চট্টগ্রাম বোর্ড ২০২৫

১. উদ্দীপক

মেয়ের বিয়ে নিয়ে বাবার উদ্বেগ ও দুশ্চিন্তার অন্ত নেই। সমাজ এখনও কালো কিংবা শ্যামলা মেয়েদের পছন্দ করতে চায় না। হাশেম সাহেবের মেয়ে তাহমিনার গায়ের রং কালো হওয়ায় এ নিয়ে পরপর চারবার বিয়ে ভেঙে যায়। তাই তাহমিনা বিয়ের পিঁড়িতে বসার চিন্তা পরিহার করে নারীশিক্ষার উন্নয়নে জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত গ্রহণ করে।
উত্তর "মন্দ নয় হে! খাঁটি সোনা বটে।"- উক্তিটি বিনু দাদার।
উত্তর

"আমাকে একটি কথা বলাও তিনি আবশ্যক বোধ করিলেন না"- উক্তিটি শম্ভুনাথ সেনের আচরণের প্রেক্ষাপটে বর অনুপম নিজের সম্পর্কে বলেছে।

'অপরিচিতা' গল্পে অনুপমের বিয়ের জন্য পাত্রী হিসেবে কল্যাণীকে ঠিক করা হয়। অনুপম সেই যুবক যে বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রি অর্জন করলেও ব্যক্তিত্বরহিত রয়ে গেছে। পরিবারতন্ত্রের কাছে সে অসহায় পুতুলমাত্র। যার ফলে তারই বিয়ে উপলক্ষ্যে যৌতুক নিয়ে তার মামা ও কল্যাণীর পিতা শম্ভুনাথ সেনের মধ্যে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটে গেলেও সে নীরব থেকেছে। ফলে শম্ভুনাথ সেন তার সাথে কোনো কথা না বলেই নীরব প্রতিবাদস্বরূপ বিয়ে ভেঙে দিয়েছেন।

উত্তর উদ্দীপকের তাহমিনার বিয়ে ভাঙার ক্ষেত্রে গায়ের রঙের প্রসঙ্গটি 'অপরিচিতা' গল্পের নারীর প্রতি সমাজের হীন দৃষ্টিভঙ্গির বিষয়টিকে মনে করিয়ে দেয়।
'অপরিচিতা' গল্পে নারীর প্রতি সমাজের অনুদার ও হীন দৃষ্টিভঙ্গি পোষণ করার দিকটি ফুটে উঠেছে। এ গল্পে কল্যাণীর বয়স পনেরো শুনে অনুপমের মামার মন ভার হয়ে যায়। আবার কনেপক্ষ থেকে মোটা অঙ্কের যৌতুকও দাবি করা হয়।
উদ্দীপকের হাশেম সাহেবের মেয়ে তাহমিনার গায়ের রং কালো হওয়ায় পরপর চারবার তার বিয়ে ভেঙে যায়। এভাবে বিয়ে ভেঙে যাওয়া নারীর প্রতি সমাজের অনুদার দৃষ্টিভঙ্গিকে নির্দেশ করে যা 'অপরিচিতা' গল্পেও ফুটে উঠেছে। এই গল্পে বিয়ের ক্ষেত্রে কনের বাবার কাছে মোটা অঙ্কের যৌতুক দাবি করা হয়। বরপক্ষের কাছে কনের চেয়ে কনের বাবার সহায়-সম্পত্তি বেশি গুরুত্ব পায়। আবার কনের বয়স পনেরো হলেও সেটি অনেক বেশি হিসেবে ধরা হয়। এমন মনোভাব মূলত নারীর প্রতি সমাজের হীন দৃষ্টিভঙ্গিকেই নির্দেশ করে যা উদ্দীপকের তাহমিনার বিয়ে ভাঙার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
উত্তর বক্তব্য বিষয়ের দিক থেকে বলা যায় "নারীর নানাবিধ সামাজিক প্রতিবন্ধকতা তাহমিনা ও কল্যাণী চরিত্রের ব্যক্তিসত্তার জাগরণের অনুঘটক"- মন্তব্যটি যথার্থ।
'অপরিচিতা' গল্পে সমাজে গেড়ে বসা অমানবিক যৌতুকপ্রথা প্রতিরোধের সম্মুখীন হয়েছে। পুরুষতন্ত্রের চাপিয়ে দেওয়া যৌতুক প্রথাকে কল্যাণী বা তার পিতা কেউ-ই মেনে নেননি। পিতা শম্ভুনাথ সেন এবং কন্যা কল্যাণীর স্বতন্ত্রবীক্ষা ও আচরণে ইতিবাচক এক নতুন সময়ের আবির্ভাবকে ইঙ্গিতবহ করে তুলেছে।
উদ্দীপকের ঘটনাংশে দেখা যায়, হাশেম সাহেবের মেয়ে তাহমিনার গায়ের রং কালো হওয়ার কারণে পরপর চারবার তার বিয়ে ভেঙে যায়। সমাজে গেড়ে বসা কুসংস্কারের কারণে সমাজ এখনো কালো কিংবা শ্যামলা মেয়েদের পছন্দ করতে চায় না। বারবার অবহেলিত হয়ে তাহমিনা বিয়ের পিঁড়িতে বসার চিন্তা পরিহার করে এবং নারীশিক্ষার উন্নয়নে নিজের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নেয়। সমাজের প্রতিবন্ধকতা থেকেই তার ব্যক্তিসত্তার জাগরণ ঘটে এবং সে অন্যকেও সচেতন করে তুলতে চায়। 'অপরিচিতা' গল্পেও কল্যাণী চরিত্রে ব্যক্তিসত্তার জাগরণ ঘটতে দেখা যায়, যার অনুঘটক হিসেবে কাজ করেছে সমাজের কিছু লোভী মানুষের হীন মানসিকতা।
'অপরিচিতা' গল্পের ঘটনায় দেখা যায়, গল্পের নায়ক অনুপম বরযাত্রী নিয়ে কন্যা কল্যাণীর বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছে। সেখানে গিয়ে যৌতুকপ্রথার নামে দর কষাকষি ক্ষনের বাবার দেওয়া গয়না সেকরা দিয়ে পরখ করানোর মতো জঘন্য মানসিকতা কল্যাণী বাতার পিতা শম্ভুনাথ সেন কারওই পছন্দ হয়নি। তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং প্রতিবাদ স্বরূপ বিয়ে প্রত্যাখ্যান করেছে। তাই বলা যায়, নারীর প্রতি নানাবিধ সামাজিক প্রতিবন্ধকতাই তাহমিনা ও কল্যাণী চরিত্রের ব্যক্তিসত্তার জাগরণ ঘটাতে সাহায্য করেছে।

২. উদ্দীপক

অবস্থাপন্ন সম্ভ্রান্ত পরিবারের সন্তান রিফাত ভালোবেসে বিয়ে করে দিনমজুরের মেয়ে আসমাকে। এই অসম বিয়েতে ক্ষুব্ধ হয়ে রিফাতের বাবা ছেলেকে ত্যাজ্য ঘোষণা করে। জীবন-জীবিকার তাগিদে রিফাত একটি বেসরকারি কোম্পানিতে চাকরি নেয়। একদিন চাকরি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হলে এলাকাবাসী তাকে হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। রিফাতের পরিবার তার মৃত্যুর সংবাদ পেয়ে কোনো প্রকার দুঃখ প্রকাশ না করে বলে- “এটা তার কর্মের ফল।"
উত্তর গোখরা সাপের দংশনে মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়েছিল।
উত্তর "তাহার বয়স আঠারো কি আটাশ ঠাহর করিতে পারিলাম না।"- উক্তিটি 'বিলাসী' সম্পর্কে গল্পকথক ন্যাড়া করেছেন।
'বিলাসী' গল্পটি রচিত হয়েছে সাপুড়েকন্যা বিলাসী এবং মিত্তির বংশের মৃত্যুঞ্জয়ের জীবনকাহিনিকে কেন্দ্র করে। গল্পের নায়ক মৃত্যুঞ্জয় অসুস্থ হয়ে তার পোড়াবাড়িতে মরতে বসেছিল। তার সেবা-শুশ্রুষা করার মতো কেউ ছিল না। এই অবস্থায় সাপুড়েকন্যা বিলাসী তাকে সেবা-যত্ন করে সুস্থ করে তোলে। মৃত্যুঞ্জয়ের সেবা করতে গিয়ে এবং রাত জেগে খেটে খেটে বিলাসীর শরীরের অবস্থা এমন হয়েছে যে, তাকে দেখে তার বয়স অনুমান করা যায় না.। তাই ন্যাড়া প্রশ্নোক্ত মন্তব্যটি করেছেন।
উত্তর উদ্দীপকের রিফাতের মর্মান্তিক পরিণতি 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয়ের মৃত্যুর ঘটনাকে মনে করিয়ে দেয়।
'বিলাসী' গল্পে ব্যতিক্রমধর্মী দুই মানব-মানবীর প্রেমের মহিমা চিত্রায়িত হয়েছে। এখানে জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা অতিক্রম - করে মানবিকতার জয় ঘোষিত হয়েছে। বংশমর্যাদা ও সমাজের নিয়মকে উপেক্ষা করে উচ্চ বংশীয় মৃত্যুঞ্জয় প্রণয়ে আবদ্ধ হয়ে নিচু বংশের বিলাসীর সাথে সংসার গড়েছে।
উদ্দীপকে সম্ভ্রান্ত পরিবারের রিফাত ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে দিনমজুরের মেয়ে আসমাকে বিয়ে করে। বাবা তাকে ত্যাজ্য করলে তাকে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে জীবিকার সন্ধান করতে হয়। দুর্ভাগ্যবশত দুর্ঘটনায় তার মৃত্যু হয়। 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয়ের ক্ষেত্রেও এই করুণ পরিণতি লক্ষ করা যায়। তবে তাদের এই মৃত্যুতে তাদের পরিবার বংশমর্যাদার মুখোশ পরে অনুশোচনা বা শোক না করে তাকেই দোষারোপ করেছে, তারা মনে করে মৃত্যুঞ্জয়ের এমন পরিণতি তার অন্নপাপের ফল। যা মূলত সমাজে গেড়ে বসা কুসংস্কারকেই নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকের রিফাতের মর্মান্তিক পরিণতি 'বিলাসী' গল্পের মৃত্যুঞ্জয়ের করুণ পরিণতির ঘটনাকে স্মরণ করিয়ে দেয়।
উত্তর

মূলভাবের দিক থেকে বলা যায় “প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও 'বিলাসী' গল্পে প্রচলিত সমাজ বাস্তবতা প্রতিফলিত হয়েছে"-মন্তব্যটি যথার্থ।

'বিলাসী' গল্পে সমাজ বাস্তবতার এক করুণ দিক তুলে ধরা হয়েছে। আমাদের সমাজে নর-নারীর মধ্যে পরস্পরের হৃদয় জয় করে বিয়ে করার রীতি নেই। বরং তা নিন্দার সামগ্রী। উচ্চ বংশীয় কেউ অপেক্ষাকৃত নিম্ন বংশের মানুষের সাথে প্রণয়ে আবদ্ধ হলে তাকে সমাজচ্যুত করা হয়।

উদ্দীপকের ঘটনাংশে রিফাত সম্ভ্রান্ত পরিবারের সন্তান হয়েও দিনমজুরের কন্যা আসমাকে বিয়ে করে। বিষয়টি তার পরিবার মেনে নিতে পারেনি। পিতা তাকে ত্যাজ্য ঘোষণা করে। জীবন-জীবিকার তাগিদে রিফাত বেসরকারি কোম্পানিতে চাকরি নেয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মধ্য দিয়ে তার জীবনের মর্মান্তিক সমাপ্তি ঘটে। অথচ পরিবার এ মৃত্যুকে তার কর্মের ফল হিসেবে অভিহিত করে। 'বিলাসী' গল্পেও একই সমাজবাস্তবতা ফুটে উঠেছে।

উদ্দীপকের মতো 'বিলাসী' গল্পে মৃত্যুঞ্জয়ের করুণ পরিণতি ঘটেছে। বংশমর্যাদা ত্যাগ করে প্রণয়ে আবদ্ধ হয়ে সাপুড়েকন্যাকে বিয়ে করে সাপুড়ে হয়ে ওঠে মৃত্যুঞ্জয়। কিন্তু মর্মান্তিকভাবে সাপের কামড়ে তার মৃত্যু হয়। অথচ সমাজ মনে করে এটি মৃত্যুঞ্জয়ের অন্নপাপের ফল। উদ্দীপকের রিফাত এবং গল্পের মৃত্যুঞ্জয় উভয়ের মর্মান্তিক পরিণতিতে তাদের আত্মীয়-স্বজন শোকাহত না হয়ে প্রফুল্ল হয়। কেননা তাদের ধারণা এটা তাদের কর্মফল। যা মূলত নির্মম সমাজবাস্তবতার চিত্র। সমাজের এই নিষ্ঠুর বাস্তবতা উদ্দীপক ও আলোচ্য গল্পের মধ্য দিয়ে উঠে এসেছে। তাই বলা যায়, প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও 'বিলাসী' গল্পে প্রচলিত সমাজ বাস্তবতা প্রতিফলিত হয়েছে।

৩. উদ্দীপক

শিক্ষানুরাগী আলী হায়দার একজন আলোকিত মানুষ। অবসর গ্রহণের পর তিনি গড়ে তোলেন 'আলোক বর্তিকা' নামক সেবা সংগঠন। যার মাধ্যমে বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন। বেকার যুবক-যুবতিদের কর্মক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে নিজের জমানো টাকায় 'আলী হায়দার টেকনিক্যাল কলেজ' স্থাপন করেন। সেখান থেকে বেকার যুবক-যুবতিরা প্রশিক্ষিত হয়ে দেশ-বিদেশে চাকরি করে এলাকাতে সচ্ছলতা নিয়ে এসেছে।
উত্তর এই বিখ্যাত উক্তিটি বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়-এর ১৮৬৬ সালে প্রকাশিত প্রথম সারির রোমান্টিক উপন্যাস 'কপালকুণ্ডলা'-র অন্তর্গত।
উত্তর মানুষের কল্যাণ করতে হলে তাকে ছোট-বড়, ধনি-দরিদ্র বা জাতি-ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সাম্যের দৃষ্টিভঙ্গিতে দেখতে হয়। 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক আবুল ফজল দেখিয়েছেন যে, কল্যাণকামী ব্যক্তি বা গোষ্ঠী যদি বিভেদ বা সংকীর্ণ মনোভাব নিয়ে কাজ শুরু করেন, তবে তা কখনো প্রকৃত কল্যাণ বয়ে আনে না। তথাকথিত আধিপত্যবাদী বা দয়া প্রদর্শনের মনোভাব নিয়ে যখন কারো সাহায্য করা হয়, তখন তা মানবিক মর্যাদা ক্ষুণ্ণ করে। প্রকৃত কল্যাণ হলো মানুষকে আত্মনির্ভরশীল ও মর্যাদাবান মানুষ হিসেবে গড়ে তোলা। তাই বিভাজন নয়, বরং অসাম্প্রদায়িক ও মানবিক ঐক্যই মানব-কল্যাণের মূল ভিত্তি।
উত্তর

'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক আবুল ফজল মানবকল্যাণকে কেবল দান-খয়রাত বা সাময়িক সাহায্যের মধ্যে সীমাবদ্ধ রাখেননি। তাঁর মতে, প্রকৃত কল্যাণ হলো মানুষকে স্বাবলম্বী করে তোলা এবং তাদের সৃজনশীল ও উৎপাদনশীল শক্তির বিকাশে সহায়তা করা।

উদ্দীপকে দেখা যায়, আলী হায়দার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে নিজের জমানো টাকায় 'আলী হায়দার টেকনিক্যাল কলেজ' প্রতিষ্ঠা করেন। সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে তারা কর্মক্ষম হয়ে ওঠে এবং দেশ-বিদেশে কাজ করে স্বচ্ছলতা অর্জন করে। প্রবন্ধের মূলভাব এবং উদ্দীপকের এই উদ্যোগটি গভীরভাবে সাদৃশ্যপূর্ণ কারণ:

আত্মনির্ভরশীলতা: প্রবন্ধের মতো উদ্দীপকেও মানুষকে পরনির্ভরশীল না রেখে প্রশিক্ষণের মাধ্যমে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ দেওয়া হয়েছে।

স্থায়ী সমাধান: লেখক প্রবন্ধে কোনো সমস্যার স্থায়ী সমাধানের ওপর গুরুত্ব দিয়েছেন। আলী হায়দার বেকারত্ব দূর করতে কারিগরি শিক্ষার ব্যবস্থা করে সেই স্থায়ী সমাধানই নিশ্চিত করেছেন।

মানব উন্নয়ন: বেকার যুবক-যুবতীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আলী হায়দার তাদের সমাজের উৎপাদনশীল জনশক্তিতে রূপান্তরিত করেছেন, যা 'মানব-কল্যাণ' প্রবন্ধের মূল চেতনার সাথে হুবহু মিলে যায়।

উত্তর

উদ্দীপকে 'মানব-কল্যাণ' প্রবন্ধের সামগ্রিক বিষয়বস্তু সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়েছে বলে আমি মনে করি। আমার মতের সপক্ষে যুক্তিগুলো নিচে তুলে ধরা হলো:

প্রবন্ধে লেখক মানবকল্যাণকে বৃহত্তর পরিসরে দেখার আহ্বান জানিয়েছেন। উদ্দীপকের আলী হায়দারও ঠিক সেই দৃষ্টিভঙ্গি অনুসরণ করেছেন; তিনি ব্যক্তিগত দয়া প্রদর্শনের চেয়ে শিক্ষামূলক প্রতিষ্ঠান গড়ে তুলে সমাজ পরিবর্তনের পথে হেঁটেছেন।

আবুল ফজল প্রবন্ধের বিভিন্ন জায়গায় অর্থনৈতিক স্বচ্ছলতা ও শিক্ষার প্রয়োজনীয়তার কথা বলেছেন। উদ্দীপকে আলী হায়দারের উদ্যোগটি স্থানীয় জনগোষ্ঠীর বেকারত্ব দূর করে অর্থনৈতিক স্বচ্ছলতা নিয়ে এসেছে, যা প্রবন্ধের বর্ণিত মানবকল্যাণের অন্যতম লক্ষ্য।

প্রবন্ধের আলোকে মানবকল্যাণ তখনই সার্থক হয়, যখন তাতে কোনো হীনম্মন্যতা বা দম্ভ থাকে না। উদ্দীপকে আলী হায়দার নিজের জমানো টাকা খরচ করে নিঃস্বার্থভাবে যে সেবা সংস্থা ও কলেজ প্রতিষ্ঠা করেছেন, তা প্রবন্ধকার বর্ণিত নিঃস্বার্থ ও আদর্শবান মানুষেরই প্রতিচ্ছবি।

পরিশেষে বলা যায়, উদ্দীপকটি 'মানব-কল্যাণ' প্রবন্ধের মূল দর্শনের একটি বাস্তব রূপ। এটি প্রমাণ করে যে, প্রকৃত মানবকল্যাণ কেবল উপদেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা গঠনমূলক কাজ ও আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়। তাই উদ্দীপকটি প্রবন্ধের বিষয়বস্তুর সাথে সামঞ্জস্যপূর্ণ।

৪. উদ্দীপক

পিতৃহীন রাশেদার স্বামীর সংসারে মোটেই সুখ নেই। অর্থের জন্য শ্বশুর-শাশুড়ি তাকে মানসিক নির্যাতন করে। গর্ভবতী হওয়া সত্ত্বেও নেশাখোর স্বামী তার গায়ে হাত তোলে। স্বামীর নির্মম অত্যাচারে প্রায়ই সে অজ্ঞান হয়ে যায়। নির্যাতন সহ্য করতে না পেরে একসময় রাশেদার প্রতিবাদী নারীসত্তা জেগে ওঠে। নির্দয় স্বামীর কাছে নতি স্বীকার না করে আইনের আশ্রয়ে স্বামী ও শ্বশুর-শাশুড়িকে জেলে পাঠায়।
উত্তর বাজারের তোলা নিয়ে মাসি-পিসির ঝগড়া হয় সরকারবাবুর সঙ্গে।
উত্তর

"হাতে দুটো পয়সা এলে তোমারও স্বভাব বিগড়ে যায় কৈলেশ।” 'মাসি-পিসি' গল্পে কৈলাশ সম্পর্কে পিসি এ উক্তিটি করেছে।

মাসি-পিসি' গল্পে অপ্রধান চরিত্র কৈলাশ। সে মাসি-পিসির কাছে আহ্লাদির স্বামী জগ্ন সম্পর্কে কথা বলতে আসে। কথা প্রসঙ্গে উঠে আসে যে চায়ের দোকানে জগুর সাথে তার দেখা হয়েছে। চায়ের দোকান না কীসের দোকান তা বুঝতে বাকি থাকে না মাসি-পিসির। কারণ হাতে টাকা-পয়সা এলে জগুর মতো কৈলাশেরও স্বভাব বিগড়ে যায়। সে নেশাপানি করে সব উড়িয়ে দেয়। তাই তার সম্পর্কে পিসি এ মন্তব্যটি করে।

উত্তর উদ্দীপকের রাশেদার স্বামীর সাথে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির স্বামী জগু চরিত্রের সাদৃশ্য রয়েছে।
'মাসি-পিসি' গল্পের এক অত্যাচারী ও লম্পট স্বামী জগ্ন। সে স্ত্রী আহ্লাদির ওপর অমানবিক নির্যাতন চালায়। আবার নেশাও করে সে। নেশাখোর স্বামীর নির্মম নির্যাতনে অতিষ্ঠ হয়ে সে একসময় পিতৃগৃহে ফিরে আসে।
উদ্দীপকে রাশেদার নেশাখোর স্বামী তার ওপর নির্মম অত্যাচার করে। এই অত্যাচারের মাত্রা এতটাই তীব্র যে গর্ভবতী হওয়া সত্ত্বেও তার গায়ে হাত তোলা হয়েছে। রাশেদার স্বামীর মতো 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির স্বামী জগুও নেশাখোর। জগু তার স্ত্রীর উপর অমানবিক নির্যাতন করেছে। স্ত্রীকে সে অনাহারে রেখেছে, লাথি দিয়েছে, কলকেপোড়া ছ্যাঁকা দিয়েছে, এমনকি খুঁটির সাথে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। জগুর আচরণ উদ্দীপকের রাশেদার স্বামীর সঙ্গে মিলে যায়। তাই বলা যায়, উদ্দীপকের রাশেদার স্বামীর সাথে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির স্বামী জগু চরিত্রের সাদৃশ্য রয়েছে।
উত্তর

অবস্থানগত দিক থেকে "উদ্দীপকের সামাজিক সংকট 'মাসি-পিসি' গল্পের সমাজ বাস্তবতার অনুরূপ”- মন্তব্যটি যথার্থ।

'মাসি-পিসি' গল্পে এক করুণ সমাজ বাস্তবতার কথা উঠে এসেছে। সেখানে পুরুষতান্ত্রিক সমাজের সাথে তাল মিলিয়ে দুজন বিধবা ও নিঃস্ব মহিলা নিজেদের অস্তিত্বরক্ষার পাশাপাশি নেতিবাচক বিরূপ বিশ্ব থেকে আহ্লাদিকে রক্ষা করতে বুদ্ধিদীপ্ত ও সাহসী সংগ্রাম পরিচালনা করেছে।

উদ্দীপকে পিতৃহীন রাশেদা স্বামীর সংসারে গিয়ে সুখের মুখ দেখতে পায়নি। শ্বশুর-শাশুড়ি এবং নেশাখোর স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে ওঠে সে। স্বামীর সংসারে তার এ পরিণতি সামাজিক সংকটকেই উল্লেখ করে। সমাজ বাস্তবতার এই নির্মম রূপ অনুভব করে রাশেদা নির্দয় স্বামীর কাছে নতি স্বীকার না করে প্রতিবাদী হয়ে ওঠে। উদ্দীপকের এমন সমাজ বাস্তবতা 'মাসি-পিসি' গল্পে সমাজ বাস্তবতাকেই মনে করিয়ে দেয়।

'মাসি-পিসি' গল্পের আহ্লাদির জীবনেও রাশেদার মতো সামাজিক সংকটের প্রভাব লক্ষণীয়। সামাজিক সংকটের কারণেই তাকে স্বামীর সংসারে গিয়ে নির্যাতিত হতে হয়েছে। স্বামীর নির্মম নির্যাতনের শিকার হয়ে সে মাসি-পিসির কাছে ফিরে আসতে বাধ্য হয়েছে। মাসি-পিসিও অত্যাচারী স্বামী এবং লালসা-উন্মত্ত জোতদার, দারোগা ও গুন্ডা-বদমাশদের কবল থেকে আহ্লাদিকে রক্ষা করতে সাহসী সংগ্রাম ও জীবনযুদ্ধে অবতীর্ণ হয়েছে, যা উদ্দীপকেও লক্ষণীয়। তাই বলা যায়, উদ্দীপকের সামাজিক সংকট 'মাসি-পিসি' গল্পের সমাজ বাস্তবতার অনুরূপ।

৫. উদ্দীপক

নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী প্রথম নারী নবাব। নারীশিক্ষা, স্বাস্থ্য এবং জনহিতকর কাজের জন্য তিনি ইতিহাসে পরিচিত হয়ে আছেন। তিনি ওয়াকফনামা দলিলে উল্লেখ করেছেন- “ক্ষণভঙ্গুর মানবদেহ কখন যে ধ্বংসপ্রাপ্ত হয় তাহার নিশ্চয়তা নাই। সুতরাং আমার অবশিষ্ট জীবন ঈশ্বরের উপাসনায় পর্যবসিত ও আমার সম্পত্তির উপস্বত্ব ধর্ম ও সৎকার্যে ব্যয় হয় ইহাই কায়মনোবাক্যে সংকল্প ও কর্তব্য মনে করিয়াছি।" তিনি আজ দেহগতভাবে আমাদের মাঝে নেই, কিন্তু আমাদের হৃদয়ে তিনি আছেন তাঁর কর্মের মধ্য দিয়ে।
উত্তর 'সোনার তরী' কবিতায় উল্লেখিত মাঝি নির্মোহ মহাকালের প্রতীক।
উত্তর "বারেক ভিড়াও তরী কূলেতে এসে"- পঙ্ক্তিতে যে আকুলতা প্রকাশ পেয়েছে তা হচ্ছে চিরায়ত শিল্পলোকে কবির ঠাঁই পাওয়ার আকাঙ্ক্ষা।
"বারেক ভিড়াও তরী কূলেতে এসে"- পঙ্ক্তিতে কবির অনুনয়ের উপস্থিতি লক্ষ করা যায়। কবি প্রার্থনা করছেন যেন জীবনযাত্রার তরি একবার তাঁর কূলের কাছে এসে ভেড়ে। এখানে কবির জীবনতরি বা যাত্রার কথা বলা হয়েছে, যেখানে কবি শেষবারের মতো জীবনের নির্ভরতা বা শান্তি খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করছেন।
উত্তর উদ্দীপকের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানীর 'দেহগতভাবে' বেঁচে না থাকা 'সোনার তরী' কবিতার মহাকালের স্রোতে মানুষের শারীরিক অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার দিককে ইঙ্গিত করে।
'সোনার তরী' কবিতায় কবি তাঁর জীবনদর্শনকে উপস্থাপন করেছেন। মহাকালের স্রোতে মানুষের জীবন ও যৌবন ভেসে যায়। চিরন্তন সত্য- মৃত্যুর মধ্য দিয়ে মানুষ এক সময় পৃথিবীর বুক থেকে বিলীন হয়ে যায়। কিন্তু মহৎকর্মের মধ্য দিয়ে ব্যক্তিমানুষ যুগান্তরেও মানুষের মনে বেঁচে থাকে।
উদ্দীপকের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী দেহগতভাবে বেঁচে নেই। মহাকালের স্রোতে মৃত্যুর মধ্য দিয়ে তিনি আমাদের মধ্য থেকে হারিয়ে গেছেন। কিন্তু তিনি যে মহৎ ও জনকল্যাণমূলক কর্ম সম্পাদন করে গেছেন তা এখনো টিকে আছে। তাঁর কর্মের মধ্য দিয়ে তিনি মানুষের মনে বেঁচে আছেন। 'সোনার তরী' কবিতায় এই বিষয়টিকে তুলে ধরা হয়েছে। সময়ের স্রোতে মৃত্যুর মধ্য দিয়ে মানুষের শারীরিক অস্তিত্ব নিশ্চিহ্ন হয়ে যায়। কিন্তু বেঁচে থাকে মানুষের সৃষ্ট সোনার ফসল। তাই বলা যায়, উদ্দীপকের নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানীর 'দেহগতভাবে' বেঁচে না থাকা 'সোনার তরী' কবিতার মানুষের শারীরিক অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার বিশেষ দিকটিকে ইঙ্গিত করে।
উত্তর বক্তব্য বিষয়ের দিক থেকে বলা যায় "পরিস্থিতির ভিন্নতা থাকলেও উদ্দীপক ও 'সোনার তরী' কবিতার মূলভাব অভিন্ন"-মন্তব্যটি যথার্থ।
'সোনার তরী' কবিতায় কবি এক গভীর জীবনসত্যকে তুলে ধরেছেন। উৎপন্ন সোনার ধানের সম্ভার নিয়ে অপেক্ষারত নিঃসঙ্গ কৃষকের মধ্য দিয়ে জীবনসত্যকে ফুটিয়ে তুলেছেন কবি। এই কবিতার মূল বক্তব্য হলো কর্মের মাধ্যমে কর্মীর অমরত্ব লাভ।
উদ্দীপকের নবাব ফয়জুন্নেসা চৌধুরানী বেঁচে থাকা অবস্থায় জনকল্যাণমূলক ও মানবসেবাধর্মী অনেক কাজ করে গেছেন। তিনি তাঁর সম্পদ সৎ কাজে ব্যয় করার প্রার্থনা করে গেছেন। ক্ষণস্থায়ী জীবনে তিনি পরার্থে নিজেকে নিবেদিত করেছিলেন। ফলে মৃত্যুর মধ্য দিয়ে তিনি দেহগতভাবে নিশ্চিহ্ন হয়ে গেলেও কর্মের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে বেঁচে আছেন। কর্তাকে রেখে শুধু কর্মকে গ্রহণ করার এই প্রক্রিয়ায় যুগ যুগ মানুষের হৃদয়ে বেঁচে থাকার দিকটি 'সোনার তরী' কবিতার মূলভাব।
'সোনার তরী' কবিতায় দেখা যায় উৎকণ্ঠিত কৃষক নৌকা কূলে ফিরিয়ে তার উৎপাদিত সোনার ধান নিয়ে যাওয়ার জন্য মাঝিকে অনুরোধ করে। ক্ষুদ্র সেই নৌকায় কৃষকের সোনার ধানের সম্ভারের সংকুলান হলেও কৃষকের স্থান সংকুলান হয় না। মহাকালের স্রোতে কৃষক তথা ব্যক্তিমানুষ ভেসে যায় কিন্তু থেকে যায় তার সৃষ্ট সোনার ধান তথা মহৎকর্ম। তাই বলা যায়, পরিস্থিতির ভিন্নতা থাকলেও উদ্দীপক ও 'সোনার তরী' কবিতার মূলভাব এক ও অভিন্ন।

৬. উদ্দীপক

ভ্রমণবিলাসী ও প্রকৃতিপ্রেমিক তামিম সাহেব সুযোগ পেলেই পরিবারের সদস্যদের নিয়ে দেশ-বিদেশের দর্শনীয় স্থানে বেড়াতে যেতেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেয়ে মাহজাবীন বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যায়। একমাত্র মেয়ের আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া। মেয়েকে হারিয়ে তামিম সাহেব -আজ নির্বাক, নিথর। প্রকৃতির নয়নাভিরাম সৌন্দর্য তার মনকে এখন আর আকর্ষণ করে না। সবকিছুই যেন আজ বিষাদময়।
উত্তর 'বরিয়া' শব্দের অর্থ বরণ করে।
উত্তর প্রিয়জনের শোকে কাতর কবি বসন্তের আগমন সম্পর্কে জানতেই উদাসীন মনে প্রশ্নোক্ত উক্তিটি করেছেন।
'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রকৃতিতে বসন্তের আগমন ঘটলেও প্রিয়জনের বিয়োগব্যথায় কাতর কবির সেদিকে মোটেই ভ্রুক্ষেপ নেই। শোকানুভূতি, তাঁকে এতটাই আচ্ছন্ন করে রেখেছে যে, প্রকৃতির এমন পরিবর্তনও তিনি লক্ষ করেননি। ফলে তিনি বসন্ত বন্দনাগীতও রচনা করেননি। কবির 'এমন আচরণে বিস্মিত ভক্ত তাই প্রশ্ন করে, বসন্তের আগমনেও নীরব কেন কবি? তার কথার পরিপ্রেক্ষিতে বসন্তের আগমন হয়েছে কি না জানতেই কবি প্রশ্নোক্ত উক্তিটির অবতারণা করেছেন।
উত্তর

উদ্দীপকের তামিম সাহেবের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির সাদৃশ্য রয়েছে।

'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনার ছায়াপথ ঘটেছে। শীতের সময় কবির প্রথম স্বামী ও কাব্য সাধনার প্রেরণা-পুরুষের আকস্মিক মৃত্যুতে তাঁরা মনে যে বিষণ্ণতা জাগে তারই সুস্পষ্ট প্রভাব ও ইঙ্গিত ফুটে উঠেছে এ কবিতায়।

উদ্দীপকের ঘটনংশে দেখা যায় প্রকৃতিপ্রেমিক ও ভ্রমণবিলাসী তামিম সাহেব যেখানে সুযোগ পেলেই প্রকৃতির দর্শনে বের হয়ে পড়তেন সেখানে সড়ক দুর্ঘটনায় কন্যার মৃত্যুতে তিনি হয়ে পড়েছেন নির্বাক ও নিথর। প্রকৃতির সৌন্দর্য এখন আর তাকে আকর্ষণ করে না। 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির ক্ষেত্রেও একই বিষয় লক্ষণীয়। প্রিয়জনকে হারানোর বেদনা ব্যক্তিমনকে এতটাই আচ্ছন্ন করে রেখেছে যে তিনি সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তাঁর কাছে সবকিছুই বিষাদময় হয়ে উঠেছে। উদ্দীপকের তামিম সাহেব ও কবিতার কবির ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। তাই বলা যায়, উদ্দীপকের তামিম সাহেবের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির সাদৃশ্য রয়েছে।

উত্তর উদ্দীপকটিতে 'তাহারেই পড়ে মনে' কবিতার মূলভাব সম্পূর্ণ প্রকাশ পেয়েছে বলে আমি মনে করি।
'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রকৃতি ও মানবমনের সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে। স্বাভাবিকভাবে প্রকৃতির সৌন্দর্য মানবমনে উৎফুল্লতা সৃষ্টি করে। কিন্তু কবির মন প্রিয় স্বামী ও সাহিত্য সাধনার প্রেরণাদাতার মৃত্যুতে এতটাই শোকাচ্ছন্ন হয়ে পড়েছে যে, প্রকৃতির সৌন্দর্য তার মনকে স্পর্শ করতে পারে না।
উদ্দীপকের প্রকৃতিপ্রেমিক ও ভ্রমণবিলাসী তামিম সাহেব প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে দেশে-বিদেশে ঘুরে বেড়িয়েছেন। কিন্তু একমাত্র কন্যার মৃত্যুতে তার মন এতটাই শোকাচ্ছন্ন, বেদনাভারাতুর হয়ে উঠেছে যে প্রকৃতির নয়নাভিরাম সৌন্দর্যও তার মনকে আকর্ষণ করে না। প্রিয়জন হারানোর বেদনায় আচ্ছন্ন থাকার কারণে প্রকৃতি এখন তার কাছে বিষাদময় হয়ে উঠেছে। প্রিয়জন হারানোর ফলে ব্যক্তিজীবন বিষাদময় হওয়ার এই দিকটিই 'তাহারেই পড়ে মনে' কবিতার মূলভাব।
'তাহারেই পড়ে মনে' কবিতার কবির মধ্যেও উদ্দীপকের তামিম সাহেবের মতো অভিব্যক্তি প্রকাশ পেয়েছে। প্রিয়জনকে হারানোর বেদনায় কবিমন এতটাই দুঃখভারাক্রান্ত যে তিনি চারপাশের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ঋতুরাজ বসন্তের আগমনও তার মনে কোনো প্রভাব ফেলতে পারেনি। শোকাচ্ছন্ন কবির চারপাশের জগৎ থেকে বিচ্ছিন্ন ও উদাসীন হওয়ার বিষয়টি কবিতার মধ্যে মূলভাবে হিসেবে ফুটে উঠেছে, যা উদ্দীপকের মধ্যেও বিদ্যমান। তাই বলা যায়, উদ্দীপকটিতে 'তাহারেই পড়ে মনে' কবিতার মূলভাব সম্পূর্ণ প্রকাশ পেয়েছে।

৭. উদ্দীপক

"তরুণ নামের জয়-মুকুট শুধু তাহারই- যাহার শক্তি অপরিমাণ, গতিবেগ ঝঞ্ঝার ন্যায়, তেজ নির্মেঘ আষাঢ় মধ্যাহ্নের মার্তণ্ডপ্রায়, বিপুল যাহার আশা, ক্লান্তিহীন যাহার উৎসাহ, বিরাট যাহার ঔদার্য, অফুরন্ত যাহার প্রাণ, অটল যাহার সাধনা, মৃত্যু যাহার মুঠিতলে।"
উত্তর 'আঠারো বছর বয়স' কবিতাটি কবির 'ছাড়পত্র' কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে।
উত্তর "তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা" বলতে প্রাণবন্ত তরুণদের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠার বিষয়টি বোঝানো হয়েছে।
'আঠারো বছর বয়স' কবিতায় তরুণরা দেশ ও মানবতার কল্যাণে বিপদ মোকাবেলায় এগিয়ে আসে। চারপাশের নানা অন্যায়-অত্যাচার, শোষণ-বঞ্চনা, উৎপীড়ন-নিপীড়ন, সামাজিক অনাচার-বৈষম্য ইত্যাদি দেখে প্রাণবন্ত তরুণেরা ক্ষুব্ধ হয়ে ওঠে। চারপাশের সকল নেতিবাচকতার বিরুদ্ধে বয়ঃসন্ধিকালে মানুষের মাঝে যে বিক্ষুব্ধ মনোভাব পরিলক্ষিত হয় সেটিকেই প্রশ্নোক্ত পঙ্ক্তিতে তুলে ধরা হয়েছে।
উত্তর উদ্দীপকের সঙ্গে 'আঠারো বছর বয়স' কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি হচ্ছে তারুণ্যের সম্ভাবনাময় বৈশিষ্ট্যগুলো তুলে ধরা।
'আঠারো বছর বয়স' কবিতাটি মানুষের বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্যগুলোকে নিয়ে রচিত হয়েছে। এ বয়স মানবজীবনের এক উত্তরকালীন পর্যায়। এ বয়সে মানুষ কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে। অন্যের উপর থেকে নির্ভরশীলতা পরিহার করে নিজের পায়ে তাকে দাঁড়ানোর প্রস্তুতি নিতে হয়।
উদ্দীপকে তারুণ্যের সম্ভাবনাময় বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে- যার শক্তি, অপরিমাণ, গতিবেগ ঝঞ্ঝার ন্যায়, মধ্য আকাশের সূর্যের মতো যার প্রতাপ, যার উৎসাহ ক্লান্তিহীন, যার প্রাণ অফুরন্ত, সাধনা অটল এবং মৃত্যুকে যে ভয় করে না- তাকে তরুণ বলে অভিহিত করা যায়। 'আঠারো বছর বয়স' কবিতায়ও তারুণ্যের সম্ভাবনাময় এ বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হয়েছে। নতুন শক্তিতে উদ্যম তরুণরা স্থবিরতা, নিশ্চলতা ও জরাজীর্ণতাকে অতিক্রম করে দুর্বার গতিতে এগিয়ে চলে। তাই বলা যায়, তারুণ্যের সম্ভাবনাময় বৈশিষ্ট্যগুলো তুলে ধরার দিক থেকে উদ্দীপকের সঙ্গে 'আঠারো বছর বয়স' কবিতার সাদৃশ্য বিদ্যমান।
উত্তর

"উদ্দীপকে 'আঠারো বছর বয়স' কবিতায় বর্ণিত তারুণ্যের সকল বৈশিষ্ট্য প্রকাশিত হয়নি"- 'আঠারো বছর বয়স' কবিতার বক্তব্য বিষয়ে পর্যালোচনা করে বলা যায়- মন্তব্যটি যথার্থ।

'আঠারো বছর বয়স' কবিতায় মানবজীবনের বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হয়েছে। এ বয়সে মানুষ যৌবনে পদার্পণ করে আত্মপ্রত্যয়ী হয়ে ওঠে। পরনির্ভরশীলতা পরিহার করে মানুষ এ সময় স্বাধীনভাবে জীবনের মুখোমুখি দাঁড়ায়।

উদ্দীপকে তারুণ্যশক্তির কিছু বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে- যারা মৃত্যুকে পরোয়া না করে অফুরন্ত প্রাণশক্তি নিয়ে ক্লান্তিহীনভাবে ইতিবাচক জীবনের পথে এগিয়ে যায় তারাই তরুণ। প্রগতি ও অগ্রগতির পথে নিরন্তন ধাবমানতাই তারুণ্যের বৈশিষ্ট্য। এগুলো মূলত তারুণ্যের সম্ভাবনাময় বৈশিষ্ট্যকে নির্দেশ করে। তবে 'আঠারো বছর বয়স' কবিতায় তারুণ্যের কিছু নেতিবাচক দিকও তুলে ধরেছেন যেগুলো উদ্দীপকে ফুটে ওঠেনি।

'আঠারো বছর বয়স' কবিতায়ও বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হয়েছে। তবে উদ্দীপকের তুলনায় কবিতায় বর্ণিত বৈশিষ্ট্যসমূহ আরো বেশি ব্যাপক ও বিস্তৃত। কবিতায় বলা হয়েছে-কৈশোর থেকে যৌবনে পদার্পণের এ বয়সটি উত্তেজনার। উত্তেজনার বশে সব বাধাবিপত্তি পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে সব অন্যায়ের বিরুদ্ধে তরুণরা মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়। তবে এ বয়সটি একই সঙ্গে দুশ্চিন্তারও কারণ হয়। জীবনের এই সন্ধিক্ষণে শারীরিক, মানসিক, সামাজিক, রাজনৈতিক নানা জটিলতাকে অতিক্রম করতে হয়। একটু ভুলে জীবনে নেমে আসে বিপর্যয়। তাই সার্বিক পর্যালোচনায় বলা যায়, উদ্দীপকে 'আঠারো বছর বয়স' কবিতায় বর্ণিত তারুণ্যের সকল বৈশিষ্ট্য প্রকাশিত হয়নি।

৮. উদ্দীপক

অম্বলপুর গ্রাম ও আশপাশে কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় গ্রামের লোকজন সন্তানদেরকে তাদের বাপ-দাদার পেশায় নিয়োজিত রাখতে বাধ্য হয়। শিক্ষিত যুবক সাজেদুল বিষয়টি উপলব্ধি করে গ্রামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। গ্রামের মোড়ল কাশেম মিঞা শিক্ষাবিরোধী। কারণ গ্রামের মানুষের সাক্ষরজ্ঞান থাকলে টিপসই নিয়ে জমিজমা দখল নেওয়া, ফসল ভাগের ক্ষেত্রে ঠকানো ইত্যাদি বন্ধ হয়ে যাবে তার। কিন্তু সাজেদুল স্কুল প্রতিষ্ঠার বিষয়ে দৃঢ় সংকল্পবদ্ধ।
উত্তর রহিমা অতি সঙ্গোপনে মাজারের কাছে একটি সন্তানের আর্জি জানায়।
উত্তর "সে ঝংকার মানুষের প্রাণে লাগে, কানে লাগে” বলতে মজিদের কোরআনের আয়াত পড়ার ঝংকারের প্রতি ইঙ্গিত করা হয়েছে।
'লালসালু' উপন্যাসে তাহের-কাদেরের বাপের সালিসের দিন সুচতুর মজিদ কোরআনের আয়াত পড়ে তা ব্যাখ্যা করার মাধ্যমে উপস্থিত উৎসুক জনতার মনে ধর্মের ভয় জোগানোর চেষ্টা করে এবং সফলতা লাভ করে। মজিদের সুরেলা গলার ঝংকার দ্বারা ঘরময় যেন ঝংকৃত হচ্ছিল এবং সেই ঝংকার উপস্থিত জনতার কানে বাজছিল এবং প্রাণকে স্পর্শ করছিল।
উত্তর

উদ্দীপকের সাজেদুলের সাথে 'লালসালু' উপন্যাসের আক্কাস চরিত্রের সাদৃশ্য রয়েছে।

'লালসালু' উপন্যাসের কাহিনি মহব্বতনগর গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছে। অশিক্ষা, কুশিক্ষা ও কুসংস্কারে আচ্ছন্ন সেই গ্রামের মানুষদের সরল ধর্মবিশ্বাসকে পুঁজি করে অসাধু ধর্মব্যবসায়ী মজিদ নিজের স্বার্থসিদ্ধি করতে চায়। তাই শিক্ষিত যুবক আক্কাস গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করে গ্রামের মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করে তুলতে চায়।

উদ্দীপকে দেখা যায়, কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকার কারণে অম্বলপুর গ্রাম ও আশেপাশের মানুষজন শিক্ষার আলো থেকে বঞ্চিত থেকেছে। তাদের অজ্ঞতা ও অসচেতনতার সুযোগে গ্রামের মোড়ল কাশেম মিঞা দিনের পর দিন তাদের শোষণ করে নিজের স্বার্থসিদ্ধি করে আসছে। এই অসংগতির বিপরীতে দাঁড়িয়ে সচেতন ও শিক্ষিত যুবক সাজেদুল গ্রামের মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করে তুলতে গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায়। 'লালসালু' উপন্যাসেও মহব্বতনগর গ্রামের মানুষদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে আক্কাস একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায়। সে চায় তার গ্রামের মানুষগুলো আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে মজিদের মতো ধর্মব্যবসায়ী ও ভণ্ডদের যেন পরিহার করতে পারে। তাই বলা যায়, উদ্দীপকের সাজেদুলের সাথে 'লালসালু' উপন্যাসের আক্কাস চরিত্রের সাদৃশ্য রয়েছে।

উত্তর চরিত্রগত দিক থেকে বলা যায় "স্বার্থ ভিন্ন হলেও প্রভাব-প্রতিপত্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কাশেম মিঞা ও মজিদ চরিত্র অভিন্ন"-মন্তব্যটি যথার্থ।
'লালসালু' উপন্যাসের কাহিনি মজিদ চরিত্রকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। শস্যহীন জনবহুল অঞ্চল থেকে দুবেলা দুমুঠো খেয়ে বাঁচার জন্য মহব্বতনগর গ্রামে আশ্রয় নেওয়া মজিদ গ্রামের মানুষদের সরল ধর্মবিশ্বাসকে পুঁজি করে ধর্মব্যাবসা গড়ে তোলে।
উদ্দীপকের মোড়ল কাশেম মিঞা শিক্ষাবিরোধী। কারণ সাধারণ মানুষ শিক্ষার আলোয় আলোকিত হয়ে উঠলে তারা সচেতন হয়ে উঠবে। তখন তাদেরকে আর শোষণ করা যাবে না। ভুল বুঝিয়ে নিজের স্বার্থসিদ্ধি করা যাবে না। তাই সে গ্রামের মানুষদের শিক্ষার আলো থেকে বঞ্চিত রেখে নিজের স্বার্থসিদ্ধি করে যেতে চায়। একইভাবে 'লালসালু' উপন্যাসেও মজিদ নিজের ভন্ডামির মুখোশ উন্মোচিত হওয়ার আশঙ্কায় আক্কাসকে গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে দেয়নি।
'লালসালু' উপন্যাসের মজিদ নিজের স্বার্থসিদ্ধি করার জন্য গ্রামের | মানুষকে শিক্ষা থেকে দূরে রাখতে চায়। গ্রামের মানুষের অজ্ঞতা, অসচেতনতা ও কুসংস্কারকে পুঁজি করে মজিদ যে ধর্মব্যাবসা গড়ে তুলেছে মানুষ শিক্ষার আলোয় আলোকিত হয়ে উঠলে তার বিনাশ নিশ্চিত। তাই সে সুকৌশলে আক্কাসের স্কুল প্রতিষ্ঠার উদ্যোগকে অঙ্কুরে বিনষ্ট করে দেয়। সাধারণ মানুষকে কুসংস্কারে ডুবিয়ে রেখে সে নিজের স্বার্থ হাসিল করে যেতে থাকে দিনের পর দিন। তাই বলা যায়, স্বার্থ ভিন্ন থাকলেও প্রভাব-প্রতিপত্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কাশেম মিঞা ও মজিদ চরিত্র অভিন্ন।

৯. উদ্দীপক

গাজীপুরের কালিয়াকৈরে অলৌকিক ষাঁড়ের পুকুর। মনোবাসনা পূরণের আশায় টাকা-পয়সা, হাঁস-মুরগি, গরু-ছাগল, দুধসহ বিভিন্ন জিনিস মানত করা হয় এই পুকুরে। পুকুরের খাদেম আমীর আলী মানতের সবকিছু সংগ্রহ করে রাতারাতি প্রচুর সম্পদের মালিক হচ্ছেন। 'মানতের টাকা ফেলা হয় জলে, ধরা পড়ে খাদেমের জালে।'
উত্তর ধলা মিয়াকে খালেক ব্যাপারী পানিপড়া আনতে পাঠায়।
উত্তর "ব্যাপারটা ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো।"- এখানে মজিদকে উপেক্ষা করে আওয়ালপুরের পিরের কাছ থেকে পড়াপানি আনার বিষয়টিকে বোঝানো হয়েছে।
'লালসালু' উপন্যাসের খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী আমেনা নিঃসন্তান। সে সন্তান কামনায় ব্যাকুল। একটি সন্তানের আশায় সে আওয়ালপুরের পিরের কাছ থেকে পানিপড়া পেতে চেয়েছে। স্ত্রীর কথায় খালেক ব্যাপারী ধলা মিয়াকে পানিপড়া আনতে পাঠায়। কিন্তু সে আওয়ালপুরের পিরের কাছে না গিয়ে মজিদের কাছে যায় পানিপড়া আনতে। গ্রামের মোদাচ্ছের পিরের খাদেম মজিদকে না জানিয়ে আওয়ালপুরের পিরের কাছে যাওয়ার বিষয়টি মজিদের কাছে অপমানের মনে হয়েছে। মজিদের রাগ দেখে তার কাছে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো মনে হয়েছে।
উত্তর

উদ্দীপকের ষাঁড়ের পুকুরকে 'লালসালু' উপন্যাসের মোদাচ্ছের পিরের মাজারের সঙ্গে তুলনা করা যায়।

'লালসালু' উপন্যাসের পটভূমি মহব্বতনগর গ্রাম। গ্রামের একটু বাইরে একটা বৃহৎ বাঁশঝাড়। মোটাসোটা হলদে তার ঝুড়ি বাঁশঝাড়ের কাছে আঁধারে একটা পরিত্যক্ত পুকুরের পাশে ঘন সন্নিবিষ্ট হয়ে আছে গাছপালা। তার ওই এক ধার টাল খাওয়া ভাঙ্গা এক প্রাচীন কবর। সেই কবরকে মোদাচ্ছের পিরের মাজার আখ্যা দিয়ে মজিদ ধর্মব্যাবসা শুরু করে।

উদ্দীপকে এক অলৌকিক ষাঁড়ের পুকুরের কথা তুলে ধরা হয়েছে। সেই পুকুরে মানুষ হাঁস-মুরগি, গরু-ছাগল, দুধসহ বিভিন্ন জিনিস মানত করে নিজেদের মনোবাসনা পূরণের আশায়। অন্যদিকে মানতের সবকিছু সংগ্রহ করে রাতারাতি প্রচুর সম্পদের মালিক হয়ে ওঠে পুকুরের খাদেম সুচতুর আমীর আলী। 'লালসালু' উপন্যাসে মজিদও মোদাচ্ছের পিরের মাজারকে কেন্দ্র করে রাতারাতি প্রচুর অর্থবিত্তের মালিক হয়ে ওঠে। কেননা, গ্রামের মানুষগুলো মাজারে টাকা-পয়সা, পশু-পাখি মানত করতে থাকে। আর মজিদ সেগুলো আত্মসাৎ করে। আর মাজারটি তার শক্তির কেন্দ্র হয়ে দাঁড়ায়। তাই বলা যায়, উদ্দীপকের ষাঁড়ের পুকুরকে 'লালসালু' উপন্যাসের মোদাচ্ছের পিরের মাজারের সঙ্গে তুলনা করা যায়।

উত্তর

পরিণতির দিক থেকে বলা যায়, "উদ্দীপকের খাদেম এবং 'লালসালু'র মজিদের প্রতিষ্ঠার পেছনে মানুষের অন্ধবিশ্বাসই দায়ী।"-'লালসালু' উপন্যাস ও উদ্দীপকের আলোকে মন্তব্যটি যথার্থ।

'লালসালু' উপন্যাসে একটি পরিত্যক্ত প্রাচীন কবরকে কেন্দ্র করে ধূর্ত মজিদ ধর্মব্যাবসা গড়ে তোলে। নিজের অস্তিত্ব প্রতিষ্ঠা ও রক্ষার তাগিদে মহব্বতনগর গ্রামে এসে মানুষের অজ্ঞতা ও সরল ধর্মবিশ্বাসকে পুঁজি করে মজিদ গ্রামের কর্তাব্যক্তি হয়ে ওঠে।

উদ্দীপকের ঘটনাংশে দেখা যায়, অলৌকিক ষাঁড়ের পুকুরকে আশ্রয় করে ভন্ড আমীর আলী নিজস্ব ব্যাবসা গড়ে তোলে। কুসংস্কারাচ্ছন্ন চারপাশের মানুষ বিশ্বাস করে মনোবাসনা পূরণের আশায় পুকুরে অনেক কিছু মানত করে। কিন্তু মানুষের টাকা ফেলা হয় জলে আর ধরা পড়ে খাদেমের জালে। অন্যদিকে 'লালসালু' উপন্যাসেও মজিদ একটি পরিত্যক্ত কবরকে মাজার বানিয়ে মানুষকে ধোঁকা দেয়। মানুষ এটাকে মোদাচ্ছের পিরের মাজার মনে করে যে টাকা-পয়সা, পশু-পাখি দান করে সেগুলো আত্মসাৎ করে মজিদ। এটি মানুষগুলোর অন্ধবিশ্বাসেরই ফল।

উদ্দীপকের মতো 'লালসালু' উপন্যাসে মানুষ বিভিন্ন সমস্যা থেকে পরিত্রাণ পেতে মোদাচ্ছের পিরের মাজারে মানত করে। মানতের সবকিছু সংগ্রহ করে ভণ্ড ও প্রতারক, ধর্মব্যবসায়ী মজিদ রাতারাতি প্রচুর অর্থবিত্তের মালিক হয়ে ওঠে। গ্রামের মানুষগুলো কুসংস্কারে আচ্ছন্ন বলেই মজিদ তাদের প্রতারিত করতে পেরেছে। উদ্দীপকের আমীর আলী ও উপন্যাসের মজিদ দুজনেই মানুষের অন্ধবিশ্বাসকে আশ্রয় করে নিজেদের অবস্থান সুদৃঢ় করে নিয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের খাদেম এবং 'লালসালু'র মজিদের প্রতিষ্ঠার পেছনে মানুষের অন্ধবিশ্বাসই দায়ী।

১০. উদ্দীপক

বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দীন আহমদ তার দোকানে ভাইয়ের ছেলে শরীফুলকে ম্যানেজার হিসেবে নিয়োগ দেন। শরীফুল প্রথম দিকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলেও ধীরে ধীরে চাচার সর্বনাশের ষড়যন্ত্রে লিপ্ত হয়। দোকানের অন্য কর্মচারীদের সাথে হাত মিলিয়ে বিক্রির টাকা এদিক-সেদিক করতে থাকে। দোকানে প্রচুর বেচা-কেনা হলেও মাস শেষে লোকসান আসে। মহিউদ্দীন আহমদ বিচক্ষণতার সাথে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শরীফুলের ষড়যন্ত্রের বিষয়টি নিশ্চিত হন। তিনি দ্রুত পদক্ষেপ নিয়ে শরীফুলসহ অন্য কর্মচারীদের বিদায় করে দিয়ে দোকানের পূর্বের অবস্থান ফিরিয়ে আনেন।
উত্তর মানিকচাঁদ সাড়ে দশ লক্ষ টাকা খেসারত দিয়ে মুক্তি পেয়েছিল।
উত্তর "লোকবল বাড়ুক আর না বাড়ুক আমাদের অংশীদার বাড়ল তা অবশ্য ঠিক”- নিজেদের চরম দুরবস্থা প্রসঙ্গে মার্টিন ও ড্রেককে উদ্দেশ্য করে হ্যারি এ উক্তিটি করেছে।
'সিরাজউদ্দৌলা' নাটকে প্রথম অংকের দ্বিতীয় দৃশ্য রচিত হয়েছে কলকাতার ভাগীরথী নদীতে ভাসমান ফোর্ট উইলিয়াম জাহাজে। কলকাতা থেকে তাড়া খেয়ে ইংরেজ বাহিনী আশ্রয় নেয় ভাগীরথী নদীর উপর ভাসমান একটি জাহাজে। পুনরায় যুদ্ধে অংশগ্রহণ করতে কিলপ্যাট্রিক যে অতিরিক্ত আড়াইশোর মতো সেনা নিয়ে হাজির হয় তাদের সম্পর্কে বলতে গিয়ে হ্যারি আলোচ্য উক্তিটি করেছে।
উত্তর উদ্দীপকের শরীফুলের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্রগুলো হচ্ছে মিরজাফর, উমিচাঁদ, মানিকচাঁদ, ঘসেটি বেগম, জগৎশেঠ, মিরন, মোহাম্মদি বেগ ও রাজবল্লভ।
'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজের পতন ঘটে রাজ-অমাত্যবর্গের বিশ্বাসঘাতকতার কারণে। নবাবের দরবারে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত প্রধান সেনাপতিসহ অন্যান্য অনেকেই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। ফলস্বরূপ পলাশির যুদ্ধে নবাব সিরাজের শোচনীয় পরাজয় ঘটে।
উদ্দীপকের শরীফুল চরিত্রের মধ্যে বিশ্বাসঘাতকতা লক্ষ করা যায়। চাচার দোকানে সে প্রথমে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলেও ধীরে ধীরে সর্বনাশের ষড়যন্ত্রে লিপ্ত হয়। অন্য কর্মচারীদের সাথে হাত মিলিয়ে সে দোকানটাকে ধ্বংসের মুখে নিয়ে যায়। 'সিরাজউদ্দৌলা' নাটকেও এমন চরিত্রের মানুষ লক্ষ করা যায়। প্রধান সেনাপতি মিরজাফরসহ উমিচাঁদ, জগৎশেঠ, রাজবল্লভরা নবাবের কাছের লোক হয়েও নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং পলাশির যুদ্ধে নিষ্ক্রিয় ভূমিকা পালন করে নবাবের পতন নিশ্চিত করে। তাই বলা যায়, উদ্দীপকের শরীফুলের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্রগুলো হচ্ছে মিরজাফর, উমিচাঁদ, জগৎশোঠ, মোহাম্মদি বেগ, রাজবল্লভ প্রভৃতি।
উত্তর

বুদ্ধিদীপ্ত ও সময় উপযোগী সিদ্ধান্তের কারণে "মহিউদ্দীন আহমদ ও নবাব সিরাজউদ্দৌলার পরিণতি এক হয়নি।”- মন্তব্যটি যথার্থ।

'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মিরজাফর, জগৎশেঠ, মানিকচাঁদ, ঘসেটি প্রমুখ রাজ অমাত্যবর্গ বারবার ষড়যন্ত্রে লিপ্ত হয়। কিন্তু নবাব তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়াতে তারা নবাবের পতনের কারণ হয়ে দাঁড়ায়।

উদ্দীপকের বিশিষ্ট ব্যবসায়ী মহিউদ্দীন আহমদ তার ভাইয়ের ছেলে শরীফুলকে দোকানে ম্যানেজার হিসেবে নিয়োগ করে। শরীফুল দোকান ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু বিচক্ষণ ব্যবসায়ী মহিউদ্দীন শরীফুলের বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্রের বিষয়টি জানতে পেরে তার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিয়ে দোকানের পূর্বের অবস্থা ফিরিয়ে আনেন। কিন্তু 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব মিরজাফরসহ অন্য বিশ্বাসঘাতকদের ষড়যন্ত্র জেনেও সরল বিশ্বাসে তাদেরকে পলাশির যুদ্ধে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেন। ফলে নবাবের পতন ত্বরান্বিত হয়।

উদ্দীপকের মহিউদ্দীন আহমদের মতো 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলা এমন সাহসী সিদ্ধান্ত নিতে পারেননি। দরবারে ঘনিষ্ঠ ও বিশ্বস্ত লোকদের ষড়যন্ত্রের কথা জেনেও তিনি তাদের ক্ষমা করে দেন। কিন্তু নবাবের ঘনিষ্ঠজনরা নবাবের সেই উদারতায় শুধরে না গিয়ে পুনরায় ষড়যন্ত্রে লিপ্ত হয়। ফলশ্রুতিতে পলাশির যুদ্ধে নবাবের পরাজয় ঘটেছে। তাই বলা যায়, সিদ্ধান্তের জন্য মহিউদ্দীন আহমদ ও নবাব সিরাজউদ্দৌলার পরিণতি এক হয়নি।

১১. উদ্দীপক

কেরামত আলী টাকা ছাড়া কিছুই বোঝে না। অধিক মুনাফার আশায় জীবনের জমানো সমস্ত টাকা একটি বেসরকারি প্রতিষ্ঠানে জমা রাখে। সেখান থেকে প্রতি লাখে মাসে দুই হাজার টাকা মুনাফা পায়। একসময় এই টাকাই তার জীবনের কাল হয়ে দাঁড়ায়। হঠাৎ করে প্রতিষ্ঠানটি উধাও হয়ে যায়। প্রতারিত হয়ে টাকার শোকে কেরামত আলী পাগল হয়ে পথে পথে ঘুরতে ঘুরতে অকালে মৃত্যুবরণ করে।
উত্তর 'সিরাজউদ্দৌলা' নাটকে ধনকুবের হচ্ছে জগৎশেঠ।
উত্তর "সে নবাবি পেলে প্রকারান্তরে আপনারাইতো দেশের মালিক হয়ে বসবেন।"- শওকতজঙ্গের নবাব হওয়াকে কেন্দ্র করে ঘসেটি বেগম এ উক্তিটি করেছেন।
'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজের বিরুদ্ধে তাঁর আপনজনেরাই ষড়যন্ত্রে লিপ্ত হয়। বিশেষ করে সিরাজের আপন খালা ঘসেটি বেগম সিরাজের নবাব হওয়াকে মেনে নিতে পারেননি। তিনি - চেয়েছিলেন শওকতজঙ্গ নবাব হবে। তাই সিরাজের বিরুদ্ধে তিনি ষড়যন্ত্রে লিপ্ত হন। শওকতজঙ্গকে নবাব বানাতে পারলে দরবারের অন্যরা কী কী সুবিধা পাবে সেটি বলতে গিয়েই ঘসেটি বেগম আলোচ্য মন্তব্যটি করেছেন।
উত্তর

উদ্দীপকের কেরামত আলীর সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের উমিচাঁদ চরিত্রের সাদৃশ্য রয়েছে।

'সিরাজউদ্দৌলা' নাটকে উমিচাঁদ একজন লোভী ব্যক্তি। টাকার জন্য সে ছিল উন্মাদ। দালালি করে সে প্রচুর টাকার মালিক হলেও শেষপর্যন্ত ক্লাইভের কূটকৌশলের কাছে সে বোকা বনে যায় এবং প্রতারিত হয়।

উদ্দীপকের ঘটনাংশে দেখা যায়, কেরামত আলী টাকা ছাড়া কিছুই বোঝে না। টাকার লোভে সে তার সমস্ত টাকা একটি বেসরকারি প্রতিষ্ঠানে জমা রাখে। কিন্তু প্রতিষ্ঠানটি হঠাৎ উধাও হয়ে গেলে প্রতারিত কেরামত আলী টাকার শোকে পাগল হয়ে যায়। 'সিরাজউদ্দৌলা' নাটকে উমিচাঁদের ক্ষেত্রেও এ পরিণতি লক্ষ করা যায়। ইংরেজরা যুদ্ধে জয়ী হলে উমিচাঁদ বিশ লক্ষ টাকা পাবে বলে দলিল করে। কিন্তু কূটকৌশলী ক্লাইভ সাদা ও লাল দুই রকমের জাল - দলিল করে উমিচাঁদের সাথে প্রতারণা করে। যুদ্ধ শেষে প্রতিশ্রুত টাকার শোকে উমিচাঁদ পাগল হয়ে মৃত্যুবরণ করে। তাই বলা যায়, উদ্দীপকের কেরামত আলীর সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের উমিচাঁদ চরিত্রের সাদৃশ্য রয়েছে।

উত্তর

মূল ভাবার্থের দিক থেকে "উদ্দীপকটি 'সিরাজউদ্দৌলা' নাটকের মূল বিষয়বস্তুকে ধারণ করেনি"- মন্তব্যটি যথার্থ।

'সিরাজউদ্দৌলা' নাটকের কাহিনি উন্মোচিত হয়েছে যুদ্ধ দিয়ে। ইংরেজদের বিরুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার যুদ্ধের চিত্র ও পরিণতি নিয়ে নাট্যকাহিনি গড়ে উঠেছে। সেখানে দেখা যায়- নিজেদের লোকের বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্রের কারণে বহিঃশক্তির কাছে নবাবের পতন ঘটেছে।

উদ্দীপকে টাকার পাগল কেয়ামত আলীর কথা তুলে ধরা হয়েছে, যে টাকা ছাড়া কিছুই বোঝে না। টাকার জন্য সে সবকিছু করতে পারে। টাকার জন্যই সে তার জীবনের জমানো সমস্ত টাকা একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিনিয়োগ করে অধিক মুনাফা পেতে চায়। হঠাৎ প্রতিষ্ঠানটি উধাও হয়ে গেলে প্রতারিত কেরামত আলী টাকার শোকে পাগল হয়ে অকালে মৃত্যুবরণ করে। উদ্দীপকের এ বিষয়টি কেবল 'সিরাজউদ্দৌলা নাটকের উমিচাঁদে লোভী মানসিকতা ও করুণ পরিণতির দিকটিকে ধারণ করেছে, যা উক্ত নাটকে একটি খণ্ডিত ও গৌণ দিক।

'সিরাজউদ্দৌলা' নাটকের বিস্তৃত প্রেক্ষাপটের মধ্যে কেবল উমিচাঁদ চরিত্রটির বৈশিষ্ট্য উঠে এসেছে উদ্দীপকে। মূলত নাটকের বিষয় ও প্রেক্ষাপট অনেক বেশি বিস্তৃত। সেখানে মুখ্য করে দেখানো হয়েছে আপন মানুষদের বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্রের কারণে কীভাবে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার করুণ পরাজয় ঘটেছে। পাশাপাশি ফুটে উঠেছে দেশপ্রেমিক বীর যোদ্ধাদের স্বদেশপ্রেম ও আত্মত্যাগ। সেগুলোর কোনো কিছুই উদ্দীপকে নেই। সার্বিক পর্যালোচনায় তাই বলা যায়, উদ্দীপকটি 'সিরাজউদ্দৌলা' নাটকের মূল বিষয়বস্তুকে ধারণ করেনি।