যশোর বোর্ড ২০২৩

এইচএসসি · সমাজবিজ্ঞান ২য় পত্র

যশোর বোর্ড ২০২৩

১১টি প্রশ্ন রয়েছে। নিচে কয়েকটি নমুনা দেখো; সব প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করো।

রাজু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিষয়টি অধ্যয়ন করছে তা ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে ইউনেস্কোর সহযোগিতায় স্বতন্ত্র বিষয় হিসেবে আত্মপ্রকাশ করে। উক্ত বিষয়টির বিকাশে একজন প্রথিতযশা চিন্তাবিদের অবদান অনস্বীকার্য। যাকে বাংলাদেশে ওই বিষয়ের জনক বলা হয়।
১. ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সমাজবিজ্ঞানের জ্ঞান প্রয়োজন কেন? ব্যাখ্যা কর।
রাজুর অধ্যয়নের বিষয়টির বিকাশধারা বর্ণনা করো।
উদ্দীপকে যে চিন্তাবিদের কথা বলা হয়েছে তার অবদান মূল্যায়ন কর।
সমাধান ও উত্তর
(ক)
ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয়।
(খ)

পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের প্রয়োজনীয়তা, প্রতিবন্ধকতা এবং সম্ভাব্য ফলাফল জানতে সমাজবিজ্ঞানের জ্ঞান প্রয়োজন।

সামাজিক বাস্তবতার আলোকে প্রণীত না হলে কোন পরিকল্পনার বাস্তবায়ন অথবা কোন সমস্যার সমাধান হয় না। মূলত সমাজে বিদ্যমান সমস্যা, এই সমস্যা সমাধানে বাধা এবং এর মাধ্যমে কোন শ্রেণীর মানুষ কতটা উপকৃত হবে, পাশাপাশি সেই গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে কি কি বাধা রয়েছে এবং কিভাবে তা দূর করা যায় এ সকল সিদ্ধান্ত গ্রহণের জন্য সমাজবিজ্ঞানের জ্ঞান প্রয়োজন।

(গ)

উদ্দীপকের রাজুর পঠিত বিষয়টি হচ্ছে সমাজবিজ্ঞান। নিম্নে সমাজবিজ্ঞানের বিকাশ ধারা বর্ণনা করা হলো :

উদ্দীপকের রাজু যে বিষয়ে অধ্যয়ন করছে, সেটি ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে ইউনেস্কোর সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র বিভাগ হিসেবে যাত্রা শুরু করে। বস্তুত, ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। তাই উদ্দীপকে রাজুর পঠিত বিষয়টি হচ্ছে সমাজবিজ্ঞান। আর বাংলাদেশের সমাজবিজ্ঞানের বিকাশধারার একটি ধারাবাহিক ও সুদীর্ঘ ইতিহাস রয়েছে।

তৎকালীন ভারতীয় উপমহাদেশে ১৯১৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানের শিক্ষা ও গবেষণা শুরু হয়। তবে সেসময় এটি স্বতন্ত্র একটি বিষয় হিসেবে পঠিত না হয়ে অর্থনীতিবিভাগের এমএ কোর্সের একটি পত্র হিসেবে অধ্যয়ন করা হতো। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর বর্তমান বাংলাদেশে সমাজবিজ্ঞান চর্চার নতুন ধারা উন্মোচিত হয়। প্রথমদিকে ১৯২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে দর্শন বিভাগের এমএ কোর্সে সমাজবিজ্ঞান পঠন শুরু হয়। এছাড়াও পরবর্তীতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আওতায় ও সমাজবিজ্ঞানের কিছু বিষয় পড়ানো হতো। অবশেষে ইউনেস্কো ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে যাত্রা শুরু করে।

(ঘ)

উদ্দীপকে যে চিন্তাবিদের কথা বলা হয়েছে তিনি হলেন ড. এ. কে. নাজমুল করিম। নিম্নে তার অবদান মূল্যায়ন করা হলো :

১৯৫৪ সালে ইউনেস্কো বিশেষজ্ঞ ও সামাজিক নৃবিজ্ঞানী ক্লদ লেভি-স্ট্রস বাংলাদেশে সফরে আসলে অধ্যাপক ডক্টর এ কে নাজমুল করিম এবং অধ্যাপক অজিত কুমার সেন তার সাথে দেখা করেন। এ সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান প্রতিষ্ঠার বিষয়ে ইউনেস্কোর সহযোগিতা কামনা করেন। এরই পরিপ্রেক্ষিতে ১৯৫৭-৫৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান নামে একটি স্বতন্ত্র বিভাগ প্রতিষ্ঠিত হয়। সমাজবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠায় এ. কে. নাজমুল করিমের গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক বলা হয়।

অধ্যাপক নাজমুল করিম প্রথম বাঙালি চিন্তাবিদ হিসেবে সমাজবিজ্ঞানের উপর একটি পূর্ণাঙ্গ গ্রন্থ রচনা করেন। তার লিখিত Changing Society in India, Pakistan, Bangladesh গ্রন্থটি এখনো সমাজবিজ্ঞানের গুরুত্বপূর্ণ সহায়ক পুস্তক হিসেবে সবার কাছে সমাদৃত। এছাড়াও তিনি সমাজবিজ্ঞান বিষয়ক The Dynamics of Bangladesh, সমাজবিজ্ঞান সমীক্ষণ ইত্যাদি গ্রন্থ রচনা করেন। অধ্যাপক নাজমুল করিমের নিজের এবং তার ছাত্র-ছাত্রীদের ঐকান্তিক সাধনার ফলেই এদেশে সমাজবিজ্ঞানের পঠন পাঠন ও আলোচনা বিস্তৃতি লাভ করেছে। সমাজবিজ্ঞানের বিকাশে বিভাগীয় জাদুঘর প্রতিষ্ঠা, মনোগ্রাফ লেখার ব্যবস্থা, গ্রামীণ প্রশ্নমালা পূরণের কার্যক্রম সবই তার অবদান।

তাই বলা যায়, বাংলাদেশের সমাজবিজ্ঞানের প্রাতিষ্ঠানিক বিকাশে অধ্যাপক নাজমুল করিমের অবদান অপরিসীম।

ছক - ক ছক - খ
খ্রিষ্টপূর্ব ১৯০০-১০০০ অব্দ খ্রিষ্টপূর্ব ৭০০০-২৫০০ অব্দ
ব্যবসা বাণিজ্যের প্রসার কৃষি কাজের সূচনা
স্থায়ী বসতি নির্মাণ চাকার আবিষ্কার
লিখন পদ্ধতির উন্নতি খাদ্য উৎপাদন অর্থনীতির উদ্ভব
২. পিকিং মানব কোন যুগের অধিবাসী?
প্রত্নতত্ত্বের উৎস হিসেবে স্মৃতিফলকের ভূমিকা ব্যাখ্যা কর।
ছক-ক কোন প্রত্নতাত্ত্বিক যুগকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ছক-খ সমাজ ও সভ্যতার বিকাশে বিশেষ অবদান রেখেছে তুমি কি একমত? বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
পিকিং মানব প্রাচীন প্রস্তর যুগের অধিবাসী।
(খ)

প্রত্নতত্ত্বের প্রধান উদ্দেশ্য বস্তুগত সংস্কৃতি বিশ্লেষণের মাধ্যমে মানব ইতিহাস খুঁজে বের করা। বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উৎস থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে প্রত্নতত্ত্ববিদরা সমসাময়িক ইতিহাস রচনার প্রয়াস পান। তেমনি ভাবে বিভিন্ন স্মৃতিফলকের অবস্থান, গঠনশৈলী, খোদিত লিপি ইত্যাদি থেকে তা নির্মাণের সময়কাল ও তৎকালীন সমাজের আর্থসামাজিক ইতিহাস পুনরুদ্ধার করা যায়।

তাই প্রত্নতত্ত্বের উৎস হিসেবে স্মৃতিফলকের ভূমিকা তাৎপর্যপূর্ণ

(গ)

ছক-ক-এর বাণিজ্য, বসতি ও লিখনপদ্ধতির বৈশিষ্ট্য ব্রোঞ্জযুগের নগরায়ণ ও জটিল অর্থনীতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

ব্রোঞ্জ হলো তামাভিত্তিক সংকর ধাতু; বিভিন্ন অঞ্চলে এর ব্যবহার ও যুগের সময়সীমা আলাদা। বসতি, লেনদেন ও প্রশাসনিক লিখনের বিকাশ এই দীর্ঘ পরিবর্তনের সঙ্গে যুক্ত, কিন্তু মুদ্রার প্রথম প্রচলনকে সর্বজনীন ব্রোঞ্জযুগের ঘটনা বলা ঠিক নয়।

তাই ছকের খ্রিষ্টপূর্ব১৯০০–১০০০সময়কে সব অঞ্চলের ব্রোঞ্জযুগের নির্দিষ্ট সীমা না ধরে একটি আঞ্চলিক কালধারণা হিসেবে পর্যালোচনা করা প্রয়োজন। প্রদত্ত বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতে ব্রোঞ্জযুগের সঙ্গে তুলনা করা যায়।

(ঘ)

উদ্দীপকের সংশ্লিষ্ট স্তরটি নব্যপ্রস্তর যুগের কৃষি ও স্থায়ী জীবনের বিকাশকে নির্দেশ করে।

এ পর্যায়ে বিভিন্ন অঞ্চলে চাষাবাদ, পশুপালন, খাদ্য উৎপাদন এবং বসতি বিস্তার মানুষের জীবনকে বদলে দেয়। মসৃণ পাথরের সরঞ্জাম, মৃৎশিল্প ও বয়নের মতো কর্মকাণ্ডও গুরুত্ব পায়।

উদ্দীপকের সঙ্গে এই সাধারণ বৈশিষ্ট্যগুলোর সাদৃশ্য রয়েছে। তবে যুগগুলোর সময়সীমা অঞ্চলভেদে ভিন্ন; আগুন, ভাষা বা চাকার প্রথম উদ্ভাবন সবই একই সময়ে নব্যপ্রস্তর যুগে ঘটেছে—এ দাবি সঠিক নয়।

কৃষি ও বসতির পরিবর্তন পরবর্তী জটিল সমাজ ও সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভিত্তি সৃষ্টি করে। এই অর্থে নব্যপ্রস্তর যুগের পরিবর্তনকে বৈপ্লবিক বলা যায়, যদিও তা সর্বত্র একইভাবে বা একই বছরে ঘটেনি।

সোমপুর বিহার
স্নান ঘাট
গন্ধেশ্বরীর মন্দির
সত্যপীর ভিটা
৩. লৌহের প্রথম ব্যবহার হয় কোথায়?
চাকার আবিষ্কার সভ্যতার অন্যতম ভিত্তি - ব্যাখ্যা কর।
উদ্দীপকটি কোন প্রত্নতাত্ত্বিক স্থানকে নির্দেশ করে - ব্যাখ্যা করো।
বাংলাদেশের সামাজিক ইতিহাস জানতে উদ্দীপকের নিদর্শনসমূহের গুরুত্ব অস্বীকার্য - বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
লৌহের প্রথম ব্যবহার হয় এশিয়া মাইনরে।
(খ)

সভত্যার বিকাশের এক অনন্য মাইলফলক চাকার আবিষ্কার।

চাকা আবিষ্কারের মধ্যে দিয়ে যাতায়াত ব্যবস্থায় অভাবনীয় পরিবর্তন আসে। এর ফলে পন্য পরিবহণ, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পায়। ফলে শ্রম বিভাগও প্রসারিত হয়। ফলে মানুষের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাতায়াত বৃদ্ধি পায়, ভাবের আদান প্রদান ও ব্যাবসা বাণিজ্যতে প্রসার ঘটে।

(গ)

উদ্দীপকে পাহাড়পুর নামক প্রত্নতাত্ত্বিক স্থানের কথা বলা হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো:

পাহাড়পুর বিহার বাংলাদেশে বৌদ্ধ ও হিন্দু সংস্কৃতির এক আকর্ষণীয় নিদর্শন। অষ্টম শতাব্দীতে বরেন্দ্রভূমির সোমপুর নামক স্থানে পালবংশের দ্বিতীয় শাসক রাজা ধর্মপাল এই মহাবিহার প্রতিষ্ঠা করেন। এটি বর্তমান বাংলাদেশের উত্তর-পশ্চিমে অবস্থিত নওগাঁ জেলার বদলগাছি সদর উপজেলার অন্তর্গত পাহাড়পুর নামক স্থানে অবস্থিত। এই বিহাটির উল্লেখযোগ্য প্রত্নতত্ত্বিক নির্দশন হলো সোমপুর বিহার, স্নানঘাট, গন্ধেশ্বরীর মন্দির, সত্যপীর ভিটা ও জৈন বিহার।

উদ্দীপকের ছকে সোমপুর বিহার, গন্ধেশ্বরী মন্দির, স্নানঘাট ও সত্যপীর ভিটা উল্লেখ করা হয়েছে। পূর্বোক্ত আলোচনায় দেখা যায়, যে এগুলাে পাহাড়পুরে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন।

সুতরাং বলা যায় যে, উদ্দীপকে পাহাড়পুর প্রত্নস্থানের প্রতি ইঙ্গিত করা হয়েছে।

(ঘ)

বাংলাদেশের সামাজিক ইতিহাস জানতে উদ্দীপকের নির্দশন তথা প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ মুখ্য উপাদান হিসেবে ভূমিকা পালন করে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো:

প্রত্নতাত্ত্বিক কোনো দেশ কিংবা জাতির ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসাহ বা উপাদান হিসেবে স্বীকৃত। কেননা সভ্যতার পথে মানুষের যাত্রার ইতিহাস মূলত প্রত্নতাত্ত্বিক নির্দশনসমূহ বিশ্লেষণের মাধ্যমেই জানা যায়। একইভাবে বাংলাদেশের বিভিন্ন প্রত্নস্থান যেমন মহাস্থানগড়, ময়নামতি, পাহাড়পুর, উয়ারী-বটেশ্বর প্রভৃতিতে প্রাপ্ত প্রত্ননিদর্শন পরীক্ষা-নিরীক্ষা ও বিশ্লেষণ করে প্রত্নতত্ত্ববিদরা এখানকার সামাজিক ইতিহাস রচনার চেষ্টা চালায়।

প্রাচীনকাল থেকে মধ্যযুগ পর্যন্ত বাংলাদেশের সমাজ কাঠামো প্রকৃতি নির্ধারণের পাহাড়পুরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সহায়ক ভূমিকা রাখে। এখানকার গন্ধেশ্বরীর মন্দির সোমপুর বিহার, পাথর নির্মিত বিভিন্ন দেবদেবীর মূর্তি ইত্যাদি প্রমাণ করে যে প্রাচীনকালে এই অঞ্চলে বৌদ্ধ ও হিন্দু ধর্মের বেশ প্রভাব ছিল। সে সময় রাজারা কারুকার্যকচিত বিশাল আয়তনের ধর্ম মন্দির স্থাপনে বেশ আগ্রহ দেখেছিলেন। এছাড়াও পাহাড়পুরে আবিষ্কৃত প্রাচীন মুদ্রার ধরন বিশ্লেষণ করে বলা যায় তখন সমাজে মুদ্রা অর্থনীতির বিকাশ ঘটেছিল। আর মুদ্রা অর্থনীতির বিকাশ সমাজে সামাজিক অসমতা ও স্তর বিন্যাসের অস্তিত্বকে প্রমাণ করে।

তাই বলা যায় উদ্দীপকে উল্লিখিত পাহাড়পুরে নিদর্শনসমূহ বিশ্লেষণ করে যেহেতু তৎকালীন বাংলাদেশের সামাজিক ইতিহাস জানা যায় তাই সামাজিক ইতিহাসা জানতে এগুলোর গুরুত্ব অনস্বীকার্য।

বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা ঢাকা, যার প্রাচীন নাম জাহাঙ্গীরনগর। জনসংখ্যা বৃদ্ধির ফলে বর্তমানে এই নগর উন্নত জীবনযাপনের অনুপযোগী। অথচ ভারতীয় উপমহাদেশে অতীতে নদীর তীরবর্তী এলাকায় যে নগরগুলো গড়ে উঠেছিল তা ছিল অত্যন্ত পরিকল্পনানির্ভর। নগরগুলোতে নাগরিক জীবনের প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা ছিল।
৪. কোন যুগে পশুপালন অর্থনীতির সূচনা হয়?
ময়নামতি প্রত্নতাত্ত্বিক নিদর্শনে কোন ধর্মের প্রভাব পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপকে কোন সভ্যতার প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপকে বর্ণিত শহরের সমস্যা সমাধানে সমাজবৈজ্ঞানিক জ্ঞান কিভাবে সহায়তা করতে পারে? বিশ্লেষণ কর।
সমাধান ও উত্তর
(ক)
নব্যপ্রস্তরযুগে পশুপালন অর্থনীতির সূচনা হয়।
(খ)

ময়নামতি প্রত্নতাত্ত্বিক নিদর্শনে বৌদ্ধ ধর্মের প্রভাব পরিলক্ষিত হয়।

শালবন বিহার ময়নামতিতে খনন করে মূলত একটি বৌদ্ধ বিহার পাওয়া যায়। যেখানে ১১৫ টি কক্ষের সন্ধান পাওয়া - যায় যা পূজা অর্চনার ক্ষেত্রে ব্যবহৃত হতো। এছাড়াও কৌটিলামুড়া, আনন্দবিহার ইত্যাদি নিদর্শনসমূহের ধর্মীয় তাৎপর্য দেখে মনে হয়, তৎকালীন সময়ে এই অঞ্চলের শাসকরা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন এবং বৌদ্ধ ধর্মের ব্যাপ্তি ও প্রসারে সমাজপতিরা কাজ করেছিলেন ।

(গ)

উদ্দীপকে সিন্ধু সভ্যতার প্রতি ইঙ্গিত করা হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো :

ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম নগর সভ্যতা হচ্ছে সিন্ধু সভ্যতা। এই সভ্যতা সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল। এটিকে মহেঞ্জোদারো বা হরপ্পা সভ্যতাও বলা হয়। এই সভ্যতায় সুশৃংখল নগর জীবন গড়ে উঠেছিল। সিন্ধু সভ্যতায় চলাচলের জন্য প্রশস্ত রাস্তা, রাস্তার পাশে সারিবদ্ধ ল্যাম্পপোস্ট, পয়:নালা, স্নানাগার, শস্যাগার, কূপ, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ইত্যাদি ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে যা একটি পরিকল্পিত নগরীকে নির্দেশ করে। এই নিদর্শনগুলোর মাধ্যমে বুঝা যায়, এখানে উন্নত নাগরিক জীবনের জন্য প্রয়োজনীয় প্রায় সকল ব্যবস্থাই উপস্থিত ছিল।

উদ্দীপকেও বলা হয়েছে, ভারতীয় উপমহাদেশে অতীতে নদীর তীরবর্তী এলাকায় যে নগরগুলো গড়ে উঠেছিল তা ছিল অত্যন্ত পরিকল্পনানির্ভর। নগরগুলোতে নাগরিক জীবনের প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা ছিল। এগুলো সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্যের সাথে মিলে যায়।

তাই বলা যায়, উদ্দীপকে সিন্ধু সভ্যতার প্রতি ইঙ্গিত করা হয়েছে।

(ঘ)

উদ্দীপকে বর্ণিত ঢাকা শহরের সমস্যার পিছনে অন্তর্নিহিত কারণ নির্ধারণ এবং সমাধানে প্রয়োজনীয় প্রকল্প গ্রহনে সমাজবিজ্ঞানের জ্ঞান সহায়তা করতে পারে। নিম্নে তা বিশ্লেষণ করা হলো :

সমাজ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও গবেষণা করাই হচ্ছে সমাজবিজ্ঞানের মূল প্রতিপাদ্য। আর সামাজিক সমস্যার সমাজবিজ্ঞানের অন্যতম আলোচ্য বিষয়। সামাজিক সমস্যা কি, কিভাবে এই সমস্যা সৃষ্টি, এর ফলাফল কি, কিভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায় ইত্যাদি বিষয় নিয়েই সমাজবিজ্ঞান পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে। বস্তুত সমাজবিজ্ঞানের জ্ঞান অর্জন ব্যতীত সামাজিক সমস্যা মোকাবিলা করা কোনভাবেই সম্ভব নয়।

উদ্দীপকে উল্লেখিত ঢাকা শহরে জনসংখ্যা বৃদ্ধির ফলে এটি উন্নত জীবনযাপনের অনুপযোগী হয়ে পড়েছে। সমাজবিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে এই সমস্যার পিছনের কারণ অনুসন্ধান করা যাবে। আবার এই সমস্যাটির ফলে নাগরিক জীবনে কিরূপ প্রভাব পড়েছে, এই সমস্যার নিরসনে কি ধরনের উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা যেতে পারে এবং সেটির ফলে নাগরিক জীবনে কিরূপ পরিবর্তন আসবে তা সমাজবিজ্ঞানের জ্ঞানের দ্বারা পূর্ব আনুমান করা যায়।

তাই বলা যায়, ঢাকা শহরের সমস্যা সমাধানে সমাজবিজ্ঞানিক জ্ঞান সহায়তা করতে পারবে

যশোর বোর্ড ২০২৩ আনলক করো

এই টেস্ট পেপারটি প্রিমিয়াম প্যাকেজের অন্তর্ভুক্ত। সব বহুনির্বাচনি ও লিখিত প্রশ্ন অনুশীলন করতে সাবস্ক্রাইব করো।