বরিশাল বোর্ড ২০২৫

১. উদ্দীপক

সমাজে অনেক মানুষই পাওয়া যায়, যারা সর্বদা মানুষের কল্যাণে কাজ করেন। জীবনে কী পেয়েছেন আর কী পাবেন তা নিয়ে কোনো ভাবনা তাদের থাকে না। এমনকি যারা তাদের ক্ষতি' করে তাদেরও কল্যাণ কামনা করেন তারা। দান নয় বরং মানুষকে স্বাবলম্বী করাই তাদের লক্ষ্য।
উত্তর কালের বিবর্তনে আমরা এখন বৃহত্তর মানবতার অংশ।
উত্তর

‘সর্বজীবে হিত’ বলতে সব জীবের মঙ্গল কামনা ও কল্যাণ সাধন বোঝায়।

এই চেতনায় ব্যক্তিস্বার্থ বা সংকীর্ণ দলগত স্বার্থের ঊর্ধ্বে উঠে অন্যের দুঃখ দূর করার চেষ্টা করা হয়। মানুষের কল্যাণকর্মও তাই কেবল নিজের পরিচিতজন বা স্বার্থের গণ্ডিতে সীমাবদ্ধ থাকতে পারে না।

উত্তর

উদ্দীপকের সঙ্গে ‘মানব-কল্যাণ’ প্রবন্ধের নিঃস্বার্থ কল্যাণচিন্তা ও মানুষকে আত্মনির্ভর করার চেতনার সাদৃশ্য রয়েছে।

প্রবন্ধে আবুল ফজল মানবকল্যাণকে করুণাবশত দান করার মধ্যে সীমাবদ্ধ রাখেননি। মানুষের অধিকার, মর্যাদা ও মানবিক শক্তির বিকাশ ঘটানোই প্রকৃত কল্যাণের লক্ষ্য।

উদ্দীপকের মানুষরা ব্যক্তিগত প্রাপ্তির হিসাব না করে অন্যের মঙ্গল করেন; এমনকি ক্ষতিসাধনকারীরও কল্যাণ চান। তাঁদের লক্ষ্য মানুষকে দাননির্ভর রাখা নয়, স্বাবলম্বী করা। এই নিঃস্বার্থতা ও মর্যাদাপূর্ণ জীবন গড়ার প্রয়াসই প্রবন্ধের চেতনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

মন্তব্যটি যথার্থ: উদ্দীপকের নিঃস্বার্থ সেবা ও স্বাবলম্বী করার উদ্যোগ প্রকৃত মানবকল্যাণের ধারণাকে নির্দেশ করে।

‘মানব-কল্যাণ’ প্রবন্ধে মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠাকে কল্যাণকর্মের সঙ্গে অবিচ্ছেদ্য বলে দেখানো হয়েছে। সাময়িক দান দিয়ে নির্ভরতা বাড়ানোর বদলে মানুষের শক্তি ও সম্ভাবনার বিকাশের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন।

উদ্দীপকের মানুষরা ব্যক্তিগত লাভের কথা ভাবেন না। প্রতিহিংসার বদলে তাঁরা ক্ষতিসাধনকারীরও মঙ্গল চান এবং মানুষকে আত্মনির্ভর করে তুলতে কাজ করেন। ফলে তাঁদের কল্যাণচিন্তা করুণা বা আত্মপ্রচারের মধ্যে আবদ্ধ নয়।

অতএব মানুষের স্বনির্ভর ও মর্যাদাপূর্ণ জীবন প্রতিষ্ঠার যে লক্ষ্য প্রবন্ধে গুরুত্ব পেয়েছে, উদ্দীপকের কর্মকাণ্ড তারই বাস্তব প্রতিফলন। তবে একটি উদ্দীপক প্রবন্ধের প্রতিটি বক্তব্য হুবহু তুলে ধরে—এমন দাবি করার প্রয়োজন নেই।

২. উদ্দীপক

সানজিদা অষ্টম শ্রেণিতে পড়ার সময় তার বাবা-মা ক্যানসারে আক্রান্ত হয়ে লোকান্তরিত হন। অসহায় সানজিদা এবং তার ছোটো ভাই সাজ্জাদ তাদের ছোট চাচা সালামের কাছে আশ্রয় নেয়। কিন্তু তাদেরকে প্রতিপালন করার সামর্থ্য তার নেই। তাদের চাচা অপারগ, হয়ে ছয় মাসের মধ্যে প্রতিবেশী এক গরিব ও নিরক্ষর ছেলের সাথে সানজিদাকে বিয়ে দেয়। সেখানে শ্বশুরবাড়ির সবাই সানজিদার ওপর অমানুষিক অত্যাচার-নির্যাতন করে। তারা সানজিদার জীবনকে বিভীষিকাময় করে তোলে। একটু স্বস্তির আশায় সানজিদা তার স্বামীকে তালাক দেয়। নেমে যায় জীবনসংগ্রামে। সে নিজের বাড়িতে থেকে টিউশনি করে নিজের ও ছোট ভাইয়ের পড়ালেখা চালিয়ে যায়। বর্তমানে সে বিচারক এবং তার ছোট ভাই ডাক্তার।
উত্তর সালতি হলো শালকাঠ নির্মিত বা তালকাঠের সরু ডোঙা বা নৌকা।
উত্তর

"যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি-পিসি"- কথাটি দ্বারা দুর্বৃত্তদের আক্রমণ মোকাবিলায় মাসি-পিসি প্রস্তুতির কথা বলা হয়েছে।

'মাসি-পিসি' গল্পে স্বামীর নির্যাতনের শিকার হয়ে আহ্লাদির ঠাঁই হয় মাসি-পিসির কাছে। লালসা-উন্মত্ত জোতদার ও দারোগার কুনজর পড়ে আহ্লাদির ওপর। তাই তারা গুন্ডা-বদমাশদের পাঠিয়ে মাসি-পিসির কাছ থেকে আহ্লাদিকে ছিনিয়ে নিতে চায়। মাসি-পিসি তাদের প্রতিরোধ করে। পুনরায় আক্রমণের ভয়ে কাঁথা-কম্বল চুবিয়ে রাখে এবং হাঁড়ি-কলসিতে জল ভরে রাখে। যাতে তারা রাতের অন্ধকারে ঘরে আগুন দিলে তা নিভাতে পারে। বঁটি আর দাও রাখে হাতের কাছেই। এভাবে যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি-পিসি।

উত্তর

বাবা-মায়ের মৃত্যু ও অল্পবয়সে বিয়ে দেওয়ার দিক থেকে উদ্দীপকের সানজিদার সাথে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির সাদৃশ্য এবং স্বাবলম্বী চিন্তাগত দিক থেকে বৈসাদৃশ্য বিদ্যমান।

'মাসি-পিসি' গল্পের আহ্লাদি বাপ-মা মরা মেয়ে। অল্পবয়সে জগুর সাথে তার বিয়ে হয়। স্বামীর অকথ্য নির্যাতনের শিকার হয়ে সে মাসি ও পিসির কাছে আশ্রয় নিয়েছে।

উদ্দীপকের সানজিদা অল্প বয়সে বাবা-মাকে হারিয়ে অসহায়। তার চাচা সালাম তাকে প্রতিবেশীর অশিক্ষিত ছেলের সাথে বিয়ে দেয়। বিয়ের পরেই সানজিদার ওপর নেমে আসে শ্বশুরবাড়ির লোকজনের অসহ্য অত্যাচার। বাধ্য হয়ে স্বামীকে তালাক দিয়ে নিজে টিউশনি করে স্বাবলম্বী হয় সে। অন্যদিকে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির স্বামীর হাতে নির্যাতিত হলেও তালাক দেওয়ার দুঃসাহসিক পদক্ষেপ নিতে পারেনি। আবার স্বামীর বাড়ি থেকে এসে সে জীবনসংগ্রামে আত্মনির্ভরশীল হতে পারেনি, বরং মাসি-পিসির কাছে আশ্রয় নিয়ে ক্ষান্ত হয়েছে। এদিক থেকে সানজিদার সাথে আহ্লাদির সাদৃশ্য ও বৈসাদৃশ্য বিদ্যমান।

উত্তর

সাহস নিয়ে জীবনসংগ্রামে নামতে পারায় "সানজিদার জীবনচেতনা 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির চেয়ে আধুনিক।"- মন্তব্যটি যথার্থ।

'মাসি-পিসি' গল্পে বর্ণিত আহ্লাদি বাপ-মা মরা, শ্বশুর ঘরে অসহ্য নির্যাতনের শিকার এক অসহায় নারী। মাসি-পিসির আশ্রয়ে সে মাথা গোঁজার ঠাঁই পেয়েছে। জীবনসংগ্রামে স্বনির্ভর হওয়ার প্রবণতা তার মধ্যে নেই।

উদ্দীপকের সানজিদা অল্প বয়সেই বাবা-মাকে হারিয়ে প্রতিবেশী এক গরিব ও নিরক্ষর ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু শ্বশুর ঘরের অকথ্য নির্যাতনের মুখে বাধ্য হয়ে স্বামীকে তালাক দেয়। সানজিদা টিউশনি করে নিজের ও তার ভাইয়ের দায়িত্ব নিয়ে আজ সে প্রতিষ্ঠিত এক নারী। অন্যদিকে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির মধ্যে সাহসী জীবনচেতনা লক্ষ করা যায় না। সে নিজেকে একজন আধুনিক নারী হিসেবে দাঁড় করাতে পারেনি যা উদ্দীপকের সানজিদা পেরেছে।

'মাসি-পিসি' গল্পের আহ্লাদি পশ্চাৎপদ সমাজের এক নারী। স্বামীর সংসারে অকথ্য নির্যাতনের শিকার হয়ে সে মাসি-পিসির কাছে আশ্রয় নিলেও অত্যাচারী স্বামীকে তালাক দেওয়ার দুঃসাহসিকতা দেখাতে পারেনি। অপরদিকে সানজিদা স্বামীর বাড়ির নির্যাতনকে বরদাস্ত করেনি। স্বামীকে তালাক দিয়ে স্বাবলম্বী হয়েছে। বর্তমানে সে একজন বিচারক। তাই বলা যায় যে, "সানজিদার জীবনচেতনা 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির চেয়ে আধুনিক।"- আলোচ্য এ মন্তব্যটি যথার্থ।

৩. উদ্দীপক

রুনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম (আইনশাস্ত্রে) পাশ করেছে। ইতোমধ্যে তার বয়স ছাব্বিশ বছর অতিক্রান্ত হয়েছে। সে সরকারি চাকরি পাওয়ার আশায় অনেক পরীক্ষা দিয়েছে। এমতাবস্থায়, ডাক্তার পাত্র অজয়ের সাথে বিশ লক্ষ টাকা পণ ধার্য করে তার বিয়ে ঠিক হয়। বিয়ের দিন রুনার বাবা পণের জন্য পনেরো লক্ষ টাকা জোগাড় করতে সক্ষম হন। কিন্তু বাকি পাঁচ লক্ষ টাকা না দেওয়া পর্যন্ত বিয়ের কাজ সম্পন্ন হবে না বলে জানিয়ে দেন ডাক্তার অজয়ের বাবা। বিষয়টি রুনার ব্যক্তিত্বে আঘাত করে। সে ব্যথিত হয়ে বিয়ে ভেঙে দেয়। স্বাবলম্বী না হয়ে বিয়ে করবে না বলে সে তার বাবা ইন্দ্র বাবুকে জানিয়ে দেয়। বিয়ে ভাঙার ছয় মাস পর রুনা বিচারকের চাকরি পায়।
উত্তর অনুপমের বাবার পেশা ছিল ওকালতি।
উত্তর

প্রশ্নোক্ত কথাটি দ্বারা সমাজে বিয়ের বাজারে যোগ্য পাত্রের কদর এবং পণের টাকার পরিমাণকে নির্দেশ করা হয়েছে।

'অপরিচিতা' গল্পে যোগ্য পাত্রের জন্য কনের অভিভাবকদের অবস্থা নির্দেশিত হয়েছে। সেকালে শিক্ষিত পাত্রের অতিমাত্রায় কদর থাকায় পণের টাকার পরিমাণও বেশি ছিল। আর যোগ্য পাত্রের জন্য কনের পিতা সেই ধনুক-ভাঙা পণ দিতেও কুণ্ঠাবোধ করতেন না। কল্যাণীর পিতা শম্ভুনাথ সেন মেয়েকে যেন-তেন পাত্রের হাতে তুলে দিয়ে দায় সারতে চাননি। তিনি ধৈর্য ধারণ করে উপযুক্ত পাত্রের জন্য অপেক্ষায় থেকেছেন। এর ফলে দিন দিন মেয়ের বয়স বেড়েই গিয়েছে। প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে উপযুক্ত পাত্রের অত্যধিক কদর ও অত্যধিক পণের বিষয়টি বোঝানো হয়েছে।

উত্তর

অপরিচিতা' গল্পের কল্যাণীর সঙ্গে উদ্দীপকের রুনার সাদৃশ্য-বৈসাদৃশ্য উভয়ই রয়েছে।

'অপরিচিতা' গল্পের নায়িকা কল্যাণী একজন ব্যক্তিত্বসম্পন্ন নারী। অপমানজনক যৌতুকপ্রথার বিরুদ্ধে অবস্থান নিয়ে সে নারী শিক্ষার ব্রত গ্রহণ করেছে। একপর্যায়ে জীবনে আর বিয়ে না করার সিদ্ধান্ত নেয় সে।

উদ্দীপকের রুনার মাঝেও ব্যক্তিত্ববোধসম্পন্ন মানসিকতার পরিচয় ঘটেছে। অপমানজনক যৌতুকের শর্তে বিয়েকে সে অস্বীকার করেছে। নিজেকে স্বাবলম্বী করার ব্রত গ্রহণের মাধ্যমে সে ব্যক্তিত্ববোধের পরিচয় দিয়েছে। 'অপরিচিতা' গল্পের কল্যাণীও বাবার ব্যক্তিত্ববোধসম্পন্ন সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়েছে এবং নিজেকে নারীর উন্নয়নের কান্ডারিরূপে তৈরি করেছে। এ দিক থেকে গল্পের কল্যাণীর সঙ্গে উদ্দীপকের রুনার সাদৃশ্য রয়েছে। তবে উদ্দীপকের স্বাবলম্বী হয়ে বিয়ে করার কথা বললেও, আলোচ্য গল্পের কল্যাণী বিয়ের সিদ্ধান্ত থেকে - একেবারেই সরে দাঁড়ায়। এদিক থেকে কল্যাণীর সঙ্গে রুনার বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়।

উত্তর

সাহসী সিদ্ধান্ত নেওয়ার দিক থেকে ""অপরিচিতা' গল্পের কল্যাণীর চেয়ে উদ্দীপকের রুনার জীবনচেতনা অধিকতর আধুনিক।"-মন্তব্যটি যথার্থ।

'অপরিচিতা' গল্পের কল্যাণী উনিশ শতকের সংস্কারাচ্ছন্ন সমাজের এক নারী চরিত্র। বিবাহ সভায় বরপক্ষের যৌতুক সম্পর্কীয় দাবি-. দাওয়ার প্রতিবাদে তার বাবা বিয়ে ভেঙে দেন। বাবার সিদ্ধান্তকে সেও সাদরে গ্রহণ করে।

উদ্দীপকের রুনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা গ্রহণকারী একজন আধুনিক নারী। ডাক্তার পাত্রের সঙ্গে তার বিয়ে ঠিক হলে বরপক্ষ বিশ লক্ষ টাকার যৌতুক দাবি করে। পনেরো লক্ষ টাকা জোগাড় হলেও তাতে বরপক্ষ টালবাহানা শুরু করে। এতে ব্যথিত হয়ে রুনা বিয়ে ভেঙে দেয় এবং নিজে স্বাবলম্বী না হয়ে বিয়ে না করার সিদ্ধান্ত নেয়। ছয় মাসের মধ্যেই সে বিচারক হিসেবে চাকরি পায়। অন্যদিকে 'অপরিচিতা' গল্পে কল্যাণী আধুনিক শিক্ষায় শিক্ষিত একজন ব্যক্তিত্বময়ী নারী হলেও উদ্দীপকের রুনার মতো বলিষ্ঠ ও সাহসী পদক্ষেপ নিতে পারেনি।

'অপরিচিতা' গল্পের কল্যাণী নিজে বিয়ে ভাঙার দুঃসাহসিকতা দেখায়নি। বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত ছিল তার বাবার। বিয়ে ভাঙার পরে নিজেকে আত্মউন্নয়ন তথা স্বাবলম্বী হওয়ার কোনো পদক্ষেপ নেয়নি। বরং সে বিয়ে না করার প্রতিজ্ঞা করে, যা মোটেই আধুনিক মনোভাবের পরিচয় নয়। পক্ষান্তরে উদ্দীপকের রুনা বরপক্ষের অন্যায় আবদারের বিরুদ্ধে নিজে সোচ্চার হয়েছে, নিজেই বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিয়েছে এবং ছয় মাসের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। তাই বলা যায়, 'অপরিচিতা' গল্পের কল্যাণীর চেয়ে উদ্দীপকের রুনার জীবনচেতনা অধিকতর আধুনিক।"- মন্তব্যটি যথার্থ।

৪. উদ্দীপক

১৯৭১ সালে অসংখ্য মানুষ জীবন-মরণের ঝুঁকি নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। যুদ্ধ চলাকালীন তাঁদের মধ্যে কেউ কেউ শাহাদতবরণ করেন। আবার কেউ কেউ চিরকালের জন্য পঙ্গুত্বের শিকার হন। তারপরও তাঁরা পিছপা হননি। তাঁদের ত্যাগ-তিতিক্ষা এবং আত্মদানের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।
উত্তর 'আঠারো বছর বয়স' কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
উত্তর সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত ‘আঠারো বছর বয়স’ কবিতায় “আঠারো বছর বয়স জানে না কাঁদা” পঙ্ক্তিটির মাধ্যমে তারুণ্যের অপ্রতিরোধ্য শক্তি, সাহসিকতা ও অন্যায়ের কাছে মাথা না নোয়ানোর দৃঢ় মানসিকতাকে ফুটিয়ে তোলা হয়েছে। এ বয়সের তরুণেরা আবেগের বশে ভেঙে পড়ে না বা হতাশায় ক্রন্দন করে না, বরং যেকোনো বাধা ও প্রতিকূলতাকে বুক চিতিয়ে মোকাবিলা করতে জানে।
উত্তর

সুন্দর, শুভ ও কল্যাণের জন্য রক্তদানের দিক থেকে "এ বয়স জানে রক্তদানের পুণ্য”- পঙ্ক্তিটি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের সাথে সাদৃশ্যপূর্ণ।

'আঠারো বছর বয়স' কবিতায় দেশ ও জাতির কল্যাণে তরুণদের সাহসী পদক্ষেপ তুলে ধরা হয়েছে। দেশ, জাতি ও মানবতার মুক্তির জন্য যুগে যুগে আঠারো বছরের মানুষই সবচেয়ে বেশি এগিয়ে এসেছে। তারা দেশ ও জনগণের মুক্তি ও কল্যাণের সংগ্রামে অকাতরে প্রাণ দিয়েছে।

উদ্দীপকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে এদেশের তরুণদের সাহসী আত্মদানের দিকটি বর্ণিত হয়েছে। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে জীবন-মরণের ঝুঁকি নিয়ে তারা সক্রিয়ভাবে যুদ্ধে অংশগ্রহণ করেন। কেউবা শহিদ হন, কেউবা পঙ্গুত্ববরণ করেন- তবু তারা পিছপা হননি। বিষয়টি 'আঠারো বছর বয়স' কবিতার সুন্দর, শুভ ও কল্যাণের জন্য রক্তদানের দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ। আঠারো বছর বয়সের তরুণেরা দেশ, জাতি ও মানবতার জন্য যুগে যুগে তাদের প্রাণ উৎসর্গ করেছে। জীবনের ঝুঁকি নিয়ে তারা সমস্ত বিপদ মোকাবেলা করেছে।

উত্তর

আলোচ্য কবিতার কবির প্রত্যাশিত চেতনা ধারণ করায় "উদ্দীপকের কর্মকাণ্ড 'আঠারো বছর বয়স' কবিতার 'এ দেশের বুকে আঠারো আসুক নেমে'- এই পঙ্ক্তির প্রত্যাশারই প্রতিফলন।” মন্তব্যটি যথার্থ।

'আঠারো বছর বয়স' কবিতায় কবি আঠারো বছর বয়সের তরুণদের বহু ইতিবাচক বৈশিষ্ট্য চিহ্নিত করেছেন। কবি প্রার্থনা করেন, এসব বৈশিষ্ট্য যেন জাতীয় জীবনের চালিকাশক্তি হয়ে দাঁড়ায়।

উদ্দীপকে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাহসী পদক্ষেপ বর্ণিত হয়েছে। মৃত্যু-পঙ্গুত্ববরণও তাঁদের মধ্যে ভীতির সঞ্চার করেনি। তাঁদের ত্যাগ-তিতিক্ষা ও আত্মদানের বিনিময়ে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জনে সক্ষম হয়। 'আঠারো বছর বয়স' কবিতায় কবি মুক্তিযোদ্ধাদের মতো সাহসী তরুণদেরই এদেশের বুকে কামনা করেছেন, যারা জাতীয় জীবনের চালিকাশক্তি হিসেবে কাজ করবে।

'আঠারো বছর বয়স' কবিতায় কবি অদম্য দুঃসাহসে সকল বাধা-বিপত্তিকে পেরিয়ে যাওয়া তারুণ্যশক্তির জয়গান গেয়েছেন। জড় নিশ্চল প্রথাবদ্ধ জীবকে পেছনে ফেলে নতুন জীবন রচনার স্বপ্ন, কল্যাণ ও সেবাব্রত, উদ্দীপনা, সহযোগিতা, চলার দুর্বার গতি এসবই আঠারো বছর বয়সের বৈশিষ্ট্য। উদ্দীপকের মুক্তিযোদ্ধাদের মাঝেও অপরাজেয় মানসিকতা ফুটে উঠেছে। তাই কবি এদেশের সকল সমস্যা উত্তরণের জন্য অপরাজেয় মানসিকতার তারুণ্যকে কামনা করেন।

৫. উদ্দীপক

ব্রহ্মপূত্র নদের বুকে একটি চর জেগেছে। সেই চরে আশেপাশের ভূমিহীন অনেক কৃষক বসতি স্থাপন করে। পাশাপাশি তারা ধান, শাকসবজি ইত্যাদি চাষাবাদে মনোযোগ দেয়। ধান ও শাকসবজির ব্যাপক উৎপাদন দেখে স্থানীয় ভূমিখেকো জহিরুলের মধ্যে অসীম লোভের সঞ্চার হয়। এক সময় সে ভূমিহীন কৃষকদের তাড়িয়ে দিয়ে চরটিকে দখল করে নেয়। এখন কৃষকদের পাশে দাঁড়ায় যুবক সাইফুল কবির। তিনি সবাইকে তার সাথে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে বলেন। এ বিষয়ে তারাও একমত পোষণ করলেন। তারা বললেন, 'আমাদের সাহস আছে। চলুন, আমরা চর উদ্ধার করব।' অবশেষে সকলে মিলে চর উদ্ধার করল।
উত্তর 'রাজবন্দির জবানবন্দি' একটি প্রবন্ধ বা আত্মজৈবনিক মূলক রচনা। এটি মূলত আদালতে দেওয়া কাজী নজরুল ইসলামের এক ঐতিহাসিক জবানবন্দি।
উত্তর 'আমার পথ' প্রবন্ধে 'আমার সত্য' বলতে লেখক নিজের ভেতরের বিবেক বা আত্মাকে বুঝিয়েছেন। নজরুল বিশ্বাস করতেন, প্রতিটি মানুষের অন্তরেই পরম সত্যের এক অমোঘ স্ফুরণ থাকে। তিনি অন্যের দেখানো পথ বা বাইরের কোনো বিশ্বাসের অন্ধ অনুকরণ না করে, নিজের ভেতরের সেই সত্য বা বিবেককে অনুসরণ করাকে জীবনের পরম ধর্ম বলে মনে করতেন। এই সত্যই মানুষকে সাহসের সাথে বাঁচার শক্তি দেয়।
উত্তর

উদ্দীপক এবং 'আমার পথ' প্রবন্ধের মধ্যে চিন্তাগত ও প্রকাশভঙ্গিগত কিছু বৈসাদৃশ্য রয়েছে:

দৃষ্টিভঙ্গি: 'আমার পথ' প্রবন্ধটি মূলত ব্যক্তিকেন্দ্রিক ও আত্মিক জাগরণের ওপর গুরুত্ব দেয়। অন্যদিকে, উদ্দীপকটি একটি সামাজিক ও সমষ্টিগত সংগ্রামের ঘটনা তুলে ধরেছে।

কর্মপদ্ধতি: প্রবন্ধে লেখক নিজের পথ নিজে তৈরি করার ও নিজের ওপর নির্ভর করার আহ্বান জানিয়েছেন। কিন্তু উদ্দীপকের কৃষকরা শুরুতে অসহায় ছিল এবং সাইফুল কবিরের আহ্বানে সাড়া দিয়ে তারা অন্যের (নেতৃত্বের) ওপর ভরসা করেই সংগঠিত ও সফল হয়েছে।

মূলভাব: প্রবন্ধটি আত্মিক শক্তি ও আত্মনির্ভরশীলতার দর্শন প্রচার করে, আর উদ্দীপকটি অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের বাস্তবিক উদাহরণ দেয়।

উত্তর

'আমার পথ' প্রবন্ধে নজরুল বারবার বলেছেন যে, মানুষ যখন নিজের আত্মাকে বা নিজের ভেতরের শক্তিকে চিনতে পারে, তখনই সে প্রকৃত অর্থে আত্মনির্ভরশীল হয়ে ওঠে। তিনি মনে করেন, নিজের ভুল স্বীকার করা এবং নিজের ওপর বিশ্বাস রাখা আত্মনির্ভরশীলতারই পরিচায়ক।

উদ্দীপকের ক্ষেত্রে আমরা দেখি, ভূমিহীন কৃষকরা শুরুতে জহিরুলের কাছে পরাস্ত হয়ে নিজেদের অসহায় মনে করেছিল। কিন্তু সাইফুল কবিরের অনুপ্রেরণায় তারা যখন নিজের ভেতরের শক্তি ও সাহসের উপস্থিতি অনুভব করল ("আমাদের সাহস আছে"), তখনই তারা ভয় জয় করে চর উদ্ধারে সচেষ্ট হলো। অর্থাৎ, তাদের অন্তরের সেই আত্মবিশ্বাস বা 'আত্মাকে চেনার' মুহূর্তটিই তাদের আত্মনির্ভরশীল করে তুলেছে।

পরিশেষে বলা যায়, উদ্দীপক ও প্রবন্ধ—উভয়ই প্রমাণ করে যে, ব্যক্তি বা সমাজ যখন নিজের ভেতরের সুপ্ত সম্ভাবনা ও সত্যকে চিনতে পারে, তখনই সে সব প্রতিকূলতা জয় করে স্বাবলম্বী হওয়ার সাহস অর্জন করে। তাই মন্তব্যটি যথার্থ ও যৌক্তিক।

৬. উদ্দীপক

আমানত কবির গরিব মানুষ। ঢাকা শহরের বিত্তশালী কাদির সাহেবের ঘনিষ্ঠ আত্মীয়। সে চাকরির জন্য কাদির সাহেবের কাছে সহযোগিতা চায়। কাদির সাহেব দয়াপরবশ হয়ে তাকে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পাইয়ে দেন। পাশাপাশি বিনা ভাড়ায় তাকে নিজের বাসায় থাকার সুযোগ দেন। কিন্তু দুই বছর যেতে না যেতেই কাদির সাহেবের বাসাটিকে আমানত কবির নিজের বাসা বলে ঘোষণা দেয়। এর কয়েক দিন পর ঘুস খাওয়ার অপরাধে আমানত কবিরের চাকরি চলে যায়। কাদির সাহেব আবার দয়া করে ডাল-ভাত খেয়ে বাঁচার জন্য আমানত কবিরকে অন্য একটি কোম্পানিতে চাকরি পাইয়ে দেন।
উত্তর 'কবর' একটি বিখ্যাত কবিতা।
উত্তর

"কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জন্ম-ভর" বলতে কবি তাঁর হৃদয়ের উদারতা তথা অন্যের দ্বারা কষ্ট পেয়েও তাকে প্রতিদানে ভালোবাসা দান করাকে বুঝিয়েছেন।

'প্রতিদান' কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যেই প্রকৃত সুখ খুঁজে পেয়েছেন। তিনি প্রতিশোধ ও প্রতিহিংসায় বিপরীতে একটি সাম্য ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশের প্রত্যাশা করেছেন। তাই সারা জীবন ধরে যারা তাঁকে দুঃখ-যন্ত্রণা দিয়েছে তিনি সেসব ভুলে তাদের ভালোবাসা দান করেন। তিনি মনে করেন, এভাবে প্রতিদান দিতে পারলেই পৃথিবী সুন্দর ও আনন্দময় হয়ে উঠবে। আর এমন মনোভাব থেকেই তিনি বলেছেন- "কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর।"

উত্তর

অনিষ্টকারীকে ক্ষমা ও উপকার করার দিক থেকে উদ্দীপকের সাথে 'প্রতিদান' কবিতার সাদৃশ্য রয়েছে।

'প্রতিদান' কবিতায় কবি নিজের ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মাঝেই প্রকৃত সুখ খুঁজে পেয়েছেন। তাই তিনি অনিষ্টকারীকে কেবল ক্ষমাই নয়, বরং প্রতিদান হিসেবে উপকার করার মাধ্যমে পৃথিবীকে সুন্দর করতে চেয়েছেন।

উদ্দীপকের কাদির সাহেবও পরার্থপর মানসিকতার পরিচয় দিয়েছেন। প্রতিবেশী গরিব আমানত কবির তার কাছে সাহায্যের জন্য এলে তিনি তাকে চাকরির ব্যবস্থা ও থাকার জায়গা দেন। কিন্তু আমানত কবির কিছুদিনের মধ্যেই তার সঙ্গে বিশ্বাসঘাকতা করে। এরপর ঘুসের অভিযোগে আমানত কবিরের চাকরি চলে গেলে কাদির সাহেব সবকিছু ভুলে গিয়ে আবার তার চাকরির বন্দোবস্ত করে দেন। অন্যদিকে 'প্রতিদান' কবিতায় কবির মধ্যে অনুরূপ মানসিকতা লক্ষ করা যায়। যারা তাঁকে কষ্ট দেয় কবি তাদেরকে ভালোবেসে বুকে টেনে নেন। তাঁর কণ্ঠে প্রতিশোধ ও প্রতিহিংসার বিপরীতে ক্ষমা ও পরার্থপরতার বাণী ধ্বনিত হয়েছে।

উত্তর

অনিষ্টকারীর বিরুদ্ধে প্রতিশোধ না নিয়ে তার উপকার করায় "উদ্দীপক ও 'প্রতিদান' কবিতার চেতনা একই সূত্রে গাঁথা।" মন্তব্যটি যথার্থ।

'প্রতিদান' কবিতায় কবি পরার্থপরতার মধ্যে প্রকৃত সুখ খুঁজে পেয়েছেন। তিনি অনিষ্টকারীর বিরুদ্ধে প্রতিশোধ না নিয়ে তার উপকার করে পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করতে চেয়েছেন।

উদ্দীপকের কাদির সাহেবও বিশ্বাসঘাতক আমানত কবিরকে ক্ষমা করে দিয়ে পরার্থপর মনোভাবের পরিচয় দিয়েছেন। কাদির সাহেব আমানত কবিরকে চাকরি দিয়ে, নিজের বাসায় বিনা ভাড়ায় থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। আমানত কবির কিছুদিন পরেই কাদির সাহেবের বাসাকে নিজের বাসা বলে দাবি করে। কাদির সাহেব এসব ভুলে গিয়ে আমানত কবিরের দুঃসময়ে আবারও পাশে দাঁড়িয়েছেন। উদ্দীপকের কাদির সাহেবের অনুরূপ চেতনা 'প্রতিদান' কবিতার কবির মানসিকতায় ও লক্ষ করা যায়।

'প্রতিদান' কবিতায় কবি পরার্থপরতার মাঝেই জীবনের প্রকৃত মূল্য খুঁজে পেয়েছেন। সমাজ-সংসারে বিদ্যমান বিভেদ-হানাহানির বিপরীতে কবিকণ্ঠে ধ্বনিত হয়েছে প্রীতিময় পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা। উদ্দীপকের কাদির সাহেবও আমানত কবিরের বিশ্বাসঘাতকতাকে গায়ে মাখেননি। আমানত কবিরের দুঃসময়ে তিনি তার পাশে দাঁড়িয়েছেন, পুনরায় তার চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। এরই মধ্যে দিয়ে কাদির সাহেব 'প্রতিদান' কবিতার কবি বর্ণিত ভালোবাসাপূর্ণ, সুন্দর ও বাসযোগ্য পৃথিবী রচনার মনোভাব প্রকাশ করেছেন। তাই আলোচ্য মন্তব্যটি সমর্থনযোগ্য।

৭. উদ্দীপক

প্রায় দুই বছর আগে প্রকৌশলী সালামের সাথে ডাক্তার সোনিয়ার বিয়ে হয়। স্বামীর উৎসাহ-উদ্দীপনায় ডাক্তার সোনিয়া পরম মমতায় রোগীদের চিকিৎসা সেবা দেন। তাতে রোগীরা দ্রুত আরোগ্য লাভকরেন। ফলে অল্প সময়ের মধ্যেই তিনি ভালো চিকিৎসক হিসেবে পরিচিত হয়ে ওঠেন। একদিন কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে সোনিয়ার স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যান। এ কারণে সোনিয়া মানসিকভাবে ভেঙে পড়েন। চিকিৎসা সেবা কিংবা ব্যক্তিগত কোনো কাজেই আর তার মন বসে না। বাস্তবতার চিন্তায় সোনিয়ার বাবা-মা তাকে পুনরায় এক ডাক্তারের সাথে বিয়ে দেন। কিন্তু কিছু দিন পর পরই তার স্বামীর স্মৃতি মনে পড়ে। ফলে প্রায়ই তিনি ভারাক্রান্ত মনে বাসার বারান্দায় বসে থাকেন।
উত্তর সুফিয়া কামাল বরিশালে জন্মগ্রহণ করেন।
উত্তর

"উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা"- উক্তিটি দ্বারা কবিভক্ত বোঝাতে চেয়েছেন যে কেন কবি বসন্ত বন্দনা না করে তার দিক থেকে মুখ ফিরিয়ে রয়েছেন।

'তাহারেই পড়ে মনে' কবিতায়, প্রকৃতি ও মানবমনের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক তাৎপর্যময় অভিব্যক্তি পেয়েছে। সাধারণভাবে প্রকৃতির সৌন্দর্য মানবমনের অফুরন্ত আনন্দের উৎস। কিন্তু কবিমন যদি কোনো কারণে শোকাচ্ছন্ন থাকে তবে বসন্ত তার সমস্ত সৌন্দর্য সত্ত্বেও কবির অন্তরকে স্পর্শ করতে পারবে না। এ বিষয়টিই আলোচ্য পঙ্ক্তিতে কবি স্পষ্ট করেছেন।

উত্তর

আপনজনকে হারানোর বেদনার দিক থেকে উদ্দীপকের সোনিয়া এবং 'তাহারেই পড়ে মনে' কবিতার ভার-চেতনার সাদৃশ্য-বৈসাদৃশ্য উভয়ই রয়েছে।

'তাহারেই পড়ে মনে' কবিতায় কবি সুফিয়া কামালের ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনার ছায়াপত ঘটেছে। তাঁর সাহিত্য সাধনার সহায়ক ও প্রধান উৎসাহদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের মৃত্যুর ঘটনার তাঁকে বিষণ্ণতায় আচ্ছন্ন করে রাখে।

উদ্দীপকের সোনিয়ার জীবনেও অনুপ্রেরণাদানকারী স্বামীর মৃত্যুতে দুঃসহ বেদনা নেমে এসেছে। এ কারণে সোনিয়া মানসিকভাবে ভেঙে পড়ে। চিকিৎসা সেবা কিংবা ব্যক্তিগত কোনো কাজেই আর তার মন বসে না। বিষয়টি 'তাহারেই পড়ে মনে' কবিতায় বর্ণিত কবি অনুপ্রেরণাদানকারী স্বামীর মৃত্যুতে নেমে আসা শূন্যতা, বিষণ্ণতার দিকের সাথে সাদৃশ্যপূর্ণ। তবে উদ্দীপকের সোনিয়া আবারও বিয়ে করলেও 'তাহারেই পড়ে মনে' কবিতায় এমনটি দেখা যায় না। আবার কবিভক্তের সঙ্গে সংলাপে কবিমনের বেদনার রূপ প্রকৃতির সঙ্গে মেলানোর যে প্রয়াস সেটিও উদ্দীপকের সোনিয়ার মধ্যে নেই। ফলে এদিক থেকে তাদের মধ্যে বৈসাদৃশ্য লক্ষ করা যায়।

উত্তর

হ্যাঁ, উদ্দীপকের সোনিয়া এবং 'তাহারেই পড়ে মনে' কবিতার মর্মানুভূতিকে একই বৃত্তে বাঁধা যায়।

'তাহারেই পড়ে মনে' কবিতায় বর্ণিত হয়েছে কবির ব্যক্তিজীবনের বিষাদময়তার সুর। সাহিত্য সাধনার অনুপ্রেরণাদাতা স্বামীর মৃত্যুতে কবির জীবনে নেমে আসে অসীম শূন্যতা। ফলে প্রকৃতিতে বসন্ত এলেও কবিমনে বিরাজ করছে রিক্ততার হাহাকার।

উদ্দীপকে বর্ণিত হয়েছে ডাক্তার সোনিয়ার ব্যক্তিজীবনের দুঃসহ ঘটনা। চিকিৎসা সেবায় অনুপ্রেরণদাতা স্বামী প্রকৌশলী সালাম সাহেবের মৃত্যুতে তার জীবনে নেমে আসে অপরিসীম শূন্যতা। বাবা-মা কর্তব্যের খাতিরে তাকে এক ডাক্তার পাত্রের সাথে বিয়ে দিলেও সালাম সাহেবের স্মৃতি তাকে আচ্ছন্ন করে রাখে। 'তাহারেই পড়ে মনে' কবিতায়ও কবি তাঁর প্রিয় স্বামীকে হারিয়ে গভীর শোকে আচ্ছন্ন হয়ে পড়েন।

'তাহারেই পড়ে মনে' কবিতার কবি স্বজন হারানোর বেদনায় আচ্ছন্ন। প্রকৃতিতে বসন্ত এলে কবিরা তার বন্দনা শব্দ সুষমায় ভরিয়ে তোলেন। কিন্তু আপনজন হারানোর বেদনায় ভারাক্রান্ত থাকায় কবিমনে বসন্তের সৌন্দর্য স্পর্শ পায়নি। তাঁর হৃদয় জুড়ে তখনও বিরাজমান ছিল শীতের রিক্ততা। অপরদিকে স্বামী সালাম সাহেবের আকস্মিক মৃত্যু উদ্দীপকের সোনিয়ার জীবনে নামিয়েছে প্রচণ্ড শূন্যতা। বাবা-মা তাকে দ্বিতীয় বিয়ে দিলেও সালাম সাহেবের স্মৃতি তাকে আচ্ছন্ন করে রেখেছে। তাই বলা যায়, উদ্দীপকের সোনিয়া এবং 'তাহারেই পড়ে মনে' কবিতার মর্মানুভূতিকে একই বৃত্তে বাঁধা যায়।

৮. উদ্দীপক

চিতলমারী গ্রামের নারীরা শিক্ষায় অধিকতর পিছিয়ে থাকার কারণে সেখানে বাল্যবিবাহ নিত্যনৈমিত্তিক ব্যাপার। বাল্যবিবাহ রোধে ঐ গ্রামের শিক্ষিত ছেলে আবদুল করিম একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য বৈঠক করেন। বৈঠকে উপস্থিত সবাই এ উদ্যোগকে সমর্থন করেন। ফলে আবদুল করিম দ্রুতই গ্রামে বালিকা বিদ্যালয় স্থাপন করতে সক্ষম হন।
উত্তর ধলা মিয়া খালেক ব্যাপারীর দ্বিতীয় পক্ষের শ্যালক।
উত্তর

"বিশ্বাসের পাথরে যেন খোদাই সে-চোখ।”- শিলাবৃষ্টির পর মজিদসহ মহব্বতনগরবাসী সম্পর্কে বলা হয়েছে "বিশ্বাসের পাথরে যেন খোদাই সে-চোখ।"

'লালসালু' উপন্যাসের শেষাংশে দেখা যায়, মহব্বতনগরে শিলাবৃষ্টিতে ধানখেত ধ্বংসস্তূপে পরিণত হয়। সেই ধানখেত দেখে সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তাদের দৃষ্টিতে কোনো ভাব বা উদ্দেশ্য পরিলক্ষিত হয় না। এই পরিস্থিতিতে মজিদ সবাইকে খোদার ওপর বিশ্বাস রাখতে বলে। তখন সবার দৃষ্টি দেখে মনে হয় যেন তাদের চোখের মধ্যে আশা ও বিশ্বাসের দৃঢ়তা প্রতিষ্ঠিত হয়ে আছে।

উত্তর

উদ্দীপকের চিতলমারী গ্রামের সমাজবাস্তবতার সাথে 'লালসালু' উপন্যাসের মহব্বতনগর গ্রামের সমাজবাস্তবতার তুলনামূলক বৈসাদৃশ্য বিদ্যমান।

'লালসালু' উপন্যাসে বর্ণিত মহব্বতনগর গ্রামের মানুষ কুসংস্কার ও অন্ধবিশ্বাসে আচ্ছন্ন। আক্কাসের প্রচেষ্টায় স্কুল প্রতিষ্ঠায় সায় না দিয়ে তারা ধর্মব্যবসায়ী মজিদের মসজিদ-মক্তবের প্রতিষ্ঠার সিদ্ধান্তকে মেনে নেয়।

উদ্দীপকের চিতলমারী গ্রামের সমাজবাস্তবতার মাঝে জনগোষ্ঠীর আলোকপ্রত্যাশী মনোভাবের প্রকাশ ঘটেছে। এ গ্রামের শিক্ষিত ছেলে আবদুল করিমের বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাবে তারা সম্মতি জানায়। ফলে দ্রুতই গ্রামে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা সফল হয়। বিষয়টি 'লালসালু' উপন্যাসের মহব্বতনগর গ্রামের সমাজবাস্তবতার ঠিক বিপরীত চিত্র তুলে ধরেছে। সেই গ্রামের অধিকাংশ মানুষই অশিক্ষিত ও কুসংস্কারাচ্ছন্ন। ফলে গ্রামেরই শিক্ষিত যুবক আক্কাস গ্রামে শিক্ষার বিস্তার ঘটানোর জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করতে চাইলে গ্রামবাসীর সমর্থন সে পায়নি।

উত্তর

"উদ্দীপকে আবদুল করিম কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে পারলেও 'লালসালু' উপন্যাসের আক্কাস মহব্বতনগর গ্রামের সমাজবাস্তবতার কারণে ব্যর্থ হয়েছে।" মন্তব্যটি যথার্থ।

'লালসালু' উপন্যাসের মহব্বতনগর গ্রামের সমাজবাস্তবতা সংস্কারাচ্ছন্ন। সেই সংস্কারকে কাজে লাগিয়ে ধর্মব্যবসায়ী মজিদ নিজ স্বার্থকে, চরিতার্থ করেছে। পক্ষান্তরে, আক্কাসের মতো শিক্ষিত লোকদের সমাজ সংস্কারের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

উদ্দীপকের চিতলমারী গ্রামের সমাজবাস্তবতা সম্পূর্ণ বিপরীত। এখানকার জনগণ আলোকপ্রত্যাশী। তারা শিক্ষিত যুবক আবদুল করিমের শিক্ষাবিস্তারের প্রকল্পকে সাদরে গ্রহণ করে। এতে আবদুল করিমের বালিকা বিদ্যালয়ের স্বপ্ন খুব সহজেই বাস্তবে রূপলাভ করে। কিন্তু 'লালসালু' উপন্যাসের মহব্বতনগরের ধর্মান্ধ ও কুসংস্কারাচ্ছন্ন মানুষের সহযোগিতা না পাওয়ায় মজিদের চক্রান্তে আক্কাস ব্যর্থ হয়।

'লালসালু' উপন্যাসে অস্তিত্বের সংকটে মজিদ মহব্বতনগর গ্রামের সাধারণ মানুষের বিশ্বাসকে নিজের স্বার্থে ব্যবহার করে। মজিদ বুঝতে পারে আক্কাসের স্কুল প্রতিষ্ঠা সফল হলে তা তার ধর্মব্যাবসার অন্তরায় হয়ে দাঁড়াবে। তাই সে গ্রামের ধর্মান্ধ মানুষকে আক্কাসের বিরুদ্ধে উসকে দেয়। আক্কাসের স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন ব্যর্থ হয়। উদ্দীপকের চিতলমারী গ্রামের সমাজব্যবস্থা অনেকাংশে আধুনিক মনোভাবপুষ্ট। ফলে তারা আবদুল করিমের বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার ইচ্ছার প্রতি সমর্থন জানায়। তাই বলা যায় যে, উদ্দীপকের আবদুল করিম কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে পারলেও 'লালসালু' উপন্যাসের আক্কাস মহব্বতনগর গ্রামের সমাজবাস্তবতার কারণে ব্যর্থ হয়েছে।

৯. উদ্দীপক

ভাগ্যান্বেষণে ঘুরতে ঘুরতে এক সময় অনেক টাকা উপার্জন করে গ্রামে ফিরে আসে শাহেদ। অর্থ আর বুদ্ধির জোরে একদিন সে গ্রামের চেয়ারম্যান হয়ে যায়। অনেক আগেই বিয়ের বয়স পেরিয়ে গেলেও গ্রামের এক কিশোরী মেয়ের দিকে নজর পড়ে তার। অভাবী পরিবারকে লোভ দেখিয়ে বিয়ে করে ফেলে তেরো বছরের চঞ্চল কিশোরী মিতুকে।
উত্তর 'লালসালু' উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম Tree without Roots.
উত্তর

"গ্রামের লোকেরা যেন রহিমারই অন্য সংস্করণ"- কথাটি দ্বারা মহব্বতনগর গ্রামবাসী মজিদের প্রথম স্ত্রী রহিমার মতোই সহজ, সরল এবং মাজার ও মজিদকে ভয় পাওয়াকে বোঝানো হয়েছে।

'লালসালু' উপন্যাসে রহিমা স্বভাবে ধর্মভীরু, স্বামীভক্ত, কুসংস্কারে বিশ্বাসী এবং সহজ-সরল। রহিমার এই ভীতিবিহ্বল স্বভাব স্বত মজিদের কর্মকাণ্ডের অনুকূল। রহিমা নিজে মাজার সম্পর্কে যেমন বিশ্বাস করে, তেমনই সে অন্যকেও বিশ্বাস করতে অনুপ্রাণিত করে। রহিমার মতো মহব্বতনগর গ্রামের মানুষেরা সহজ-সরল, ধর্মভীরু। ফলে তারাও রহিমার মতো কুসংস্কারাচ্ছন্ন। এ বিষয়টি বোঝাতেই প্রশ্নোক্ত কথাটি বলা হয়েছে।

উত্তর

নারীলিঙ্গার দিক থেকে উদ্দীপকের শাহেদ 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রকে ইঙ্গিত করে।

'লালসালু' উপন্যাসে মজিদ নিঃসন্তান। প্রথম স্ত্রী রহিমাকে সে সন্তানহীনতার অজুহাত দেখিয়ে পাশের গ্রাম থেকে অল্পবয়সি মেয়ে জমিলাকে বিয়ে করে আনে।

উদ্দীপকের শাহেদ অর্থসম্পদের মালিক হয়ে অর্থ আর বুদ্ধির জোরে এলাকার চেয়ারম্যান হয়ে বসে। অনেক আগে বিয়ের বয়স পেরিয়ে গেলেও গ্রামের এক কিশোরী মেয়ের দিকে নজর পড়ে তার। অভাবী পরিবারকে লোভ দেখিয়ে সে বিয়ে করে ফেলে তেরো বছরের কিশোরী মিতুকে। 'লালসালু' উপন্যাসের মজিদও অভাবী ঘরের মেয়ে জমিলার বাবা-মাকে অর্থের লোভ দেখিয়ে রিয়ে করে। অথচ মজিদ ছিল তার শ্বশুরের সমবয়সি। মজিদ চরিত্রের সাথে এদিক থেকে উদ্দীপকের শাহেদের যোগসাজস বিদ্যমান।

উত্তর

জনজীবন ও সমাজ বাস্তবতার নিরিখে "উদ্দীপকের সমাজচিত্র যেন 'লালসালু' উপন্যাসের সমাজেরই খণ্ডিত রূপ।”- মন্তব্যটি মূল্যায়ন কর।

'লালসালু' উপন্যাসে বর্ণিত সমাজ অন্ধকারাচ্ছন্ন। অশিক্ষার দরুন সেখানে বাসা বেঁধে আছে বহু শতাব্দীর মোড়কে মোড়া কুসংস্কার। বাল্যবিবাহ, অসমবয়সি বিবাহ, বহুবিবাহ, ধর্মান্ধতা এ সমাজের মর্মমূলে বাসা বেঁধেছে।

উদ্দীপকের সমাজচিত্রেও বাল্যবিবাহ ও অসম বিবাহের দিকটি প্রতিফলিত হয়েছে। অর্থবিত্তের মালিক শাহেদ অর্থের প্রলোভন দেখিয়ে তেরো বছরের কিশোরী মিতুকে বিয়ে করেছে। অথচ তার বিয়ের বয়স পেরিয়ে গেছে আরো বহু আগে। উদ্দীপকের মতো কুসংস্কারাচ্ছন্ন সমাজব্যবস্থা 'লালসালু' উপন্যাসেও ফুটে উঠেছে।

'লালসালু' উপন্যাসের ধর্মব্যবসায়ী মজিদ মহব্বতনগর গ্রামের মানুষের অন্ধত্বকে পুঁজি করে ধর্মব্যাবসায় নামে। এ গ্রামের সমাজব্যবস্থায় বাল্যবিবাহ, বহুবিবাহ, অসমবয়সের বিয়ে নিত্যনৈমিত্তিক ঘটনা। সন্তান প্রত্যাশায় পিরের পানিপড়া নেওয়া, মাজারে মানত করা, অশিক্ষা, অন্ধবিশ্বাস এ সমাজে জেঁকে বসেছে। পক্ষান্তরে উদ্দীপকের সমাজব্যবস্থায় মহব্বতনগর গ্রামের বাল্যবিবাহ ও অসম-বয়সের বিবাহ এসব বৈশিষ্ট্য লক্ষ করা যায়। তাই বলা যায় যে, উদ্দীপকের সমাজচিত্র যেন 'লালসালু' উপন্যাসের খণ্ডিত রূপ।

১০. উদ্দীপক

কেউতো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কী চায়

স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়

ধরনির বুকে পাশাপাশি তবু কেউ বুঝি কারো নয়।।

উত্তর নবাবের গোলন্দাজ বাহিনী শিয়ালদহের মারাঠা খাল পেরিয়ে ছুটে এসেছিল।
উত্তর

"আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে"- কথাটি ক্লাইভবলেছিলেন নবাবের বিরুদ্ধে চুক্তি স্বাক্ষরিত হলে উপস্থিত সবার উদ্দেশে।

'সিরাজউদ্দৌলা' নাটকে মিরনের প্রাসাদে মিরজাফর, রায়দুর্লভ, রাজবল্লভসহ সবাই মিলে ক্লাইভের সঙ্গে নবাবের বিরুদ্ধে গোপন বৈঠক করেন। সেই বৈঠকে তাদের মধ্যে ক্ষমতা বণ্টন সংক্রান্ত বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়, যা ছিল বাংলার রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত অধ্যায়। এ কারণে ধূর্ত ক্লাইভ বলেছিলেন, "আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে।"

উত্তর

উদ্দীপকের দ্বিতীয় লাইনটি 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘসেটি বেগম চরিত্রের কার্যকলাপের সঙ্গে সংগতিপূর্ণ বলে মনে হয়।

'সিরাজউদ্দৌলা' নাটকে বর্ণিত হয়েছে নবাবের ঘনিষ্ঠজনদের ষড়যন্ত্রের চিত্র। এর মধ্যে প্রধান ও প্রথমজন ছিলেন নবাবের বড় খালা ঘসেটি বেগম। যিনি ক্ষমতার লোভে নবাব সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন।

উদ্দীপকে বলা হয়েছে, স্বার্থে আঘাত লাগলে প্রিয়জনও দূরে সরে যেতে দ্বিধাবোধ করে না। তখন রক্তের সম্পর্কের কথা মনে আসে না; মনে আসে লোভ আর প্রতিহিংসা। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজের বিরুদ্ধে সংঘটিত প্রাসাদ ষড়যন্ত্রে নেতৃত্ব দেন তারই বড় খালা ঘসেটি বেগম। নবাবের সিংহাসনে আরোহণ তিনি মেনে নিতে পারেননি। তিনি নিজের পালিত পুত্র শওকতজঙ্গকে সেখানে দেখতে চেয়েছিলেন। নবাবের পতনকে ত্বরান্বিত করতে তিনি নবাবের গুরুত্বপূর্ণ সভাসদদের হাত করেন। বিষয়টি উদ্দীপকের দ্বিতীয় লাইনটির সাথে সাদৃশ্যব্যঞ্জক।

উত্তর

স্বার্থের জন্য আপনজন দূরে সরে যাওয়ার দিকটি ফুটে ওঠায় "উদ্দীপকের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের স্বার্থপরতার বিষয়টি একসূত্রে গাঁথা।" মন্তব্যটি যথার্থ।

'সিরাজউদ্দৌলা' নাটকে ঘনিষ্ঠজনের ষড়যন্ত্রের মুখে নবাবের পতন বর্ণিত হয়েছে। স্বার্থের জন্য নবাব সিরাজউদ্দৌলা খালা ঘসেটি বেগম, প্রধান সেনাপতি মিরজাফর ও রাজ অমাত্যবর্গের ষড়যন্ত্রের শিকার হন।

উদ্দীপকে বলা হয়েছে- প্রাণের আকুতির কথা কেউ জানতে চায় না। পৃথিবীতে স্বার্থের জয়গানই ধ্বনিত হয়। স্বার্থের কারণে আপনজনও দূরে সরে যেতে দ্বিধাবোধ করে না। পাশাপাশি থেকেও কেউ কাউকে 'বোঝে না, অনুভব করে না তার মতো করে তার সংকটগুলোকে। অন্যদিকে 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজের পতনের অন্যতম কারণ স্বার্থের জন্য আপনজনদের ষড়যন্ত্র।

'সিরাজউদ্দৌলা' নাটকে স্বার্থপরতার নানা কদর্য দিক ধ্বনিত হয়েছে। নবাবের সেনাপতি মিরজাফর মসনদের লোভে, ঘসেটি বেগম ক্ষমতার লোভে, উমিচাঁদ অর্থের লোভে, ইংরেজরা ভারতবর্ষকে লুট করার জন্য নবাবের পরাজয়কে ত্বরান্বিত করে। এরা প্রত্যেকে ব্যক্তিগত প্রতিহিংসা ও স্বার্থের জন্য নবাবের বিরুদ্ধে লিপ্ত হয়। উদ্দীপকে স্বার্থের টানে প্রিয়জনের দূরে সরে যাওয়ার কথা বলা হয়েছে। তাই বলা যায় যে, উদ্দীপকের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের স্বার্থপরতার বিষয়টি একসূত্রে গাঁথা।

১১. উদ্দীপক

"বর্গি এল খাজনা নিতে
মরল মানুষ কত।
পুড়ল শহর, পুড়ল শ্যামল
গ্রাম যে শত শত।
হানাদারের সঙ্গে জোরে
লড়ে মুক্তিসেনা,
তাদের কথা দেশের মানুষ
কখনো ভুলবে না।"
উত্তর নবাব সিরাজউদ্দৌলা ভগবানগোলায় বন্দি হন।
উত্তর

"শুভ কাজে অযথা বিলম্ব করা বুদ্ধিমানের কাজ নয়।"-কথাটি মিরজাফর দলিলে দস্তখত করা প্রসঙ্গে বলেছেন।

'সিরাজউদ্দৌলা' নাটকে নবাবের পর্তনের জন্য মিরজাফর ও তার অনুসারীরা ইংরেজদের সঙ্গে গোপন ষড়যন্ত্রে লিপ্ত হন। নবাব সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করার পর কে কোন ক্ষমতা পাবেন সেই বিষয়ে কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষরের জন্য ষড়যন্ত্রকারীরা গোপন বৈঠক করেন। দলিলে লিখিত চুক্তি অনুসারে মিরজাফর মসনদে বসলেও রাজ্য চালানোর ক্ষমতা থাকবে কোম্পানির হাতে। এ ক্ষেত্রে রাজবল্লভ কিছুটা দ্বিমত পোষণ করলে ক্ষমতার লোভে মিরজাফর দ্রুত দলিলে দস্তখত করার জন্যই প্রশ্নোক্ত কথাটি বলেন।

উত্তর

উদ্দীপকটি 'সিরাজউদ্দৌলা' নাটকের পলাশির যুদ্ধের মর্মান্তিক ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ।

'সিরাজউদ্দৌলা' নাটকে পলাশির যুদ্ধের মর্মান্তিক ঘটনার স্বরূপ বর্ণিত হয়েছে। সেদিন দেশকে রক্ষা করতে ইংরেজদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে মিরমর্দান, মোহনলালসহ অসংখ্য দেশপ্রেমিক সেনাপতি ও যোদ্ধারা প্রাণ দেন।

উদ্দীপকে বর্গিরূপী পাকিস্তানি সেনাবাহিনীর ধ্বংসযজ্ঞের বিষয়টি বর্ণিত হয়েছে। পঁচিমে মার্চ কাল রাতে হানাদার বাহিনী ঘুমন্ত নিরীহ বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় মুক্তিযুদ্ধ। দীর্ঘ নয় মাসব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধে ত্রিশ লাখ সাহসী সন্তান প্রাণদান করেছেন। 'সিরাজউদ্দৌলা' নাটকে বর্ণিত পলাশির যুদ্ধে মিরজাফরের বিশ্বাসঘাতকতায় অসংখ্য দেশপ্রেমিক বীর প্রাণ হারান। ইংরেজদের হাতে প্রথম শহিদ হন সেনাপতি নৌবে সিং, পরে মিরমর্দান, বদ্রিআলি, মোহনলাল প্রমুখ বীর সেনাপতিরাও একে একে শহিদ হন। বিষয়টির সাথে উদ্দীপকের সাদৃশ্য বিদ্যমান।

উত্তর

হৃদয়ে দেশপ্রেমের চেতনা ধারণ করায় "উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটকের চেতনা একই সূত্রে গাঁথা।”- মন্তব্যটি যথার্থ।

'সিরাজউদ্দৌলা' নাটকে বর্ণিত হয়েছে দেশপ্রেমিক ও দেশদ্রোহীদের কর্মকাণ্ড। দেশপ্রেমিক সিরাজ, মিরমর্দান, মোহনলাল শ্রদ্ধাভরে স্মরণীয় হয়ে আছেন। পক্ষান্তরে স্বার্থপর নীচ মিরজাফর ঘসেটি বেগমরা ঘৃণাভরে নিন্দিত হচ্ছে।

উদ্দীপকে প্রকাশ পেয়েছে বর্গিবেশী হাদানার বাহিনীর নির্মমতার দৃষ্টান্ত। নিরীহ নিরস্ত্র বাঙালিদের হত্যার প্রতিবাদে বাংলাদেশের সাহসী সন্তানরা হানাদারদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তাঁদের রক্তদানে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা। তাই তাঁদেরকে দেশের মানুষ কখনো ভুলবে না। উদ্দীপকের বীর মুক্তিসেনাদের দেশের জন্য এমন আত্মত্যাগী চেতনা 'সিরাজউদ্দৌলা' নাটকেও বাব সিরাজউদ্দৌলা, মোহনলাল, মিরমর্দান, বদ্রিআলি প্রমুখ দেশপ্রেমিকদের মধ্যে ফুটে উঠেছে।

'সিরাজউদ্দৌলা' নাটকে দেশপ্রেমিক সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় স্বার্থান্ধ ঘসেটি বেগম, মিরজাফর, রায়দুর্লভ, রাজবল্লভ, উমিচাঁদ প্রমুখ ব্যক্তিবর্গ। এদের ষড়যন্ত্রের মুখে নবাবের পতন ছিল আবশ্যম্ভাবী। যুদ্ধে পরাজয় নিশ্চিত জেনেও দেশের স্বাধীনতা রক্ষার লক্ষ্যে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে যুদ্ধ চালিয়ে গেছেন দেশপ্রেমিক সেনাপতি বদ্রিআলি, মিরমর্দান ও মোহনলাল। ইতিহাস তাঁদের শ্রদ্ধাভরে স্মরণে রেখেছে। যেমন স্মরণে রেখেছে উদ্দীপকের বীর মুক্তিযোদ্ধাদের। ব। তাই বলা যায় যে, "উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটকের চেতনা একই সূত্রে গাঁথা।" আলোচ্য এ উক্তিটি যথার্থ।