১. উদ্দীপক
"আমি বুঝিলাম, বিষহরির দোহাই বুঝি আর খাটে না।"-মৃত্যুঞ্জয়ের মৃত্যু আসন্ন বুঝতে পেরে ন্যাড়া আলোচ্য মন্তব্যটি করেছে।
'বিলাসী' গল্পে বিষহরি হলেন দেবী মনসা, দোহাই হলো তার নামে পড়া মন্ত্র। বেদে সম্প্রদায় সরল গ্রাম্য জনগোষ্ঠীর কাছে দেবী মনসার নামে মন্ত্র পড়ে বিষাক্ত সাপের বিষ ঝাড়ার মিথ্যা আশ্বাস দেয়। ন্যাড়া সেই কথা বিশ্বাস করে নিয়েছিল। কিন্তু শত মন্ত্র পড়েও সাপে-কাটা মৃত্যুঞ্জয়ের যখন সুস্থ হওয়ার কোনো লক্ষণ দেখা দিল না, তখন মনসা দেবীর সেই মন্ত্রের ওপর থেকে ন্যাড়ার বিশ্বাস উঠে যায়।
কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি ও বর্ণপ্রথার ঘৃণ্য প্রচলনের দিক থেকে উদ্দীপকের রামমোহন রায়ের সমকালীন সমাজের সঙ্গে 'বিলাসী' গল্পের সাদৃশ্য রয়েছে।
'বিলাসী' গল্পে লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তৎকালীন হিন্দু সমাজে প্রচলিত ধর্মীয় কুসংস্কার, বর্ণপ্রথাকে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন। দুজন নর-নারীর প্রেমের মধ্য দিয়ে তিনি সমাজের অনুদারতা ও রক্ষণশীলতা, জীবনের নিষ্ঠুর ও অশুভ চেহারা ফুটিয়ে তুলেছেন।
উদ্দীপকের রাজা রামমোহন রায় তাঁর সমকালে প্রচলিত সমাজের গোঁড়ামি, অন্ধবিশ্বাস ও জাতিভেদসহ নানা কুপ্রথাকে তীব্র ভাষায় শ্লেষ করেছেন। একটি মানবিক ও বিজ্ঞানমনস্ক সমাজ গড়ে তোলার জন্য তিনি এসব কুপ্রথার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলেন। 'বিলাসী' গল্পেও তৎকালীন সমাজের কুসংস্কারাচ্ছন্নতা, গোঁড়ামি, নারীর প্রতি সহিংসতা, বর্ণপ্রথার নির্মম রূপ প্রকাশ পেয়েছে। এদিক থেকে উভয় সমাজে সাদৃশ্য বিদ্যমান।
পরিণতির দিক বিবেচনায় "রামমোহনের কাঙ্ক্ষিত মানবিক ও বিজ্ঞানমনষ্ক সমাজ প্রতিষ্ঠা সম্ভব হলে বিলাসী ও মৃত্যুঞ্জয়ের জীবনের এমন করুণ পরিণতি হতো না" মন্তব্যটি যথার্থ।
'বিলাসী' গল্পে বর্ণিত হয়েছে সামাজিক কুসংস্কার, বর্ণ ও জাতিভেদ প্রথার দরুন মৃত্যুঞ্জয় ও বিলাসীর করুণ পরিণতি। নিচু জাতের মেয়ে বিলাসীর হাতের রাঁধা ভাত খেয়ে মৃত্যুঞ্জয়ের জাতভঙ্গ হয়েছে বলে সমাজের লোকজন বিলাসীকে মেরে তাড়িয়ে দেয়।
উদ্দীপকে রাজা রামমোহন রায় তৎকালীন সমাজে প্রচলিত কুসংস্কার, গোঁড়ামি, অন্ধবিশ্বাস ও জাতিভেদ প্রথার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলেন। একটি বিজ্ঞানমনস্ক মানবিক সমাজ গঠনের প্রধান অন্তরায় এ ধরনের অন্ধবিশ্বাস ও কুপ্রথা। তাই তিনি সমাজ থেকে এগুলো উচ্ছেদের আন্দোলন গড়ে তোলেন। রামমোহন রায়ের কাঙ্ক্ষিত সমাজব্যবস্থা গড়ে উঠলে 'বিলাসী' গল্পের বিলাসী ও মৃত্যুঞ্জয়ের জাতভেদ প্রথার শিকার হতে হতো না। তাদের পরিণতি হয়তো অন্যরকম হতে পারত।
'বিলাসী' গল্পের রক্ষণশীল সমাজব্যবস্থায় নিচু জাতের হাতে রাঁধা ভাত খেলেই জাতভঙ্গ ও অন্নপাপের কুসংস্কার লেপ্টে দেওয়া হতো। এ জাতভঙ্গের ব্যাপারে সমাজের লোকজন নারীর প্রতি সহিংস হতেও দুবার ভাবেনি। শেষে মৃত্যুঞ্জয় নিজের পিতৃ জাত বিসর্জন দিয়ে শ্বশুরের সাপুড়ে বৃত্তি গ্রহণ করে। উদ্দীপকের রাজা রামমোহন রায়ের কাঙ্ক্ষিত বিজ্ঞানমনস্ক সমাজব্যবস্থা চালু হলে মৃত্যুঞ্জয় বিলাসীকে নিয়ে পিতৃভিটায় বৃহৎ আমবাগান বন্ধক দিয়ে দিব্যি খেয়ে-পরে বেঁচে থাকতে পারত। সাপের দংশনে অকালে তাকে প্রাণ দিতে হতো না। হয়তো বিলাসীও স্বেচ্ছামৃত্যু গ্রহণ করত না। তাই বলা যায় যে, আলোচ্য মন্তব্যটি যুক্তিযুক্ত।
২. উদ্দীপক
উদ্দীপকটির সাথে 'আমার পথ' প্রবন্ধের ভাবনা বেশ কয়েকটি দিক থেকে সাদৃশ্যপূর্ণ:
অন্যায় ও অসংগতির প্রতিবাদ: উদ্দীপকে সকল প্রকার অন্যায়, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলা হয়েছে, যা 'আমার পথ' প্রবন্ধের মূল চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ।
অসত্যের বিরুদ্ধে অবস্থান: উদ্দীপকে "আমি কোনো অসত্যের কাছে মাথা নত করব না"—এই দৃপ্ত অঙ্গীকারটি নজরুলের প্রবন্ধের 'আমি'র আত্মশক্তির প্রকাশকে প্রতিফলিত করে।
স্বাধীন চেতনার বহিঃপ্রকাশ: উভয়ক্ষেত্রেই ব্যক্তিকেন্দ্রিক সাহসিকতা এবং নিজের ওপর অটুট বিশ্বাসের জয়গান গাওয়া হয়েছে।
"উদ্দীপকে 'আমার পথ' প্রবন্ধের লেখকের সম্পূর্ণ মনোভাবের প্রতিফলন ঘটেনি"
মন্তব্যটি যথার্থ ও যৌক্তিক। কারণ:
উদ্দীপকটি মূলত বিদ্রোহ, অন্যায় ও অসত্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ওপর জোর দিয়েছে, যা নজরুলের বক্তব্যের একটি অংশ মাত্র।
'আমার পথ' প্রবন্ধে লেখক কেবল বিদ্রোহের কথাই বলেননি, বরং তিনি আত্মভুল স্বীকার করার সাহস, অন্যের ওপর নির্ভর না করার শিক্ষা এবং নিজের ভেতরের পরম সত্যকে চেনার গভীর দর্শনের কথাও বলেছেন।
নজরুলের প্রবন্ধের মূল দর্শনের একটি বড় দিক হলো 'আমি'-কে চেনা ও আত্মিক শুদ্ধি, যা উদ্দীপকের সংকুচিত বিদ্রোহের ধারণায় পূর্ণরূপে উঠে আসেনি।
সুতরাং, উদ্দীপকটি কেবল প্রবন্ধের বিদ্রোহী চেতনার একাংশকে ধারণ করে, কিন্তু লেখকের সামগ্রিক ও মানবিক দর্শনের পূর্ণাঙ্গ প্রতিফলন এখানে ঘটেনি।
৩. উদ্দীপক
মানুষের মানবিক বৃত্তির বিকাশ ও মানুষ হিসেবে মর্যাদাপূর্ণভাবে বেড়ে ওঠার উপযুক্ত কেন্দ্র বা পরিবেশ গড়ে তোলাই মানবকল্যাণের প্রাথমিক সোপান।
শুধু অর্থদান নয়, শিক্ষা, অধিকার ও আত্মশক্তির বিকাশের সুযোগ সৃষ্টি করলে মানুষ নিজের সামর্থ্যে জীবন পরিচালনা করতে পারে। এ রকম বিকাশের ভিত্তি তৈরি করাই প্রকৃত কল্যাণের প্রথম ধাপ।
কালাম সাহেবের দান-খয়রাত সাময়িক সাহায্য করলেও তা প্রবন্ধে আলোচিত প্রকৃত মানবকল্যাণের পূর্ণ ধারণার সঙ্গে সাদৃশ্যপূর্ণ নয়।
প্রবন্ধে মানুষের মর্যাদা ও আত্মনির্ভরতা প্রতিষ্ঠাকে গুরুত্ব দেওয়া হয়েছে। সমস্যার মূল কারণ দূর না করে কেবল অনুদান দিলে মানুষ সাহায্যের ওপর নির্ভরশীল থেকে যায়।
হরিপুরের মূল সমস্যা জলাবদ্ধতা। কালাম সাহেব আর্থিক সাহায্য দিলেও পানি নিষ্কাশনের ব্যবস্থা করেননি; ফলে মানুষের স্বাভাবিক জীবিকা ফিরে আসে না। তাই তাঁর সদিচ্ছা মূল্যবান হলেও কাজটি টেকসই কল্যাণের ঘাটতি পূরণ করে না।
জামাল সাহেবের কর্মকাণ্ডে ‘মানব-কল্যাণ’ প্রবন্ধের লেখকের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে—মন্তব্যটি যথার্থ।
প্রকৃত মানবকল্যাণ মানুষের অধিকার, মর্যাদা ও কর্মক্ষমতা প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত। শুধু করুণাবশত সাহায্য না দিয়ে সমস্যার স্থায়ী সমাধানের পথ তৈরি করলে মানুষ নিজের শক্তিতে বাঁচতে শেখে।
জামাল সাহেব প্রকৌশল প্রতিষ্ঠানের মাধ্যমে পয়ঃনিষ্কাশনব্যবস্থা তৈরি করে জলাবদ্ধতা দূর করেন। এতে গ্রামের মানুষ সারা বছর চাষ করতে পারে; অন্যের আর্থিক সাহায্যের প্রয়োজনও থাকে না। অর্থাৎ তিনি দুর্দশার মূল কারণ দূর করে উৎপাদন ও জীবিকার সুযোগ ফিরিয়ে দিয়েছেন।
অতএব তাঁর উদ্যোগ সাময়িক দানের তুলনায় অধিক টেকসই এবং গ্রামবাসীর আত্মমর্যাদাপূর্ণ স্বনির্ভর জীবন প্রতিষ্ঠায় সহায়ক। এ কারণেই তা প্রাবন্ধিকের প্রকৃত মানবকল্যাণের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে।
৪. উদ্দীপক
"তারাও তাকে চেনে এবং তার ওপর তাদের আস্থাও কম নয়।"- উক্তিটি দ্বারা ছদ্মবেশী কুলিদের সঙ্গে নুরুল হুদার আঁতাঁতের অভিযোগকে বোঝানো হয়েছে।
'রেইনকোট' গল্পে নুরুল হুদার সঙ্গে গেরিলা আক্রমণে অংশ নেওয়া মুক্তিযোদ্ধাদের আঁতাঁত থাকার সন্দেহে তাকে ধরে নিয়ে গিয়ে অকথ্য নির্যাতন করা হয়। কলেজের আলমারি বয়ে আনার কাজে নিয়োজিত কুলিরা ছিল ছদ্মবেশী মুক্তিযোদ্ধা। তারা ধরা পড়ে নাকি নুরুল হুদার সঙ্গে তাদের সম্পর্ক থাকার কথা স্বীকার করেছে। আলোচ্য বাক্যটি দ্বারা এটিই বোঝানো হয়েছে।
পঁচিশে মার্চের গণহত্যা ও ধ্বংসযজ্ঞের দিক থেকে উদ্দীপকের সঙ্গে 'রেইনকোট' গল্পের তুলনামূলক সাদৃশ্য রয়েছে।
'রেইনকোট' গল্পে নুরুল হুদার জবানিতে বর্ণিত হয়েছে। মুক্তিযুদ্ধকালীন হত্যাকান্ড ও ধ্বংসযজ্ঞের চিত্র। পাকিস্তানি বাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যাযজ্ঞের মধ্যে ঢাকা শহরের মানুষের জীবন ছিল আতঙ্কগ্রস্ত। গল্পে নুরুল হুদা প্রসঙ্গত পাঁচিশে মার্চ রাতের হত্যাযজ্ঞের কথাও স্মরণ করেন।
উদ্দীপকে বর্ণিত হয়েছে ১৯৭১ সালের পঁচিশে মার্চ কালরাতে হানাদার বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যা ও ধ্বংসযজ্ঞের চিত্র। পরদিন ছাব্বিশে মার্চ দিনের বেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা ও পুলিশ লাইন এলাকায় আগুন জ্বলছিল। 'পুরো ঢাকায় ধ্বংসযজ্ঞ ছেয়ে গিয়েছিল। যেখানে সেখানে পড়ে ছিল মৃতদেহ। 'রেইনকোট' গল্পে নুরুল হুদা তখন স্ত্রী-সন্তান নিয়ে মগবাজারে একটা বাসায় ছিলেন। সেই রাতে গুলির শব্দ শুনে তারা সপরিবারে খাটের নিচে আশ্রয় নেন। ভোররাতে আজান দেওয়ার সময় মিলিটারি মুয়াজ্জিনকে গুলি করে হত্যা করে। এভাবেই পঁচিশে মার্চের ধ্বংসযজ্ঞ উদ্দীপক ও 'রেইনকোট' গল্পকে সাদৃশ্যব্যঞ্জক করে তুলেছে।
কেবল পাকিস্তানি বাহিনীর বর্বরতার চিত্র ফুটে ওঠায় “উদ্দীপকটি 'রেইনকোট' গল্পের সমগ্র ভাব ধারণ করেনি" মন্তব্যটি যথার্থ।
'রেইনকোট' গল্পে নুরুল হুদার জবানিতে বর্ণিত হয়েছে মুক্তিযুদ্ধের সমাপ্তিলগ্নে ঢাকা শহরের আমূল চিত্র। এ গল্পে পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচারের চিত্র যেমন রয়েছে তেমনই রেইনকোটের প্রতীকে আরও নানা বিষয় উঠে এসেছে। মুক্তিযোদ্ধা শ্যালক মিন্টুর রেইনকোট গায়ে দিয়ে ভীরু প্রকৃতির মানুষ নুরুল হুদার মধ্যে যে সাহসিকতার সঞ্চার হয়েছে তা গল্পের অন্যতম একটি দিক।
উদ্দীপকে বর্ণিত হয়েছে পঁচিশে মার্চ কালরাতের ধ্বংসযজ্ঞ ও গণহত্যার চিত্র। তারই রেশ ধরে ছাব্বিশে মার্চ দিনের বেলায় 'ঢাকা বিশ্ববিদ্যালয়, পুলিশ লাইন ও পিলখানা এলাকায় আগুনের কুণ্ডলী দেখা যায়। পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে নিরীহ-নিরস্ত্র মানুষের লাশ পড়ে ছিল যেখানে সেখানে। উদ্দীপকের এই বর্ণনার সঙ্গে 'রেইনকোট' গল্পে বর্ণিত হানাদার বাহিনীর অত্যাচারের মিল রয়েছে। তবে গল্পের পরিধি আরও ব্যাপক।
উদ্দীপকে পঁচিশে মার্চের গণহত্যা ও ধ্বংসযজ্ঞের যে চিত্র বর্ণিত হয়েছে তা 'রেইনকোট' গল্পের একটি মাত্র দিক। এ গল্পে মুক্তিযুদ্ধের সমাপ্তিলগ্নের চিত্র, নুরুল হুদার শ্যালক মিন্টুর মুক্তিযুদ্ধে যোগদান, মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে জড়িয়ে ভীতু নুরুল হুদার মাঝে সাহসিকতার সঞ্চার, মুক্তিযুদ্ধে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের নেতিবাচক কর্মকাণ্ড ইত্যাদি বিষয় পরিশীলিতভাবে উত্থাপন করা হয়েছে, যেগুলো উদ্দীপকে অনুপস্থিত। তাই বলা যায় যে, উদ্দীপকটি 'রেইনকোট' গল্পের সমগ্র ভাব ধারণ করেনি।
৫. উদ্দীপক
"নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে
ওগো, আজ তোরা যাসনে ঘরের বাহিরে।
বাদলের ধারা ঝরে ঝরঝর
আউশের খেত জলে ভরভর
কালি-মাখা মেঘে ওপারে আঁধার ঘনিয়েছে দেখ চাহিরে।"
"আমারি সোনার ধানে গিয়েছে ভরি।"- পঙ্ক্তিটির মাধ্যমে কৃষকের কর্মফল সোনার ধানে মহাকালের তরি পরিপূর্ণ হয়ে ওঠাকে বোঝানো হয়েছে।
'সোনার তরী' রূপক কবিতায় কৃষকরূপী শিল্পস্রষ্টা কবি তাঁর সৃষ্টিকর্ম সোনার ধান নিয়ে মহাকালরূপী তরির জন্য অপেক্ষায় থাকে। একসময় অচেনা এক মাঝি তরি বেয়ে এগিয়ে আসে। কৃষকের অনুরোধে মাঝি সেই তরিতে সোনার ধান তুলে নেয়। ধানরূপী তাঁর সমস্ত কর্মের সমারোহে তরিতে তাঁর স্থান হয় না। অর্থাৎ তরিরূপী মহাকাল শুধু ফসল অর্থাৎ মানুষের কর্মকে গ্রহণ করে, ব্যক্তিমানুষকে নয়। এ কথাটিই প্রশ্নোক্ত পঙ্ক্তিটিতে বোঝানো হয়েছে।
বর্ষা প্রকৃতির বর্ণনার দিক থেকে উদ্দীপকের সঙ্গে 'সোনার তরী' কবিতার তুলনামূলক সাদৃশ্য বিদ্যমান।
'সোনার তরী' কবিতায় কবি অত্যন্ত সূক্ষ্ম বর্ণনাভঙ্গিতে বর্ষা প্রকৃতির চিত্র তুলে ধরেছেন। নদীমাতৃক বাংলাদেশে নদী, ধানখেত, মেঘভরা প্রকৃতি সবকিছু মিলে এক নান্দনিক প্রাকৃতিক আবহ উঠে এসেছে কবিতায়।
উদ্দীপকে কবি বর্ষা প্রকৃতির অপরূপ সৌন্দর্য বর্ণনা করেছে। নীল আকাশে ঘন মেঘ ছেয়ে যাওয়ায় কবি সবাইকে বাড়ির বাইরে যেতে নিষেধ করেছেন। দিনভর ঝরঝর বাদল ধারায় আউশ ধানের খেত জলে টইটম্বুর হয়ে উঠেছে। কালিমাখা মেঘের অন্ধকারে ছেয়ে গেছে সমস্ত প্রকৃতি। 'সোনার তরী' কবিতায়ও কবি ঘন মেঘের বর্ষণে নদী প্লাবিত হয়ে ধানের খেত নিয়ে শঙ্কিত হয়েছেন। বর্ষায় প্রকৃতিতে ফুটে ওঠা নান্দনিকতা উদ্দীপক ও 'সোনার তরী' কবিতায় বিদ্যমান। এভাবেই উদ্দীপকের সঙ্গে 'সোনার তরী' কবিতার বর্ষা প্রকৃতির তুলনামূলক সাদৃশ্য বিদ্যমান।
কবিতার মূলভাবের প্রকাশ না থাকায় "উদ্দীপকটি 'সোনার তরী' কবিতার মূলভাবের প্রতিনিধিত্ব করে না" মন্তব্যটি যথার্থ।
'সোনার তরী' কবিতায় কবি বর্ষা প্রকৃতির অনুষঙ্গের মাঝে শিল্পস্রষ্টার অস্থায়িত্ব ও সৃষ্টিকর্মের স্থায়িত্বের তত্ত্বকে জুড়ে দিয়ে কবিতাটিকে অনন্য মর্যাদা দান করেছেন। এ কবিতায় নিবিড়ভাবে মিশে আছে কবির গভীর জীবনদর্শন। মহাকালের স্রোতে জীবন-যৌবন ভেসে যায়, কিন্তু বেঁচে থাকে মানুষের সৃজনশীল কর্মসম্ভার।.
উদ্দীপকের কবি বর্ষা প্রকৃতির বর্ণনার মাঝেই সীমাবদ্ধ থেকেছেন। বর্ষায় নীল আকাশে মেঘের সীমাহীন যূথবদ্ধতা মানবহৃদয়কে শঙ্কিত করে। দিন-রাত অবিরল জলধারায় ফসলের খেত জলে টইটম্বুর হওয়ায় কৃষকের মনে শঙ্কা জাগে। সেই শঙ্কা সোনালি ফসল হারানোর শঙ্কা। 'সোনার তরী' কবিতায় বর্ষা বন্দনার পাশাপাশি কবির জীবনদর্শন প্রকাশ পেয়েছে।
'সোনার তরী' কবিতায় উদ্দীপকে বর্ণিত ফসল হারানোর শঙ্কা কবিমনে নেই। এ কবিতায় কবি কৃষক হিসেবে তুলে ধরেছেন শিল্পস্রষ্টাকে। আর কৃষকের সোনার ফসল রাশি রাশি ধান হলো তার সৃষ্টিকর্ম। মহাকালের স্রোতে ভেসে আসে একটি ছোট নৌকা। সেখানে শিল্পস্রষ্টা কৃষকের সোনার ফসল স্থান পেলেও স্থান পান না শিল্পস্রষ্টা। মহাকালের নৌকা শিল্পস্রষ্টার শিল্পকর্ম নিয়ে গেলে শিল্পস্রষ্টা কৃষক পড়ে থাকেন নদীতীরে। 'সোনার তরী' কবিতার এই গূঢ়ার্থ উদ্দীপকের কবিতাংশে ধরা পড়েনি। তাই উদ্দীপকটি 'সোনার তরী' কবিতার মূলভাবকে ধারণ করে না।
৬. উদ্দীপক
আমরা বন্দী থাকব না তোমাদের পকেটে পকেটে,
আমরা বেরিয়ে পড়ব, আমরা ছড়িয়ে পড়ব
শহরে, গঞ্জে, গ্রামে- দিগন্ত থেকে দিগন্তে।
আমরা বার বার জ্বলি, নিতান্ত অবহেলায়
তা তো তোমরা জানোই!
কিন্তু তোমরা তো জানো না;
কবে আমরা জ্বলে উঠব-
সবাই শেষবারের মতো!
পৃথিবী থেকে সব যুদ্ধের অবসান ঘটিয়ে চিরন্তন শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কবি নিজেকে 'পরশুরামের কুঠার' হিসেবে ঘোষণা করেছেন।
পুরাণ মতে, পরশুরাম জমদগ্নি ও রেণুকার পঞ্চম পুত্র এবং শ্রীকৃষ্ণের বৈমাত্রেয় বড় ভাই। পরশুরাম একুশবার একা হাতে তার কুঠার দিয়ে ক্ষত্রিয় সম্প্রদায়কে নিধন করেন। হিন্দুধর্মের চার বর্ণের মানুষের মধ্যে ক্ষত্রিয়দের কাজ যুদ্ধ করা। পরশুরাম মনে করতেন ক্ষত্রিয়রা যুদ্ধবাজ জাতি। তাদের জন্য পৃথিবীতে যুদ্ধ টিকে আছে। সুতরাং এদের নিধন করতে পারলে পৃথিবী থেকে যুদ্ধ নির্মূল করা সম্ভব। কবিও পৃথিবী থেকে যুদ্ধের অবসান চান। তাই তিনি নিজেকে 'পরশুরামের কুঠার' হিসেবে জাহির করেছেন।
'বিদ্রোহী' কবিতার কবির সদম্ভ আত্মপ্রকাশের দিক থেকে উদ্দীপকের সঙ্গে 'বিদ্রোহী' কবিতায় সাদৃশ্য রয়েছে।
'বিদ্রোহী' কবিতায় কবি সগর্বে নিজের বিদ্রোহী কবিসত্তার প্রকাশ ঘটিয়ে ঔপনিবেশিক শাসকদের শাসন ক্ষমতার ভিত কাঁপিয়ে দেন। এই চির বিদ্রোহী অভ্রভেদী চির উন্নত শিররূপে বিরাজ করবে। বিদ্রোহী কবি উচ্চকণ্ঠ ঘোষণায় জানিয়ে দেন যে, উৎপীড়িত জনতার ক্রন্দনরোল যতদিন পর্যন্ত প্রশমিত না হবে ততদিন বিদ্রোহী কবিসত্তা শান্ত হবে না।
উদ্দীপকের কবির মাঝে জেগে ওঠার স্পৃহা প্রকাশ পেয়েছে। তিনি আর বন্দি থাকতে চান না। তিনি সব বাধা-বিপত্তি অতিক্রম করে শেষবারের মতো জ্বলে উঠে কাঁপিয়ে দিতে চান শাসকদের ভিত। 'বিদ্রোহী' কবিতায়ও প্রকাশ পেয়েছে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে কবির ক্ষোভ ও বিদ্রোহ। তিনি সব অন্যায়-অনিয়মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন, যা উদ্দীপকের কবির জেগে ওঠার স্পৃহার, সঙ্গে সম্পৃক্ত। এভাবেই 'বিদ্রোহী' কবিতার কবির সদম্ভ আত্মপ্রকাশের দিক থেকে উদ্দীপকে সাদৃশ্যপূর্ণ হয়ে উঠেছে।
বক্তব্য বিষয়ের দিক থেকে "উদ্দীপকের বক্তব্যে 'বিদ্রোহী' কবিতার দ্রোহই প্রকাশিত হয়েছে" উক্তিটি যথার্থ।
'বিদ্রোহী' কবিতার কবি সদম্ভ আত্মপ্রকাশের মধ্য দিয়ে সব অত্যাচার-অনিয়মের অবসান চান। তিনি দৃপ্তকণ্ঠে ঘোষণা করেন উৎপীড়িত জনতার ক্রন্দনরোল প্রশমিত না 'হওয়া অবধি তিনি শান্ত হবেন না। কবিতায় তিনি সগর্বে নিজের বিদ্রোহী কবিসত্তার প্রকাশ ঘটিয়ে ওপনিবেশিক ভারতবর্ষের শাসকদের শাসনক্ষমতার ভিত কাঁপিয়ে দেন।
উদ্দীপকে ব্যক্ত হয়েছে আত্মপ্রকাশের আকাঙ্ক্ষা। কবি সম্মিলিতভাবে জাগরণের মধ্য দিয়ে কাঁপিয়ে দিতে চান শাসকশক্তি দুরাচারের ভিত। শেষবারের মতো যেদিন জ্বলে উঠবেন, সেদিন সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে। 'বিদ্রোহী' কবিতায়ও কবির এরূপ সদম্ভ আত্মপ্রকাশ ঘোষিত হয়েছে।
উদ্দীপকে 'বিদ্রোহী' কবিতার দ্রোহের বিষয়টি প্রকাশিত হয়েছে। কবি সব অন্যায়-অবিচারের বিরুদ্ধে দ্রোহের প্রকাশ করেছেন। তিনি সব অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার। পাশাপাশি তিনি বিভিন্ন ধর্ম, পুরাণ, ইতিহাস ও ঐতিহ্যের উৎস থেকে উপাদান সংগ্রহ করে তাঁর বিদ্রোহী সত্তা দেখিয়েছেন। তিনি দৃপ্তকণ্ঠে ঘোষণা করেছেন উৎপীড়িত জনতার কান্না প্রশমিত না হওয়া পর্যন্ত তিনি শান্ত হবেন না। 'বিদ্রোহী' কবিতায় কবির দ্রোহসত্তা উদ্দীপকের বক্তব্যেরই বিস্তৃত রূপ। তাই বলা যায় যে, উদ্দীপকের বক্তব্যে 'বিদ্রোহী' কবিতার দ্রোহই প্রকাশ পেয়েছে।
৭. উদ্দীপক
""আমিত্ব'কে বলি দিয়া স্বার্থ ত্যাগ কর যদি,
পরের হিতের জন্য ভাব যদি নিরবধি!
নিজ সুখ ভুলে গিয়ে ভাবিলে পরের কথা,
মুছালে পরের অশ্রু- ঘুচালে পরের ব্যথা!
আপনাকে বিলাইয়া দীন-দুঃখীদের মাঝে,
বিদূরিলে পর দুঃখ সকালে বিকালে সাঁঝে।
তবেই পাইবে সুখ আত্মার ভিতরে তুমি,
যা রুপিবে- তাই পাবে, সংসার যে কর্মভূমি!"
"কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জন্ম-ভর" বলতে কবি তাঁর হৃদয়ের উদারতা তথা অন্যের দ্বারা কষ্ট পেয়েও তাকে প্রতিদানে ভালোবাসা দান করাকে বুঝিয়েছেন।
'প্রতিদান' কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যেই প্রকৃত সুখ খুঁজে পেয়েছেন। তিনি প্রতিশোধ ও প্রতিহিংসায় বিপরীতে একটি সাম্য ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশের প্রত্যাশা করেছেন। তাই সারা জীবন ধরে যারা তাঁকে দুঃখ-যন্ত্রণা দিয়েছে তিনি সেসব ভুলে তাদের ভালোবাসা দান করেন। তিনি মনে করেন, এভাবে প্রতিদান দিতে পারলেই পৃথিবী সুন্দর ও আনন্দময় হয়ে উঠবে। আর এমন মনোভাব থেকেই তিনি বলেছেন- "কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর।"
অন্যের কল্যাণ সাধনের মনোভাবের দিক থেকে উদ্দীপকের সঙ্গে 'প্রতিদান' কবিতাটি সাদৃশ্যপূর্ণ।
'প্রতিদান' কবিতার করিকণ্ঠে ধ্বনিত হয়েছে পরার্থপর মানসিকতার জয়গান। কবি নিজের ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে অন্যের কল্যাণ সাধনের মধ্যেই জীবনে প্রকৃত অর্থ খুঁজে পেয়েছেন। তার কণ্ঠে ব্যক্ত হয়েছে প্রতিশোধ-প্রতিহিংসার বিপরীতে প্রীতিময় এক পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা।
উদ্দীপকের কবি 'আমিত্ব'কে ভুলে পরের কল্যাণ সাধনের মধ্যে প্রকৃত সুখের সন্ধান দিয়েছেন। অন্যের দুঃখ-ব্যথা ঘুচিয়ে, দীন-দুঃখীদের মাঝে নিজেকে বিলিয়ে দিলেই আত্মার ভেতরে সুখ উপলব্ধ হবে বলে কবির প্রত্যাশা। 'প্রতিদান' কবিতায়ও কবি অন্যের সুখের জন্য নিজের স্বার্থ বিলিয়ে দিয়ে প্রকৃত সুখ খুঁজেছেন। কবিকে যে আঘাত করবে, কবি তাকে আঘাতের বিনিময়ে আরও ভালোবাসা দেবেন। মূলত অন্যের সুখে সুখী হওয়ার মানসিকতা কবির মধ্যে ফুটে উঠেছে, যা উদ্দীপকের কবিতার মূল সুর। এদিক থেকে উদ্দীপকের সঙ্গে 'প্রতিদান' কবিতার সাদৃশ্য লক্ষণীয়।
পরার্থপরতার আদর্শ ধারণ করায় "উদ্দীপকটি চেতনাগত দিক থেকে 'প্রতিদান' কবিতার মূলভাবের প্রতিনিধিত্ব করে"- মন্তব্যটি যথার্থ।
'প্রতিদান' কবিতায় কবি পরার্থপরতার আদর্শ তুলে ধরেছেন। তিনি মনে করেন, ভালোবাসার চেয়ে বড় অন্য কোনো শক্তি নেই। এর মাধ্যমে পরম শত্রুকেও বন্ধুতে রূপান্তরিত করা যায়। তাই তিনি আত্মকেন্দ্রিকতা ও ক্ষুদ্র স্বার্থকে জলাঞ্জলি দিয়ে পরম শত্রুকেও ভালোবাসা দিয়ে আপন করে নিতে চেয়েছেন।
উদ্দীপকের কবিতাংশে নিজের ক্ষুদ্র স্বার্থকে বলি দিয়ে অপরের কল্যাণের কথা ভাবতে বলা হয়েছে। তাঁর মতে, আত্মকেন্দ্রিকতা কখনো মানুষের বৈশিষ্ট্য হতে পারে না। তাই তিনি আমিত্বকে জলাঞ্জলি দিয়ে পরার্থে আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন। এরই অংশ হিসেবে তিনি অপরের সুখ-দুঃখে নিজেকে বিলিয়ে দিতে 'বলেছেন। কেননা, তিনি এতেই প্রকৃত সুখ নিহিত বলে মনে করেন। উদ্দীপকের কবিতাংশে ফুটে ওঠা পরার্থপরতার এ দিকটি 'প্রতিদান' কবিতায়ও একইভাবে পরিলক্ষিত হয়।
'প্রতিদান' কবিতায় কবি পরার্থপর মানসিকতার প্রতিফলন ঘটিয়েছেন। এরই অংশ হিসেবে তিনি শত্রুতাকে ভালোবাসা দিয়ে জয় করতে চেয়েছেন। এ কারণে যে ব্যক্তি কবির ঘর ভেঙেছে বা যে তাঁকে ব্যথাহত করেছে তিনি তাকে ভালোবাসার ডোরে বাঁধতে চেয়েছেন। একইভাবে, উদ্দীপকের কবিতাংশেও কবি 'পরার্থপরতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে অপরের কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়ার কথা বলেছেন। উদ্দীপকের কবিতাংশে ফুটে ওঠা এমন ভাবনা 'প্রতিদান' কবিতার কবির ভাবনার সমান্তরাল। এ দিক বিচারে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ অর্থবহ।
৮. উদ্দীপক
ধর্মব্যাবসায় ক্ষতির আশঙ্কা ও অস্তিত্ব সংকটের ভয়ে মজিদ আওয়ালপুরের পিরের বিরোধিতা করে।
'লালসালু' উপন্যাসে শিকড়হীন ধর্মব্যবসায়ী মজিদ মহব্বতনগর গ্রামের সরল জনগোষ্ঠীকে ব্যবহার করে বিস্তার করে তার ধর্মব্যাবসার জাল। তবে আওয়ালপুরে কোনো জাঁদরেল পিরের আস্তানা গাড়ায় শঙ্কিত হয় মজিদ। আওয়ালপুরের পির সাহেবের আগমনে মজিদের মাজারে লোকের দান-ধ্যান কমে যায়। মজিদ তখন অস্তিত্ব সংকটে পড়ে যায়। তাই অস্তিত্ব রক্ষার জন্য মজিদ আওয়ালপুরের পির সাহেবের বিরোধিতা করে।
অস্তিত্ব রক্ষায় শঠতার আশ্রয় নেওয়ার দিক থেকে উদ্দীপকের তাহের আলির সঙ্গে 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রের সাদৃশ্য রয়েছে।
'লালসালু' উপন্যাসের মজিদের জন্ম শস্যহীন জনবহুল অঞ্চলে। জীবিকার সন্ধানে সে. গাড়ো পাহাড়ে আসে, কিন্তু সেখানেও ব্যর্থ হয়ে অস্তিত্ব রক্ষায় ধর্মকে আশ্রয় করে বিস্তার করে শঠতার জাল। তার মূল পুঁজি হলো মানুষের ধর্মান্ধতা। সহজ-সরল মানুষের ধর্মীয় বিশ্বাসকে কাজে লাগিয়ে তার অবস্থার পরিবর্তন করতে থাকে।
উদ্দীপকের তাহের আলি হতদরিদ্র। নিজের অস্তিত্ব রক্ষায় গ্রামের সাধারণ মানুষের মাঝে বিছিয়ে দেয় প্রতারণার জাল। সে ঘোষণা করে যে, স্বপ্নাদেশে সে লতাপাতার ওষুধের সন্ধান পেয়েছে। অচিরেই দূর-দূরান্ত থেকে অসংখ্য মানুষ চিকিৎসা নিতে এলে দ্রুত আর্থিক উন্নতি হতে থাকে তার। 'লালসালু' উপন্যাসের মজিদও মহব্বতনগরের সাধারণ মানুষের কাছে স্বপ্নাদেশে মাজার প্রতিষ্ঠার কথা জানায়। মাজারের ত্রাতা হিসেবে রাতারাতি তার অর্থ ও প্রতিপত্তি বাড়তে থাকে। এভাবেই অস্তিত্ব রক্ষায় শঠতার আশ্রয় নেওয়ার দিক থেকে
উদ্দীপকের তাহের আলির সঙ্গে মজিদের সাদৃশ্য রয়েছে।
'লালসালু' উপন্যাসের মজিদ এবং উদ্দীপকের তাহের আলির চরিত্রের আলোকে "স্বার্থপরতা ও অস্তিত্বের সংকটে পড়ে মানুষ অনেক সময় নীতি-নৈতিকতা বিসর্জন দেয়" মন্তব্যটি যথার্থ।
'লালসালু' উপন্যাসের মজিদ শস্যহীন জনবহুল অঞ্চলের মানুষ। অন্ন-বস্ত্রসহ মৌলিক চাহিদা মিটিয়ে বেঁচে থাকা তার অঞ্চলে অসম্ভব। তাই সে অস্তিত্ব রক্ষার জন্য কপটতার আশ্রয় নেয়। নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মানুষ যেকোনো কিছু করতে পারে। মজিদ নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য অশুভ পন্থাকেই বেছে নেয়।
উদ্দীপকের তাহের আলি হতদরিদ্র। দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত হতে সে শঠতার পথ বেছে নেয়। গ্রামের সাধারণ মানুষকে জানায় সে স্বপ্নে লতাপাতার ওষুধের সন্ধান পেয়েছে। অতঃপর গ্রামের সাধারণ অন্ধবিশ্বাসী মানুষই তার ব্যবসায়ের প্রধান মাধ্যম হয়ে ওঠে। ওষুধ বিক্রির টাকায় সে রাতারাতি অবস্থা পরিবর্তন করতে সক্ষম হয়। 'লালসালু' উপন্যাসের মজিদও অনুরূপ মিথ্যা ও ভণ্ডামির আশ্রয় নেয়।
'লালসালু' উপন্যাসের শস্যহীন জনবহুল অঞ্চলের মানুষ মজিদ। ক্ষুধার যন্ত্রণা থেকে মুক্তি পেতে সে স্বার্থপরতা ও শঠতার পথ বেছে নেয়। মহব্বতনগর গ্রামের কুসংস্কারাচ্ছন্ন জনজীবনকে পুঁজি করে মাজারকেন্দ্রিক ধর্মব্যাবসা পরিচালনার ছক কষে। অস্তিত্ব রক্ষার জন্য মজিদ নীতি-নৈতিকতা বিসর্জন দিয়ে মিথ্যার আশ্রয় নেয়। এজন্য সে বারবার বিবেকের দংশনের মুখোমুখি হলেও সৃষ্টিকর্তার কাছে তওবা করে নেওয়ার কথা ভাবে। উদ্দীপকের হতদরিদ্র তাহের আলিও অবস্থার উন্নতির জন্য নীতি-নৈতিকতা বিসর্জন দিয়ে প্রতারণার আশ্রয় নেয়। তাই বলা যায় যে, আলোচ্য উক্তিটি যথার্থ।
৯. উদ্দীপক
"ওরা কী করে জানবে যে, ওটা মোদাচ্ছের পিরের মাজার?"-উক্তিটি দ্বারা মহব্বতনগর গ্রামবাসীর ভাঙা কবরটা সম্পর্কে ধারণা না থাকার বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে।
মজিদ মহব্বতনগর গ্রামে নাটকীয়ভাবে প্রবেশ করে বাঁশঝাড়ের মধ্যে অবস্থিত ভাঙা কবরটি দেখিয়ে সবাইকে মূর্খ বলে ধমক দেয়। মজিদ দাবি করে- ওই পুরানো ভাঙা কবরটি মোদাচ্ছের নামক এক কামেল পিরের। এতদিন তিনি জঙ্গলের মধ্যে থেকে কষ্ট পেয়ে পেয়ে অবশেষে মজিদকে স্বপ্নাদেশের মাধ্যমে মাজারের খেদমত করতে হুকুম দিয়েছেন। গ্রামের সাধারণ জনগোষ্ঠী সেই কথা শুনে হতবাক হয়ে যায়। কারণ তারা কখনো ভাবেইনি ঝোপঝাড়ে শিয়ালের বাসার মতো কোনো, কবর কামেল পিরের মাজার হতে পারে।
উদ্দীপকটি 'লালসালু' উপন্যাসের মহব্বতনগর গ্রামের উচ্চশিক্ষিত যুবক আক্কাসের কথা মনে করিয়ে দেয়।
'লালসালু' উপন্যাসের একমাত্র শিক্ষিত চরিত্র আক্কাস। শহরে পড়াশোনা শেষ করে গ্রামের মানুষকে শিক্ষিত করার মহৎ লক্ষ্য নিয়ে সে মহব্বতনগর গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু মজিদের হঠকারিতার কারণে তার সেই উদ্দেশ্য ধূলিসাৎ হয়ে যায়।
উদ্দীপকের মুশফিক গ্রামে স্কুল না থাকায় তিন কিলোমিটার দূরের স্কুলে লেখাপড়া করে। উচ্চশিক্ষা শেষে সুপ্রতিষ্ঠিত হয়ে সে আজ তার গ্রামে স্কুল প্রতিষ্ঠায় মনস্থির করে। শিক্ষা বিভাগের অনুমোদন নিয়ে অবশেষে মুশফিক গ্রামে মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। গ্রামের সজ্জন শহিদুল মাস্টার জমি দিয়ে স্কুল প্রতিষ্ঠায় সহায়তা করেন। 'লালসালু' উপন্যাসের আক্কাসের মধ্যেও মুশফিকের মত শিক্ষানুরাগী মানসিকতা লক্ষ করা যায়। আক্কাসও তার গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল। যদিও মজিদের কূটচালের কারণে তা সফল হয় না। এভাবেই সচেতন ও শিক্ষিত লোকের আচরণের দিক দিয়ে মুশফিক 'লালসালু' উপন্যাসের আক্কাসের কথা স্মরণ করিয়ে দেয়।
আক্কাসের স্কুল প্রতিষ্ঠার উদ্দেশ্য ব্যাহত হওয়ায় "মজিদের কূটকৌশলের কারণে উদ্দীপকের তালতলা গ্রামের মতো 'লালসালু' উপন্যাসের মহব্বতনগরে স্কুল প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি" মন্তব্যটি যথার্থ।
'লালসালু' উপন্যাসের মজিদ ধূর্ত, ধর্মব্যবসায়ী। মহব্বতনগর গ্রামের অশিক্ষিত, অজ্ঞ, কুসংস্কারাচ্ছন্ন, ভীতু লোকজনকে মাজারকেন্দ্রিক খোদাভীতিতে আচ্ছন্ন করে প্রভাবশালী খালেক ব্যাপারীর সহায়তায় সে নিজের প্রভাব বিস্তার ও আত্মপ্রতিষ্ঠা লাভকরে। এই অপকর্মের বিপরীতে দাঁড়িয়ে শিক্ষিত যুবক আক্কাস সেই গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চাইলে মজিদের চক্রান্তে তা ব্যর্থ হয়।
উদ্দীপকে তালতলা গ্রামের আশপাশে কোনো বিদ্যালয় না থাকায় মুশফিকের 'পড়াশোনা করতে যেতে হতো তিন কিলোমিটার দূরের স্কুলে। উচ্চশিক্ষা শেষ করে সে শিক্ষা বিভাগের অনুমোদন নিয়ে সজ্জন শহিদুল মাস্টারের সহযোগিতায় গ্রামে বিদ্যালয় প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। কিন্তু 'লালসালু' উপন্যাসের শিক্ষাব্রতী আক্কাসের স্কুল প্রতিষ্ঠার মহৎ উদ্দেশ্য ব্যাহত হয়।
'লালসালু' উপন্যাসের মহব্বতনগর গ্রামের শিক্ষিত ছেলে আক্কাস গ্রামে স্কুল না থাকায় শহরে গিয়ে পড়াশোনা করে গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। কিন্তু ধর্মব্যবসায়ী মজিদ গ্রামের ধর্মান্ধ সাধারণ জনগণকে ভুল বুঝিয়ে আক্কাসের বিচার বসায়। তার প্ররোচনায় এলাকার মানুষ আক্কাসের বিরোধিতা করায় স্কুল প্রতিষ্ঠা সম্ভব হয় না। সুতরাং দেখা যাচ্ছে যে, মজিদের কূটকৌশলই মহব্বতনগর গ্রামে স্কুল প্রতিষ্ঠা না-পাওয়ার জন্য দায়ী। তাই বলা যায়, আলোচ্য মন্তব্যটি যথার্থ।
১০. উদ্দীপক
"ফিরে এসেছি রাজধানীতে স্বাধীনতা বজায় রাখার শেষ চেষ্টা করব বলে।"- উক্তিটিতে পলাশির যুদ্ধে পরাজয়ের পর সিরাজউদ্দৌলার রাজধানী রক্ষার শেষ প্রচেষ্টার দিকটির প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে।
'সিরাজউদ্দৌলা' নাটকে পলাশির যুদ্ধক্ষেত্রে প্রধান সেনাপতি 'মিরজাফর ও অন্য সেনাপতিদের ষড়যন্ত্রে যোগদানের সূত্রে নীরব দর্শকের ভূমিকা পালন করায় নবাবের শোচনীয় পরাজয় হয়। দেশপ্রেমিক সেনাপতি মোহনলাল সেই পরাজয়ের খবর পৌছে দেন নবাবের কাছে এবং সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ করে রাজধানী রক্ষার শেষ প্রচেষ্টার কথা বলেন। মোহনলালের সেই পরামর্শ অনুযায়ী নবাবের রাজধানী রক্ষার শেষ প্রচেষ্টার দিকটি আলোচ্য বাক্যে প্রকাশ পেয়েছে।
বিশ্বস্ততার দিক থেকে উদ্দীপকের ইব্রাহিম কার্দির সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের প্রধান সেনাপতি মিরজাফর চরিত্রের বৈসাদৃশ্য রয়েছে।
'সিরাজউদ্দৌলা' নাটকের সেনাপতি মিরজাফর এক আত্মকেন্দ্রিক ও বিশ্বাসঘাতক চরিত্র। বাংলার মসনদের অধিকার লাভের আশায় সে বিদেশি ইংরেজদের সাথে আঁতাঁত করে নবাবের পরাজয়কে ত্বরান্বিত করে। তার বিশ্বাসঘাতকতার কারণে শুধু নবাবের পরাজয়ই হয় না, বাংলার স্বাধীনতাও অস্তমিত হয়।
উদ্দীপকের ইব্রাহিম কার্দি মারাঠা শিবিরের বিশ্বাসী ও অকুতোভয় এক যোদ্ধা। অসময়ে মারাঠারা তাকে আশ্রয় ও সম্মান দিয়েছে। তাই মুসলিম বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের সময়ও সে মারাঠাদের সঙ্গ ত্যাগ করে না। এদিকে 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফর এক বিশ্বাসঘাতক ও কূটকৌশলী চরিত্র। তার বিশ্বাসঘাতকতার কারণেই পলাশির যুদ্ধে নবাব বাহিনী পরাজিত হয়, যার মধ্য দিয়ে বাংলার স্বাধীনতার সূর্যও অস্তমিত হয়। তার এমন কর্মকাণ্ড উদ্দীপকের ইব্রাহিম কার্দির আচরণের সম্পূর্ণ বিপরীত। এ দিক থেকে উদ্দীপকের ইব্রাহিম কার্দির সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের প্রধান সেনাপতি মিরজাফর চরিত্রের বৈসাদৃশ্য রয়েছে।
পলাশি যুদ্ধে সিরাজউদ্দৌলার পতনের কারণ বিবেচনায় "সেনাপতি ও অমাত্যরা উদ্দীপকের ইব্রাহিম কার্দির মতো বিশ্বস্ততা ও নৈতিকতার পরিচয় দিলে 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজের পরিণতি অন্যরকম হতে পারত"- মন্তব্যটি যথার্থ।
'সিরাজউদ্দৌলা' নাটকে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় এবং এর মধ্য দিয়ে বাংলার স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়ার মর্মন্তুদ কাহিনি বর্ণিত হয়েছে। নবাবের নিজের লোকদের ষড়যন্ত্রই তাঁর পরাজয়ের মূল কারণ, যেখানে বাংলার মসনদের লোভে তাঁর পরিবারের লোকজনই এই পরাজয়ে মুখ্য ভূমিকা রাখে।
উদ্দীপকে ইব্রাহিম কার্দি নামের এক মহান বীরের কথা বলা হয়েছে। পানিপথের তৃতীয় যুদ্ধে মুসলিম হয়েও তিনি মারাঠা বাহিনীর হয়ে যুদ্ধ করেন। এমতাবস্থায় তার স্ত্রী জোহরা তাকে মুসলিম বাহিনীর হয়ে যুদ্ধ করার কথা বললে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। কেননা, বিপদের দিনে যারা তাকে আশ্রয় দিয়েছে, সম্মান দিয়েছে তাদের সঙ্গে তিনি কোনোমতেই বিশ্বাসঘাতকতা করতে রাজি ছিলেন না। 'সিরাজউদ্দৌলা' নাটকের সেনাপতি ও অমাত্যরা যদি ইব্রাহিম কার্দির মতো এমন সৎ থাকতেন তাহলে নবাবের করুণ পরিণতি হতো না।
'সিরাজউদ্দৌলা' নাটকে নাট্যকার বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পলাশির যুদ্ধে পরাজয় এবং এর পেছনের প্রাসাদ ষড়যন্ত্রকে তুলে ধরেছেন। সেখানে সিরাজউদ্দৌলা নিজের প্রধান সেনাপতি মিরজাফর ও সভাসদদের বিশ্বাসঘাতকতার কারণে পলাশির যুদ্ধে পরাজিত হন। এ ঘটনার মধ্য দিয়ে বাংলার স্বাধীনতার সূর্যও অস্তমিত হয়। এক্ষেত্রে প্রধান সেনাপতি মিরজাফরসহ সভাসদরা দেশপ্রেমিক হলে এবং বাংলার স্বাধীনতার জন্য বিশ্বস্ততা ও নৈতিকতার পরিচয় দিয়ে নবাবের পক্ষে অবস্থান নিলে এই যুদ্ধে নবাবকে পরাজিত হতে হতো না। সেদিক বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি। যথাযথ অর্থবহ।
১১. উদ্দীপক
"কাজেই শওকতজঙ্গ নবাব হবে নামমাত্র।"- উক্তিটি দ্বারা বোঝানো হয়েছে- মাতাল শওকতজঙ্গ নবাব হলে মূল ক্ষমতা চলে যাবে অমাত্যদের হাতে।
'সিরাজউদ্দৌলা' নাটকে ঘসেটি বেগমের পালকপুত্র শওকতজঙ্গ নিতান্ত অকর্মণ্য ও মাতাল প্রকৃতির পুরুষ। সারাক্ষণ ভাঙের নেশায় ডুবে নারীসঙ্গে লিপ্ত থাকাই তার একমাত্র কাজ। এ ধরনের লোক নবাব হলে অমাত্যরা নিজেদের ইচ্ছামতো ভোগবিলাসে মত্ত হতে পারবে, সম্পদ লুট করার পথ সুগম হবে। তাই বলা হয়েছে, শওকতজঙ্গের নবাব হওয়াটা স্বার্থসিদ্ধির পক্ষে অনুকূল।
উদ্দীপকের সেনাপতির সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের সেনাপতি মিরজাফর, খালা ঘসেটি বেগম ও প্রধান অমাত্যবর্গের সাদৃশ্য রয়েছে।
'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলার পতনকে ত্বরান্বিত করে তাঁর প্রধান সেনাপতি মিরজাফর, খালা ঘসেটি বেগম, অমাত্য রাজবল্লভ, রায়দুর্লভ, উমিচাঁদ ব্যক্তিবর্গের সম্মিলিত ষড়যন্ত্র। প্রাসাদ ষড়যন্ত্র ও সভাসদদের বিশ্বাসঘাতকতার কাছে হেরে যান দেশপ্রেমিক বীর সিরাজউদ্দৌলা।
উদ্দীপকের টিপু সুলতানের মতো দেশপ্রেমিক শাসকের পরাজয়কে ত্বরান্বিত করে তারই এক উচ্চাভিলাষী সেনাপতি। সে টিপুর খবর ইংরেজদের কাছে গোপনে পৌছে দিত। এমনকি সে দুর্গের দরজা 'খুলে দিয়ে শত্রুপক্ষকে প্রবেশে সুযোগ তৈরি করে দেওয়ার মতো ঘৃণ্য কাজ করেছে। 'সিরাজউদ্দৌলা' নাটকে সিরাজের এমন পরাজয়ের পেছনে ছিল মিরজাফর, উমিচাঁদ, রাজবল্লভ, খালা ঘসেটি বেগমের সম্মিলিত ষড়যন্ত্র। মিরজাফর চক্রের বিশ্বাসঘাতকতার বলি হন নবাব সিরাজউদ্দৌলা এবং ডুবে যায় বাংলার স্বাধীনতার সূর্য। তাই উদ্দীপকের সেনাপতির সঙ্গে এই সম্মিলিত ষড়যন্ত্রকারী জোটের সাদৃশ্য রয়েছে।
ষড়যন্ত্রের দরুন করুণ পরিণতির দিক থেকে "উদ্দীপকের টিপু সুলতান ও 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজের পরিণতি একসূত্রে গাঁথা” মন্তব্যটি যথার্থ।
'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজের পতনে ভূমিকা রাখে অভ্যন্তরীণ ও বহিঃশত্রুদের ষড়যন্ত্র। নবাবের আপন খালা ঘসেটি বেগম, প্রধান সেনাপতি মিরজাফরসহ রাজদরবারের অমাত্যরা হাত মেলায় ইংরেজদের সঙ্গে। যার ফলে নবাব সিরাজউদ্দৌলার জীবনে ও বাংলার আকাশে নেমে আসে করুণ পরিণতি।
উদ্দীপকে টিপু সুলতানের পরাজয়কে ত্বরান্বিত করে তারই এক উচ্চাভিলাষী সেনাপতির ষড়যন্ত্র। ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে সে টিপু সুলতানের সব গোপন খবর ইংরেজদের কাছে পৌছে দেয়। সেই সেনাপতিই দুর্গের দরজা খুলে দিয়ে ইংরেজদের প্রবেশের সুযোগ করে দেয়। অনুরূপভাবে 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের পরিণতি হয় তাঁরই আপন খালা ও রাজ অমাত্যবর্গের বিশ্বাসঘাতকতার কারণে।
'সিরাজউদ্দৌলা' নাটকে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় নবাবের প্রধান সেনাপতি মিরজাফর, খালা ঘসেটি বেগম ও রাজদরবারের অমাত্যরা। তারা গোপনে নবাবের বিরুদ্ধে বৈঠক করে। নবাবের গোপন খবর ইংরেজদের কাছে পাচার করে। যুদ্ধক্ষেত্রে মিরজাফর নীরব ভূমিকা পালন করে নবাবের পরাজয়কে ত্বরান্বিত করেন। সুতরাং দেখা যাচ্ছে যে, উদ্দীপকের টিপু সুলতান ও 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজ উভয়ই ষড়যন্ত্রের মুখে পরাজিত হয়েছেন। তাই বলা যায় যে, আলোচ্য উক্তিটি সমর্থনযোগ্য।