ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ২০২৫

এইচএসসি · সমাজবিজ্ঞান ১ম পত্র

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ২০২৫

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

রাফি একটি প্রতিষ্ঠানের কর্মী। সে একটি উপজাতি সম্প্রদায়ের পরিবার ও তাদের বিবাহ সম্বন্ধে জানতে চায়। এ বিষয়ে জানার জন্য সে সমাজবিজ্ঞানের সহায়তা নেয়।
১. সামাজিক বিজ্ঞানের মধ্যে সর্বকনিষ্ঠ বিজ্ঞান কোনটি?
নৃবিজ্ঞান কাকে বলে? ব্যাখ্যা কর।
উদ্দীপকে রাফির জানার আগ্রহের বিষয়টি সমাজবিজ্ঞানের কোন পরিধির অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
সমাজবিজ্ঞানের পরিধি উদ্দীপকের পরিধির বাইরেও বিস্তৃত-বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
সামাজিক বিজ্ঞানের মধ্যে সর্বকনিষ্ঠ বিজ্ঞান হলো সমাজবিজ্ঞান
(খ)

নৃবিজ্ঞান হলো মানুষ, তার জৈবিক বিবর্তন এবং সামাজিক-সাংস্কৃতিক জীবন নিয়ে বিজ্ঞানভিত্তিক অধ্যয়নকারী স্বতন্ত্র সামাজিক বিজ্ঞান।

এ শাস্ত্রে মানুষের উৎপত্তি, দৈহিক বৈচিত্র্য, সংস্কৃতি, ভাষা ও সামাজিক সংগঠন আলোচনা করা হয়। সমাজবিজ্ঞানের সঙ্গে এর ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও নৃবিজ্ঞানকে শুধু সমাজবিজ্ঞানের একটি শাখা বলা সঠিক নয়।

(গ)

উদ্দীপকে রাফির জানার আগ্রহের বিষয়টি বিবাহ ও পরিবারের সমাজবিজ্ঞানের পরিধির অন্তর্ভুক্ত।

মানবসমাজের সবচেয়ে আদিম সামাজিক সংগঠন হলো পরিবার। প্রাচীনকালে পরিবারকে কেন্দ্র করেই মানবসমাজের সকল কর্মকাণ্ড পরিচালিত হতো।সমাজবিজ্ঞান সবচেয়ে আদিম সামাজিক সংগঠন হিসেবে বিবেচনার মাধ্যমে পরিবার গঠন ও কার্যক্রম সম্পর্কে আলোচনা করে। এজন্য সমাজবিজ্ঞানের অন্যতম প্রধান শাখা বা আলোচ্য বিষয় হলো পরিবারের সমাজবিজ্ঞান। পরিবারের উৎপত্তি, বিবর্তন, ধরন, আধুনিক ও পরিবর্তনশীল পরিবারের কার্যাবলি এবং পরিবারের সমস্যা সম্পর্কে সমাজবিজ্ঞানের এ শাখায় আলোচনা করা হয়। পাশাপাশি পরিবার গঠিত হওয়ার মূলভিত্তি বিবাহ নিয়েও সমাজবিজ্ঞানের এ শাখা আলোচনা করে। বিবাহ সম্পর্কিত আলোচনায় স্থান, কাল ও পাত্রভেদে বিবাহের ধরন, প্রকৃতি, রীতিনীতি, আচার-অনুষ্ঠান প্রভৃতি বিষয় প্রাধান্য পায়।

উদ্দীপকে দেখা যায়, রাফি একটি উপজাতি সম্প্রদায়ের পরিবার ও তাদের বিবাহ সম্পর্কে জানত চায়। এ বিষয়ে জানার জন্য সে সমাজবিজ্ঞান শাস্ত্রের সহায়তা নেয়। কারণ বিবাহ এবং পরিবার সমাজবিজ্ঞানের পরিধির আওতাভুক্ত। তাই বলা যায়, রাফির জানার আগ্রহের বিষয়টি বিবাহ ও পরিবার সমাজবিজ্ঞানের পরিধির অন্তর্ভুক্ত।

(ঘ)

সমাজবিজ্ঞানের পরিধি উদ্দীপকে আলোচিত বিবাহ ও পরিবারের সমাজবিজ্ঞানের বাইরেও বিস্তৃত- প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

সমাজবিজ্ঞান হলো গোটা সমাজের বিজ্ঞানভিত্তিক পাঠ। একটি গতিশীল বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞান সমাজের বিভিন্ন দিক সম্পর্কে তার পঠন-পাঠন ও গবেষণার জন্য সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখা-প্রশাখার উদ্ভব ঘটেছে। যেমন- ধর্মের সমাজবিজ্ঞান ধর্ম সম্পর্কে, সাংস্কৃতিক সমাজবিজ্ঞান সংস্কৃতি সম্পর্কে, আইনের সমাজবিজ্ঞান আইন সম্পর্কে, বিবাহ ও পরিবারের সমাজবিজ্ঞান বিবাহ ও পরিবার নিয়ে আলোচনা করে। তবে এসব বিষয় ছাড়াও সমাজবিজ্ঞানের পরিধি আরও ব্যাপক।

সমাজবিজ্ঞানের পরিধির অন্তর্ভুক্ত সমাজবিজ্ঞানের বিভিন্ন পদ, প্রত্যয়, তত্ত্ব, নীতি ও জীবনযাত্রা সম্পর্কে সমাজতাত্ত্বিক মতবাদ বিচার-বিশ্লেষণ ও ব্যাখ্যা করে। পরিবারের উৎপত্তি, বিবর্তন, বিকাশ, ধরন, প্রকৃতি, রীতিনীতি সমাজবিজ্ঞানে আলোচিত হয়। ঐতিহাসিক সমাজবিজ্ঞানে প্রাচীন সমাজ, সমাজের উদ্ভব, বিকাশ ও বর্তমান সমাজের জীবনযাত্রা সম্পর্কে গবেষণা করা হয়। নগরের সমাজ, অর্থনীতি, নেতৃত্ব কাঠামো, ক্ষমতা কাঠামো, মর্যাদা ও স্তরবিন্যাস ইত্যাদি নিয়ে নগর সমাজবিজ্ঞান আলোচন করে। আবার সামাজিক পরিসংখ্যান, সামাজিক ঘটনাবলির সংখ্যাতাত্ত্বিক বিচার-বিশ্লেষণ করার পন্থা ও কৌশল সম্পর্কে ব্যাখ্যা দান করে। শিল্প উৎপাদন, বণ্টন, ভোগব্যবস্থা ও সমাজকাঠামোর পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার আলোচনা শিল্প সমাজবিজ্ঞানের পরিধিভুক্ত। এছাড়া সামাজিক মনোবিজ্ঞান সামাজিকীকরণ সম্পর্কে, সামাজিক জনবিজ্ঞান জনসংখ্যা সম্পর্কে এবং রাজনৈতিক সমাজবিজ্ঞান বিভিন্ন ধরনের রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করে।

পরিশেষে বলা যায়, সমাজে সংঘটিত সবকিছুই সমাজবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু। তাই বলা যায়, উদ্দীপকে আলোচিত বিবাহ ও পরিবার বিষয় ছাড়াও সমাজবিজ্ঞানের পরিধি অনেক ব্যাপক ও বিস্তৃত।

প্রদত্ত চিত্রের তথ্যের আলোকে প্রশ্নসমূহের উত্তর দাও:

শাসক এলিট ⇄ অশাসক এলিট; শাসক এলিট থেকে অশাসক এলিটের দিকে নিচের তীর এবং অশাসক এলিট থেকে শাসক এলিটের দিকে উপরের তীর।

২. সামাজিক পরিবর্তনের গতি কেমন?
সংস্কৃতি সামাজিক পরিবর্তন ঘটায়-ব্যাখ্যা কর।
উদ্দীপকের তত্ত্বটি কোন মৌল প্রত্যয়ের তত্ত্ব? ব্যাখ্যা কর।
উদ্দীপকের তত্ত্বটি বাস্তবসম্মত-বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
সামাজিক পরিবর্তনের গতি সমাজভেদে কখনো দ্রুত আবার কখনো মন্থর।
(খ)
সাংস্কৃতিক কারণেও অনেক সময় সামাজিক পরিবর্তন ঘটে থাকে। সংস্কৃতি হচ্ছে কোনো সমাজের সদস্যদের সে সমস্ত বিশ্বাস ও মূল্যবোধের সমষ্টি, যা অন্যান্য সমাজ থেকে ওই সমাজের পার্থক্য নির্দেশ করে। মানুষের আচার-আচরণ, ন্যায়-অন্যায়বোধ, চিন্তাভাবনা, পোশাক-পরিচ্ছদ, খাদ্যাভ্যাস ইত্যাদির মাধ্যমে কোনো সমাজের সাংস্কৃতিক পরিবেশ সম্পর্কে জানা যায়। সমাজবিজ্ঞানীদের মতে, সংস্কৃতির পরিবর্তনের ফলে মানুষের মানসিকতার পরিবর্তন ঘটে। আর এ মানসিকতার পরিবর্তনই সামাজিক পরিবর্তনকে ত্বরান্বিত করে। আর এভাবে মূলত সংস্কৃতির প্রভাবে সামাজিক পরিবর্তন ঘটে থাকে।
(গ)

উদ্দীপকের তত্ত্বটি প্যারেটোর এলিট চক্রাকার মৌল প্রত্যয়ের তত্ত্ব নামে পরিচিত।

প্যারেটোর এলিট চক্রাকার তত্ত্ব সামাজিক পরিবর্তন সম্পর্কিত বিভিন্ন তত্ত্বের মধ্যে অন্যতম। তিনি এ তত্ত্বের একটি চক্রাকার ধারা অনুসরণ করে সামাজিক পরিবর্তনের কতকগুলো সামাজিক ও রাজনৈতিক প্রত্যয়ের মাধ্যমে বিশ্লেষণ করেছেন। তার মতে, সমাজের সদস্যরা শাসক এলিট ও অশাসক এলিট এই দুই ভাগে বিভক্ত। শাসক এলিট তারাই যারা সমাজের শাসনক্ষমতায় অধিষ্ঠিত থাকে। অন্যদিকে, অশাসক এলিটরা সমাজের শীর্ষ অবস্থানে থাকে কিন্তু তাদের হাতে শাসনক্ষমতা থাকে না। তারা সবসময় শাসক এলিটদের পরাস্ত করে ক্ষমতায় আসতে চায়। প্যারেটো দেখিয়েছেন, একসময় শাসক এলিটরা শাসনক্ষমতা হারিয়ে ফেলে এবং অশাসক এলিটরা তা গ্রহণ করে। এভাবে শাসক এলিট ও অশাসক এলিটের মধ্যে ক্ষমতার আবর্তন চলতেই থাকে। এরকম ক্ষমতা আবর্তনের ফলে সমাজকাঠামোর মধ্যেও পরিবর্তন সাধিত হয়। উদ্দীপকের চিত্রে শাসক এলিট ও অশাসক এলিটের মধ্যকার পারস্পরিক সম্পর্ক দেখানো হয়েছে। যা উপরে আলোচিত প্যারেটোর এলিট চক্রাকার তত্ত্বের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের চিত্রটি প্যারেটোর এলিট চক্রাকার তত্ত্বকে নির্দেশ করে।

(ঘ)

উদ্দীপকে উল্লিখিত প্যারেটোর এলিট চক্রাকার তত্ত্বটি বাস্তবসম্মত -প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

প্যারেটোর এলিট চক্রাকার তত্ত্বের মূল বিষয় হলো সমাজের শাসনকার্যে দুটি শ্রেণি থাকে। যথা- শাসক শ্রেণি ও অশাসক শ্রেণি। এ দুটি শ্রেণি মিলেই সমাজ পরিবর্তনের চাকা ঘুরাচ্ছে। কিন্তু ক্ষমতায় অধিষ্ঠিত কোনো শাসকই চিরকাল টিকে থাকতে পারে না। শাসক এলিটরা ক্রমান্বয়ে তাদের বৈশিষ্ট্য ও গুণাগুণগুলো হারিয়ে ফেলে। অন্যদিকে, অশাসক এলিট এ গুণগুলো অর্জন করে শাসক এলিটের স্থান দখল করে। ফলে ক্ষমতা চক্রাকারে পরিবর্তন হতে থাকে।

প্যারোটোর এ তত্ত্বটি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটেও দেখা যায়। ক্ষমতার পালাবদলের কারণে বাংলাদেশের সমাজব্যবস্থায় বেশিরভাগ জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারে না। কেননা শাসনক্ষমতা টিকিয়ে রাখতে শাসকশ্রেণিকে কখনো কঠোর ও কখনো নীতিহীন পন্থা অবলম্বন করতে হয়। যার ফলে জনগণের চাহিদা প্রতিকূলে চলে যায়। যে কারণে শাসকশ্রেণি ক্ষমতাচ্যুত হয় এবং বিরোধী দল শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়।

সুতরাং বলা যায়, বর্তমান সমাজের প্রেক্ষাপটে প্যারেটোর এলিট চক্রাকার তত্ত্বটি বাস্তবসম্মত এবং কার্যকর ভূমিকা পালন করে।

দুই বন্ধু মালেক ও সাবের।
সাবেরের পঠিত বিষয়- সমাজ ও মানুষ সম্পর্কিত
মালেকের পঠিত বিষয়- রাষ্ট্র, সরকার, ক্ষমতা ইত্যাদি সম্পর্কিত।
৩. ম্যাকিয়াভেলি কে ছিলেন?
অগাস্ট কোঁৎকে সমাজবিজ্ঞানের জনক কেন বলা হয়? ব্যাখ্যা কর।
মালেকের বিষয়টি কোন সামাজিক বিজ্ঞানের অংশ? ব্যাখ্যা কর।
সাবেরের পঠিত বিষয়ের সঙ্গে মালেকের পঠিত বিষয়ের সম্পর্ক বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
ম্যাকিয়াভেলি ছিলেন ষোড়শ শতকের অন্যতম একজন ইতালীয় চিন্তাবিদ এবং 'The Prince' গ্রন্থের রচয়িতা।
(খ)
ফরাসি চিন্তাবিদ অগাস্ট কোঁৎ সামাজিক বিজ্ঞানের একটি নতুন শাখা হিসেবে সমাজবিজ্ঞানের ভিত্তি ও দৃষ্টিকোণ তৈরি করেন। সমাজবিজ্ঞানকে একটি সামাজিক বিজ্ঞান হিসেবে প্রমাণ করতে বা প্রতিষ্ঠিত করতে তার মূল্যবান চিন্তা দর্শন ও যুক্তি বলিষ্ঠ ভূমিকা পালন করতে সক্ষম হয়েছিল। তাই অগাস্ট কোঁৎকে সমাজবিজ্ঞানের জনক বলা হয়।
(গ)

মালেকের বিষয়টি রাষ্ট্রবিজ্ঞান নামক সামাজিক বিজ্ঞানের অংশ। রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে সামাজিক বিজ্ঞানের সেই শাখা যেখানে রাষ্ট্র, রাষ্ট্রের গঠন, বৈশিষ্ট্য, উদ্দেশ্য, ভূমিকা, রাষ্ট্রে বসবাসকারী নাগরিকদের অধিকার ও কর্তব্য ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। এ শাস্ত্র মানুষকে রাজনৈতিক জীব হিসেবে বিবেচনা করে। কার্যত রাষ্ট্রবিজ্ঞান সমাজবদ্ধ মানুষের রাজনৈতিক জীবন, রাষ্ট্র, রাষ্ট্রের উপাদান, রাষ্ট্রের প্রশাসনিক ব্যবস্থা, সরকার ও নাগরিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ প্রভৃতি বিষয় নিয়ে পর্যালোচনা করে। অর্থাৎ সমাজবিজ্ঞানের বিষয়বস্তু হলো মানবজীবনের রাজনৈতিক দিকসমূহের অংশ, রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্র ও ক্ষমতা সম্পর্কিত অধ্যয়ন হিসেবেও বিবেচনা করা হয়।

উদ্দীপকে মালেকের পঠিত বিষয়টির বৈশিষ্ট্যে রাষ্ট্র, সরকার, ক্ষমতা সম্পর্কিত বিষয়াবলি উল্লেখ করা হয়েছে। এসব বৈশিষ্ট্য উপরে আলোচিত রাষ্ট্রবিজ্ঞান শাস্ত্রের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের মালেকের পঠিত বিষয়টি সামাজিক বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা রাষ্ট্রবিজ্ঞানকে নির্দেশ করে।

(ঘ)

সাবেরের পঠিত বিষয়টি হলো সমাজবিজ্ঞান।

সমাজবিজ্ঞান সমাজস্থ মানুষের আচার-আচরণ, আদর্শ, মূল্যবোধ, ব্যক্তি ও সামাজিক প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্কসহ গোটা সমাজকে বিজ্ঞানভিত্তিক উপায়ে বিশ্লেষণ ও গবেষণা করে। উদ্দীপকে সাবেরের পঠিত বিষয়টি সমাজ ও মানুষ সম্পর্কে আলোকপাত করে, যা সমাজবিজ্ঞানকে নির্দেশ করে।

সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। কারণ রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান হলো সামাজিক বিবর্তনের দুটি গুরুত্বপূর্ণ শাখা। সমাজবিজ্ঞান যেমন সমগ্র সমাজ নিয়ে আলোচনা পর্যালোচনা করে, তেমনি রাষ্ট্রবিজ্ঞান সমাজের একটি বিশেষ দিক নিয়ে আলোচনা-পর্যালোচনা করে। রাষ্ট্র হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচ্য বিষয়। পক্ষান্তরে, সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হচ্ছে সমাজ। রাজনৈতিক সমাজবিজ্ঞান হচ্ছে সমাজবিজ্ঞানের একটি অংশ। এখানে সমাজবিজ্ঞান রাজনৈতিক ঘটনাবলির সমাজতাত্ত্বিক বিশ্লেষণ করে থাকে। সুতরাং বলা যায়, সমাজবিজ্ঞানী সমাজ গবেষণার পাশাপাশি রাজনৈতিক বিষয়েও গবেষণা করেন। আর রাষ্ট্রবিজ্ঞানীরাও রাজনৈতিক বিষয়ে গবেষণা করেন।

সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান এবং উভয়ে একে অপরের পরিপূরক।

সোহেল কাজলা নামক গ্রামে বসবাস করে। তাদের এলাকার জনগোষ্ঠীর মধ্যে মিল-অমিল থাকলেও নিজেদের মৌলিক চাহিদাসমূহ তারা একতাবদ্ধ ও সমষ্টিগতভাবে সহযোগিতায় রত। পরস্পরের ওপর নির্ভরশীল সচেতন এ মানুষগুলোর মধ্যকার সম্পর্কসমূহ জালের মতো ছড়িয়ে আছে।
৪. কোনটিকে সভ্যতার মূল চালিকাশক্তি বলা হয়?
মুখ্যদল বলতে কী বোঝ?
পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতায় গড়ে ওঠা সোহেলের এলাকাটি কোন মৌল প্রত্যয়কে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রত্যয়টির বৈশিষ্ট্য ও কার্যাবলি বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
সংস্কৃতিকে সভ্যতার মূল চালিকাশক্তি বলা হয়।
(খ)
যে দলের সদস্যদের মধ্যে পারস্পরিক ঘনিষ্ঠ, নিবিড় ও মুখোমুখি সম্পর্ক বিদ্যমান তাকে মুখ্যদল বলে। যেমন- পরিবার, খেলার সাথী, পাড়া ইত্যাদি মুখ্য দলের উদাহরণ। ১৯০৯ সালে মার্কিন সমাজবিজ্ঞানী চার্লস কুলি মুখ্য দল শব্দটি প্রথম ব্যবহার করেন। মুখ্য দলের মধ্যে সর্বদা 'আমরা ভাব' বিদ্যমান থাকে।
(গ)

পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতায় গড়ে ওঠা সোহেলের এলাকাটি 'সমাজ' নামক মৌল প্রত্যয়কে নির্দেশ করে।

সাধারণ অর্থে সমাজ বলতে এমন একদল মানুষের সমষ্টিকে বোঝায় যারা একত্রে পারস্পরিক সম্পর্কসূত্রে এবং বিভিন্ন প্রথা-প্রতিষ্ঠানের ক্রিয়া পদ্ধতিতে আবদ্ধ হয়ে বসবাস করে। সমাজবিজ্ঞানী গিন্সবার্গ বলেন, মানুষের সাথে মানুষের প্রত্যক্ষ বা পরোক্ষ, সংগঠিত বা অসংগঠিত, সচেতন বা অসচেতন, সহযোগিতা বা বৈরিতামূলক সমস্ত সম্পর্কের সমন্বিত রূপ হচ্ছে সমাজ। সমাজবিজ্ঞানী ম্যাকাইভার ও পেজ বলেন, "সমাজ হলো সামাজিক সম্পর্কের জাল।"

উদ্দীপকে দেখা যায়, সোহেলের বসবাসরত এলাকার জনগোষ্ঠীর মধ্যে মতের অমিল থাকলেও তারা মৌলিক চাহিদা পূরণে একতাবদ্ধ। আবার তারা পারস্পরিক সহযোগিতার ওপর নির্ভরশীল এবং তাদের মধ্যকার সম্পর্ক জটিল জালের মতো। এলাকাটির এসব বৈশিষ্ট্য উপরে আলোচিত। সমাজের বৈশিষ্ট্যের অনুরূপ। তাই নিশ্চিতভাবেই বলা যায়, সোহেলের এলাকাটি সমাজ নামক মৌল প্রত্যয়কে নির্দেশ করে।

(ঘ)

উদ্দীপকে উল্লিখিত প্রত্যয় তথা সমাজের মধ্যে কতিপয় বৈশিষ্ট্য ও কার্যাবলি পরিলক্ষিত হয়।

সমাজের অন্যতম বৈশিষ্ট্য হলো পারস্পরিক নির্ভরশীলতা ও সহযোগিতার ভিত্তিতে এটি গঠিত হয়। প্রত্যেক সমাজের একটি নিজস্ব সংগঠন ও সংহতি আছে। সমাজে সংহতির পাশাপাশি অসমতা ও দ্বন্দ্বও থাকতে পারে। মানুষের পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে সামাজিক সংগঠন ও সংহতি ধীরে ধীরে গড়ে ওঠে। সমাজ স্থিতিশীল নয় বরং সর্বদা পরিবর্তনশীল। সমাজের ব্যক্তিবর্গের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক স্থাপিত হয়, তা অনেকাংশে নির্ভর করে তাদের সমভাবাপন্ন মনের ওপর। সমাজের মধ্যে বিভিন্ন স্তরভেদ ও গোষ্ঠীভেদ থাকে।

সমাজের বৈশিষ্ট্য ও কার্যাবলির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সমাজ ও ব্যক্তিকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করা যায় না। ব্যক্তিকে বাদ দিয়ে সমাজ বা সমাজকে বাদ দিয়ে ব্যক্তিকে কল্পনাই করা যায় না। আবার সমাজ একটি বৃহৎ মানবীয় সংগঠন এবং এটি একটি বিমূর্ত ধারণা প্রকাশ করে, যাকে অনুভব করা যায়। সহযোগিতা ও প্রতিযোগিতা সব সমাজেই বিদ্যমান তবে দ্বন্দ্ব ক্ষণস্থায়ী। কেননা প্রতিটি সমাজে সহযোগিতার প্রাধান্য বেশি। যার ফলে বিরোধ কখনই দীর্ঘস্থায়ী হতে পারে না। এছাড়া সমাজ সামাজিক সম্পর্কের জালস্বরূপ এবং এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো সবরকম সামাজিক বিশৃঙ্খলা রোধ করে একটি সুন্দর সমাজ গঠন করা। সুতরাং বলা যায়, সমাজের উপর্যুক্ত বৈশিষ্ট্য ও কার্যাবলি একটি সভ্য, সুন্দর ও বসবাস উপযোগী সামাজিক পরিবেশ সৃষ্টি করতে বিশেষ ভূমিকা পালন করে।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।