চট্টগ্রাম বোর্ড ২০২৫

এইচএসসি · সমাজবিজ্ঞান ২য় পত্র

চট্টগ্রাম বোর্ড ২০২৫

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক মনিরুলকে এমন একটি বিষয়ে ভর্তির পরামর্শ দিয়েছিলেন, যে বিষয়ের মূল বিষয়বস্তু হলো সমাজ ও মানুষ। বিষয়টি সমাজের মানুষের আচরণ, সামাজিক সংগঠন, মূল্যবোধ, সামাজিকীকরণ, ঐতিহ্য, সামাজিক প্রতিষ্ঠান, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে মানুষকে সচেতন করে তোলে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে বিদেশ থেকে তিনি বর্তমানে এ বিষয়ে উচ্চতর ডিগ্রি নিয়ে আন্তর্জাতিক মানের বেসরকারি একটি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে এখন কাজ করছেন।
১. ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
সামাজিক উন্নয়ন বলতে কী বোঝ?
উদ্দীপকে মনিরুলের পঠিত বিষয়টির বিকাশধারা বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাখ্যা কর।
উদ্দীপকে বর্ণিত বিষয়টি বাংলাদেশে বিকাশ লাভ করার ক্ষেত্রে ড. এ. কে. নাজমুল করিমসহ কয়েকজন ব্যক্তির অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য-- মূল্যায়ন কর।
সমাধান ও উত্তর
(ক)
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯২১ সালে।
(খ)
সামাজিক উন্নয়ন বলতে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পরিবেশগত সকল দিকের ইতিবাচক উন্নয়নকে বোঝায়। যা সমগ্র জনগোষ্ঠীর জন্য কল্যাণকর। সামাজিক পরিবর্তনের প্রক্রিয়ায় যখন সমাজ কাঠামো এবং সামাজিক সম্পর্কের পরিবর্তনের মাধ্যমে পূর্বাবস্থা থেকে সমাজ অপেক্ষাকৃত উন্নততর অবস্থায় রূপান্তরিত হয় তখন তাকে সামাজিক উন্নয়ন বলে। যেমন- শিক্ষা, স্বাস্থ্য, জীবনমান উন্নয়ন, মানবসম্পদ বিকাশ, জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস ইত্যাদি অবস্থা।
(গ)

উদ্দীপকে মনিরুলের পঠিত বিষয়টি হলো সমাজবিজ্ঞান।

সমাজবিজ্ঞান একটি আধুনিক জ্ঞানকাণ্ড। যার মূল বিষয় হলো সমাজ ও মানুষ। সমাজবিজ্ঞান সমাজের মানুষের আচার-আচরণ, সামাজিক রীতিনীতি, সংগঠন, মূল্যবোধ, সামাজিকীকরণ, ঐতিহ্য, সামাজিক প্রতিষ্ঠান প্রভৃতি বিষয় সম্পর্কে মানুষকে সচেতন করে তোলে। ভারতীয় উপমহাদেশে প্রাচীনকাল থেকেই সমাজ ও রাষ্ট্র নিয়ে আলোচনা থাকলেও তা আধুনিক সমাজবিজ্ঞানের মতো সুসংগঠিত ছিল না। একটি স্বতন্ত্র একাডেমিক ডিসিপ্লিন হিসেবে এর বিকাশ ঘটেছে ইউরোপীয় জ্ঞান-ভাবনার প্রভাবে। বাংলাদেশের প্রেক্ষাপটে এর প্রাতিষ্ঠানিক বিকাশ তুলনামূলকভাবে নতুন।

উদ্দীপকে মনিরুলের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ বিষয়টি পড়ার কথা উল্লেখ করা হয়েছে। এটি বাংলাদেশের সমাজবিজ্ঞানের প্রাতিষ্ঠানিক বিকাশের ইতিহাসের সাথে সরাসরি সম্পর্কিত। ১৯৫৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি পৃথক বিভাগ হিসেবে সমাজবিজ্ঞান প্রতিষ্ঠিত হয়। এর আগে ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন বিভাগে বিক্ষিপ্তভাবে সমাজবিজ্ঞান নিয়ে আলোচনা হতো, তবে এটি পূর্ণাঙ্গ বিষয় হিসেবে পড়ানো হতো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমেই এটি বাংলাদেশে একটি স্বতন্ত্র জ্ঞানকাণ্ড হিসেবে যাত্রা শুরু করে। এ ধারাবাহিকতায় ১৯৬৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ১৯৭০ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠিত হলে এ শাস্ত্রটি চর্চার পথ আরও প্রশস্ত হয়। ধীরে ধীরে খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১২ সালে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১০ সালে, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০১২ সালে সমাজবিজ্ঞান চর্চা শুরু হয়। বর্তমানে এনসিটিবির অধীনেও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদেরও সমাজবিজ্ঞান পড়ানো হয়।

(ঘ)

সাধারণত যেকোনো একটি বিজ্ঞান বা বিষয় বিকাশ লাভের ক্ষেত্রে কোনো না কোনো ব্যক্তির অবদান চিরস্মরণীয় হয়ে থাকে। বাংলাদেশে সমাজবিজ্ঞান বিকাশ লাভের ক্ষেত্রেও ড. এ. কে. নাজমুল করিমসহ কয়েকজন ব্যক্তির অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।

বাংলাদেশে সামাজিক বিজ্ঞানের জনক এবং উপমহাদেশের একজন প্রখ্যাত সমাজবিজ্ঞানী হিসেবে পরিচিত অধ্যাপক ড. এ. কে নাজমুল করিম। ১৯৫৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ চালু হলে তিনি এ বিভাগে যোগ দেন। এ বিভাগের প্রথম চেয়ারম্যান ছিলেন Prof. Pierre Bassaignet. ১৯৫৮ সালে ড. নাজমুল করিম সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হন। এ. কে. নাজমুল করিমের প্রথম এবং বিখ্যাত বই হলো 'Changing Society in India, Pakistan and Bangladesh'. এটিই প্রথম কোনো বাঙালি রচিত সমাজবিজ্ঞানের ওপর আলোচিত পূর্ণাঙ্গ একটি গ্রন্থ। বর্তমানেও সমাজবিজ্ঞান বিভাগের অপরিহার্য একটি সহায়ক গ্রন্থ হিসেবে এটি সবার নিকট সমাদৃত।

বাংলাদেশে সমাজবিজ্ঞান বিকাশে আরও যাঁদের অবদান গুরুত্বপূর্ণ তাঁদের মধ্যে অধ্যাপক ফজলুর রহমান খান, অধ্যাপক ড. রঙ্গলাল সেন, অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী, অধ্যাপক কে. এ. এম. সফিউদ্দীন, ড. আব্দুল কাদির ভূঁইয়া, ড. অনুপম সেন, অধ্যাপক সিরাজ উদ্দীন, হাসানুজ্জামান চৌধুরী, মোকারম হোসেন, ড. সাদেকা হালিম প্রমুখ উল্লেখযোগ্য। বর্তমানে সমাজবিজ্ঞানকে ঘিরে প্রচুর গবেষণা হচ্ছে। এসব বিশিষ্ট ব্যক্তিবর্গের অবদানে সমাজবিজ্ঞান বিকাশ লাভ করে।

সোমপুর বিহার → গন্ধেশ্বরীর মন্দির → সত্যপীরের ভিটা।
২. লেখার আবিষ্কার হয়েছে কোন যুগে?
'লৌহের আবিষ্কার সভ্যতার অন্যতম ভিত্তি'- ব্যাখ্যা কর।
উদ্দীপকে কোন প্রত্নতাত্ত্বিক স্থানের নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত নিদর্শনগুলো বাংলাদেশের সামাজিক ইতিহাসকে ধারণ করে- বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
লেখার আবিষ্কার হয়েছে ব্রোঞ্জ যুগে।
(খ)
লৌহের আবিষ্কার মানব সভ্যতার ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তন এনেছিল। ব্রোঞ্জের তুলনায় লোহা অনেক বেশি সহজলভ্য এবং শক্তিশালী হওয়ায় এটি দ্রুতই ব্রোঞ্জের স্থান দখল করে নেয়। লোহার তৈরি কৃষি সরঞ্জাম যেমন লাঙল ও কোদাল কৃষিকাজকে অনেক সহজ করে তোলে, যার ফলে খাদ্য উৎপাদন বহুলাংশে বৃদ্ধি পায়। লৌহ ব্যবহারের ফলে অস্ত্রশস্ত্র নির্মাণ সামগ্রী এবং নিত্যপ্রয়োজনীয় যন্ত্রপাতির গুণগত মান অনেক উন্নত হয়। এর মাধ্যমে নতুন নতুন শহর, দুর্গ এবং অবকাঠামো তৈরি করা সম্ভব হয়, যা সভ্যতার বিস্তারকে ত্বরান্বিত করে। এই কারণে লৌহের আবিষ্কারকে মানব সভ্যতার অন্যতম ভিত্তি হিসেবে গণ্য করা হয়, যা আধুনিক বিশ্বের ভিত্তিপ্রস্তর স্থাপন করে।
(গ)

উদ্দীপকে পাহাড়পুর নামক প্রত্নতাত্ত্বিক স্থানের নির্দেশ করা হয়েছে। পাহাড়পুর বিহার বাংলাদেশে বৌদ্ধ ও হিন্দু সংস্কৃতির এক আকর্ষনীয় নিদর্শন। অষ্টম শতাব্দীতে বরেন্দ্রভূমির সোমপুর নামক স্থানে পালবংশের দ্বিতীয় শাসক রাজা ধর্মপাল এই মহাবিহার প্রতিষ্ঠা করেন। এটি বর্তমান বাংলাদেশের উত্তম-পশ্চিমে অবস্থিত নওগাঁ জেলার বদলগাছী সদর উপজেলার অন্তর্গত পাহাড়পুর নামক স্থানে অবস্থিত। এই বিহারটির উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন হলো-সোমপুর বিহার, স্নানঘাট, গন্ধেশ্বরীর মন্দির, সত্যপীর ভিটা ও জৈন বিহার। এখানে অসংখ্য মুদ্রা পাওয়া গেছে। এখানে প্রাপ্ত টেরাকোটার ফলকে বিভিন্ন ধরনের শিল্পকর্ম চোখে পড়ে। পাহাড়পুরের ধ্বংসাবশেষ থেকে পোড়ামাটির নানা ধরনের থালা, বাটি, জলপাত্র, গহনাপত্র, সিলমোহর, তাম্রলিপি, শিলালিপি ইত্যাদি পাওয়া গেছে। তিব্বতবাসীদের নিকট এটি তীর্থস্থানস্বরূপ ছিল। তিব্বতি সাহিত্যে এ বিহারের বিখ্যাত পণ্ডিত অতীশ দীপঙ্কর ও রত্নাকর শান্তির নাম উল্লেখ রয়েছে।

উদ্দীপকের ছকে উপরিউক্ত নিদর্শনগুলোর মধ্যে সোমপুর বিহার, গন্ধেশ্বরীর মন্দির ও সত্যপীর ভিটার উল্লেখ করা হয়েছে। যা পাহাড়পুর বিহারের নিদর্শন। সুতরাং বলা যায়, উদ্দীপকের ছকটি পাহাড়পুর নামক প্রত্নতাত্ত্বিক স্থানকে নির্দেশ করে।

(ঘ)

উদ্দীপকে উল্লিখিত নিদর্শনগুলো তথা পাহাড়পুরে আবিষ্কৃত বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন বাংলাদেশের সামাজিক ইতিহাসকে ধারণ করে মন্তব্যটি যথার্থ বলে আমি মনে করি।

প্রাচীনকাল থেকে মধ্যযুগ পর্যন্ত বাংলাদেশের সমাজকাঠামোর প্রকৃতি নির্ধারণে পাহাড়পুরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সহায়ক ভূমিকা রাখে। এখানকার মন্দির, পাথর নির্মিত বিভিন্ন দেব-দেবীর মূর্তি প্রমাণ করে যে, প্রাচীনকালে (মৌর্য, গুপ্ত, পাল ও সেন আমল) এ অঞ্চলে বৌদ্ধ ও হিন্দুধর্মের বেশ প্রভাব ছিল। সে সময়ের রাজারা কারুকার্যখচিত বিশাল আয়তনের ধর্ম মন্দির স্থাপনে বেশ আগ্রহ দেখিয়েছিলেন। এতে বোঝা যায়, রাষ্ট্রীয় কাজে ধর্ম বিশেষ গুরুত্বের দাবিদার ছিল।

পাহাড়পুরের ধ্বংসাবশেষ আরও প্রমাণ করে যে, ধর্মীয় কাজে ধনী ব্যক্তি কিংবা নৃপতিদের দানের হাত ছিল দরাজ। পাহাড়পুরে আবিষ্কৃত প্রাচীন মুদ্রা থেকে অনুমান করা অযৌক্তিক নয় যে, তখন সমাজে মুদ্রা অর্থনীতির বিকাশ ঘটেছিল। আর মুদ্রা অর্থনীতির বিকাশ সমাজে সামাজিক অসমতা বা স্তরবিন্যাসের অস্তিত্বকে প্রমাণ করে। এ সভ্যতার তাম্রলিপি ও শিলালিপিতে উৎকীর্ণ ভূমি ক্রয়-বিক্রয়, ভূমিদান ইত্যাদির দলিল থেকে মনে করা যেতে পারে যে, ভূসম্পত্তিতে ব্যক্তিগত মালিকানা ছিল।

উপরের আলোচনা থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয়, উদ্দীপকে উল্লিখিত পাহাড়পুরের নিদর্শনসমূহ বিশ্লেষণ করে তদানীন্তন বাংলাদেশের সামাজিক ইতিহাসের একটি চিত্র ফুটিয়ে তোলা যায়। এ তাই বলা যায়, পাহাড়পুরে প্রাপ্ত নিদর্শনগুলো, বাংলাদেশের সামাজিক ইতিহাসকে ধারণ করে।

**দৃশ্যপট-১ : **সমাজবিজ্ঞান ক্লাসে স্যার মানবসমাজের ইতিহাস নিয়ে আলোচনা করছিলেন। তিনি বলেন যে, লিখন-পূর্ব মানবসমাজ ছিল যাযাবর। হাতিয়ার ছিল অমসৃণ ও ভোতা। সে যুগের মানুষ আগুনের ব্যবহার, পোশাক পরিধান শিখলেও উৎপাদন ব্যবস্থা ছিল সংগ্রহমূলক।

**দৃশ্যপট-২: **পরের দিন স্যার আরেকটি যুগের বৈশিষ্ট্য পড়াচ্ছিলেন। যেখানে কৃষির উদ্ভব, হাতিয়ার আবিষ্কার, সাংস্কৃতিক বিকাশ, পরিবারের উৎপত্তিসহ ধর্মীয় জীবন শুরুর মধ্য দিয়ে সমাজ এগিয়ে যায়।

৩. নৃগোষ্ঠী কী?
"লৌহ যুগ আধুনিক সভ্যতার ভিত্তি।"- বুঝিয়ে লেখ।
উদ্দীপকে দৃশ্যপট-১ এ স্যার কোন যুগ সম্পর্কে ছাত্রদের পড়াচ্ছিলেন? ব্যাখ্যা কর।
দৃশ্যপট-২ যুগটির 'সমাজ ও সভ্যতা বিকাশের ক্ষেত্রে অবদান অনস্বীকার্য'- মতামতসহ বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
অভিন্ন ইতিহাস, সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য বা আত্মপরিচয়ের ভিত্তিতে স্বতন্ত্র পরিচয় বহনকারী জনগোষ্ঠীকে নৃগোষ্ঠী বলা হয়।
(খ)
আধুনিক সভ্যতার ভিত্তি হচ্ছে লৌহ। বর্তমান যুগে হাতিয়ার ও যন্ত্রপাতি প্রধানত লৌহনির্মিত। যানবাহন তৈরিতে লৌহ ব্যবহারের ফলে যানবাহন ব্যবস্থার প্রভূত উন্নতি ঘটে। ঘরবাড়ি, আসবাবপত্র, বৈজ্ঞানিক যন্ত্রপাতি, রাস্তাঘাট, পুল নির্মাণে লোহার ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। লৌহ দ্বারা নির্মিত প্রেস ও অক্ষর আবিষ্কৃত হওয়ায় ছাপাশিল্পের অভূতপূর্ণ অগ্রগতি দেখা দেয়। মানবসভ্যতার অভাবনীয় উন্নতিতে লোহার ব্যাপক ভূমিকা রয়েছে। এজন্য লৌহকে আধুনিক সভ্যতার ভিত্তি বলা হয়।
(গ)

উদ্দীপকের দৃশ্যপট-১ এ স্যার প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে ছাত্রদের পড়াচ্ছিলেন।

প্রস্তর যুগের প্রথম পর্যায় হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ। প্রস্তর যুগের মধ্যে এটি সবচেয়ে দীর্ঘ। প্রাচীন প্রস্তর যুগের মানুষ ছিল অক্ষর জ্ঞানহীন। তারা জীবিকা নির্বাহের জন্য জোটবদ্ধ হয়ে বিভিন্ন শব্দের সাহায্যে ও আকার ইঙ্গিতের মাধ্যমে তাদের মনেরভাব প্রকাশ করতো। এ যুগের মানুষেরা খাদ্য সংগ্রহের ওপর নির্ভরশীল ছিল। তাই তারা যখন যো অঞ্চলে যেতো সেই অঞ্চলেই আবাসস্থল গড়ে তুলতো। এককথায় তাদের জীবন ছিল যাযাবর প্রকৃতির। শিকারের জন্য জন্য তারা বর্শা, ছুরিসহ বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করেছিল। যা ছিল ভোতা ও অমসৃণ। বলা হয়ে থাকে, এ যুগের প্রাথমিক পর্যায়ে মানুষ উলঙ্গ থাকত। পরবর্তীতে লজ্জা নিবারণের জন্য তারা গাছের ছাল, বাকল, পাতা ইত্যাদি ব্যবহার করতো। এ যুগের মানুষেরা প্রাথমিক পর্যায়ে আগুন তৈরি করতে জানত না বলে বাইরে থেকে আগুন নিয়ে এসে গুহার মধ্যে জ্বালিয়ে রাখত। এরপর তারা পাথর ঠুকে বা কাঠে কাঠ ঘয়ে আগুন জ্বালানোর কৌশল আয়ত্ব করে।

উদ্দীপকে দেখা যায়, সমাজবিজ্ঞান ক্লাসে স্যার মানবসমাজের ইতিহাস নিয়ে আলোচনা করছিলেন। আলোচনার এক পর্যায়ে তিনি বলেন, লিখনপূর্ব মানবসমাজ ছিল যাযাবর প্রকৃতির। তাদের হাতিয়ার ছিল অমসৃণ ও ভোতা। সে যুগের মানুষ আগুনের ব্যবহার, পোশাক পরিধান শিখলেও তাদের উৎপাদন ব্যবস্থা ছিল সংগ্রহমূলক। স্যারের এই আলোচনা ওপরে বর্ণিত প্রাচীন প্রস্তর যুগের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, দৃশ্যপট-১ এ স্যার ছাত্রদের প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কেই পড়াচ্ছিলেন।

(ঘ)

দৃশ্যপট-২ এর যুগটি হলো নব্য প্রস্তর যুগ। "সমাজ ও সভ্যতার বিকাশে এ যুগের অবদান অনস্বীকার্য" বলে আমি মনে করি।

প্রস্তর যুগের শেষ ধাপ হচ্ছে নব্য প্রস্তর যুগ। এ যুগের মানুষেরা উন্নতমানের হাতিয়ার তৈরিতে পারদর্শী ছিল। ফলে হাতিয়ারগুলো ছিল যথেষ্ট তীক্ষ্ণ, মসৃণ ও ধারালো। এ যুগের উল্লেখযোগ্য হাতিয়ারগুলো হচ্ছে চাকু, কান্তে কুঠার, কোঁদাল, গাঁইতি, বর্শা, তীর ইত্যাদি। গর্ডন চাইল্ডের যুক্তি হলো, একবার যেই নব্য প্রস্তর যুগে হাতিয়ার তৈরি শুরু হয়ে গেল, অমনি জমি চাষ অনেক সহজ হলো। এ যুগে কৃষিকাজ ও পশুপালন অর্থনীতির উদ্ভব হলে সর্বপ্রথম খাদ্যে নিশ্চয়তা আসে। খাদ্যের সঠিক যোগান, প্রাকৃতিক পরিবেশের অনুকূল অবস্থা এ যুগের মানুষকে সভ্য জীবন গঠনের সুযোগ করে দিয়েছিল। এ যুগেই মানুষ যাযাবর জীবন ত্যাগ করে স্থায়ীভাবে বসবাস শুরু করে এবং সমাজে পারিবারিক কাঠামো গড়ে তোলে। সাংস্কৃতিক বিকাশ যেকোনো সমাজ বা গোষ্ঠীর অন্যতম দিক। নব্য প্রস্তর যুগেও এর ব্যতিক্রম ঘটেনি। এ যুগের সাংস্কৃতিক বিকাশে উল্লেখযোগ্য সংযোজনের মধ্যে রয়েছে মৃৎপাত্র তৈরি, কৃষিকাজে বিভিন্ন হাতিয়ারের ব্যবহার, বয়নশিল্প ও স্থাপত্যশিল্পের উদ্ভব, স্থায়ী বসতি নির্মাণ কৌশল, বাগিচা বা উদ্যান চাষাবাদ, বিনিময় ব্যবস্থা অতি প্রাকৃত শক্তিতে বিশ্বাস, সম্পত্তির চেতনা ইত্যাদি। অনেক প্রত্নতাত্ত্বিকের ধারণা, পশুকে পোশ মানানো ও কৃষির উন্নতিই ছিল নব্য প্রস্তর যুগের প্রকৃত ভিত্তি। এ যুগের মানুষ আত্মার ধারণায় বিশ্বাস করতো। তাদের ধারণা ছিল আত্মা বা প্রেতাত্মা মানুষের ক্ষতি করতে পারে। এজন্য তারা আত্মা-প্রেতাত্মা বা অতিপ্রাকৃতশক্তির হাত থেকে বাচার জন্য নানারকম আচার অনুষ্ঠান পালন করতো। এসবের পাশাপাশি এ যুগের মানুষেরা প্রকৃতির বিভিন্ন উপাদানের (গাছপালা, নদীনালা, পাহাড়-পর্বত ইত্যাদি) পূজাও করতো।

সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায়, নব্য প্রস্তর যুগ মানবসমাজের ইতিহাসে পরিবর্তনের দিক থেকে একটি বৈপ্লবিক যুগ হিসেবে বিবেচিত হয়। এ যুগের বিভিন্ন পর্যায়ক্রমিক ধারা বর্তমান সমাজ ও সভ্যতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

নারী নেত্রী দিপা এক অনুষ্ঠানে উল্লেখ করেন, আমাদের দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সামাজিক উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি এমন একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কথা উল্লেখ করেন, যাদের অর্থনীতি মূলত কৃষিভিত্তিক এবং মাতৃসূত্রীয় পরিবার। তাদের গোত্রগুলো ক্ষুদ্র হয় বলে সদস্যদের মধ্যে রক্তের সম্পর্ক নির্ণয় করা সহজ। এদের বিশ্বাস, মৃত্যুর পর তাদের আত্মা 'চিকমাং' নামক স্থানে চলে যায়।
৪. হেডম্যান কোন নৃগোষ্ঠীর মৌজাপ্রধান?
জুম চাষ বলতে কী বোঝায়?
উদ্দীপকে দিপা কোন নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত? ব্যাখ্যা দাও।
উদ্দীপকে উল্লিখিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর পারিবারিক ও অর্থনৈতিক জীবনধারা মূল্যায়ন কর।
সমাধান ও উত্তর
(ক)
হেডম্যান চাকমা নৃগোষ্ঠীর মৌজা প্রধান।
(খ)
জুম চাষ পাহাড়ি এলাকায় প্রচলিত এক ধরনের কৃষি পদ্ধতি। 'জুম চাষ' বিশেষ শব্দে 'ঝুম চাষ' নামেও পরিচিত। জুম চাষ এক ধরনের স্থান্তরিত কৃষি পদ্ধতি। এটি মূলত জঙ্গল কেটে পুড়িয়ে চাষ করা হয়। আবার সেই স্থানে জমির উর্বরতা কমে গেলে পূর্বের স্থান হতে কৃষি জমি স্থান্তরিত করে অন্যত্র আবার কৃষি জমি গড়ে ওঠে। পাহাড়ের গায়ে ঢালু এলাকায় জুম চাষ করা হয়। এ 'পদ্ধতির চাষে বছরের বিভিন্ন সময় বিভিন্ন ফসল উৎপাদন করা সম্ভব হয়।
(গ)

উদ্দীপকে দিপা গারো ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত।

গারোরা বাংলাদেশের অন্যতম ক্ষুদ্র নৃগোষ্ঠী। তাদের অধিকাংশ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে বসবাস করেন। তারা বিভিন্ন গোত্র ও উপগোত্রে বিভক্ত। তারা গোত্রকে 'চাচ্চি' এবং 'উপগোত্রকে 'মাহারী' বলে। চাচ্চি হলো তাদের সর্ববৃহৎ গোত্রের নাম। মাহারী দ্বারা মূলত একই বংশের লোককে নির্দেশ করা হয়ে থাকে। এ গোত্রগুলো ক্ষুদ্র হয় বলে এদের সদস্যদের মধ্যে রক্তের সম্পর্ক নির্ণয় করা সহজ হয়। গারোদের পরিবার মাতৃসূত্রীয় রীতি অনুসরণ করে থাকে। ফলে মেয়েরা বংশানুক্রমে মায়ের ধারায় সম্পত্তিতে অধিকার পায়। বিবাহিত ছেলেরা স্ত্রীর বাড়িতে গিয়ে ওঠে এবং স্ত্রীর পরিবারের সদস্যদের সাথে চাষাবাদ করে। গারোদের প্রধান পেশা হলো কৃষিকাজ। তাদের মধ্যে অনেকেই দিনমজুরের মতো প্রাণান্তকর পরিশ্রম করে কৃষিকাজ করে। গারোরা আগে জুম বা পালাক্রম চাষ করলেও ১৯৫০ সালের পর থেকে তারা হাল চাষ বা কৃষিতে অভ্যস্ত হয়ে পড়েছে। গারোরা পুনর্জন্মে বিশ্বাস করে। তাদের বিশ্বাস আত্মা অমর এবং মৃত্যুর পর আত্মা চিকমাং নামক স্থানে চলে যায়। তারা মনে করে চিকমাং হলো মৃতের দেশ।

উদ্দীপকে নারী নেত্রী দিপা যে নৃৎগোষ্ঠীর কথা উল্লেখ্য করেন তাদের অর্থনীতি কৃষিভিত্তিক এবং পরিবার ব্যবস্থা মাতৃসূত্রীয়। তাদের গোত্রগুলো ক্ষুদ্র হয় বলে সদস্যদের মধ্যে রক্তের সম্পর্ক নির্ণয় করা সহজ হয়। এদের বিশ্বাস মৃত্যুর পর আত্মা চিকমাং নামক স্থানে চলে যায়। দিপার এ বক্তব্য উপরে আলোচিত ক্ষুদ্র নৃগোষ্ঠী গারোদের সাথে মিলে যায়। সুতরাং বলা যায়, দিপা গারো ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত।

(ঘ)

উদ্দীপকে গারো জনগোষ্ঠীর পারিবারিক ও অর্থনৈতিক জীবনকে নির্দেশ করা হয়েছে।

গারোদের বংশপরিচয় ও উত্তরাধিকার ঐতিহ্যগতভাবে মাতৃসূত্রীয়। নির্বাচিত উত্তরাধিকারিণী নোকনার মাধ্যমে পারিবারিক সম্পত্তি রক্ষার রীতি রয়েছে; এতে পরিবারের সব ক্ষমতা কেবল নারীর হাতে—এমন অর্থ হয় না।

কৃষি তাদের গুরুত্বপূর্ণ জীবিকা, যদিও শিক্ষা, চাকরি, ব্যবসা ও অন্যান্য পেশায় অংশগ্রহণও রয়েছে। নারী-পুরুষের শ্রম ও পারিবারিক সহযোগিতা অর্থনৈতিক জীবনে ভূমিকা রাখে।

তাই পারিবারিক ঐতিহ্য ও অর্থনৈতিক জীবন পরস্পর সম্পর্কিত, কিন্তু সব গারো পরিবারকে একই পেশা, ধর্ম বা কর্তৃত্বের ধরনে সীমাবদ্ধ করা যায় না।

চট্টগ্রাম বোর্ড ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।