চট্টগ্রাম কলেজ ২০২৪

এইচএসসি · সমাজবিজ্ঞান ২য় পত্র

চট্টগ্রাম কলেজ ২০২৪

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

১৮৩৯ সালে ফ্রান্সে একটি সামাজিক বিজ্ঞানের জন্ম হলেও বাংলাদেশে ১৯৫৭ সালে তা বিকাশ লাভ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের পরিশ্রমের ফলে এটি সম্ভব হয়। আর সেজন্য তাঁকে বাংলাদেশের এ বিজ্ঞানটির জনক বলে অভিহিত করা হয়। একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য এ. সামাজিক বিজ্ঞানটির অধ্যয়ন অত্যন্ত জরুরি ।
১. ‘The Positive Philosophy' গ্রন্থটি কার লেখা?
নবান্ন উৎসব কী? বুঝিয়ে লেখো ।
উদ্দীপকে কোন অধ্যাপকের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো ।
“একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে উদ্দীপকে নির্দেশিত বিজ্ঞানটির পঠন-পাঠন অত্যন্ত জরুরি”— মতামত দাও ।
সমাধান ও উত্তর
(ক)
‘The Positive Philosophy' গ্রন্থটি সমাজবিজ্ঞানের জনক ফরাসি দার্শনিক অগাস্ট কোঁতের লেখা।
(খ)

বাংলাদেশে বছরের প্রধান শস্য সংগ্রহকে কেন্দ্র করে যে 'উৎসব পালন করা হয় তাকে নবান্ন উৎসব বলা হয় ।

নবান্ন শব্দের অর্থ ‘নতুন অন্ন’ ! নতুন আমন ধান কাটার পর সে ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষ্যে এ উৎসবের আয়োজন করা হয়। সাধারণত অগ্রহায়ণ মাসে এ উৎসব উদ্যাপিত হয়। তবে কোনো কোনো অঞ্চলে পৌষ ও মাঘ মাসেও নবান্ন উৎসবের আয়োজন করা হয়। এ সময় নতুন ফসল কৃষকের মনে আনন্দ এনে দেয়। এ আনন্দের প্রতিফলন ঘটে পৌষ পিঠে, দুধ পিঠে, পিঠাপুলি প্রভৃতির অকৃপণ বিতরণের মধ্যদিয়ে।

(গ)

উদ্দীপকে বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক ড. এ. কে. নাজমুল করিমের কথা বলা হয়েছে।

বাংলাদেশে সমাজবিজ্ঞানের বিকাশে ড. নাজমুল করিমের অবদান সবচেয়ে বেশি। বিশেষ করে সমাজবিজ্ঞানকে একটি আলাদা বিভাগ হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। তার ঐকান্তিক আগ্রহ ও প্রচেষ্টার ফলে ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউনেস্কোর সহযোগিতায় সর্বপ্রথম ‘সমাজবিজ্ঞান' নামে একটি বিভাগ চালু হয়। ১৯৫৮ সালে তিনি এ বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। উল্লেখ্য যে, ১৯৬১ সাল পর্যন্ত সমাজবিজ্ঞান বিভাগে যোগদানকারী বাঙালি শিক্ষকদের মধ্যে একমাত্র নাজমুল করিম সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী ছিলেন। অধ্যাপক নাজমুল করিম প্রথম বাঙালি যিনি সমাজবিজ্ঞানের ওপর সর্বপ্রথম একটি পূর্ণাঙ্গ গ্রন্থ রচনা করেন। তার লিখিত 'Changing Society in India, Pakistan and Bangladesh' গ্রন্থটি সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ সহায়ক পুস্তক হিসেবে এখনও সবার কাছে সমাদৃত। তার লিখিত অন্যান্য গ্রন্থের মধ্যে “The Dynamics of Bangladesh Society', 'সমাজবিজ্ঞান সমীক্ষণ' ইত্যাদি উল্লেখযোগ্য। বস্তুত অধ্যাপক ড. এ. কে. নাজমুল করিম ও তার ছাত্র- ছাত্রীদের ঐকান্তিক সাধনার ফলেই এদেশে সমাজবিজ্ঞানের পঠন-পাঠন ও আলোচনা বিস্তৃতি লাভ করেছে। বিশেষ করে সমাজবিজ্ঞানের বিকাশে বিভাগীয় যাদুঘর প্রতিষ্ঠা, মনোগ্রাফ লেখার ব্যবস্থা, গ্রামীণ প্রশ্নমালা পূরণের কার্যক্রম সবই তার অবদান।

উদ্দীপকে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপকের পরিশ্রমের ফলে ১৯৫৭ সালে বাংলাদেশে সমাজবিজ্ঞান বিকাশ লাভ করে। এ কারণে তাকে বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক বলা হয়। আলোচিত এ ব্যক্তির সঙ্গে ড. এ. কে. নাজমুল করিমের সাদৃশ্য রয়েছে, যা উল্লিখিত আলোচনায় ফুটে উঠেছে। তাই বলা যায়, উদ্দীপকে অধ্যাপক ড. এ. কে. নাজমুল করিমের কথা বলা হয়েছে।

(ঘ)

“একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে উদ্দীপকে নির্দেশিত বিজ্ঞান তথা সমাজবিজ্ঞানের পঠন-পাঠন অত্যন্ত জরুরি”— মন্তব্যটি যথার্থ ।

বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ। এখনও এদেশে সমাজের নানা স্তরে বিভিন্ন সামাজিক সমস্যা লক্ষ করা যায়। এ সমস্যাগুলোর মধ্যে জনসংখ্যাস্ফীতি, বাল্যবিবাহ, বেকারত্ব, মাদকাসক্তি ইত্যাদি উল্লেখযোগ্য। এ সব সমস্যার সমাধান ছাড়া সুখী ও সমৃদ্ধশালী সমাজ গঠন কল্পনা ছাড়া আর কিছুই নয়। যদিও এসব সমস্যা সমূলে ধ্বংস করা যাবে না, তবুও যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণের মধ্যদিয়ে এর মাত্রা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। আর এ ক্ষেত্রে সমাজবিজ্ঞানের জ্ঞান সবচেয়ে বেশি সহায়তা করতে পারে। কারণ, একটি তাত্ত্বিক বিষয় হিসেবে সমাজবিজ্ঞান সামাজিক সমস্যাগুলোকে সঠিকভাবে চিহ্নিত করে এবং এর সমাধানে বিজ্ঞানভিত্তিক গবেষণা চালায়। বিশেষ করে সমস্যার উৎস কোথায়, সমাজের ওপর এর প্রভাব কীরূপ, সমাধানের জন্য কোন ব্যবস্থা অধিকতর উপযোগী ইত্যাদি বিষয় মাথায় রেখে সমাজবিজ্ঞান গবেষণা করে। ফলে দেখা যায়, সামাজিক সমস্যা সমাধানে সমাজবিজ্ঞানীর পরিচালিত গবেষণা বেশি ফলপ্রসু হয়। সামাজিক সমস্যা সমাধানের পাশাপাশি বাংলাদেশের সমাজজীবনকে সুখী ও সমৃদ্ধশালী করতে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করতে হয়। সমাজবিজ্ঞানের জ্ঞান ছাড়া এসব কার্যক্রম সম্পন্ন করা সম্ভব নয়। কার্যত বাংলাদেশকে সুখী ও সমৃদ্ধশালী করতে যেসব পরিকল্পনা গ্রহণ করা হয়, সমাজবিজ্ঞানের জ্ঞান না থাকলে তার বাস্তব রূপ দেওয়া সম্ভব না।

উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, বাংলাদেশের সমাজজীবনে যেসব সমস্যা লক্ষ করা যায়, সেগুলোর সমাধানে ব্যবস্থা গ্রহণ এবং সুষ্ঠু উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ, গঠন করতে হলে সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য

বছির সাহেব একজন ধনী কৃষক। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার একমাত্র ছেলে শিহাব লেখাপড়া শেষ করে ঢাকায় শিক্ষকতা করেন ।
২. গ্রামীণ সমাজ কী?
সামাজিক স্তরবিন্যাস বলতে কী বোঝ?
উদ্দীপকের বছির সাহেবের গ্রামীণ ক্ষমতা কাঠামোতে অবস্থানের জন্য কোন উপাদান দায়ী? ব্যাখ্যা করো।
বছির সাহেব ও শিহাবের বসবাসরত সমাজের মধ্যে পার্থক্য বিদ্যমান — বিশ্লেষণ করো।
সমাধান ও উত্তর
(ক)
গ্রামীণ সমাজ বলতে এমন এক জনসমষ্টিকে বোঝায়, যারা একটি সাধারণ ঐতিহ্য, প্রথা, রীতিনীতি, জীবনপ্রণালি ও সাধারণ সংস্কৃতির দ্বারা উদ্বুদ্ধ হয়ে একত্রে বসবাস করে।
(খ)

সামাজিক স্তরবিন্যাস হচ্ছে সমাজের অভ্যন্তরে বিদ্যমান ব্যক্তি, গোষ্ঠী ও সামাজিক শ্রেণির ক্রমানুযায়ী অবস্থান ।

স্তরবিন্যাস বলতে বোঝায় যেখানে স্তরগুলো সজ্জিত ও বিন্যস্ত। অতএব সামাজিক স্তরবিন্যাস বলতে সমাজে বিভিন্ন গোষ্ঠী বা শ্রেণির উঁচু-নিচু অবস্থান বা বিন্যাস ব্যবস্থাকে বোঝায় ।

(গ)

উদ্দীপকের বছির সাহেবের গ্রামীণ ক্ষমতা কাঠামোতে অবস্থানের জন্য ভূমির মালিকানা উপাদান দায়ী ।

গ্রামীণ ক্ষমতা কাঠামোর অন্যতম স্বাধীন উপাদান ভূমি মালিকানা। বৃহৎ ভূমির মালিকানা মানে বর্গাচাষী ও দিনমজুরদের একটি বৃহৎ অংশের ওপর নিয়ন্ত্রণ । তাছাড়া ভূমি থেকে লব্ধ উদ্বৃত্ত অর্থ আয়ের অন্যান্য পথও খুলে দেয়। ভূমি একটি পরিবারের সামাজিক অবস্থান নিশ্চিত করে । যে পরিবারের প্রচুর জমি আছে সে পরিবারের সন্তানেরা উচ্চশিক্ষার জন্য শহরে আসতে পারে এবং উঁচু সামাজিক অবস্থানসম্পন্ন 'পরিবারের সাথে বৈবাহিক সম্পর্কও স্থাপন করতে পারে; যা তাদের পরিবারের সামাজিক অবস্থাকেও উন্নত করে ।

উদ্দীপকের বছির সাহেব ধনী কৃষক। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার একমাত্র ছেলে শিহাব লেখাপড়া শেষ করে ঢাকায় শিক্ষকতা করেন। পূর্বোক্ত আলোচনার প্রেক্ষিতে এটা সুস্পষ্ট যে, ভূমির মালিকানা উপাদানের জন্যই বছির সাহেব গ্রামীণ ক্ষমতা কাঠামোতে শক্তিশালী অবস্থানে অবস্থান করছেন।

(ঘ)

উদ্দীপকে শিহাব সাহেবের প্রতিনিধিত্বকারী সমাজ অর্থাৎ, শহুরে সমাজের সাথে বছির সাহেবের সমাজ অর্থাৎ, গ্রামীণ সমাজের তুলনামূলক আলোচনা নিম্নরূপ—

গ্রাম সমাজে অর্থনীতির ভিত্তি হলো ভূমি এবং অধিকাংশ মানুষই কৃষিভিত্তিক পেশানির্ভর। অল্প কিছু ব্যবসায়ী বা চাকরিজীবী লক্ষণীয় হলেও পেশার বৈচিত্র্য দেখা যায় কম। অন্যদিকে শহরে অকৃষিভিত্তিক এবং শিল্পমুখী পেশা গ্রহণের প্রবণতা বেশি। শহরে শ্রমবিভাজনও দৃশ্যমান ।

গ্রামীণ সমাজের ভিত্তি গড়ে ওঠে অধিবাসীদের রক্তের সম্পর্কের ওপর, অন্যদিকে শহরে সামাজিক সম্পর্কের পরিধি বিস্তৃত, জটিল ও বৈচিত্র্যময়। গ্রামীণ সমাজের রাজনীতি পরিবার দ্বারা প্রভাবিত হলেও স্থানীয় পঞ্চায়েত এবং ইউনিয়ন কাউন্সিলের প্রাধান্যও লক্ষণীয়। অন্যদিকে শহুরে সমাজে রাজনীতির চর্চা বেশি হয়ে থাকে এবং তা জাতীয় রাজনীতির সাথেই বেশি যুক্ত থাকে।

গ্রামীণ সমাজে সাংস্কৃতিক জীবনে বস্তুগত ও অবস্তুগত উভয় দিক থেকে পার্থক্য দেখা যায় এবং শিক্ষার হারও তুলনামূলকভাবে কম। গ্রামীণ শিক্ষাব্যবস্থা সরকারনির্ভর। অন্যদিকে, শহর সমাজে শিক্ষার হার তুলনামূলকভাবে বেশি এবং সাংস্কৃতিক জীবনে শহরবাসীর মানসিকতা ও রুচির ছাপ দেখা যায়। তাই বলা যায়, শিহাব সাহেবের প্রতিনিধিত্বকারী সমাজের সাথে বছির সাহেবের গ্রামীণ সমাজের তুলনামূলক মৌলিক পার্থক্য দৃশ্যমান।

অনেক ঐতিহাসিক ঘটনার পরিণতি আমাদের মুক্তিযুদ্ধ। যার নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর সংগ্রামী জীবনে তিনি যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা, আধা সামরিক বাহিনী, অভিন্ন মুদ্রা ব্যবস্থা ইত্যাদি দাবি লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলনে উত্থাপন করেন, যা বাঙালির স্বাধিকার আন্দোলনের 'ম্যাগনাকার্টা' নামে পরিচিত ।
৩. লাহোর প্রস্তাব কত সালে উত্থাপিত হয়?
জাতীয়তাবাদ বলতে কী বোঝায়?
উদ্দীপকে উল্লেখিত দাবির সঙ্গে তোমার পঠিত কোন আন্দোলনের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
আমাদের মুক্তিযুদ্ধে উক্ত আন্দোলনের প্রভাব বিশ্লেষণ করো।
সমাধান ও উত্তর
(ক)
লাহোর প্রস্তাব ১৯৪০ সালে উত্থাপিত হয় ।
(খ)

জাতীয়তাবাদ বলতে কিছু উপাদানের ভিত্তিতে নির্দিষ্ট কোনো অঞ্চল বা দেশের জনগোষ্ঠীর মধ্যে সৃষ্ট জাতিগত চেতনাকে বোঝায় ।

জাতীয়তাবাদ বলতে এমন একটি আদর্শকে বোঝানো হয়, যেখানে জাতিকে মানব সমাজের কেন্দ্রীয় অবস্থানে স্থাপন করা হয় এবং অন্যান্য সামাজিক ও রাজনৈতিক আদর্শকে পরে স্থান দেওয়া হয়। বস্তুত স্বদেশ তথা মাতৃভূমির গৌরব ও অগৌরবকে কেন্দ্র করে একটি দেশের মানুষ বা জাতির অন্তরে যে উল্লাস, স্বতঃস্ফূর্ত আবেগ, অনুভূতি, চেতনা, আত্মমর্যাদা ইত্যাদি সঞ্চারিত হয় তাকেই জাতীয়তাবাদ বলে ।

(গ)

উদ্দীপকে উল্লেখিত দাবির সঙ্গে আমার পঠিত ১৯৬৬ সালে সংঘটিত ছয় দফা আন্দোলনের সাদৃশ্য রয়েছে।

১৯৬৬ সালের ফেব্রুয়ারি মাসে লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলীয় সম্মেলনে আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্যাতিত বাঙালির পক্ষে যে ঐতিহাসিক ছয় দফা দাবি পেশ করেন তা বাংলার মুক্তির সনদ' বা ‘ম্যাগনাকার্টা’, হিসেবে খ্যাত। ছয় দফায় বলা হয়, লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানের জন্য সত্যিকার একটি যুক্তরাষ্ট্রীয় শাসনতন্ত্র প্রণয়ন করতে হবে এবং দেশের দুই অঞ্চলের মধ্যে সহজে বিনিময়যোগ্য দুটি পৃথক মুদ্রা থাকবে। উক্ত মুদ্রার পরিচালনার ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে। আঞ্চলিক সরকারের হাতে সব প্রকার ট্যাক্স ও কর ধার্য ও আদায় করার ক্ষমতা থাকবে। তবে কেন্দ্রের ব্যয় নির্বাহের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ ফেডারেল ব্যাংকে জমা দেওয়া হবে। এতে আরও বলা হয়, সব প্রকার বৈদেশিক চুক্তি ও সহযোগিতার ব্যাপারে আঞ্চলিক সরকার দায়িত্ব পালন করবে। তবে যুক্তরাষ্ট্রীয় সরকারের বৈদেশিক মুদ্রার চাহিদা যুক্তিযুক্ত হারে উভয় আঞ্চলিক সরকার কর্তৃক মেটানো হবে। তাছাড়া নিরাপত্তার জন্য আঞ্চলিক সরকার স্বীয় কর্তৃত্বাধীন আধা সামরিক বাহিনী গঠন ও পরিচালনা করতে পারবে ।

উদ্দীপকে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা, আধা সামরিক বাহিনী, অভিন্ন মুদ্রা ব্যবস্থা ইত্যাদি দাবি লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলনে উত্থাপন করেন, যা বাঙালির স্বাধিকার আন্দোলনের 'ম্যাগনাকার্টা' নামে পরিচিত। এসব তথ্য উপরে আলোচিত ছয় দফা দাবির সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, উদ্দীপকের দাবিগুলো ছয় দফা আন্দোলনকেই নির্দেশ করছে।

(ঘ)

আমাদের মুক্তিযুদ্ধে উদ্দীপকে উল্লেখিত আন্দোলন তথ্য ছয় দফা আন্দোলনের গুরুত্ব অপরিসীম।

১৯৬৬ সালের ছয় দফা আন্দোলনের মাধ্যমে বাঙালিরা পশ্চিম পাকিস্তানের ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির আকাঙ্ক্ষা ব্যক্ত করে। এই আন্দোলন প্রমাণ করে যে, পূর্ব পাকিস্তান কেবল একটি প্রদেশ নয়; এটি একটি স্বতন্ত্র ভৌগোলিক অঞ্চল । বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের পথ সুগমকরণে ৬ দফা কর্মসূচি এবং উক্ত কর্মসূচিভিত্তিক আন্দোলনের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১৯৬৯ সালের জানুয়ারি মাসে পূর্ব পাকিস্তানের ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের দুটি দল এবং জাতীয় ছাত্র ফেডারেশনের একাংশ ঐক্যবদ্ধ হয়ে একটি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে। এ পরিষদ ৬ দফা কর্মসূচিকে অন্তর্ভুক্ত করে ১১ দফা কর্মসূচি ঘোষণা এবং এবং মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ১৯৬৯ সালের ঐতিহাসিক আগরতলা মামলার বিরুদ্ধে এক দুর্বার আন্দোলন গড়ে তোলে। এ গণঅভ্যুত্থানে পূর্ব পাকিস্তানের গণমানুষের বিজয় অর্জিত হয়। পরবর্তীতে এ আন্দোলনের পথ ধরে বীর বাঙালি মুক্তি সংগ্রামে উদ্বুদ্ধ হয়। ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বাংলাদেশকে স্বাধীন করার জন্য বঙ্গবন্ধু মুক্তির সংগ্রামের উদাত্ত আহ্বান জানান। ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। তার নির্দেশে বাঙালিরা মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় স্বাধীনতা সংগ্রাম। এ যুদ্ধে সফল হয় বাঙালি জাতি । এর ফলে আমরা অর্জন করি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

পরিশেষে বলা যায়, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ঐতিহাসিক ছয় দফা আন্দোলনের গুরুত্ব অপরিসীম এ আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদ পূর্ণতা লাভ করে। ছয় দফা ছিল পূর্ব বাংলার মধ্যবিত্ত শ্রেণির আশা-আকাঙ্ক্ষার প্রতীক। ছয় দফাকে বাঙালি জনসাধারণের মুক্তির সনদ এবং বাংলার অধিকার প্রতিষ্ঠার নিশ্চিত পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়। ছয় দফা শোষকের হাত থেকে শোষিতের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অধিকার ছিনিয়ে আনার হাতিয়ার। ছয় দফা মুসলমান, হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধদের সমন্বয়ে গঠিত বাঙালি জাতির বৈশিষ্ট্য প্রকাশের এবং আত্মনির্ভরশীলতা অর্জনের চাবিকাঠি

দৃশ্যপট-১: বাঙালির অধিকার আদায়ের প্রথম সংগ্রাম এটি। ভাষার দাবিতে ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করে ছাত্র জনতা। অতঃপর পুলিশের নির্বিচারে গুলিবর্ষণে শহীদ হয় তাদের কয়েকজন ।

দৃশ্যপট-২: ঐতিহাসিক নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ জাতীয় পরিষদে ১৬৭ এবং প্রাদেশিক পরিষদে ২৮৮ আসন লাভ করে নিরঙ্কুশ বিজয় অর্জন করে ।

৪. 'The Positive Philosophy' গ্রন্থের লেখক কে?
অসহযোগ আন্দোলন বলতে কী বোঝ?
উদ্দীপকের দৃশ্যপট-১ বাংলাদেশের কোন ঐতিহাসিক ঘটনার প্রতিফলন? ব্যাখ্যা করো।
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে দৃশ্যপট-২-এর গুরুত্ব বিশ্লেষণ করো।
সমাধান ও উত্তর
(ক)
The Positive Philosophy' গ্রন্থের লেখক ফরাসি দার্শনিক অগাস্ট কোঁৎ।
(খ)

সরকারের সাথে জনসাধারণের অসহযোগিতামূলক আন্দোলনকে ‘অসহযোগ আন্দোলন' নামে অভিহিত করা হয়।

সরকারকে যাবতীয় বিষয়ে অসহযোগিতা করা অসহযোগ আন্দোলনের মূল কর্মসূচি। ভারতবর্ষে মহাত্মা গান্ধী সর্বপ্রথম অসহযোগ আন্দোলন করেন। বাংলাদেশের ইতিহাসে ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সংঘটিত অসহযোগ আন্দোলন বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর নেতৃত্বে বাঙালি জনসাধারণ ১৯৭১ সালের ২ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে অসহযোগ আন্দোলন সংঘটিত করে।

(গ)

উদ্দীপকের দৃশ্যপট-১ বাংলাদেশের ইতিহাসের অন্যতম ঐতিহাসিক ঘটনা ভাষা আন্দোলনের প্রতিফলন ।

ভাষা আন্দোলন ছিল পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে বাঙালির প্রথম গর্জে ওঠা। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর পরই শাসকগোষ্ঠী ভাষার প্রশ্নে বাঙালি সংস্কৃতির ওপর প্রবল আঘাত হানে। পাকিস্তানের ৫৬.৪০ জনগণের মাতৃভাষা ছিল বাংলা। অন্যদিকে উর্দু ছিল মাত্র ৩.২৭ ভাগ লোকের ভাষা। পাকিস্তানি শাসকগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ জনগণের ভাষা বাংলাকে উপেক্ষা করে সংখ্যালঘিষ্ঠ জনগণের ভাষা উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার প্রচেষ্টা চালায়। এ অন্যায়ের প্রতিবাদে ভাষা আন্দোলনের সূত্রপাত হয়। এরই ধারাবাহিকতায় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি 'সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' কর্তৃক সারাদেশে বিক্ষোভ মিছিল ও সভা আয়োজনের কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসূচি অনুযায়ী ২১ ফেব্রুয়ারি ছাত্র-জনতা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করলে সে মিছিলে পুলিশ গুলিবর্ষণ করে । শহিদ হন সালাম, বরকত, জব্বার প্রমুখ । উদ্দীপকের দৃশ্যপট-১-এ বলা হয়েছে, বাঙালির অধিকার আদায়ের প্রথম সংগ্রাম এটি। ভাষার দাবিতে ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করে ছাত্র জনতা। অতঃপর পুলিশের নির্বিচারে গুলিবর্ষণে শহীদ হয় তাদের কয়েকজন। এসব তথ্য ভাষা আন্দোলনের নানা তথ্যের অনুরূপ। সুতরাং বলা যায়, দৃশ্যপট-১ ভাষা আন্দোলনকেই ফুটিয়ে তুলছে।

(ঘ)

উদ্দীপকের দৃশ্যপট-২ ১৯৭০ সালের পাকিস্তানের সাধারণ নির্বাচনকে নির্দেশ করছে। বাংলাদেশের অভ্যুদয়ে এ নির্বাচন ও নির্বাচন পরবর্তী ঘটনাপ্রবাহ মূল ভূমিকা পালন করেছিল।

পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনের ফলাফল ছিল অভূতপূর্ব। এ ফলাফল পাকিস্তানের রাজনীতিতে বৈপ্লবিক পরিবর্তন সূচিত করে। নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, জাতীয় পরিষদে পূর্ব পাকিস্তানে ১৬৯টি আসনের মধ্যে ১৬৭টি আসন পায় বঙ্গবন্ধুর আওয়ামী লীগ। কিন্তু পশ্চিম পাকিস্তানে এ দল কোনো আসন পায়নি। আবার জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বে পিপিপি পশ্চিম পাকিস্তানে বেশি আসন লাভ করলেও পূর্ব পাকিস্তানে তারা কোনো আসন পায়নি। জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনের এই ফলাফল বাঙালিদের স্বাধিকারের দাবি এবং রাজনৈতিক ঐক্যকে সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করায়। বাঙালিরা আত্মপ্রত্যয়ে উদ্দীপ্ত হয়ে ওঠে এবং পরবর্তী পরিস্থিতি মোকাবিলা করার জন্য নিজেদেরকে আত্মবলীয়ান করে তোলে। পশ্চিম পাকিস্তানভিত্তিক বৃহৎ পুঁজি ও সামরিক আমলাতন্ত্রের দৌরাত্ম্যকে বাঙালি জনগণ প্রত্যাখ্যান করে। নির্বাচনের ফলাফলে দেখা যায়, পাকিস্তানের এক অংশ আরেক অংশকে সমর্থন করে না। ফলে উভয় অঞ্চলের জনগণের মধ্যে একটি অসহযোগিতামূলক মনোভাবের সৃষ্টি হয়, যা পরবর্তীতে বাংলাদেশ সৃষ্টিতে মন্ত্রের মতো কাজ করে। এ নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়ে যায়, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জনগণ কেবল ভৌগোলিক নয়, সেই সাথে আদর্শিক ও চেতনাগত দিক থেকে ও সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির।

১৯৭০ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক ও জাতীয় পরিষদে ছয় দফা ও ১১ দফার ভিত্তিতে নিরঙ্কুশ বিজয় লাভ করে। কিন্তু পাকিস্তানি শাসকগোষ্ঠী ক্ষমতা হস্তান্তরে গড়িমসি শুরু করলে বঙ্গবন্ধু ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে মুক্তিসংগ্রামের আহ্বান জানান। অবশেষে ২৬ মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার প্রেক্ষিতে আপামর বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৬ ডিসেম্বর বাঙালি চূড়ান্ত বিজয় এবং লাল-সবুজের পতাকা লাভ করে ।

পরিশেষে বলা যায়, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে পটভূমি তৈরিতে ১৯৪৭ সাল থেকে শুরু করে বিভিন্ন ঘটনা প্রভাবক হিসেবে কাজ করলেও মূলত ১৯৭০ সালের সাধারণ নির্বাচন প্রত্যক্ষ ভূমিকা রেখেছিল।

চট্টগ্রাম কলেজ ২০২৪ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।