উদ্দীপকে মনিরুলের পঠিত বিষয়টি হলো সমাজবিজ্ঞান।
সমাজবিজ্ঞান একটি আধুনিক জ্ঞানকাণ্ড। যার মূল বিষয় হলো সমাজ ও মানুষ। সমাজবিজ্ঞান সমাজের মানুষের আচার-আচরণ, সামাজিক রীতিনীতি, সংগঠন, মূল্যবোধ, সামাজিকীকরণ, ঐতিহ্য, সামাজিক প্রতিষ্ঠান প্রভৃতি বিষয় সম্পর্কে মানুষকে সচেতন করে তোলে। ভারতীয় উপমহাদেশে প্রাচীনকাল থেকেই সমাজ ও রাষ্ট্র নিয়ে আলোচনা থাকলেও তা আধুনিক সমাজবিজ্ঞানের মতো সুসংগঠিত ছিল না। একটি স্বতন্ত্র একাডেমিক ডিসিপ্লিন হিসেবে এর বিকাশ ঘটেছে ইউরোপীয় জ্ঞান-ভাবনার প্রভাবে। বাংলাদেশের প্রেক্ষাপটে এর প্রাতিষ্ঠানিক বিকাশ তুলনামূলকভাবে নতুন।
উদ্দীপকে মনিরুলের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ বিষয়টি পড়ার কথা উল্লেখ করা হয়েছে। এটি বাংলাদেশের সমাজবিজ্ঞানের প্রাতিষ্ঠানিক বিকাশের ইতিহাসের সাথে সরাসরি সম্পর্কিত। ১৯৫৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি পৃথক বিভাগ হিসেবে সমাজবিজ্ঞান প্রতিষ্ঠিত হয়। এর আগে ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন বিভাগে বিক্ষিপ্তভাবে সমাজবিজ্ঞান নিয়ে আলোচনা হতো, তবে এটি পূর্ণাঙ্গ বিষয় হিসেবে পড়ানো হতো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমেই এটি বাংলাদেশে একটি স্বতন্ত্র জ্ঞানকাণ্ড হিসেবে যাত্রা শুরু করে। এ ধারাবাহিকতায় ১৯৬৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ১৯৭০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠিত হলে এ শাস্ত্রটি চর্চার পথ আরও প্রশস্ত হয়। ধীরে ধীরে খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১২ সালে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১০ সালে, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০১২ সালে সমাজবিজ্ঞান চর্চা শুরু হয়। বর্তমানে এনসিটিবির অধীনেও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদেরও সমাজবিজ্ঞান পড়ানো হয়।
সাধারণত যেকোনো একটি বিজ্ঞান বা বিষয় বিকাশ লাভের ক্ষেত্রে কোনো না কোনো ব্যক্তির অবদান চিরস্মরণীয় হয়ে থাকে। বাংলাদেশে সমাজবিজ্ঞান বিকাশ লাভের ক্ষেত্রেও ড. এ. কে. নাজমুল করিমসহ কয়েকজন ব্যক্তির অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।
বাংলাদেশে সামাজিক বিজ্ঞানের জনক এবং উপমহাদেশের একজন প্রখ্যাত সমাজবিজ্ঞানী হিসেবে পরিচিত অধ্যাপক ড. এ. কে নাজমুল করিম। ১৯৫৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ চালু হলে তিনি এ বিভাগে যোগ দেন। এ বিভাগের প্রথম চেয়ারম্যান ছিলেন Prof. Pierre Bassaignet. ১৯৫৮ সালে ড. নাজমুল করিম সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হন। এ. কে. নাজমুল করিমের প্রথম এবং বিখ্যাত বই হলো 'Changing Society in India, Pakistan and Bangladesh'. এটিই প্রথম কোনো বাঙালি রচিত সমাজবিজ্ঞানের ওপর আলোচিত পূর্ণাঙ্গ একটি গ্রন্থ। বর্তমানেও সমাজবিজ্ঞান বিভাগের অপরিহার্য একটি সহায়ক গ্রন্থ হিসেবে এটি সবার নিকট সমাদৃত।
বাংলাদেশে সমাজবিজ্ঞান বিকাশে আরও যাঁদের অবদান গুরুত্বপূর্ণ তাঁদের মধ্যে অধ্যাপক ফজলুর রহমান খান, অধ্যাপক ড. রঙ্গলাল সেন, অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী, অধ্যাপক কে. এ. এম. সফিউদ্দীন, ড. আব্দুল কাদির ভূঁইয়া, ড. অনুপম সেন, অধ্যাপক সিরাজ উদ্দীন, হাসানুজ্জামান চৌধুরী, মোকারম হোসেন, ড. সাদেকা হালিম প্রমুখ উল্লেখযোগ্য। বর্তমানে সমাজবিজ্ঞানকে ঘিরে প্রচুর গবেষণা হচ্ছে। এসব বিশিষ্ট ব্যক্তিবর্গের অবদানে সমাজবিজ্ঞান বিকাশ লাভ করে।