ময়মনসিংহ বোর্ড ২০২৫

এইচএসসি · সমাজবিজ্ঞান ২য় পত্র

ময়মনসিংহ বোর্ড ২০২৫

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

এই উপমহাদেশে সমাজচিন্তার ইতিহাস অনেক প্রাচীন। অর্থশাস্ত্র, আইন-ই-আকবরী, আকবরনামা-এসব গ্রন্থে প্রাচীন বাংলার চমৎকার বিবরণ পাওয়া যায়। আবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং অন্যান্য চিন্তাবিদের অবদান বিষয়টি বাংলাদেশে একটি পৃথক জ্ঞানকাণ্ড হিসেবে বিকশিত হয়। বর্তমানে এদেশের ঐতিহ্য পরিবার ব্যবস্থা, গ্রামীণ ও শহুরে সমাজ সম্পর্কে জানতে এ বিষয়টি সাহায্য করে। জনসংখ্যা সমস্যা, অপরাধপ্রবণতা ইত্যাদি বিষয় নিয়ে গবেষণা ও নীতি প্রণয়নে এ বিষয়ের জ্ঞান সহায়ক ভূমিকা পালন করে।
১. 'সমাজবিজ্ঞান সমীক্ষণ' গ্রন্থের লেখক কে?
সাহিত্য কীভাবে প্রত্নতত্ত্বের উৎস? ব্যাখ্যা কর।
উদ্দীপকের বর্ণনায় বিবৃত বিষয়টির পটভূমি ব্যাখ্যা কর।
উদ্দীপকের আলোকে বিষয়টির প্রয়োজনীয়তা বাংলাদেশের প্রেক্ষিতে বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
'সমাজবিজ্ঞান সমীক্ষণ' গ্রন্থটির লেখক ড. এ. কে. নাজমুল করিম।
(খ)
সাহিত্য প্রত্নতত্ত্বের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কাজ করে কারণ এটি অতীতের সমাজ, সংস্কৃতি এবং জীবনযাত্রার মূল্যবান তথ্য সরবরাহ করে। প্রাচীন গ্রন্থ, মহাকাব্য, লোককথা, এবং ধর্মীয় লেখাগুলো সেই সময়ের মানুষের বিশ্বাস, প্রথা, রাজনৈতিক ব্যবস্থা এবং দৈনন্দিন জীবনের চিত্র তুলে ধরে। উদাহরণস্বরূপ, মহাকাব্য 'রামায়ণ' বা 'মহাভারত'-এ বর্ণিত শহর, নদী ও জনপদের নাম প্রত্নতত্ত্ববিদদের নির্দিষ্ট স্থান খুঁজে বের করতে বা খননকৃত স্থানের গুরুত্ব নির্ধারণে সহায়তা করে। অর্থাৎ সাহিত্য প্রত্নতত্ত্বকে কেবল নিছক কিছু বস্তুগত নিদর্শন হিসেবে না দেখে একটি পূর্ণাঙ্গ সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে বুঝতে সাহায্য করে।
(গ)

উদ্দীপকের বর্ণনায় বিবৃত বিষয়টি হলো সমাজবিজ্ঞান।

উপমহাদেশে সমাজচিন্তার ইতিহাস অনেক প্রাচীন হলেও আধুনিক সমাজবিজ্ঞানের ধারণা তুলনামূলকভাবে নতুন। প্রাচীন গ্রন্থ যেমন-'অর্থশাস্ত্র' ও 'আইন-ই-আকবরী'তে সমাজ, অর্থনীতি ও রাষ্ট্রনীতি নিয়ে যে আলোচনা ছিল, তা ছিল মূলত সমাজচিন্তার প্রাথমিক রূপ।

আধুনিক অর্থে সমাজবিজ্ঞানের একটি পৃথক জ্ঞানকাণ্ড হিসেবে বিকাশ ঘটে ঔপনিবেশিক আমলে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এই বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয়। ড. এ. কে. নাজমুল করিমের মতো চিন্তাবিদরা এ অঞ্চলের সমাজ, ইতিহাস ও ঐতিহ্যকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করতে শুরু করেন। এর মাধ্যমে বাংলাদেশের নিজস্ব প্রেক্ষাপটে সমাজবিজ্ঞান একটি স্বতন্ত্র শাখা হিসেবে গড়ে ওঠে। এ বিষয়টির মূল লক্ষ্য ছিল সমাজের গঠন, পরিবর্তন, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান (যেমন- পরিবার) এবং সামাজিক সমস্যাগুলোকে বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করা।

(ঘ)

উদ্দীপকের আলোকে বাংলাদেশের প্রেক্ষাপটে সমাজবিজ্ঞানের প্রয়োজনীয়তা অপরিসীম।

উদ্দীপকে বলা হয়েছে, এ বিষয়টি বাংলাদেশের ঐতিহ্যবাহী পরিবার ব্যবস্থা, গ্রামীণ ও শহুরে সমাজ সম্পর্কে জানতে সাহায্য করে। বাংলাদেশের সমাজ দ্রুত পরিবর্তিত হচ্ছে; গ্রামীণ ও শহুরে সমাজের মধ্যে পার্থক্য বাড়ছে। সমাজবিজ্ঞান এ পরিবর্তনগুলো বোঝার জন্য একটি কাঠামো প্রদান করে, যা দেশের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে সহায়ক হতে পারে। জনসংখ্যা বৃদ্ধি বাংলাদেশের একটি প্রধান সমস্যা। সমাজবিজ্ঞান জনসংখ্যা বৃদ্ধির কারণ, এর সামাজিক প্রভাব এবং এ সমস্যা সমাধানের জন্য নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন- পরিবার পরিকল্পনার মতো কর্মসূচির কার্যকারিতা মূল্যায়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য। উদ্দীপকে অপরাধপ্রবণতার কথা বলা হয়েছে। সমাজবিজ্ঞান অপরাধের সামাজিক কারণগুলো বিশ্লেষণ করে, যেমন- দারিদ্র্য, বেকারত্ব, নগরায়ণ বা সামাজিক বৈষম্য। এই জ্ঞান ব্যবহার করে সরকার ও বিভিন্ন সংস্থা অপরাধ দমনের কার্যকর কৌশল প্রণয়ন করতে পারে। দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য উন্নয়নমূলক কর্মসূচির জন্য সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য। কোনো নীতি যখন প্রণয়ন করা হয়, তখন তার সামাজিক প্রভাব কী হতে পারে, তা সমাজবিজ্ঞানীরা বিশ্লেষণ করেন। এ বিশ্লেষণ কার্যকর ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সাহায্য করে।

সুতরাং বলা যায়, সমাজবিজ্ঞান শুধু একটি তাত্ত্বিক বিষয় নয়, বরং বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য এটি একটি ব্যবহারিক হাতিয়ার, যা সামাজিক সমস্যাগুলো চিহ্নিত ও সমাধান করতে এবং সামগ্রিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় নীতি প্রণয়নে সহায়তা করে।

ছক-১ ছক-২
শিকার ও সংগ্রহভিত্তিক অর্থনীতি কৃষি উৎপাদন সূচনা
ভোঁতা ও অমসৃণ পাথরের হাতিয়ারের ব্যবহার ধারালো ও মসৃণ পাথরের হাতিয়ারের ব্যবহার
যাযাবর জীবন বাসস্থান নির্মাণে পারদর্শিতা
আগুনের ব্যবহার চাকার আবিষ্কার
২. প্রত্নতত্ত্ব কী?
ব্রোঞ্জযুগ বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
ছক-১ এ কোন যুগের সমাজের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
'মানবসভ্যতায় ছক-২ এ বর্ণিত যুগের অবদান মূল্যায়ন কর।
সমাধান ও উত্তর
(ক)
অতীতের মানুষের জীবন ও সংস্কৃতি সম্পর্কে বস্তুগত নিদর্শন বিশ্লেষণের মাধ্যমে যে বিজ্ঞানভিত্তিক অধ্যয়ন করা হয় তাকে প্রত্নতত্ত্ব বলে।
(খ)

ব্রোঞ্জ যুগ হলো সেই প্রযুক্তিগত পর্যায়, যখন বিভিন্ন সমাজে তামা ও সাধারণত টিনের সংকর ধাতু ব্রোঞ্জ দিয়ে হাতিয়ার, অস্ত্র ও অন্যান্য সামগ্রী ব্যাপকভাবে তৈরি হতো।

ব্রোঞ্জের ব্যবহার কারুশিল্প, বিনিময়, কৃষি ও নগরজীবনের বিকাশে সহায়ক হয়েছিল। এ পর্যায়ের সময়সীমা অঞ্চলভেদে আলাদা; পৃথিবীর সব সমাজ একই সময়ে ব্রোঞ্জ যুগে প্রবেশ করেনি।

(গ)

ছক-১ এ প্রাচীন প্রস্তর যুগের (Paleolithic Age) সমাজের কথা বলা হয়েছে। এ যুগটি মানব ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময়কাল।

প্রাচীনকালের যে সময় মানুষ পাথরের তৈরি হাতিয়ারকে ভিত্তি করে জীবিকা নির্বাহ করত সেই যুগকে প্রাচীন প্রস্তর যুগ বলে। এই যুগের মানুষেরা কৃষিকাজ জানত না। তারা বেঁচে থাকার জন্য প্রধানত বন্য পশুপাখি শিকার করত, ফলমূল সংগ্রহ করত এবং মাছ ধরত। এই যুগের হাতিয়ারগুলো ছিল তুলনামূলকভাবে ভোতা এবং অমসৃণ। তারা কেবল পাথর ভেঙে বা ঘষে নিজেদের প্রয়োজন অনুযায়ী হাতিয়ার তৈরি করত, যা দিয়ে শিকার করা বা অন্যান্য কাজ করা সহজ হতো। যেহেতু খাদ্য সংগ্রহ করতে হতো এবং নির্দিষ্ট স্থানে খাদ্য ফুরিয়ে গেলে অন্য স্থানে চলে যেতে হতো, তাই এই সময়ের মানুষ স্থায়িভাবে এক জায়গায় বসবাস করত না। তারা দলবদ্ধভাবে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াত। পুরাতত্ত্ববিদদের মতে, পুরাতন প্রস্তর যুগের শেষের দিকে বা মধ্য প্রস্তর যুগে মানুষেরা আগুনের ব্যবহার শিখেছিল। আগুনের সাহায্যে তারা নিজেদের ঠান্ডা থেকে রক্ষা করতে, বন্য পশুদের থেকে নিজেদের নিরাপদ রাখতে এবং খাবার রান্না করতে পারত।

উদ্দীপকের ছক-১ এ শিকার ও সংগ্রহভিত্তিক অর্থনীতি, ভোঁতা ও অমসৃণ পাথরের হাতিয়ারের ব্যবহার, যাযাবর জীবন ও আগুনের ব্যবহারের কথা বলা হয়েছে। এসব বৈশিষ্ট্য উপরে আলোচিত প্রাচীন প্রস্তর যুগের সমাজজীবনের সাথে সাদৃশ্যপূর্ণ।

সুতরাং বলা যায়, উপর্যুক্ত বৈশিষ্ট্যগুলো একত্রিতভাবে পুরাতন প্রস্তর যুগের সমাজের চিত্র তুলে ধরে।

(ঘ)

ছক-২ এ নব্য প্রস্তর যুগের (Neolithic Age) কথা বলা হয়েছে। মানবসভ্যতার ইতিহাসে এ যুগটি এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিল, যা নবপোলীয় বিপ্লব নামে পরিচিত। এ যুগের প্রধান অবদানগুলো নিচে মূল্যায়ন করা হলো-

**কৃষি উৎপাদন ও স্থায়ী বসতি স্থাপন: **নব্য প্রস্তর যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল কৃষিকাজের সূচনা। এ যুগে মানুষ শিকার ও খাদ্য সংগ্রহের পরিবর্তে খাদ্য উৎপাদন করতে শেখে। এর ফলে তাদের আর খাদ্যের সন্ধানে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে - বেড়াতে হতো না। তারা স্থায়িভাবে বসবাস শুরু করে।

পশুপালন: কৃষিকাজের পাশাপাশি এই যুগের মানুষেরা পশুপালন শুরু করে। গরু, ছাগল, ভেড়া ও শুকরের মতো প্রাণীদের তারা গৃহপালিত করে তোলে। এতে তারা খাদ্যের একটি নির্ভরযোগ্য উৎস পায় এবং পশুর সাহায্যে কৃষিকাজ ও পরিবহণ সহজ হয়।

**সরঞ্জাম ও হাতিয়ারের উন্নয়ন: **এই যুগে পাথরের হাতিয়ারগুলো অনেক উন্নত ও মসৃণ হয়। মানুষ ঘষে ও পালিশ করে ধারালো কুড়াল, কান্তে ও কোদাল তৈরি করতে শেখে, যা কৃষিকাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল। এর ফলে তাদের উৎপাদনশীলতা বহুগুণে বৃদ্ধি পায়।

**চাকার আবিষ্কার: **চাকার আবিষ্কার নব্য প্রস্তর যুগের একটি যুগান্তকারী উদ্ভাবন। চাকার আবিষ্কার পরিবহণ এবং কুমারের কাজে বৈপ্লবিক পরিবর্তন আনে। চাকার সাহায্যে সহজেই এক স্থান থেকে অন্য স্থানে ভারি জিনিসপত্র বহন করা সম্ভব হয়। এছাড়া চাকা দিয়ে মৃৎশিল্পের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পাত্র তৈরি করা সহজ হয়ে যায়।

সুতরাং বলা যায়, নব্য প্রস্তর যুগের এই অবদানগুলো মানবসভ্যতাকে এক নতুন দিগন্তে নিয়ে যায়। শিকারি-সংগ্রাহক সমাজ থেকে কৃষিভিত্তিক সমাজে উত্তরণ মানব ইতিহাসের গতিপথ পরিবর্তন করে এবং এটিই পরবর্তীতে সভ্যতা ও সংস্কৃতির বিকাশের পথ খুলে দেয়।

ছক-১ ছক-২
বিহারে ১৭৭টি আবাসিক কক্ষ সোজা ও প্রশস্ত রাস্তা
স্নানঘাট সড়কবাতি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা
পোড়ামাটির ফলক নগর প্রতিরক্ষা ব্যবস্থা
খলিফা হারুন-অর-রশীদের আমলের মুদ্রা শস্যাগার
৩. আনন্দ বিহারের নির্মাতা কে?
শালবন বিহার বলতে কী বোঝায়?
ছক 'ক'-এ বাংলাদেশের কোন প্রত্নতাত্ত্বিক স্থানের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
ছক 'খ'-তে বর্ণিত সভ্যতাটি স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী-বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
আনন্দ বিহার নির্মাণ করেন দেববংশীয় রাজা আনন্দদেব।
(খ)
শালবন বিহারটি আবিষ্কৃত হয়েছে কুমিল্লা শহর থেকে পশ্চিমে পাহাড়ের পূর্ব সীমা ঘেঁষে শালবন পুর গ্রামের নিকটে। ৫০০ ফুট বাহুবিশিষ্ট বর্গাকৃতির এ বিহারটি সমতটের দেববংশীয় বৌদ্ধ রাজাদের দ্বারা নির্মিত হয়েছিল। এ বিহারটির কেন্দ্রস্থলে একটি মন্দির ছিল। এখানে ছাত্রদের থাকার কাজে ব্যবহৃত ১২ × ১২ ফুট মাপবিশিষ্ট ১১৫টি কক্ষ আবিষ্কৃত হয়েছে। বর্গাকৃতির বিহারটিকে ১৬ ফুট প্রাচীর দিয়ে সুরক্ষিত করা হয়েছিল। বই-পুস্তক, দোয়াত-কলম, মূর্তি ইত্যাদি রাখার জন্য কক্ষগুলোর দেয়ালে সেঁটে আছে তিনটি করে কুলুঙ্গি। ছাত্রাবাসের কক্ষগুলোর সামনে রয়েছে দেয়াল দিয়ে ঘেরা ৮ ফুট প্রশস্ত বারান্দা। এখানকার কেন্দ্রীয় মন্দিরটি নির্মাণকাজের দিক থেকে সোমপুর বিহারের সাথে বেশ সাদৃশ্যপূর্ণ। এটি আয়তনের দিক থেকে সোমপুর বিহারের চেয়ে ছোট হলেও নির্মাণকালের দিক থেকে তার চেয়েও পুরানো।
(গ)

ছক 'ক'-এ বাংলাদেশের পাহাড়পুর নামক প্রত্নতাত্ত্বিক স্থানের কথা বলা হয়েছে।

পাহাড়পুর মহাবিহার বাংলাদেশের একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এটি ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় বৌদ্ধবিহার। এ বিহারে মোট কক্ষের সংখ্যা ১৭৭টি। প্রতিটি কক্ষের সাথেই চওড়া বারান্দা ছিল। এ বিহারে ঐতিহ্যবাহী স্নানঘাটের সন্ধান পাওয়া গিয়েছে। স্থানীয় প্রবাদ অনুযায়ী রাজা মহীদলনের কন্যা সন্ধ্যাবতী প্রতিদিন এ ঘাটে স্নান করতেন। সে অনুযায়ী ঘাটটি 'সন্ধ্যাবতীর ঘাট' নামেও পরিচিত। এছাড়াও পাহাড়পুরের ধ্বংসাবশেষ হতে পোড়ামাটির বিভিন্ন ফলক যেমন- থালা, বাটি, জলপাত্র, গহনাপাত্র, মুদ্রা ইত্যাদি পাওয়া গিয়েছে। পাশাপাশি এখানে খলিফা হারুন-অর-রশীদের আমলের মুদ্রাও পাওয়া গিয়েছে। এ থেকে ধারণা করা হয়, মুসলমানদের আগমনের পূর্ব থেকেই এদেশের সাথে আরব দেশের বাণিজ্যিক সম্পর্ক ছিল।

উদ্দীপকের ছক-ক এ একটি প্রত্নতাত্ত্বিক স্থানের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে, যার মধ্যে অন্যতম কয়েকটি হলো ১৭৭টি আবাসিক কক্ষ, স্নানঘাট, পোড়ামাটির ফলক, খলিফা হারুন-অর-রশীদের আমলের মুদ্রা। এসব বৈশিষ্ট্য উপরে আলোচিত পাহাড়পুর মহাবিহারের সঙ্গে মিলে যায়। সুতরাং বলা যায়, ছক-ক দ্বারা বাংলাদেশের পাহাড়পুর নামক প্রত্নতাত্ত্বিক স্থানের কথাই বলা হয়েছে।

(ঘ)

ছক 'খ'-তে বর্ণিত সভ্যতাটি স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী- এ বিষয়ে আমিও একমত পোষণ করি।

উদ্দীপকের ছক 'খ'-এ সোজা ও প্রশস্ত রাস্তা, সড়কবাতি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, নগর প্রতিরক্ষা ব্যবস্থা ও শস্যাগারের উল্লেখ আছে, যা সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনার বৈশিষ্ট্য। সিন্ধু সভ্যতার মানুষরা নগরায়ণ, স্বাস্থ্যবিধি ও প্রতিরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন ছিল। সুপরিকল্পিত রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা প্রমাণ করে তাদের প্রকৌশল জ্ঞান উন্নত ছিল। শস্যাগার কৃষিনির্ভর অর্থনীতির সমৃদ্ধি প্রকাশ করে। উদ্দীপকের সঙ্গে পাঠ্যবইয়ের সামঞ্জস্য করলে বোঝা যায়, সিন্ধু সভ্যতা কেবলমাত্র প্রাচীন সমাজ নয়, বরং এটি ছিল আধুনিক নগর পরিকল্পনার এক উৎকৃষ্ট দৃষ্টান্ত। তাদের নগর রূপায়ণ বর্তমান নগর পরিকল্পনার ভিত্তি স্থাপন করেছিল। তারা শুধু কৃষিনির্ভর বা ধর্মীয় জীবনযাপনেই সীমাবদ্ধ ছিল না; বরং নগর পরিকল্পনা, প্রকৌশল দক্ষতা, অর্থনীতি ও সামাজিক সংগঠনে তারা স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী ছিল। এই সভ্যতা মানব ইতিহাসে প্রমাণ করেছে যে, প্রাচীনকালেও উন্নত নগর জীবনযাত্রা গড়ে তোলা সম্ভব ছিল, যা আধুনিক সমাজের জন্য শিক্ষণীয়। সুতরাং উপর্যুক্ত আলোচনা পরিশেষে একথা নিঃসন্দেহে বলা যায় যে, 'ছক 'খ'-তে বর্ণিত সভ্যতাটি অর্থাৎ সিন্ধু সভ্যতাটি স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী।

'ক' বাংলাদেশে বসবাসরত একটি ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর সদস্য, যাদের ক্ষমতা কাঠামোর সর্বনিম্ন স্তরকে বলা হয় আদাম বা পাড়া এবং সর্বোচ্চ স্তরকে বলা হয় সার্কেল। যার প্রধান রাজা। অপরদিকে, 'খ' ময়মনসিংহ অঞ্চলে বসবাসরত একটি ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর সদস্য, যাদের পরিবারের প্রধান হলো মাতা। মায়ের কাছ থেকেই এরা বংশ পরিচয় ও সম্পত্তি লাভ করে।
৪. ক্ষুদ্র নৃগোষ্ঠী কাকে বলে?
চাকমাদের বিবাহরীতি ব্যাখ্যা কর।
উদ্দীপকে বর্ণিত 'ক' নৃতাত্ত্বিক গোষ্ঠীর ক্ষমতা কাঠামো ব্যাখ্যা কর।
'খ' নৃগোষ্ঠী অপরাপর নৃগোষ্ঠী থেকে ভিন্ন বৈশিষ্ট্যের- বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
অভিন্ন ইতিহাস, সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য বা আত্মপরিচয়ের ভিত্তিতে স্বতন্ত্র পরিচয় বহনকারী জনগোষ্ঠীকে নৃগোষ্ঠী বলা হয়।
(খ)
চাকমা সমাজে বিবাহ সম্পর্কিত বেশকিছু স্বতন্ত্র সামাজিক বিধি ও রীতি প্রচলিত রয়েছে। এ সমাজে নিজ বংশের সাত পুরুষের মধ্যে বিবাহ নিষিদ্ধ হলেও অন্তর্বিবাহ ও বহির্বিবাহ উভয়ই প্রচলিত। বহুবিবাহ, বিধবা বিবাহ এবং সীমিতভাবে প্যারালাল কাজিন বিবাহ অনুমোদিত হলেও আপন চাচাতো ভাইবোনের মধ্যে বিবাহ সামাজিকভাবে নিষিদ্ধ। পাত্রী পছন্দের ক্ষেত্রে অভিভাবকের মতামতকে বেশি গুরুত্ব দেওয়া হয়। বরের আত্মীয়রা কনেকে বরের বাড়িতে নিয়ে আসে এবং সেখানেই 'আগপানিকুম তুলানা', 'পানপাদা ভাঝেই দেনা', বউ-তুলানা ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন হয়। চাকমাদের মধ্যে সাধারণত দুই ধরনের- বন্দোবস্ত বিবাহ ও রোমান্টিক বিবাহ অনুষ্ঠিত হয়ে থাকে।
(গ)

উদ্দীপকে বর্ণিত 'ক' নৃতাত্ত্বিক গোষ্ঠী দ্বারা চাকমা সমাজের ক্ষমতা কাঠামোর কথা বলা হয়েছে।

উদ্দীপকে দেখা যায়, 'ক' বাংলাদেশে বসবাসরত একটি ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর সদস্য, যাদের ক্ষমতা কাঠামোর সর্বনিম্ন স্তরকে বলা হয় আদাম বা পাড়া এবং সর্বোচ্চ স্তরকে বলা হয় সার্কেল। যার প্রধান রাজা। এটি চাকমা সমাজের ক্ষমতা কাঠামোকে নির্দেশ করে। চাকমা সমাজের ক্ষমতা কাঠামো একটি সুসংগঠিত ও ধারাবাহিক প্রশাসনিক ব্যবস্থার ওপর প্রতিষ্ঠিত। এর শীর্ষে রয়েছেন চাকমা রাজা, যিনি বংশানুক্রমে নিযুক্ত হয়ে সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সম্মান ও ঐতিহ্যের প্রতীক হিসেবে ভূমিকা পালন করেন। রাজার পরবর্তী স্তরে রয়েছে মৌজা বা গ্রাম, যার প্রধানকে বলা হয় হেডম্যান। চাকমা রাজার সুপারিশক্রমে ডেপুটি কমিশনার হেডম্যানকে নিয়োগ দেন। মৌজার আইন শৃঙ্খলা বজায় রাখা এবং ভূমি খাজনা আদায়ের দায়িত্ব তার ওপর বর্তায়। মৌজার নিচে রয়েছে আদাম বা পাড়া, যা কয়েকটি পরিবার নিয়ে গঠিত হয়। আদামের প্রধানকে বলা হয় কারবারি, যাকে চাকমা রাজা নিয়োগ করেন। কারবারি মূলত পাড়ার শান্তিশৃঙ্খলা রক্ষা, ক্ষুদ্র বিরোধ মীমাংসা এবং হেডম্যানকে সহযোগিতা করার দায়িত্ব পালন করেন। রাজা থেকে হেডম্যান এবং কারবারি পর্যন্ত এই শৃঙ্খলাবদ্ধ কাঠামো চাকমা সমাজে দীর্ঘদিন ধরে কার্যকর ভূমিকা পালন করে আসছে। যদিও আধুনিককালে এসব আনুষ্ঠানিকতা ধীরে ধীরে কমে আসছে তবুও এটি এখনও চাকমা সমাজে ঐতিহ্যের ধারক ও প্রভাবশালী সামাজিক কাঠামো হিসেবে বিদ্যমান।

(ঘ)

উদ্দীপকের খ জনগোষ্ঠী গারোদের নির্দেশ করে; তাদের বংশ ও উত্তরাধিকার প্রথায় মাতৃসূত্রীয় বৈশিষ্ট্য রয়েছে।

মাতৃসূত্রীয় ব্যবস্থায় বংশপরিচয় ও সম্পত্তির উত্তরাধিকার মায়ের দিক দিয়ে চলে। ঐতিহ্যগতভাবে বিবাহের পর স্ত্রীর পরিবারের কাছে বসবাসের রীতিও দেখা যায়।

গারোদের ভাষা, পোশাক, কৃষিজীবন ও ওয়ানগালা উৎসবের নিজস্ব ঐতিহ্য রয়েছে। তবে এই পরিচয় থেকে প্রত্যেক পরিবারে নারীরাই সব সিদ্ধান্ত নেন—এমন সিদ্ধান্ত করা ঠিক নয়; উত্তরাধিকার ও বাস্তব কর্তৃত্ব পৃথক বিষয়।

তাই তাদের স্বাতন্ত্র্য সাংস্কৃতিক ও সামাজিক ব্যবস্থায়; অঞ্চল, ধর্ম ও সময়ভেদে জীবনযাত্রার পরিবর্তন ও বৈচিত্র্যও স্বীকার করতে হয়।

ময়মনসিংহ বোর্ড ২০২৫ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।