১. উদ্দীপক
'অপরিচিতা' গল্পে অনুপমের মামার লোভী ও হীন মানসিকতার কারণে কল্যাণীর সঙ্গে অনুপমের বিয়ে ভেঙে গেলে সে বিরহে জর্জরিত হয়। একারণেই পরবর্তী সময়ে মনস্তাপে ভেঙে পড়া অনুপম কল্যাণীকে বিয়ে করতে না পারলেও তার কাছাকাছি থাকতে চেয়েছে। বিয়ে ভেঙে যাওয়ার পর একদিন মাকে নিয়ে তীর্থে যাওয়ার পথে কল্যাণীকে দেখে মুগ্ধ হয় অনুপম। এরপর তার কাছে ও তার পিতার কাছে ক্ষমা চায় অনুপম। সবকিছু ছেড়ে সে বছরের পর বছর কানপুরে কল্যাণীর কাছাকাছি থাকে। কল্যাণী তাকে ক্ষমা করে দিলেও বিয়েতে রাজি হয়নি। তবুও অনুপম তার দেখা পায়, কণ্ঠ শোনে, সুবিধামতো তার কাজ করে দিয়ে নিজের একটা অবস্থান তৈরি করে। কল্যাণীকে আশ্রয় করে সেই আনন্দেই সে নিজেকে ভাগ্যবান মনে করেছে।
'অপরিচিতা' গল্পের কথক অনুপম বিশ শতকের দ্বিতীয় দশকের যুদ্ধসংলগ্ন সময়ের এক বাঙালি যুবক, যে বিশ্ববিদ্যালয়ের উচ্চতর উপাধি অর্জন করেও ব্যক্তিত্বরহিত, পরিবারতন্ত্রের কাছে অসহায় পুতুলমাত্র। সে যেন মায়ের কোলসংলগ্ন শিশুর মতো।
উদ্দীপকের সুমন ও নীলিমা দুজনেই উচ্চশিক্ষিত। তারা পরস্পরকে ভালোবেসে বিয়ে করতে চায়। নীলিমার পরিবার যৌতুক দিতে অপারগ হলে সুমনের পরিবার তাকে মেনে নেয় না এবং সুমন পরিবারের ইচ্ছায়- অন্যত্র বিয়ে করে। উদ্দীপকের সুমনের এই ব্যক্তিত্বহীনতার দিকটি 'অপরিচিতা' গল্পের অনুপম চরিত্রেও পরিলক্ষিত হয়। নিজের জীবনের সিদ্ধান্ত সে নিজে নিতে পারেনি, তার বিয়েতে মামাই সব সিদ্ধান্ত নিয়েছেন। বিয়ে শুরুর আগে তার মামা কনের গহনা যাচাই ও পরিমাণ মাপার মতো অপমানজনক বিষয়টি দেখেও অনুপম নীরব দর্শক হয়ে থেকেছে। সে নিজের পছন্দকে মূল্যায়ন, ন্যায় ও সত্যের পক্ষে শক্ত অবস্থান নেওয়ার মতো ব্যক্তিত্ববান হয়ে ওঠেনি। তাই বলা যায় যে, উদ্দীপকের সুমন আর 'অপরিচিতা' গল্পের অনুপম চরিত্রের সাদৃশ্য মূলত ব্যক্তিত্বহীনতায়। তারা তাদের নিজেদের পছন্দের মূল্যায়ন করতে পারেনি। যৌতুকের মতো অন্যায় বিষয়ের বিপক্ষেও দাঁড়াতে পারেনি। তারা দুজনেই বিয়েতে ব্যক্তিত্বহীন মেরুদণ্ডহীনের মতো আচরণ করেছে।
দৃঢ় ব্যক্তিত্ব ও আত্মমর্যাদার বিবেচনায় "উদ্দীপকের নীলিমা 'অপরিচিতা' গল্পের কল্যাণীরই প্রতিচ্ছবি"- মন্তব্যটি যথার্থ।
'অপরিচিতা' গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর যৌতুকের বিরুদ্ধে প্রতিরোধ ও দেশচেতনায় ঋদ্ধ এক প্রখর ব্যক্তিত্বময়ী নারীর চিত্র তুলে ধরেছেন কল্যাণী চরিত্রের মাধ্যমে। কল্যাণী আত্মমর্যাদাশীল নারী, তাই সে আর বিয়েতে মত দেয়নি, বরং দেশের নারীদের শিক্ষার মাধ্যমে মর্যাদাশীল করে তুলতে পদক্ষেপ নিয়েছে।
উদ্দীপকে উচ্চশিক্ষিত সুমন ও নীলিমার কথা বলা হয়েছে। তারা - পরস্পরকে ভালোবাসে এবং সংসারী হতে চায়। কিন্তু নীলিমার পরিবার যৌতুক দিতে অপারগ হলে সুমনের পরিবার নীলিমাকে মেনে নেয় না। সুমনও কোনো পদক্ষেপ না নিয়ে পরিবারের ইচ্ছায় অন্যত্র বিয়ে করে। নীলিমা এটিকে অপমান মনে করে আর বিয়ে করে না এবং শিক্ষকতায় নিবেদিত হয়ে বাকি জীবন অতিবাহিত করে। এই 'নীলিমা যেন 'অপরিচিতা' গল্পের কল্যাণীরই প্রতিচ্ছবি।
'অপরিচিতা' গল্পে কল্যাণীর বিয়ে ভেঙে যায় পাত্র অনুপমের নির্লিপ্ততা আর তার মামার যৌতুকলোভী মানসিকতার কারণে। অনুপম তার মামার অন্যায় আচরণের প্রতিবাদ না করায় কল্যাণীর বাবা মর্মাহত হন। অনুপমের ব্যক্তিত্বহীনতা এবং তার মামার হীন মানসিকতা দেখে তিনি মেয়ের বিয়ে ভেঙে দেন। বাবার সিদ্ধান্তকে গ্রহণ করে কল্যাণী সারা জীবন বিয়ে না করার সিদ্ধান্ত নেয় এবং দেশসেবায় নিজেকে নিয়োজিত করে। পরবর্তী সময়ে অনুপম ভুল স্বীকার করে তার জীবনে আসতে চাইলেও সে আর রাজি হয় না। কল্যাণীর এই দৃঢ়চেতা ব্যক্তিত্ব উদ্দীপকের নীলিমার মধ্যেও পরিলক্ষিত হয়। সেও আত্মমর্যদায় বলীয়ান হয়ে আর বিয়ে না করে শিক্ষকতা করে জীবন পার করেছে। সুতরাং প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
২. উদ্দীপক
"জাত গেল জাত গেল বলে
একি আজব কারখানা।
সত্য কাজে কেউ নয় রাজি
সবই দেখি তা না না না।"
'বিলাসী' গল্পে বিলাসী মৃত্যুপথযাত্রী মৃত্যুঞ্জয়কে সেবা-শুশ্রুষার মাধ্যমে সারিয়ে তোলে। এর প্রতিদানে মৃত্যুঞ্জয় বিলাসীকে ভালোবেসে বিয়ে করে। বিলাসী ছিল মালোপাড়ার এক সাপুড়েকন্যা। সেই কারণে মৃত্যুঞ্জয়ের পাড়া-প্রতিবেশীরা বিষয়টি সহজেই মেনে নিতে পারেনি। তদুপরি তারা যখন জানতে পারে মৃত্যুঞ্জয় বিলাসীর হাতে রান্না করা ভাত খেয়েছে তাতে তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। ছোট জাতের কারও হাতে রান্না করা ভাত খাওয়াকে তারা অন্নপাপ হিসেবে সাব্যস্ত করত। তৎকালীন স্বার্থান্ধ ও কুসংস্কারাচ্ছন্ন সমাজবাসীর বিশ্বাস ছিল- অন্নপাপের কোনো প্রায়শ্চিত্ত নেই। তাই বিয়ের কিছুদিন পর মৃত্যুঞ্জয় যখন সাপের ছোবলে মৃত্যুবরণ করে, তখন গ্রামবাসী প্রচার করে- অন্নপাপের কারণেই মৃত্যুঞ্জয়ের এমন অপমৃত্যু হয়েছে।
উদ্দীপকে 'বিলাসী' গল্পের জাতিগত বিভেদের দিকটির সাদৃশ্য রয়েছে।
'বিলাসী' গল্পে লেখক সমাজে প্রচলিত ঘৃণ্য জাতিভেদ প্রথা তুলে ধরেছেন। সমাজে প্রচলিত জাতভেদ প্রথার কাছে কীভাবে মানবিকতার পরাজয় হয় তার বয়ান এই গল্পটি। গল্পের প্রধান দুটি চরিত্র বিলাসী ও মৃত্যুঞ্জয়ের জাতিভেদ প্রথার বলি হওয়া প্রেমকাহিনি এর প্রধান বিষয়।
উদ্দীপকে জাতিগত বৈষম্যের রূপ তুলে ধরা হয়েছে। একেক ব্যক্তি একেক জাতের হতেই পারে, তাতে ক্ষতি নেই। সবার একটাই পরিচয়, আর তা হলো মানুষ। জাতিগত বিভেদের পেছনে কেবল ব্যক্তিস্বার্থই কাজ করে। এই বৈষম্যের কারণে মানুষে মানুষে বিভাজন তৈরি হয়, সমাজ ও দেশ অনেকাংশে পিছিয়ে পড়ে। 'বিলাসী' গল্পে বিলাসী অসুস্থ মৃত্যুঞ্জয়ের সেবা করে তাকে সুস্থ করে তোলে। মৃত্যুঞ্জয় এর প্রতিদানে বিলাসীকে বিয়ে করে। সমাজ এ বিষয়টিকে স্বীকৃতি দেয় না। কারণ বিলাসী নিচু জাতের আর মৃত্যুঞ্জয় উঁচু জাতের। এ কারণে বিলাসীর ওপর নির্মম অত্যাচার চালানো হয়। শুধু জাতিগত বৈষম্যের কারণেই বিলাসীকে মৃত্যুঞ্জয়ের কাছ থেকে আলাদা করার চেষ্টা করা হয় এবং তাদেরকে সমাজ ছাড়তে বাধ্য করা হয়। এভাবেই উদ্দীপকে 'বিলাসী' গল্পের জাতিগত বিভেদের দিকটি সাদৃশ্যপূর্ণ হয়ে উঠেছে।
'বিলাসী' গল্পে বর্ণিত হয়েছে ব্যতিক্রমধর্মী দুই মানব-মানবীর অসাধারণ প্রেমের মহিমা, যা ছাপিয়ে উঠেছে জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা। প্রেমের এই আখ্যানে সমাজের অনুদারতা ও রক্ষণশীলতা, জীবনের নিষ্ঠুর ও অশুভ চেহারা ধরা পড়েছে।
উদ্দীপকে জাতিভেদের অসারতা তুলে ধরা হয়েছে। জাতিগত ভেদাভেদের ফলে মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করা হয় না, অর্থাৎ মানবমর্যাদা এতে ক্ষুণ্ণ হয়। আর জাতিগত এই বিভেদের পেছনে কেবল কিছু মহলের স্বার্থসিদ্ধির দুরভিসন্ধি থাকে। 'বিলাসী' গল্পে জাতিভেদের এ রূপটিই স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। মৃত্যুঞ্জয় মুমূর্ষু অবস্থায় পড়ে থাকলে বিলাসী সেবাযত্ন করে তাকে সুস্থ করে তোলে। একপর্যায়ে তারা ভালোবেসে বিয়ে করে। সমাজ এই বিয়ে মেনে নিতে পারে না। কারণ বিলাসী নিচু জাতের সাপুড়ের মেয়ে। ফলে তাদের ওপর নির্যাতন চালানো হয় এবং গ্রাম ছাড়তে বাধ্য করা হয়। এ বিষয়টি উদ্দীপকের মূলভাবের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এ বিষয়টি ছাড়াও 'বিলাসী' গল্পে তৎকালীন সমাজব্যবস্থার চিত্র, মৃত্যুঞ্জয়ের খুড়ার ষড়যন্ত্র, বিলাসী চরিত্রের কর্মনিপুণতা, বুদ্ধিমত্তা ও সেবাব্রত, মৃত্যুঞ্জয়ের সমাজ ছেড়ে চলে যাওয়া, গ্রামবাসীর অমানবিকতার বিষয়গুলোও উঠে এসেছে, যেগুলো উদ্দীপকে নেই।
উদ্দীপকে জাতিভেদ সৃষ্টির কথা বলা হয়েছে। 'বিলাসী' গল্পে জাতিভেদের রূপটি স্পষ্ট হলেও এ গল্পের বড় শিক্ষা হলো অসাম্প্রদায়িক মনোভাব তৈরি ও মানবিক হওয়া। তবে গল্পের অন্যান্য বিষয় যেমন- তৎকালীন সমাজব্যবস্থা, শিক্ষাব্যবস্থা, সমাজের নানা অসংগতি, মৃত্যুঞ্জয় ও বিলাসী চরিত্রের ট্র্যাজিক পরিণতি ইত্যাদি উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
৩. উদ্দীপক
উদ্দীপকটি 'মানব-কল্যাণ' প্রবন্ধের প্রকৃত মানবকল্যাণ বা স্বাবলম্বী করার দর্শনের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
প্রবন্ধে লেখক সাময়িক সাহায্য বা ভিক্ষা দেওয়ার চেয়ে মানুষকে স্থায়ীভাবে স্বাবলম্বী করে তোলাকে বেশি গুরুত্ব দিয়েছেন।
উদ্দীপকে হাসমত মিয়া তার বন্ধু কেরামত আলীকে কেবল হাতখরচ বা সামান্য সাহায্য না দিয়ে কাজের উপযোগী উপকরণ (হালের গরু, লাঙল, জোয়াল) কিনে দিয়েছেন, যাতে সে নিজেই নিজের অবস্থার পরিবর্তন করতে পারে।
এই কর্মমুখী ও আত্মনির্ভরশীল করার মানসিকতা প্রবন্ধের মূল চেতনার প্রতিফলন।
"উদ্দীপকের মূলভাব এবং 'মানব-কল্যাণ' প্রবন্ধের মূলভাব একসূত্রে গাঁথা" উক্তিটি যথার্থ।
প্রবন্ধের প্রধান বক্তব্য হলো মানুষের কল্যাণ করতে হলে তাকে এমনভাবে সাহায্য করতে হবে যেন সে পরনির্ভরশীল না হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে।
উদ্দীপকে হাসমত মিয়া তার বন্ধুকে অকর্মণ্য বানিয়ে রাখার চেয়ে তাকে উৎপাদনে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছেন, যা প্রবন্ধের "প্রকৃত মানবকল্যাণ" ধারণার সাথে পুরোপুরি মিলে যায়।
উভয়ক্ষেত্রেই অলস দান বা সাময়িক সাহায্যের চেয়ে কর্মসংস্থান ও স্থায়ী স্বাবলম্বিতার ওপর জোর দেওয়া হয়েছে, যা একটি সুস্থ সমাজ ও মানবিক উন্নয়নের মূল ভিত্তি।
৪. উদ্দীপক
উদ্দীপক এবং 'আমার পথ' প্রবন্ধের মূল প্রতিপাদ্য বিষয় হলো 'আত্মশক্তি' বা 'আত্মনির্ভরশীলতা'।
আত্মনির্ভরশীলতার গুরুত্ব: উদ্দীপকে সক্রেটিসের উদ্ধৃতি দিয়ে নিজেকে জানার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, যা 'আমার পথ' প্রবন্ধের মূল সুর। নজরুলও প্রবন্ধে নিজের ওপর বিশ্বাস রাখতে বলেছেন এবং প্রচলিত সমাজব্যবস্থার দাসত্ব থেকে বেরিয়ে আসতে আহ্বান জানিয়েছেন।
ভয় ও দাসত্ব: উদ্দীপকে বলা হয়েছে, যারা আত্মনির্ভরশীল নয় তারা মানসিক দাসত্বের শিকার। নজরুলের প্রবন্ধে তিনি স্পষ্টভাবে বলেছেন, যে নিজের পথ নিজে চেনে না, সে অন্যের দেখানো পথে চলে নিজের ব্যক্তিত্ব বিলীন করে দেয়। উভয়েই পরনির্ভরশীলতাকে মানুষের উন্নতির পথে বড় বাধা হিসেবে চিহ্নিত করেছে।
সমাজ উন্নয়ন: উভয়ক্ষেত্রেই ব্যক্তিকেন্দ্রিক আত্মবিশ্বাসকে সমাজ ও মানবকল্যাণের পূর্বশর্ত হিসেবে গণ্য করা হয়েছে।
সমাজের উন্নয়নে উদ্দীপক এবং 'আমার পথ' প্রবন্ধের মূলবক্তব্য কতটুকু সার্থক বলে তুমি মনে কর?
আমার মতে, সমাজের সামগ্রিক উন্নয়নে উদ্দীপক এবং 'আমার পথ' প্রবন্ধের মূলবক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সার্থক।
সমাজ কোনো বিমূর্ত ধারণা নয়, বরং তা মানুষের সমষ্টি। সমাজের প্রতিটি ব্যক্তি যখন নিজের বিবেক, শক্তি ও আত্মবিশ্বাসের ওপর দাঁড়িয়ে কাজ করতে শেখে, তখনই প্রকৃত উন্নয়ন সম্ভব। 'আমার পথ' প্রবন্ধে নজরুল যে 'আমি'র জাগরণের কথা বলেছেন, তা কোনো অহংবোধ নয়, বরং নিজের ভুল-ত্রুটি স্বীকার করে সত্যের পথে চলার সাহস।
উদ্দীপকেও একইভাবে আত্মনির্ভরশীলতাকে ভয় জয়ের মাধ্যম হিসেবে দেখানো হয়েছে। সমাজ যখন অন্যের ওপর নির্ভরশীল না হয়ে স্বাবলম্বী হয়, তখন সেখানে মিথ্যে ভয় বা মানসিক দাসত্ব থাকে না। একটি জাতি বা সমাজ তখনই প্রগতির পথে এগিয়ে যায়, যখন তার প্রতিটি সদস্য নিজের দায়িত্ব নিজে গ্রহণ করে এবং সত্যের পতাকাবাহী হয়। তাই, ব্যক্তি পর্যায়ে আত্মশক্তি জাগরণের এই দর্শন সমাজ সংস্কার ও উন্নয়নের জন্য চিরন্তন ও অতীব গুরুত্বপূর্ণ।
আমায় নহে গো ভালোবাসো শুধু
ভালোবাসো মোর গান,
বনের পাখিরে কে চিনে রাখে
গান হলে অবসান।
চাঁদেরে কে চায় জোছনা সবাই যাচে
গীত শেষে বীণা পড়ে থাকে ধূলি মাঝে-
'চারিদিকে বাঁকা জল' বলতে কবি নদীর সেই জলকে বুঝিয়েছেন যা বক্র বা বাঁকানো পথে বয়ে চলে। এখানে বাঁকা জল হয়ে উঠেছে অনন্ত কালস্রোতের প্রতীক।
'সোনার তরী' কবিতায় উৎপন্ন সোনার ধানের সম্ভার নিয়ে কৃষক দ্বীপের মতো ছোট একটি ধানখেতে অপেক্ষারত। যার চার পাশে ঘূর্ণায়মান স্রোতের উদ্দামতা। নদীর বাঁকা জলস্রোতে বেষ্টিত ছোট খেতটুকু যেকোনো সময় বিলীন হয়ে যেতে পারে। এখানে বাঁকা জল কেবল প্রকৃতির সৌন্দর্যের প্রকাশ নয় বরং এটি জীবনের গতিময়তার দিককেও ইঙ্গিত করে। নদী যেমন বাঁকা পথে প্রবাহিত হয় তেমনই জীবনের পথও সব সময় সরল হয় না। জীবনকে নানা বাঁক ও প্রতিকূলতার মধ্য দিয়ে চলতে হয়।
'সোনার তরী' কবিতায় কবি জীবনদর্শনের এক বাস্তব সত্যকে তুলে ধরেছেন। সময়ের স্রোতে মানুষের জীবন ভেসে যায়। চিরন্তন সত্য মৃত্যুর মধ্যদিয়ে একসময় পৃথিবীর বুক থেকে মানুষের শারীরিক অস্তিত্ব বিলীন হয়ে যায়। কিন্তু মানুষের সৃষ্ট সোনার ফসল তথা মহৎকর্মসমূহ পৃথিবীর মানুষের মনে থেকে যায় যুগ থেকে যুগান্তরেও।
উদ্দীপকের কবিতাংশের কবি তাকে নয় বরং তার সৃষ্টকর্মকে ভালোবাসতে বলেছেন। কেননা কর্মী বা শিল্পী একসময় হারিয়ে গেলেও কর্ম বা শিল্প টিকে থাকে চিরন্তন। পৃথিবীর ক্ষণস্থায়ী জীবনে কর্মীর মূল্য না থাকলেও কর্মের মূল্য আছে। মহাকালের স্রোতে জীবন-যৌবন ভেসে যায় কিন্তু সৃষ্ট মহৎকর্ম থেকে যায়। 'সোনার তরী' কবিতায়ও কবি তাঁর উৎপন্ন সোনার ধানের মধ্য দিয়ে পৃথিবীর বুকে চিরস্থায়ীভাবে বিরাজ করতে চেয়েছেন। উদ্দীপকের কবিও তাঁর সৃষ্ট গীতের মধ্য দিয়ে চিরস্থায়ীভাবে মানুষের মধ্যে বিরাজ করতে চেয়েছেন। তাই বলা যায়, কর্মের মধ্য দিয়ে পৃথিবীতে স্থায়ীভাবে বিরাজ করার দিক থেকে 'সোনার তরী' কবিতার ধানের সাথে উদ্দীপকের গীতের তুলনা করা যায়।
মূলভাবের দিক থেকে বলা যায় "উদ্দীপকের শেষ চরণ দুটি যেন 'সোনার তরী' কবিতার জীবনদর্শনের প্রতিচ্ছবি" মন্তব্যটি 'সোনার তরী' কবিতার আলোকে যথার্থ।
'সোনার তরী' কবিতায় কবি এক জীবনসত্যকে তুলে ধরেছেন। পৃথিবীতে মানুষের জীবন ক্ষণস্থায়ী। মৃত্যুর মধ্য দিয়ে এক সময় মানুষ পৃথিবীর বুক থেকে হারিয়ে যায়। কিন্তু মানুষের সৃষ্ট মহৎকর্ম অনন্তকাল থেকে যায়। এই কর্মের মধ্য দিয়েই মৃত্যুর পরেও মানুষ পৃথিবীর বুকে মানুষের মাঝে বেঁচে থাকে।
উদ্দীপকের কবিতাংশের শেষ দুই চরণে বলা হয়েছে- সবাই চাঁদের জোছনা চাইলেও চাঁদকে কেউ চায় না এবং গীতের সময় বীণার সুরঝংকার মানুষকে আনন্দ দিলেও গীত শেষে বীণার কোনো গুরুত্ব থাকে না; সেটি পড়ে থাকে অযত্নে ও অবহেলায়। মূলত পৃথিবী কর্মের মূল্যায়ন করে, কর্মীর নয়। যার ফলে কর্ম শেষে কর্মী মূল্যহীন হয়ে পড়ে। ব্যক্তিমানুষের পরিবর্তে তার মহৎকর্মকে মনে রাখার উক্ত দিকটিই 'সোনার তরী' কবিতার মূল বিষয়।
উদ্দীপকের এই অমোঘ সত্যটি 'সোনার তরী' কবিতার মূলভাবেও তুলে ধরা হয়েছে। এখানে দেখানো হয়েছে- মহাকালের নিষ্ঠুর কালগ্রাসে একসময় মানুষের ক্ষণস্থায়ী জীবন হারিয়ে যায়। কিন্তু মানুষের সৃষ্ট সোনার ফসল তথা মহৎকর্মসমূহ থেকে যায়। এই কর্মের মধ্য দিয়ে কর্মীরা পৃথিবীর বুকে চিরন্তনভাবে বেঁচে থাকে। উদ্দীপকের কবি তাঁর গানের মাধ্যমে এবং কবিতার কবি তাঁর উৎপন্ন সোনার ফসল তথা মহৎকর্মের মধ্য দিয়ে পৃথিবীতে মৃত্যুর পরেও বেঁচে থাকতে চেয়েছেন। তাই বলা যায়, উদ্দীপকের শেষ দুটি চরণ যেন 'সোনার তরী' কবিতার জীবনদর্শনের প্রতিচ্ছবি।
৬. উদ্দীপক
'বিদ্রোহী' কবিতায় কবি সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে একাই যুদ্ধে নেমেছেন। তিনি যুদ্ধক্ষেত্রের এমন এক মহা বিদ্রোহী যিনি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে ক্লান্ত হলেও তাঁর লক্ষ্যে পৌঁছানোর আগপর্যন্ত তিনি শান্ত হবেন না। যতদিন পর্যন্ত উৎপীড়িত জনতার কান্না না থামবে ততদিন তাঁর এই বিদ্রোহী কবিসত্তা শান্ত হবে না। ফলে 'বিদ্রোহী রণক্লান্ত' বলতে তিনি নিজেকে একজন অকুতোভয় সৈনিক হিসেবে অভিহিত করেছেন।
উদ্দীপকে 'বিদ্রোহী' কবিতার কবির ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে বিদ্রোহ করার বক্তব্যটি ফুটে উঠেছে।
'বিদ্রোহী' কবিতায় কবি সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। অসত্য, অকল্যাণ, অমঙ্গল ও অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ; শৃঙ্খলপরা 'আমি" সত্তার মুক্তির জন্য বিদ্রোহ এবং স্বদেশের মুক্তির জন্য ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে বিদ্রোহ। সব ধরনের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ করে তিনি নিপীড়িত মানুষকে মুক্ত করতে চেয়েছেন।
উদ্দীপকের বক্তব্য বিষয়ে দেখা যায়, তেজস্বী কবি সুকান্ত ভট্টাচার্য ঔপনিবেশিক শাসকদের বিরুদ্ধে তার লেখনী ধারণ করেন। তিনি লেখনীর মধ্য দিয়ে মানুষকে মুক্তির বার্তা দিয়েছেন; সেই সঙ্গে দিয়েছেন স্বকীয়তা ও স্বাধীনতার স্বাদ। সুকান্ত ভট্টাচার্যের মতো কবি কাজী নজরুল ইসলামও তাঁর 'বিদ্রোহী' কবিতায় ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। তিনি দেশের সর্বস্তরের মানুষকে স্বকীয়তা ও স্বাধীনতা এনে দিতে দৃঢ় পণ করেছিলেন এবং সেই অনুযায়ী এগিয়ে গিয়েছিলেন। তাই বলা যায় উদ্দীপকে 'বিদ্রোহী' কবিতার কবির ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে বিদ্রোহ করার বক্তব্যটি ফুটে উঠেছে।
উদ্দীপক এবং 'বিদ্রোহী' কবিতায় প্রত্যেক মানুষের মধ্যে বিদ্যমান 'আমি' সত্তার বিকাশ ঘটিয়ে বিদ্রোহীসত্তার প্রকাশ দেখানো হয়েছে।
'বিদ্রোহী' কবিতায় কবি সত্য, সুন্দর ও মঙ্গলের আকাঙ্ক্ষায় বিদ্রোহ করেছেন। তাঁর বিদ্রোহ ছিল অধিকারবঞ্চিত মানুষদের অধিকার আদায়ের জন্য। তাঁর বিদ্রোহের লক্ষ্য ছিল পরাধীনতার শৃঙ্খল মোচন করে স্বাধীনতা অর্জন করা। তাই তিনি নতুন যুগের মানুষদের চিত্তজাগরণের অগ্রদূত হয়ে প্রত্যেক মানুষকে চিত্তজাগরণের মন্ত্র পাঠ করিয়েছেন।
উদ্দীপকে সুকান্ত ভট্টাচার্যের তেজস্বী লেখনীশক্তির কথা তুলে ধরা হয়েছে। কবি লেখনীশক্তির মধ্য দিয়ে ঔপনিবেশিক শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং প্রত্যেক মানুষকে সচেতন হওয়ার প্রেরণা দেন। মূলত তাঁর কবিতার দ্রোহচেতনার মধ্য দিয়ে সমাজে সচেতনতা ছড়িয়ে পড়ে। অন্যদিকে 'বিদ্রোহী' কবিতায়ও সকল অন্যায়-অবিচার ও অপশক্তির বিরুদ্ধে কবির বিদ্রোহী কবিসত্তার জাগরণ লক্ষ করা যায়।
'বিদ্রোহী' কবিতায় কবি প্রত্যেকের মাঝের 'আমি' সত্তার বিকাশ ঘটিয়ে পৃথিবী থেকে সকল যুদ্ধবিগ্রহ, অন্যায়-অত্যাচার নির্মূল করতে চেয়েছেন। তিনি শুধু নিজের মুক্তি অনুভব করেননি, তাঁর মনেপ্রাণে জেগেছে নিপীড়িত-নির্যাতিত-শোষিত মানুষদের মুক্ত করার নেশা। কবি প্রত্যেকের মাঝে বিদ্রোহীসত্তাকে সচেতন ও সজাগ করে তোলার মধ্য দিয়ে তাঁর বিদ্রোহী চেতনাকে সফল করে তুলেছেন।
৭. উদ্দীপক
"আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।"-কবিকে যে ব্যক্তি পর করে দিয়েছে তিনি তাকে আপন করে নেওয়ার জন্য ব্যাকুল হয়ে এ উক্তিটি করেছেন।
'প্রতিদান' কবিতায় কবি যেকোনো পরিস্থিতিতে ইতিবাচক প্রতিদান দেওয়ার কথা বলেছেন। তিনি প্রতিশোধ বা প্রতিহিংসাপরায়ণ না হয়ে শত্রুকে ভালোবাসা উপহার দিয়েছেন। যে কবির ঘর ভেঙে কবিকে পর করে দিয়েছে কবি তাকে আপন করে নেওয়ার জন্য পথে পথে ঘুরেছেন। তিনি অনিষ্টকারী বা শত্রুকে প্রতিদানে ভালোবাসা উপহার দিয়ে এক সুন্দর ও প্রীতিময় পৃথিবী গড়ে তুলতে চেয়েছেন।
'প্রতিদান' কবিতায় কবি নিজের ক্ষুদ্র ব্যক্তি স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতায় প্রত্যেক মানুষকে নিবেদিত হওয়ার কথা বলেছেন। যেসব মানুষ কবির ক্ষতি করে প্রতিদানে কবি তাদের ক্ষতি না করে ভালোবাসা উপহার দিয়ে উপকার করে থাকেন।
উদ্দীপকে মহানবি হযরত মুহাম্মদ (সা)-এর জীবনাদর্শ তুলে ধরা হয়েছে। তায়েফে ধর্মপ্রচার করতে গেলে তায়েফবাসী তাঁর ওপর পাথর নিক্ষেপ করে তাঁকে রক্তাক্ত করে দেয়। অত্যাচার সহ্য করেও তিনি তাদের ওপর প্রতিশোধ না নিয়ে তাদের জ্ঞান বৃদ্ধির জন্য ও তাদেরকে ক্ষমা করার জন্য প্রার্থনা করেছেন। 'প্রতিদান' কবিতায়ও কবি শত্রুর প্রতি প্রতিহিংসাপরায়ণ না হয়ে তাদের প্রতি কোমল আচরণ, করার' কথা বলেছেন। যেকোনো পরিস্থিতিতে হিংসা, ভেদাভেদ, হানাহানির বিপরীতে ভালোবাসাময় আচরণ করতে পারলে পৃথিবীতে এক প্রীতিময় পরিবেশ সৃষ্টি হবে। উদ্দীপক ও কবিতার বক্তব্য বিষয় পর্যালোচনা করে তাই বলা যায় উদ্দীপকের সাথে 'প্রতিদান' কবিতার অনিষ্টকারীকে প্রতিদানে ভালোবাসা উপহার - দেওয়ার বক্তব্যটি সাদৃশ্যপূর্ণ।
'প্রতিদান' কবিতায় কবি পৃথিবীকে আরও সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলতে চেয়েছেন। সমাজসংসারে বিদ্যমান হিংসা-বিভেদ, হানাহানি দূর করে সুন্দর ও কল্যাণময় পৃথিবী গড়ে তুলতে হলে মানুষে মানুষে প্রীতিময় সম্পর্ক গড়ে তোলা অপরিহার্য।
উদ্দীপকে মহানবি হযরত মুহাম্মদ (স)-এর মানবিক গুণাবলির দিকটি তুলে ধরা হয়েছে। তিনি মানুষের কাছে নির্যাতিত ও রক্তাক্ত হয়েও তাদের প্রতি প্রতিশোধপরায়ণ হয়ে ওঠেননি। নানা রকম অত্যাচার সহ্য করেও তিনি তাঁর অনিষ্টকারীদের মঙ্গলের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন।
উদ্দীপকের এই ভাবার্থ 'প্রতিদান' কবিতার মূলভাবেও প্রস্ফুটিত হয়ে উঠেছে। কবি বন্ধু ও শত্রু সবাইকে আপন করে নেওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছেন। যারা কবিকে কটু কথা বলেছে, তাঁর সঙ্গে নির্দয় ব্যবহার করেছে এবং তাঁর অনিষ্ট করেছে তিনি তাদের প্রতিদানে উপকার করে ভালোবাসা উপহার দিয়েছেন। কবি মনে করেন, বর্তমান নেতিবাচক সমাজব্যবস্থা ভালোবাসার মাধ্যমে বদলে দিয়ে একটি সুখী, সুন্দর ও প্রীতিময় সমাজ গঠন করতে হবে যা সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই বলা যায়, একটি সুখী ও সুন্দর সমাজ গঠনে প্রিতিদান' কবিতার ভাবার্থ ও উদ্দীপকের ভাবার্থের সমন্বয়সাধন অপরিহার্য।
৮. উদ্দীপক
'লালসালু' উপন্যাসের শেষাংশে দেখা যায়, মহব্বতনগরে শিলাবৃষ্টিতে ধানখেত ধ্বংসস্তূপে পরিণত হয়। সেই ধানখেত দেখে সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তাদের দৃষ্টিতে কোনো ভাব বা উদ্দেশ্য পরিলক্ষিত হয় না। এই পরিস্থিতিতে মজিদ সবাইকে খোদার ওপর বিশ্বাস রাখতে বলে। তখন সবার দৃষ্টি দেখে মনে হয় যেন তাদের চোখের মধ্যে আশা ও বিশ্বাসের দৃঢ়তা প্রতিষ্ঠিত হয়ে আছে।
'লালসালু' উপন্যাসের পটভূমি হচ্ছে মহব্বতনগর গ্রাম। শস্যহীন জনবহুল অঞ্চল থেকে নিজের অস্তিত্ব রক্ষার তাগিদে এ গ্রামে এসে আশ্রয় নেয় মজিদ। তবে সুচতুর মজিদ নিজের কূটকৌশল প্রয়োগ করে একটি পরিত্যক্ত প্রাচীন কবরকে কেন্দ্র করে ধর্মব্যাবসা গড়ে তুলে নিজের স্বার্থ হাসিল করে নেয়।
উদ্দীপকে দেখা যায় নাজিরপুর এলাকার বাসিন্দা হাকিম জীবন-জীবিকার তাগিদে শহরে গিয়ে রিকশা চালানো শুরু করে। তবে ক্রমেই অবৈধ ব্যাবসার সঙ্গে যুক্ত হয়ে সে প্রতিপত্তির মালিক হয়ে ওঠে। উদ্দীপকের হাকিমের মতো 'লালসালু' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদও প্রতারণার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করে। মহব্বতনগর গ্রামের মানুষের সরল ধর্মবিশ্বাসকে পুঁজি করে সে ক্রমেই গ্রামের কর্তাব্যক্তি হয়ে ওঠে। এভাবে মাজারের ভয় দেখিয়ে অন্যায়ভাবে নিজের প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি করে। তাই বলা যায়, উদ্দীপকের সাথে 'লালসালু' উপন্যাসের মজিদের আত্মপ্রতিষ্ঠার দিকটি সাদৃশ্যপূর্ণ।
অবস্থানগত দিক থেকে বলা যায় “উদ্দীপকের হাকিম এবং 'লালসালু' উপন্যাসের মজিদ উভয়ের মধ্যেই অস্তিত্ববাদী চেতনা প্রতিফলিত" মন্তব্যটি যথার্থ।
'লালসালু' উপন্যাসে অস্তিত্ববাদী চেতনা প্রতিফলিত হয়েছে। শস্যহীন জনবহুল অঞ্চল থেকে দুবেলা দুমুঠো খেয়ে বাঁচার জন্য মজিদের মতো মানুষরা দূরদূরান্তে ছড়িয়ে পড়ে। জীবিকার তাগিদে তারা যেকোনো বৈধ-অবৈধ পথ বেছে নিতে দ্বিধা করে না।
উদ্দীপকের ঘটনাংশে দেখা যায়, নদীভাঙনে সর্বস্বান্ত হয়ে হাকিম জীবিকার তাগিদে শহরে গিয়ে রিকশা চালানো শুরু করে। তবো অধিক সম্পদের আশায় সে জড়িয়ে পড়ে অবৈধ ব্যাবসার সঙ্গে। জীবিকার তাগিদে অবৈধ ব্যাবসার সঙ্গে জড়িত হওয়ার পেছনে তার মধ্যে কাজ করেছে নিজের অস্তিত্বকে রক্ষা করার তাগিদ, যা "লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রে সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
'লালসালু' উপন্যাসে দুনিয়ায় সচ্ছলভাবে বাঁচার জন্য মজিদ যে খেলা খেলতে শুরু করে তা ছিল সাংঘাতিক। মজিদের মনে ভয় ছিল। কিন্তু নিজের অস্তিত্ব রক্ষার তাড়নায় সে ভয়কে উপেক্ষা করে প্রতারণার জাল বিস্তার করে। সে মনে করে- পৃথিবীতে অস্তিত্ব রক্ষার অধিকার তার আছে, হোক সেটা অবৈধ পথ, সেটি তার কাছে বিবেচ্য নয়। তাই সে গ্রামের মানুষের অজ্ঞতা ও কুসংস্কারছন্নতাকে পুঁজি করে ধর্মব্যাবসা গড়ে তোলে। এখানে উদ্দীপকের হাকিম ও মজিদের অবৈধ পথে পা বাড়ানোর ক্ষেত্রে অস্তিত্ব রক্ষার তাগিদ সর্বাধিক সক্রিয় ভূমিকা পালন করেছে। পরিশেষে তাই বলা যায়, উদ্দীপকের হাকিম এবং 'লালসালু' উপন্যাসের মজিদ উভয়ের মধ্যেই অস্তিত্ববাদী চেতনা প্রতিফলিত।
৯. উদ্দীপক
'লালসালু' উপন্যাসের ঘটনাংশে মজিদ মহব্বতনগরের আহত লোকদের দেখতে করিমগঞ্জ হাসপাতালে যায়। অসুস্থ লোকদের দেখাশোনা করে গ্রামে ফিরে এসে মজিদ গুরুতর আহত কালু মিয়ার বাপকে বলে, সেখানে তার ছেলের সেবা-যত্ন ও ওষুধ-প্রথ্যের কোনো অভাব নেই। কারণ হাসপাতালের ডাক্তার তার মুরিদ। এ কথাটা অবশ্য মিথ্যা, তবু মজিদ জেনে-শুনে মিথ্যা কথা বলো। কারণ তার মতে, দুনিয়াটা বড় বিচিত্র জায়গা। এখানে সময়ে-অসময়ে মিথ্যা কথা না বললে চলে না।
'লালসালু' উপন্যাসের মজিদের সব শক্তির উৎস হচ্ছে মোদাচ্ছের পিরের মাজার। একটি পরিত্যক্ত প্রাচীন কবরকে মাজার বানিয়ে এর ভয় দেখিয়ে মজিদ ধর্মব্যাবসা শুরু করে। অশিক্ষা, অসচেতনতা ও কুসংস্কারের কারণে গ্রামের সহজ-সরল মানুষ সহজেই তার প্রতারণার ফাঁদে পা দিয়ে দিনের পর দিন শোষিত হতে থাকে।
উদ্দীপকের ঘটনায় দেখা যায়, সুন্দরলাল গ্রামের অশিক্ষিত অসহায় মানুষদের সরল ধর্মবিশ্বাসকে পুঁজি করে নিজের স্বার্থসিদ্ধি করে নেয়। মানুষের। সরল ধর্মবিশ্বাসকে পুঁজি করে তাদের বশ করে নেয় এবং শিং বোঙ্গার দৈববাণীর ভয় দেখিয়ে অসহায় মানুষদের কুলির কাজ করতে বাধ্য করে সে। সুন্দরলালের মতো 'লালসালু' উপন্যাসের মজিদও মানুষের ধর্মবিশ্বাসকে পুঁজি করে মোদাচ্ছের পিরের মাজারের ভয় দেখিয়ে নিজের শাসন ও শোষণ প্রতিষ্ঠা করে। তার সকল শক্তির উৎস হয়ে ওঠে মাজারটি, যা উদ্দীপকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের দৈববাণীর সাথে 'লালসালু' উপন্যাসের মোদাচ্ছের পিরের মাজারের সাদৃশ্য রয়েছে।
'লালসালু' উপন্যাসের পটভূমি রচিত হয়েছে মহব্বতনগর গ্রামকে কেন্দ্র করে। এ গ্রামের মানুষজন শিক্ষার আলো থেকে বঞ্চিত হওয়ার কারণে কুসংস্কারাচ্ছন্ন। যার ফলে তারা সহজেই স্বার্থান্বেষী মানুষদের দ্বারা প্রতারিত হয়ে থাকে।
উদ্দীপকের ঘটনাংশে দেখা যায়, সাঁওতাল পরগনার মানুষদের অসহায়ত্বের সুযোগ নিয়ে সুন্দরলাল নিজের স্বার্থসিদ্ধি করেছে। সে অশিক্ষিত ও অসহায় মানুষদের দৈববাণীর ভয় দেখিয়ে আসামের চা বাগানে কুলির কাজ করতে যেতে বাধ্য করেছে। গ্রামের কুসংস্কারাছন্ন মানুষরা সরল মনে তাকেই বিশ্বাস করেছে। অন্যদিকে 'লালসালু' উপন্যাসের মজিদ গ্রামে প্রবেশ করে একটি পরিত্যক্ত কবরকে মাজার বানিয়ে ভয় দেখায়। গ্রামবাসীরাও সরল মনে বিশ্বাস করে প্রতারিত হয়েছে।
'লালসালু' উপন্যাসে মহব্বতনগর গ্রামের মানুষজন কুসংস্কারে আচ্ছন্ন থাকার কারণে মজিদের প্রতারণার জালে সহজেই পা দিয়েছে। মজিদ তাদের অশিক্ষা, অজ্ঞতা, অসচেতনতা ও অসহায়দের সুযোগ নিয়ে নিজের অবস্থান সুদৃঢ় করার পাশাপাশি প্রভাব-প্রতিপত্তির মালিক হয়ে উঠেছে। তাই সার্বিক দিক পর্যালোচনায় বলা যায়, উদ্দীপকের সাঁওতাল পরগনার মানুষগুলো যেন মহব্বতনগরের গ্রামবাসীর প্রতিনিধি।
১০. উদ্দীপক
"ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের লোকের পক্ষে সবই - সম্ভব”- নবাব সিরাজউদ্দৌলা বিশ্বাসঘাতক মিরজাফরের অপকর্ম প্রসঙ্গে এ কথাটি বলেছেন।
'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজউদ্দৌলার রাজ-অমাত্যরা নবাবকে রক্ষায় জীবন উৎসর্গ করবেন বলে পবিত্র ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ করেছিলেন। কিন্তু তাদের অনেকেই নবাবকে পরাজিত করতে ইংরেজদের সঙ্গে গোপনে ষড়যন্ত্র করেছিলেন। এই ষড়যন্ত্রের মূল হোতা হচ্ছেন প্রধান সেনাপতি মিরজাফর। অমাত্যদের এই বিশ্বাসঘাতকতার দিকটিই প্রশ্নোক্ত মন্তব্যে প্রকাশ পেয়েছে।
'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজের শোচনীয় পরাজয়ের চিত্র তুলে ধরা হয়েছে। নিজের কাছের লোকদের বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্রের কারণে পলাশির যুদ্ধে মর্মান্তিকভাবে পরাজয় মেনে নিতে হয় বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে।
উদ্দীপকে দেখা যায়, মৃত্যুর পূর্বে মিলি ও লিলির বাবা সম্পত্তির কিছু অংশ লিলিকে দান করে যান। বিষয়টি মিলি মেনে নিতে পারেনি। সম্পত্তির জন্য লিলির প্রতি সে প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে এবং তার একমাত্র ছেলেকে মেরে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত হয়। উদ্দীপকের মিলি চরিত্রের কুটিলতা 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘসেটি বেগমের মধ্যেও লক্ষণীয়। ছোট বোন আমিনার পুত্র সিরাজউদ্দৌলা নবাব হলে ঘসেটি বেগম বিষয়টি মেনে নিতে না পেরে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। নিজের পালিত পুত্র শওকতজঙ্গকে সিংহাসনে বসানোর জন্য দেশি-বিদেশি শক্তির সঙ্গে হাত মেলান। তাই বলা যায়, উদ্দীপকের মিলি চরিত্রের সাথে ঘসেটি বেগম চরিত্রের মিল রয়েছে।
'সিরাজউদ্দৌলা' নাটকে সিরাজের পতন নিশ্চিত করার জন্য তার নিকটতম আত্মীয়স্বজনরাই বিশ্বাসঘাতকতা করে। সিরাজের আপন খালা ঘসেটি বেগম ও প্রধান সেনাপতি মিরজাফর ষড়যন্ত্রের জাল বিস্তার করে বহিঃশক্তি তথা ইংরেজদের সঙ্গে হাত মেলান। আপনজনদের এ বিশ্বাসঘাতকতায় পরাজয় কেবল সময়ের ব্যবধান হয়ে ওঠে নবাব সিরাজের তথা বাংলার।
উদ্দীপকে একটি পারিবারিক ঘটনাকে তুলে ধরা হয়েছে। যেখানে লিলিকে তার পিতা সম্পত্তির কিছু অংশ দান করে দিলে আরেক বোন মিলি তা মেনে নিতে না পেরে ভীষণ গোলযোগের সৃষ্টি করে। একপর্যায়ে সে প্রতিশোধপরায়ণ হয়ে লিলির একমাত্র সন্তানকে হত্যা করার মতো ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। অন্যদিকে 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মূল লক্ষ্য ছিল নবাবের সিংহাসন দখল করা।
অন্যদিকে 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘটনা সম্পূর্ণ রাজনৈতিক। বৃহত্তর পরিসরে একটি দেশের শাসনক্ষমতা এবং সেই দেশের নবাবের বিরুদ্ধে ঘটে যাওয়া ষড়যন্ত্রের কথা তুলে ধরা হয়েছে এ নাটকে। * বাংলার নবাব সিরাজউদ্দৌলা তাঁর আপনজনদের বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্রের কারণে পলাশির যুদ্ধে ইংরেজদের কাছে শোচনীয়ভাবে - পরাজয়বরণ করেন। পলাশির যুদ্ধের এই করুণ পরিণতি নিয়ে গড়ে উঠেছে 'সিরাজউদ্দৌলা' নাটকের কাহিনি। তাই বলা যায়, উদ্দীপকের দ্বন্দ্ব পারিবারিক কিন্তু 'সিরাজউদ্দৌলা' নাটকের দ্বন্দ্ব রাজনৈতিক।
১১. উদ্দীপক
আপন খালা ঘসেটি বেগমের প্রতি কঠোর আচরণের জন্য স্ত্রী লুৎফুন্নেসা অনুযোগ করলে, আক্ষেপ ও অভিমান নিয়ে নবাব সিরাজউদ্দৌলা প্রশ্নোক্ত কথাটি বলেছিলেন।
'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজ জানতে পারেন যে তাঁর আপন খালা ঘসেটি বেগম তাঁর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তাই বাধ্য হয়ে নবাব মতিঝিল প্রাসাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে খালাকে নিজ প্রাসাদে নজরবন্দি করে রাখেন। খালার প্রতি এমন রূঢ় আচরণের কারণে স্ত্রী লুৎফুন্নেসাও যখন নবাবকে ভুল বুঝতে শুরু করেন এবং এই কাজের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন, তখন অসহায় নবাব আক্ষেপ করে উক্তিটি করেছিলেন।
উদ্দীপকের প্রতিপক্ষের লোকজন 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলার বিরোধী পক্ষ অর্থাৎ ইংরেজ বেনিয়া ও তাদের দেশীয় দোসর মিরজাফর-মিরন-মোহাম্মদী বেগের মতো নিষ্ঠুর ও স্বার্থান্বেষী চরিত্রগুলোর সাথে সাদৃশ্যপূর্ণ।
'সিরাজউদ্দৌলা' নাটকে দেখা যায়, বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ইংরেজদের সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয় মিরজাফর, ঘসেটি বেগম, রাজবল্লভ, জগৎশেঠ প্রমুখ। তাদের চরম বিশ্বাসঘাতকতার কারণে পলাশির যুদ্ধে নবাবের শোচনীয় পরাজয় ঘটে। পরবর্তীতে এই প্রতিপক্ষ অর্থাৎ মিরজাফরের পুত্র মিরনের আদেশে মোহাম্মদী বেগ নবাব সিরাজকে নির্মমভাবে হত্যা করে এবং বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়।
উদ্দীপকের রমিজ দেশমাতৃকার টানে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, কিন্তু প্রতিপক্ষের লোকজন তা জানতে পেরে চরম প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে। তারা রমিজের ভিটেমাটি পুড়িয়ে দেয় এবং তার পরিবারের সদস্যদের নদীর তীরে নিয়ে নির্মমভাবে হত্যা করে। নাটকের প্রতিপক্ষ ইংরেজ ও মিরন-মোহাম্মদী বেগরা যেমন স্বার্থান্ধ হয়ে বাংলার নবাবকে হত্যা করে চরম সর্বনাশ ঘটিয়েছিল, উদ্দীপকের প্রতিপক্ষরাও ঠিক একইভাবে রমিজের পরিবারের ওপর নির্মম ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তাই নিষ্ঠুরতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের দিক থেকে উভয় ক্ষেত্রে প্রতিপক্ষের লোকজন সম্পূর্ণ সাদৃশ্যপূর্ণ।
"স্বার্থপরতা সর্বনাশের কারণ"— উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটকের আলোকে করা এই মন্তব্যটি ঐতিহাসিক ও যৌক্তিক দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ যথার্থ।
'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজের পতনের মূল কারণ ছিল তাঁর ঘনিষ্ঠজনদের চরম স্বার্থপরতা ও বিশ্বাসঘাতকতা। সিংহাসনের লোভে মিরজাফর, সম্পদের লোভে উমিচাঁদ ও জগৎশেঠ এবং ক্ষমতার লোভে ঘসেটি বেগম দেশ ও জাতির বৃহত্তর স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ইংরেজদের সাথে হাত মেলায়। তাদের এই ব্যক্তি-স্বার্থপরতার চূড়ান্ত পরিণতি হিসেবে নবাব সিরাজকে নির্মমভাবে প্রাণ দিতে হয় এবং গোটা বাংলা দুইশ বছরের জন্য পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়।
উদ্দীপকেও স্বার্থান্ধ ও নিষ্ঠুর প্রতিপক্ষ শ্রেণির ধ্বংসাত্মক কর্মকাণ্ডের চিত্র ফুটে উঠেছে। দেশপ্রেমিক রমিজ যখন দেশের জন্য যুদ্ধে যায়, তখন স্বাধীনতাবিরোধী প্রতিপক্ষরা নিজেদের হীন স্বার্থ রক্ষার্থে রমিজের ওপর প্রতিশোধ নেয়। তারা চরম নিষ্ঠুরতার পরিচয় দিয়ে রমিজের বাড়িঘর পুড়িয়ে দেয় এবং তার পরিবারের নিরীহ সদস্যদের নির্মমভাবে হত্যা করে। এই প্রতিপক্ষদের স্বার্থপরতা ও নিষ্ঠুরতার কারণেই রমিজের পরিবারটি ধ্বংসের মুখে পতিত হয়।
'সিরাজউদ্দৌলা' নাটকের অমাত্যবর্গ নিজেদের স্বার্থসিদ্ধির জন্য নবাবের সাথে বেইমানি করে যেমন গোটা বাংলার সর্বনাশ ডেকে এনেছিল, উদ্দীপকের প্রতিপক্ষরাও নিজেদের হীন স্বার্থে রমিজের সাজানো সংসারকে ধ্বংস করে দিয়েছিল। ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থপরতা যে সবসময়ই ব্যক্তি, সমাজ বা রাষ্ট্রের জন্য ভয়াবহ ধ্বংস বা সর্বনাশ ডেকে আনে, তা উভয় ক্ষেত্রেই সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। সুতরাং সার্বিক বিশ্লেষণে বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি শতভাগ সঠিক ও তাৎপর্যপূর্ণ।