয়। আর এগুলো বাঙালি সংস্কৃতির এবং সামগ্রিক জীবন প্রণালীর অবিচ্ছেদ্য অংশ।

তাই বলা যায়, উদ্দীপকে উল্লেখিত বিষয়টি পাঠ্য বইয়ের সংস্কৃতি প্রত্যয়কে নির্দেশ করে।

(ঘ)

উদ্দীপকের প্রত্যয়টি সংস্কৃতি। সংস্কৃতি হলো মানুষের শেখা জীবনপ্রণালি ও বস্তুগত-অবস্তুগত সৃষ্টির সমষ্টি; সভ্যতা বলতে সামাজিক সংগঠন, প্রতিষ্ঠান ও প্রযুক্তিগত বিকাশের একটি ঐতিহাসিক রূপ বা পর্যায়কে বোঝানো হয়।

সংস্কৃতির মধ্যে ভাষা, বিশ্বাস ও মূল্যবোধ যেমন আছে, তেমনি উপকরণ ও শিল্পকর্মও আছে। তাই সংস্কৃতি শুধু মনোজগতের এবং সভ্যতা শুধু বস্তুজগতের—এমন কঠোর বিভাজন সঠিক নয়।

উদ্দীপকের নববর্ষের অনুষ্ঠান, মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনা অভিন্ন প্রতীক ও চর্চার উদাহরণ। এসবের আয়োজনের বস্তুগত উপকরণ এবং সামাজিক সংগঠনও সংস্কৃতি ও সভ্যতার সম্পর্ক প্রকাশ করে।

সুতরাং ধারণা দুটির গুরুত্ব আলাদা হলেও তারা পরস্পর সম্পর্কিত। কোনো সংস্কৃতি কখনো বদলায় বা লুপ্ত হয় না, অথচ সভ্যতাই শুধু ধ্বংস হয়—এমন অনিবার্য দাবি করা যুক্তিযুক্ত নয়।

সজল বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া শেষ করে ঢাকায় বিয়ে করেন। তিনি স্ত্রী, পুত্র, কন্যা নিয়ে সেখানে বসবাস করেন। তিনি নিয়মিত বাবা-মা ও অন্যান্য আত্মীয় স্বজনদের খোঁজ খবর রাখেন, সেই সাথে আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়া তিনি তার গ্রামের শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়নের সহায়তা করেন।
৪. বিবাহ কি?
মাতৃতান্ত্রিক পরিবার বলতে কী বোঝ?
উদ্দীপকে উল্লিখিত পরিবারটি কোন ধরনের পরিবার? ব্যাখ্যা কর।
উদ্দীপকে প্রতিফলিত সজল সাহেবের ভূমিকা সমাজের জন্য ইতিবাচক - যুক্তিসহ তোমার মতামত বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
স্বামী-স্ত্রীর মধ্যকার বৈধ সম্পর্ক, সন্তান জন্মদান ও লালন পালনের জন্য ধর্ম কর্তৃক অনুমোদিত এবং আইনের দ্বারা সমর্থিত একটি চুক্তিই হচ্ছে বিবাহ
(খ)

যে পরিবারে পারিবারিক কর্তৃত্ব ও প্রধান সিদ্ধান্ত গ্রহণে নারীর প্রাধান্য থাকে তাকে মাতৃতান্ত্রিক পরিবার বলা হয়।

অন্যদিকে বিবাহের পর দম্পতি স্ত্রীর পিতৃগৃহ বা মাতৃপক্ষের কাছে বাস করলে তা মাতৃবাস বা স্ত্রীবাস রীতি। বসবাসের স্থান এবং কর্তৃত্বের ভিত্তিতে শ্রেণিবিভাগ আলাদা; শুধু স্ত্রীর পিতৃগৃহে বাস করলেই পরিবার মাতৃতান্ত্রিক প্রমাণিত হয় না।

(গ)

উদ্দীপকের সজলের পরিবারটি অণু বা একক পরিবার। নিম্নে তা ব্যাখ্যা করা হলো :

আকারের ভিত্তিতে পরিবারের অন্যতম একটি ধরন হলো অনু বা একক পরিবার। যে পরিবারের কেবল স্বামী-স্ত্রী অথবা স্বামী-স্ত্রীসহ তাদের অবিবাহিত সন্তান বসবাস করে তাকে অনু বা একক পরিবার বলে। এই ধরনের পরিবারের সাধারণত দুই প্রজন্মের প্রতিনিধি একত্রে বাস করে। একক পরিবার মূলত নগরায়নেরই ফল। কেননা নগরায়নের পরে শহরে বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় বহু মানুষ শহরে বসবাস শুরু করে। যার ফলে তারা গ্রামে যৌথ পরিবারে থাকলেও শহরে এসে আলাদা পরিবার গঠন করায় সেগুলো একক পরিবারে পরিণত হয়। আমাদের দেশে বর্তমান সময়ের সবচেয়ে বেশি এই ধরনের পরিবারই পরিলক্ষিত হয়।

উদ্দীপকে দেখা যায় সজল তার স্ত্রী এবং সন্তান নিয়ে ঢাকা শহরে বসবাস করেন। পরিবারের গঠন অনুসারে যেহেতু স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করলে সেটি একক পরিবারকে নির্দেশ করে তাই সজলের পরিবারটি একক পরিবার। তাছাড়াও সজলের পরিবারে শুধু দুই প্রজন্মের প্রতিনিধি তথা সজল এবং তার সন্তানরা থাকে। উক্ত বৈশিষ্ট্য গুলো একক পরিবারকে নির্দেশ করে।

তাই বলা যায়, উদ্দীপকের সজলের পরিবারটি অণু বা একক পরিবার।

(ঘ)

উদ্দীপকে প্রতিফলিত সজল সাহেবের ভূমিকা তথা জ্ঞাতিসম্পর্কের কর্মকাণ্ড সমাজের জন্য ইতিবাচক। নিম্নে তা বিশ্লেষণ করা হলো :

সজল স্ত্রী সন্তান নিয়ে ঢাকায় বসবাস করলেও সে নিয়মিত বাবা-মা এবং অন্যান্য আত্মীয়-স্বজনদের খোঁজখবর রাখেন। এছাড়া তাদের আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি গ্রামের শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়নের সহায়তা করেন। সজলের এই কর্মকান্ডগুলো ও মূলত জ্ঞাতি সম্পর্কে মনস্তাতিক ও অর্থনৈতিক ভূমিকা কে নির্দেশ করে। সাধারণত জ্ঞাতিদের এসব কর্মকাণ্ড সমাজ জীবনে গুরুত্বপূর্ণ ইতিবাচক ভূমিকা পালন করে।

অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সকল কর্মকান্ডেই জ্ঞাতি সম্পর্কের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোন অর্থনৈতিক কর্মকান্ড যেমন ঋণগ্রহণ, সম্পত্তি ক্রয় বিক্রয়, ভূমি বর্গা দেওয়া প্রভৃতি ক্ষেত্রে জ্ঞাতিরাই সবার আগে এগিয়ে আসে। এছাড়াও যে কোন আর্থিক প্রয়োজনে জ্ঞাতিরাই সহায়তার হাত বাড়িয়ে দেয়। পাশাপাশি ব্যক্তির সামাজিকীকরণ, সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ, আচার-অনুষ্ঠান পালন প্রভৃতিতে জ্ঞাতিসম্পর্কের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ সমাজজীবনের সামগ্রিক কর্মকান্ডে জ্ঞাতিরাই একান্ত আপন হিসেবে মুখ্য ভূমিকা পালন করে।

তাই বলা যায়, জ্ঞাতিসম্পর্কের কর্মকাণ্ড সমাজের জন্য ইতিবাচক।

রাজশাহী বোর্ড ২০২২ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।